রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ট্রাম্পকে ‘আন্তর্জাতিক গ্যাংস্টার’ আখ্যা দিলেন ব্রিটিশ এমপি

গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের বিরুদ্ধে এবার তীব্র আক্রমণাত্মক মন্তব্য করেছেন ব্রিটিশ সংসদ সদস্য (এমপি) এড ডেভি। ট্রাম্পকে একজন ‘আন্তর্জাতিক গ্যাংস্টার’ ও ‘বুলি’ (বলপ্রয়োগকারী) হিসেবে অভিহিত করে তিনি বলেন, ট্রাম্প মনে করেন তিনি যা চান তা শক্তি প্রয়োগ করেই কেড়ে নিতে পারবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের উদ্দেশে দেওয়া এক ভাষণে এড ডেভি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প একজন আন্তর্জাতিক গ্যাংস্টারের মতো আচরণ করছেন। তিনি একটি মিত্র দেশের সার্বভৌমত্বকে পদদলিত করার হুমকি দিচ্ছেন, ন্যাটোর অস্তিত্ব সংকটে ফেলছেন এবং গ্রিনল্যান্ড না পেলে যুক্তরাজ্যসহ ইউরোপীয় মিত্রদের ওপর চড়া শুল্ক আরোপের ভয় দেখাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘এটি বিশ্ব ও ইউরোপের জন্য একটি অত্যন্ত কঠিন মুহূর্ত। ট্রাম্প কোনো উসকানি ছাড়াই বিভিন্ন দেশের অর্থনীতি, মানুষের জীবিকা ও জাতীয় নিরাপত্তার ওপর আঘাত হানছেন।’

এড ডেভি ট্রাম্পকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট’ হিসেবে আখ্যা দেন এবং ব্যাঙ্গাত্মকভাবে বলেন, হয় তাকে উপঢৌকন দিয়ে শান্ত রাখা হোক, না হয় শক্তভাবে তার বিরুদ্ধে দাঁড়ানো হোক।

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াতের আব্দুস সামাদ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে জাতীয় স্বার্থে বিবেচনা করে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীকে সমর্থন জানিয়ে জামায়াতের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী প্রফেসর ড. শায়খ আব্দুস সামাদ। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে তিনি জাতীয় সংসদ সদস্য পদে দাখিল করা নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে মুঠোফোনে জানিয়েছেন।

এক বিবৃতিতে মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মুফতি আব্দুর রউফ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঐক্যের বৃহত্তর স্বার্থ বিবেচনায় করে ১০ দলীয় ঐক্যের প্রার্থীকে পূর্ণ সমর্থন দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়ার কথা জানান।

তিনি আরো বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সাধারণ মানুষের আবেগ, প্রত্যাশা, ত্যাগ ও কষ্টকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ সময় তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের নিরলস পরিশ্রম এবং ত্যাগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে দেশ ও জাতির কল্যাণে সকলকে ধৈর্য, প্রজ্ঞা ও ঐক্যের মাধ্যমে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।

রাজস্ব আদায়ে বড় ঘাটতি, ৬ মাসে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে ২০%

অর্থবছরের মাঝামাঝি এসেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আহরণে বড় অঙ্কের ঘাটতিতে পড়েছে সরকার; প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৪৬ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শতকরা হিসাবে ঘাটতির হার ১৯ দশমিক ৮৮%।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে এনবিআর মোট ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা রাজস্ব করেছে। এসময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ হাজার ৯৭৬ কোটি টাকা কম রাজস্ব আদায় করতে পেরেছে দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থাটি।

মঙ্গলবার এনবিআরের হালনাগাদ পরিসংখ্যান বলছে, এ হারে বছরের বাকি সময়ে রাজস্ব আদায় হলে বছর শেষে বিপুল ঘাটতির মুখে পড়বে সরকার। কেননা এনবিআরের মাধ্যমেই মূল রাজস্ব আহরণ করা হয়।

তবে অর্থবছরের শেষ দিকে এসে সাধারণত রাজস্ব আয় বাড়তে দেখা যায়।

চলতি অর্থবছরে সরকার সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এনবিআরের মাধ্যমে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা আহরণ করতে চায়। বাজেটে যা ধরা হয়েছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা।

বাজেটে অর্থ উপদেষ্টা এনবিআর ও সব উৎস থেকে মোট ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।

মঙ্গলবার প্রকাশিত এনবিআরের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে মোট ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ১৯ শতাংশ বেশি।

এর আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ লাখ ৬২ হাজার ২০৯ কোটি টাকা। ওই সময়ের প্রথম দিকে জুলাই গণঅভ্যুত্থান আর ক্ষমতার পালাবদলের মধ্যে সহিংসতা আর অনিশ্চয়তায় দেশের অর্থনীতি একপ্রকার স্থবির হয়ে পড়েছিল।

ধান্দাবাজদের হাতে দেশ দেব না : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব। তবে কোনো প্রতারক, ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, ধৈর্য ধরে রাখতে পারছি না, সহ্য করতে পারছি না।

তিনি বলেন, আমি আমার মনের কথার কিছুটা প্রকাশ ঘটাতে চাই। আজকেই প্রথম, আজকেই শেষ। তোমরা যা খুশি তাই বলো, আমি কোনো কথা বলব না। আর যাই হোক, আমার গলায় সাইনবোর্ড লাগিয়ে শব্দ হবে না।
আমার বাড়ি ঢাকা এবং শাহজাহানপুরে। আমার ঠিকানা আছে রে ভাই। আমি ঠিকানাবিহীন লোক নই, এটা মাথায় রাখতে হবে। আমি এই দেশের একজন কর্মী।
এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা করা দরকার, সব কিছু করছি এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করব ইনশাআল্লাহ। তবে কোনো প্রতারক, ধান্দাবাজ ও কসাইদের হাতে এই দেশকে পড়তে দেব না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সময় জানালেন অর্থ উপদেষ্টা

আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে পে কমিশন সুপারিশ জমা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিবেদনে জমার সময় অর্থ উপদেষ্টা নিজেও উপস্থিত থাকবেন। পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান সব সদস্যকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেবেন।

পে কমিশনের প্রতিবেদন জমা হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন। এমন সুপারিশই প্রতিবেদনে থাকবে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান।

‘সিরিয়াল কিলার’ সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত আলোচিত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান সম্রাটের আসল পরিচয় প্রকাশ করেছে পুলিশ। প্রায় সময় সাভার মডেল থানার আশপাশে ঘুরে-বেড়ানো সম্রাট নিজেকে ‘কিং সম্রাট এবং মশিউর রহমান খান সম্রাাট বলে দাবি করলেও, পুলিশের ভাষ্য অনুযায়ী, তার প্রকৃত নাম সবুজ শেখ।

সবশেষ গত রবিবার জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তারের পর তার নাম প্রকাশ্যে আসে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান তার পরিচয় নিশ্চিত করেছেন।

সবুজ শেখ মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামের পান্না শেখের ছেলে। তিন ভাই চার বোনের মধ্যে দ্বিতীয় সবুজ শেখ। তার বড় বোনের নাম শারমিন। তাদের নানা বাড়ি বরিশালে।

হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামের স্থানীয়ভাবে প্রভাবশালী খালেক শেখ তাদের আত্মীয়। গ্রামের সবাই তাদের ভয়ংকর এবং ডাকাত ফ্যামিলি হিসেবে চিনত।
অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, ‘নিজ পরিচয় গোপন করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বিভিন্ন জায়গা থেকে ভবঘুরে নারীদের পরিত্যক্ত ভবনের নির্জন স্থানে নিয়ে আসতো সিরিয়াল কিলার সম্রাট ওরফে সবুজ শেখ। সেসব নারীরা অন্য কারো সঙ্গে কিংবা অন্য কেউ তাদের সঙ্গে অনৈতিক কাজ করলে সে তাদের হত্যা করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

’ এ ছাড়া আদালতে জবানবন্দি দেওয়া হত্যাকাণ্ডের তথ্য ও পরিচয়সহ সকল তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ইতিমধ্যে তার গ্রামের বাড়িতে পুলিশের টিম পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ‘সবশেষ ঘটনার ৩-৪দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে তরুণীকে সে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে এনে রাখে। ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবক অনৈতিক সম্পর্ক করলে প্রথমে তাকে কমিউনিটি সেন্টারের দোতলায় নিয়ে হত্যা করে সম্রাট। এরপর ওই ভবঘুরে তরুণীকে নিচতলায় হত্যা করে লাশ কাঁধে করে নিয়ে দোতলার টয়লেটে ঢুকিয়ে দুজনকে একসঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

পরবর্তী সময় ভবনটির আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্তের পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।’
গতকাল সোমবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে জিজ্ঞাসাবাদে সে ৬টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে সবুজ শেখ ওরফে সম্রাটকে গত রাতেই তাকে জেলহাজতে পাঠিয়ে দেন আদালত।

এদিকে, সিসিটিভি ফুটেজে যে তরুণীকে হত্যার পর কাঁধে করে নিয়ে যেতে দেখা যায় সিরিয়াল কিলার সম্রাট ওরফে সবুজ শেখকে। নিহত ওই তরুণীর পরিচয় পাওয়া গেছে। হত্যার পর ভাইরাল হওয়া ওই তরুণীর আগের দেওয়া একটি সাক্ষাৎকার দেখে তার পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় ছুটে আসেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন বলেন, ‘নিহত ওই তরুণীর নাম তানিয়া আক্তার। তার বাবার নাম মৃত জসিম। মানসিকভাবে প্রতিবন্ধী তানিয়া মায়ের সঙ্গে রাজধানীর উত্তরায় ভাড়া বাসায় থাকতো। চার বোন দুই ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। গত ১ জানুয়ারি থেকে সে নিখোঁজ ছিল বলে জানিয়েছে পরিরারের সদস্যরা।’

সাভার থানা পুলিশ জানায়, ভবঘুরে প্রকৃতির সম্রাট গত কয়েক বছর ধরে মূলত সাভার মডেল থানার সামনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিস্ট্রার অফিসের আশপাশ, সাভার পৌর কমিউনিটি সেন্টার ও পাকিজার মোড়ে ঘোরাফেরা এবং রাত্রি যাপন করত। রবিবার পৌর কমিউনিটি সেন্টারে জোড়া খুনের পর গ্রেপ্তারকৃত সম্রাট নিজের যে নাম, বাবার নাম সালাম এবং মায়ের নাম রেজিয়াসহ ব্যাংক কলোনী এলাকার বাড়ির ঠিকানা বলেছে, তার সত্যতা পাওয়া যায়নি। তবে ওই এলাকায় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নাম মশিউর রহমান খান সম্রাট। সিরিয়াল কিলার সবুজ শেখ নিজের পুরো নাম ওই কাউন্সিলরের নামের সঙ্গে মিলিয়ে বলছে।

ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত সুপার মো. আসাদুজ্জামান বলেন, ৬ খুনের কথা স্বীকার করলেও খুনের কারণ হিসেবে একেকবার একেক রকম দাবি করেছে। সে একজন বিকৃত রুচির মানুষ, সাইকো প্যাথ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের নেত্র বিজনেস সেন্টারের মালিক সুবল রায় বলেন, তিন চার বছর ধরে এই ভবঘুরে সেখানে নিয়মিত আসা-যাওয়া করে। বিভিন্ন জনের কাছ থেকে টাকা চেয়ে তার দিন চলে।

থানার সামনে চৌরাস্তা মোড়ের ডাব বিক্রেতা জুয়েল জানান, অনেক সাংবাদিক এবং পুলিশের কাছ থেকে এই সম্রাট নিয়মিত টাকা চেয়ে নিত। থানার মূল ফটকের বাইরে পোস্ট অফিসের পাশে মনিরের হোটেলে প্রায়ই খাওয়া-দাওয়া করত এবং মাঝে মধ্যে পুলিশের জুতা, ক্যাপ ও পোশাক পরে ঘুরে বেড়াত। অনেক সময় তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দেখা গেলেও সবসময় একটি বাটন ফোন থাকত। সে অপরিষ্কার থাকত এবং সার্বক্ষণিক উচ্চবাচ্য করে গালিগালাজ করতেন। কিছুদিন আগে তার গতিবিধি সন্দেহজনক মনে করে সেনা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। পরে সাভার মডেল থানার সাবেক ওসি জুয়েল মিঞা তাকে ছেড়ে দেন।

সাব রেজিস্ট্রি অফিসে জমির দলিলের কাজে সম্পৃক্ত রুবেল পাঠান জানান, তিনি মাঝেমধ্যেই সম্রাটকে চা সিগারেট খাওয়াতেন। তবে সে যে একজন ভয়ংকর সিরিয়াল কিলার তা কখনো ধারণাও করতে পারেননি।

থানার সামনের বাড়ির মালিক আব্দুর রহিম জানান, ৬ খুনের অভিযোগে গ্রেপ্তারকৃত এই ভবঘুরে প্রায় সময় চিৎকার চেঁচামেচি করতো। বিভিন্ন সময় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর পুরানো ড্রেসও পড়তো সম্রাট।

অন্যদিকে, কারামুক্ত একাধিক হাজতি জানিয়েছেন, আট মাস আগে এই সম্রাট কাশিমপুর-২ কারাগারে ৬০ নম্বর সেলের পূর্ব বিল্ডিংয়ের নিচতলার বন্দি ছিলেন। কারাগারের ভেতর সে ছিল বেপরোয়া। সবসময় বিড়ি খেত এবং একা একা কথা বলতো। নিজেকে কিং খান সম্রাট দাবি করা প্রচণ্ড সাহসী সাইকো সম্রাট জেলাখানায় বিড়ির জন্য অন্যদের মারধর করত। প্রায়ই চুরি করায় কারা কর্তৃপক্ষ তাকে নিয়ে বিপদে ছিল। অন্য বন্দিদের অভিযোগের কারণে তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসকের মোবাইল চুরি করে।

প্রসঙ্গত, ৭ মাস আগে ৪ জুলাই সাভার মডেল মসজিদের সামনে অজ্ঞাতনামা এক বৃদ্ধার (৭৫) লাশ উদ্ধার করা হয়। তার নাতি মামলা দায়ের করলে পরে আসমা বেগম নামের এই বৃদ্ধার পরিচয় মিলে। এরপর ২০২৫ সালের ২৯ আগস্ট পৌর এলাকার পৌর কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাতনামা এক পুরুষের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। একই স্থানে ১১ অক্টোবর অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ পাওয়া যায়। এরপর ১৯ ডিসেম্বর সেখান থেকে অজ্ঞাতনামা আরও এক পুরুষের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।

এসব ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করলে কমিউনিটি সেন্টারের আশপাশে সিসিটিভি এবং লাইট লাগানো হয় পুলিশের পক্ষ থেকে। সবশেষ ১৮ জানুয়ারি পুলিশ দুটি পোড়া লাশ উদ্ধার করে। এরপর সিসিটিভি ফুটেজে একটি লাশ সরাতে দেখা যায় সম্রাটকে। তারপর পুলিশ তাকে আটক করে।

উপদেষ্টা পরিষদে নতুন ৪ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন

গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ’, কক্সবাজার জেলায় ‘মাতারবাড়ী’ নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া নরসিংদী জেলায় রায়পুরাকে ভেঙে আরো একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে এটি নিকারের প্রথম সভা।
সভায় অর্থ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের ছয়জন উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব/সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।

এ ছাড়া নরসিংদী জেলায় রায়পুরাকে ভেঙে আরো একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।
সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দু’টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

উল্লেখ্য, এ বিষয়ে ইতিমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

‘স্বাস্থ্যসেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ দুটিকে একত্রীকরণের মাধ্যমে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়।

এ ছাড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়। তবে এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম (Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।

পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরির জেলা থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়।

এ ছাড়া, ঠাকুরগাঁও জেলার ‘ভুল্লী’ থানার নামের বানান সংশোধন করে ‘ভূল্লী’ প্রতিস্থাপন করার প্রস্তাব অনুমোদিত হয়।

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হচ্ছে না আজ। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণার নতুন এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যোগদানের আমন্ত্রণ নিশ্চিত করলো চীন

বেইজিং আজ মঙ্গলবার নিশ্চিত করেছে যে, চীনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘চীন মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ পেয়েছে, তবে বেইজিং সেই আমন্ত্রণ গ্রহণ করবে কি না তা তিনি স্পষ্ট করেননি।

বোর্ডটি মূলত যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন তত্ত্বাবধানের জন্য তৈরি করা হয়েছে। তবে এর সনদে এর ভূমিকা কেবল দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে, এমন কোনো ইঙ্গিত নেই।

ওয়াশিংটন ট্রাম্পের সভাপতিত্বে গঠিত ওই বোর্ডে যোগ দিতে বিভিন্ন দেশের নেতাদের অনুরোধ করেছে। যাদের আনুরোধ করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

গুও বলেন, গত বছর চীন-মার্কিন সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীলতা অর্জন করেছে, যদিও বাণিজ্য যুদ্ধের ফলে উভয় দেশ একে অপরের পণ্যের ওপর একই রকম শুল্ক আরোপ করেছে।

সাংবাদিকদের বলেন গুও, ‘গত এক বছরে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে, তবে সামগ্রিকভাবে তা গতিশীল স্থিতিশীলতা বজায় রেখেছে।’

তিনি আরও বলেন, ‘চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা উভয় পক্ষের জন্যই লাভজনক, অন্যদিকে সংঘর্ষ উভয় পক্ষের জন্যই ক্ষতিকর।’

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নিকারের সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ছয় উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব উপস্থিত ছিলেন। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১ টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দু’টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। উল্লেখ্য, এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ দু’টিকে একত্রীকরণের মাধ্যমে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়। তবে এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম (মিনিস্ট্রি অব উইম্যান এন্ড চিলড্রেন এফেয়ার্স) অপরিবর্তিত থাকবে।

পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরির জেলা থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়।

গাজীপুর জেলায় পুর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পুর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।

এছাড়া নরসিংদী জেলায় রায়পুরাকে ভেঙে আরো একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।

এছাড়া, ঠাকুরগাঁও জেলায় ‘ভুল্লী’ থানার নামের বানান সংশোধন করে ‘ভূল্লী’ প্রতিস্থাপন করার প্রস্তাব অনুমোদিত হয়।