শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার গভীর রাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলি ছোড়াছুঁড়ির ঘটনা ঘটে। উভয় পক্ষই সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছে, যদিও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তান প্রথমে কান্দাহারের বোলদাক এলাকায় হামলা চালায়। অন্যদিকে পাকিস্তান বলছে, উস্কানি ছাড়াই আফগান সেনারা চামান সীমান্তপথে প্রথমে গুলি ছুড়েছে।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে জানান, দেশটির নিরাপত্তা বাহিনী সচেতন অবস্থায় রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা ও নাগরিক সুরক্ষায় তারা অটল।

মাত্র দুই দিন আগে সৌদি আরবে দুই দেশের শান্তি আলোচনা হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি। আলোচনায় যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও তার অল্প সময়ের মধ্যেই আবারও সংঘর্ষ শুরু হলো।

এর আগেও গত অক্টোবরে দুই দেশের মধ্যে সরাসরি লড়াই হয়েছিল, যা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় থেমে যায়। কিছুদিন শান্ত পরিবেশ বিরাজ করলেও নতুন বৈঠকের দুই দিনের মাথায় আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

এদিকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ভেতরে আত্মঘাতী ও সশস্ত্র হামলার সংখ্যা বেড়েছে। ইসলামাবাদ দাবি করছে, এসব হামলার পেছনে আফগান নাগরিকরা এবং তাদের সঙ্গে আফগানিস্তানের কিছু গোষ্ঠীর সমর্থন রয়েছে। তবে কাবুল এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

বিতরণ লাইন, ট্রান্সফরমারসহ জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কাল শনিবার সিলেট ও সুনামগঞ্জ দুই জেলায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট অংশে ১০ ঘণ্টা এবং সুনামগঞ্জ ও গোপালগঞ্জ অংশে ৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে বিভিন্ন এলাকা।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক জানান, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর, ১১ কেভি সেনপাড়া এবং ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন বিস্তৃত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুনবাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস, জোনাকী, কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা, আলুরতল; সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ; এবং শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকায় নির্ধারিত সময় বিদ্যুৎ থাকবে না। কাজ নির্দিষ্ট সময়ের আগে শেষ হলে দ্রুত সংযোগ ফিরিয়ে দেওয়া হবে বলে বিউবো জানিয়েছে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

এদিকে একই দিনে সুনামগঞ্জেও পাঁচ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবো সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ বিজ্ঞপ্তিতে জানান, আগামী শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজ এবং সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে বৈদ্যুতিক খুঁটি অপসারণ ও প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করা হবে।

এ কারণে ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনে সাট-ডাউন নেওয়া হচ্ছে। ফলে বিউবো সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সব এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতের লক্ষ্যে সাময়িক বিদ্যুৎ বন্ধ রাখায় গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ।

এদিকে, নতুন ট্রান্সফর্মার কমিশনিং, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওয়াতাধীন সকল এলাকায় শনিবার (৬ ডিসেম্বর) ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৩ ডিসেম্বর) গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার(অঃদাঃ) গোলাম ফারুক মীর ও ডিজিএম (সদর-কারিগরি) প্রকৌশলী কামাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, পিজিসিবি কর্তৃক গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে নতুন ট্রান্সফর্মার কমিশনিং, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য আগামী শনিবার সকাল ৭টা ৩০ মি. থেকে দুপুর ১২টা ৩০ মি. পর্যন্ত গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওয়াতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তারা আরও জানিয়েছেন, কাজের স্বার্থে যে কোন সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বিধায় বৈদ্যুতিক লাইন স্পর্শ বা লাইনের সংস্পর্শে থাকা গাছ-পালা না কাটার জন্য সকলকে অনুরোধও জানান। উন্নয়ন কাজের স্বার্থে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন তারা।

ঢাকা ছাড়লেন পরীমণি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি নিয়মিতই ব্যক্তিগত মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। শীতের মৌসুম শুরু হওয়ায় পিঠা-পার্বণের আমেজে তিনিও ঘরমুখো হয়েছেন।

সেই কারণেই শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে তিনি ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে।

রাজধানী ছাড়ার পর পথেই কয়েকটি ছবি তোলেন পরীমণি এবং নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেগুলো পোস্ট করে ভ্রমণের খবর জানান দেন।
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ধারে গাড়ি থেকে নেমে তিনি বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। সাদা রঙের গাড়িটির সামনে দাঁড়িয়ে কখনো হাসিমুখে ‘ভি’ সাইন, আবার কখনো দুই হাত প্রসারিত করে উচ্ছ্বসিত ভঙ্গিতে দাঁড়াতে দেখা যায় তাকে।

জিন্স, টি-শার্ট ও জ্যাকেটে পরীকে বেশ স্বচ্ছন্দ লুকে দেখা গেছে। পেছনে সবুজ গাছপালা আর নীল আকাশ পুরো ফ্রেমকে আরও মনোরম করেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ভালো থেকো আমার প্রিয় শহর! যাই, একটু পিঠা খেয়ে আসি!

ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের বিস্তর সাড়া পাওয়া গেছে। মন্তব্য ও লাইক মুহূর্তে বেড়েই চলেছে। অনেকে ধারণা করছেন, শীতের পিঠার স্বাদ নিতে হয়তো তিনি নিজের গ্রামের বাড়ি বরিশালের দিকে রওনা হয়েছেন।

ঘরের মাঠে এগিয়ে থেকেও জয় হারাল ম্যানচেস্টার ইউনাইটেড

ওল্ড ট্রাফোর্ডে নিজেদের মাঠে পয়েন্ট হাতছাড়া করল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে লিড নেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে রেড ডেভিলসকে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তারে উদ্যোগী ছিল স্বাগতিকরা। আক্রমণের পর আক্রমণ সাজালেও প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। ওয়েস্টহ্যামও পাল্টা আক্রমণে কয়েকবার চাপ সৃষ্টি করলেও গোলের আনন্দ মেলেনি কারো।

বিরতি থেকে ফিরে ৫৮তম মিনিটে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান দিয়োগো দালোত। বক্সের ভেতর গোলমাল পরিস্থিতিতে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাস বাড়লেও শেষ দিকে এসে ম্যাচের গতিপথ বদলে যায়।

৮৩ মিনিটে ওয়েস্টহ্যামের মিডফিল্ডার মাগাসা দুর্দান্ত এক প্লেসিং শটে গোল করে স্কোরলাইন সমতায় ফিরিয়ে আনেন। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও আর লিড নিতে পারেনি ম্যানইউ।

এই ড্রয়ের ফলে ১৪ ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ এখন ২২ পয়েন্ট—লিগ টেবিলে অবস্থান অষ্টম। অন্যদিকে ১২ পয়েন্ট পাওয়া ওয়েস্টহ্যাম ইউনাইটেড রয়েছে অবনমন অঞ্চলের ঠিক উপরে, ১৮তম স্থানে।

আরও পেছাচ্ছে খালেদা জিয়ার লন্ডনযাত্রার তারিখ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার তারিখ আবারও পিছিয়েছে।

শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য যাত্রার তারিখ হিসেবে ৭ ডিসেম্বর বলা হলেও রাতে জানানো হয়, তা পরিবর্তন করে ৯ ডিসেম্বর করা হয়েছে। তবে এই তারিখও চূড়ান্ত নয়।

চিকিৎসকদের পরামর্শ ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সময় আরও পেছাতে পারে।

খালেদা জিয়ার চিকিৎসা–সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তার শারীরিক অবস্থায় বিশেষ উন্নতি না হওয়ায় যাত্রার পরিকল্পনা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

কাতারের ব্যবস্থাপনায় যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটিরও সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে।

শুরুতে ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণ করার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি ১০ ডিসেম্বর ঢাকায় নামবে।

এর আগে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল।

কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি পাঠানো সম্ভব হয়নি। ফলে বিকল্প হিসেবে জার্মানির এফএআই রেন্ট-এ-জেট প্রতিষ্ঠানের একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠানোর ব্যবস্থা করেছে কাতার সরকার।

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধদের পরিচয়- মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) এবং শিশু ইভা (৬)।

তাদের হাসপাতালে নিয়ে আসেন জলিল মিয়ার মেয়ের জামাই আফরান মিয়া। তিনি জানান, আগারগাঁও পাকা মার্কেটের ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশে একটি বাসায় জলিল মিয়া পরিবারসহ থাকেন।

ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ গ্যাসের লাইন বিস্ফোরিত হয়। এতে পরিবারের ছয়জনই দগ্ধ হন। খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে তারা সবাইকে ঢামেক বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালে আগারগাঁও এলাকা থেকে নারী ও শিশুসহ ছয়জনকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে আনা হয়।

তাদের ড্রেসিং করা হচ্ছে বলে দগ্ধতার মাত্রা তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা : ফখরুল

বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনেই বেগম খালেদা জিয়ার রোগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ-জুমা পল্টন দলীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের সারাটা জীবন উৎসর্গ করেছেন। বিগত সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছে, দীর্ঘ ছয় বছর কারাগারে ছিলেন তিনি, এর মধ্যে দুই বছর নির্জন কারাগারে ছিলেন।
সবার সন্দেহ সেখান থেকেই তার এই রোগের সূচনা।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া কয়েক সপ্তাহ ধরে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। কিন্তু এই চিকিৎসা আরো উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন এবং আশা করা যায় কাতার থেকে কাল এয়ার অ্যাম্বুলেন্স এলে পরশু (৭ ডিসেম্বর) তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে।

ইসরায়েলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনাদের গুলিতে গাজা উপত্যকার উত্তরে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত দুই ব্যক্তি ‘সন্দেহজনক কিছু বস্তু’ বহন করছিলেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে সেই বস্তুগুলো কী ছিল—তা এখন পর্যন্ত তারা শনাক্ত করতে পারেনি বা প্রকাশ করেনি।

মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, সাম্প্রতিক যুদ্ধবিরতির পর থেকে গাজার উত্তরের হলুদ রেখার কাছাকাছি বাফার জোনে ইসরায়েলি সৈন্যরা প্রায়ই ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করছে।
এসব ঘটনায় তারা নিহতদের ‘সন্ত্রাসী’ বলে অভিযুক্ত করে আসছে।

এদিকে ২০২৫ সালে স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, ইসরায়েলি হামলায় গাজা উপত্যকাজুড়ে বেশিরভাগ কাঠামোর ক্ষতি হয়েছে। জাতিসংঘের গত অক্টোবরের একটি মূল্যায়ন প্রতিবেদনে প্রায় ৮১ শতাংশ ক্ষতিগ্রস্ত কাঠামো দেখানো হয়েছে। একই সময়ে গাজার কৃষি ও খাদ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।
ফাও এবং জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের ভূস্থানিক মূল্যায়নে দেখা গেছে, বেশির ভাগ ফসলি জমি, বাগান এবং গ্রিনহাউস ক্ষতিগ্রস্ত হয়েছে।

জলপাইবাগানের জন্য ব্যবহৃত ৭৫ শতাংশেরও বেশি ক্ষেত ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে ৭০ শতাংশ পর্যন্ত গ্রিনহাউস এবং স্থায়ী ফসলের বৃহৎ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৮২.৮ শতাংশ কৃষি কূপ এবং সেচ স্থাপনা পরিষেবার বাইরে রয়েছে, যা উৎপাদনকে আরো ক্ষতিগ্রস্ত করছে এবং লবণাক্তকরণকে ত্বরান্বিত করছে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি সতর্ক করে দিয়েছে, এরই মধ্যে ব্যাপকভাবে দূষিত মাটি এবং মিঠা পানির পতন, খাদ্য উৎপাদন এবং জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি ‘খাদ্য উৎপাদনের ঝুঁকি’ রয়েছে।

বিএনপি আমাদের সঙ্গে বসেনি, নিজেদের মতো প্রার্থী দিয়েছে- মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপি সমমনাদের সঙ্গে বসে আলোচনা না করেই নিজেদের মতো প্রার্থী ঘোষণা করেছে।

এতে জোটবদ্ধ নির্বাচন নিয়ে স্পষ্টতা কমে গেছে এবং বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও গণতন্ত্রের সংগ্রাম’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, সময়টা অত্যন্ত জটিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া অসাধারণ জনপ্রিয় নেত্রী।

তার অবস্থার এমন অবনতি হলে বিএনপি আদৌ নির্বাচন করতে পারবে কি না—সেই প্রশ্ন আছে। তবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।”

বিএনপির জোট রাজনীতি নিয়ে অনিশ্চয়তা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করবে, নাকি আসনভিত্তিক সমঝোতায় যাবে- এটি এখনো নিশ্চিত নয়।

বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা না করে তারা সমমনা দলগুলোর জন্য আসন ছাড়ার সম্ভাবনা রেখেছে।

তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে দলটির সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগও কিছুটা স্তিমিত হয়ে পড়েছে।

মান্না অভিযোগ করেন, সরকার ছলচাতুরির মাধ্যমে আবারও ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারে।

তার মতে, আন্তর্জাতিক সমর্থনও সরকারের পক্ষে আগের মতো নেই। তাই নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটানো সম্ভব নয়।

গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতাদের বক্তব্য

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ধর্ম বা জাতীয়তাবাদের নামে কোনো ধরনের ফ্যাসিবাদ জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, “বাংলাদেশকে গণতান্ত্রিক পথেই এগোতে হবে। দ্রুত অবাধ–সুষ্ঠু নির্বাচন ছাড়া সংকট কাটবে না।”

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সংশোধিত আরপিও নিয়ে প্রশ্ন উঠেছে- তা কি কোনও বিশেষ দলকে সুবিধা দিতে করা হয়েছে?

তিনি সতর্ক করে বলেন, সরকার ও ইসির নিরপেক্ষতার প্রমাণ না মিললে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং নতুন রাজনৈতিক সংকট দেখা দেবে।

সভায় সভাপতিত্ব করেন জাসদের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। বক্তব্য দেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানসহ অন্যান্য নেতারা।

আ. লীগকে ধানের শীষে ভোট দিতে বললেন বিএনপি নেতা সালাহউদ্দিন

আওয়ামী লীগকে এবার ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার রাতে কক্সবাজার জেলার বদরখালী এলাকায় আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, বদরখালিতে কিছু আওয়ামী লীগের লোক আছে। তাদেরকে বলব এবার দেশের পক্ষে থাকেন।

নৌকা তো নাই, এবার একটু কষ্ট করে ধানের শীষে ভোট দেন। তাহলে কিছু উন্নয়নমূলক কাজ হবে।

তিনি বলেন, যে যেই পার্টি করেন না কেন, দয়া করে ধানের শীষে ভোটটা দেবেন। দেশের উন্নয়নের পক্ষে ভোট দেবেন।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশে গণহত্যা পরিচালনা করে তাদের দল, দলের প্রধান বিদেশে পালিয়েছে।

তাদের রাজনৈতিক কোনো ভবিষ্যত নেই। এটা সবাইকে বোঝাইতে হবে।