বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই একুশের মূল চেতনা: প্রধানমন্ত্রী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় এবং গৌরবের প্রতীক। গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা।”

প্রধানমন্ত্রী তার বিবৃতিতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদ আবুল বরকত, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আব্দুল জব্বারসহ সকল শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, “তাদের আত্মদানের মধ্য দিয়ে রচিত হয় শত বছরের শাসন ও শোষণে জর্জরিত তৎকালীন পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠাই করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে করেছে আরও মজবুত ও সুদৃঢ়। একুশের এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের স্বাধীনতা।”

বাংলা ভাষাকে বাঙালির আত্মপরিচয়ের প্রধান বাহন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। একুশের চেতনা আজ বিশ্বজুড়ে সব ভাষার মর্যাদা রক্ষা ও সুরক্ষার আন্দোলনে রূপ নিয়েছে।”

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও যোগ করেন, “আমরা ভাষা শহীদদের আদর্শ এবং ১৯৭১ সালের স্বাধীনতা অর্জন ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ এযাবৎকালে দেশে গণতান্ত্রিক আন্দোলনে সব শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই।”

তারেক রহমান বলেন, “আজকের এই দিনে আমি বিশ্বজুড়ে সব জাতিগোষ্ঠীর ভাষাসমূহের মর্যাদা সমুন্নত রাখতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই। আসুন, আমরা দেশে বিদ্যমান ভাষা বৈচিত্র্যকে সংরক্ষণ করি, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি।”

প্রধানমন্ত্রী তার বাণীতে সব ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা। দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্যও কামনা করেন তিনি।

ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিহাসে প্রথমবারের মতো তিনি একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সেখানেই দাঁড়িয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পরপরই শহীদ মিনার ত্যাগ করেন। তবে এবার সেই প্রথার বাইরে গিয়ে শহীদ মিনার প্রাঙ্গণেই দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী।

দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যও বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সফলতা কামনা করা হয়।

এর আগে রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দোয়া শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাঁর মন্ত্রিসভা, দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও পৃথক পুষ্পস্তবক অর্পণ করেন।

৮ উপদেষ্টাকে দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে ৮ জনকে দপ্তর বণ্টন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপনে অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

অন্যদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন এই বণ্টন আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক ও নীতি-নির্ধারণী কার্যক্রম আরো গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর থেকে চারদিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে নির্দেশ অর্থমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে চারদিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

দেশের প্রধান সমুদ্রবন্দরে অধিকাংশ স্ক্যানিং মেশিন দীর্ঘদিন অচল থাকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের দ্রুত বিকল মেশিনগুলো সচল করার নির্দেশ দিয়ে বলেন, “এত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কীভাবে দিনের পর দিন অচল থাকে? এ ধরনের গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পণ্যজট ও ধীরগতির সরবরাহের অন্যতম কারণ হচ্ছে এসব স্ক্যানিং মেশিনের অচলাবস্থা।”

আজ বিকেলে চট্টগ্রাম নগরের মেহেদীবাগস্থ নিজ বাসভবনে বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধি, শীর্ষ ব্যবসায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম কাস্টমস হাউস- এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল বন্দর নগরী চট্টগ্রামে তার প্রথম সফর।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত আমীর খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী এলাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টমস হাউস, ইস্টার্ন রিফাইনারি, বিমানবন্দর ও সিইপিজেডসহ দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও শিল্প স্থাপনাগুলো অবস্থিত।

মতবিনিময় সভায় উপস্থিত চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধিরাসহ বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতারা যে কোনো কারণেই যেন এক ঘণ্টার জন্যও বন্দর কার্যক্রম বন্ধ না হয়- সে লক্ষ্যে তারা সমন্বিতভাবে কাজ করবেন বলে আশ্বাস দেন।

অর্থমন্ত্রী বলেন, “সর্বোচ্চ দক্ষতা ও দ্রুততার সঙ্গে আন্তর্জাতিক মানের পদ্ধতি অনুসরণ করে বন্দর পরিচালনার বিকল্প নেই। বাজারে পণ্যমূল্য, বাণিজ্য ও শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব এড়াতে পরিচালন ও সেবার ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে।

বন্দর পরিচালনা, কাস্টমস প্রক্রিয়া, পণ্য খালাস, রপ্তানি-আমদানি পণ্যের জাহাজীকরণ ও খালাস সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যাগুলো লিখিতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উচ্চপর্যায়ে উপস্থাপন করতে, যাতে দ্রুত সমাধান সম্ভব হয়। সেজন্য তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম কাস্টমস হাউস কর্মকর্তাদের নির্দেশ দেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের নির্বিঘ্ন পরিচালনা এবং বাণিজ্য ও বিনিয়োগ ত্বরান্বিত করতে নৌপরিবহন ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তিনি নিজে বিষয়গুলো তদারকি ও পর্যবেক্ষণ করবেন।

বন্দর ও কাস্টমস সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শোনার পর বৈঠকেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ও চট্টগ্রাম কাস্টমস হাউস- এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করেন তিনি।

সভা শেষে ব্রিফিংয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আজ দীর্ঘদিন ধরে বন্দর ব্যবহারকারীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেগুলোর সার্বিক চিত্র পর্যালোচনা করেছি। শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করে অর্থনীতির বৃহত্তর স্বার্থে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান বের করা হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস হাউস কমিশনার মো. শফিউল্লাহ, চট্টগ্রাম বন্দর সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, সাধারণ সম্পাদক মো. শওকত আলী, সাবেক বিজিএমইএ প্রথম সহ-সভাপতি এম এ সালাম এবং চিটাগাং চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আমিরুল হক।

৯ মার্চ বাংলাদেশে আসছে পাকিস্তান দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে।

৯ মার্চ ঢাকায় পৌঁছার পরের দিন অনুশীলন করবে পাকিস্তান দল।

১১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

এরপর একই ভেন্যুতে ১৩ ও ১৫ মার্চ যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

২০১৫ সালের এপ্রিলে সর্বশেষ বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।

গেল বছরের জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সর্বশেষ বাংলাদেশ দল পাকিস্তান সফর করেছিল। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

সিরিজের সূচি :

৯ মার্চ- ঢাকা পৌঁছাবে পাকিস্তান দল
১১ মার্চ – প্রথম ওয়ানডে, মিরপুর, দুপুর ২টা ১৫ মিনিট
১৩ মার্চ – দ্বিতীয় ওয়ানডে, মিরপুর, দুপুর ২টা ১৫ মিনিট
১৫ মার্চ – তৃতীয় ওয়ানডে, মিরপুর, দুপুর ২টা ১৫ মিনিট

সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসের শিক্ষার আলোকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

আজ শুক্রবার চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে প্রথিতযশা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিষ্ঠানের ত্রৈমাসিক প্রকাশনা ‘সিএসসিআর কানেক্ট’-এর মোড়ক উন্মোচন করা হয়।

সিএসসিআর-এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকার জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রামসহ দেশের নগর ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি চট্টগ্রাম নগরীকে বিলবোর্ডমুক্ত, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানমের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিভাগীয় প্রধান ও সিডিএ মসজিদের খতিব অধ্যাপক ড. গিয়াস উদ্দীন তালুকদার।

ত্রৈমাসিক প্রকাশনা ‘সিএসসিআর কানেক্ট’-এর মোড়ক উন্মোচন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. ডি. পি. বড়ুয়া। এতে স্বাগত বক্তব্য দেন সিএসসিআর-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী।

অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বনামধন্য চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী এবং সিএসসিআর ও সিএসসিআর হৃদরোগ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর মের্ৎস

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নিতে তিনি বুধবার দেশটিতে পৌঁছাবেন।

আজ শুক্রবার জার্মান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানান।

বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মুখপাত্র বলেন, ‘চ্যান্সেলরকে বেইজিংয়ে সামরিক সম্মান প্রদর্শনের মাধ্যমে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী লি কিয়াং। বিকেলে চ্যান্সেলর চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং রাতে নৈশভোজে অংশ নেবেন।’

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যেন মানুষকে আর ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, বরং ডাক্তারই সেবার প্রয়োজনে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।

আজ শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সার্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তন ঘটিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।

তিনি জানান, নরসিংদীতে একটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া জেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ যেসব স্বাস্থ্যকেন্দ্র এখনও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, সেগুলো দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে নরসিংদীতে জরুরি চিকিৎসার সুবিধার্থে দ্রুততম সময়ের মধ্যে দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ঘোষণা দেন তিনি।

রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি-সবার প্রতিই আমাদের সমান দায়িত্ব রয়েছে। সব প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে আমরা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

এর আগে, সকালে মন্ত্রী নিজ এলাকায় পৌঁছালে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা।

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে সাংবাদিক সমাজের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হিসেবে প্রথমবার বক্তব্য রাখছেন উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী ক্লাব কর্তৃপক্ষ ও ব্যবস্থাপনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে চাই। এ লক্ষ্য অর্জনে আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা ও দিকনির্দেশনা একান্ত প্রয়োজন।’

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

সভাপতির বক্তব্যে কবি হাসান হাফিজ বলেন, ‘আজ আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমবেত হয়েছি। বৈষম্যমুক্ত দেশ গঠনের যে স্বপ্ন আমাদের সামনে রয়েছে, সাংবাদিক সমাজ সেই অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে।’

প্রেস ক্লাবের জমি ও ঐতিহ্য রক্ষার লড়াইয়ের কথা স্মরণ করে তিনি বর্তমান সরকারকে নতুন প্রত্যাশার কথা তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ‘ইফতার মাহফিল ও দোয়া’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

ইফতার মাহফিলে আরো অংশ নেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী), যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার, জাহেদুল ইসলাম রনি, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আবু তাহের, এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিএনপি মিডিয়া সেলের শায়রুল কবির খানসহ দেশের প্রথিতযশা সাংবাদিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ।

ইফতারের পূর্বে জাতীয় প্রেস ক্লাবের পেশ ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রার্থনা করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

ঘাটতি সত্ত্বেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ঘাটতি সত্ত্বেও নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার।

আজ শুক্রবার বিকেলে যশোর সার্কিট হাউজে জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

অমিত বলেন, ‘রোজার মাসে ইফতার, তারাবিহ ও সেহরির সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারি, সে চেষ্টা আমাদের রয়েছে।’

তিনি বলেন, বিদ্যুতের ঘাটতি রয়েছে। সুন্দর ব্যবস্থাপনার কীভাবে জনদুর্ভোগ কমানো যায়, সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি।

দেশবাসীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আমাদের একটু সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সুন্দর পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ বিভাগের নানা সংকট ও সমস্যার সমাধান আমরা করতে পারবো।

সামনের বোরো মৌসুমে রেশনিং করে হলেও চাষিদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রমজানের পরেই সেচের মৌসুম। চাষিদের বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের প্রস্তুতি নিতে বলেছি। অন্য জায়গা থেকে রেশনিং করে হলেও সেচের মৌসুমে চাষিদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। সামনের সেচ মৌসুমে চাষিদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ, পানি নিশ্চিত করাটাই আমাদের প্রধান কাজ’।

এর আগে বিকেলে সার্কিট হাউজ মিলনায়তনে যশোর জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন অনিন্দ্য ইসলাম অমিত।

সভায় কর্মকর্তারা বিদ্যুৎ বিভাগের নানা সংকটের কথা তুলে ধরেন। এসব সংকটের সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পাশে থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। সভায় পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর বিভাগীয় ও জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো আজ শুক্রবার বেলা ১১টায় বিমানযোগে নিজ জেলা যশোর বিমানবন্দরে অবতরণ করেন। এসময় যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে প্রতিমন্ত্রী যশোর সার্কিট হাউজে পৌঁছালে সেখানে আগে থেকেই উপস্থিত থাকা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে যশোর পুলিশের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।