মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

আগামী ৩৪ দিন সতর্ক হয়ে দায়িত্ব পালন করতে হবে : পলক

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগের দিনগুলোকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচনকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ৩৪টি দিন, আমাদের দৈনন্দিন কাজ, আমি সবাইকে অনুরোধ করব এ গুরুত্বপূর্ণ সময়ে আপনারা সবাই সতর্কতার সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করবেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ টেলিকমিউনিকেশন যদি চলমান না থাকে, তাহলে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য সবকিছুই কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ডাক যদি চালু না থাকে, তাহলে আমাদের যে লজিস্টিকস, পণ্য আনা-নেওয়া করা, তা দুর্ভোগের মধ্যে পড়ে যাবে।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে সচিবালয়ে এসে বিভাগের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ১৫ বছরের অর্ধেকটা সময় প্রাকৃতিক দুর্যোগ কিংবা মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে। একদিকে ২০১৩, ১৪, ১৫ তিন বছর অগ্নিসন্ত্রাস, গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করার জন্য রাজনৈতিক আন্দোলনের নামে ভাঙচুর, মানুষ পোড়ানো, বাস পোড়ানো এগুলো চলেছে। তারপর ২০১৭, ১৮, ১৯ এ তিনটি বছর তিনি নির্বিঘ্নে দেশের মানুষের জন্য কাজ করতে পেরেছেন। এরপর ২০২০-২১ সালে করোনা। আবার ২০২২-২৩ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। সব মিলিয়ে খেয়াল করে দেখবেন, ১৫ বছরের অর্ধেকটা সময় কিন্তু মনুষ্যসৃষ্ট এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে প্রধানমন্ত্রীকে।
বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে পলক বলেন, এখন আমরা দেখছি হরতাল-অবরোধের নামে একটি রাজনৈতিক দল, একটি রাজনৈতিক গোষ্ঠী দেশি-বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্র করে প্রতিদিন নিরীহ মানুষের ওপর আক্রমণ করছে। একজন নিরীহ ট্রাক ড্রাইভার মারা গেছেন। তাঁরা অসংখ্য গাড়ি পোড়াচ্ছে, রাস্তায় অবরোধ করছে।
প্রতিমন্ত্রী বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিটি প্রতিষ্ঠানকে খুব সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ডাক বিভাগকে চলমান রাখতে হবে। পণ্য, গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত, চিঠিপত্র লেনদেন যেন চালু থাকে। আমাদের বিটিআরসিকে দায়িত্ব পালন করতে হবে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে, যাতে আমাদের টেলিকমিউনকেশনে কোনো রকম বাধা না হয়। অপরদিকে আমাদের স্যাটেলাইট কমিউনিকেশনও চালু রাখতে হবে যেন আমাদের টেলিভিশন সেন্টারগুলো নির্বিঘ্নে কাজ করতে পারে।
পলক বলেন, ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্যপদ নেন বঙ্গবন্ধু। ১৯৭৫ সালের ১৪ জুন স্যাটেলাইটের আর্থ স্টেশন স্থাপন করেন তিনি। আজ বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা দৈনন্দিন কাজগুলো অত্যন্ত সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, দায়িত্বশীলতার সঙ্গে পালন করবেন। নির্বাচনকালে আমাদের কোনো ধরনের যোগাযোগ এবং সেবায় যাতে বিঘ্ন না ঘটে। আমাদের রাষ্ট্র, সরকার ও জনগণের কোনো সেবা যেন ব্যাহত না হয়।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং অধীন দপ্তর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘানায় শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন আব্দুল মোমেন

ঘানায় জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) এ বৈঠক শুরু হতে যাচ্ছে।
প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে ৫-৬ ডিসেম্বর শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। জাতিসংঘ এবং ঘানা যৌথভাবে এ বৈঠকের আয়োজন করেছে। প্রায় ৮৫টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা এবারের বৈঠকে অংশ নিচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশ প্রতিনিধিদল শান্তিরক্ষীদের সুরক্ষা ও নিরাপত্তা, তাদের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৌশলগত যোগাযোগের ওপর গুরুত্বারোপ, শান্তিরক্ষীদের মানসিক সুস্বাস্থ্য, শান্তিরক্ষা কার্যক্রমে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
ঘানা সফরে পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও বিভিন্ন সাইড-ইভেন্টে অংশগ্রহণ করবেন।

থাইল্যান্ডের বাস দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে ডাবল ডেকার একটি বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অন্তত ১৪ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। পুলিশ মঙ্গলবার এ কথা জানিয়েছে।
সোমবার রাতে উপকূলীয় প্রচুয়াপ খিরি খান প্রদেশে দূরপাল্লার বাসটি ব্যাঙ্কক থেকে রাজ্যের দক্ষিণে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। গাছটি এখনো মাঝখানে আটকে আছে।
প্রাচুয়াপ খিরি খানের হুয়ে ইয়াং জেলার একজন পুলিশ তদন্তকারী আর্নন টাংটো এএফপিকে বলেছেন, ‘প্রাথমিক তদন্তে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৩২ জন আহত হয়েছে।’ তিনি বলেছেন তদন্ত চলছে।
তিনি বলেন, দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ সন্দেহ করছে চালক ঘুমের ঘোরে চালানোর সময় এই দূর্ঘটনা ঘটে। চালক মারাত্মকভাবে আহত হলেও বেঁচে গেছেন।
আর্নন বলেছেন, ‘আমরা তার রক্তে অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করার জন্য হাসপাতালের সাথে যোগাযোগ করছি।’
নিহতরা সবাই থাই নাগরিক কি না, তা তদন্ত করছে পুলিশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, থাইল্যান্ডে বিশ্বের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। সেখানে প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ মারা যায়।

আসন ভাগাভাগির বিষয়ে আজ-কালের মধ্যে সিদ্ধান্ত : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ১৪-দলীয় জোটের সঙ্গে সমঝোতা অবশ্যই হবে। ১৪ দলের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে আজ-কালের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক আলোচনা গুরুত্ব পেয়েছে। প্রত্যেকে বর্তমান প্রেক্ষপটে নিউজদের ভিউজ, করণীয় জানিয়েছেন। দেশে-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দল ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, স্পিরিট ধরে রাখতে হবে এবং নির্বাচনের জিততে হবে এটা গুরুত্বপূর্ণ। আমরা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথাবার্তা বলেছি। সেখানে রাজনৈতিক বিষয়টা আলোচনা হয়েছে বেশি। মূলত ১৪-দলীয় জোট প্রধানের কথা শুনতে সবাই আগ্রহী ছিলেন।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক দলগুলোর আসন বণ্টনের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪-দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

ইউক্রেনকে সাহায্যের জন্যে টাকা নেই যুক্তরাষ্ট্রের!

ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সময় এবং অর্থ শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস যদি অতিরিক্ত তহবিল সরবরাহের জন্য বিল পাশ না করে তাহলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ করা কঠিন হয়ে যাবে।
সোমবার (৪ ডিসেম্বর) হোয়াইট হাউসের কর্মকর্তারা এ সতর্কবার্তা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত অক্টোবরে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কংগ্রেসকে ইউক্রেন, ইসরায়েল এবং মার্কিন সীমান্ত নিরাপত্তার জন্য প্রায় ১০৬ বিলিয়ন ডলার তহবিল পাশের জন্য অনুরোধ করেছিল। কিন্তু রিপাবলিকানরা তাদের প্যাকেজ প্রত্যাখ্যান করে।
গত সোমবার মার্কিন কংগ্রেসের প্রতি ইউক্রেনের জন্য অতিরিক্ত তহবিল সরবরাহের আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস। চিঠিতে মার্কিন প্রশাসনের বাজেট ও ব্যবস্থাপনা বিষয়ক বিভাগের পরিচালক শ্যালান্ডা ইয়ং বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, কংগ্রেসের পদক্ষেপ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনের জন্য আরও অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ ও মার্কিন সামরিক ভান্ডার থেকে সরঞ্জাম সরবরাহ করার জন্য আমাদের সামর্থ্য শেষ হয়ে যাবে।’
চিঠিতে তিনি আরও বলেন, ‘তহবিল প্রদানে ব্যর্থ হলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন পিছিয়ে পড়বে। ফলে এই যুদ্ধে ইউক্রেন এখন পর্যন্ত যা অর্জন করেছে তা কেবল ঝুঁকিতেই পড়বে না রাশিয়ার সামরিক বিজয়ের সম্ভাবনাও বাড়িয়ে দেবে।’
মার্কিন প্রশাসনের বাজেট ও ব্যবস্থাপনা বিষয়ক বিভাগের পরিচালক শ্যালান্ডা ইয়ং আরও বলেন, ‘এই অবস্থায় এই শূন্যস্থান পূরণে তহবিলের কোনো বিকল্প নেই। কারণ বর্তমানে ইউক্রেনকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় অর্থ বা সময় কোনোটাই আর আমাদের নেই।’

কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হবে মায়ামিতে

চূড়ান্ত হলো ২০২৪ কোপা আমেরিকার ভেন্যু। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় লাতিন ফুটবলের সবচেয়ে বড় আসর হবে ১৪টি শহরে। গতকাল সোমবার নিজেদের অফিশিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করেছে কনমেবল।
আগামী জুনে শুরু হবে কোপার লড়াই। যুক্তরাষ্ট্রের ১০ রাজ্যের ১৪টি শহরের ১৪টি স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। প্রতিটি স্টেডিয়াম ম্যাচ পাবে ২ থেকে ৩টি করে। এ বিষয়ে এক বিবৃতিতে বিশদভাবে জানিয়েছে টুর্নামেন্ট আয়োজকেরা। উদ্বোধনী ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। আর ফাইনাল হবে লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির মাঠ হার্ড রক স্টেডিয়ামে।
২০২৪ কোপা আমেরিকা হবে দক্ষিণ আমেরিকার ফুটবল টুর্নামেন্টের ৪৮তম আসর, যা আগামী ২০ জুন শুরু হয়ে চলবে ১৪ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। ৯ ও ১০ জুলাই হবে সেমিফাইনালের দুই ম্যাচ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লোরিডার মায়ামির জেমস লে. নাইট সেন্টারে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ড্র।

কনমেবল অঞ্চল বা দক্ষিণ আমেরিকার ১০ দল ছাড়াও আগামী কোপায় দেখা যাবে উত্তর, মধ্য ও ক্যারিবিয়ান অঞ্চলের (কনকাকাফ) ৬ দলকে। ১৬ দলকে ভাগ করা হবে চার গ্রুপে। সেখান থেকে দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল। এরপর হবে সেমিফাইনাল ও ফাইনালের লড়াই।
২০২৬ বিশ্বকাপও হবে মার্কিন মুলুকে। তারই প্রস্তুতি হিসেবে এখানে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা আয়োজন নিয়ে কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ বলেছেন, ‘আমেরিকান মহাদেশে স্টেডিয়ামভর্তি আবেগ নিয়ে কোপা আমেরিকার অবিস্মরণীয় উদ্বোধনী ও ফাইনাল আয়োজনের আশা করছি। আটলান্টায় বল গড়ানো শুরু হবে এবং মায়ামির ফাইনালের আগ পর্যন্ত সেটি থামবে না। এসব শহরের স্টেডিয়ামগুলো অসাধারণ। এই প্রতিযোগিতা আয়োজনে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ও আমাদের বন্ধু কনকাকাফের মূল্যবান সহযোগিতার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা সর্বকালের সেরা কোপা আমেরিকা আয়োজনের দিকে তাকিয়ে আছি।’
সবশেষ কোপা হয়েছিল ব্রাজিলে, ২০২১ সালে। সেবার মারাকানায় স্বাগতিকদের হারিয়ে শিরোপা জেতে মেসির আর্জেন্টিনা। বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকা কি এবার শিরোপা ধরে রাখতে পারবেন তাঁর বর্তমান ঠিকানায়? সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী তারকা জানিয়েছেন, এখন তাঁর পুরোপুরি মনোযোগ কোপার দিকে।

জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক আর নেই

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি শেষ নিশ্বাস করেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) শাহাজাদী সুলতানা ডলি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের সবারপ্রিয় জাতীয় অধ্যাপক ব্রিগে. (অব.) এ মালিক স্যার আর নেই। বার্ধক্যজনিত কারণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
তিনি আরও বলেন, আমরা আমাদের অভিভাবক হারিয়েছি। দেশ তার কী অমূল্য সম্পদ হারিয়েছে সেটা বলে বোঝানো সম্ভব নয়। এটা আমাদের জন্য বড় ধরনের শূন্যতা তৈরি করবে।
আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পুরস্কার ও ২০০৬ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নির্বাচিত হন।
জানা গেছে, হৃদরোগ চিকিৎসার এই পথিকৃৎ ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৪৯ সালেই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৪ সালে নভেম্বর মাসে উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে তাকে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) পেশোয়ারে কর্নেল আজমিরের কাছে মেডিকেল স্পেশালিস্টের যোগ্যতা পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন।
১৯৬৩ সালে সরকার তাকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠায়। এরপর ১৯৬৪ সালে তিনি এমআরসিপি পাস করেন এবং হ্যামার স্মিথ হসপিটাল অ্যান্ড পোস্টগ্রাজুয়েট মেডিকেল স্কুল, লন্ডন থেকে কার্ডিওলজিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
আব্দুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক। তার মেয়ে ডাক্তার ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, ঢাকার কার্ডিলজি বিভাগের অধ্যাপক। তার ছেলে মাসুদ মালিক একজন ব্যবসায়ী ও অপরছেলে মনজুর মালিক বর্তমানে কানাডায় কর্মরত।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২ হাজার ১৮৫ পিস ইয়াবা, ১ লিটার বিদেশি মদ, ৭২ গ্রাম ৩০৯ পুরিয়া হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল, ১৫৪ কেজি গাঁজা ও ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে নতুন করে যা বলল যুক্তরাষ্ট্র

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও যুক্তরাষ্ট্র তাদের অবস্থান ব্যক্ত করেছে। সোমবার (৪ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলারের কাছে প্রশ্ন করা হয়- বাংলাদেশ সরকার বিরোধী দলীয় প্রায় ২০ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করেছে এবং গত ছয় দিনে জেলে থাকা বিরোধী দলীয় ৩ নেতার মৃত্যু হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের না জানিয়ে বিরোধী অনেক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপিসহ অনেক দল নির্বাচন বয়কট করেছে- এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের মতামত কী?
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, নির্বাচনের ফলাফল আমরা অনুমান করতে চাই না। এর আগেও আমরা অনেকবার বলেছি, বাংলাদেশের জনগণের মঙ্গলের লক্ষ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখব।
তিনি আরও বলেন, আগেও বলেছি এবং এখন বলছি আমরা কোনো দলের পক্ষে নই। আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যা দেশটির জনগণেরও চাওয়া।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া তার তারিখ নির্ধারণ করা হয় ৩০ নভেম্বর পর্যন্ত এবং যাচাই বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয় ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। অর্থাৎ, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে।

১০ ডিসেম্বর ঘরোয়াভাবে সমাবেশ করবে আ.লীগ : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের বড় পরিসরে সমাবেশ হচ্ছে না, এটি ঘরোয়াভাবে পালন করা হবে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান।
কাদের বলেন, আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এদিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশের কর্মসূচি ছিল আমাদের। নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেননি। বাইরে সমাবেশের নামের শোডাউন হবে সে আশঙ্কা করছে। যে কারণে ১০ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করবো।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র এখন ত্রুটিমুক্ত। সাম্প্রদায়িক ও জঙ্গীবাদী শক্তি গণতন্ত্র সমর্থন করে না। যারা গণতান্ত্রিক নির্বাচনকে বয়কট করছে এবং প্রতিহত করার জন্য অবরোধ ডাকছে হরতাল ডাকছে এরা গণতান্ত্রিক শক্তির পক্ষে না। গণতন্ত্রকে পরিপূর্ণ প্রাতিষ্ঠানিক রূপ নিতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চলছে। এই লড়াইকে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো, তবেই গণতন্ত্র আরো ত্রুটিমুক্ত হবে এবং পরিপূর্ণতা পাবে।
যাদের মনোনয়ন বাতিল হচ্ছে, নির্বাচন কমিশন যৌক্তিক মনে করেই তাদের মনোনয়ন বাতিল করছেন। এক্ষেত্রে আমাদের কোনো মন্তব্য করা সমীচীন নয় বলে মন্তব্য করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কৃষি ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।