বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

বৃটেনে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা

hamidiবৃটেনের উত্তর-পূর্ব লিঙ্কশায়ারে এক বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইমামের নাম মাওলানা জুবায়ের আলম হামিদী। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে লন্ডন থেকে ১৭৫ মাইল দূরবর্তী গ্রিমসবি শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৮টায় খবর পেয়ে গ্রিমসবির ফ্রিম্যান স্ট্রিটে মাওলানা হামিদীকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করার কথা জানিয়েছে।

নিহত ইমামের স্বজনরা জানান, মঙ্গলবার ভোররাতে গুলি করে হত্যা করা হয় হামিদীকে।ঘটনার সময় নিহত হামিদীর সঙ্গে তার এক ভাইও ছিলেন ঘরে। সকালে হামিদীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত দেখতে পেয়ে ওই ভাই থানায় টেলিফোন করেন। পুলিশ গিয়ে ভাইকে আটক করে।

প্রসঙ্গত, নিহত মাওলানা হামিদী মৌলভীবাজারের ‘বরুনার পীর’ হিসেবে পরিচিত সিলেটের প্রখ্যাত আলেম মাওলানা লুৎফুর রহমান বর্ণভী রহ.-এর নাতি। গ্রেটার লন্ডনের এসেক্সের ক্লাকটন অন সি-তে পরিবার নিয়ে বাস করতেন তিনি। তিন মেয়ে ও এক ছেলের জনক তিনি।লন্ডনের টেলিভিশন ফান্ডরেইজিং অনুষ্ঠানের পরিচিত মুখ মাওলানা শেখ সালেহ আহমদ হামিদী নিহতের বড় ভাই।

হলমার্কের জেসমিনের বিরুদ্ধে আদালতে দুদকের অভিযোগপত্র

jesminহলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদের বিবরণী দাখিল না করায় বুধবার দুদকের উপপরিচালক মনজুর মোর্শেদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে জেসমিন ইসলামকে পলাতক উল্লেখ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে দুদক।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, জেসমিন ইসলামের সম্পদের বিবরণী চেয়ে গত বছরের ১৩ নভেম্বর নোটিশ দেয় দুদক।

ওই নোটিশের পরও সম্পদের বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুদক আইনের ২৬-এর ২ ধারায় অভিযোগপত্র দেয়া হয়েছে।

ট্রাকচাপায় একই পরিবারের চারজন নিহত

road acciমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাকচাপায় দুই শিশুসহ চার সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

তারা হলেন জামালপুর জেলার মাদারগঞ্জের কাজলী বেগম (৪০), তার মেয়ে ফুলমতি (২২) ও আয়েশা (৪) এবং ফুলমতির ছেলে মারুফ (৩)।

বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ার  জামালদি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস হাসান বলেন, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক মেঘনা সেতু সংলগ্ন জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টে গিয়ে দুইটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশার ভেতরে থাকা মা, মেয়ে, ছেলে ও নাতি ঘটনাস্থলেই নিহত হন।

তারা সকলেই জামালপুর জেলার মাদারীগঞ্জ থানার চানপুর গ্রামের বাসিন্দা। তারা জামালদি আত্মীয়ের বাসায় বেড়াতে আসছিলেন।

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।

সকলের সহযোগিতায় বন্ধ হতে পারে সড়ক দুর্ঘটনা

obaidul22সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা একার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। সকলের সহযোগিতায় বন্ধ হতে পারে সড়ক দুর্ঘটনা।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর কাকরাইল থেকে একটি শোভাযাত্রা ও র‌্যালির উদ্ধোধনীতে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

কাকরাইলে নিরাপদ সড়ক চাই এর কার্যালয় থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় শুধু সাধারণ যাত্রী নয়, চালকরাও মারা যেতে পারে।

সম্প্রতি নাটোরে সড়ক দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যে দুর্ঘটনা প্রবণ পয়েন্টগুলো চিহ্নিত করা হয়েছে। বাকি ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করার কাজ চলছে।

শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

বিএনপি-জামায়াত ইসরায়েলি বর্বরতাকেও হার মানিয়েছে: হাছান মাহমুদ

hasan mahmudবিএনপি- জামায়াতের নাশকতা ইসরায়েলের বর্বর বাহিনীকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত যদি ২০১৩ সালের ন্যায় দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য করে তবে তাদেরকে আর রাজপথে নামতে দেয়া হবে না। প্রয়োজনে তাদের তালা বন্ধ করে রাখা হবে।

হাছান মাহমুদ আরো বলেন, বর্তমান সরকারকে বৈধতা দিচ্ছে একের পর এক রাষ্ট্র। যারা বর্তমান সরকারকে অবৈধ বলছে তাদেরকে বিশ্ব সম্প্রদায় ও জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

আদালতকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে

rafiqulআদালতকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা মামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, সরকার সম্পূর্ণ মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। তারা এদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করছে। তবে আর বেশী দিন তাদের এ হামলা-মামলা সহ্য করা হবে না। জনগণের মাধ্যমে এ অবৈধ সরকারের পতন নিশ্চিত করা হবে।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,  ব্যরিস্টার বদরুদ্দোজা বাদল, এডভোকেট মীর নাসির উদ্দীন চৌধুরী, এডভোকেট জয়নাল আবদীন, এডভোকেট তৈইমুর আলম প্রমুখ। 

হিংসাত্মক কর্মকাণ্ড চালালে আইনি ব্যবস্থা

assadujzamস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জনগণ বিএনপির সঙ্গে নেই। তারা যতই আস্ফালন করুক আন্দোলনে সফল হতে পারবে না।

তিনি বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তারা তাদের মতো আন্দোলন করতে পারে। তবে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও হিংসাত্মক কর্মকাণ্ড চালালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

রোববার হরতাল ডেকেছে ইসলামী দলসমূহ

islami dolইসলাম ধর্ম, মহানবী (স:) ও হজ নিয়ে কটূক্তির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে ২৬ অক্টোবর রোববার হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামী দলসমূহ ।

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামি দলের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান হরতালের এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের ঘোষণা দিয়ে সরকার জনগণের আইওয়াশ করার চেষ্টা করছে। লতিফ সিদ্দিকীকে শাস্তি দেয়ার ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেনা। আর ভবিষ্যতে যে নেবে তার লক্ষণ আমরা দেখছি না।

মাওলানা জাফরুল্লাহ বলেন, লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতেই আমাদের এই হরতাল। যদি হরতালে কোন প্রকার বাধা দেয়া হয়। তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সম্মিলিত ইসলামী দলের যুগ্ম-মহাসচিব ড.খলিলুর রহমান মাদানী, ইসলামী পার্টির চেয়ারম্যান এডভোকেট আবদুল মোবিন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের।

দারিদ্র্য বিমোচন-মানব উন্নয়নে বাংলাদেশ ভালো করছে

world bank22বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে তা সক্ষমতার চেয়ে কম গতিতে। বাংলাদেশ সম্পর্কে এক প্রতিবেদনে এ কথাই বলেছে বিশ্ব ব্যাংক।

পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে অনিশ্চয়তার শঙ্কার কথাও জানিয়েছে এ সংস্থা। তবে দারিদ্র্য বিমোচন এবং মানব উন্নয়নে বাংলাদেশ ভালো করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক এ প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরেন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তার সঙ্গে সংস্থার বাংলাদেশ মিশনের প্রধান জোহানসেন জাটও ছিলেন।

রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ সালমান জেইদি, রিসার্চ অ্যানালিস্ট নাদিম রিজওয়ান ও যোগাযোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব ।

বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চললেও সম্ভাবনার সবটুকু ব্যবহার করতে এখনও পারছে না বলে মনে করছে বিশ্ব ব্যাংক। বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উন্নতির কথা বললেও যোগাযোগ ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এক বছর আগে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে যে সময় লাগত; এখন তার চেয়ে বেশি সময় লাগে বলে উল্লেখ করা হয়েছে এতে।

এদিকে পদ্মা সেতুর কাজ দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছে বিশ্ব ব্যাংক। যদিও বহু বিতর্কের পর  ওই সেতু প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নেয় এ সংস্থা।

প্রতিবেদনে চলতি অর্থবছরে (২০১৪-১৫) বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ অর্জিত হওয়ার আভাস দেওয়া হয়েছে। তবে খাদ্যে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কাও প্রকাশ করেছে তারা।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে দারিদ্র্য বিমোচনে অগ্রগতির কথা তুলে ধরে বলা হয়েছে, চলতি ২০১৪ সালে দারিদ্র্যের হার ২৪ দশমিক ৪৭ শতাংশে নেমে আসবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে ছিল। ২০১০ সালে ছিল ৩১ শতাংশ।

দারিদ্র্য বিমোচনের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছে বিশ্ব ব্যাংক। বলা হয়েছে বিদেশে শ্রমশক্তি রপ্তানি বাড়ায় বেকার সমস্যা সমাধানে অবদান রেখেছে। ২০১৩ সাল শেষে কর্মসংস্থান বেড়ে ৫ কোটি ৬৫ লাখে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৬.২ শতাংশ হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সরকার অবশ্য চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে ৭ দশমিক ৩ শতাংশ।
 
বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ জাহিদ হোসেন ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধিকে ‘সন্তোষজনক’ উল্লেখ করে বলেন, বিনিয়োগ বাড়ানো ছাড়া প্রবৃদ্ধি ৭ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব নয়। সাত শতাংশের বেশি প্রবৃদ্ধির জন্য বর্তমানের ২৮ শতাংশ বিনিয়োগ (জিডিপির) ৩৪ থেকে ৩৫ শতাংশে নিয়ে যেতে হবে।

জাহিদ হোসেন আরো বলেন, বর্তমানে ২২ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। এটি খুবই সন্তোষজনক। এই রিজার্ভ দিয়ে ছয় মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব।

প্রতিবেদনে রাজনৈতিক পরিস্থিতি কতদিন স্থিতিশীল থাকবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক।

রাজনৈতিক পরিস্থিতির এই অনিশ্চয়তা বিনিয়োগে প্রভাব ফেললে অর্থনীতি ফের নেতিবাচক ধারায় যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়তে পারে। এতে চাপে পড়তে পারে  বৈদেশিক মুদ্রার মজুদ।

এদিকে তৈরি পোশাক কারখানার সমস্যা ইউরোপের বাজারে রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উল্লেখ করে এই শিল্পের পরিবেশ উন্নত করতে নেওয়া পদক্ষপ দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।

বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন না করলেও এই সেতুর কাজ দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছে। এতে পদ্মা সেতুসহ অবকাঠামো খাতের চার প্রকল্পকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে নিয়ে সেগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানসেন জাটও তার বক্তব্যে বলেন, বিশ্বব্যাংক বর্তমানে ইবোলা ভাইরাস আক্রান্ত দেশগুলোকে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। তাছাড়া আগামীতে বিশ্বব্যাপী অবকাঠামো উন্নয়নে অর্থায়ন গ্যাপ কীভাবে কমানো যায় ও জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত সমস্যা সমাধান কীভাবে করা যায় সে জন্য ক্লাইমেট চেঞ্জ স্ট্রাটেজি তৈরি করা হচ্ছে।

চমক নিয়ে আসছে ‘পিকে’

pkপোস্টার প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনা এবং সমালোচনার মধ্যে রয়েছে আমিরের পিকে ছবিটি। এ ছবির প্রতি দর্শকদের দৃষ্টি আকর্ষণের কোনো ত্রুটি করছেন না পিকে ছবির সঙ্গে সংশ্লিষ্টরা।

এদিকে দর্শকদের জন্য নাকি আরো চমক অপেক্ষা করছে। ২৩ অক্টোর বৃহস্পতিবার এ ছবির ট্রেইলার দিয়ে দর্শকদের নাকি আরো বেশি চমকে দিতে চান এ সিনেমার সংশ্লিষ্টরা।

সম্প্রতি পিকে ছবির টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘তিন দিন পরে পিকে ছবির যে ট্রেইলার আসছে তাতে আরো বেশি চমক থাকছে দর্শকদের জন্য।’ এ ছবির প্রথম পোস্টারে আমিরকে নগ্ন অবস্থায় দেখা গিয়েছিল। তখন থেকেই মূলত শুরু হয়েছিল সমালোচনার ঝড়। এমনকি আদালতেও হাজির হতে হয়েছে আমির এবং এ ছবির পরিচালক রাজ কুমার হিরানিকে।
 
আমির বছরে একটি ছবিতে কাজ করেন এ কথা সবার জানা। গত ডিসেম্বরে ধুম থ্রি ছবির ব্যাপক সফলতার পর পিকে ছবির সফলতার বিষয় নিয়ে তার আগ্রহটা যেন একটু বেশিই।

চলতি বছরের ১৯ ডিসেম্বর মুক্তি পাবে পিকে ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন আমির খান, আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, সুশান্ত সিং রাজপুত প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন রাজ কুমার হিরানি।