বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

রাজধানীতে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

marderরাজধানীর শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটির ৪ তলা থেকে চম্পা (৩৫) নামে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করা হয়েছে। চম্পা কর্ণফুলী গার্ডেন সিটির ২০ তলায় মিজানুর রহমানের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। নিহত চম্পার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। তার স্বামীর নাম হযরত আলী।

বুধবার রাত দেড়টার দিকে খবর পেয়ে রমনা থানা পুলিশ লাশটি উদ্ধার করে এবং বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গৃহকর্তা মিজানুর রহমানের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে চম্পাকে বাসায় রেখে বাইরে তালা দিয়ে মিজানুর রহমান তার স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে যান। রাত ১২টার দিকে বাসায় ফিরে এসে দেখেন জানালা ভাঙ্গা এবং চম্পা বাসায় নেই।

পরে তারা খোঁজ নিয়ে দেখেন চম্পা কিছু টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে বাসা থেকে জানালা দিয়ে পালানোর সময় ৪ তলায় পড়ে মারা যায়।

গৃহকর্তা মিজানুর রহমান থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারারক্ষীর মৃত্যু

electrickঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। মৃতের নাম রতন খান (৩৫)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বাগান বাড়ির স্টাফ কোয়ার্টারে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, রতন খান ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডাক বিভাগে কর্মরত ছিলেন। সকালে তারে কাপড় নেড়ে দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে সকাল পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক রতন খানকে মৃত বলে ঘোষণা করেন।

ফিলিস্তিনি মন্ত্রী নিহতের ঘটনা তদন্ত করছে ইসরাইল

filistiiiইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হাতাহাতির পর ফিলিস্তিনের একজন মন্ত্রী জিয়াদ আবু এইনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। অধিকৃত পশ্চিম তীরে ঘটে যাওয়া এই ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে উল্লেখ করেন ইয়ালন।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, গাছ লাগানো নিয়ে একটি বিক্ষোভে অংশ নেয়া ওই মন্ত্রীর গলা চেপে ধরেছে একজন ইসরায়েলি সীমান্ত পুলিশ। এরপরই জিয়াদ আবু এইন বুক চেপে ধরে মাটিতে পরে যান।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই আচরণকে বর্বরোচিত উল্লেখ করে বলেন এটা সহ্য করা হবে না।

অন্যদিকে বিষয়টি ফিলিস্তিনের সঙ্গে যৌথ তদন্ত করার প্রস্তাব করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

ইসরাইল ও জর্ডানের বিশেষজ্ঞরা নিহত মন্ত্রীর মরদেহের ময়নাতদন্ত করবেন বলে তিনি জানিয়েছেন।

ফিলিস্তিনি মন্ত্রী নিহত হওয়ার ঘটনায় নতুন করে আবার ইসরাইল ফিলিস্তিনি উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনাকে নির্মম হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি দুপক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী পটুয়াখালী যাচ্ছেন

hasinaaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার পটুয়াখালী আসছেন। তিনি জেলা শহরের অদূরে অর্ধশত কোটি টাকায় ব্যয়ে নির্মিত উপকূলীয় ও বাংলাদেশের একমাত্র কোস্টগার্ড ট্রেনিং সেন্টার উদ্বোধন করবেন। বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনিং সেন্টারের উদ্বোধন করবেন।

দীর্ঘ ১৯ বছর পর প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ ঘাঁটি কোস্ট গার্ড ও পিডব্লিউডি এর সমন্বয় সিজি বেইস কমিশনিং উদ্বোধন হতে যাচ্ছে। ২০০৯ সালের ১০ আগস্ট মন্ত্রিসভায় একনেকে উপকূলীয় ও বাংলাদেশের একমাত্র কোস্ট গার্ড ট্রেনিং সেন্টার নির্মাণের অনুমোদন হয়।

এর আগে পটুয়াখালী জেলা শহরের পটুয়াখালী-মির্জাগঞ্জ মহাসড়কের ইটবাড়িয়ার অন্তর্গত ২৩ দশমিক ৬৯ একর জমি অধিগ্রহণ করা হয় বাংলাদেশ বডার গার্ডের একটি ক্যাম্পের জন্য। তৎকালীন সময়ে বিডিআরের মহাপরিচালক ওই জমি পরিদর্শন করে একটি প্রতিবেদন পেশ করেন মন্ত্রণালয়ে।

মূলত সেই জমির ওপরে নির্মিত দৃষ্টি নন্দিত ১৯তলা ভবন নিয়ে গড়ে ওঠা আজকের কোস্ট গার্ড ক্যাম্পাস। জেলা শহরের থেকে মাত্র ৩ কিলোমিটার অতিক্রম করলে জনসাধারণের নজর কাড়ে এই কোস্ট গার্ড ক্যাম্পাসটি। অগ্রগতির ধারাবাহিকতায় ২০১০ সালের ২১ জানুয়ারি পটুয়াখালী গণপূর্ত বিভাগ কোস্ট গার্ড নির্মাণের লক্ষ্যে দরপত্র আহ্বান করে এবং ওই বছরের ১০ জুন বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়। ১৯তলা ভবন বেষ্টিত এ কাজের ব্যয় নির্ধারণ করা হয় ৪৩ কোটি ৫৬ লাখ ২৮ হাজার টাকা। এ কাজের মেয়াদ ধার্য হয় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। সে অনুযায়ী ৩০ জুন ক্যাম্পাসের উন্নয়ন কাজ সমাপ্ত করে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো পটুয়াখালী গণপূর্ত বিভাগে হস্তান্তর করেন বলে জানায় তারা।

ঘন কুয়াশায় ফ্লাইট শিডিউলে বিপর্যয়

biman seঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী ঢাকা। এ ছাড়া ঘন কুয়াশার কারণে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। কুয়াশার কারণে কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।

জানা যায়, বিমানের একটি ফ্লাইট কুয়েত থেকে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায়, কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট ভোর সাড়ে ৪টায়, ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইট কুয়ালালামপুর থেকে সকাল ৭টা ৫৫ মিনিটে, রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট কুয়ালালামপুর থেকে সকাল ৮টা ২০ মিনিটে, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট শারজা থেকে সকাল ৯টা ৫ মিনিটে, তার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট ইস্তাম্বুল থেকে বুধবার রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণের কথা ছিল।

শুধু আন্তর্জাতিক ফ্লাইটই নয়, ঘন কুয়াশার কারণে বিপর্যয়ে পড়েছে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ফ্লাইও। চট্টগ্রাম থেকে বিমানের একটি ফ্লাইট সকাল ৭টা ৫৫ মিনিটে শাহজালালে অবতরণের কথা ছিল।

কুয়াশার কারণে বুধবার রাত ১১টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কোনো ফ্লাইট ঠিক সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, কুয়েত ও তার্কিশ এয়ারওয়েজের ৩টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।

মির্জা আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ শুনানি ২৮ ডিসেম্বর

fakrul1গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন আগামী ২৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম মোঃ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া শুনানি শেষে এই দিন ধার্য করেন। এ সময় আদালতে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ ১৪ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজ বুধবার মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিল। চার্জ গঠন পেছানোর জন্য আসামিদের পক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত আংশিক শুনানি গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য এদিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে ২ মার্চ হরতাল চলাকালে রাজধানীর শাহজানপুর এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রুহুল আমিন মুন্সী একই বছরের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

সোনাক্ষীর রোমান্সে নার্ভাস রজনীকান্ত

sonakkhiiভারতে তুমুল জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। তার সঙ্গে ‘লিঙ্গা’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সিনেমার দৃশ্যে একটি প্রেমের গানে রোমান্স করতেও দেখা যাবে তাদেরকে।

এই রোমান্টিক দৃশ্যটিতে অভিনয় করতে গিয়ে নাকি বেশ নার্ভাস ছিলেন রজনীকান্ত। নিজের মুখেই এই কথা বলেছেন তিনি। প্রথমবার ক্যামেরার মুখোমুখি হওয়ার সময়ও নাকি এত নার্ভাস ছিলেন না তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যমে রজনীকান্ত বলেন, ষাট বছর পেরিয়ে একটা বাচ্চা মেয়ের সঙ্গে প্রেমের গানের দৃশ্যে অভিনয় করা বোধহয় ঈশ্বরের সব থেকে বড় শাস্তি। এই সিনেমায় ট্রেনের উপর এ্যাকশন দৃশ্য শ্যুট করার চেয়েও এটা অনেক বেশি কঠিন কাজ।

সোনাক্ষীকে ছোটবেলা থেকেই চেনেন রজনীকান্ত। শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহাকে চোখের সামনে বড় হতে দেখেছেন এই তামিল মেগাস্টার।

ভালো বিদ্যুৎ পেতে ধৈর্য ধরতে বললেন প্রতিমন্ত্রী

bipu10ভালো বিদ্যুৎ সুবিধার জন্য আরো কিছুদিন ধৈর্য ধরার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, ‘বিশ্ব বাজারে জ্বলানি তেলের দাম কমায় আমরা এর সুবিধা ভোগ করছি। ফলে এ খাতে আমাদের ভর্তুকি কমেছে। যেহেতু বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমাদের ভর্তুকির পরিমাণ বেশি। তাই দেশের বাজারে জ্বালানি তেলের দাম আপাদত কমানো হচ্ছে না।’

জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪ উপলক্ষে বুধবার সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী বিদ্যুৎ মেলা সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  অনুষ্ঠিতব্য বিদ্যুৎ মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এদিকে ‘জ্বলছে আলো, চলছে দেশ, আলোকিত বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে গত ৭ ডিসেম্বর শুরু হয় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। দেশব্যাপী এ উপলক্ষে চলে নানা আনুষ্ঠানিকতা।

জানা গেছে, এবারের বিদ্যুৎ মেলাতে মোট ৯৭টি স্টল থাকছে। মেলার তিনদিন ধরে থাকছে সেমিনার ও আলোচনা সভা। প্রাইভেট সেক্টরের ভূমিকা, গ্রাহকদের প্রত্যাশা শীর্ষক এসব সেমিনারে দেশি-বিদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী ও বিশেষজ্ঞদের অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেবেন। মেলাতে সেবামূলক প্রতিষ্ঠানগুলো যেমন- পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), বিদ্যুৎ উন্নযন বোর্ড (পিডিবি) অংশগ্রহণ বাধ্যতামূলক থাকছে।

এসব প্রতিষ্ঠান গ্রাহকদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের তাৎক্ষণিক জবাব দেয়ার নির্দেশনা দেবে। বিদ্যুৎ বিভাগ এ ব্যাপারে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনাও দিয়েছে।

মানহানির মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

tarekkবঙ্গবন্ধুকে পাকবন্ধু বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সমন ফেরতের নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় বুধবার তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।

ঢাকা মহানগর হাকিম আতাউর হক এ পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন বিচারক।

এর আগে ১৭ নভেম্বর মহানগর হাকিম রেজাউল করিম ১০ ডিসেম্বরের মধ্যে তারেককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, তারেক রহমান চলতি বছরের ১১ নভেম্বর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডন বিএনপি শাখা আয়োজিত সভায় বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন ও মানহানিকর বক্তব্য দেন।

তারেক রহমান তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু।’

এর পরদিন বিভিন্ন গণমাধ্যমে তারেকের এ বক্তব্য প্রকাশিত হওয়ায় আওয়ামী লীগের একশ’ কোটি টাকার সম্মানহানি হয় বলে দণ্ডবিধি ৪৯৯/৫০০ ধারায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. মনির খান ১৭ নভেম্বর ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে মামলাটি করেন।

বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে

khaledaবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে এখন ভয়াবহ দুঃসময় বয়ে চলছে। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পূর্বাপর বাংলাদেশকে বধ্যভূমিতে পরিনত করা হয়েছে।

মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার গভীর রাতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, জাতিসংঘ  ১৯৫০ সালে ১০ ডিসেম্বরকে ‘মানবাধিকার দিবস’ ঘোষনণা করে। সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর ‘মানবাধিকার দিবস’ পালিত হয়ে আসছে। এই দিনে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক মানবিক অধিকারহারা নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। যারা বাক, ব্যক্তি, চিন্তা, প্রার্থনা, মূদ্রণসহ নাগরিক স্বাধীনতার জন্য সোচ্চার হতে গিয়ে ক্ষমতাসীন স্বেচ্ছাচারী গোষ্ঠির নৃশংস নিপীড়নে আত্মদান করেছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

তিনি বলেন, আজও বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে মানুষ একদলীয় স্বেচ্ছাচারী শাসন, গোষ্ঠী, বর্ণ ও জাতিগত সংঘাতে অবলীলায় খুন ও গুপ্ত হত্যার শিকার হচ্ছে এবং অদৃশ্য হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে অসংখ্য মানুষ। জাতিসংঘের সার্বজনীন ঘোষণায় বলা হয়েছে বিশ্বের সব জাতির সকল মানুষের মানবাধিকার সংরক্ষনের নিশ্চয়তা থাকতে হবে।

কিন্তু দেশে দেশে নিষ্ঠুর স্বৈরাচারী শাসকেরা জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনিন ঘোষণার নির্দেশনাগুলোকে তাচ্ছিল্য করে নিজ দেশের জনগণের উপর চালিয়ে যাচ্ছে বর্বোরোচিত আক্রমণ। শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখতে জনমতকে অগ্রাহ্য করতে হয়, আর সেজন্য এই সকল গণবিরোধী শাসক গোষ্ঠী জনগণের মানবাধিকারের ত্বোয়াক্কা করেনা।

সুতরাং দুঃশাসনের অচলায়তন তৈরি করতে গিয়ে তারা প্রতিবাদী জনগণের ওপর চালায় পৈশাচিক উৎপীড়ন। যারা সত্য উচ্চারণ করতে চান, তারা রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবীসহ নগরিক সমাজের যেই হোন না কেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় এবং কারাবাস, শারীরিকভাবে নির্যাতনসহ জখম এবং হত্যারও শিকার হতে হয়।

খালেদা জিয়া বলেন, বাংলাদেশে এখন ভয়াবহ দুঃসময় বয়ে চলছে। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পূর্বাপর বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। বর্তমান অবৈধ ক্ষমতাসীন জোট সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে।

মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক। বর্তমানে বাংলাদেশের মানুষের মানবাধিকার শূন্যের নিচে অবস্থান করছে। এদেশে শুধুমাত্র বিরোধীদলের নেতাকর্মীরাই শুধু নয়, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশুসহ কারোই কোনো নিরাপত্তা নাই। এদের অধিকাংশই গুম, গুপ্তহত্যা এবং বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছেন।

সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই বিরোধীদলের নেতাকর্মীরা ছাড়াও দল নিরেপক্ষ রাজনৈতিক বিশ্লেষক, টকশো আলোচকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে এবং কাউকে কাউকে  কারান্তরীনও করে রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বলেন, এ বছরের মানবাধিকার দিবসের শ্লোগান হচ্ছে ‘বছরের ৩৬৫ দিনই মানবাধিকার দিবস’। বাংলাদেশের প্রেক্ষিতে মনে হয় ৩৬৫ দিনই এদেশের মানুষের মানবাধিকার হরণের দিবস। সুতরাং এই নৈরাজ্যকর দুঃশাসনের ছোবল থেকে মুক্তি পেতে হলে আমাদের এই মূহুর্তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে।

দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য জনগণের মিলিত কণ্ঠের আওয়াজ তুলে বর্তমান অপশাসনের অবসান ঘটাতে হবে। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।