মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

‘তারেকের মাথা ঠিক নেই’

tarek-londonবঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ বলেছেন, তারেক রহমান পালাতক আসামি। তার মাথা ঠিক নেই। মাথা ঠিক করতে তার হোমিওপ্যাথিক চিকিৎসা প্রয়োজন। তাকে হোমিওপ্যাথি চিকিৎসা দিলে আর ভুল বকবেন না।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমানের মাথা ঠিক করতে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

হোমিওপ্যাথির জনক স্যামুয়েল ফ্রেডরিক হ্যানিম্যানের ২৫৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ডিএইচএমএস চিকিৎসক সমিতি এ আলোচনা সভা আয়োজন করে।

সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পদক ডা. মো. শহিদুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম, হোমিওপ্যাথি চিকিৎসক ডা. হুমায়ূন কবীর, ডা. আক্তারুন্নাহার, ডা. রফিকুল ইসলাম, ডা. লোকমান হোসেন, ডা. জাকির হোসেন প্রমুখ।

বরগুনার আমতলীতে তরমুজের বাম্পার ফলন

download (1)বরগুনা জেলার আমতলী (নবগঠিত তালতলী উপজেলাসহ) উপজেলায় বিগত বছরগুলোর মতো এ বছরও তরমুজের বাম্পার ফলন হয়েছে। তরমুজ চাষে গত কয়েক বছরের ধারাবাহিক সাফল্যে উৎসাহিত হয়ে আমতলী উপজেলার প্রতিটি গ্রামের কৃষকরা ব্যাপক হারে তরমুজ ফলিয়েছেন। এলাকার কৃষকদের কাছে ধানের পরেই এখন তরমুজ দ্বিতীয় প্রধান ফসল হিসেবে স্থান করে নিয়েছে। মাত্র আড়াই মাসে তরমুজ চাষ করে মোট উৎপাদন খরচের চারগুন আয় করা যায় বলে কৃষকদের মধ্যে তরমুজ চাষ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, তারা নীচু জমিতে জোয়ারের পানি ঢোকা এবং ঝড়ের সাথে শিলা বৃষ্টির শংকায় রয়েছেন। এই প্রাকৃতিক প্রতিকুলতায় না পড়লে এবছরও তারা বড় অংকের লাভ আশা করছেন।
উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি গ্রামেই ৭০ শতাংশ কৃষক এ বছর জানুয়ারী-ফেব্রুয়ারী মাসে তরমুজ চাষ করছেন। এদের মধ্যে অনেকে পারিবারিক চাহিদা মেটাতে ‘বাৎসরিক একটি ফল’ হিসাবে তরমুজ চাষ করেছেন। তবে মোট চাষের ৮০ শতাংশই বাণিজ্যিক ভিত্তিতে করা হয়েছে। অধিকাংশ খেতের তরমুজ পেঁকে গেছে। চলছে পাইকারী বেচা- কেনা।
বিভিন্ন এলাকার কৃষকদের তথ্য মতে এ বছর আমতলী (তালতলীসহ) উপজেলার ১৪ ইউনিয়নের বিভিন্ন গ্রামে চার হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও আঠারোগাছিয়া, কুকুয়া, চাওড়া গুলিশাখালী, আড়পাঙ্গাসিয়া, বগী, পঁচাকোরালিয়া, কড়ইবাড়িয়া, নিশানবাড়িয়, সোনাকাটা, তালতলী, আমতলী এবং হলদিয়া ইউনিয়নে ব্যাপক হারে তরমুজের উৎপাদন হয়েছে। প্রতি বছরই তরমুজ চাষীর সংখ্যা বাড়ছে বলে দক্ষিণ রাওঘা এলাকার ‘আদর্শ কৃষক’ নুরুল আমিন খান জানান।
আমতলী উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, কৃষি দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে তরমুজ আবাদী জমি রয়েছে প্রায় ৩৫’শ হেক্টর যা গত বছরের তুলনায় ৫’শ হেক্টর বেশী। তরমুজ কাটা, পরিবহন ও বিক্রির কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রায় ৩০ হাজার কৃষক। আমতলী শহরের বাঁধঘাটের তরমুজ ব্যবসায়ী নাননু আকন বলেন, উৎপাদিত তরমুজ, বরিশাল, ঢাকা, বগুড়া, যশোর প্রভৃতি এলাকায় রপ্তানী করা হচ্ছে।
আমতলীতে বানিজ্যিক ভাবে তরমুজ উৎপাদনের পথিকৃত আঠারোগাছিয়া ইউনিয়নের কৃষকরা। এ বছর ঐ ইউনিয়নের সোনাখালী, আঠারোগাছিয়া এবং গাজীপুর গ্রামের ১৫’শ হেক্টর জমিতে তরমুজের ব্যাপক ফলন হয়েছে। তরমুজ উৎপাদনে উপজেলায় ১ম স্থানে রয়েছে হলদিয়া ইউনিয়ন। সেখানে দুই হাজার হেক্টর জমিতে তরমুজের বাম্পার ফলন হয়েছে।
গাজীপুর গ্রামের কৃষক রইস উদ্দিন বলেন,“ গত বছর ৩ একর জমিতে তরমুজ চাষ করি। খরচাপাতি বাদ দিয়া প্রায় ১ লাখ টাকা ব্যবসা (লাভ) হইছিল। এই বছর ৫ একর জমির তরমুজ বেচা শুরু করছি। এহন খালি আল্লাহরে কই, বৃষ্টির সাথে যেন শিল (শিলা) না পড়ে। তাইলে ক্ষেতের তরমুজ শ্যাষ (শেষ)।
এ বছর আট একর জমিতে তরমুজ ফলিয়েছেন সোনাখালী গ্রামের মাননাফ গাজী। তিনি বলেন, ‘মাইনসের দেহাদেহি (অন্য চাষীদের দেখে) গত বছর ১ একর জমিতে তরমুজ ফলাইছিলাম। জমিতে জোয়ারের পানি ঢুইকা অনেক তরমুজের ক্ষতি হইছিল। তারপরও প্রায় ২ হাজার পিস তরমুজ হইছিল। গড়ে ৪০ টাকা পিস বেইচ্ছি। খরচা বাদ দিয়া ৫৫ হাজার টাকা ঘরে তুলছিলাম। এ বছর ইতিমধ্যে দুই ট্রাক তরমুজ তিন লাখ টাকায় বিক্রি করেছি।
চাওড়া কালীবাড়ী গ্রামের আলতাফ হোসেন বলেন, ‘আমাদের জমিতে উৎপাদিত ধান দিয়ে বছরের খোরাকি চলে যায়। ধান দিয়ে বাড়তি আয় নেই বললেই চলে। এ এলাকার বেশীরভাগ কৃষকেরই এ অবস্থা। তাই তরমুজ চাষের মাধ্যমে আমরা বাড়তি যে টাকা আয় করতে পারছি সেটাই আমাদের নিরেট সম্পদ হচ্ছে। এখন ধানের পরেই আমরা তরমুজ চাষে আগ্রহী।
গত ১০ বছর ধরে বরগুনায় জেলার তরমুজের চাষ চলছে। আমতলী ছাড়া বামনা ও পাথরঘাটা উপজেলায় তরমুজ চাষ হয়ে থাকে। তবে তরমুজ চাষে আমতলী উপজেলার কৃষকরাই পথিকৃত। এ বছরও আমতলী উপজেলায় তরমুজের বাম্পার ফলন হচ্ছে। জানালেন, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহালম। তিনি আরও জানান, আমাদের পরামর্শ যথাযথ ভাবে চাষীরা কাজে লাগাচ্ছেন। সকলের সমন্বিত উদ্যোগে ধারাবাহিক সাফল্য আসছে। তিনি আরও জানান, সরকারী হিসেব মতে গত বছর আমতলী উপজেলায় ৩ হাজার ৫০ হেক্টর জমিতে প্রায় সাড়ে ১ লাখ ২০ হাজার মেঃ টন তরমুজ উৎপাদিত হয়েছিল। সে বছর তরমুজ চাষ করে আমতলীর কৃষকরা প্রায় ৫০ কোটি টাকা আয় করেন। এ বছর দেড় লাখ টনের বেশী ফলন হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে আমতলীর কৃষকরা ৭০ কোটি টাকার বেশী আয় করবেন বলে আশা করছি।

সংরক্ষিত মহিলা আসনের দুই প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা

images (3)জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের দুই প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচিত দুজন হলেন- জাতীয় পার্টি মনোনীত খোরশেদ আরা হক ও আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম।
সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব জেসমিন টুলি আজ তাদের নির্বাচিত ঘোষণা করেন।
তাদের দুজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে গেজেট আজ প্রকাশিত হবে বলে কমিশন সূত্র জানায়।
এর আগে মহিলা আসনের প্রথম তফসিলে বিল খেলাপির দায়ে মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত দিন গত ১১ মার্চ নির্বাচন কমিশন এ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে। সাবিহা নাহার বেগমের কাছে বিটিসিএলের ১১ হাজার ৩৩৫ টাকা বিল বকেয়া ছিল। খোরশেদ আরা হকের বকেয়া বিলের পরিমাণ ছিল ২ লাখ ২৩ হাজার টাকা।
তারা বিল পরিশোধ করলেও ইসির আইন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের ৭ দিন আগে বিল পরিশোধ না করায় আপিলেও তাদের প্রার্থিতা বাতিল করা হয়।
পুন:তফসিল অনুযায়ী গত ১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২ এপ্রিল ছিল যাচাই-বাচাই। গতকাল ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ ১৭ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিনে যেহেতু দুই প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি এবং এই আসনে যেহেতু আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই, সেহেতু তাদের দুজনকেই নিয়ম অনুযায়ী নির্বাচিত ঘোষণা করে ইসি। তাই ১৭ এপ্রিল আর ভোটগ্রহণের প্রয়োজন হবে না।
নিয়মানুযায়ী গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণের কথা রয়েছে।

নির্বিঘ্নে বর্ষবরণ উদ্যাপনে পুলিশের ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা

163px-Dmpসারা দেশে আসন্ন বাংলা নববর্ষ পয়লা বৈশাখ ১৪২১ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
এই উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পুলিশ ও র‌্যাব ব্যাপক নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করেছে।
গত মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারের সভাপতিত্বে বাংলা নববর্ষ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় বাংলা নববর্ষ নিরাপদে উদযাপনের লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক, এসবির অতিরিক্ত আইজিপি মোঃ জাবেদ পাটোয়ারী, এপিবিএন’র অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, র‌্যাব’র মহাপরিচালক মোঃ মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, সিআইডির অতিরিক্ত আইজিপি মোঃ মোখলেসুর রহমান, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, জনগণ যাতে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ নির্বিঘেœ আনন্দমুখর পরিবেশে উদ্যাপন করতে পারে সে জন্য বাংলাদেশ পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে সজাগ ও সর্তক থাকতে হবে।
তিনি বর্ষবরণ অনুষ্ঠানস্থলে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী সদস্যদের সহযোগিতা প্রদানের জন্য জনগণের সহায়তা কামনা করেন।
পুলিশের এআইজি মিডিয়া জালাল আহমদ চৌধুরী জানান, সভায় বর্ষবরণ উপলক্ষে ঢাকা মহানগরসহ সারাদেশে আয়োজিত বৈশাখীমেলা, অন্যান্য অনুষ্ঠান ও বর্ষবরণকে কেন্দ্র করে সকল জনসমাগমস্থলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
রাজধানী ঢাকায় নববর্ষের বৃহৎ জনসমাগমস্থল রমনা পার্ক এবং মঙ্গল শোভাযাত্রায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রমনা পার্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হবে। জরুরি উদ্ধার তৎপরতা চালানোর জন্য র‌্যাবের হেলিকপ্টার নিয়োজিত থাকবে।
বড় বড় শপিং সেন্টার, মার্কেট, বাজার, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহে নির্বিঘ্নে হালখাতা উদযাপনের সুবিধার্থে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। রেলস্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালসহ জনসাধারণের চলাচল স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্ষবরণের নিরাপত্তামূলক কার্যক্রম সুষ্ঠু ও সার্বিক সমন্বয়ের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স, সকল মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হবে।

আসছে টানা হরতাল!

newsবছরের শেষ দিকে সরকার পতনের আন্দোলন শুরু করতে চায় বিএনপি। এরই ধারাবাহিকতায় আন্দোলনের কর্মসূচি শুরুর আগে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ লক্ষ্যে উপজেলা নির্বাচন শেষে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল করবে বিএনপি। এপ্রিল মাসজুড়েই দল গোছাবে বিএনপি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই আসতে পারে দু-একদিনের হরতাল। এরপর মে মাস থেকে ধাপে ধাপে নতুন করে সরকার বিরোধী আন্দোলনের যাত্রা শুরু করবে দলটি। এ বছরের শেষ দিকে সরকারকে বড় ধরনের ধাক্কা দিতে চায় দলটি।

ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন ছাড়াও দলের কাউন্সিল করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সারাদেশে দলের মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে গঠন ও পুনর্গঠন করা হবে। আন্দোলনের আগে দলকে ঐক্যবদ্ধ করে সরকারবিরোধী সব শক্তিকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উপর জোড় দিয়েছে দলটি।

বিএনপি ও ১৯ দল মনে করে ভোটারবিহীন ও একতরফা এ নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্য হয়নি। নৈতিকভাবে সরকার খুবই দুর্বল। ১৯ দলীয় জোট ও বিএনপিকে ভাঙনের চেষ্টা করেও সফল হয়নি আওয়ামী লীগ এটাই আমাদের আন্দোলনের সাফল্য।

জানা গেছে, কাউন্সিলের পর সর্বশক্তি নিয়ে রাজপথে আন্দোলনে নামবে বিএনপি। এবারের আন্দোলন আগের মতো হবে না। সরকারকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করা হবে। এ ক্ষেত্রে সব শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে। এখন বিএনপিকে দল গুছিয়ে সরকারকে বিদায়ের জন্য যা যা করার তা করতে হবে।

অবশ্য এপ্রিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কয়েকটি জেলা সফর করবেন। এছাড়া বিদ্যুতের মূল্য বৃদ্ধি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা প্রকশাসহ আন্দোলনের অংশ হিসেবে এপ্রিলে দু-একদিন হরতালসহ প্রতিবাদ-সমাবেশ কর্মসূচি থাকতে পারে। দলীয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, উপজেলা নির্বাচনের পর দল গুছিয়ে সরকারবিরোধী আন্দোলনে যাবে তার দল। সর্বশেষ দলের স্থায়ী কমিটির বৈঠকেও এপ্রিলে দল গোছানো বিশেষ করে ঢাকা মহানগর কমিটি পুনর্গঠনসহ বেগম জিয়ার জেলা সফর নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, অঙ্গ-সংগঠনের কমিটি বিশেষ করে ছাত্রদল ও যুবদলের কমিটি করার ক্ষেত্রে বেগম জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ নেবেন।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাস বলেন, সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবেই আমরা উপজেলা নির্বাচনে অংশ নিয়েছি। মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সুসংগঠিত করাই ছিল আমাদের লক্ষ্য। উপজেলা নির্বাচন শেষে আমরা দল গুছিয়ে সরকারবিরোধী আন্দোলনে যাব। মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন করা হবে।

তিনি বলেন, চলতি মাসেই মহানগর বিএনপির কমিটি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ছিল বিএনপির। তবে কমিটি দেওয়ার আগ মুহূর্তে দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের একাধিক শীর্ষনেতা গ্রেফতার হন। তাই মহানগর কমিটি দেওয়া থেকে বিরত রয়েছেন বেগম জিয়া। এরা মুক্তি পেলেই দল গোছানোর কাজ শুরু হবে।

ঢাকা মহানগর কমিটি নিয়ে বেশ নাটকীয়তা সৃষ্টি হয়েছে বিএনপিতে। প্রথম দিকে দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের নেতৃত্বে মহানগরের কমিটি হওয়ার আলোচনায় থাকলেও এখন আবার আহ্বায়কের তালিকায় সাদেক হোসেন খোকার নাম শোনা যাচ্ছে।

মহানগরের সদস্য সচিব হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের নাম আলোচনায় রয়েছে। এপ্রিলের শুরুর দিকেই মহানগর কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ঢাকা মহানগর বিএনপিকে অগোছালো রেখে ভবিষ্যতে চূড়ান্ত আন্দোলন করা যাবে না। তাই শিগগিরই মহানগর কমিটি দিতে প্রক্রিয়াও অনেক দূর এগিয়েছিল। গ্রেফতারকৃত নেতারা মুক্তি পেলেই কমিটি হয়ে যাবে, এরপরই চূড়ান্ত আন্দোলনে যাবে বিএনপি।

এদিকে ছাত্রদল সূত্রে জানা গেছে, সংগঠনটির নতুন কমিটি গঠন করতে বেগম জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থিত শিক্ষকদের একটি অংশ এবং গুলশান কার্যালয়ের কিছু নেতাকে দায়িত্ব দিয়েছেন। ইতোমধ্যে তারা কাজও শুরু করেছেন। সদ্য উচ্চতর ডিগ্রি শেষ করেছেন কিংবা শেষ করে ভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন এমন নেতাদের দিয়ে বিশ্ববিদ্যালয় কমিটি করার চিন্তাভাবনা চলছে।

এছাড়া নিয়মিত ছাত্রদের দিয়ে হল কমিটি করার কথাও আলোচনা চলছে। তবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ৩০ থেকে ৩৬ বছরের মধ্যে রাখার কথা ভাবছেন বিএনপির নীতিনির্ধারকরা। সেক্ষেত্রেও অন্তত সিনিয়র প্রায় ৬০ থেকে ৭০ জন ছাত্রনেতা কমিটি থেকে সরে যেতে পারেন। তাদের যুবদলসহ বিএনপির অন্য অঙ্গ-সংগঠনগুলোতে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে।

১৯ দলীয় জোটের ইসলামী শরিক দলগুলোর মধ্যে সমন্বয়নহীনতা দেখা দিয়েছে। ‘ভোটের রাজনীতি’র প্রয়োজনে ঐক্য হলেও বিএনপির সঙ্গে আদর্শিক ফারাক রয়েছে বলে মনে করছে ইসলামী দলগুলো। উপজেলা নির্বাচন নিয়ে এসব দলের সঙ্গে বিএনপির ‘বনিবনা’র ক্ষেত্রে নতুন সংকট দেখা দিয়েছে।

এরই মধ্যে বিভিন্ন স্থানে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করতে একজোট হয়ে কাজ করছেন ইসলামী দলগুলোর স্থানীয় নেতারা।

৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পশ্চিমাসহ দেশের বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, জামায়াতের সঙ্গে থাকা কৌশলগত জোট এবং এটা সাময়িক। এত সবকিছুর সমন্বয় ঘটিয়ে বিএনপি বছরের শেষদিকে কি ধরনের সরকার বিরোধী আন্দোলন করবে, তাতে কতটুকু সফল হবে তাই দেখার বিষয়।

বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার উন্নয়নে কাজ করবে যুক্তরাজ্য

alan dankanরানা প্লাজ ধসের ঘটনা বাংলাদেশের পোশাক কারখানার কাজের বাস্তব চিত্র তুলে ধরে। যুক্তরাজ্য এ দেশের শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানান যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান।

অাজ বুধবার রাজধানীতে রানাপ্লাজ ভবন ধসে আহত শ্রমিকদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এসময় রানাপ্লাজা ক্ষতিগ্রস্তদের জন্য ইউকে এইডের অর্থায়নে ৩টি প্রজেক্ট বাস্তবায়নেরও ঘোষণা দেন অ্যালান ডানকান।

মন্ত্রী ডানকান বলেন, রানা প্লাজা ভবন ধসের ১ বছর পেরিয়ে গেছে। এ দুর্ঘটনার পর বেঁচে থাকার জন্য আহতদের জীবন সংগ্রাম প্রেরণাদায়ক। আমাদেরও এ থেকে অনেক কিছু শেখার রয়েছে।

তিনি আরো বলেন, আমাদের ভুলে গেলে চলবে না, পোশাক খাত এ দেশের দারিদ্র দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে মুখ্য ভূমিকা রাখছে। এ খাতে যারা কাজ করে তাদের ৭০ থেকে ৮০ ভাগ নারী। এটি দেশের ২৫ মিলিয়ন লোককে সমর্থন যুগিয়ে যাচ্ছে।

যুক্তরাজ্যের অর্থায়নে চালু ৩ টি প্রজেক্ট হলো : পোশাক শ্রমিক, মালিক ও ক্রেতাদের সবাইকে নিয়ে কারখানার পরিবেশের মান উন্নয়নে কাজ করা,  কারখানার কাজের জন্য প্রশিক্ষণ প্রদান এবং শ্রমিকদের স্বাস্থ্য উন্নয়নে কাজ করা।

গ্রামে ভালো না লাগলে চাকরি করার কোন দরকার নেই: প্রধানমন্ত্রী

hasina par0প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি হাসপাতালের চিকিৎসক ও সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ করে বলেছেন, ”গ্রামপর্যায়ে বদলি হওয়ার পরে যারা ঠিক মতো দায়িত্ব পালন করেন না, তাদের চাকরি করার কোন দরকার নেই।”

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “কর্মস্থলে দায়িত্ব পালন করেন না, এমন চিকিৎসক ও শিক্ষকদের বাদ দিয়ে নতুনদের নিয়োগ দেয়া হবে।”

প্রধানমন্ত্রী আরো বলেন, “বেসরকারি হাসপাতালে বা স্কুলে ঠিকমতো চাকরি করেন, অথচ সরকারি চাকরি হলেও গাফিলতি করবেন, তা হবে না।”

প্রধানমন্ত্রী জানান, “বিদেশে দক্ষ শ্রমিকের চাহিদা অনেক। আর সে কারণে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার জন্য সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদেশ গমনেচ্ছু বেকার যুবক ও যুবনারীরা প্র প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন। তাছাড়া ওই এলাকায় আরো কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকলে সেগুলোর মধ্যেও এই প্রশিক্ষণ কেন্দ্র সমন্বয় করবে।”

ব্রাজিলের জার্সি পরে বিশ্বকাপ খেলবে ইংল্যান্ড

england_brazilএবারের ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি পরে খেলবে ইংল্যান্ড! থ্রি লায়নরা তাদের সুপরিচিত সাদা জার্সির পরিবর্তে এবার ‘ব্রাজিলের জার্সি’ পরে মাঠে নামতে যাচ্ছে।

গলায় সবুজ রঙের স্টেপ দেওয়া হলুদ জার্সি গায়ে দিয়ে ইতিমধ্যে মডেল হয়েছেন ইংল্যান্ডের তিন তারকা ড্যানিয়েল স্টারিজ, স্টিভেন জেরার্ড ও অ্যাডাম লালানা।তবে মাত্র এক ম্যাচের জন্য ইংল্যান্ড ফুটবলাররা এ জার্সি পরবেন বলে জানিয়েছেন ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

১২ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ফাইনালে উঠলেই কেবল ব্রাজিল ফুটবল দলের জার্সির আদলে তৈরি করা এ জার্সি পরবে ইংল্যান্ড।

তিনি জানিয়েছেন, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষেও এ জার্সি পরে মাঠে নামতে পারে ইংল্যান্ডের খেলোয়াড়রা। তবে সেটা এখনো নিশ্চিত নয়।

ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, প্রথম ম্যাচে হলুদ জার্সি পরে মাঠে নামার ব্যাপারে তারা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথম ম্যাচে কেন হলুদ জার্সির ব্যাখ্যায় তিনি বলেন, স্বাগতিক ব্রাজিল হলুদ জার্সি পরে মাঠে নামবে। আর আমরা প্রথম ম্যাচেই শক্তিমত্তার দিক দিয়ে যেকোনো স্বাগতিক দলের মতো আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চাই। প্রতিপক্ষকে চমকে দিতে চাই।

সাহারা মরুভূমির ধূলি যেভাবে ইংল্যান্ডের আকাশে

sahara_londonইংল্যান্ডের বহু মানুষ রোববার ঘুম থেকে থেকে উঠে দেখেছেন তাদের গাড়ি ধূলায় ঢেকে আছে। তার ওপর ঝরে পড়া বৃষ্টির ছোপ ছোপ দাগ।

বসন্তের শুরুতে চমৎকার আবহাওয়ায় এত ধূলা কোত্থেকে এলো তা অনেককেই অবাক করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধূলা এসেছে আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি থেকে।

‘সাহারা ডাস্ট’ নামে পরিচিত এই মিহি বালি যখন বৃষ্টির সঙ্গে মাটিতে এসে পড়ে, বিশেষজ্ঞরা তাকে বলেন ‘ডার্টি রেইন’।

সাহারা মরুভূমি থেকে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে এই বালি কিভাবে এসে পৌঁছালো ইংল্যান্ডের মাটিতে?

ব্রিটেনের আবহাওয়া দফতরের একজন বিশেষজ্ঞ এন্ড্রু সিবলে বলেন, প্রচন্ড বাতাসে সাহারা মরুভূমি থেকে মিহি বালি এবং ধূলি কণা আকাশের অনেক উপরে উঠে যেতে পারে। এরপর জেট প্রবাহের সঙ্গে এই ধূলা-বালি হাজার হাজার মাইল পাড়ি দিয়ে পৃথিবীর নানা দিকেই ছড়িয়ে যেতে পারে।

“এই ধূলা যখন বৃষ্টির ফোঁটায় আটকে যায় তখন এগুলো মাটিতে নেমে আসে। এটাকেই আমরা বলি ‘ডার্টি রেইন’।”

বায়ু দূষণ

এই ‘সাহারা ডাস্টের’ কারণে ইংল্যান্ড জুড়ে বায়ু দূষণের মাত্রা মারাত্মকভাবে বেড়ে গেছে এবং এজন্য ইংল্যান্ডে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ব্রিটেনের পরিবেশ ও খাদ্য দফতর ‘ডেফরা’ জানিয়েছে ইংল্যান্ডে বায়ু দূষণ মাত্রা এখন পাঁচে (মধ্যম পর্যায়ে) পৌঁছেছে, তবে তা বুধবার পরের দিকে তা আট-নয় পর্যন্ত পৌঁছাতে পারে।

বয়স্ক লোকজন এবং আ্যজমা ও হৃদরোগে আক্রান্তদের সতর্ক থাকতে বলা হয়েছে।-বিবিসি।

‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ উপজেলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে : প্রধানমন্ত্রী

Prime-Minister-Sheikh-Hasina-cccপ্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়ন সুনিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, তাদের ওয়ান স্টপ সার্ভিস প্রদানের জন্য ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ উপজেলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তিদের সেবা প্রদানের জন্য ইতোমধ্যে দেশের ৬৪টি জেলায় ৭৩টি ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বা ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ চালু রয়েছে। এ সব কেন্দ্রের সঙ্গে একটি করে অটিজম কর্ণারও চালু করা হয়েছে। এ কার্যক্রম উপজেলা পর্যন্ত সম্প্রসারিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৪ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। বাংলাদেশে দিবসটি সপ্তমবারের মতো পালিত হচ্ছে।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। স্বাগত বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সমাজকল্যাণ সচিব নাসিমা বেগম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনলাইনের মাধ্যমে মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর হিসেবে উদ্বোধন ও জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্সের ফলক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধিতা মানব বৈচিত্রের একটি অংশ। তাদের প্রতি অবজ্ঞা করার সময় শেষ হয়েছে। তাদের অধিকার এবং মর্যাদা সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, প্রতিটি মানুষেরই জন্মগতভাবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। অটিস্টিকসহ সমাজের প্রতিবন্ধী ব্যক্তিরাও এ মর্যাদা ভোগের সমান অধিকার রাখেন। অটিজম কোন ব্যাধি নয়, এটা জন্মগত একটি অসুবিধা। তাই তাদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
তিনি বলেন, অটিস্টিক শিশুদের সঠিকভাবে পরিচর্যা করলে তারাও প্রতিভার বিকাশ ঘটাতে পারে। এসব শিশুদের বিশেষ চাহিদাগুলো মাথায় রেখে তাদের যতœ নেয়া সম্ভব হলে তারা দেশের অমূল্য সম্পদ হবে।
অটিস্টিক শিশুদের অনেক সময় ঘরে বন্ধ করে রাখা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মা-বাবারা তাদের লুকিয়ে রাখেন। আসলে লুকানো উচিত নয়। তারাও এ সমাজের অংশ। সকলের সহানুভূতিশীল হতে হবে এবং তাদের প্রতি মায়া-মমতা ও দায়িত্ববোধ থাকতে হবে।
তিনি বলেন, যেহেতু জন্মগতভাবে তারা বুদ্ধি, দৃষ্টি, বাক বা অন্য যে কোন ধরণের প্রতিবন্ধী, সেহেতু তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে আমাদের সকলকে তাদের প্রতি লক্ষ্য রাখতে ও দায়িত্বশীল হতে হবে।
প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘ইনশাল্লাহ্ আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় অটিস্টিক শিশুদের জাতীয় জীবনের মূলধারায় যুক্ত করা সম্ভব হবে’।
তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই একটা অংশ। তারা যেন অবহেলার শিকার না হয়। তাদের মেধা বিকাশের যেন সুযোগ ঘটে, সেভাবেই তাদের গড়ে তুলতে হবে। তাদের জীবনটা নিরাপদ ও নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনা বলেন, আমাদের এ শিশুদের নিরাপদ ও নিশ্চিত জীবন দিতে যেমন তাদের অভিভাবকদের দায়িত্ব রয়েছে, তেমনি রয়েছে সমাজের সচেতন নাগরিকদের। সেই সঙ্গে রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে সেই দায়িত্ব পালনে আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা আইন, ২০১৩ নামে দুটি আইন পাশ করেছি।’
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মুল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য এর আগেরবার ক্ষমতায় থাকাকালে ১৯৯৯ সালে আমরা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গঠন করি। এ ফাউন্ডেশন প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দেশের প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তিদের ওয়ান স্টপ সার্ভিস প্রদানের জন্য দেশের ৬৪টি জেলায় ৭৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু হয়েছে। এ সব কেন্দ্রের সাথে একটি করে অটিজম কর্নারও চালু করা হয়েছে। এ ফাউন্ডেশনকে ‘প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর’-এ রূপান্তর করা হয়েছে।
তিনি বলেন, এ কার্যক্রম আমরা উপজেলা পর্যন্ত সম্প্রসারণ করবো। অত্যন্ত গর্বের বিষয় হলো আমাদের এই কর্মসূচি বর্তমানে দেশের বাইরেও অনেকে অনুসরণ করছে।
শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী ফাউন্ডেশন ক্যাম্পাসে একটি করে প্রতিবন্ধী কর্মজীবী পুরুষ ও মহিলা হোস্টেল, অটিজম রিসোর্স সেন্টার ও অটিস্টিক স্কুল চালু করা হয়েছে। ফাউন্ডেশন থেকে ইশারা ভাষার উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া অটিস্টিক শিশুর মায়েদের জন্য প্রাত্যহিক লালন-পালনসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, ফাউন্ডেশন ক্যাম্পাসে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শ্রবণ, বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় চালু করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আবাসিক সুবিধা রাখা হয়েছে। দেশের ৫৫টি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের মাধ্যমে বুদ্ধি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকার মিরপুরে একটি মাল্টিপারপাস প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়েছে। এ কমপ্লেক্সে বিভিন্ন শ্রেণীর প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসাসহ ২৭৫ জন প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তির জন্য শেল্টার হোমের ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, ‘আমি জানি, অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর বাবা-মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন। বিশেষ করে তাদের অবর্তমানে এই শিশুরা তাদের সম্পদের ব্যবস্থাপনা কিভাবে করবে তা নিয়ে চিন্তা করেন। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা অটিস্টিক ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩ এর মাধ্যমে ট্রাস্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছি। এই ট্রাস্টের মাধ্যমে প্রতিবন্ধীরা তাদের অর্থ-সম্পদ নিরাপদে ব্যবহার করতে পারবে।’
তিনি বলেন, যে সব মা চিন্তা করেন যে, তিনি বেঁচে না থাকলে এ শিশুকে কে দেখবে? তাদের নিশ্চিত করার জন্য এই ট্রাস্টের মাধ্যমে আমাদের সরকার প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে গড়ে তুলতে চায়, যেন অটিস্টিক শিশুরা নিরাপদে থাকতে পারে। জাতীয় জীবনের মূলধারায় নিয়ে আসতে এই ট্রাস্ট যেন আজীবন তাদের পরিচর্যা করতে পারে।
শেখ হাসিনা বলেন, একজন মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। প্রতিবন্ধী ব্যক্তিরাও এর বাইরে নয়। প্রতিবন্ধী ক্রীড়াবিদরা বাংলাদেশের জন্য দুর্লভ সম্মান বয়ে আনছে। প্রতি বছরই স্পেশাল অলিম্পিকস্-এ তারা পদক অর্জন করছে। গত বছরও তারা শতাধিক পদক অর্জন করেছে। যা আমাদের সুস্থ ক্রীড়াবিদরাও পারছে না।
তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য ঢাকার সাভারে একটি বহুমূখী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের জন্য জমি বরাদ্দ দেয়া হয়েছে। এখানে প্রতিবন্ধী ও অটিষ্টিক শিশুদের জন্য ক্রীড়া ও শরীর চর্চার সুবিধা থাকবে। আগামীতে প্রতিবন্ধী শিশুদের জন্য জাতীয় পর্যায়ে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনারা এই শিশুদের ঘরে আবদ্ধ করে রাখবেন না। তাদের বাইরে নিয়ে আসুন। স্বাভাবিক বিকাশের সুযোগ দিন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর নিউরো-ডেভেলপমেন্ট এন্ড অটিজম ইন চিলড্রেন (সিনাক) প্রতিষ্ঠা করেছি। একই সঙ্গে দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র চালু করেছি।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তিদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে ‘প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর’-এ রূপান্তরের ঘোষণা দেন।
তিনি বলেন, সারা দেশে বিভিন্ন ধরণের প্রতিবন্ধী ব্যক্তির কোন সঠিক পরিসংখ্যান ছিল না। এজন্য গত অর্থ বছর থেকে সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ প্রকল্প বাস্তবায়ন করছে। এ বছরের মধ্যে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, তাদের উন্নয়নে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। বিশেষ সুবিধা হিসাবে তাদের কিছু ভাতা দেবার ব্যবস্থা এবং প্রতিবন্ধী ভাতা চালু করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, সরকার প্রতিবন্ধীদের অধিকার, উন্নয়ন ও প্রাপ্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করতে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০০৯’ এ প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত ‘এক্সেস টু ইনফর্মেশন প্রকল্পের আওতায় ই-তথ্যকোষে একটি উইন্ডো খোলা হচ্ছে। উপজেলা ইউনিয়ন তথ্য কেন্দ্র প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা নিশ্চিত করতে কাজ শুরু করেছে। প্রতিবন্ধী ও অটিস্টিক ভাই-বোনেরা এই কর্মসূচির আওতায় ই-তথ্য সেবা পাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের সুষম বন্টন এবং তা সকল মানুষের দোরগোড়ায় পৌঁছে না দেয়া গেলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই অটিস্টিকসহ প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার বাইরে রেখে সুষম উন্নয়ন হবে না। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন যেখানে ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী-পেশা নির্বিশেষে সবাই তাদের অধিকার ভোগ করবে। প্রতিবন্ধীরাও পাবে সমান সুযোগ, সম্মান ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী সায়মা হোসেন পুতুল একজন মনোবিশেষজ্ঞ হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে অটিজমসহ নিউরো-ডেভেলপমেন্ট বিষয়ক কার্যক্রমকে সংগঠিত করতে কাজ করে যাচ্ছে। মূলত তারই উদ্যোগে বাংলাদেশ সরকার প্রতিবন্ধী শিশুদের বিষয়ে সরকারী ও বেসরকারী সমন্বিত উদ্যোগ গ্রহণে জাতিসংঘের ৬৭তম অধিবেশনে একটি প্রস্তাব পেশ করে। এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে ২০১২ সালের ১২ ডিসেম্বর গৃহীত হয়।
তিনি বলেন, পুতুলের উৎসাহ ও পরামর্শে অটিস্টিক ও নিউরো-ডেভেলপমেন্টাল ব্যক্তিদের সম্পর্কে আমি নিজেও ধারণা পাই ও কাজ করতে আগ্রহী হই। বর্তমানে পুতুল ‘এ্যাওয়ারনেস টু ওয়ার্ক’ অর্থাৎ শুধুমাত্র সচেতন হয়ে বসে থাকাই যথেষ্ট নয়, এদের জন্য কাজ করতে হবে- এই মূলমন্ত্রের ভিত্তিতে অটিজম বিষয়ক কার্যক্রমকে সম্প্রসারিত করে চলেছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী শিশুদের আকাঁ ছবি ঘুরে ঘুরে দেখেন এবং শিশুদের বুকে জড়িয়ে আদর করেন। তিনি প্রতিবন্ধী শিশুদের সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন।