বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

বুধবার মোজাফফর স্পিনিংয়ের বোর্ড সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মোজাফফর স্পিনিংয়ের পরিচালনা পর্ষদের সভার বুধবার অনুষ্ঠিত হবে।image_96563_0

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওইদিন বিকাল সাড়ে ৩টায় প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

পিটিভি কার্যালয়ে বিক্ষোভকারীদের হামলা, সম্প্রচার বিঘ্নিত

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির প্রধান কার্যালয়ে প্রবেশ করে হামলা চালিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। এ সময় তারা টিভির অনুষ্ঠান রুমের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এতে চ্যানেলটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আর্মি এসে তাদের বের করে দিলে চ্যানেলের সম্প্রচার পুনরায় চালু হয়েছে।image_96569_0

বর্তমানে পিটিভি ভবনের নিরাপত্তা দিচ্ছে দেশটির সেনাবাহিনী। তবে ভবনের বাইরে বিক্ষোভ করছে প্রতিবাদকারীরা।

পিটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মালিক একটি বেসরকারি টেলিভিশনকে জানিয়েছেন, এ ঘটনার সময় বেশ কিছু ভিডিও ক্যামেরা চুরি হয়ে গেছে। তাছাড়া চ্যানেলটির ভেতরের কিছু তার নষ্ট করে ফেলেছে প্রতিবাদকারীরা।

তিনি বলেন, পাকিস্তান টেলিভিশন সরকারের নয়, বরং এটি রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী।

এদিকে ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ এনে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ দাবিতে আন্দোলনরত ইমরান খান ও ধর্মীয় নেতা তাহিরুল কাদরির সমর্থকদের সঙ্গে আজ সকালেও পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিক্ষোভকারীরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ বাধে। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে। জবাবে পুলিশ টিয়ার সেল ছোড়ে।

এর আগে সরকার পতনের দাবিতে আন্দোলনরতরা শনিবার রাতে রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকারি বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত এবং অন্তত ৪০০ জন আহত হয়। সূত্র: ডন, জিও নিউজ

বিএনপি লাইফ সাপোর্টে: হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “বিএনপিকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।তাই তাদের এখন কোনো কার্যকলাপ নেই। শত চেষ্টা করেও দলটি লাইফ সাপোর্ট থেকে বের হতে পারছে না।”

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ও জনতার প্রত্যাশা আয়োজিত ‘চলমান রাজনীতি দেশবাসীর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।image_96565_0

হাছান মাহমুদ বলেন, “মু্ক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া পাকস্তানি সেনার হেফাজতে ছিলেন। ওই জেনারেলের মৃত্যুর পর তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রটোকল না মেনে শোকবার্তা পাঠিয়েছিলেন। এর মাধ্যমে খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কালিমা লেপন করেছিলেন।”

গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে বিকাশ লাভ করেছে দাবি করে তিনি বলেন, “সম্প্রচার নীতিমালা কোনো আইন নয়। নীতিমালা ছাড়া কোনো কিছু চলতে পারে না। এই নীতিমালার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”

সাবেক এই মন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গুম ও খুন করেছিল। যারা গুম ও খুন করেছে তাদের এ দেশে বিচার করা হবে। সে যে দলেরই হোক না কেন।”

যে সব মানবধিকার কর্মী গুম খুন নিয়ে রাজনীতি করছে তাদের এ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে হাছান মাহমুদ বলেন, “বিএনপি দেশের অন্যতম রাজনৈতিক দল। আমার তাদের শুভ কামনা করি।”

সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, “৭৫ সালে যে হত্যাকাণ্ড ঘটেছিল তা শুধু  অর্থবিত্ত লুটপাটের জন্য নয়, স্বাধীনতার ইতিহাস ধ্বংস করার জন্য। আর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের এ দেশে রাজনীতি ও বসবাসের অধিকার দিয়েছিল।”

তিনি বলেন, “স্বাধীনতাবিরোধীদের মোকাবেলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই শেখ হাসিনার নেতৃত্বে এ দেশকে এগিয়ে নিতে হবে।”

খালেদা ও তারেকের উদ্দেশ্যে তিনি বলেন, “মা ও ছেলে মিলে যে ষড়যন্ত্র করছে তা কোনোদিন সফল হবে না। যারা আওয়ামী লীগকে কুলাঙ্গার বলে তারাই আসলে এ দেশের কুলাঙ্গার।”

সভায় বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক মন্ত্রী সতীষ চন্দ্র রায়, সাবেক চিফ হুইপ আব্দুস শহিদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম মুরাদ  প্রমুখ।

বান্দরবান স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সের দাবিতে বিক্ষোভ

বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জরুরি ভিত্তিতে এ্যাম্বুলেন্স দাবি করে স্থানীয়রা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে তারা ইউএনওর মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেন।image_96566_0

জটিল রোগীদের পাঁচ হাজার টাকায় জিপ ভাড়া করে রুমা থেকে অন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। আবার অনেকের পক্ষে এত টাকায় গাড়ি ভাড়া করা সম্ভব হয়ে উঠেনা ।

লুপ্র মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য পলাশ চৌধুরী, থোয়াইসানু মার্মা, মংমংসিং, বাবুল বড়ুয়া প্রমুখ ।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন বছর আগে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দেয়া অ্যাম্বুলেন্সটি সদর হাসপাতালে ব্যবহার করা হচ্ছে । এ বিষয়ে সিভিল সার্জন ডা. মংতেঝ রাখাইন জানান সদর হাসপাতালে রোগীদের বাড়তি চাপ থাকায় উপজেলার অ্যাম্বুলেন্সটি আপাতত ব্যবহার করা হচ্ছে তবে কয়েকদিনের মধ্যেই আরো কয়েকটি নতুন অ্যাম্বুলেন্স পাওয়া গেলে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হবে ।

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তুং হাই নিটিং

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বস্ত্র খাতের প্রতিষ্ঠান তুং হাই নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
image_96567_0
জানা যায়, ২০১৪ সালের ৩১ মার্চ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জানু ’১৪-মার্চ ’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী তুং হাই নিটিংয়ের কর পরবর্তী মুনাফা হয়েছে এক কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ২৭ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে এক কোটি ১৬ লাখ টাকা ও ০ দশমিক ২৬ টাকা।

এখানে বেসিক ইপিএস হিসাব করা হয়েছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পূর্ববর্তী চার কোটি ৫১ লাখ ৩০ হাজার শেয়ারের হিসাবে। আইপিও পরবর্তী আট কোটি এক লাখ ৩০ হাজার শেয়ারের হিসাবে প্রথম প্রান্তিকে ইপিএস হবে ০ দশমিক ১৫ টাকা এবং প্রতি শেয়ারে সম্পদ হবে ১৩ দশমিক ০৩ টাকা।

প্রসঙ্গত, সোমবার থেকে দেশের উভয় পুঁজিবাজারে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে।

২৫ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেবে আমিন জুয়েলার্স

দেশের বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখা ২৫ গুণীজনকে সম্মাননা দেবে স্বর্ণের গয়না বিপণনকারী প্রতিষ্ঠান আমিন জুয়েলার্স। ২০১৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্ণ হচ্ছে, তাই এ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক কাজী আমিনুল ইসলাম।image_96564_0

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতেই মূলত এই সম্মাননার আয়োজন। সম্মাননা প্রাপ্তদের দুই ভরি স্বর্ণের একটি মেডেল ও তিন লাখ টাকার চেক দেয়া হবে।

কাজী সিরাজুল ইসলাম বলেন, দেশের স্বনামধন্য তিনজন শ্রদ্ধেয় ব্যক্তিকে জুরি বোর্ডের সদস্য করা হয়েছে। তারা স্বাধীনভাবেই এই সম্মাননা প্রাপ্তদের তালিকা চূড়ান্ত করবেন। এতে রাজনীতি কিংবা অন্য কোনো ধরনের প্রভাব থাকবে না। আগামী ১১ সেপ্টেম্বর সম্মাননা প্রাপ্তদের মনোনয়ন দেবে জুরি বোর্ড।

তিনি বলেন, ৫০ বছর উপলক্ষে সম্মাননার আয়োজন করেছি। আগামীতেও যাতে এই ধারা অব্যাহত থাকে সেজন্য অনুরোধ থাকবে।

কাজী আমিনুল ইসলাম বলেন, “সফলতার সঙ্গে দীর্ঘ ৫০  বছরে পদার্পণ যেকোনো প্রতিষ্ঠানের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা।  ১৬ কোটি মানুষের এই দেশে গুণীজনের সংখ্যা কেবল ২৫ জন নয়। কিন্তু আমাদের সামর্থ্য সীমিত। তাই ৫০ বছর উপলক্ষে ২৫ জন গুনীজনকে সম্মাননা দিতে মনস্থির করেছি।”

বিএনপি সংকটে নেই, দাবি ফখরুলের

বিএনপি নয়, বাংলাদেশ এখন কঠিন ও সবচেয়ে বড় সংকটে আছে বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।image_96558_0

মির্জা ফখরুল বলেন, “এখন গণতন্ত্র ও দেশের অস্তিত্ব টিকিয়ে রাখাই বড় সংকট। প্রধানমন্ত্রী যেভাবে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন তাতে রাজনীতি কলুষিত হচ্ছে।”

তিনি বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের গণতন্ত্র ও হরণ করা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমরা নতুন করে শপথ নিয়েছি। এজন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে  জনগণকে সম্পৃক্ত করে সর্বাত্মক আন্দোলন করা হবে।”

আন্দোলনের মাধ্যমেই অবৈধ ও জনগণের ওপর চেপে বসা সরকারকে জনগণ ও বিশ্ববাসীর কাছে গ্রহনযোগ্য নির্বাচন দিতে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি কঠিন সময় পার করছে- গণমাধ্যমের এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, “বিএনপি কঠিন সময় পার করছেন না। আমরা মনে করি বাংলাদেশ সবচেয়ে কঠিন ও সংকটের মধ্যে আছে। দেশে গণতন্ত্রের সংকট চলছে। জনগণের স্বত:স্ফূর্ত আন্দোলনের মাধ্যমে এই সংকটের উত্তরণ ঘটানো হবে।”

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন। আমি এর আগে বলেছি দয়া করে কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। জনগণের সমস্যার সমাধান করুন।”

সরকারবিরোধী আন্দোলন চলছে, চলবে বলেও দাবি করেন ফখরুল।

বিএনপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অত্যন্ত সুদৃঢ়।”

সোমবার সকাল ১১টা ২০ মিনিটে বেগম খালেদা মাজারে আসেন। এ সময় তার সঙ্গে দলের কেন্দ্রী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করা হয়।

এর আগে এজন্য সোমবার সকাল ৬টা থেকেই রাজধানীর শেরে বাংলানগর এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেন।

অন্যদিকে দিনটি উপলক্ষ্যে সমাধিস্থলের পাশে জিসাসের পক্ষ থেকে বিনামূল্যে রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়।

আন্দোলন চলবে, হুমকি ইমরান খানের

পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। সরকার বিরোধী হিংসাত্মক আন্দোলন খারিজ করে দিলেন আন্দোলনকারী নেতৃবৃন্দ।  পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ নেতা ইমরান খান জানিয়েছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই বক্তব্য আন্দোলনকারী আর এক নেতা তাহির উল-কাদরির। দাবি পূরণ না হওয়া পর্যন্ত পিছু হটার কোনও প্রশ্ন নেই বলে জানিয়েছেন প্রভাবশালী এই ধর্মীয় নেতা।image_96426_0

নওয়াজ শরিফের ইস্তফার দাবিতে ইমরান খান ও তাহির উল-কাদরির নেতৃত্বে প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে রওনা দেয় কয়েক হাজার সমর্থক৷ শরিফের বাসভবনের মধ্যে ঢোকার চেষ্টা চালায় তারা৷ তাদের এই আন্দোলন ঘিরে মধ্যরাতে অশান্ত হয়ে ওঠে ইসলামাবাদ। যার রেশ ছড়িয়ে পড়েছে অন্যান্য প্রান্তে।– ওয়েবসাইট

বাংলাদেশি ছাত্রের কৃতিত্বে জার্মানজুড়ে তোলপাড়

প্রবাসী বাংলাদেশি এক ছাত্রের কৃতিত্বে গোটা জার্মানিজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত চলছে আলোচনার ঝড়।

উচ্চতর ডিগ্রি অর্জনে বাংলাদেশের আদিব আহমেদ টটো-জার্মানিতে প্রকৌশল বিভাগে অধ্যয়নরত। লেখাপড়ার ফাঁকে খেলাধূলার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। টেবিল টেনিস খেলার প্রতি তার ছিল প্রচণ্ড আগ্রহ। জার্মানে গিয়েও তিনি বসে থাকেননি। নিয়মিত চর্চা করেছেন টেনিস খেলার। সেখানে সিঙ্গেল এবং ডাবল দু’টোতেই চ্যাম্পিয়ানশিপ ট্রফি অর্জন করে সারা জার্মানিদের তাক লাগিয়ে দিয়েছেন।image_96429_0

জার্মানিতে ক্রীড়াজগতের মিডিয়া এবং সবারই দৃষ্টি এখন বাংলাদেশের আদিব আহমেদের দিকে। জার্মান একটি প্রভাবশালী পত্রিকা এক পৃষ্ঠাব্যাপী বাংলাদেশ ও আদিব আহমেদের প্রশংসা করে ট্রফি জয়ের সচিত্র প্রতিবেদনও প্রকাশ করেছে। বাংলাদেশের সোশাল মিডিয়ায় তথা ফেসবুকেও আদিব আহমেদকে নিয়ে আলোচনার ঝড় বইছে।

প্রসঙ্গত, জার্মান টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপ ট্রফি অর্জনকারী আদিব আহমেদ হলেন-বাংলাদেশ ক্যারাম ফেডারেশন এর সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধাণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন-এর ছোট ভাই।

চাঁদপুরে বন্যা শুরু

চাঁদপুর শহরসহ জেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়ে গেছে। তবে এখন পর্যন্ত জোয়ারে পানি উঠে তা আবার ভাটায় নেমে যাচ্ছে। চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় অবস্থিত চরগুলো থেকে অবশ্য ভাটায় পুরো পানি সরছে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর শহরের  রহমতপুর আবাসিক কলোনি, পুরাণবাজার কলেজ রোড, পশ্চিম ও পূর্ব জাফরাবাদ, হরিসভা এলাকার কিছু কিছু অংশে জোয়ারের পানি প্রবেশ করেছে।image_96436_0

এদিকে চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর পানিও ফুলে-ফেঁপে উঠেছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী  চাঁদপুরের বড়স্টেশন এলাকায় মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি  শনিবার  সকাল নয়টায় এবং সন্ধ্যার পর বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। জেলায় বন্যা শুরু হয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ড কোনো নিয়ন্ত্রণ কক্ষ খোলেনি।

দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থানরত চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন মুঠোফোনে জানিয়েছেন, তারা জেলার বন্যা কবলিত মানুষকে সহায়তা দেয়ার জন্য সরকারের কাছে নগদ ৫ লাখ টাকা এবং ৩০০ মেট্রিক টন চাল দেবার জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।