বুধবার, অক্টোবর ৭, ২০২৬

৫৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা পেন্টাগনের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী ছাঁটাইয়ের অভিযানের অংশ হিসেবে ৫ হাজার ৪০০ জন কর্মী ছাঁটাই হবে। শুক্রবার পেন্টাগন এই তথ্য জানিয়েছে। ট্রাম্পের এমন উদ্যোগের জেরে কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ক্ষুব্ধ ভোটারদের তোপের মুখে পড়ার এক দিন পর পেন্টাগন এ কথা জানাল।

ছাঁটাইয়ের তালিকায় ইউনিফর্মধারী সামরিক কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়নি।
শুধুমাত্র শিক্ষানবিস কর্মীরা, যারা এক বছরের কম সময় ধরে চাকরিতে আছেন এবং এখনো সিভিল সার্ভিস সুরক্ষা পাননি, তাদের ছাঁটাই করা হবে।

আগামী সপ্তাহে এই ছাঁটাই কর্যকর করা হবে। প্রতিরক্ষা বিভাগের ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের একটি অংশ হিসেবে এটা করা হচ্ছে। তবে কেউ কেউ ধারণা করছে, এটাই শেষ নয়।
ড্যারিন সেলনিক নামে একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, পেন্টাগন নিয়োগ স্থগিত করবে এবং শেষ পর্যন্ত সাড়ে ৯ লাখ বেসামরিক শ্রমশক্তির ৫ থেকে ৮ শতাংশ কমিয়ে আনবে পেন্টাগন।

তিনি আরো বলেছেন, ‘আমরা আশা করছি ৫ হাজার ৪শ’ শিক্ষানবিস কর্মীকে অব্যাহতি দেওয়া হতে পারে।

এই ছাঁটাই টেক বিলিয়নেয়ার ইলন মাস্কের নেতৃত্বে দ্রুতগতিতে পরিচালিত সংস্কারের সর্বশেষ পদক্ষেপ। যার ফলে ২০ হাজারের বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে এবং মার্কিন সরকার বিদেশি সাহায্য থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি বাতিল করেছে।
এ ক্ষেত্রে আইনি চ্যালেঞ্জের এখন পর্যন্ত মিশ্র ফলাফল দেখা গেছে, কারণ ফেডারেল বিচারকরা ছাঁটাই বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

শুক্রবার একজন ফেডারেল বিচারক ট্রাম্পের জন্য ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ২ হাজারের বেশি কর্মীকে ছুটিতে পাঠানোর পথ পরিষ্কার করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গত সপ্তাহে এক্সে এক পোস্টে বলেছেন, তাদের ৯ লক্ষেরও বেশি বেসামরিক স্থায়ী কর্মী রয়েছে। ৫ শতাংশ ছাঁটাই করা হলে ৪৫ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাবে।

এদিকে পেন্টাগনে কয়েক সপ্তাহ ধরে চলা অস্থিরতার পর গতকাল শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
যুদ্ধবিমানের চার তারকাবিশিষ্ট পাইলট ব্রাউন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান। জেনারেল ব্রাউন আফ্রিকান বংশোদ্ভূত দ্বিতীয় কোনো মার্কিন নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হন।

সূত্র: রয়টার্স

দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে : রিজওয়ানা

শুধু নিজেদের ভবিষ্যৎ নয়, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, শিক্ষার প্রকৃত মূল্যায়ন হয় তখনই, যখন তা সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগে। শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই সমাজ বদলাবে না, বরং বাস্তব কর্মের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশ। তাই নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।

সিস্টেমকে কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, আমাদের দায়িত্ব শুধু নিজেকে নিয়ে ভাবা নয়, সমাজ ও দেশকেও নিয়ে ভাবতে হবে। সেবাপ্রাপ্তি সহজ করতে হবে, যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।
এখন সময় এসেছে দেশের জন্য কাজ করার, সমাজের জন্য অবদান রাখার। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

সামাজিক পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রায়ই অন্যের ওপর দোষ চাপাই, কিন্তু নিজেরা বদলাতে চাই না। সরকার একা পরিবর্তন আনতে পারবে না, আমাদের প্রত্যেককেই পরিবর্তনের অংশ হতে হবে।
আমাদের অবস্থান থেকে সচেতন হলেই একটি সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সুন্দর ভবিষ্যতের জন্য পরিবেশের সুরক্ষা করতে হবে। পরিবেশের সুরক্ষা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। উন্নয়ন এমনভাবে করতে হবে, যাতে প্রকৃতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

তিনি বলেন, প্রকৃতিকে পরাজিত করা যায় না, বরং তার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন গড়ে তুলতে হয়।
পরিবর্তিত বিশ্বে আমাদের জীবনযাত্রাকে টেকসই করতে হবে।

বিশ্বব্যাপী সমাজ ব্যবস্থায় জাকাতের প্রভাব রয়েছে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, জাকাত দিতে মানুষকে উৎসাহিত করতে হবে। সমাজে জাকাতের প্রভাব দৃশ্যমান করতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ১৩তম জাকাত ফেয়ার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘সম্পদ বণ্টনের যে প্রক্রিয়াগুলো সবচেয়ে বেশি অনুসরণীয়, তার মধ্যে অন্যতম জাকাত।
জাকাত প্রদানে মানুষকে উৎসাহিত করতে হবে এবং সমাজে জাকাতের প্রভাব দৃশ্যমান করতে হবে।’

তিনি বলেন, ‘সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বব্যাপী সমাজ ব্যবস্থায় জাকাতের সৌন্দর্য ও প্রভাব রয়েছে। জাকাত দারিদ্র বিমোচনের একটি হস্তান্তর প্রক্রিয়া।
নৈতিকতাবিহীন নেতৃত্ব তৈরি হলে সম্পদের সুষম বণ্টন হবে না। আমরা সুষম সমাজ চাই, নৈতিক নেতৃত্ব চাই।’

উপদেষ্টা বলেন, ‘মুক্তবাজার অর্থনীতিতে ট্যাক্সেশন সিস্টেম যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না। এখন মানুষের সাফল্যকে বিচার করা হয় তার ভোগ সক্ষমতাকে দিয়ে।
তার আত্মসন্মান, শ্রদ্ধা ও সামাজিক দায়কে বিচার করা হয় না।’

তিনি আরো বলেন, ‘সমাজের বৈষম্য দূর করার জন্য জুলাই অভ্যুত্থানে অনেক তাজা প্রাণ দিতে হয়েছে। অথচ বৈষম্য এখনো রয়ে গেছে। এর মূলোৎপাটন করতে হলে আমাদের সম্পদের সুষম বণ্টন প্রয়োজন। এর নিয়ামক হিসাবে আমাদের নৈতিক ও ধর্মীয় দায় সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে।
’

সেমিনারে কিনোট উপস্থাপন করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের মাইক্রোইকোনমিক্স বিভাগের সহযোগী অধ্যাপক এর ড. এম এমরানুল হক।

পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪

পেরুর উত্তরাঞ্চলে একটি ব্যস্ত শপিং সেন্টারের ফুড কোর্টের ছাদ ধসে অন্তত তিনজন নিহত ও প্রায় ৭৪ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছ।

ফায়ার ডিপার্টমেন্টের কমান্ডার গেলকি গোমেজ স্থানীয় সময় শুক্রবার আমেরিকা টিভিকে জানান, এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এ ছাড়া প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০ জন আহত হওয়ার খবর দিলেও স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মোরিলো পরে আহতের সংখ্যা বেড়ে ৭৪-এ পৌঁছেছে বলে জানান।

মোরিলো আরপিপি রেডিওকে বলেন, ‘আমরা ৭৪ জন আহত ব্যক্তিকে হাসপাতাল ও ক্লিনিকে সরিয়ে নিয়েছি, যাদের মধ্যে ১০টি শিশু। ১১ জন গুরুতর আহত হয়েছে।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের সময় শপিং মলের ফুড কোর্টে অনেক পরিবার অবস্থান করছিল। ছাদ ধসের ঘটনাটি ঘটেছে রিয়াল প্লাজা শপিং কমপ্লেক্সে, যা তৃতীয় বৃহত্তম শহর ত্রুজিয়োতে অবস্থিত।
এই শহরটি রাজধানী লিমা থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

উদ্ধারকাজ চলমান রয়েছে। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করতে শতাধিক উদ্ধারকর্মী ও পুলিশ সদস্য কাজ করছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান হোসে সান্তিভানেজ ধারণা দিয়েছেন, ধসে পড়া ছাদের আকার ছিল ৭০০ থেকে ৮০০ বর্গমিটার।
কানাল এন টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘আমাদের হাইড্রলিক ক্রেন দরকার ছাদের সেই অংশগুলো সরানোর জন্য, যা এখনো সরানো হয়নি, কারণ তা অত্যন্ত ভারী। এতে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে এবং যারা এখনো আটকা পড়ে আছে, তাদের বের করে আনা যাবে।’

আঞ্চলিক জরুরি অভিযান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ছাদ ধসের ঘটনা ঘটে স্থানীয় সময় রাত ৮টা ৪১ মিনিটে। তবে এটি জানানো হয় প্রায় আধা ঘণ্টা পর।

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় যাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় যাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী সমাজ ব্যবস্থায় যাকাতের সৌন্দর্য ও প্রভাব রয়েছে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘রোল অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স ইন ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, যাকাত দারিদ্র্য বিমোচনের একটি হস্তান্তর প্রক্রিয়া।
নৈতিকতা-বিহীন নেতৃত্ব তৈরি হলে সম্পদের সুষম বণ্টন হবে না। আমরা সুষম সমাজ চাই, নৈতিক নেতৃত্ব চাই।

উপদেষ্টা আরো বলেন, সমাজের বৈষম্য দূর করার জন্য জুলাই অভ্যুত্থানে অনেক তাজা প্রাণ দিতে হয়েছে। অথচ বৈষম্য এখনও রয়ে গেছে।
এর মূলোৎপাটন করতে হলে আমাদের সম্পদের সুষম বণ্টন অবশ্যম্ভাবীভাবে প্রয়োজন। এর নিয়ামক হিসেবে আমাদের নৈতিক ও ধর্মীয় দায় সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে।’

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশ প্রকাশ

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটি প্রকাশ করেছে।

স্থানীয় সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদনের মুখবন্ধে উল্লেখ করা হয়েছে, কমিশন গঠনের পরপরই এ এম এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে গত বুধবার (ফেব্রুয়ারি ১৯) স্থানীয় সরকার সংস্কার কমিশনের অধ্যাপক তোফায়েল আহমেদ প্রধান উপদেষ্টার কাছে এ সুপারিশমালা হস্তান্তর করেন।

এই কমিশন কাজ শুরু করেছে গেল বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে। কাজের জন্য ১৫টি ক্ষেত্র নির্ধারণ করে প্রতিবেদনের কাঠামো গঠন করা হয়। পূর্ণাঙ্গ প্রতিবেদন চূড়ান্তে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন কমিশন।

ইতোমধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।

গত ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনসহ আরও পাঁচটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

তরুণ প্রজন্মকে পোল্ট্রি ভাতে বাঙালি বললেন উপদেষ্টা ফরিদা আখতার

তরুণ প্রজন্মকে পোল্ট্রি ভাতে বাঙালি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, আমরা মাছে ভাতে বাঙালি বলি। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম কি মাছে ভাতে বাঙালি? ওরা কিন্তু পোল্ট্রি ভাতে বাঙালি হয়ে যায়। অনেক সময় ডিম আর মাংস ছাড়া খেতে চায় না।
নতুন প্রজন্মকে মাছ খাওয়াতে হবে।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশের মৎস্যখাতের উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও তরুণ উদ্যোক্তাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বাংলাদেশ চীন- মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী ‘ফিসারিজ এন্টারপ্রেনার সামিট-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাচ্চাদের ছোট মাছ খাওয়ানো শিখাতে হবে। মাছের একটা অপরাধ হচ্ছে তাদের কাটা আছে।
কাটার জন্য খাবে না, এটা তো হবে না। কাটাসহ মাছ খাওয়া শিখাতে হবে। মাছকে জনপ্রিয় করে তোলবার জন্য কাজ করতে হবে।’

উপদেষ্টা বলেন, পানি দূষণ ও জলাশয় ভরাটের কারণে মাছ উৎপাদন ঝুঁকিতে রয়েছে।
আমাদের দেশে এতো বৈচিত্র্যময় মাছ আছে। এর সঙ্গে বৈচিত্র্যময় পরিবেশও আছে। তবে দুঃখের বিষয় আমাদের নদীগুলো দূষিত হয়ে গেছে। কৃষিতে কীটনাশকের ব্যবহার বেড়েছে। আমাদের জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে।
আর এভাবে চলতে থাকলে মাছ টিকবে না। সমস্যাগুলো বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট হওয়ায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য দেশে নিরাপদ খাদ্য উৎপাদন যেন আমরা করতে পারি সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।

মৎস্যকে শিল্প বানালে মূল চরিত্র নষ্ট হয়ে যাবে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, তরুণেরা মৎস্যখাতে কাজ করার জন্য যে আগ্রহ দেখাচ্ছে, এটা অত্যন্ত উৎসাহের বিষয়।

আন্তর্জাতিকভাবে দেখি, ইন্ড্রাষ্টিয়াল ফুড প্রোডাকশনের যে ক্ষতিকারক দিক রয়েছে, সেটা অনেকভাবে প্রভাবিত করবে। আপনারা শিল্প না লিখে এন্টারপ্রেনার লিখেছেন খুশি হয়েছি। কারণ এন্টারপ্রেনার অনেক ক্রিয়েটিভ কাজ করে, বলেন তিনি।

মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন বিজম্যান মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান। আলোচনায় অংশ নেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, বিজম্যান মিডিয়া লিমিটেডের প্রধান উপদেষ্টা মো. আবু বকর সিদ্দিক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রমুখ।

খনিজ না দিলে ইউক্রেনে স্টারলিংক বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ পাওয়ার জন্য কিয়েভের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। মার্কিন আলোচকেরা ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার পাওয়ার জন্য চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেশটিতে ইলন মাস্কের গুরুত্বপূর্ণ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা উত্থাপন করেছেন। বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করে।
এরপর মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের আলোচনায় স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংকের ইন্টারনেট অ্যাক্সেসের বিষয়টি উঠে আসে। স্টারলিংক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এবং দেশটির সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ সরবরাহ করে।

বৃহস্পতিবার মার্কিন বিশেষ ইউক্রেন দূত কিথ কেলগ এবং জেলেনস্কির মধ্যে বৈঠকের সময় এই বিষয়টি আবারও উত্থাপিত হয়েছে বলে আলোচনা সম্পর্কে অবহিত এক সূত্র জানিয়েছেন। সূত্রটি আরো জানিয়েছে, বৈঠক চলাকালীন ইউক্রেনকে বলা হয়েছিল, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে পরিষেবাটি (স্টারলিংক) বন্ধ হয়ে যাবে।

সূত্রটি জানায়, ‘ইউক্রেন স্টারলিংকের ওপর নির্ভরশীল। তারা এটিকে তাদের নর্থ স্টার বলে মনে করে। স্টারলিংক হারানো … একটি বিশাল আঘাত তাদের কাছে।’

যুদ্ধকালীন সাহায্যের জন্য ওয়াশিংটনকে ফেরত দেওয়ার জন্য ইউক্রেন থেকে ৫০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদের দাবি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
কিন্তু এ দাবি প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমেরিকা কোনো নির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টি দেয়নি।’

গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় দল একটি চুক্তিতে কাজ করছে। ট্রাম্প বলেছিলেন, ‘তিনি আশা করেন শিগগিরি একটি চুক্তি স্বাক্ষরিত হবে।’

এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ধ্বংস হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা প্রতিস্থাপনের জন্য মাস্ক হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইউক্রেনে পাঠিয়েছিলেন।
ইউক্রেনে তাকে তখন নায়ক হিসেবে গণ্য করা হয়েছিল। তবে পরে অন্তত একবার তিনি দেশটিতে তার কম্পানির পরিষেবা সীমিত করেন। তখন তিনি কিয়েভের যুদ্ধ পরিচালনা কৌশল নিয়ে সমালোচনামুখর ছিলেন।

ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান ঘটানোর জন্য ট্রাম্পের প্রচেষ্টা নিয়ে মার্কিন আইনপ্রণেতারা দ্বিধাবিভক্ত। কেউ কেউ হাজার হাজার ফেডারেল কর্মীকে হত্যা এবং ফেডারেল সংস্থাগুলো বন্ধ করার জন্য মাস্কের দ্রুত প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আটলান্টিক কাউন্সিলের একজন সিনিয়র ফেলো মেলিন্ডা হ্যারিং বলেছেন, ইউক্রেনের ড্রোন পরিচালনার জন্য স্টারলিংক অপরিহার্য ছিল। এটি তাদের সামরিক কৌশলের একটি মূল স্তম্ভ।

তিনি আরো বলেন, ‘স্টারলিংক হারানো একটি গেম চেঞ্জার হবে। ড্রোন ব্যবহার এবং আর্টিলারি শেলের ক্ষেত্রে ইউক্রেন এখন রাশিয়ার সঙ্গে ১:১ সমতায় রয়েছে।

ইউক্রেনের বিভিন্ন ধরণের ড্রোন ক্ষমতা রয়েছে। যার মধ্যে রয়েছে সমুদ্র ড্রোন এবং নজরদারি ড্রোন থেকে শুরু করে দূরপাল্লার মনুষ্যবিহীন বিমানবাহী যান। ওয়াশিংটনে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস হোয়াইট হাউস এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

স্টারলিংক পরিচালনাকারী স্পেসএক্সও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। জেলেনস্কি গত সপ্তাহে এক বিশদ মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ওই প্রস্তাবে বলা হয়েছিল, ওয়াশিংটন ও মার্কিন কম্পানিগুলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজসম্পদের ৫০ শতাংশ মালিকানা চায়।

এসব খনিজের মধ্যে গ্রাফাইট, ইউরেনিয়াম, টাইটানিয়াম এবং লিথিয়াম উল্লেখযোগ্য। এরপর থেকে দুই নেতার মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। ট্রাম্প গত বুধবার জেলেনস্কিকে ‘অনির্বাচিত একনায়ক’ বলেও অভিহিত করেন।

সূত্র: রয়টার্স

‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না’

কোনো অবস্থায়ই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে। অবিলম্বে তাদের এই টালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।’

আজ শনিবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন, ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলা ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

জয়নুল আবেদীন জামায়াতকে উদ্দেশ করে বলেন, ‘একদিকে তারা নির্বাচন পেছানোর কথা বলছেন, অন্যদিকে সারা দেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা দিচ্ছেন। ফ্যাসিবাদী সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল, কিন্তু তাতেও তাদের হুঁশ হয়নি। জামায়াতের কাজই হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।
’

তিনি বলেন, ‘শেখ হাসিনা চেয়েছিল খালেদা জিয়া ও তারেক রহমানকে মেরে ফেলতে। রাখে আল্লাহ, মারে কে। আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছেন। শেখ হাসিনা দম্ভ করে বলেছিলেন, শেখের বেটি পালায় না।
আমরা দেখেছি তিনি হেলিকপ্টারে পালিয়েছেন। যাদের কাছে তিনি আশ্রয় নিয়েছেন, সেই মোদি সরকার এখন শেখ হাসিনার হাত ছেড়ে দিয়েছেন। মোদি বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পেরেছেন।’

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করবে বিএনপি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেলে মাতৃভূমিকে পুনর্গঠন, রাষ্ট্রকাঠামোকে মেরামত করাই হবে বিএনপির প্রধান কাজ। আর এখনকার প্রধান কাজ হলো দল পুনর্গঠন করা, শক্তিশালী করা। ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া।’

আজ শনিবার দুপুরে যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে তারেক রহমান বলেন, ‘জনগণ সমর্থন করে না— বিএনপি এমন কাজ না করার নীতিতে চলে। তা সত্ত্বেও লাখ লাখ নেতাকর্মীর মধ্যে কিছু লোক হয়তো এমন কিছু কাজ করছে, যা নৈতিকভাবে সমর্থনযোগ্য না। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বিএনপিই একমাত্র দল, যারা এই অন্যায়কারী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
যে কাজ সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি।’

সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। অন্যায়ের ব্যাপারে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে।’ তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া।
আমরা প্রত্যাশা করি, যত দ্রুত সম্ভব তারা সেটা করবেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, স্বৈরাচারী সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। এখন আমরা সংস্কার প্রস্তাবের নামে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন কথা বলতে শুনছি। অবশ্যই যে যার মত প্রকাশ করতে পারেন। এখন ক্ষমতার ভারসাম্যের কথা শুনছি।
অনেকে রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছেন। এগুলো হয়তো প্রয়োজন। কিন্তু যখন স্বৈরাচারী শাসক দীর্ঘসময় ধরে রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করে ছিল, তখন রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি ৩১ দফা প্রস্তাব এনেছে। তখন কিন্তু এসব সুন্দর সুন্দর কথা আমরা শুনিনি।’

তারেক রহমান বলেন, বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা। এই সম্মেলনে আগত প্রায় সব কাউন্সিলরের নামে বহু মিথ্যা মামলা রয়েছে। তা সত্ত্বেও বিএনপি ও আরো কিছু গণতান্ত্রিক রাজনৈতিক দল স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে লড়াই চালিয়ে গেছে। অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করত, স্বৈরাচারের পতন হবে, তারা বিতাড়িত হবে।

এদিকে সকাল সাড়ে ১০টায় যশোর জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। পরে তিনি বলেন, ‘আমরা আশা করছি, দেশে শিগগির জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে। সংকটকালে বিএনপি দেশের মানুষের পাশে থাকে। তাই বিএনপিকেই মানুষ সমর্থন দেয়।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির বিদায়ি আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এবারের কাউন্সিলে সভাপতি পদে নির্বাচন করার কথা থাকলেও তিনি শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করতে অনীহা প্রকাশ করেন।

বিদায়ি বক্তব্যে অধ্যাপক নার্গিস বলেন, ‘সামনে নতুন নেতৃত্ব আসবে। তাদের নেতৃত্বে দল আরো শক্তিশালী হবে। আমি তাদের সাফল্য কামনা করি। বিএনপির দুর্দিনে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্তকুমার কুণ্ডু, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির বিদায়ি যুগ্ম আহ্বায়ক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

জানা গেছে, আজ দুপুর ২টায় যশোর ইনস্টিটিউটের আলমগীর সিদ্দিকী হলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়। সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতির একটি পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে চার নেতা প্রার্থী হয়েছেন। পাঁচ সদস্যের কমিটি নির্বাচন পরিচালনা করছে। রাতে ভোটের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।