বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

শিক্ষার্থী হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে হাজী সেলিম

আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। পরে আদালত ৫ দিনের এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার (১ সেপ্টেম্বর) রাতে তিনি রাজধানীর বংশাল এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের সময়ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তার। পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট।

সফরের আগে পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়াকে আহ্বান ইউক্রেনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন মঙ্গোলিয়া সফরকে ঘিরে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। শনিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রুশ নেতাকে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির কাছে হস্তান্তরের দাবিও জানিয়েছে। আগামী মঙ্গলবার মঙ্গোলিয়া সফরের কথা পুতিনের।

গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসির সদস্য কোনো দেশে যাচ্ছেন পুতিন। ক্রেমলিন অবশ্য বলছে, এ বিষয়ে চিন্তিত নন তারা। দু’দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে বলে দাবি মুখপাত্র দিমিত্রি পেসকোভের।

আইসিসির কর্মকর্তারা জানিয়েছেন, সদস্যদেশ হিসেবে আদালতের বিধান মানতে দায়বদ্ধতা থাকলেও অভিযুক্তকে গ্রেফতারে বাধ্য নন তারা। রোম চুক্তি অনুযায়ী কিছু শর্তে ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

চট্টগ্রামে জোড়া খুনের পেছনে ব্যবসা ও রাজনৈতিক দ্বন্দ্ব 

চট্টগ্রামের অক্সিজেন-কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে দুজনকে হত্যার পেছনে রয়েছে পূর্ববিরোধ। দুজনই স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং একে অপরের ঘনিষ্ঠ ছিলেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চট্টগ্রামের অক্সিজেন-কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মোহাম্মদ আনিস (৩৮) ও মাসুদ কায়সারকে (৩২)। এলাকাবাসী জানান, আনিস ও মাসুদ স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তাঁরা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকার বাসিন্দা।

পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। এ দ্বন্দ্বের জেরেই এক পক্ষের লোক তাঁদের দুজনের ওপর গুলি চালান। এ ঘটনায় হাটহাজারী থানায় পৃথক একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, অক্সিজেন-কুয়াইশ সড়কে হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। নিহত মাসুদের ভাই বাদী হয়ে মামলাটি করেছেন।

আনিস ও মাসুদকে যে স্থানে গুলি করা হয়, সেটি নগরের পাঁচলাইশ ওয়ার্ড ও হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা। এ এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত–সমর্থিত আলাদা আলাদা রাজনৈতিক পক্ষ সক্রিয় রয়েছে। বালু ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব স্পষ্ট ছিল পক্ষগুলোর মধ্যে।

এদিকে পেশায় পোলট্রি ব্যবসায়ী আনিস বালুর ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে জানিয়েছেন তাঁর শ্বশুর মোহাম্মদ শাহজাহান। তবে বালুর ব্যবসাকে ঘিরে এ ঘটনা হয়েছে কি না, তিনি জানেন না। তবে আনিসের সঙ্গে একটি পক্ষের কয়েক মাস আগে বিরোধ হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ মহিউদ্দিন সুমন প্রথম আলোকে বলেন, মাসুদ কায়সার হত্যার ঘটনায় করা মামলায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও দুজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এর মধ্যে একজন নগরের পাঁচলাইশ থানার শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ সাজ্জাদ। আসামিদের মধ্যে দুজন নিহত ব্যক্তিদের একই রাজনৈতিক দলের প্রতিপক্ষের লোক।

গতকাল দুপুরে নিহত আনিস ও মাসুদের বাড়িতে দেখা যায়, দুই বাড়িতেই শোক নেমে এসেছে। দুই ছেলে, স্ত্রী ও মায়ের সঙ্গে নিজ বাড়িতে থাকতেন আনিস। এদিন সেখানে কথা হয় আনিসের মা সায়রা বেগম ও স্ত্রী এনি আক্তারের সঙ্গে।

তাঁরা বলেন, ‘আনিসের সঙ্গে কারও শত্রুতা ছিল না। ঘর থেকে ডেকে নিয়ে তাঁকে মেরে ফেলেছে। আমরা এই সরকারের কাছে এ হত্যার বিচার চাই।’

গতকাল দুপুরে মাসুদের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো বাড়িতে। মাটিতে বসে কান্নায় বিলাপ করেছিলেন তাঁর খালা ইয়াসমিন আক্তার। তিনি বলেন, ‘আমার বোনের ছেলেকে এভাবে হত্যা করা হলো। আমি এর বিচার চাই। সে রাজনীতি করত, এটা অপরাধ? এর জন্য তাঁকে মেরে ফেলতে হবে?’

সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো, রোববার থেকে কার্যকর

বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৩১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হ্রাসকৃত মূল্য রোববার (১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে কার্যকর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বলা হয়েছে, ডিজেল ও কেরোসিনে ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনে ৬ টাকা দাম কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১০৬ দশমিক ৭৫ টাকা থেকে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫ দশমিক ৫০ টাকা এবং কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে পেট্রোলের দাম লিটার প্রতি ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

সাবেক তিন প্রধান বিচারপতি’সহ আপিল বিভাগের ৭ বিচারপতির বিরুদ্ধে মামলা

সাবেক তিন প্রধান বিচারপতি’সহ আপিল বিভাগের ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন, সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বুধবার (২৮ আগস্ট) সকালে, সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ আদালত অবমাননার এই অভিযোগ আনেন।

এই তালিকায় আছেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি ইমান আলী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী, বিচারপতি নুরুজ্জামান’সহ সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম।

এই মামলার শুনানি আগামী ১ সেপ্টেম্বর হতে পারে বলে জানিয়েছেন, ইউনূস আলী আকন্দ। তিনি বলেন, সাবেক ৭ বিচারপতি ক্ষমতার অপব্যবহার করেছেন।

অভিযোগ করা হয়, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বিচারপতিরা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননার আইন লঙ্ঘন করে শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দকে শাস্তি দেন। সে সময় তাকে তিন মাসের জন্য মামলা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।

ভালোবাসার কাঙ্গাল আমি শুধু তোমার জন্য

“ভালোবাসার কাঙ্গাল আমি”। সত্যি কথা বলতে, সব মানুষই কিন্তু ভালোবাসার কাঙ্গাল। সবাই চায়, কেউ একজন তাকে খুব বেশি বুঝতে পারুক ।তার জীবনকে রঙে রঙে সাজিয়ে দিক। মানুষটি তার জন্য পাগল থাকুক। তাকে নিয়ে সারাবেলা ভাবুক। জীবনের সব চাওয়া-পাওয়া পূরণ করে দিক। ভালোবাসার মানুষকে কাছে পাওয়া হলে সব পাওয়া হয়ে যায়। ভালোবাসার মানুষকে পেলে জীবন ধন্য হয়ে যায় ।

জীবনে চলার পথে ভালোবাসার মানুষের কাঙ্গাল সব মানুষই। ভালোবাসার মানুষকে পেলে মন পাগলপারা হয়ে ওঠে। এমন একজন মানুষের জন্য মন সবসময় উতলা হয়ে থাকে। এমন একজন ভালোবাসার মানুষকে সবারই কামনা থাকে। ভালোবাসার মানুষটির মুখটি দেখলে সবারই মন আনন্দে নেচে উঠে । আমার আজকের কবিতা সেই ভালোবাসার মানুষকে নিয়েই । তাই এই কবিতার নামকরন করা হয়েছে “ভালোবাসার কাঙ্গাল আমি”।

“ভালোবাসার কাঙ্গাল আমি”
আমি বড্ড বেশি কাঙ্গাল
শুধুই যে ভালোবাসি তোমায়।
ভালোবাসা চাই চিরদিন আমি
আমার হয়ে থাকবে শুধু তুমি।

জীবনে কখনও এমন করে
চায়নি কেউ এই আমাকে।
তুমি এসে এই জীবনটাকে
সাজালে অনেক রঙ বাহারে।

তোমাকে নিয়ে সারাবেলা
ভেবে ভেবে পাগলপারা
এসে যখন দাড়াও হেসে
মনটা আমার হারায় শেষে।

জীবনের সব চাওয়া-পাওয়া
পূরণ হলো তোমাকে পেয়ে
হাত দুটো মোর ধরে রেখো
জীবনের ওই সন্ধিক্ষণে ।

মনে নেই আজ দ্বিধা-দ্বন্দ্ব
তোমাকে পেয়ে হলো সবই পূর্ণ ।
পূর্ণতাকে নিয়ে শূন্যতাকে আজ
জানাই বিদায় চিরতরে ।

তোমায় পেয়ে আজ মনে হয়
ধন্য হলো জীবন আমার ।
তোমার নামে গাঁথবো মালা
আমি দিন রাত সারাবেলা ।

আনন্দের নেই কোন শেষ
জীবনে আজ সুখের আবেশ ।
তোমায় পেয়ে ধন্য আমি
পূর্ণ আমার সকল চাওয়া ।

**লেখেক- ভালোবাসার কাঙ্গাল- বাহার উদ্দিন (মিশন)**

দেশীয় সিনেমার গানে রেকর্ড, ২০ কোটি পেরিয়েছে ‘দুষ্টু কোকিল’

ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান, মিমি চক্রবর্তী ও নাবিলা অভিনীত ‘তুফান’ ছবিটি। মুক্তির পরপরই দর্শকের মধ্যে সাড়া ফেলে ছবিটি। এর আগে ২৬ জুন অফিশিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত এই ছবির ‘দুষ্টু কোকিল’ গানটি।

মুক্তির পর বাংলা সিনেমার গানে দর্শক ভিউয়ে নতুন রেকর্ড গড়েছে গানটি। মাত্র দুই মাসের ব্যবধানে দুটি চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত চরকি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ১৩৮ মিলিয়নের ওপরে। এসভিএফ ইউটিউব চ্যানেলে ৬৭ মিলিয়নের ওপরে। অফিশিয়ালি মুক্তি পাওয়া দুটি চ্যানেলে মোট ভিউ ২০৫ মিলিয়নের ওপরে; অর্থাৎ এই দর্শক ভিউ ২০ কোটি ৫০ লাখ পার হয়ে গেছে।

এত কম সময়ে ইউটিউবে এটি দেশীয় বাংলা সিনেমার কোনো গানে নতুন রেকর্ড। গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও কলকাতার আকাশ সেন। এর গীতিকার ও সুরকারও আকাশ সেন।

গানটি দর্শকের এত পছন্দ হওয়াতে শিল্পী কনা খুশি। বলেন, ‘নিশ্চয়ই এটি একটি আনন্দের খবর। আমাদের সংগীতাঙ্গন অনেক দিন থেকেই ভালো নেই। আগের মতো ভালো, জনপ্রিয় গানের জোয়ার নেই। এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানে নতুন মাত্রা দিয়েছে। যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না আমার। কারণ, গানটি প্রায় এক বছর আগে তৈরি করা ছিল। সিনেমাটির শুটিংয়ে যাওয়ার আগে আগে পরিচালক রায়হান রাফী গানটি শুনে পছন্দ করেন। পরে দর্শক লুফে নেন।’
এই আনন্দের মধ্যে মন ভালো নেই কনার। তিনি বলেন, ‘সময়টা ভালো নয়। এক মাসের সময় বেশি ছাত্র-জনতার আন্দোলন হয়েছে। বহু মানুষ মারা গেছেন। ভাবলে খুব কষ্ট লাগে, মর্মাহত হই।

এর পরপরই দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা। বাড়িঘর, জায়গাজমি, গবাদিপশু হারিয়ে দিশাহারা মানুষ। এসব কারণে গানবাজনায়ও মন দিতে পারছি না। বলতে পারেন, এমন আনন্দের খবরে বিষাদ কাজ করছে নিজের মধ্যে।’

গানটির সাফল্যে মঙ্গলবার বিকেলে কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোর কাছে ভালো লাগার কথা বলেছেন আকাশ সেন, ‘বিষয়টি ভালো লাগছে। এত অল্প সময়ে সিনেমার গানে বড় অর্জন। সিনেমার আইটেম গান বলতে যা বোঝায়, তেমনটি নয় গানটি। এটি একটি সর্বসাধারণের গান ছিল। সুন্দর একটি মেলোডির গান এটি।’

গানটি দর্শকের কাছে দ্রুত পৌঁছাতে শাকিব খানকে প্রাধান্য দিলেন এই গায়ক। তিনি আরও বলেন, ‘মিমির সঙ্গে গানটির মধ্যে শাকিব খান ছিলেন। যেখানে শাকিব খান থাকেন, দর্শকের আলাদা একটা মধুর চাপ তৈরি হয়। শাকিব খানের একটা পাওয়ার আছে। আরও বাড়তে থাকুক এই দর্শক ভিউ, নতুন ইতিহাস হোক সিনেমার গানের।’

টেস্ট ক্রিকেট বাঁচাতে ২০০ কোটি টাকার তহবিলের পরিকল্পনা আইসিসির

টেস্ট ক্রিকেট বাঁচাতে মরিয়া আইসিসি। লঙ্গার ফরম্যাটের জন্য নতুন করে প্রায় ২০০ কোটি টাকার ফান্ড গঠন করতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সাল থেকে ম্যাচ প্রতি প্রায় ১২ লাখ টাকা ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা। তবে, এই প্রজেক্টের আওতায় থাকছেনা ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।

একসময়ের প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ এখন টি-টোয়েন্টিতে ভালো খেললেও টেস্টে তেমন পারফরম্যান্স নেই। কারণ, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) অবস্থা আর্থিকভাবে শোচনীয়। তাদের মতো যেসব বোর্ডের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, সে জন্যই মূলত এই তহবিল গঠনের চিন্তা আইসিসির।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’-এর এক প্রতিবেদন অনুযায়ী, টেস্টের তারকা ক্রিকেটারদের ধরে রাখতে দেড় কোটি ডলার তহবিল গঠন করতে পারে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৭৯ কোটি ৬৭ লাখ টাকা। এই টাকার মধ্যে টেস্টের ম্যাচ ফিও থাকবে। ন্যূনতম ম্যাচ ফি হতে পারে ১০ হাজার ডলার (বাংলাদেশি প্রায় ১২ লাখ টাকা)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সম্মিলিত পরামর্শে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এমন প্রস্তাব দিয়েছে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানা গেছে।

এই ‘মিলিয়ন ডলার প্রজেক্টের’ আওতায় থাকবেনা বিগ থ্রি বোর্ড— ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বাকি ৬ বোর্ডের লোকসান পুষিয়ে নিতেই মূলত এই উদ্যোগ নীতি নির্ধারকদের। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জনি গ্রেভ জানিয়েছিলেন, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বছরের শুরুতে অস্ট্রেলিয়া দলের সিরিজ আয়োজনে ২ মিলিয়ন ডলার বা প্রায় ২৪ কোটি টাকা খরচ হয়েছে তাদের। কিন্তু, সিরিজগুলো থেকে এতো অর্থ উঠিয়ে আনা দুরূহ বিষয়।

টেস্ট ক্রিকেট নিয়ে আগ্রহ কমেছে খেলোয়াড়দের মাঝে। ইজি মানি ইনকামে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকেই ঝোঁক বেশি। তবে, আইসিসির এই নতুন উদ্যোগের মধ্য দিয়ে টেস্ট নিয়ে নতুন করে আশার সঞ্চার হলো।

হোয়াইট হাউসের বিবৃতিতে বাইডেন-মোদির ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ নেই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন। তাঁদের সেই ফোনালাপে ‘বাংলাদেশ’ প্রসঙ্গ এসেছে বলে নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডলার ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অথচ ওই ফোনালাপের বিষয়ে প্রচারিত হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গ নেই।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাধারণত শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ যেসব বিষয়ে আলোচনা করা হয়, তার প্রতিফলন ঘটে আনুষ্ঠানিক বিবৃতিতে। ফলে সরকারি ভাষ্যে যেটা প্রকাশ করা হয়, সেটাকেই আলোচনার বিষয়বস্তু হিসেবে ধরে নিতে হয়। এর বাইরে যদি একজন কোনো বিষয় তুলে থাকেন আর অন্যজন একই বিষয়ে একমত না হন, সেটি সরকারি ভাষ্যে উল্লেখ থাকে না।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন বাইডেন। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়েও তিনি মোদির সঙ্গে কথা বলেছেন।

বিবৃতির তথ্য অনুযায়ী, পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন বাইডেন। কয়েক দশকের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী এমন সফর করেছেন। শান্তি প্রতিষ্ঠার বার্তা, জ্বালানি খাতসহ ইউক্রেনের জন্য চলমান মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে নরেন্দ্র মোদির দেওয়া বার্তার প্রশংসা করেছেন জো বাইডেন। একই সঙ্গে জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই নেতা তাঁদের অব্যাহত সমর্থনের বিষয়ে ফোনালাপে প্রতিশ্রুতি দেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি রক্ষায় ভূমিকা রাখতে কোয়াডের মতো আঞ্চলিক জোটের মাধ্যমে একসঙ্গে কাজ করতে তাঁদের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের সম্মাননীয় অধ্যাপক এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো আলী রীয়াজ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, চিরাচরিতভাবে দুই শীর্ষ নেতার মধ্যে যেকোনো ফোনালাপ হলে তা সরকারি ভাষ্যে উল্লেখ থাকে। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোমবারের আলাপের বিষয়টি হোয়াইট হাউসের বিবৃতিতে রয়েছে। তবে ‘বাংলাদেশ’ প্রসঙ্গে নরেন্দ্র মোদি যা বলেছেন এবং ভারতের পক্ষ থেকে যা বলা হচ্ছে, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, হোয়াইট হাউসের বিবৃতিতে বিষয়টির উল্লেখ নেই।

ফোনালাপের বিষয়ে নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডলারে লিখেছেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও তাঁরা আলোচনা করেছেন। দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর তাঁরা জোর দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, দুই নেতা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অভিন্ন উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন।

ওয়াশিংটনভিত্তিক নীতি গবেষণাপ্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমার ধারণা, বাংলাদেশের বিষয়টি যদি তাঁদের (বাইডেন-মোদি) আলোচনায় এসেও থাকে, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। বাংলাদেশের পরিস্থিতিকে ভারত যেভাবে উদ্বেগের দৃষ্টিতে দেখতে চাইছে, যুক্তরাষ্ট্র তার সঙ্গে ভিন্নমত পোষণ করে। তাই যুক্তরাষ্ট্র বিষয়টিকে ভারতের মতো সেভাবে গুরুত্বের সঙ্গে আনতে চায়নি।’

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানের পর যুক্তরাষ্ট্র বিষয়টিকে অনিবার্য পরিণতি হিসেবে দেখছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র। অন্যদিকে ভারত এ পরিবর্তন স্বাভাবিকভাবে নিতে পারেনি বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

নিরাপত্তাবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান গতকাল রাতে মুঠোফোনে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ভারতের দুই শীর্ষ নেতার ফোনালাপের পর হোয়াইট হাউস থেকে যে বিবৃতি এসেছে, সেটাই তথ্যভিত্তিক মনে হয়েছে। তাঁরা দুজন যে বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, তাতে বাংলাদেশের পরিস্থিতির বিষয়টি আসা প্রাসঙ্গিক ছিল না। নিকট প্রতিবেশী হিসেবে ভারতের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে আমরা আরও তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত বক্তব্য শুনতে চাই।’

হাতিরঝিল থেকে জিটিভির নিউজরুম এডিটরের মরদেহ উদ্ধার

হাতিরঝিল থেকে একটি বেসরকারি টেলিভিশন জিটিভি’র নিউজরুম এডিটর রাহনুমা সারা’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত ৩টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, অচেতন অবস্থায় দ্রুত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাহানুমার বাড়ি কল্যাণপুরে। তার বাবার নাম বখতিয়ার শিকদার বলেও জানা গেছে।

মৃত্যুর আগে আরেকটি ফেসবুক তার এক বন্ধুকে উদ্দেশ্য করে পোস্ট দেন তিনি। তিনি লিখেন, আপনার মত একজন বন্ধু পেয়ে ভালো লাগলো, ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন। আশা করি আপনি শিগগিরই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন, আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি, ঈশ্বর আশীর্বাদ করুন।

এ ছাড়াও ফেসবুকে ‘জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভাল।’ আরেকটি স্ট্যাটাস দেন রেহনুমা। সেই পোস্টের কমেন্ট বক্সে ইংরেজিতে লিখেন ‘আমি আজ মারা যাবো’। তাই পুলিশের ধারণা রেহনুমা আত্মহত্যা করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।