বুধবার, অক্টোবর ৭, ২০২৬

ফ্যাসিস্টরা যেন ফিরে আসতে না পারে : ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ছাত্র-শ্রমিক-জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছে। আগামীতে দেশটাকে আরো শক্তিশালী করতে হবে। সতর্ক থাকতে হবে ফ্যাসিস্টরা যেন আর ফিরে আসতে না পারে। এ জন্য ছাত্র-জনতার ঐক্য দরকার।
আমরা বিশ্বাস করি, এ দেশের মানুষ সেই ঐক্য গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে অনুষ্ঠিত সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) উদ্বোধন উপলক্ষে রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ছাত্র ও যুবকদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘দেশের শিশু, কিশোর ও যুবদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। কমডেকা হচ্ছে রোভার স্কাউটদের এমন এক মিলনমেলা, যেখানে অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ করবে।
এই কমডেকায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে সক্ষম হবে।’ বর্তমানে স্কাউটসে মাত্র ১৩ শতাংশ নারী রয়েছে জানিয়ে এখানে নারীদের অংশগ্রহণ আরো বাড়ানোর তাগিদ দেন প্রধান উপদেষ্টা।

সপ্তম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্কাউটস অ্যাডহক কমিটির সদস্যসচিব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, অধ্যাপক ফাহমিদা, মু. তৌহিদুল ইসলাম, মো. রেজাউল করিম, আবু সালেহ মো. মহিউদ্দিন, সমন্বয়ক খান মো. মাইনুদ্দিন সোহেল ও স্কাউটসের উপ-পরিচালক মো. হামজার রহমান শামীম প্রমুখ।

এর আগে বিকেলে কমডেকার সার্বিক বিষয়ে অবহিতকরণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন স্কাউটস অ্যাডহক কমিটির সদস্যসচিব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী (১৯-২৫ ফেব্রুয়ারি) এই ক্যাম্পে সারা দেশ থেকে ৪ হাজার রোভার স্কাউট, ১৫০০ স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ প্রায় ৬ হাজার মানুষ অংশ নিয়েছে।

ভরিতে সোনার দাম বাড়ল ৩২৪৩ টাকা

দেশের বাজারে সোনার দাম বেড়ে নতুন রেকর্ড করেছে। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম তিন হাজার ২৪৩ টাকা বেড়ে এক লাখ ৫৪ হাজার ৫২৫ টাকায় উঠেছে। আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২৬ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরিবর্তি রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়।
আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা বেশি শক্তিশালী : প্রধান উপদেষ্টা

অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী, উদ্যোমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের থেকে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায়।

বৃহস্পতিবার দুপুরে ১৮ বিশিষ্ট ব্যক্তি ও দলকে একুশে পদক তুলে দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, ঘুণে ধরা আত্মবিনাসী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তরুণরা নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সব সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, মানুষের স্বপ্ন দেখা এবং স্বপ্ন বাস্তবায়নের সব সুযোগ নিশ্চিত করা। এ ছাড়া মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনোভাবে বিঘ্নিত না হয়।

এ সময় তিনি বলেন, জাতির কৃতি সন্তানদের সম্মান জানাতে পেরে আমরা সবাই আনন্দে আপ্লুত। নারী ফুটবল দল আমাদের জাতিকে বিশেষভাবে সম্মানিত করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

প্রধান উপদেষ্টা বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এর মধ্য দিয়ে সুযোগ এসেছে নতুন বাংলাদেশ বিনির্মাণের।

একুশে ফেব্রুয়ারি আত্মপরিচয়ের অভিলাষী স্মারক উল্লেখ করে তিনি বলেন, ১৯৫২ সালের এ মাসে রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্রসমাজ। ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এ ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছে।

আজ রাত ৮টা থেকে বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

রাজধানীর বেশ কয়েকটি সড়কে আজ রাত ৮টা থেকে চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণকে কিছু রুট অনুসরণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

রুটগুলো হলো- পলাশী ক্রসিং-ভাস্কর্য ক্রসিং-জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রোমনা ক্রসিং-দোয়েল চত্বর হয়ে প্রস্থান। শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বকশীবাজার ক্রসিং এ ডাইভারশন থাকবে।

আগামীকাল শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নে্ওয়া হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ এক ব্রিফিংয়ে তিনি বলেন, রাজধানীর ৭টি পয়েন্ট ব্যারিকেড দিয়ে বন্ধ থাকবে এবং আমরা এ ব্যারিকেড দিব আজ রাত ৮টা থেকে ৯টার মধ্যে।

ডিএমপি কমিশনার আরো বলেন, এবার তিন ধাপে ফুল দেয়া হবে। রাত ১২টা ১ থেকে ১২টা ৪০ পর্যন্ত ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন। ভোগান্তি এড়াতে ওই সময় সাধারণ মানুষকে না আসার জন্য অনুরোধ করছি।
১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেওয়া হবে।

ভারতকে হারাতে পারলে সেটা হবে বড় প্রাপ্তি : নীল হুরেরজাহান

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাংলাদেশের যাত্রা শুরু হবে ভারতের বিপক্ষে লড়াই দিয়ে। এই ম্যাচ ঘিরে উন্মাদনা বলতে গেলে আকাশছোঁয়া। সম্প্রতি ভারত বাংলাদেশের রাজনৈতিক বৈরীতাও এই ম্যাচ ঘিরে আগ্রহের অন্যতম কারণ। আজকের ম্যাচে নজর থাকবে দেশের আপামর জনসাধারণের।
শোবিজ অঙ্গনেও সেই উত্তাপ লক্ষ্য করা গেছে। তারকারাও অপেক্ষায় আছেন মাঠে বল গড়ানোর।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আজ বিকেল ৩টায় দুবাইয়ের মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি ঘিরে প্রত্যাশা জানালেন উপস্থাপক ও অভিনেত্রী নীল হুরেরজাহান।
তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি দারুণ একটা আয়োজন। আট বছর পর হচ্ছে। ফলে এটার জন্য আলাদা এক্সাইটমেন্ট অনুভব করছি। অনেক সময় এটাকে বিশ্বকাপের চেয়েও এগিয়ে রাখা হয়।
কারণ বিশ্বকাপে অনেক দল থাকে, আর এখানে শুধু বাছাইকৃত আটটি দলের হাড্ডাহাড্ডি লড়াই। ফলে এখানে প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ।’

ম্যাচ নিয়ে উন্মাদনা রয়েছে তারও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারতের ম্যাচ নিয়ে অনেক এক্সাইটেড আমি। আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যেমন উত্তেজনা বিরাজ করত, এখন সেটা বাংলাদেশ-ভারত হয়ে গেছে।
যদিও আমাদের ক্যালিভারের দিক থেকে কিছু সমস্যা আছে। গত কয়েক বছরে অনেক মিশ্র অভিজ্ঞতা হয়েছে। কখনো ভালো করেছে দল, কখনো একেবারে আশাহত হয়েছে ভক্তরা। বাংলাদেশও আনপ্রেডিক্টেবল দল হয়ে গেছে।’

টাইগারদের প্রতি শুভকামনা জানিয়ে হুরেরজাহান বলেন, ‘দলের জন্য বরাবরের মতোই শুভকামনা থাকবে। ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। তাদের খেলা আমারও ভালো লাগে। দারুণ সব প্লেয়ার আছে। তবু চাইব, ভারতকে হারাতে পারলে সেটা আমাদের জন্য হবে বড় প্রাপ্তি। এখন তো দলে অনেক পরিবর্তন এসেছে। এটা যেন ভালোর জন্যই হয়, তাই চাই। মাহমুদুল্লাহ, মুশফিক, তাসকিন, মোস্তাফিজ, মিরাজদের পাশাপাশি নতুনরা যেন ভালো পারফরম করেন। সিনিয়র-জুনিয়র ভারসাম্য রেখে খেললে আমরা জিততে পারি।’

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। ওয়ানডেতে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে মোট ৪১ বার। ৩২ জয়ে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে আছে ভারত। বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৮ ম্যাচে। একটি ম্যাচে শুধু ফলাফল আসেনি।

ঢাকার পুঁজিবাজারে আধা ঘণ্টায় লেনদেন সাড়ে ৭৫ কোটি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরুর ঘণ্টাখানেক পর- অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬২ ও ১৯১৯ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কম্পানির শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো- ফুওয়াং ফুড, ফুওয়াং সিরামিক, মিডল্যান্ড ব্যাংক, শাইনপুকুর সিরামিক, লাভেলো আইসক্রিম, সান লাইফ ইনস্যুরেন্স, গোল্ডেন সন, অগ্নি সিস্টেম, পেপার প্রোসেসিং ও আরডি ফুড।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স বাড়ে ৯ পয়েন্ট।
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর- অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০৭ পয়েন্টে অবস্থান করে।
এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ২৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দর।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়া উচিত হয়নি ‘ডিকটেটর জেলেনস্কি’র : ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ডিকটেটর বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মোটামুটি সফল কমেডিয়ান জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ৩৫০ বিলিয়ন ডলার খরচ করতে রাজি করিয়েছেন এমন যুদ্ধের জন্য, যা জেতা সম্ভব নয়। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে জেলেনস্কি ভয়াবহ কাজ করেছেন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ ও এক্সে তিনি এসব মন্তব্য করেছেন।

জেলেনস্কিকে তীব্র ভাষায় আক্রমণ করে ট্রাম্প লিখেছেন, জেলেনস্কি স্বীকার করেছেন যে আমরা তাকে যে অর্থ দিয়েছি তার অর্ধেকেরই ‘হদিস নেই’। তিনি নির্বাচন দিতেও অস্বীকৃতি জানিয়েছেন, ইউক্রেনের জনমত জরিপে তার জনপ্রিয়তা খুবই কম; তিনি শুধু বাইডেনকে ‘বাদ্যযন্ত্রের মতো বাজানো’তেই দক্ষতা দেখিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, “ইতিমধ্যে আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সফলভাবে আলোচনা করেছি এবং বিষয়টি সবাই স্বীকার করে যে একমাত্র ‘ট্রাম্প’ এবং ট্রাম্প প্রশাসনই এটা করতে পারবে। বাইডেন কখনো চেষ্টা করেননি, ইউরোপ শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে এবং জেলেনস্কি সম্ভবত এটাই চান- এই পরিস্থিতি চলতে থাকুক।
”

তিনি ‍আরো লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র (এই যুদ্ধে) ইউরোপের চেয়ে ২০০ বিলিয়ন ডলার বেশি ব্যয় করেছে, যেখানে ইউরোপের অর্থায়ন গ্যারান্টিড এবং যুক্তরাষ্ট্র কিছুই ফিরে পাবে না। এই যুদ্ধ আমাদের চেয়ে ইউরোপের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার পরও ‘স্লিপি জো বাইডেন’ কেন সমতা দাবি করেননি— যেখানে আমাদের আলাদা করেছে এক বিশাল, সুন্দর মহাসাগর।’

শেষে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন ‘আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি এক ভয়াবহ কাজ করেছেন। তার দেশ বিধ্বস্ত, লাখো মানুষ অকারণে মারা গেছেন এবং এই ধ্বংসযজ্ঞ এখনো চলছে…।

এমাপ্পের হ্যাটট্রিকে সিটির বিদায়, শেষ ষোলোয় রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে প্লে-অফের দ্বিতীয় লেগে নামার আগে সিটি কোচ গার্দিওলা বলেছিলেন তাদের জেতার সম্ভাবনা এক শতাংশ। পরে অবশ্য তার সেই কথা থেকে সরে আসছিলেন বটে, কিন্তু প্রথম কথাই যেন সত্যি হলো। কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারল না পেপ গার্দিওলার শিষ্যরা। কিলিয়ান এমবাপ্পের অসাধারণ হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে শেষ ষোলোয় জায়গা পাকা করেছে রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্লে-অফের দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এতে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোয় নাম লেখাল রিয়াল।

এদিন আর্লিং হালান্ড-কেভিন ডি ব্রুইনাদের বেঞ্চে রেখে একাদশ সাজায় গার্দিওলা। তার চরম মূল্যও দিতে হয় ৫ মিনিটের মধ্যে গোল খেয়ে।
নিজেদের অর্ধ থেকে রাউল অ্যাসেনসিওর বাড়ানো বল দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে সিটি গোলরক্ষক এডারসনের মাথার ওপর দিয়ে বলে জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে। ৩৩ মিনিটে সিটির জালে দ্বিতীয়বার বল জড়িয়ে সিটির সম্ভাবনা এক শতাংশ থেকে শূন্যতে নামিয়ে দেন ফরাসি স্ট্রাইকার। জোড়া গোল নিয়েই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পরও ম্যাচে ফেরার সুযোগ তৈরি করতে পারেনি সিটি।
৬১তম মিনিটে উল্টো হ্যাটট্রিক করে সিটির বিদায় ঘন্টা অনেকটাই নিশ্চিত করে দেন এমবাপ্পে। রিয়ালের হয়ে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক, চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২১তম।

দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে পিছিয়ে পড়া সিটি অন্তিম সময়ে ব্যবধান কমান নিকোর গোলে। তাতে তো আর বিদায় ঠেকানো যায়নি সিটির। প্লে-অফেই শেষ হয় তাদের চ্যাম্পিয়নস লিগ যাত্রা।

পিএসজি ১০-০ গোলের জয়ে শেষ ষোলোতে

অন্য ম্যাচে ব্রেস্তেকে ৭-০ গোলে হারিয়েছে পিএসজি। প্রথম লেগে ৩-০ গোলে জিতেই শেষ ষোলো একরকম নিশ্চিত করে রেখেছিল পিএসজি। তবে গত রাতে ঘরের মাঠে পিএসজি ব্রেস্তের জালে বড় বল জড়িয়েছে ৭ বার। দুই লেগ মিলিয়ে প্লে অফে পিএসজির জয় ১০-০ গোলে। এই জয়ের পথে একটি রেকর্ডও গড়েছে পিএসজি। এই ম্যাচে পিএসজির ৭ টি গোল করেছেন ৭ জন আলাদা খেলোয়াড়। যা চ্যাম্পিয়নস লিগের মঞ্চে প্রথমবার ঘটল।

1

জুভেন্টাসকে বিদায় করল পিএসভি

ঘরের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জিতে শেষ ষোলা মনে হচ্ছিল সহজে জায়গা পাবে জুভেন্টাস। কিন্তু পিএসভি তাদের মাঠে ৩-১ গোলে জিতে জুভেন্টাসের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে। দুই লেগ মিলিয়ে পিএসভির জয় ৪-৩ গোলে শেষ ষোলোয় পৌছে যায় পিএসভি।

শেষ ষোলোয় ডর্টমুন্ড

ঘরের মাঠে একটি ড্র করেই শেষ ষোলো নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। স্পোর্তিং লিসবনের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে জিতে অনেকটাই নির্ভার ছিল বরুসিয়া ডর্টমুন্ড। আজ দ্বিতীয় লেগে কিংবা ন্যুনতম ২-০ গোলের হারই ছিল যথেষ্ট ছিল। ম্যাচটা অবশ্য ড্র হয়েছে। আর তাতেই দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে শেষ ষোলোয় পৌছেছে ডর্টমুন্ড।

এবার হলিউড সিনেমায় সালমানের ক্যামিও, সঙ্গী সঞ্জয় দত্ত!

হলিউডে নাম লেখাতে যাচ্ছেন সালমান খান। এক থ্রিলার ছবিতে দেখা যাবে তাকে। শুধু সালমান নয়, তার সঙ্গে থাকবেন সঞ্জয় দত্তও। তবে মূল চরিত্রে নয়, শোনা যাচ্ছে আন্তর্জাতিক প্রজেক্টের কাজ হিসেবে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তারা।
আর সে জন্য পাড়ি দেবেন সৌদি আরবে।

জানা গেছে, সৌদি আরবের আলউলা স্টুডিওজে ইতিমধ্যে চলছে ছবিটির শুটিং। এই লটের শুটিং আজ ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে।

আমেরিকান থ্রিলার ঘরানার ছবিটির এক গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে সালমান-সঞ্জয়কে।
তবে কিছু বিশেষ শর্তের কারণে সেই ছবির নাম এখনই প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে সূত্রের খবর, বিশ্বব্যাপী দর্শকদের চোখ টানতেই তৈরি হচ্ছে এই ছবি।

তিন দিনের শুটিং করতে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সালমান খানের টিম রিয়াদে পৌঁছেছে বলে জানা গেছে।

এদিকে অভিনেতার বাইরেও সালমান এবং সঞ্জয়ের বন্ধুত্ব বেশ পুরনো।
তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে ‘সাজন’ (১৯৯১), ‘চল মেরে ভাই’ (২০০০) এবং ‘ইয়ে হ্যায় জলওয়া’ (২০০২) ছবিতে। এরপর তাদের আর একসঙ্গে পাওয়া যায়নি। অবশেষে এবার দুজনে একসঙ্গে আসছেন রুপালি পর্দায়।

অন্যদিকে সালমানকে আগামীতে এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ছবিতে দেখা যাবে। এতে তার বিপরীতে রয়েছে রাশমিকা মান্দানা।
সঞ্জয় দত্তের হাতেও বেশ কিছু প্রজেক্ট রয়েছে, যার মধ্যে আছে ‘হাউসফুল ৫’, ‘বাঘি ৪’ এবং ‘সন অব সর্দার’-এর সিক্যুয়াল।

সূত্র : জি নিউজ

মাতৃভাষা দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকেট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি।

এসময় তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও একই সময়ে সপ্তম জাতীয় কমডেকা ২০২৫ উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকেট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা।

কমডেকা উপদেষ্টা, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ এহছানুল হক, কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।