বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

হাসিনা-কামালের সাজা বাড়াতে রাষ্ট্র পক্ষের আপিলের শুনানি আজ

২০২৪ সালের জুলাই–আগস্টের গণহত্যার ঘটনায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত শুনানির এ দিন ধার্য করেন। সেদিন রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন তৎকালীন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। পরে মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আসে।

গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করে। মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হলেও, সেই অভিযোগেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সাজা বাড়ানোর আবেদন জানানো হয়। আপিলে দণ্ড বৃদ্ধি চেয়ে আটটি যুক্তি উপস্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক অভিযোগে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন এবং অন্য অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করায় তাকে পাঁচ বছরের লঘুদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন হয়।

ছাত্রদল সভাপতির জন্য খাস দিলে দোয়া চাইলেন ডাকসুর জুমা

ইফতারের আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিবের জন্য দোয়া চাইলেন ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের আগে দেওয়া এক পোস্টে এই দোয়া কামনা করেন তিনি।

ফেসবুক পোস্টে জুমা লেখেন, ‘ইফতারের আগ মুহূর্তে খাস দিলে দোয়া করি ছাত্রদলের সভাপতি রাকিব ভাইয়ের জন্য। ভাই হিসেবে বোনদের জন্য তার প্রচেষ্টাগুলো আল্লাহ কবুল করে নিক।’

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্প্রতি হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬-এর সিজন-২ ঘোষণা করেছে। আগামী ১-২ মার্চ প্রাথমিক যাচাই পর্ব এবং ৪ মার্চ চূড়ান্ত যাচাই পর্ব অনুষ্ঠিত হবে। প্রাথমিক যাচাই হবে হাকিম চত্ত্বর। আর চূড়ান্ত পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন হবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথমকে নগদ ৫০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট, দ্বিতীয়কে নগদ ৩০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট, তৃতীয়কে নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট এবং চতুর্থ থেকে ১০তম পর্যন্ত আকর্ষণীয় গিফটসামগ্রী ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে।

প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে।

পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করে গেছেন অর্থ উপদেষ্টা

দেড় বছর অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেল বাস্তবায়ন করে যেতে পারেননি। তবে বিদায়বেলায় তিনি নতুন অর্থমন্ত্রীর কাছে এ বিষয়ে জোর সুপারিশ রেখে গেছেন।

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২৯ পৃষ্ঠার একটি ‘উত্তরাধিকারী নোট’ রেখে গেছেন, যেখানে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। নোটে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ পে-স্কেল ঘোষণা করা হয় ২০১৫ সালে। এরপর প্রায় ১১ বছর অতিক্রান্ত হয়েছে। এই দীর্ঘ সময়ে জীবনযাত্রার ব্যয় ও ক্রমপুঞ্জীভূত মূল্যস্ফীতি ১১১ শতাংশ বেড়েছে, যা সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় কমিয়ে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর তাঁর নোটে উল্লেখ করেছেন, সরকারের আর্থিক ব্যয় কিছুটা বাড়লেও ১১ বছরের ক্রমপুঞ্জীভূত মূল্যস্ফীতি ও প্রকৃত আয় বিবেচনায় প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান রক্ষার্থে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা জরুরি।

অর্থ মন্ত্রণালয়ের জন্য প্রস্তুতকৃত এই নোটে দেশের অর্থনীতি, ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কারসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে মুদ্রানীতি প্রণয়ন এবং বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ-তদারকি করছে, যা স্বার্থের সংঘাত সৃষ্টির পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি কমাচ্ছে। তাই কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম থেকে ‘কেন্দ্রীয় ব্যাংকিং কার্যক্রম’ ছাড়া অন্য কার্যক্রম আলাদা করার পরামর্শ দেন তিনি। এ লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ-তদারকির জন্য আলাদা তদারক সংস্থা গঠনের সুপারিশ করা হয়েছে।

আর্থিক খাত সংস্কারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নোটে বলা হয়েছে, সরকার নীতিগত সম্মতি দিলে এ জন্য একটি ধারণাপত্র তৈরি করতে পারে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

উত্তরাধিকারী নোটে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আলাদা ব্যাংক রেজুলেশন কর্তৃপক্ষ, আমানত সুরক্ষা করপোরেশন এবং ইসলামি ব্যাংকিংয়ের জন্য আলাদা আইন প্রণয়নের পরামর্শও রয়েছে।

সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তাৎক্ষণিক অগ্রাধিকার হিসেবে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, বাজারভিত্তিক বিনিময় হার অব্যাহত রাখা, উচ্চ অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্পে মনোযোগ দেওয়া এবং বেশি সুদের ঋণ নেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। অর্থ বিভাগকে ব্যয় ব্যবস্থাপনা ও সরকারি ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে হবে। ভর্তুকি ব্যবস্থা যৌক্তিকীকরণ, অপচয় রোধ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।

এনবিআর প্রসঙ্গে নোটে বলা হয়েছে, দেশে ব্যাপক কর ফাঁকি ও কর অব্যাহতির সংস্কৃতি রয়েছে। আয়কর ও ভ্যাট ব্যবস্থায় ডিজিটাইজেশন অপর্যাপ্ত এবং কর আদায় কার্যক্রমে ন্যায্যতা, জবাবদিহি ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অংশে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় বাংলাদেশের ঋণের সুদের হার বাড়ছে এবং ঋণ পরিশোধের সময় কমছে। তাই উচ্চ হারে নেওয়া ঋণ ব্যবহারের ক্ষেত্রে প্রকল্প বাছাইয়ে বেশি সতর্কতা প্রয়োজন।

জলবায়ু অভিযোজন, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়াতে নতুন অংশীদার খোঁজার কথাও উল্লেখ করেছেন সাবেক এই অর্থ উপদেষ্টা।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত

দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত।

ঘন্টাব্যাপী সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি রাষ্ট্রদূত। তবে আলোচনা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সৌজন্য সাক্ষাতের বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফান্স, ডেনমার্কসহ আটটি দেশের রাষ্ট্রদূতরা।

ইইউ প্রতিনিধিদল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকগুলোতে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রতিনিধি।

এর আগে, রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের আশাবাদী হওয়ার কথা জানালেও, বাংলাদেশের নতুন সরকার ইতিবাচক কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি চীনা দূত। তবে চীন ঠেকাতে যুক্তরাষ্ট্রের চেষ্টার বিপরীতে জানান, তার দেশ এই অঞ্চলের সব মানুষের উপকারের জন্য কাজ করছে। এখানে তৃতীয় দেশের হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। নতুন সরকারের সঙ্গে চীন স্থিতিশীল সরকার পরিচালনার ক্ষেত্রে কাজ করতে চায়।

সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল

সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হলো সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন।

ইতোমধ্যে শপথ নিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত এমপি-মন্ত্রীরা। এই মুহূর্তে চলছে সংরক্ষিত নারী আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া। সংরক্ষিত ৫০ নারী আসনের অধিকাংশ পাবে বিএনপি।

তবে সংরক্ষিত আসনে কাদের নিয়োগ দেওয়া হবে সেবিষয়ে স্পষ্ট কিছুই জানাননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসে সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা সংসদে সিদ্ধান্ত হবে।

প্রার্থী মনোনয়নে ক্ষেত্রে তাদের জনগণ এবং দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে আছেন তাদের প্রাধান্য দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের কিছু নিয়মকানুন আছে। কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে। সবগুলোকে একজায়গায় নিয়ে এসে সঠিক সময়ে নির্বাচন দিব। এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। সংরক্ষিত নারী আসনের বিষয়ে তিনি বলেন, এটা সংসদে সিদ্ধান্ত হবে। প্রার্থী মনোনয়নে ক্ষেত্রে তাদের জনগণ এবং দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে আছেন তাদের প্রাধান্য দেওয়া হবে।

বিভিন্ন যায়গায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে তাদের কার্যক্রম নিষিদ্ধ সেভাবেই এদেরকে দেখা হবে।

ফসলি জমি দখল আর চলবে না: আমানউল্লাহ আমান

ফসলি জমিতে বালু ফেলে দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।

তিনি বলেছেন, ফসলি ভূমি দখল করে বালু ফেলে অবৈধ স্থাপনা নির্মাণের মতো কাজ আর চলবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ব্যবস্থা নেবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ বলেন, ঢাকা-২ আসনে কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। তিনি প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ তুলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ সন্ত্রাসী কার্যক্রম চালালে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জয়নগর মাঠ এলাকা থেকে খাল খনন শুরু করার কথা উল্লেখ করে তিনি বলেন, জলাবদ্ধতা দূর করতে খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এলাকার পুকুরগুলো মাছ চাষের আওতায় আনারও পরিকল্পনার কথা জানান তিনি।

২৪-এর আন্দোলনে ঘাটারচর এলাকায় শহীদ রিয়াজের স্মরণে রিয়াজ চত্বর এলাকায় স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেন আমান।

হযরতপুর ব্রিজ এলাকায় নিরাপত্তা জোরদার ও জননিরাপত্তা বিঘ্নকারী চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের প্রশাসক সাত্তার বেগ এবং কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ।

বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে চাই: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সামনে হজ্জ আসছে, হজ্জ যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখা হবে।

আরেকটি যে বিষয় প্রবাসী যারা আছে তারা যেন কমফোর্ট জোনে থাকে এবং তারা যেন এয়ারপোর্টে নেমে বলতে পারে একটি পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মানিকগঞ্জের সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক কাজ রয়েছে, মন্ত্রণালয়ে আমি আসার পর দেখছি প্রচুর কাজ পড়ে আছে। সে কাজগুলো আমাকে বুঝে আস্তে আস্তে করতে হবে। এবং যা কিছুই করা হবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সবকিছু হবে।

আফরোজা খানম রিতা বলেন, বিমানের টিকিটিং সিন্ডিকেট তো একটা বিরাট সিন্ডিকেট, এটা নিয়ে আমরা কাজ করছি। এই সিন্ডিকেট ভাঙতে চাই।’

তিনি আরও বলেন, আপনারা জানেন এই মানিকগঞ্জকে নিয়ে আমি ভাবি এবং সবসময় যে কথাটা বলি আমার পৃথিবী এই মানিকগঞ্জকে নিয়ে।

মানিকগঞ্জের জন্য যাতে আমি আগামীতে কাজ করতে পারি তার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আন্তরিকতা ও সহযোগিতা সব কিছুই লাগবে আমার। বলতে গেলে আজকে আমি সরকারি দল। সেই হিসেবে সরকার এবং আমার মানিকগঞ্জের জনগণের পক্ষ থেকে কাজ করতে চাই।

মানিকগঞ্জের প্রতিটা জনগণের কাছে আমি যে কমিন্টমেন্ট করে এসেছি যখন আমি ভোটের মাঠে গিয়েছি সবার কাছে যে আন্তরিকতা ও তৃণমূল পর্যায়ে নেতাকর্মী প্লাস সাধারণ জনগণ যেভাবে আমার পাশে এসে দাঁড়িছিলেন আমি তাদের যে কমিন্টমেন্ট দিয়ে এসেছি তাদের পাশে থাকার যে অঙ্গীকার করে এসেছি আমি চাই সেটা যেন ধরে রাখতে পারি এবং মানিকগঞ্জ নিয়ে যে স্বপ্ন দেখেছি সেটা যেন পূরণ করতে পারি।

রিতা বলেন, পর্যটন কেন্দ্র হিসেবে বিশেষ করে বালিয়াটি জমিদার বাড়ি ও তেওতা জমিদার বাড়িসহ জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী জমিদার বাড়িকে ঘিরে আমরা কাজ করবো।

পাশাপাশি যেসব পর্যটক ভ্রমণে আসবেন, তাদের জন্য উন্নত সেবা ও সুযোগ–সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও পদ্মার নদী শাসন ব্যবস্থা করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার নজরে থাকবে।

এ সময় জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

একই চিঠিতে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, খুলনা, সিলেট ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পান করবেন।

জানা গেছে, সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং নাগরিক সেবা কার্যক্রম গতিশীল করতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ বিষয়ে শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করা হবে। তিনি নগরের পরিচ্ছন্নতা, মশা নিধন, অবকাঠামো উন্নয়ন ও সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান।

হারের পর একাদশ নির্বাচন নিয়ে যে ব্যাখ্যা দিলেন ভারত কোচ

সুপার এইটের ম্যাচে বড় ধাক্কা খেল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টানা ১২ ম্যাচের জয়যাত্রা থেমে গেল।

ম্যাচের পর একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতেই মুখ খুলেছেন সহকারী কোচ রায়ান টেস ডোশাট। বিশেষ করে অক্ষর প্যাটেলকে বাইরে রেখে ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে সমালোচনা শুরু হয়।

রায়ান টেন ডুশাট জানান, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শক্তির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দলের বিশ্লেষণে সবচেয়ে বড় হুমকি হিসেবে ধরা হয়েছিল কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন ও ডেভিড মিলারকে।

তার ভাষ্য, পাওয়ারপ্লেতে কার্যকর বোলিং অপশন প্রয়োজন ছিল। অক্ষর প্যাটেল মাঝে মাঝে নতুন বলে বল করলেও, দল মনে করেছে ওয়াশিংটন সুন্দর এখন সেই পর্যায়ে পৌঁছেছেন, যেখানে তিনি প্রথম ছয় ওভারে বেশি প্রভাব ফেলতে পারবেন।

তবে মাঠের চিত্র ছিল ভিন্ন। সুন্দর ২ ওভারে ১৭ রান দিয়ে কোনো উইকেট পাননি। স্পিন বিভাগও সুবিধা করতে পারেনি। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৪৭ রান দিয়ে নেন মাত্র একটি উইকেট।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ঈশান কিশান শূন্য রানে এবং তিলক ভার্মা ১ রানে বিদায় নিলে পাওয়ারপ্লে শেষে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩১ রান।

মাঝে শিবম দুবে ৩৭ বলে ৪২ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি। ফলে বড় হার এড়াতে পারেনি ভারত।