বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ: প্লে-অফ শেষে শেষ ষোলোয় উঠল যারা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্লে অফে দুই লেগের নাটকীয়তা আর জল্পনার পর টিকিট কেটেছে শেষ ষোলোর বাকি ৮ দল। হাড্ডাহাড্ডি লড়াই, টানটান উত্তেজনা ও অবিশ্বাস্য কামব্যাক– কী ছিল না সেখানে।

একদিকে যেমন প্রত্যাশিতভাবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, রিয়াল মাদ্রিদ এবং নিউক্যাসলের মতো দলগুলো জয়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে অন্যদিকে এই পর্বে ইন্টার মিলানের মতো ক্লাবকে বিদায় করে চমক দেখিয়েছে নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমট।

এছাড়া বাদ পড়েছে, বেনফিকা, জুভেন্টাস এবং বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলোও। গত দু’দিনে অনুষ্ঠিত প্লে-অফের ফিরতি লিগ থেকে শেষ ষোলোয় জায়গা পাওয়া ৮টি দল হচ্ছে– রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, বায়ার লেভারকুসেন, বোডো/গ্লিমট, আটালান্টা ও গালাতাসারেই।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বেনফিকা। এর আগে গ্রুপ পর্বে সান্তিয়াগো বার্নাব্যুতে এই রিয়ালকে হারিয়েই প্লে অফে এসেছিল পর্তুগিজ ক্লাবটি।

তবে এদিন আর ভাগ্য সহায় হয়নি। বর্ণবাদের অভিযোগে কোচ হোসে মরিনিয়ো এবং ফুটবলার প্রেস্তিয়ান্নি ছিলেন না। তার ওপর ঘরের মাঠে ১-০ গোলের হার সব মিলিয়ে শেষটা ভালো হয়নি তাদের। এদিন ২-১ গোলে হেরে ৩-১ অ্যাগ্রিগেটে বিদায় নিশ্চিত হয়েছে বেনফিকার।

পিএসজি ও মোনাকোর লড়াইয়ে লড়াই জমে উঠেছিল শেষদিকে। স্টপেজ টাইমে দেওয়া গোলে ২-২ সমতায় খেলা শেষ হলেও, পিএসজি উৎরে গেছে ৫-৪ অ্যাগ্রিগেটের সুবাদে।

অন্যদিকে প্রথম লেগে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে প্রথম লেগে ৫-২ ব্যবধানে এগিয়ে ছিল গালাতাসার। ফলে দ্বিতীয় লেগে তাদের আর বেশি বেগ পেতে হয়নি। দ্বিতীয় লেগে জুভেন্টাস ৩-২ গোলে জিতলেও অ্যাগ্রিগেটে ৭-৫ ব্যবধানে শেষ ষোলোর টিকিট কেটেছে তুরস্কের ক্লাবটিই।

এ ছাড়া প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ২-০ গোলে হারা আটালান্টা গতকাল ঘরের মাঠে জিতেছে ৪-১ গোলে। ৪-৩ গোলের অগ্রগামিতায় ইতালিয়ান দলটি শেষ ষোলোয় উঠেছে। এর আগের দিন প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, নিউক্যাসল ইউনাইটেড ও বোডো/গ্লিমট। এর মধ্য দিয়ে ১৬ দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর স্লট পূর্ণ হলো। শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।

চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরে পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থেকে আগেই সরাসরি শেষ ষোলো বা নকআউট পর্ব নিশ্চিত করেছিল, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।

এক স্কুলের ৮৪ শিক্ষার্থীর সবাই পেল বৃত্তি

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সারা দেশে প্রথম স্থান অর্জন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছে দিনাজপুরের চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল।

প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৮৪ জন শিক্ষার্থীর সবাই বৃত্তি পেয়েছে। এটি শতভাগ সাফল্যের বিরল দৃষ্টান্ত। এর মধ্যে ৬৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৫৫ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী রয়েছে। এক প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সংখ্যক ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের ঘটনাও এটিই বলে জানা গেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ড-এর সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় এটাই সেরা সাফল্য। অন্যান্য বোর্ডেও এক প্রতিষ্ঠান থেকে শতভাগ বৃত্তি ও এত সংখ্যক ট্যালেন্টপুল বৃত্তির নজির এখনও পাওয়া যায়নি।’

আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা সরকার সমর্থিত মব-কালচারের সূচনা: জামায়াত আমির
প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতাই আমাদের এগিয়ে নিয়েছে। ধারাবাহিকভাবে ভালো ফলাফলের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ভিনির গোলে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

উয়েফা চ্যাম্পিয়নস লিগে দারুণ প্রত্যাবর্তনে শেষ ষোলো নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে লস বাঙ্কোসরা। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৩-১।

এদিন সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুটা মোটেও রিয়াল দর্শকদের জন্য ছিল না। ম্যাচের মাত্র ১৪ মিনিটে গোল হজম করে বসে স্বাগতিকরা। এসময় ডান দিক থেকে পাভলিদিসের নেওয়া শট প্রায় চলে যাচ্ছিল রিয়ালের জালে। তবে বাঁধা হয়ে দাঁড়ান থিবো কর্তোয়া। দারুণ নৈপুণ্যে প্রথমবার বলটি ফিরিয়ে দিলেও ফিরতি সুযোগ থেকে বল জালে পাঠান রুই সিলভার

এদিকে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রিয়ালও। দুই মিনিটের মধ্যেই দলকে সমতায় ফেরান চুয়োমেনি। মাঝমাঠ থেকে ফেদেরিক ভালভার্দের দূরপাল্লার শট কাজে লাগিয়ে গোল করে তিনি। প্রথমার্ধের বাকি সময়ে একাধিক চেষ্টায়ও আর কেউই গোলের দেখা পায়নি। ফলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ক্রমেই নিজেদের দিকে টেনে নেয় রিয়াল। বল দখল, মাঝমাঠ নিয়ন্ত্রণ সবখানেই এগিয়ে ছিল তারা। একের পর এক সুযোগ তৈরি হলেও গোল আসছিল না। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ৮০ মিনিটে। এবারও সহায়ক ভালভার্দে। তার পাস থেকে জালে বল জড়ান ভিনিসিয়ুস জুনিয়র।

এরপর বাকি সময়টুকু ঠান্ডা মাথায় সামলে নেয় রিয়াল। ২-১ ব্যবধানে জয়, আর দুই ম্যাচ মিলিয়ে ৩-১ ব্যবধানের জয় নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল স্প্যানিশ জায়ান্টরা।

প্রয়োজনেই গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রয়োজনেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

কোন বিবেচনায় গভর্নর সরিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থমন্ত্রী আমীর খসরু বলেন, ‘বিবেচনার কিছু নেই। একটা নতুন সরকার এসেছে।
নতুন সরকারের প্রায়োরিটিজ আছে। পরিবর্তন তো শুধু বাংলাদেশ ব্যাংকে হয়নি। পরিবর্তন অনেক জায়গায় হয়েছে এবং এটা তো হতেই থাকবে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সঙ্গে মিলিয়ে এটা বাস্তবায়নের জন্য।

তিনি আরো বলেন, এই পরিবর্তন খুব স্বাভাবিক। যেখানে যেখানে প্রয়োজন সেখানে পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজনবোধে আরো অনেক জায়গায় পরিবর্তন হবে।

উল্লেখ্য, আজ বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপন অনুযায়ী আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে আগামী ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে সরকার।

দেশে ফের ভূমিকম্প অনুভূত

মিয়ানমারের সাগাইং অঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে ভূমিকম্প সংঘটিত হয়।

ভূমিকম্পটি মাটির ১০১ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। যা মিয়ানমার ছাড়াও ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলাকে কাঁপিয়েছে।

সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করবে।’

জাতীয় সেনা দিবস-২০২৬ উপলক্ষে বুধবার শহীদ সেনা অফিসারদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের পিলখানায় শাহাদাতবরণকারী সদস্যদের পরিবারবর্গ ও নিকটাত্মীয়রা, পিলখানায় চাকরিরত সেই সব সেনা অফিসার, যারা দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন।

তিনি বলেন, ‘মাহে রমজানের এই পড়ন্ত বিকেলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, ৯০-এর গণ-আন্দোলন এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সব ছাত্র-জনতাকে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বীর শহীদকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত শহীদ পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আজ ২৫ ফেব্রুয়ারি; জাতির ইতিহাসে এক রক্তাক্ত ও বেদনাবিধুর দিন মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘এই দিনটি এলে প্রকৃতি যেন আবার স্মৃতি ও শোকের ভারে নীরব হয়ে যায়, বাতাসে ভেসে আসে সেই বিভীষিকাময় মুহূর্তের আর্তনাদ। আমাদের হৃদয় গভীর বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির এই নির্মম ঘটনা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার বেদনা সময় পেরিয়ে আজও বহমান।’

তিনি বলেন, ‘ঘটনার দীর্ঘ ১৭ বছর পরে শহীদদের স্মৃতিবিজড়িত এই প্রাঙ্গণে আজ আমার কণ্ঠ ভারী হয়ে আসছে।
আমি কেবল একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবে, একজন সহযোদ্ধার সন্তানের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ২০০৯ সালের সেই বিভীষিকাময় ঘটনায় ৫৭ জন মেধাবী ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাসহ সর্বমোট ৭৪টি প্রাণ ঝরে গিয়েছিল। প্রতিটি নাম একটি পরিবারের আলো নিভে যাওয়ার গল্প, প্রিয়জন হারানোর বেদনাবিধুর অধ্যায়, একটি সন্তানের পিতৃহীন হওয়ার ইতিহাস, একটি স্বপ্নের অসমাপ্ত মহাকাব্য। আমি দেশে প্রত্যাবর্তনের পরপরই বনানী সামরিক কবরস্থানে গিয়ে শহীদ সেনা কর্মকর্তাদের কবরের পাশে দাঁড়িয়ে উপলব্ধি করেছি—গত ১৭ বছরে আপনাদের দুর্বিষহ সংগ্রাম, অপরিসীম ত্যাগ আর দ্বারে দ্বারে ঘুরে বিচার না পাওয়ার নিদারুণ যন্ত্রণা।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব।
২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তাই সেনাবাহিনী ও আপনাদের সঙ্গে আলোচনা করে ২৫ ও ২৬ ফেব্রুয়ারির স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার কাজ করবে।’

আমাদের সীমান্তরক্ষী বাহিনীর শিকড় আমাদের স্বাধীনতার ইতিহাসে প্রোথিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের যেদিন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেদিন সেনাবাহিনীর সঙ্গে তদানীন্তন ইপিআরের সদস্যরা বেতারকেন্দ্রে দায়িত্বে নিয়োজিত থেকে গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়েছে এবং মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্ন থেকে সেনাবাহিনীর সঙ্গে অবিস্মরণীয় অবদান রেখে চলেছে। পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সীমান্তরক্ষী বাহিনীকে সুসংহত করতে বিশেষ গুরুত্বারোপ করে অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করেন। সেনাবাহিনী থেকে যোগ্য ও মেধাবী অফিসারদের প্রেষণে প্রেরণের সংখ্যা বৃদ্ধি করা হয়। ১৯৭৮ সালে এই বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হলো সামরিক কায়দায় নতুন করে পুনর্গঠিত হওয়া। পূর্বের উইংসমূহকে পরিবর্তন করে ব্যাটালিয়নে রূপান্তর করা হয়। দুটি নতুন ব্যাটালিয়ন সংযোজন করে বাহিনীর সংগঠনকে পরিবর্ধিত করা হয়।’

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ও স্বাধীনতা-পরবর্তী দেশ গঠনে সেনাবাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি, পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাতের একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা ফুটে ওঠে। তাই বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরো আধুনিক, সময়োপযোগী ও শক্তিশালী করা প্রয়োজন। এ লক্ষ্যে আমাদের সরকার কাজ করবে। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও আমরা পুনর্ব্যক্ত করছি।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বাণিজ্যচুক্তির বিষয়গুলো এখনো ইভলভিং, এ বিষয়ে আরো পর্যালোচনা করা হবে।’

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে পরবর্তী করণীয় কী হবে, তা নির্ধারণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের এ বিষয়টি আসলে এখনো বিকাশমান।
যেটাকে আমরা ইংলিশে বলি ইভলভিং সিনারিও। কারণ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত আগের ধার্যকৃত ট্যারিফ মেন্টেনেবল না ঘোষণা করেছে। এরপর তারা সব দেশের জন্য প্রথমে ১০ শতাংশ, পরে ১৫ শতাংশ ট্যারিফ করেছে। কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে শুধু ঘোষণা শুনছি, কিন্তু সরকারি পর্যায়ে লিখিত কিছু পাইনি।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের দেশের আইন অনুযায়ী ১২২ আইনি ব্যাখ্যায় যা আছে, সেটা ১৫০ দিনের মধ্যে ইউএস কংগ্রেসে অনুমোদিত হতে হবে। আর বাকি যা, তা টিভিতে আমরা দেখছি। সরকারি কোনো কাগজপত্র আসেনি। ফলে সিনারিওটা আবারও আমি বলব ইভলভিং।
বিগত সরকার কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করেছে, সেটির ব্যাপারেও এখনো বলার মতো কোনো অবস্থার তৈরি হয়নি। আমরা দেখছি, এর পক্ষে-বিপক্ষে কী আছে। একটি চুক্তির পক্ষে-বিপক্ষে দুটি দিকই থাকবে, সেটা স্বাভাবিক। আমরা সেগুলো পর্যালোচনা করে দেখছি। এরপর করণীয় ঠিক করব।

বিগত অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়গুলো গোপন করা ও সেটা তড়িঘড়ি করে করেছে কি না সাংবাদিকদের—এমন প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, ‘কিছু নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট ছিল, সেটা চুক্তির আলোচনার সময়। তবে এ চুক্তিটা একটি সেনসিটিভ ইস্যু ছিল। যাদের সঙ্গে চুক্তি, দেশটাও আমাদের জন্য অনেক সেনসেটিভ। বিভিন্ন কারণেই এই বিকাশমান পরিস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা ঠিক হবে না।’

এদিকে শুল্ক ও চুক্তির বিষয়ে ব্যবসায়ীদের মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘আমরা ব্যবসায়ী প্রতিনিধিদের ডেকেছি, অনেক বড় রেঞ্জের আলোচনার জন্য। চুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। কোন সেক্টরের কী সমস্যা। সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। রমজানের শুরুতে অনেকে একসঙ্গে এক মাসের বাজার করেন। বিক্রেতারাও পরিস্থিতির ও শূন্যতার সুযোগ নেয়। ৪০-৫০ টাকার লেবু ১২০ হয়ে গেছে ওই পরিস্থিতিতে। এরপর কিন্তু ঠিকই আবারও আগের দামে ফিরে এসেছে।’

চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চাঁদাবাজি বন্ধে এত দিন বিভিন্ন সরকার আশ্বাস দিলেও কাজ হয়নি। অপেক্ষা করেন, আমরা কাজ করে দেখাব।’

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মো. মোস্তাকুর রহমান। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। মো. মোস্তাকুর রহমান গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক হতে গ্রহণ করবেন।
এ নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মোস্তাকুর রহমান একজন হিসাববিদ। একই সঙ্গে একটি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
তিনি বাংলাদেশ ব্যাংকসংক্রান্ত বিজিএএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।

এদিকে উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা পৃথক প্রজ্ঞাপনে ড. আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগকৃত ড. আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদের জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে, সেজন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি সেই পদক্ষেপগুলো আমরা নেবো।

আজ বুধবার সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের রিপোর্ট আমাদের সামনে আসছে। অন্তর্বর্তী সরকারের সময় এই রিপোর্ট বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, আমি কয়েকদিন আগেই এই রিপোর্টটা পুরো না দেখেই কিছু কথা বলেছি, যেগুলো আজ সংশোধন করতে চাই। আমরা নতুন করে আর কোনো তদন্ত কমিশন করবো না। যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের দ্বারা গঠিত হয়েছে , তাদের রিপোর্টে আমি এক নজরে যা দেখেছি তাতে যে সমস্ত সুপারিশমালা এসেছে তা প্রায় ৭০টি।

তিনি আরও বলেন, বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যন্ত, কিছু আপিলেড ডিভিশনে হয়তো আছে। জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে আর অন্যান্য যে রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল পিলখানার ঘটনা এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আন্ডারমাইন্ড করা বা দুর্বল করা এটা একটা লক্ষ্য ছিল। সেটা তাদেরই থাকতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না অথবা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে এ দেশকে দেখতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে যারাই জীবন দিয়েছেন তারা চিরস্মরণীয় ও চিরভাস্বর। পিলখানার নৃশংসতম হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করার জন্য তৎকালীন সরকার কমিটি করেছিল। শেষ পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

এ বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা

এ বছর ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতর-এর হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব
মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

এই সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়, ইসলামী শরীয়াহ মতে আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোন একটি দ্বারা ফিতরা আদায় করা যায়।

গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬শ’ ৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা প্রদান করতে হবে।

যব দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ৫৯৫ টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূলা ২ হাজার ৪৭৫ টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৬৪০ টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৮০৫ টাকা ফিতরা প্রদান করতে হবে।

ইফা’র সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যে কোন একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।

দেশের বিভিন্ন অঞ্চলে এ পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস এর গর্ভনর মাওলানা মাহফুজুল হক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাদ্দিস ড. ওয়ালিয়ুর রহমান খান, মুফাসসির ড. মাওলানা মো. আবু সালেহ পাটোয়ারী, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মো. ফজলুল হক, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ জামে মসজিদের খতীব মাওলানা মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।