মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

বাংলাদেশের সংস্কারে পাশে থাকার আশ্বাস গুতেরেসের

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি উষ্ণ অভ্যর্থনা জানানোয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বার্তায় তিনি বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই।
বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সংগত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে।’

এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব একই উড়োজাহাজে কক্সবাজার ভ্রমণ করেন।

চার দিনের সফরে গতকাল বৃহস্পতিবার ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

চলতি বছরের অক্টোবরে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দুই বোর্ড ইতোমধ্যেই আলোচনায় বসেছে। আশা করা হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে একমত হবে দুই বোর্ড। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর একটি কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরো আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।’

সিরিজটি অক্টোবরে হতে পারে জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।’

প্রাথমিকভাবে আফগানিস্তান ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল আফগানিস্তানের।
তবে ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে সিরিজটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এরপর ভারতের গ্রেটার নয়ডায় জুলাই-আগস্ট মাসে একটি সীমিত ওভারের সিরিজ (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি) আয়োজনের প্রস্তাব দেয় এসিবি, কিন্তু সেটিও বাস্তবায়িত হয়নি। বিসিবির ধারণা ছিল সেই সময় ভারতের সেই অংশের আবহাওয়া সিরিজ খেলার জন্য আদর্শ হবে না।

বাংলাদেশ ও আফগানিস্তান শেষ পর্যন্ত গত বছরের নভেম্বরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের একটি ওডিআই সিরিজ খেলে।
এবার দুই দেশের ক্রিকেট বোর্ডই সুবিধাজনক সময়ে টি-টোয়েন্টি সিরিজটি আয়োজনের আত্মবিশ্বাসী।

শাহরুখের ‘কিং’-এ অভিষেকের নতুন রূপ, আসছে বড় ধামাকা

‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ চলচ্চিত্রের সাফল্যের পর দর্শকেরা এখন শাহরুখ খানের পরবর্তী সিনেমা নিয়ে অধীর অপেক্ষায়। এবার সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ অভিনীত ছবি ‘কিং’ সিনেমা নিয়ে আলোচনার ঝড় চলছে। ছবিতে সুহানা খান, অভিষেক বচ্চন এবং অভয় বর্মাকে মুখ্য ভূমিকায় দেখা যাবে।

২০২৫ সালের মে-জুন মাসে ছবির শুটিং শুরু হবে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিষেক বচ্চন ‘কিং’ ছবিতে তাঁর চেহারায় বড় ধরনের পরিবর্তন আনতে প্রস্তুত। সিদ্ধার্থ আনন্দ ছবিতে তাঁকে একেবারে নতুন অবতারে পর্দায় তুলে ধরবেন।

অভিষেক ইতিমধ্যেই শুটিংয়ের জন্য প্রশিক্ষণ শুরু করেছেন পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে অ্যাকশন থ্রিলারে তাঁর চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ডায়েট ও অভিনয় চর্চার পাশাপাশি তিনি চেহারা পরিবর্তনের উপর গুরুত্ব দিচ্ছেন যাতে দর্শকদের কাছে তিনি নতুন এক রূপে নিজেকে হাজির হতে পারেন।
এটি শাহরুখের সঙ্গে তাঁর প্রথম নেগেটিভ চরিত্র হবে।

‘কিং’ সিনেমায় শাহরুখ, সুহানা এবং অভিষেকের পাশাপাশি একজন বড়মাপের অভিনেত্রীও থাকবেন। নির্মাতারা বলছেন, শাহরুখের বিপরীতে ১৫-২০ দিনের জন্য দীপিকা পাড়ুকোন বা কারিনা কাপুরকে দেখা যেতে পারে। ছবির শুটিং মে ও জুন মাসে মুম্বাইয়ে শুরু হবে।
পরবর্তীতে ইউরোপে শুটিং হবে।

এবার আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে আগুন, ডানা দিয়ে নামলেন যাত্রীরা

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ডেনভার আন্তর্জাতিক উড়োজাহাজবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে উড্ডয়ন করে টেক্সাসের ডালাস ফোর্ট ওর্থ আন্তর্জাতিক উড়োজাহাজবন্দরে যাচ্ছিল। এ ঘটনায় ওই উড়োজাহাজের ডানা দিয়ে যে যার মতো নামতে দেখা যায় যাত্রীদের।

স্থানীয় সময় বিকেল ৫টা ১৫মিনিটের দিকে উড়োজাহাজটি ডেনভারের দিকে ঘুরিয়ে নেওয়া হয়।
তখন ক্রুরা ইঞ্জিনের সমস্যার কথা জানান বলে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়। এরপর উড়োজাহাজবন্দরে অবতরণের পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, ওই উড়োজাহাজটিতে ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
উড়োজাহাজটি একটি বোয়িং ৭৩৭-৮০০ ছিল এবং ‘ইঞ্জিন-সম্পর্কিত সমস্যা’ সমস্যা দেখা দিয়েছিল।

উড়োজাহাজবন্দরের মুখপাত্র মাইকেল কোনাপাসেক জানিয়েছেন, উড়োজাহাজবন্দরের বিভিন্ন গেট থেকে ধোঁয়া এবং আগুনের শিখা দেখা যায়। তবে তিনি জানিয়েছেন, আগুন নেভানো হয়েছে এবং এ ঘটনায় অন্যান্য ফ্লাইট বিলম্বিত হয়নি। এ ছাড়া গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি, যদিও উড়োজাহাজবন্দর পরে নিশ্চিত করেছে যে, ১২ জনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, তারা ঘটনার কারণ তদন্ত করবে। উড়োজাহাজবন্দরের ভেতরে থাকা কিছু লোক সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বোয়িং উড়োজাহাজের ডানার ওপর যাত্রীরা আটকে আছেন, কিছু যাত্রী ব্যাগ ধরে আছেন। ভিডিওতে আরো দেখা যাচ্ছে, উড়োজাহাজের ডান ইঞ্জিনের নিচে আগুন জ্বলছে। এ ছাড়া বিশাল কালো ধোঁয়ায় চারদিক ঢেকে গেছে।

উত্তর আমেরিকায় সাম্প্রতিক কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, এর ফলে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে অনেকে। এর আগে, ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেটের সঙ্গে মাঝ আকাশে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়। মার্কিন রাজধানী শহরে এই দুর্ঘটনার ফলে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী এবং তাদের কাজের চাপ নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া আরো কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনা ঘটে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরকারি খরচ সাশ্রয় প্রচেষ্টার অংশ হিসেবে শত শত এফএএ প্রবেশনারি কর্মীকে বরখাস্ত করেছে। মারাত্মক এই দুর্ঘটনার কয়েক সপ্তাহ পরেই তাদের ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই করা এফএএ কর্মীদের মধ্যে রয়েছেন রক্ষণাবেক্ষণকারী মেকানিক এবং কারিগরি সহকারীরাও অন্তর্ভুক্ত ছিল।

সূত্র: বিবিসি

ব্রুনো ফার্নান্দেসের হ্যাটট্রিকে শেষ আটে ম্যানইউ

ব্রুনো ফার্নান্দেসের হ্যাটট্রিকে ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এ জয়ে ইউরোপা লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে রেড ডেভিলরা।

ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ওল্ড ট্রাফোর্ডে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ৫ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে রোবেন আমোরিমের শিষ্যরা।

ম্যাচের দশম মিনিটে গোল করে পেনাল্টি থেকে সোসিয়েদাদকে এগিয়ে দেন ওয়ারজাবাল। সমতায় ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি ইউনাইটেড। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস।

দ্বিতীয় হাফে আরো তিন গোল করে ইউনাইটেড।
৫০তম মিনিটে আবারও পেনাল্টিতে নিজের দ্বিতীয় গোল করেন ফার্নান্দেস। ৮৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এই পর্তুগিজ তারকা। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে ইউনাইটেডের হয়ে চতুর্থ গোলটি করেন ডালট।

এদিকে রাতের আরেক ম্যাচে জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম।
এ জেড আলকমারের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হারের পরও ঘরের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জয় পেয়েছে তারা। টটেনহ্যামের হয়ে জোড়া গোল করেছেন উইলসন ওডোবার্ট, বাকি গোলটি করেছেন জেমস ম্যাডিসন।

শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে

ইউরোপা লিগে শেষ আটে ফরাসি ক্লাব লিওর বিপক্ষে খেলবে আমোরিমের দল। এদিকে টটেনহ্যাম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের। নরওয়েজিয়ান ক্লাব বোডোর বিপক্ষে খেলবে ইতালিয়ান ক্লাব লাৎজিও।
আর স্কটিশ ক্লাব রেঞ্জার্সের বিপক্ষে শেষ আটে খেলবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও।

পরমাণু ইস্যুতে বেইজিংয়ে চীন-ইরান-রাশিয়ার আলোচনা শুরু

ইরান, রাশিয়া এবং চীনের জ্যেষ্ঠ কূটনীতিকরা শুক্রবার বেইজিংয়ে তেহরানের পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একত্রিত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি, কয়েক দিন পর এই খবর প্রকাশিত হলো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তেহরানের পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে ১৪ মার্চ বেইজিংয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু ওই বৈঠকে সভাপতিত্ব করবেন।

একই দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক হবে। ওই বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুদ সম্প্রসারণের বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

২০১৫ সালে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছিল এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়।
কিন্তু ২০১৮ সালে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম মেয়াদের এক বছর পর, তিনি চুক্তি থেকে বেরিয়ে আসেন।

গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। যেখানে ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ পশ্চিমা বিশ্ব আশঙ্কা করছে, ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে।

কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘হুমকি থাকা সত্ত্বেও তিনি আমেরিকার সঙ্গে আলোচনা করবেন না।’ তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘আলোচনায় বসব না, যা খুশি করুন।’

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

খামেনি বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেছি। এরপর একটি সম্পূর্ণ ও স্বাক্ষরিত চুক্তিতে পৌঁছেছি এবং তারপর এই ব্যক্তি (ট্রাম্প) তা ছিঁড়ে ফেলেছে।
এমন পরিস্থিতিতে কিভাবে কেউ আলোচনা করতে পারে? … যখন আমরা জানি তারা করবে না, তাহলে আলোচনার অর্থ কী?’

যদিও খামেনি বলেছেন, তিনি চিঠিটি দেখেননি। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একজন কর্মকর্তার মাধ্যমে এটি পাঠানো হয়েছে।

আলভারেজ দুইবার বল স্পর্শ করেছিলেন, নিশ্চিত করেছে উয়েফা

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হুলিয়ান আলভারেজের পেনাল্টি শটটি বাতিল নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে। এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে অভিযোগ নিয়ে উয়েফার কাছে যায় অ্যাতলেতিকো। অভিযোগ আমলে নিয়ে স্পট কিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন রেফারি।

উয়েফা বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, খুবই মৃদু হলেও বল দুইবার স্পর্শ করেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ‘কিক নেওয়ার আগে ওই খেলোয়াড় যে পায়ে দাঁড়িয়েছিলেন, মৃদু হলেও সেই পা বল স্পর্শ করেছিল, যা ভিডিও ক্লিপে দেখা গেছে। বর্তমান নিয়ম (গেমের আইন, আইন ১৪.১) অনুযায়ী, গোল বাতিল করার জন্য রেফারিকে ভিএআরের ইশারা দিতেই হতো।’

উয়েফা আরো নিশ্চিত করেছে, দুইবার স্পর্শ যদি পরিষ্কারভাবে অনিচ্ছাকৃত হয় তাহলে নিয়ম পর্যালোচনা করা উচিত হবে কি-না, এ নিয়ে ফিফা ও আইএফএবির সঙ্গে আলোচনা করবে উয়েফা।

ওয়ান্দা মেত্রোপলিটানোয় বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলের জিতে লড়াই টাইব্রেকারে নিয়ে যায় অ্যাতলেতিকো মাদ্রিদ। সেখানে ৪-২ ব্যবধানে জিতে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে।

তিন ম্যাচ পর মাঠে ফিরেই মেসির গোল, শেষ আটে মায়ামি

চোট শঙ্কায় টানা তিন ম্যাচ মাঠের বাইরে থাকার পর অবশেষে মাঠে ফিরে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ ক্যাভালিয়েরের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ২-০ ব্যবধানে।

প্রথমবারের মতো জ্যামাইকায় খেলতে যাওয়ায় মেসিকে নিয়ে দেশটিতে উত্তেজনা ছিল তুঙ্গে। এমনকি মেসির কারণে ক্যাভালিয়েরের ৩ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠ থকে ম্যাচটি সরিয়ে নেওয়া হয় ন্যাশনাল স্টেডিয়াম ইনডিপেনডেন্টস পার্কে।
পরিবর্তিত এই মাঠের ধারণক্ষমতা ছিল প্রায় ৩৫ হাজার। আর মেসিকে একনজর ধেখতে কানান-কানায় ভর্তি ছিল গ্যালারি।

কিন্তু এত কিছুর পরও ম্যাচের শুরু থেকে ছিলেন না মেসি। তবে দর্শকদের হতাশ করেননি।
বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। আর তিন ম্যাচ পর মাঠে নেমে দারুণ এক গোলও করেছেন। আর দর্শকেরা ফিরেছেন মেসিকে গোল করতে দেখার আনন্দ নিয়ে।

প্রথমার্ধে সুয়ারেজের পেনাল্টি গোলে ৩৭ মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি।
আর যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেছেন মেসি। আর মেসির গোলের পর ক্যাভালিয়েরের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ২-০ ব্যবধানে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটে পৌঁছে গেছেন মেসিরা।

যুদ্ধবিরতিতে সম্মত পুতিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির জন্য দেওয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হওয়ার কথা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) পুতিন শর্তও দিয়েছেন যে, যুদ্ধবিরতির জন্য সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে। সেই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের বিশদ সমাধান করতে হবে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার হামলায় লাখো হতাহতের ঘটনা ঘটেছে।
বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি কয়েক দশকের মধ্যে মস্কো ও পশ্চিমাদের মধ্যে তীব্রতম সংঘর্ষের সূত্রপাত করেছে।

মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি পুতিনের সতর্কতামূলক সমর্থন ওয়াশিংটনের প্রতি সদিচ্ছার ইঙ্গিত দিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে আলোচনার দরজাও খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পুতিনের শর্ত দ্রুত যুদ্ধবিরতির ইঙ্গিতও দিচ্ছে না।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর ক্রেমলিনে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার পুতিন বলেন, ‘আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবে একমত। ধারণাটি ঠিক আছে।
আমরা অবশ্যই এটি সমর্থন করি।’

তিনি এ-ও বলেন, ‘কিন্তু আমরা এই সত্য থেকে এগিয়ে যাচ্ছি যে, যুদ্ধবিরতি এমন হওয়া উচিত যা দীর্ঘমেয়াদী শান্তির দিকে পরিচালিত করবে এবং এই সংকটের মূল কারণগুলো দূর করবে।’

হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা বলেছিলেন। গত বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, ক্রেমলিন ৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে সম্মত হবে।’ ইউক্রেন এতে সমর্থনও জানিয়েছে।

এদিকে ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে পুতিন বলেন, ‘এমন কিছু বিষয় রয়েছে, যা আমাদের আলোচনা করা দরকার। আমি মনে করি, আমাদের মার্কিন সহকর্মীদের সঙ্গেও কথা বলা উচিত।’

ট্রাম্পকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন বলে জানান পুতিন। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ উপায়ে এই সংঘাতের অবসানের ধারণাকে সমর্থন করি।’

সূত্র : রয়টার্স

মাহমুদ উল্লাহর বিদায়ে যা বললেন মাশরাফি-তামিম-সাকিব-মুশফিকরা

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদ উল্লাহ রিয়াদ। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংস্করণকে বিদায় বলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে ফুলস্টপ দিলেন তিনি। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমরা শুভকামনা জানিয়েছিলেন তার বিদায়ে।

মাহমুদউল্লাহর বিদায়ের ঘোষণায় এক সময়ের সতীর্থ মাশরাফি বিন মোর্তজা লিখেছেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ।
তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরো অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি। মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়! অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ।
তবে আশা করি, তুকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম। ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলো উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।’

তামিম ইকবাল লিখেছেন, ‘অভিনন্দন! রিয়াদ ভাই।
অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য। আপনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন এবং মাঠে ও মাঠের বাইরে আমাদের অনেকের জন্য প্রেরণা। আমরা যেসব মুহূর্ত ড্রেসিং রুমে কাটিয়েছি, সেগুলোর স্মৃতি চিরকাল মনে রাখব। দেশের ক্রিকেটে আপনার অবদানের জন্য ধন্যবাদ। আগামীর দিনগুলোর জন্য রইলো শুভকামনা।
’
মুশফিকুর রহিম লিখেছেন, ‘আপনার সাথে মাঠ ভাগ করে নেওয়া সত্যিই অনেক সম্মানের। আপনার দিকনির্দেশনার জন্য এবং অমূল্য স্মৃতি তৈরি করেছি তার জন্য ধন্যবাদ। আপনার অর্জনে আমি অত্যন্ত গর্বিত। মাশাল্লাহ! আপনার অবসর উপভোগ করুন, রিয়াদ ভাই।’

স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’

গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিয়েছেন মাহমুদ উল্লাহ। বিদায় নিয়ে ফেসবুকে মাহমুদ উল্লাহ লিখেছেন, ‘সমস্ত প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর জন্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। সব সময় আমাকে সমর্থন দেওয়ার জন্য সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ।’

মাহমুদ উল্লাহর বিদায়ে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে পঞ্চপান্ডব অধ্যায় কার্যত শেষ হয়ে গেল। সাকিব আল হাসান এখনো ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে না নিলেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় মাহমুদ উল্লাহর। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে ২৩৯ ওয়ানডেতে রান করেছেন ৫৬৮৯। ৩২ ফিফটির বিপরীতে করা ৪ সেঞ্চুরিই করেছেন আইসিসির টুর্নামেন্টে। অন্যদিকে ৫০ টেস্টের বিপরীতে মাহমুদ উল্লাহ খেলেছেন ১২১ টি-টোয়েন্টি। সংক্ষিপ্ত সংস্করণে ৮ ফিফটিতে করেছেন ২৪৪৪ রান। আর অভিজাত সংস্করণে ৫ সেঞ্চুরিতে করেছেন ২৯১৪ রান। ফিফটি করেছেন ১৬টি। বল হাতে সব মিলিয়ে নিয়েছেন ১৬৬ উইকেট।