বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

এটাই শেষ বিশ্বকাপ : স্টার্ক

ওয়ানডে বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মিচেল স্টার্ক। গত দুই বিশ্বকাপে বল হাতে আলো ছড়ালেও, চলতি বিশ্বকাপে নিজের কারিশমা দেখাতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালের আগে স্টার্ক নিশ্চিত করেছেন, চলতি বিশ্বকাপের পর সাদা বলের ক্রিকেট চালিয়ে গেলেও আগামী বিশ্বকাপে আর দেখা যাবে না তাকে।
২০১৫, ২০১৯ বিশ্বকাপের পর ২০২৩ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। গত দুই আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হলেও, চলতি বিশ্বকাপে তেমন ধার নেই তার বোলিংয়ে। ৩৩ বছর বয়সী এই পেসার সেমিফাইনালের আগে জানিয়ে দিলেন, এটাই তার শেষ ওয়ানডে বিশ্বকাপ। চলতি বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট চালিয়ে গেলেও আগামী বিশ্বকাপে দেখা যাবে না তাকে।
স্টার্ক বলেন, ‘আমি এই বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে আমার কোনো সন্দেহ নেই যে, আমি পরবর্তী বিশ্বকাপে খেলতে পারব না। এই ব্যাপারে আমার কোনো চিন্তা নেই। চার বছর একটা দীর্ঘ সময়।’
ওয়ানডে ক্রিকেটকে আগেই বিদায় বললেও, টেস্ট ক্রিকেটই হবে স্টার্কের মূল কেন্দ্রবিন্দু তাও জানিয়ে দিয়েছেন। স্টার্ক বলেন, ‘আমি সবসময় বলে এসেছি যে টেস্ট ক্রিকেট আমার কাছে সব কিছুর আগে। আমি টেস্ট ক্রিকেট ছাড়ার আগে বাকিগুলো বাদ দিবো।’
ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে আপাতত ৫৯ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন স্টার্ক। তার আগে শুধুই দুই ক্রিকেট কিংবদন্তি মুরালিধরন (৬৮ উইকেট) এবং ম্যাকগ্রা (৭১ উইকেট)। আগামী বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

পরীমণি মেজো, তমা সেজো, পূজা আমার ছোট বোন : অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বেশ সক্ষতা গড়ে উঠেছেন পরীমণির। পাশাপাশি আছেন নায়িকা তমা মির্জাও। কিছুদিন পর পরই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একসঙ্গে তাদের ছবি বা ভিডিও। এবার সেই কাতারে যুক্ত হলেন পূজা চেরীও। পরীমণি মেজো, তমা সেজো, পূজা আমার ছোট বোন। আমার বোনগুলো সুন্দর, তাই আমিও সুন্দর বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস। সোমবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
অপু বলেন, আমরা একে অপরের সাথে সর্বদা যোগাযোগ রাখি। ফোনে কথা হয়। ওরা সন্তান নিয়ে মাঝেমাঝে অনেক কিছু বুঝে উঠতে পারে না। তখন আমাকে ফোন করে জানতে চায়। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় বিধায় সম্পর্কটাও সুন্দর আছে।
পাশে থাকা পূজা চেরি বলেন, আমি অপুদি’র ছোট বোন। আমরা প্রথম বারের মতো একসাথে ইন্টারভিউ দিচ্ছি আজ।
পূজা চেরি সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘নূরজাহান’ সিনেমায় পূজা যা অভিনয় করেছে, তা হয়তো আমিও করতে পারতাম না। একজন পরিপূর্ণ নায়িকার সংজ্ঞা বলতে গেলে আমি পূজা চেরির কথাই বলব।

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩১

ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩১ জন নিহত এবং বহু লোক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের ভেতরে ১২টি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা করে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দেশটির সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে।
ওয়াফা বলছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
বেশ কয়েক দিন ধরে গাজার শরণার্থী শিবিরগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনাও ঘটছে। তবে ইসরায়েল দাবি করে আসছে, তারা হামাসের কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বেসামরিক নাগরিকরা তাদের টার্গেট নয়।
এর আগে, চলতি মাসের শুরুতে টানা তিন দিন জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ১৯৫ জন নিহত এবং ১২০ জন নিখোঁজ হন। এ ছাড়া প্রায় একই সময়ে গাজার বুরেজ শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ১৫ জন নিহত হন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনে আমরা বদ্ধপরিকর : জাতিসংঘে আইনমন্ত্রী

সংবিধান অনুযায়ী জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক৷
সোমবার (১৩ নভেম্বর) জেনেভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এই বক্তব্য তুলে ধরেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, বাংলাদেশ সরকার সংবিধান অনুযায়ী জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর৷ নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে, বিশ্বাসযোগ্যভাবে এবং দক্ষতার সাথে কাজ করতে পারে এজন্য তাদের যথেষ্ট ক্ষমতা নিশ্চিত করা হয়েছে৷
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিকে অসাংবিধানিক হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘এটি অসাংবিধানিক ও অবৈধ৷’
সংবিধানের বাধ্যবাধকতার পরিপ্রেক্ষিতে সরকার সব রাজনৈতিক দলকে দেশব্যাপী শান্তিপূর্ণ সমাবেশের, প্রতিবাদ ও বিক্ষোভের অনুমোদন দিচ্ছে বলে দাবি করেন তিনি৷ বলেন, ‘আমরা দেখছি বিএনপির কর্মীরা সহিংসতা ছড়াচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগ ও গণমাধ্যমকর্মী, নিরপরাধ মানুষ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, স্কুলকে সহিংস হামলার লক্ষ্য বানিয়েছে৷’ কোনো রকমের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না হয়ে নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আটক করছে বলেও জানান তিনি৷
সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর)-এর চতুর্থ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়৷ এর আগে সবশেষ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের মে মাসে৷ তৃতীয় সেই পর্যালোচনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মোট ১৭৮ সুপারিশ গ্রহণ করা হয়েছিল উল্লেখ করে আনিসুল হক বলেন, এর সবগুলো বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিয়েছে৷
বাংলাদেশের বিরোধী দলের ওপর রাজনৈতিক দমন পীড়নের অভিযোগ থাকলেও বর্তমান সরকারের অধীনে বরং তারা বেশি সুযোগ পাচ্ছে বলে আনিসুল হক দাবি করেন৷ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব নেওয়ার পর বিরোধী দলগুলোর রাজনৈতিক সুযোগের দিক থেকে উল্লেখযোগ্য গুণগত পরিবর্তন ঘটেছে৷ সংসদে বিরোধী দলগুলো সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে৷ আগের রাজনৈতিক সংস্কৃতির বিপরীতে সংসদীয় কমিটিতে কয়েকটি সভাপতির পদ বিরোধীদের দেওয়া হয়েছে৷ আইন প্রণয়নের ক্ষেত্রেও বিরোধী সংসদ সদস্যদের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়৷’
আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘আমরা যেকোনো মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করি৷’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো বেআইনি কর্মকাণ্ড করে থাকলে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি করেন তিনি৷ জানান, ২০১৫ সাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ১৬৯২টি ফৌজদারি মামলা করা হয়েছে৷ ৮৪৮৮ জন পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২৪টি মামলা হয়েছে৷
তিনি দাবি করেন, সংবিধান ও আইন অনুযায়ী ‘বাংলাদেশে পূর্ণ মত প্রকাশের স্বাধীনতা আছে’৷ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সরকার অনলাইন ও অফলাইনে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছে৷ বর্তমানে দেশে ৩৯টি টিভি চ্যানেল, ৫৭৬টি সংবাদপত্র ও ১৮২টা অনলাইন নিউজ পোর্টাল রয়েছে৷ ২৩২৮ টি স্থানীয় এনজিও ও ২৬৭টি বিদেশি এনজিও কোনো ধরনে বাধা বা সেন্সরশিপছাড়া কাজ করতে পারছে বলেও দাবি করেন তিনি৷
বাংলাদেশ ইউপিআর এর সুপারিশগুলো নিয়মিতভাবে ফলোআপ করে বলেও উল্লেখ করেন তিনি৷ বলেন সরকার জাতিসংঘের হিউম্যান রাইটস মেকানিজমের সঙ্গে সম্পৃক্ততা ও সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ৷ ‘সামনের দিনে আন্তর্জাতিক অন্য বাধ্যবাধকতাগুলোতে প্রবেশের আগে বাংলাদেশের জাতীয় প্রাতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়ানোর ব্যাপারে আমাদের মনযোগী হওয়ার প্রয়োজন রয়েছে,’ বলেন তিনি৷
এছাড়াও শ্রমিক অধিকার রক্ষায় বাংলাদেশ আইএলও কনভেনশন বাস্তবায়ন করছে বলে জানান তিনি৷ ন্যূনতম মজুরি নিয়ে শ্রমিকদের বিক্ষোভ এবং সহিংসতার ঘটনাকে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার নাশকতা হিসেবে দেখছে বলেও জানান৷ এক্ষেত্রে সরকার শ্রমিকদের রক্ষা ও অধিকার ক্ষুণ্ণ হওয়ায় ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি৷
সবশেষে মন্ত্রী বলেন, ‘চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা সবশেষ ইউপিআর এর প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছি৷ তারপরও সবসময়ই উন্নতির সুযোগ থাকে৷’

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ : যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশের জনগণের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না বলেও জানিয়েছে দেশটি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি যুক্তরাষ্ট্র সমর্থন করে বলেও জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৩ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এছাড়া সংলাপের আহ্বান জানিয়ে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দেওয়া চিঠির প্রসঙ্গটিও ব্রিফিংয়ে উঠে এসেছে।
এদিকে ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, আপনি জানেন- বাংলাদেশ এবং ঢাকা গাজার মতো আরেকটি উত্তপ্ত স্থান। অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে খুব শিগগিরই এটি গাজা উপত্যকায় পরিণত হবে। বাংলাদেশ একটি সার্বভৌম দেশ এবং এখানে ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ গণতন্ত্র এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে। আমেরিকা মানবাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে ভূমিকা পালন শুরু করার পর বাংলাদেশের নাগরিকরা খুব আশাবাদী হয়ে ওঠেছেন। আওয়ামী লীগ ছাড়া সকল প্রধান রাজনৈতিক দল রাষ্ট্রদূত পিটার হাস এবং অন্যান্য দেশের কূটনীতিকদের সাথে কাজ করছে। কেন মার্কিন সরকারকে বাংলাদেশের ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে?
জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি অনেকবার যা বলেছি এবারও সেটিই বলতে চাই, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমরা মনে করি, বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ তার জনগণের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত।
পরে ওই সাংবাদিক বলেন, সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন। কিন্তু বিরোধী দলের অধিকাংশ রাজনৈতিক নেতা কারাগারে থাকা অবস্থায় সংলাপ কীভাবে হবে? এবং সরকার ক্র্যাকডাউন চালিয়ে যাওয়ায় বিরোধীদের কারা সেই চিঠি পেয়েছেন, সেটাও ভাবছি। গার্মেন্ট কর্মীও নিহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এই অবস্থার মধ্যে সংলাপ কীভাবে হতে পারে?
জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমাকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন সাংবাদিকের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই, তবে তেমন কিছু করা থেকে আমি বিরত থাকব।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না। আমরা একটি রাজনৈতিক দলের বিপরীতে অন্য কোনও দলকে সমর্থন করি না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি।

মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মানুষ মেরে, পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৩ নভেম্বর) বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ মেরে, পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। সঠিক পথে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। এ ছাড়া ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অবরোধের নামে বিএনপি-জামায়াত বিভিন্ন বাসে পেট্রল বোমা ছুড়েছে। এতে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে সাতজন এসেছেন। ছয়জন এখনও ভর্তি। দুজনের অবস্থা খুবই খারাপ। প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর নিচ্ছেন।

তিনি আরও বলেন, অবরোধে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, শ্রমিকরা কাজে যেতে পারছেন না। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না। বাবা-মায়েরাও তাদের স্কুলে পাঠাচ্ছেন না। ছেলে-মেয়েরা অনলাইনে ক্লাস করছে। গ্রাম থেকে যেসব কাঁচামাল আসে, সেগুলো বহন করতে কষ্ট হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকে স্বাস্থ্যসেবাও নিতে পারছে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিছিল-মিটিংয়ের অধিকার, কথা বলার অধিকার সবারই রয়েছে। তাই বলে মানুষকে পুড়িয়ে মারার অধিকার, জানমালের ক্ষতি করার অধিকার কারও নেই। যারা এসব কার্যকলাপ করেছে, তাদের অনেককে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হচ্ছে।

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৪০

মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আটজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭৪০ জন রোগী।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১০ জন।

সোমবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৪৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৪৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৯৩ হাজার ৫৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ঢাকায় ১ লাখ ৩ হাজার ৯০৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬৬৪ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৮৬ হাজার ৭১ জন। ঢাকায় ১ লাখ ১ হাজার ৪৯৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৮৪ জনে।

অধিনায়কত্ব নিয়ে চাপে বাবর আজম

বিশ্বকাপ থেকে বিদায়ে নিজের দায়িত্ব নিয়ে চাপে আছেন বলে স্বীকার করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল থেকে ছিটকে পড়ায় হতাশ তারা।

ইংল্যান্ডের বিপক্ষে ৯৩ রানের পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তান। এর আগেই অবশ্য ১৯৯২’র বিশ্বচ্যাম্পিয়নদের শেষ চারে খেলার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল।

বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ৯ ম্যাচের পাঁচটিতে পরাজিত হয়েছে। এরমধ্যে আহমেদাবাদে এক লাখ সমর্থকদের সামনে ভারতের কাছে ৭ উইকেটে বিধ্বস্ত হতে হয়। এর মাধ্যমে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৮ ম্যাচে ৮ পরাজয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। এ ছাড়া এবার প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষেও পরাজিত হয়েছে দ্য গ্রিন ম্যানরা।

বিশ্বকাপে সব মিলিয়ে ৪ হাফ-সেঞ্চুরিসহ ৪০ গড়ে ৩২০ রান করেছেন বাবর। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করলেও মাঝপথে ভারতীয় ব্যাটার শুভমান গিলের কাছে শীর্ষস্থান হারিয়েছেন তিনি। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে বাবরের রানসংখ্যা প্রায় ১৩ হাজার।

তবে ভারতের মাটিতে ফিল্ডিং সেট-আপে আগ্রাসনের অভাবে বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তানি গণমাধ্যমগুলো এই ব্যাপারে তাকে ধারাবাহিকভাবে অভিযুক্ত করে গেছে। যদিও পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার বলেছেন, আমি বাবরের পক্ষে, সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ। সে এখনও বয়সে তরুণ, তাকে আরও কিছুদিন অধিনায়কত্ব করার সুযোগ দেওয়া উচিত।

২০২০ সাল থেকে টেস্ট ও ওয়ানডেতে বাবর পাকিস্তানের অধিনায়কত্ব করে আসছেন। আর্থার বলেন, সে এখনও শেখার মধ্যে আছে। আমরা সবাই জানি সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। অধিনায়ক হিসেবেও সে প্রতিদিনই শিখছে। তাকে আরও কিছুদিন কাজের সুযোগ করে দেওয়া উচিত। এই পদে থাকলে ভুল হবেই। যতক্ষণ শেখার মধ্যে আছে, ততদিন এই ধরনের ভুল করা বড় কোনো অন্যায় নয়।

সাত বছরের মধ্যে এই প্রথমবারের মতো ভারতে খেলতে এসেছে পাকিস্তান। ম্যাচ ও অনুশীলনের বাইরে প্রায় বেশির ভাগ সময়ই নিরাপত্তার কারণে তাদেরকে হোটেল রুমেই বন্দি থাকতে হয়েছে। কোনো সময় হোটেলের বাইরে যেতে হলে নিরাপত্তা কর্মীদের অতিরিক্ত তৎপরতা দেখা গেছে।

এদিকে রমিজ রাজা বলছেন, বাবরের ওপর চাপ এতটাই বেশি যে তাকে হয়তো অধিনায়কত্ব ছাড়তে হতে পারে। প্রত্যাশানুযায়ী দেশেও পুরো দলকে নিয়ে প্রতিক্রিয়া খুব একটা ভালো না। পাকিস্তানি গণমাধ্যমও বিশেষ কিছু খেলোয়াড়কে টার্গেট করে রিপোর্ট করেছে, তাদের মধ্যে বাবর আজম অন্যতম। এটা যেহেতু বিশ্বকাপ, এখানে চাপ থাকবেই। সমস্যা হচ্ছে, এই দলটির মধ্যে আধুনিক ক্রিকেট খেলার সব ধরনের সম্ভাবনা রয়েছে, কিন্তু তারা সময় মতো সেই সুযোগগুলো কাজে লাগাতে পারছে না।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়ার ‘ফেরেশতে’

এপার বাংলায় পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এবং ওপার বাংলায় তিনবার ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত জয়া আহসান এবার অভিনয় করেছেন ইরানী চলচ্চিত্রে। মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ নামের এই চলচ্চিত্রটির দৃশ্যধারণ শেষ হয় গত বছর।

এবার ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে ‘ফেরেশতে’। এশিয়া মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত এই উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (IFFI) নামেও পরিচিত।

প্রতি বছর নভেম্বরের শেষ দিকে ভারতের উপকূলীয় শহর গোয়ায় এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। সম্প্রতি ‘ফেরেশতে’ চলচ্চিত্রের অফিসিয়াল পোস্টারও প্রকাশ করা হয়েছে, যে পোস্টারটি ডিজাইন করেছেন চিত্রশিল্পী আজাদ খোরশিদী। ইরানের সিনেমা ‘ফেরেশতে’ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছে জয়া আহসানের ‘সি তে সিনেমা’।

তিনি বলেন, ফেরেশতে সিনেমাটি মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে। বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্য খুব চমৎকারভাবে তুলে ধরেছেন নির্মাতা, যা বিশ্ব দরবারে চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকদেরও ভীষণভাবে মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস’। বাংলাদেশ ও ইরান দুই দেশেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, এই সিনেমায় কাজ করাটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। পরিচালকসহ পুরো টিম ওদের দেশের ভাষায় কথা বলে। তবে চলচ্চিত্রের তো ভাষা নেই। সে কারণে আমরা সবাই অদ্ভুতভাবে সংযোগ করতে পেরেছি ওদের টিমের সঙ্গে।

সিনেমায় নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশের সুবিধা বঞ্চিত মানুষগুলোর মধ্যে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, আমাদের চারপাশে দেখা এমনই একটি চরিত্রে অভিনয় করেছি’।

এই চলচ্চিত্রে জয়া আহসান ছাড়াও বাংলাদেশের আরও বেশ কজন শিল্পী রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী অভিনয় করেছেন।

পরিচালক মুর্তজা অতাশ জমজমের সঙ্গে সিনেমাটি লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।

জানা গেছে, শুধু গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-ই নয়, আসছে জানুয়ারিতে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও ‘ফেরেশতে’ নির্বাচিত হয়েছে। ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমাতে সহ-প্রযোজক হিসেবে আছে ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।

৬ বলে ৬ উইকেট নিয়ে ম্যাচ জেতালেন অস্ট্রেলিয়ান বোলার

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। হাতে ছিল ৬ উইকেট। সেখান থেকে শেষ ওভারের ৬ বলে ৬ উইকেট নিয়ে ম্যাচ জেতালেন বোলার গ্যারেথ মরগ্যান। আর অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট প্রিমিয়র লিগের তৃতীয় ডিভিশনের ম্যাচে, যা দেখে হতবাক ক্রিকেট বিশ্ব।
তবে অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে এক ওভারে ৬ উইকেট নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। অতীতে এক ওভারে ৬টি উইকেট নেওয়ার নজিরও আছে। ২০১৭ সালের জানুয়ারিতে এক ওভারে অ্যালেড ক্যারি ৬টি উইকেট নিয়েছিলেন।
কারারা কমিউনিটি সেন্টারে গোল্ড কোস্ট প্রিমিয়র লিগের তৃতীয় ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল মুদগিরাবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব এবং সারফার্স প্যারাডাইস। ৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৮ রানে অলআউট হয়ে গিয়েছিল মুদগিরাবা। সেই রান তাড়া করতে নেমে ভালো জায়গায় ছিল সারফার্স। ৩৯ ওভারের শেষে সারফার্সের স্কোর ছিল ৪ উইকেটে ১৭৪ রান। অর্থাৎ জয়ের জন্য শেষ ওভারে মাত্র ৫ রান দরকার ছিল সারফার্সের। আর তারপরই ঘটে অভাবনীয় ঘটনাটি।
প্রথম বলেই জেক গারল্যান্ডকে আউট করেন মরগ্যান। ডিপ মিড-উইকেটে ধরা পড়ে যান জেক। দ্বিতীয় বলে মিড-অনে যায় কোন্নর ম্যাথিসনের ক্যাচ। তৃতীয় বলে মাইকেল কুর্তিনের ক্যাচ যায় মিড-উইকেট। এবার ক্যাচ ধরেন ইশান সান্ধু। চতুর্থ বলে ড্রেসিংরুমে ফিরে যান ওয়েড ম্যাকডুগল। ক্যাচ ধরেন পয়েন্টের ফিল্ডার আরমান সিধু। শেষ দুটি বলে বোল্ড করেন মর্গ্যান। পঞ্চম বলে আউট করেন রিলে এককার্লস্লেকে। শেষ বলে ব্রডি ফ্রেলানকে আউট করে দেন। তার ফলে চার উইকেটে ১৭৪ রান থেকে ১৭৪ রানে অলআউট হয়ে যায় সারফার্স। হেরে যায় চার রানে।
আর মরগ্যানের বোলিং ফিগার ছিল ৭ ওভারে ১৬ রান দিয়ে ৭ উইকেট। যিনি ম্যাচের শেষে সেই অবিশ্বাস্য কীর্তি নিয়ে কিছুটা মজা করেন মুদগিরাবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের বোলার। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য গোল্ড কোস্ট বুলেটিনের প্রতিবেদন অনুযায়ী, মর্গ্যান জানান যে তার কীর্তি দেখে সবাই হতবাক।
ওই প্রতিবেদন অনুযায়ী, মরগ্যানের কথায়, ‘এটা মজাদার। ওভারের শুরুতে আম্পায়ার বলেন যে ম্যাচটা জেতার জন্য আমায় হ্যাটট্রিক করতে হবে বা অভাবনীয় কিছু করতে হবে। যখন সেটা হয়, তখন উনি (আম্পায়ার) শুধু আমার দিকে অপলকে তাকিয়ে থাকেন।’