বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

ঢাকা মেডিকেলের টয়লেটে শিশুর ভ্রুণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের আলট্রাসনো বিভাগের পাশের image_98068_0শৌচাগার থেকে একটি শিশুর ভ্রূণ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল আটটার দিকে ভ্রূণটি উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ভ্রূণটির বয়স আনুমানিক তিন মাস। ভ্রূণটি কীভাবে সেখানে এলো, তা জানা যায়নি।

আফ্রিদিকেই টি-২০ অধিনায়ক করার পক্ষে পিসিবি

আগামী ১৬ সেপ্টেম্বর পাকিস্তানের টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত করা হবে৷ পাশাপাশি বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের পুল বাছাইয়ের কাজও চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে৷ পিসিবি প্রধান শাহরিয়ার খান এদিন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন৷image_98069_0

এখনও পর্যন্ত যা খবর, তাতে শাহিদ আফ্রিদিকেই আবার অধিনায়ক হিসেবে বাছতে চলেছে পিসিবি৷ মহম্মদ হাফিজ টি-২০ বিশ্বকাপের পর সরে দাঁড়ানোয় এখন আফ্রিদিকেই আবার দলনেতা করার পক্ষপাতি বোর্ড কর্তারা৷ হাফিজ সরে দাঁড়ানোর কারণ হিসেবে জানিয়েছিলেন, ‘ এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত৷ টিমের পারফরম্যান্সের ব্যাপারে সমস্ত দায়িত্ব নিচ্ছি আমি৷’- ওয়েবসাইট।

ভারতে আরো ৫ বছর নিষিদ্ধ সিমি

স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) ওপর আরোপিত কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার মেয়াদ আরো পাঁচ বছর বাড়ল।

শুক্রবার এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল, ভারতের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা চালাতে তহবিল সংগ্রহের জন্য পুনরায় সংগঠিত হচ্ছে সিমি। এই রিপোর্টের ভিত্তিতে সরকার সিমির নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছে।image_98062_0

ভারতীয় গোয়েন্দাদের সূত্রের খবর, পাকিস্তানসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইন্ডিয়ান মুজাহিদিন কমাণ্ডাররা ভারতে আত্মগোপনকারী জঙ্গি সদস্যদের সম্প্রতি এক নির্দেশনা পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, সিমিকে পুনরায় সংঘবদ্ধ হতে তারা সক্রিয় সাহায্য করেছে।

প্রসঙ্গত, ১৯৭৭ সালে ভারতের উত্তর প্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি)র জন্ম। সন্ত্রাসবাদী কার্য়কলাপে মদদ দেয়ার অভিযোগে ২০০২ সালে ভারত সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। ২০০৭ সালে ভরতের হাইকোর্ট সিমি সম্পর্কে কূট মন্তব্য করেছিল।

এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে জেহাদ ছড়ানোর আল কায়দা নেতা আইমান আল জাওয়াহিরি যে নির্দেশ দিয়েছেন তার সত্যতা যাচাই করছে ভারত সরকার। শুক্রবার দিল্লিতে এ তথ্য জানিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, জাওয়াহিরির ভিডিও বার্তাটি কতটুকু সত্য, তা পরীক্ষা করছে সরকার।

তিনি জানান, আল কায়েদার হুঁশিয়ারির পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশজুড়ে হাই এলার্ট ঘোষণা করা হয়েছে।–ওয়েবসাইট।

বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব মমতার

সারদার আমানতকারীদের অর্থে বাংলাদেশে মৌলবাদীদের পুষ্ট করা হয়েছে বলে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হচ্ছে। আর এই অর্থ পাচারের পেছনে তৃণমূল কংগ্রেসের এক রাজ্যসভা সাংসদের নাম ওঠার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলামকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেকে পাঠানোর ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ খবর জানিয়েছে দৈনিক হিন্দু পত্রিকা। তবে আবিদা ইসলাম এ খবর অস্বীকার করেছেন।image_98064_0

এদিকে বাংলাদেশে মৌলবাদী আন্দোলনকে পুষ্ট করতে সারদার আমানতকারীদের অর্থ যার মাধ্যমে পাঠানো হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে সেই তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরান সম্পর্কে মৌলবাদী যোগাযোগের নানা তথ্য সংবাদ মাধ্যমে উঠে আসছে। ইমরান জামায়েতের সংবাদপত্র ‘নয়াদিগন্ত’ এবং ‘দিগন্ত টিভির’ ভারত প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ফলে তার সঙ্গে জামায়েত নেতাদের যোগাযোগ থাকাটা স্বাভাবিক। এখনও বাংলাদেশ উপ-দূতাবাসের অতিথির তালিকায় তার নাম রয়েছে।

ইমরান একসময় ভারতে সিমির (স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া) প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গে সিমিরও প্রধান ছিলেন তিনি। সিমির মুখপত্র হিসেবে ‘কলম’ নামে একটি সাময়িকীও তিনি প্রকাশ করতেন। সেটিই মমতা সরকার গঠনের পর সারদা গোষ্ঠীর কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করা হয়। সেটি তখন ইমরানের সম্পাদনাতেই দৈনিক হিসেবে প্রকাশিত হয়। বাঙালি মুসলমানদের কাগজ হিসেবে তুলে ধরতে এটির উদ্বোধনে মমতা নিজেই হাজির হয়েছিলেন।

সিমি ২০০১ সালে ভারতে নিষিদ্ধ হলেও ইমরান তার সম্পর্ক বজায় রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন গোয়েন্দা এজেন্সির রিপোর্টে। পশ্চিমবঙ্গে মৌলবাদী কাজে তার যোগাযোগ সম্পর্কে রাজ্যের গোয়েন্দাদের সতর্কবার্তা প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, এসব জানা সত্ত্বেও মমতা তাকে রাজ্যসভার সাংসদ করলেন কেন?

তবে ইমরান তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

অবশেষে মাস্টার্স পাস করলেন ফেরদৌস!

চিত্রনায়ক ফেরদৌস মাস্টার্স পাস করেছেন! এই বয়সে শুনলে যে কেউই অবাক হবেন। কিন্তু বিষয়টা সত্যিই মাস্টার্স পাস করারই মতো।

বৃহস্পতিবার বিকেলে সারাদিন ভীষণ টেনশনে কেটেছে। কারণ ওইদিন তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘এক কাপ চা’ সেন্সর বোর্ডের সদস্যরা দেখছিলেন।

যেহেতু প্রথম প্রযোজিত ছবি তাই সেদিন সকাল থেকেই ভীষণ টেনশন হচ্ছিল। ফেরদৌসের যেন মনে হচ্ছিল আর কিছুক্ষণ পরেই তার মাস্টার্স পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।image_98054_0

ফেরদৌসের ‘এক কাপ চা’ ছবিটি গত বৃহস্পতিবার আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করেছে। ফেরদৌস বলেন, ‘আমার ছবিটির সেন্সর ছাড়পত্র নিয়ে আমি বেশি উত্কণ্ঠায় ছিলাম না। আমার শুধু একটাই চিন্তা ছিল যে যারা সেন্সর বোর্ডে আছেন তাদের ছবিটি ভালো লাগবে কিনা।

কারণ আমি আমার সীমিত সবকিছুর মধ্যেই কাজটি যথেষ্ট আন্তরিকতা নিয়ে শেষ করেছি। ভীষণ টেনশন হচ্ছিল। মনে হচ্ছিল, যেন একটু পরেই আমার মাস্টার্স পরীক্ষার রেজাল্ট দেবে। কিন্তু অবশেষে সেন্সর বোর্ড ছবিটির ভূয়সী প্রশংসা করায় হাঁফ ছেড়ে বাঁচলাম।

আমি চেষ্টা করেছি কমেডি ধাঁচের লাভ স্টোরি দর্শকদের উপহার দিতে। আশা করি ভালো লাগবে দর্শকের।

সেন্সর বোর্ড থেকে ফেরদৌসকে প্রথম ফোন করে খুশির খবরটি প্রথম জানান সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক, বাচসাস সভাপতি আবদুর রহমান।

‘এক কাপ চা’ ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন বাসু চ্যাটার্জি। ছবিটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। ছবিটির সংগীত পরিচালনা করেছেন নচিকেতা, আইয়ুব বাচ্চু, ইমন সাহা, এস আই টুটুল, ফুয়াদ ও ঋষি।

নায়করাজ রাজ্জাক, আলমগীর থেকে শুরু করে প্রয়াত অমল বোসসহ অনেকেই ছবিটিতে অভিনয় করেছেন।

ওপার বাংলা থেকে মুঠোফোনে চিত্রনায়ক ফেরদৌসকে শুভেচ্ছা জানিয়ে এই ছবির নায়িকা ঋতুপর্ণা বলেন, ‘নিঃসন্দেহে এটা অনেক খুশির খবর যে ফেরদৌসের ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করেছে।

ছবিটি যেন দর্শক হলে গিয়ে উপভোগ করেন এটা আমার বিশেষ অনুরোধ থাকল। ছবিটি মুক্তির সময় আমি একবার হলেও ঢাকায় আসার চেষ্টা করব।’

উল্লেখ্য, এই ছবির তিনটি প্রধান চরিত্র শফিক, দীপা এবং দিলরুবা চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী ও ঋতুপর্ণা।

সেনবাগে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী আটক

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।image_98053_0

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের মোটবি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ডমুরয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক বি.এ, সেক্রেটারী মাঈন উদ্দিনসহ ১৪ জন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত শিবিরের নেতাকর্মীরা ওই বাড়িতে গোপনে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈঠকরত অবস্থায় জামায়াত শিবিরের ১৪ নেতা কর্মীকে আটক করা হয়।

জয়ের প্রত্যাশায় মাঠে নামছে টাইগাররা

জিততে যেন ভুলেই গেছে বাংলাদেশ। একের পর এক ব্যর্থতায় বার বার মাথা হেট হচ্ছে মুশফিকদের। ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনো সাফল্যের মুখ দেখেনি বাংলাদেশ।

আর তাই এ সফরের দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ের প্রত্যাশায় মাঠে নামছে টাইগাররা। তবে আজ ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট ম্যাচ-সে বিষয়টিও মাথার রাখতে হচ্ছে বাংলাদেশের অধিনায়কের।image_98052_0

তবে শুভ সংবাদ একটাই- দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলছে না ক্রিস গেইল।

শনিবার সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ। এই টেস্ট দিয়ে ইতিহাসের সাক্ষী হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট ম্যাচ এটি। তারা জিতে স্মরণীয় করে রাখতে চেষ্টা করবে, স্বাগতিক খেলোয়াড়দের জন্য যা চ্যালেঞ্জিংও। এর আগে ইংল্যান্ড (৯৫২) ও অস্ট্রেলিয়াই (৭৬৭) এ মাইলফলক পেরিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনো সাফল্যের মুখ দেখেনি বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হারের পর টেস্ট সিরিজও হারের পথে বাংলাদেশ। শেষ টেস্টটি জিততে না পারলে আরেকটি টেস্ট সিরিজ হারবে। সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে ১০ উইকেটে জয় পায় ক্যারিবিয়ানরা।

হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ শিবিরে ম্যাচের আগে খানিকটা স্বস্তি ফিরে পেয়েছে। কারণ ব্যক্তিগত কারণে শেষ টেস্টে খেলবেন না ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। গেইলের পরিবর্তে টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিওন জনসন।

টেস্টে না খেললেও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। এদিকে এই টেস্ট দিয়ে একাদশে ফিরতে যাচ্ছেন ওপেনার আনামুল হক বিজয়। ইমরুল কায়েস এ টেস্টে খেলতে পারছেন না চর্মরোগে আক্রান্ত হওয়ার কারণে।

ইমরুলের অসুস্থতায় কপাল খুলেছে বিজয়ের। গত বছর অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন।

প্রথম টেস্টে মুশফিকুর রহিমের সেঞ্চুরি ও তাইজুলের পাঁচ উইকেট ছিল বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি। মুশফিক ক্যারিয়ারের তৃতীয় শতক এবং তাইজুল প্রথম খেলতে নেমেই পাঁচ উইকেট তুলে নেন।

ক্লান্তি ও ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম টেস্টে ভালো করা হয়নি। প্রথম ইনিংসে ফলোঅনে পড়া বাংলাদেশের মধ্যে মুশফিক একাই শেষ পর্যন্ত লড়াই করেন। দ্বিতীয় ইনিংসে তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশত এবং মুশফিকের শত রানের ইনিংসে স্বস্তি ফিরে পায় বাংলাদেশ।

আজমলের পাশে সাকলাইন

সাকলাইন মুস্তাকের সাহায্য চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সাবেক অফ-স্পিনার সাকলাইন আগেই জানিয়েছিলেন যে তিনি সাইদ আজমলকে বোলিং সংক্রান্ত যেকোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত আছেন।

এবার পিসিবি চাইছে সাকলাইনের বোলিং পরামর্শ নিয়েই ২০১৫ বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করুক আজমল।image_97796_0

এই মুহূর্তে লন্ডনে রয়েছেন সাকলাইন এখানেই তার বোলিং অ্যাকাডেমি রয়েছে। সাকলাইন বলেন, “আজমলকে সাহায্য করার জন্য পিসিবি আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি জানি আজমলের বোলিং নিয়ে কিছু সমস্যা হচ্ছে। তবে আমি নিশ্চিত ও নিজের বোলিং অ্যাকশন সুধরে নিতে পারবে।”

আইসিসি-র নিয়মে বল করার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি ঘুরলে তা অবৈধ বলে বিবেচিত হয়।

সেই নিয়ম ভাঙ্গার অপরাধেই মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আজমলকে নির্বাসিত করে আইসিসি। আজমলের নির্বাসনের বিরুদ্ধে আইসিসি-তে আবেদন না-করার সিদ্ধান্ত নিয়ে বোলিং অ্যাকশন পাল্টিয়ে  আজমলকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করছে পিসিবি।

আইসিসি-র ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার আজমল। দেশের হয়ে ৩৮২টি উইকেটও রয়েছে তার। তাই বিশ্বকাপের আগে আজমলকে দলে ফেরাতে মরিয়া পাকিস্তান। –ওয়েবসাইট।

২০ দলের প্রতিবাদ সমাবেশ বিকালে, প্রস্তুত মঞ্চ

বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফেরাতে সংবিধান সংশোধন উদ্যোগের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের মঞ্চ প্রস্তুত।

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় এ প্রতিবাদ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।image_97799_0

ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ২০ দলের প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহবায়ক মির্জা আব্বাস।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই ইস্যুতে বুধবার সারাদেশের জেলা ও মহানগরে প্রতিবাদ সভা করেছে ২০ দল।

সমাবেশ ঘিরে শাহবাগ থেকে মৎস্য ভবন মোড় হয়ে প্রেস ক্লাব পর্যন্ত ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। এছাড়া রুপসী বাংলা হোটেল, কাকরাইল, বিজয়নগর প্রতিটি মোড়েই নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমেরিকায় জিয়াউর রহমানের নামে সড়ক

আমেরিকার ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগোতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণ করা হয়েছে। আগামী রোববার এ সড়ক উদ্বোধন করা হবে।

‘জিয়াউর রহমান ওয়ে’ নামে শিকাগো শহরে অবস্থিত এ সড়কের চূড়ান্ত নামকরণসহ সাইনবোর্ড উদ্বোধন করবেন সিটি মেয়র রাম ইমান্যুয়েল।

ওই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের একটি প্রতিনিধিদল অংশ নেবেন।image_97794_0

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা মজিবুর রহমান মজুমদার এবং বিশেষ উপদেষ্টা ও বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদী জানায়, শিকাগো সিটি কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমানের নামে শহরের একটি রাস্তার নামকরণ করা হচ্ছে। এর পেছনে কাজ করেছেন ইলিনয় স্টেটের সেক্রেটারি অব স্টেট জেসি হোয়াইটের অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য এবং গভর্নরের এশিয়া বিষয়ক অ্যাডভাইজারি কমিটির সদস্য শাহ মোজাম্মেল নান্টু।

সিটির মেয়র রাম ইমানুয়েল এবং সিটির চেয়ার অ্যামিরেটাস অলডারমেন ম্যুর-এর কাছে আবেদনের মাধ্যমে রাস্তার নামকরণের প্রক্রিয়া শুরু হয়।

শাহ মোজাম্মেল নান্টু জানান, জিয়াউর রহমানের নামে রাস্তার নামকরণের ক্ষেত্রে আমরা কেবল উদ্যোগ, তথ্য-প্রমাণ সরবরাহ এবং লবিস্টের কাজ করেছি।

সার্বিক সহায়তা করেছেন অলডারমেন ম্যুর। সিটি কাউন্সিলের সব নির্বাচিত নেতৃত্ব এবং কর্মকর্তারা ইতিবাচকভাবে সাড়া দেয়ায় একাজটি সম্ভব হয়েছে।

এছাড়া বাংলাদেশ কমিউনিটি অব শিকাগোল্যান্ডের নেতৃবৃন্দও এ কাজে সার্বক্ষণিক সহায়তা করেছেন বলে তিনি জানান।

জিয়াউর রহমানের নামে সড়ক উদ্বোধনের পর সেখানে বাংলাদেশি বংশোদ্ভুত নাগরিকদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শিকাগো ছাড়াও বিভিন্ন স্টেটের বিএনপি নেতারা অংশ নেবেন।

শিকাগোতে জিয়াউর রহমান সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকতে চেয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি আসতে পারছেন না।

এজন্য তার পক্ষে বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী ও তারেক রহমানের বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা মজিবুর রহমান মজুমদার এবং বশেষ উপদেষ্টা ও বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।