সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আগামী ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে। নির্বাচনের আগে প্রতিশ্রুতির মধ্যে এটি অন্যতম। এ ছাড়া, কৃষি ঋণ ১০ হাজার পর্যন্ত মওকুফ করেছি প্রথম সপ্তাহে। ১২ লাখ কৃষক এই সুবিধা পেয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘কৃষকরা যেন আরো দাম পেতে পারেন। কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে গতকাল বসেছি। বিভিন্ন দেশ এবং দেশীয় ব্যবসায়ীরা কোল্ডস্টরেজ তৈরিতে আগ্রহী। এ বিষয়ে সরকার উদ্যোগী।’

এর আগে, সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলে পৌঁছে সকাল ১০টায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করার কথা ছিল।

কিন্তু পৌঁছাতে দেরি হওয়ায় সরাসরি সমাবেশস্থল শহীদ মারুফ স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী।

বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এবং কৃষকরা আমাদের জীবনের অংশ: ধর্মমন্ত্রী কায়কোবাদ

বর্তমান সরকার কৃষকের সরকার ও কৃষি বান্ধব সরকার এবং এই কৃষকরা আমাদের জীবনের অংশ। কৃষকদের উৎপাদিত শস্যে আমাদের জীবন চলে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, কৃষকরা যদি ফসল উৎপাদন বন্ধ রাখে তাহলে দেশ খাদ্যহীন হয়ে যাবে। সেজন্যই বর্তমান সরকার দায়িত্ব নিয়েই কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১০হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করেছে। চাষাবাদের সুবিধার জন্য খাল খনন প্রকল্প শুরু করেছে। কৃষকদের স্বাবলম্বী করতে কৃষক কার্ড চালু করা হচ্ছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সোমবার সন্ধ্যায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে বীজ ও সার বিতরণ শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, কৃষক প্রতিনিধি হেদায়েত হোসেন।

এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক, বাঙ্গরা বাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, মহিলা দলের সভাপতি কাজী তাহমিনাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার ২২টি ইউনিয়নের কৃষক কৃষাণীরা।

এবছর উফসী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুরাদনগর উপজেলার ১৬হাজার ২শ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

ইরান এখনো অনেক সক্ষমতা প্রকাশ করেনি: আইআরজিসির হুঁশিয়ারি

যুদ্ধ পুনরায় শুরু হলে নিজেদের অপ্রকাশিত সামরিক সক্ষমতা প্রকাশ করা হবে বলে সতর্ক করেছে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, ইরান এখনো তাদের অনেক সক্ষমতা প্রকাশ করেনি।

তিনি সতর্ক করে বলেন, যদি সংঘাত আবার শুরু হয়, তাহলে ইরান এমন আধুনিক যুদ্ধ কৌশল ব্যবহার করবে, যার মোকাবিলা করা প্রতিপক্ষের জন্য অত্যন্ত কঠিন হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও দুই পক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, খুব শিগগির দ্বিতীয় দফা আলোচনায় বসতে পারে দুই দেশ।

জানা গেছে, আগামী বৃহস্পতিবারই নতুন করে বৈঠক হতে পারে। ছয় সপ্তাহের সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।

পাকিস্তান এখনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইসলামাবাদ বৈঠকের পরও দেশটি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান চালিয়ে যাচ্ছে।

কূটনৈতিক সূত্র জানায়, নতুন বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে আবারও ইসলামাবাদের নাম আলোচনা হচ্ছে। পাশাপাশি জেনেভাকেও বিকল্প স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

বৈশাখী শোভাযাত্রায় ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী দল

পয়লা বৈশাখ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল। শোভাযাত্রার নির্দিষ্ট অংশজুড়ে ঘোড়ায় আরোহী পুলিশ সদস্যদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া শোভাযাত্রার একেবারে সামনেই অংশ নেয় অশ্বারোহী দল।

অশ্বারোহী দলের নেতৃত্ব দেওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এবারের বৈশাখী শোভাযাত্রায় ডিএমপির অশ্বারোহী ইউনিটের ২০টি সুসজ্জিত ঘোড়া অংশ নিয়েছে। প্রতিটি ঘোড়া বিশেষভাবে প্রশিক্ষিত এবং শোভাযাত্রার মতো বড় আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, এসব ঘোড়া মূলত ‘থ্রোব্রেড রাইডিং হর্স’, যেগুলো তাদের গতিশীলতা, সহনশীলতা ও নিয়ন্ত্রিত আচরণের জন্য পরিচিত।

দেখা গেছে, শোভাযাত্রায় অংশ নিতে আসা অনেকেই অশ্বারোহী দলটিকে কাছ থেকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন। কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘোড়াগুলোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন।

এর আগে, সকাল ৯টায় ঢোল-বাদ্যের তালে আর রঙিন মোটিফের বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষের বহুল প্রতীক্ষিত বৈশাখী শোভাযাত্রা।

এবারের শোভাযাত্রায় ‘মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া’- এই পাঁচটি মোটিফ বিশেষভাবে স্থান পেয়েছে। লোকজ প্রতীকের ধারায় এগুলো যথাক্রমে শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে বহুমাত্রিক তাৎপর্য বহন করে। প্রতিটি মোটিফেই প্রতিফলিত হচ্ছে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর অনুষঙ্গ। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় শোভাযাত্রার আবহকে আরও প্রাণবন্ত করে তুলছে। এতে অংশ নেবে ২০০ জন শিক্ষার্থী, যারা বহন করছে বাংলাদেশের জাতীয় পতাকা।

‘যিশু সদৃশ’ ছবি নিয়ে বিতর্কে পড়ে ডিলিট করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি এআই-তৈরি ‘যিশু সদৃশ’ ছবি পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। বিতর্কের পর তিনি পোস্টটি মুছে ফেলেন।

ছবিটিতে ট্রাম্পকে এক ধরনের ঐশ্বরিক চরিত্র হিসেবে দেখানো হয়, যা তার সমর্থকদের একাংশসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি করে। অনেকে এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে আখ্যা দেন।

সমালোচনার মুখে ট্রাম্প বলেন, ছবিটি তিনি একজন চিকিৎসক হিসেবে মানুষকে সাহায্য করছেন—এমন অর্থে পোস্ট করেছিলেন। তবে ব্যাপক প্রতিক্রিয়ার কারণে শেষ পর্যন্ত তিনি পোস্টটি সরিয়ে নেন।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিষয়টিকে মজা হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, অনেকেই এটি সঠিকভাবে বোঝেননি।

পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘অগ্রহণযোগ্য’: ইতালির প্রধানমন্ত্রী

পোপ লিও চতুর্দশের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র আক্রমণের কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের বৈদেশিক ও অভিবাসন নীতির সমালোচনা করায় গতকাল রোববার রাতে পোপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। এই ঘটনায় ইতালিজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ট্রাম্পের কড়া সমালোচনা করে মেলোনি বলেন, পোপের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য ‘অগ্রহণযোগ্য’। পোপ ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে শান্তির কথা বলবেন এবং যুদ্ধের নিন্দা জানাবেন—এটাই স্বাভাবিক।

রাজনৈতিকভাবে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেলোনি। ২০২৫ সালে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে একমাত্র ইউরোপীয় নেতা হিসেবে তিনি উপস্থিত ছিলেন। ফলে মেলোনির মতো একজন মিত্রের পক্ষ থেকে ট্রাম্পকে এমন প্রকাশ্য ভর্ৎসনা করার ঘটনাকে অত্যন্ত বিরল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আল–জাজিরা।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদায় ১৪৩২। স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ- বাংলা নববর্ষের প্রথম দিন। এ উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তার পোস্টটি পাঠকদের হুবহু দেওয়া হলো-

‘বিদায় ১৪৩২। স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ – বাংলা নববর্ষের প্রথম দিন। এ উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

পহেলা বৈশাখের সঙ্গে আমাদের এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক নিবিড়। তথ্যপ্রযুক্তির এই সুবর্ণ সময়েও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃষক তার ফসল উৎপাদনের দিনক্ষণ ঠিক করে। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা পহেলা বৈশাখের মাধ্যমে নতুন করে উজ্জীবিত হয়। বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন আমাদের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্যকে তুলে ধরে এবং আমাদেরকে ঐক্যবোধে উজ্জীবিত করে। বাংলা নববর্ষ আমাদের সামনে এনেছে নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনা। প্রকৃতির নবজাগরণ আর মানুষের অন্তরের আশাবাদ মিলেমিশে সৃষ্টি করে এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ।

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শোষণ শাসনের অবসানের পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে যাত্রা শুরু করে নতুন গণতান্ত্রিক সরকার। দায়িত্ব নিয়েই এই সরকার রাষ্ট্র এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জীবন মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।

নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি চালু, ইমাম-মুয়াজ্জিন-খতিব এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু করেছে। কৃষক, কৃষি এবং কৃষি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত বাংলা নববর্ষের প্রথম দিন থেকে শুরু হলো কৃষক কার্ড প্রদান কর্মসূচি। আগামী দিনগুলোতে এই কৃষক কার্ড বাংলাদেশের কৃষক এবং কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবে, বাংলা নববর্ষে এটিই হোক আমাদের প্রত্যয় ও প্রত্যাশা।

আমি আশা করি, বাংলাদেশের জনগণের যার যার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির অন্তর্নিহিত সহনশীলতা, উদারতা ও সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং বহুমতের সহাবস্থানকে সুদৃঢ় করবে। বিশ্ব আজ নানা সংকট ও সংঘাতে বিপর্যস্ত। এই প্রেক্ষাপটে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা আরও জরুরি হয়ে উঠেছে।

নববর্ষের এই শুভক্ষণে আমরা যেন সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি – এই হোক আমাদের অঙ্গীকার। নতুন বছরের প্রথম প্রভাতে আমরা অতীতের সব হতাশা ও সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করি।

নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। দেশবাসীকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা।

শুভ নববর্ষ ১৪৩৩।’

জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংসদ গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে।

তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করার মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।

সোমবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি এসব কথা বলেন।

সাক্ষাতকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র। সংসদীয় তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশ কূটনৈতিকভাবে লাভবান হতে পারে।

তিনি উল্লেখ করেন, ভারতের লোকসভার সঙ্গে জাতীয় সংসদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম জোরদার করা গেলে সংসদীয় কার্যক্রম আরও কার্যকর হবে।

দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রসঙ্গে তিনি বলেন, ২০১৩ সালে বেগম খালেদা জিয়া প্রথম উচ্চকক্ষ প্রতিষ্ঠার ধারণা উত্থাপন করেন, যা পরবর্তীতে বিএনপির ৩১ দফায় অন্তর্ভুক্ত হয়। উচ্চকক্ষ সংসদীয় কার্যক্রমে ভারসাম্য আনতে সহায়ক হলেও এর সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় বিষয়টি আরও আলোচনার দাবি রাখে।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিজিটাল ও পেপারবিহীন ই-পার্লামেন্ট চালুকরণ, সংসদীয় কার্যক্রমে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের ব্যবহার, সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্ব, গঠন ও কার্যক্রম, সংসদকে আরও জবাবদিহিকরণ, সংসদ সদস্যদেরকে প্রশিক্ষণ ও মূল্যায়নে অংশগ্রহণ এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সাক্ষাতকালে উভয়পক্ষ সীমান্ত ব্যবস্থাপনায় সুসম্পর্ক বজায় রাখা, চিকিৎসাসেবা সহজীকরণ এবং সংসদীয় গণতন্ত্রের উন্নয়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা করেন।

এ সময় হাইকমিশনার ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার কায়সার কামালকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে বই ও শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

সাক্ষাতকালে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬–২৭) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে ব্রাজিল।

সোমবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাতে তিনি বাংলাদেশের প্রার্থিতার প্রতি ব্রাজিলের আনুষ্ঠানিক সমর্থনের কথা জানান।

বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, কৃষিখাত, পোলট্রি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।

নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর

নাগরিকদের জীবনমান সহনীয় করতে সরকারের অর্জন সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার (১৩ এপ্রিল) বরগুনার তালতলী উপজেলার একটি মডেল মসজিদে আয়োজিত দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই মাস পেরিয়ে গেলেও নাগরিক জীবনমান উন্নয়নে কার্যকর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। জ্বালানি সংকটের কারণে সারাদেশে সংকট তৈরি হয়েছে, মাছ আহরণ ব্যাহত হচ্ছে এবং নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, হামের মতো রোগে শিশু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিতেও প্রত্যাশিত উন্নতি হয়নি। মানুষের জীবন আগের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে আরও খারাপ হয়েছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের জীবনমান সহনীয় করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালতলী উপজেলা সভাপতি মাওলানা আফজল হোসাইন। এতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহসহ জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।