সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

বাজেট অধিবেশন শুরু ৩ জুন

ঢাকা: আগামী ৩ জুন মঙ্গলবার ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের দ্বিতীয় (২০১৪ সালের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন।
image_82301_0
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহবান জানিয়েছেন।

গত ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ। গত ১০ এপ্রিল এর প্রথম অধিবেশন শেষ হয়।

উপর্যুপরি দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই হতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট। এতে আগামী পাঁচ বছরের অথনৈতিক পরিকল্পনার দিক-নির্দেশনা থাকবে বলে মুহিত জানিয়েছেন।

শেখ হাসিনার সরকারের গত বাজেট অধিবেশনের প্রায় সব কটিতে অনুপস্থিত ছিল তখনকার প্রধান বিরোধী দল বিএনপি।

তবে দশম সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সংসদ বর্জন করতে চায় না বলে ইতিমধ্যে জানিয়েছে।

সোনালীর ডিজিএম আজিজুরের বিরুদ্ধে মামলার অনুমতি

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সোনালী ব্যাংকের ডিজিএম (সাময়িক বরখাস্ত) এ. কে. এম. আজিজুর রহমানের বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
image_91955_0
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার  অনুমোদন দেয়া হয়েছে।

দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তার দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনা করেছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, এ. কে. এম. আজিজুর রহমান কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ার মাধ্যমে এক কোটি ৭১ লাখ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া তিনি এক কোটি ৭১ লাখ টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন ও উক্ত অবৈধ সম্পদ ভোগ দখলে রেখেছেন।

দুর্নীতি দমন কমিশন আইন ২০১৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে।

রোনাল্ডো সব সমস্যার সমাধান করে দেবে না

রোনাল্ডো সব সমস্যার সমাধান করে দেবে না – বলছেন পর্তুগালের কোচ পাওলো বেন্টো৷তার সাক্ষাৎকার।

জার্মানির সঙ্গে একই গ্রুপে আছে পর্তুগাল৷ বিশ্বকাপের প্রথম ম্যাচও এবার আপনাদের খেলতে হবে জার্মানির বিপক্ষেই৷ ২০১৪-র বিশ্বকাপটাকে কি আপনার ২০১২-র ইউরোর মতোই মনে হচ্ছে?
বেন্টো: একই গ্রুপে থাকা এবং জার্মানির বিপক্ষেই আবার প্রথম ম্যাচে খেলা, পরপর দু’বার একই ঘটনা ঘটাটা প্রত্যাশিত নয়৷ কিন্তু আমাদের ক্ষেত্রে এবার সেটাই ঘটেছে৷ যদিও এটাকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই৷ আপাতত জার্মানি ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতেই হবে৷ জার্মানি নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার, ঠিক যেমনটা ছিল ২০১২-র ইউরোয়ও৷ গত দু’বছরে দল হিসেবেও জার্মানরা আরও তৈরি হয়ে উঠেছে৷ আমাদের কাজটাও তাই এবার যথেষ্টই কঠিন৷ তবে এই ব্যাপারটা আবার আপনাকে সাহায্যও করে৷ কারণ আপনি প্রথম থেকেই সতর্ক থাকবেন৷

image_82562_0

২০১২-র ইউরোর প্রথম ম্যাচেই হারলেও পর্তুগাল শেষ পর্যম্ত ওই প্রতিযোগিতার পরাজিত সেমিফাইনালিস্ট হিসেবে শেষ করেছিল৷
বেন্টো: হ্যাঁ, সেবার সেমিফাইনালে উঠতে পেরে আমরা খুশি৷ তবে টাইব্রেকারে স্পেনের কাছে হারায় প্রচণ্ড হতাশও হয়েছিলাম৷ কারণ বিশ্ব এবং ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা ওই ম্যাচে যথেষ্ট ভালো ফুটবলই খেলেছিলাম৷ তবে ইউরোর চেয়ে বিশ্বকাপ নিশ্চিতভাবেই বড় প্রতিযোগিতা৷ ইউরোতে আমাদের সঙ্গে একই গ্রুপে ছিল ডেনমার্ক আর হল্যান্ড. বিশ্বকাপে রয়েছে আমেরিকা এবং ঘানা৷ দুটি দলেই যথেষ্ট ভারসাম্য রয়েছে, যথেষ্ট উজ্জীবিতও৷ ফলে আমাদের কাজটা এবারও বেশ কঠিন৷ আমরা তাই একেকটা ম্যাচ ধরে ধরেই এগোব৷ তারপর দেখা যাক কী হয়?

পর্তুগাল মানেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং অন্য ১০ জন, মানেন?
বেন্টো: না কখনওই নয়৷ বিশ্বের সেরা ফুটবলার রোনাল্ডো আছে আমাদের দলে, নিঃসন্দেহে বিরাট ব্যাপার৷ কিন্তু ওর উপস্হিতি দলের যে কোনও সমস্যার সমাধান করে দেবে মনে করি না৷ ওকে তেমন কিছু করতে বলাও হয়নি৷ ফুটবল দলগত খেলা৷ আমাদের এমন একটা পরিবেশ দলে তৈরি করতে হবে যেখানে বিশ্বের সেরা ফুটবলার রোনাল্ডো নিজের সেরা ছন্দে খেলতে পারে৷ তা হলেই আমরা উপকৃত হব৷ স্পষ্টই বলা যাক সমষ্টিগতভাবেই আমাদের যাবতীয় সমস্যা মেটাতে হবে৷ মাঠে ঠান্ডা মাথায় নিজেদের ঠিকমতো মেলে ধরতে হবে৷ রোনাল্ডোও সেটা ভালো করেই জানে৷

আপনার কোচিংয়েই পর্তুগালের জার্সি গায়ে কিন্তু বেশি গোল করেছেন রোনাল্ডো…৷
বেন্টো: গত চার বছর ধরেই দেশ এবং ক্লাবের হয়ে দুর্দাম্তভাবেই গোল করে চলেছে রোনাল্ডো৷ আমরাও এতে বিস্মিত নই৷ রিয়েল মাদ্রিদের জার্সি গায়ে দ্রুততম ২৫০ গোল করেছে রোনাল্ডো৷ তবে ওর হ্যামস্ট্রিংয়ের চোটটা নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন৷ কারণ ব্রাজিল বিশ্বকাপে রোনাল্ডোকে আমরা সেরা পুরো সুস্হ অবস্হাতেই পেতে চাই৷

পেপেরও তো চোট সমস্যা রয়েছে…৷
বেন্টো: হ্যাঁ, পেপেরও পায়ের পেশিতে চোট আছে৷ আমরা সেটা নিয়েও উদ্বিগ্ন৷ মাঠে দুর্দাম্ত নেতা পেপে৷ ডিফেন্ডার হিসেবেও অসাধারণ৷ রোনাল্ডো আর পেপের চোট নিয়ে রিয়েল মাদ্রিদের সংশ্লিষ্ট লোকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা৷ রোনাল্ডোর মতোই এই মরশুমে দুরন্ত ছন্দে আছে পেপেও৷ বিশ্বকাপেও ওদের কাছ থেকে ভালো কিছুই আশা করছে পর্তুগাল৷

ব্রাজিলের সম্ভাবনা এবার কতটা?
বেন্টো: ওরা এবারের বিশ্বকাপের সংগঠক৷ বরাবরের মতোই ব্রাজিল দলে এবারও উত্তেজক ফুটবলারের ছড়াছড়ি৷ তবে মিডিয়া ওদের ১৯৫০-এ ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে সেই আগেরবারের হারের কথা সবসময়ই মনে করিয়ে যাবে৷ যেটা ব্রাজিলীয়দের এবার যথেষ্ট চাপেই রাখবে৷ তবে ঘরের মাঠে গত বছর কনফেডারেশন কাপে ওরা দুর্দাম্ত খেলেই চ্যাম্পিয়ন হয়েছে৷ দেখিয়েছে ওরা কী করতে পারে৷ বিগ ফিলের (স্কোলারি) মধ্যে ব্রাজিল একজন অভিজ্ঞ কোচকে খুঁজে পেয়েছে৷ পরিস্হিতিকে কীভাবে সামলাতে হয় উনি খুব ভালো জানেন৷ বিশ্বকাপে ব্রাজিল তাই আরও শক্তিশালী এবং সুখী হয়ে উঠবে৷ হ্যাঁ, নিশ্চিতভাবেই ব্রাজিলীয়রা এবারের বিশ্বকাপেও অন্যতম ফেবারিট৷

পর্তুগাল হয়তো এবারের বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে৷ মানে আবার একটা রোনাল্ডো বনাম মেসি যুদ্ধ৷
বেন্টো: আগেই বলেছি আমি একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই৷ আগে গ্রুপের তিনটি ম্যাচ খেলে নক-আউট পর্বে উঠি৷ এখনই এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়৷ – ওয়েবসাইট।

নার্সিং কলেজ বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

সিলেট: সিলেট ওসমানী হাসপাতালে নার্সদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের  হামলার প্রতিবাদে আন্দোলন চলাকালে সিলেট নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সন্ধ্যা ৬ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেয়া হয়েছে।
image_91992_0
মঙ্গলবার সকালে এ নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা এই নির্দেশ মানতে নারাজ। তারা কলেজের সামনে বিক্ষোভ করছে।

এদিকে অনিবার্য কারণবশত নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী।

প্রসঙ্গত, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৪র্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে শিক্ষানবিশ চিকিৎসকরা শিক্ষানবিশ সেবকদের ওপর হামলা চালায়। এ হামলায় পলয় কুমার নামের এক শিক্ষানবিশ গুরুতর আহত হন। এছাড়া হামলায় আহত হন আরো ৫ শিক্ষার্থী।

হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের শাস্তি দাবিতে সোমবার সকাল থেকে নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে হাসপাতালে সেবাদান থেকে বিরত রয়েছেন।

মঙ্গলবার কালোব্যাচ ধারণ করে বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিল শিক্ষার্থীদের। এ অবস্থায় সকালে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও ৬ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়ে নোটিশ দেয় কর্তৃপক্ষ।

এদিকে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে নার্সিং কলেজের সামনে কালোব্যাচ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

অন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, তারা কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত মানবেন না। হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের গ্রেপ্তার ও তাদের বহিষ্কার না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

শিক্ষার্থীরা বলছেন, তাদের আন্দোলনকে দমাতেই কলেজ কর্তৃপক্ষ হঠাৎ কলেজ বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ দিয়েছে। তারা বলছেন, তাদের তিন জন সহপাঠি শিক্ষার্থী পলয় কুমার, রাজিয়া সুলতানা ও লিনা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাসপাতালে রেখে তারা হলত্যাগ করবেন না।

যোগাযোগ করা হলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলামেইলকে জানান, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নার্সিং কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. তন্ময় ভট্রাচার্য বাংলামেইলকে জানিয়েছেন, এ ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে।

কাশ্মিরে বাস খাদে, নিহত ১৭

ঢাকা: জম্মিু-কাশ্মির অঞ্চলে মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে এর ১৭ যাত্রী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৩৪ জন।
 image_91991_0.gif
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, মঙ্গলবার জম্মু-শ্রীনগর মহাসড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। রামবান জেলার দিগদো এলাকার কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক থেকে ৪শ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয় জন নারী এবং একজন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৪ জন। এদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর। তাদেরকে হেলিকপ্টারে করে জম্মুতে নিয়ে আসা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে  সেনা, পুলিশ ও দমকল বাহিনী।

বাসের অধিকাংশ যাত্রী ছিল পুঞ্চ ও রাজৌরি জেলার বাসিন্দা। এছাড়া কিছু যাত্রী ছিল গুজরাট প্রদেশের। তারা কাশ্মির উপত্যকায় এক র‌্যালিতে অংশ নিতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়।

ঐশীদের গৃহকর্মী সুমির জামিন

ঢাকা:  পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় ওই বাসার গৃহকর্মী খাদিজা আক্তার সুমিকে জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আগামী ১৬ জুন এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন বিচারক।
image_91972_0
মঙ্গলবার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভিন শুনানি শেষে চার্জ গঠন করে সুমিকে জামিন দেন।

চার্জ গঠন ও জামিনের বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা।

এর আগে গত ৯ মার্চ চাঞ্চল্যকর এ হত্যা মামলায় ওই দম্পতির মেয়ে ঐশী রহমানসহ (১৯) চার জনের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন- ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি (২৭), মিজানুর রহমান রনি (২৫) ও গৃহকর্মী খাদিজা আক্তার সুমি। সুমি নাবালগ হওয়ায় তার বিরুদ্ধে আলাদা চার্জশিট দেয়া হয়েছে।

চার্জশিটে গৃহকর্মী সুমির বিরুদ্ধে তার সামনে কফিতে ঘুমের ওষুধ মেশানোর পরও তা মাহফুজ ও স্বপ্না রহমানকে না জানানো কিংবা ঘটনার সময় চিৎকার না দেয়া এবং লাশ গোপন করতে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

এর পর গত ৬ মে ঐশী তার দুই বন্ধু আসাদুজ্জামান জনি (২৭), মিজানুর রহমান রনির (২৫) বিরুদ্ধে চার্জ গঠন করেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক।

আজ মঙ্গলবার গৃহকর্মী সুমির বিরুদ্ধে চার্জ গঠন করা হলো।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পর দিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করে।

বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল

ঢাকা: আগামী ২৪ মে আইনজীবীদের মহাসমাবেশ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুপ্রিমকোর্টে আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।
image_91981_0
বেলা ১টার পরে জাতীয়তাবাদী আইনজীবীরা ফোরামের নেতা অ্যাডভোকেট আবেদ রেজা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার রাজার নেতৃত্বে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে একটি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে প্রতিদিন বেলা ১টার পরে  মিছিল ও সামবেশ করবেন বিএনপিপন্থি আইনজীবীরা।

নারায়ণগঞ্জ বারের আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ ও খুন ও  বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের ‘হস্তক্ষেপ’ বন্ধের দাবিতে গত ১৯ মে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে এ সমাবেশের ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আইনজীবীদের এ মহাসমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ ও জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’

শাহজালালে ফের সোনা উদ্ধার

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। সোমবার রাত সোয়া ১১টার দিকে বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জের সামনে থেকে কাউসার (৩৮) নামের এক ব্যক্তির কাছে ১০টি সোনার বার পাওয়া যায়।
image_82511_0
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী কমিশনার আসমা আরা জাহান জানান, টাইগার এয়ারওয়েজের একটি বিমানে করে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন কাউসার। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শুল্ক গোয়েন্দারা তাকে ট্রানজিট লাউঞ্জ থেকে আটক করে। তার ব্যাগ তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায়। এসব বারের ওজন এক কেজি।

কাউসারের গ্রামের বাড়ি কুমিল্লায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে এপিবিএন কর্মকর্তা জানান।

জাহাজ নির্মাণ ও ওষুধ শিল্পে ডেনমার্ককে বিনিয়োগের আহ্বান

ঢাকা: বাংলাদেশে পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ ও ওষুধ উৎপাদন শিল্পে বিনিয়োগে ডেনমার্কের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।তিনি বলেন, ‘বাংলাদেশি উদ্যোক্তারা ইতোমধ্যে ডেনমার্কে জাহাজ রপ্তানি করছে। গুণগতমানের জন্য জাহাজ রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছে। বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতে বিনিয়োগের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দিলে তা যথাযথভাবে বিবেচনা করা হবে।’বাংলাদেশে নিযুক্ত ডেনিস রাষ্ট্রদূত মিজ হ্যান ফুগল এস্কজেইয়ারের সঙ্গে বৈঠককালে শিল্পমন্ত্রী এ আহ্বান জানান।  সোমবার শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

image_91838_0.gif

এসময় ডেনিস রাষ্ট্রদূত জানান, ডেনমার্কের উদ্যোক্তারা বাংলাদেশে পরিবেশবান্ধব সবুজ শিল্পে বিনিয়োগে আগ্রহী। এ লক্ষ্যে ডেনমার্ক ও সুইডেনের উদ্যোক্তাদের একটি যৌথ বাণিজ্য প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকা সফরে আসছেন। প্রতিনিধিদলটি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, পানি ও বর্জ্য পরিশোধন, বায়োগ্যাস, বিদ্যুৎ, সামুদ্রিক যন্ত্রপাতি, স্টিল, টেক্সটাইল, স্যুয়ারেজ ব্যবস্থাপনাসহ অন্যান্যখাতে যৌথ বিনিয়োগের উপায় নিয়ে আলোচনা করবে।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের জনগণের পুষ্টিমান বাড়াতে ডেনমার্কের উদ্যোক্তারা কাজ করছে।  ইতোমধ্যে ডেনমার্কের একটি কোম্পানি বাংলাদেশে গুঁড়ো দুধ প্যাকেটজাত করে বিপণনের উদ্যোগ নিয়েছে।’

শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের পুষ্টিমান উন্নয়নে ডেনমার্কের উদ্যোক্তাদের এ প্রকল্প ইতিবাচক।’ তিনি বাংলাদেশেই গুঁড়ো দুধ উৎপাদন ও বিপণনের যৌথ প্রকল্প গ্রহণে রাষ্ট্রদূতকে পরামর্শ দেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ভূমি ও অন্যান্য সুবিধা দেয়া হবে বলে জানান মন্ত্রী।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন ও ডেনিস দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুনী ভাড়া করে মাকে হত্যা, মেয়ে গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ঈশ্বরগঞ্জে সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগে হালেমা খাতুন নামে এক মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে পাঁচদিনের রিমাণ্ড আবেদন করে হালেমাকে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ।
image_91847_0
গেল বছরের ১৩ অক্টোবর গভীর রাতে ভাড়া করা খুনিদের হাতে ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়নের কুর্শীপাড়া গ্রামের মৃত আব্দুল বারেক মাস্টারের স্ত্রী মা আমেনা বেগম (৯৫) নিজে ঘরে খুন হন। এ হত্যাকাণ্ডে সম্পৃক্ততা থাকায় তার নিজ মেয়ে হালিমাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৩ অক্টোবর গভীর রাতে বৃদ্ধা আমেনা ঘুমন্ত থাকা অবস্থায় ঘরের জানালা ভেঙে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। ঘরে অন্য কেউ না থাকার সুযোগে তার হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে তারা। এসময় ঘরে থাকা আলমিরার তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরদিন ১৪ অক্টোবর বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় মেয়েজামাতা আমিনুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ দীর্ঘ তদন্তে গত ফেব্রুয়ারির শেষের দিকে মাইজবাগ ইউনিয়নের রাউলেরচর গ্রামের ফারুখ মিয়াকে (৩১) সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। পরে ফারুখ মিয়া পুলিশের কাছে বৃদ্ধা হত্যাসহ আরো দুইটি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে ফারুখকে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফারুখ জানান, বৃদ্ধা মাকে হত্যার জন্য আড়াই লাখ টাকার চুক্তি হয় মেয়ে হালেমা বেগমের সঙ্গে। ২৫ হাজার টাকা নগদ দেয়া হয়। হালেমার নির্দেশেই টাকার বিনিময়ে বৃদ্ধাকে খুন করে ফারুখ।

জবানবন্দি অনুযায়ী খুনের সহযোগী পলাতক জহিরুল ইসলামকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রোববার অভিযান চালিয়ে বৃদ্ধা আমেনার মেয়ে হালেমা খাতুনকেও গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক ফারুখ হোসেন জানান, চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যামালাটি তদন্ত করতে গিয়ে আরো দুটি হত্যার ঘটনা স্বীকার করে হত্যাকারী। তাছাড়া অর্থের বিনিময়ে মেয়ের নির্দেশেই মাকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় হত্যাকারীরা।