শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

সোনমের রাজকীয় প্রেম

ফাওয়াদের সঙ্গে আবারও রোমান্স করবেন সোনম কাপুর৷অনুজা চৌহানের বেস্ট সেলার বই ‘ব্যাটেল ফর বিটোরা’ অবলম্বনে বাঙালি পরিচালক শশাঙ্ক ঘোষ তার ছবির চিত্রনাট্য লিখেছেন৷সোনমের বড় বোন রেহা কাপুরও ছবিটি প্রযোজনা করছেন৷image_111778_0

ছবিতে ফাওয়াদ এক উত্তর ভারতের রাজ পরিবারের ছেলে যে আদর্শের সঙ্গে উচ্চাকাঙ্খা মিশিয়ে নিজেকে আগামীদিনে এক অসাধারণ রাজনীতিক হিসেবে দেখতে চায়৷১৯৮০ সালে সুপারডুপার হিট ছবি ‘খুবসুরত’র সমনামের রিমেকে(২০১৪) অভিনয় করেছিলেন ফাওয়াদ-সোনম জুটি৷ফাওয়াদ আবারও এক রাজকীয় চরিত্রে৷খুবসুরত-এর মতো আবারও এক রাজকীয় চরিত্রেই তাকে দেখা যাওয়ার কারণ অবশ্যই তার চেহারা৷এরকম চরিত্রে আপকামিং অভিনেতাদের মধ্যে ফাওয়াদই সেরা মানানসই, সেটা পরিচালক জানেন৷- ওয়েবসাইট।

ভারত-বাংলাদেশ মিলবে জলপাইগুড়িতে

অবিভক্ত জলপাইগুড়ির ১৪৬ বছর পূর্তি উদযাপনকে ঘিরে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মিলন মেলার আসর বসতে চলেছে জলপাইগুড়িতে। আগামী ১ জানুয়ারি থেকে দুই দিনব্যাপী জলপাইগুড়ি মাদ্রাসা ময়দানে চলবে এই সাংস্কৃতিক মিলন মেলা।image_111777_0

ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের শিল্পীদের আসর বসবে এই মেলায়। শনিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে একথা জানান জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বিধায়ক সুখবিলাস বর্মা এবং দেবপ্রসাদ রায়।

দেবপ্রসাদ জানান, যখন জলপাইগুড়ি জেলার জন্ম হয়েছিল তখন পঞ্চগড় ভোদা এবং রাজশাহী এলাকা জলপাইগুড়ি জেলার মধ্যে ছিল। এখন ওই জায়গাগুলো বাংলাদেশে অন্তর্গত। সাংস্কৃতিক মেলবন্ধন অটুট রাখার জন্য এই সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন। এই প্রসঙ্গে সুখবিলাস আরও জানিয়েছেন, বাংলাদেশ থেকে ভূপতিভূষণ বর্মা, রোকসান আখতার (রুকসা), শবরী দাস সহ এই দেশেরও একাধিক শিল্পী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।- ওয়েবসাইট

মমতা ব্যানার্জির সফরের দিকে তাকিয়ে বাংলাদেশ: মুহিত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ কবে যাবেন সেদিকেই তাকিয়ে এখন বাংলাদেশ। তবে, আশা রাখছি তিনি খুব দ্রুতই বাংলাদেশ আসবেন।

দুদিনের কলকাতা সফরে এসে এমনটাই জানালেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।image_111775_0

প্রসঙ্গত, দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন ও ঢাকার জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে শুক্রবার থেকে কলকাতায় শুরু হয়েছে তিনদিনের ইন্দো-বাংলা সিলেট উৎসব।

বৃহত্তর সিলেটের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, আলোকচিত্র প্রভৃতি উপস্থাপন করা হচ্ছে তিনদিনের উৎসবে। এসব উপস্থাপনায় বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে অবস্থানকারী বৃহত্তর সিলেটের প্রতিশ্রুতিশীল শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।

শুক্রবার যোধপুর পার্ক হাইস্কুল মাঠে বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। এ ছাড়াও ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার সভাপতি সিএম তোফায়েল সামি, দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদোষ রঞ্জন দে প্রমুখ। আগামীকাল রোববারই এই উৎসবের শেষদিন।- ওয়েবসাইট।

শাহজালালে স্বর্ণসহ আটক ১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ১৫০ গ্রাম স্বর্ণসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক যাত্রীর নাম মাসুম হোসেন।image_111707_0

শুক্রবার রাতে এই স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণ উদ্ধারের ঘটনায় যাত্রী মাসুম হোসেনকে আটক করা হয়েছে। কাস্টমসের যুগ্ম কমিশনার জানান, শুক্রবার রাতে মাসুম হোসেন দুবাই থেকে শাহজালালে আসেন। এসময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশির পর তার কাছ থেকে তিন কেজি ১৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

জেসিকার হত্যাকারীর প্যারোলে মুক্তি

ভারতের মডেল জেসিকা লাল হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিদ্ধার্থ বশিস্ট ওরফে মনু শর্মা ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। পরীক্ষা দেওয়ার জন্য মুক্তি পান তিনি।image_111706_0

১৯৯৯ সালে দিল্লির মডেল জেসিকাকে খুন করে মনু শর্মা। পরবর্তীতে এই ঘটনার উপর ভিত্তি করে বলিউড তৈরি হয় ‘নো ওয়ান কিলড জেসিকা’।

প্রসঙ্গত, পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষা দেওয়ার জন্য প্যারোল চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানায় শর্মা। শনিবার তার আবেদন মঞ্জুর করেন বিচারপতি এস মুরলিধর। ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে ৩৭ বছরের শর্মার আবেদন মঞ্জুর করে আদালত। পাশাপাশি কোনোভাবেই সে রাজধানীর বাইরে যেতে পারবে না বলে নির্দেশ দেয়া হয়।

প্যারোলের শর্ত হিসেবে, ওই ৩০ দিন জেসিকা ও তার পরিবারের আবাসন থেকেও দূরে থাকতে বলা হয়েছে শর্মাকে। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে শর্মার ফাইনাল পরীক্ষা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছে মনু শর্মা।

লেডি আল কায়দাই লেডি আইএস

আলজেরিয়া, ইরাক থেকে ইয়েমেন  ইসলামি জঙ্গি পণবন্দিকারীদের মুখে এখন একটাই নাম, আফিয়া সিদ্দিকি। পাকিস্তানের এই বিজ্ঞানী আফগানিস্তানে মার্কিন সেনার উপরে হামলা চালানোর অভিযোগে আমেরিকার জেলে বন্দি।
image_111705_0
সম্প্রতি মার্কিন সাংবাদিক জেমস ফোলিকে অপহরণ করে ৪২ বছরের আফিয়ার মুক্তির দাবি জানিয়েছিল আইএস। যদিও শেষ পর্যন্ত গত অগস্ট মাসে ফোলির মুণ্ডচ্ছেদ করে তারা। কিন্তু কে এই আফিয়া? জঙ্গিদের কাছে কেনই বা তার গুরুত্ব? করাচিতে আফিয়ার পরিবার নিশ্চিত, তাদের মেয়ে নিরপরাধ।

গল্পটা বহু দিনের। ২০০৩ সালের মার্চে আল কায়দার তিন নম্বর মাথা এবং ৯/১১-এর অন্যতম অভিযুক্ত খালেদ শেখ মুহম্মদকে গ্রেফতার করা হয় করাচি থেকে। তার পরই তিন সন্তানকে নিয়ে করাচি থেকে উধাও হয়ে যান আফিয়া। আল কায়দার সঙ্গে তিনিও জড়িত বলে সন্দেহ ছিল গোয়েন্দাদের। মার্কিন অফিসারদের দাবি, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে খালেদ শেখ  ‍মুহাম্মদের ভাইপোর সঙ্গে বিয়ে হয় আফিয়ার। ওসামা বিন লাদেনের জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত প্রথম মহিলার নাম বলতে উঠে এসেছিল আফিয়ার কথাই। যিনি লেডি আল কায়দা নামেই পরিচিত।

পাকিস্তান আর জাম্বিয়ায় শৈশব কাটিয়ে ১৮ বছরের আফিয়া চলে যান টেক্সাস। বস্টনের এমআইটি-তে পড়াশোনার পরে নিউরোসায়েন্স নিয়ে পিএইচডি করেন ব্রান্দেইস ইউনিভার্সিটি থেকে। করাচির এক চিকিৎসকের সঙ্গে বিয়ে। ২০০১ সালে ইসলামি প্রতিষ্ঠানে ঢালাও অর্থসাহায্য করে এবং রাতচশমা-সহ যুদ্ধের উপরে বই কিনে এফবিআইয়ের নজরে আসেন আফিয়া আর তার স্বামী। পরের বছর পাকিস্তানে ফেরেন আফিয়া। বিচ্ছেদ হয় স্বামীর সঙ্গে। উধাও হয়ে গেলেও ২০০৮ এ তিনি ফিরে আসেন আফগানিস্তানে। সেখানকার গজনি প্রদেশ থেকে স্থানীয় পুলিশ গ্রেফতার করে তাকে।

আমেরিকার আদালতের সূত্রে জানা যায়, ময়শ্চারাইজারের বোতলে দু’কিলো সোডিয়াম সায়ানাইড নিয়ে যাচ্ছিলেন তিনি। তা ছাড়া, রাসায়নিক অস্ত্রের সাহায্যে নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ এবং এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে হামলা চালানোর পরিকল্পনা সংক্রান্ত কিছু কাগজপত্রও ছিল তার কাছে।

এর পরে লেডি আল কায়দাকে জেরা শুরু করে আফগানিস্তানের মার্কিন সেনা। এই সময়েই এক দিন জেরা চলাকালীন সেনার রাইফেল কেড়ে গুলি চালান আফিয়া। মুখে স্লোগান, “আমেরিকার মৃত্যু হোক,” “আমি আমেরিকানদের মারতে চাই।” এর পর আফিয়াকে আমেরিকায় আনা হয়। সেনার ওপরে হামলার অভিযোগে ২০১০-এ তার ৮৬ বছরের কারাদণ্ড হয়। আফিয়ার বোনের একটাই দুঃখ, ও যদি জানতে পারে, ওকে নিয়ে এসব কথা হচ্ছে, শেষ হয়ে যাবে ও। কিন্তু লেডি আল কায়দা ফোলি-নিধনের পরে যে লেডি আইএস বলে জনপ্রিয় হচ্ছেন জঙ্গিমহলে, তা কি আফিয়ার বোন জানেন! -সংবাদ সংস্থা

নিঃশব্দ সম্রাট

মুহাম্মদ আলি। যার হুঙ্কারে শিউরে উঠত ব্রহ্মাণ্ড, আজ তিimage_111701_0নি প্রায় নির্বাক। পৃথিবী-শ্রেষ্ঠ শিরোপা জয়ের পঞ্চাশ বছরে, জন্মদিনের একুশ দিন আগে তাকে ফিরে দেখা।

বিশ্ব হেভিওয়েট বক্সিং-এর সব চেয়ে বড় খবরটা এখন এ নয় যে, চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্লিচকো তার খেতাব ধরে রাখার লড়াইয়ে আর নামতে চাইছেন না।

বড় খবরটা এও নয় যে, মাইক টাইসনের পর আর সে-অর্থে আইকনিক হেভিওয়েট কেউ আর উঠে আসেননি, যার নামে ও জেল্লায় উপচে পড়া গেট মানি (পড়ুন টিকিট বিক্রি) আসে। টাইসনের পরের চ্যাম্পিয়নদের মধ্যে এভান্ডার হোলিফিল্ড, লেনক্স লুইস বা ক্লিচকোও চমৎকার বক্সার, কিন্তু ওই ত্রাস, বিস্ময় ও মোহ সৃষ্টি করেন না। বক্সিং দুনিয়ায় যা থেকে ক্যারিশমা উৎপন্ন হয়।

বড় খবর আপাতত এই যে, সর্বকালের শ্রেষ্ঠ বক্সার, গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ অ্যাথলিট বলে জগৎ জুড়ে নির্বাচিত, তিন দফায় বিশ্ব চ্যাম্পিয়ন মুহাম্মদ আলি আর প্রায় কথাই বলছেন না।
যিনি মুখে মুখে পদ্য ফেলে বলে দিতেন তার কোন প্রতিদ্বন্দ্বী কোন রাউন্ডে গড়াগড়ি যাবেন, যার হাতের স্পিডেই ছুটত মুখ। যিনি ১৯৬৪-এ বিশ্ব খেতাব জেতার অনেক আগে থেকেই নিজেকে ‘দ্য গ্রেটেস্ট’ আখ্যা দেওয়া শুরু করেছিলেন, এবং সতেরো বছর বিশ্ব হেভিওয়েট দাপিয়ে এবং অভূতপূর্ব সব স্টাইল, ফাটাফাটি, রক্তারক্তির লড়াই লড়ে অবসর নেওয়ার পরও থেকে গেলেন দ্য গ্রেটেস্ট, তিনি পার্কিনসন্সে স্থবির হয়ে গেছেন অনেক দিন।

আটলান্টা অলিম্পিক্সের উদ্বোধন করেছিলেন কাঁপা কাঁপা হাতে। কুণ্ডের আগুন জ্বেলে। তাকে নিয়ে সদ্য তোলা এক নিপুণ তথ্যচিত্রের উদ্বোধনেও যেতে পারেননি লস অ্যাঞ্জেলিসে। এখনকার নিবাস আর্কানস্-য় প্রায় সারাটা ক্ষণ তিনি নিজের ঘরে, নিজের মধ্যে। দিন কতক আগে নাতির খেলা দেখতে গিয়েছিলেন বটে, কিন্তু এ লেখা যন্ত্রস্থ হওয়ার সময় আবার তিনি হাসপাতালে।

এখন এক মহা নিস্তব্ধতার নাম মুহাম্মদ আলি।

তবে আলির মহানিস্তব্ধতা নিছক নৈঃশব্দ্য নয়, দুনিয়াজোড়া বক্সিংপ্রেমীদের কাছে এই নীরবতা এক বিগ ব্যাং বা মহা বিস্ফোরণের মতো। আলি টুঁ শব্দটিও করছেন না, কিন্তু মানুষ ওরই মধ্যে বক্সিং শিল্পটারই নক ডাউন কাউন্ট শুনতে পাচ্ছে।

গত শতকের ষাট এবং সত্তর দশকের সেই স্বর্ণযুগে ফিরতে বক্সিং-এর প্রয়োজন আরেক মুহাম্মদ আলির। যা গায়ে গায়ে দুটো আইনস্টাইন। দুটো চে গোয়েভারা বা দুটো ব্র্যাডম্যান পাওয়ার মতো। অর্থাৎ অসম্ভব।

এই আলি আসলে কী, কেন এত বড়, কী জন্য খেল্ জগতের এক সেরা অবতার তা বোঝার দরকার আছে। সে-প্রসঙ্গে অচিরে আসছি, তার আগে ঠিক কী পরিবেশ-পরিস্থিতিতে তার বক্সিং-এর ত্রাতা হয়ে ওঠা সেই বৃত্তান্তটা ছোট্ট করে শুনিয়ে নিই।

১৯৬০-এ অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে পেশাদার হেভিওয়েট হলেন ক্যাসিয়াস ক্লে (মুসলমান হয়ে মুহাম্মদ আলি নাম নিলেন তো অনেক পরে), প্রথম লড়াইয়ে টানি হানসেকারকে ছ’রাউন্ডে নক আউট করে পেলেন কত? না, ২০০০ ডলার। দু-মাস পরেই হার্ব সাইলারকে চার রাউন্ডে নক আউট করে প্রাপ্তি? ২০০ ডলার! বিশ্বাস করুন মোটে দু’শো ডলার।

কিন্তু পার্সের চিন্তাও ক্লে-র মগজে সে-সময়ে নেই। তার ধ্যানজ্ঞান দিবারাত্রির একটাই স্বপ্ন-বিশ্ব হেভিওয়েট মুকুট। যেটা তখন প্যাটার্সনের দখলে। যাকে লড়তে দেখে তার মনে হয়- জো লুই, জার্সি জো ওয়ালকট আর রকি মার্সিয়ানোর পর হেভিওয়েট চ্যাম্পিয়নের এই দশা!

প্যাটার্সন তখনও চ্যাম্পিয়ন, অথচ বক্সিং মহল গাইতে শুরু করেছে, দূর দূর, আসল চ্যাম্পিয়ন তো সনি লিস্টন! ওই এলো বলে।

লিস্টন এলেনও। পর পর দুটো লড়াইয়ে প্রথম রাউন্ড নক আউট করলেন প্যাটার্সনকে।  মোষের মতো শক্তি গায়ে, হিংস্র ভাল্লুকের মতো মেজাজ। দুনিয়া ধরে নিয়েছিল লিস্টন নিজে থেকে রিং না ছাড়লে তাকে ছাড়াবার মতো লোক কেউ নেই।

শুধু একটি মানুষ অন্যরকম ভেবেছিলেন। ক্যাসিয়াস ক্লে।

বিশ্ব  মুকুটের চ্যালেঞ্জার হবার জন্য ১৯৬২-র ১৫ নভেম্বর ক্লে রিঙ্গে নামলেন কমপক্ষে দু’শ লড়াইয়ের কাল পরীক্ষিত বক্সার আর্চি মোরের বিপক্ষে। দীর্ঘদিন মিডল ওয়েটে এবং লাইট হেভিওয়েটে লড়ে আর্চি নতুন করে চেষ্টায় ছিলেন হেভিওয়েট দখল নেবার। প্রথম চেষ্টা মাঠে মারা গেছিল রকি মার্সিয়ানোর সামনে পড়ে। নক আউট।

অলিম্পিকে জিতে এই আর্চি মোর-এর কাছেই স্টাইল এবং ডিফেন্স শিখতে গিয়েছিলেন ক্লে।

আর সেই আর্চির মুখোমুখি হবার আগে থেকেই ক্লে ছড়া কাটতে শুরু করলেন ‘আর্চি মোর উইল ফল ইন ফোর’। রাউন্ড চার, আর্চি ধপাস।

বলা বাহুল্য, ওই চার রাউন্ডেই বিদায় হলেন আর্চি মোর এবং ক্লে’র হাতে পুরস্কারমূল্য এল ৪৫, ৩০০ ডলার। কিন্তু তার তখন নজরে শুধু সনি লিস্টনের কোমরের ওই হেভিওয়েট চ্যাম্পিয়নের বেল্ট।

বার বার এই টাকার কথাটা তুলতে হচ্ছে কারণ হাজার-লাখের খেলাটাকে এই ক্লে-ই (ততদিনে মুহাম্মদ আলি) বছর দশেকের মধ্যে পাঁচ মিলিয়ন ডলারের খেলায় তুলে নিয়ে গিয়েছিলেন জর্জ ফোরমানের সঙ্গে খেতাবি লড়াইয়ে। যা লড়া হলো আফ্রিকার জাইর-এ। নামকরণ হল ‘রাম্বল ইন দ্য জঙ্গল’। জঙ্গলে দঙ্গল। যা নিয়ে এক অপূর্ব বই লিখলেন মার্কিন লেখক নর্মান মেলার- ‘দ্য ফাইট’। লিস্টনের সঙ্গে প্রথম লড়াইয়ে ক্লে পেলেন ৪৬৪,৫৯৫ ডলার!

১৯৭৫-এ প্রকাশিত তার অতি সুলিখিত (সহলেখক রিচার্ড ডারহাম) এবং অসাধারণ আত্মজীবনী ‘দ্য গ্রেটেস্ট: মাই ওন স্টোরি’ (আর কোনো ক্রীড়াবিদের আত্মজীবনী এর পাশে রাখার জো নেই) খুব সরল মেজাজে ওই ক্লে-লিস্টন লড়াই ঘটিয়ে তোলার গল্প দিয়েছে।

আলি বলছেন, “আমি দেখেছি যে প্যাটার্সনের খেতাব কাড়ার আগে থেকেই বিশালদেহী, গোরিলাচক্ষু, খুনে মেজাজের সনি লিস্টনকে বক্সিং মহল ‘মুকুটহীন চ্যাম্পিয়ন’ তকমা দিয়ে ফেলেছিল। লিস্টনের সঙ্গে একটা লড়াই পেতে আমি তেমনই একটা আবহাওয়া তৈরির চেষ্টা চালালাম। লিস্টনকে ভয় পাওয়া দূরস্থান, আমি ওর মধ্যেই ভয় ঢোকানোর কল করলাম। ‘আমিই সেরা, আমাকে দাবানোর কেউ নেই’- চিল চিৎকারে এটাই ঘ্যানঘেনিয়ে বক্সিং ফ্যানদের ঘুম কেড়ে নিচ্ছিলাম। অনেকের চোখ গোল হলো- ছোকরা বলে কী!

এই বলার মধ্যে একটা ছকও ছিল। ভেতরে ভেতরে লিস্টনকে টলিয়ে দেওয়া। এমনিতে তো তাকে ‘দ্য বিগ আগলি বেয়ার’ (দামড়া কুচ্ছিত ভল্লুক) নামই দিয়েছিলেন ক্লে, তার ওপর নিজের শক্তি আর গতির কথা বলে কিছু প্রশ্নও ঢুকিয়ে দিচ্ছিলেন মনের কোণে। লিস্টন তো ঠাউরে উঠতে পাচ্ছিলেন না, লম্বাচওড়া হলেও ক্লে’র মধ্যে এত শক্তি কি সত্যিই আছে?

কিন্তু তাকে আরও বেশি ভাবাচ্ছিল ক্লে’র ক্ষিপ্রতা, একই সঙ্গে দু’হাত ও দু’পায়ের। মারকুট্টে, কিন্তু শ্লথ এবং ভারী শরীরের লিস্টনের কাছে আসল সমস্যাটা ছিল এখানেই। তিন রাউন্ডের বেশি কাউকে বাড়তে দেন না, খেলা চুকিয়ে দেন নক আউট পাঞ্চে। কিন্তু এই নেচে নেচে লড়ে বেড়ানো ছোকরাকে বাগে আনবেন কী ফন্দিতে? সব চেয়ে বিশ্রী হলো বখাটেটা তাকে ভয়ও পায় না!

এরই মধ্যে ক্লে লিস্টনের জিম-এ গিয়ে তার ট্রেনিং প্র্যাকটিস দেখা শুরু করলেন। লিস্টনকে রিঙে লড়তে দেখার বিস্ময় ও ভীতি এই ট্রেনিং দেখতে দেখতে উবে গেল এবং তার কিছু কিছু দুর্বলতাও চোখে পড়ল, যেগুলোর সুযোগ আগে কেউ কখনও নেয়নি। প্রতিদ্বন্দ্বীর ট্রেনিং দেখতে যাওয়া বক্সিং-এ কোনো নতুন ব্যাপার নয়, তবে ক্যাসিয়াস ক্লে’র আগে বা পরে কোনো বক্সার এই কাজটাকে ল্যাবরেটরিতে গবেষণার পর্যায়ে তুলে নিয়ে যেতে পারেননি।

লিস্টনের ট্রেনিং দেখতে দেখতে ক্লে বুঝে যান একে ছিটকে ফেলা কোনো ব্যাপার না। শুধু নিজের লড়াইটা নিপুণ ভাবে খেলে যাওয়া দরকার। ক্লে’র সেই নিজের, নিপুণ স্টাইলটা কী?

ক্লে বলছেন, স্টাইলটা হলো রিঙের মধ্যে সারাক্ষণ চলন্ত থাকা, এবং ঘুরে ঘুরে, প্রায় বৃত্তাকারে চলন্ত থাকা। ঠিক সময়ে ব্যাকস্টেপিং-এ পিছিয়ে আসা। তার পাশাপাশি আরেকটা বড় কায়দা রপ্ত করা-উল্টো দিকের মার এড়িয়ে মার লাগাতে পারা। জিম-এ প্র্যাকটিসের সময় একটা কাজ ক্লে ঘণ্টা ধরে করে যেতে পারেন। তা হলো স্পারিং পার্টনারের ছোড়া ঘুসির থেকে ঠিক মুহূর্তে পিছিয়ে আসা।

এই পিছিয়ে আসা শুধু পায়ের কাজ নয়। দ্রুত একটা জ্যাব বা খোঁচা মার দিয়ে নিজের মুখ পিছনে এবং ধারে হেলিয়ে বিপক্ষের ঘুসিকে পাশ কাটিয়ে যাওয়া।

ঘুসির রেঞ্জের মধ্যে থেকেও ক্লে কী করে শুধু মাথা হেলিয়ে মার এড়ান সেটা তখনকার পেশাদারদের মাথায় ঢুকত না।

তারা বলতেন, “এ ছোকরার মুণ্ডুটা একদিন ধড় থেকে আলাদা হবে।” তাদের চোখের সামনে ভাসত তখন লিস্টনের মস্ত মুঠোর কোদাল কোপ। ক্লে নিজের একটা বিল্ট-ইন রেডার তৈরি করে ফেলেছিলেন। উনি টের পেতেন কতখানি পিছানো যাবে। কখন ডাক করে ব্লো এড়াতে হবে। তারপর কখন জ্যাব করে করে বিপক্ষেকে ভুল পায়ে ফেলে ফাঁসাতে হবে। উনি শিখে ফেলেছিলেন প্রতিদ্বন্দ্বীকে ক্রমে ক্রমে ক্লান্ত করে হতাশ করার বিজ্ঞানটা।

ক্লে’র এই স্টাইলের মোকাবিলায় লিস্টন কোনো স্ট্র্যাটেজি কষে ছিলেন বলে জানা যায় না। ওর টিটকিরি আর চ্যালেঞ্জ শুনে শুনে তিতিবিরক্ত লিস্টন শেষে বাজার গরম করার জন্য বলা ধরলেন, “আমার একটাই চিন্তা, ওর বকবক থামাতে যে ঘুসিটা মারব, তাতে মুঠোটা ওর চোয়াল ভেঙে গলা অবধি ঢুকে যাবে। সে-মুঠো অপারেশন করে বার করতে এক হপ্তা চলে যাবে। আর তারপর ও যেন সেরে উঠে খাড়া হতে পারে।”

১৯৬৪-র ২৫ ফেব্রুয়ারি ক্লের মুখোমুখি রিঙে নেমে লিস্টন বুঝে গিয়েছিলেন এ এক অন্য খেলায় পড়েছেন তিনি। শুধু গতি নয়, অদ্ভুত গতি আর নানা ছলচাতুরীর মুখে পড়েছেন।

ফ্লয়েড প্যাটারসনকে যেমন ষাঁড়ের মতো তেড়ে গিয়ে গিয়ে ঘুসিয়েছেন, তার কিছুই কাজে দিচ্ছে না। ক্লে মাথা পেছনে হেলিয়ে, পাঞ্চ এড়িয়ে, বোঁ করে পাশে চলে বাঁ হাতে পরের পর জ্যাব ঠুকছেন। সঙ্গে ডান হাতে ক্রস ঝাড়ছেন মাথায়। একটার পর একটা। লিস্টন বুঝতে পারছিলেন না কী ঘটছে। ক্লে টের পাচ্ছিলেন লিস্টনকে পেড়ে ফেলছেন।

তৃতীয় রাউন্ডে বেশ ক’বার ক্লিঞ্চ হলো, অর্থাৎ দু’জন দুজনকে গায়ে গায়ে জড়িয়ে ফেললেন। তখনই লিস্টনের বড় বড় শ্বাস প্রশ্বাসে ক্লে বুঝলেন লিস্টনের দমছুট হচ্ছে লড়াইয়ের স্পিড ধরে রাখতে। দেখলেন ওর মুখ ফুলে ফেঁপে উঠছে জ্যাবের ধাক্কায়। আর তার পর পরই আরও কয়েকটা জ্যাবে লিস্টনের বাঁ চোখের নীচে ফাটল ধরিয়ে দিলেন। সারা জীবনে লিস্টনের মুখে কেউ কাটাছেঁড়া, রক্তারক্তি করতে পারেননি। এটা ঘটে যেতে উনি হঠাৎ করে ঘাবড়ে গেলেন।

তার নিজের রক্ত রিঙের জমিতে ঝরতে দেখে চমকালেন এবং একটা আহত জন্তুর মতো ক্লের শরীর লক্ষ করে এম্তার ব্লো ছড়াতে শুরু করলেন। ক্লে সেই সব জোরালো ঘা-গুলো কনুইয়ের ওপর নিলেন। আর এর পরের রাউন্ডের শুরু থেকেই ঘুরে ঘুরে জ্যাব আর ক্রসে লিস্টনকে ব্যতিব্যস্ত করলেন। পঞ্চম রাউন্ডের শুরুতে ক্লে ভেতরে ভেতরে দিব্য আশ্বস্ত হয়ে গিয়েছেন যে, যে ছড়া দিয়ে অ্যাদ্দিন লোক খেপাচ্ছিলেন- “কিং লিস্টন উইল স্টে/ অনলি আনটিল হি মিটস ক্যাসিয়াস ক্লে/ মোর ফেল ইন ফোর/ লিস্টন ইন এইট।’ লিস্টন রাজা তদ্দিন/ ক্লের মুখোমুখি নন যদ্দিন/ মোর পড়েছেন চারে/ লিস্টন যাবেন আটে।’ সেই ছড়াই অক্ষরে অক্ষরে মিলতে চলেছে।

রাউন্ড কিছুটা এগোতে ক্লে হঠাৎ একটা চিনচিনে ব্যাপার বোধ করলেন দু’চোখে। লিস্টন ঘুসির চোটে কাঁধে ব্যথা পাচ্ছিলেন দেখে ওর কর্নারের লোকেরা কাঁধে-হাতে কী সব মলম ডলেছিলেন। লড়াইয়ের মধ্যে সেই মলম কিছুটা ক্লের শরীরে এসে পড়ে।

চতুর্থ রাউন্ডের শেষে ট্রেনার অ্যাঞ্জেলো ডান্ডি ক্লে’র শরীর-মাথা তোয়ালে দিয়ে রগড়ে তাজা করার সময় সেই মলম কিছুটা ওর চোখে চলে যায়। তাতেই পঞ্চম রাউন্ডে চোখে জ্বালা ধরে, প্রায় অন্ধ হওয়ার উপক্রম। ক্লে চেঁচাতে থাকেন লিস্টনের গ্লাভসের ভেতর ধারালো কিছু আছে, চেক করা হোক।

রাউন্ড শেষেও চোখের জ্বালা যায় না। কী সাঙ্ঘাতিক মনের অবস্থা তখন। প্রথম রাউন্ড থেকেই ঠ্যাঙানি দিয়ে রক্তারক্তি করে দিয়েছেন লিস্টনকে। তার পর কথা নেই, বার্তা নেই রিং ছাড়বেন! লোকে বলবে কী? ভয়ে পালালেন?

কিন্তু চোখের জ্বালা যে কাটে না। ঝাপসা চোখে কী লড়াই হবে? ক্লে বুঝে পাচ্ছিলেন না কী করণীয়।

ও দিকে ষষ্ঠ রাউন্ডের বেল পড়ল, পেছন থেকে কথা ভেসে এলো অ্যাঞ্জোলোর, “এটাই সেই বড় লড়াই, টাইটেল ফাইট। তোমার ফেরা নেই, ক্যাস। তুমি জিতছ, যাও ঢোকো।”

ষষ্ঠ রাউন্ডে মত্ত ষাঁড়ের মতো লিস্টন এসপার ওসপার করতে দফায় দফায় তেড়ে এলেন। ক্লে তার লম্বা রিচ-এ তাকে নাগাল পেতে দিলেন না। তার পর ক্রমশ দৃষ্টি স্বচ্ছ হতে ঘুরে ঘুরে, তাকে প্রায় দিগ্ভ্রান্ত করে জ্যাব করা শুরু করলেন। লিস্টন বুঝতে পারছিলেন ক্লে’র কম্বিনেশনের থেকে তার বেরনো বন্ধ।

সপ্তম রাউন্ডের বেল পড়ল। কিন্তু ক্লে দেখলেন লিস্টন স্টুলে থুম হয়ে বসে। চোখে ভ্যাবাচ্যাকা শূন্য চাহনি। লড়াইয়ের অবস্থায় নেই। ক্লে-র কানে তখন তার কর্নারের উল্লাসধ্বনি, “ইউ দ্য চ্যাম্পিয়ন! ইউ দ্য চ্যাম্পিয়ন!”

লুই ভিল-এর সেই অবিশ্বাস্য, প্রায় অবাস্তব স্বপ্ন দেখা কালো ছেলেটাই এখন মায়ামি বিচের এই হাজার হাজার বিস্মিত দর্শকের সামনে বিশ্বের নবতম হেভিওয়েট চ্যাম্পিয়ন।

খেল্ খতম, পয়সা হজম- এতটা সহজে নয় ক্লের কাছে। আরও এক রাউন্ড খেলা বাকি ছিল ওঁর। সাংবাদিকদের সঙ্গে। যারা অ্যাদ্দিন টানা গেয়ে গেছেন যে ক্লে তুবড়ে যাবে লিস্টনের ঘুসির মুখে পড়ে, মারের চোটে ভাঙচুর হবেন।

প্রেস কনফারেন্সে বসেই ক্লে হাঁক দিলেন, “আপনাদের প্রশ্ন পরে শুনব। আগে আমার কথাটা শুনে নিন। অ্যাদ্দিন তো যা বাজে বকার বকে নিয়েছেন। বলেছেন সনি লিস্টন আমায় জানে মেরে ফেলবে। বলেছেন, ও নাকি জ্যাক জনসন বা জ্যাক ডেমসির চেয়েও বড়। এমনকী জো লুইয়ের চেয়েও। আপনারাই ওকে সর্বকালের বড় বানিয়ে বসে আছেন। কেউ কানেই তোলেননি আমার সেই একটা কথা- আই’ম দ্য গ্রেটেস্ট। তা হলে এখন বলুন সবার সেরা কে?”

সবাই নোটপ্যাড আর মাইক হাতে বসে। হল জুড়ে একটা নীরবতা। ক্লে ফের প্রশ্ন তুললেন, “বলুন কে সেরা?” হল ভরতি সাংবাদিক বোবা মেরে চুপ।

ক্লে ফের হুঙ্কার ছাড়লেন, “শেষবারের মতো প্রশ্ন রাখছি, হু ইজ দ্য গ্রেটেস্ট।”

প্রথমে একটু ইতস্তত করলেন সবাই। তারপর সমস্বরে ঘোষণা করলেন, “আপনিই-ই।”- ওয়েবসাইট।

জিহাদের বাবা আটক

পাইপের ভেতর পড়ে যাওয়া জিহাদের বাবা মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের দারোয়ান নাসির বকুলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।image_111700_0

শুক্রবার রাত ৩টার দিকে তাকে শাজাহানপুর থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন শাহজাহানপুর থানার ডিউটি অফিসার এসআই শ্যামল চন্দ্র।

শুক্রবার রাত পৌনে ৩টার দিকে পাইপের ভেতর ক্যামেরা পাঠিয়ে কোনো মানুষের আস্তিত্ব না পাওয়ার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এটাকে গুজব বলে মন্তব্য করেন। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য জিহাদের বাবাকে থানায় নিয়ে আসে পুলিশ।

নওগাঁয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

নওগাঁর পোরশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো  কমপক্ষে ৩০ জন।image_111699_0

শনিবার সকালে উপজেলার দোহারের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার সকালে যাত্রীবাহী বাসটি নওগাঁ বালুডাঙ্গা থেকে পোরশা উপজেলার নিতপুরে যাচ্ছিল। সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দোহারের মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়। আহত হন কমপক্ষে ৩০ জন যাত্রী।

আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।

ক্যানসার আটকায় আমন্ড বাদাম

বেশিরভাগ মানুষেরই অন্যতম প্রিয় মুখরোচক খাদ্য হলো বাদাম। বাদামকে খাদ্য হিসেবে গণ্য করা হয় না। তবে দেখতে সাধারণ এই বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য যে কত উপকারী, তা আমরা ভাবতেই পারি না।image_111698_0

বাদাম বহু রকমের আছে, যেমন: আমন্ড, ব্রেড নাটস, ব্রাজিল নাটস, ক্যান্ডেল নাটস, টেস্ট নাটস, ক্যাসিউ নাটস, কোলা নাটস, পি নাটস, পাইন নাটস, ওয়াল নাটস ইত্যাদি। বিভিন্ন ধরনের বাদামের গুণও ভিন্ন ভিন্ন:

কাজু বাদামে
এটি এক ধরনের দামি বাদাম। এটির বিশেষত্ব হলো, এতে কোলেস্টরেল থাকে না, কিন্তু মাংসসার বেশি পরিমাণে থাকে। উচ্চ রক্তচাপ ও হৃদরোগীরা নির্ভয়ে খেতে পারেন কাজু বাদাম।

এটিতে থাকে যথেষ্ট পরিমাণে আঁশ। ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। যেকোনো ধরনের বাদাম রোজ খেলেও ওজন বাড়ার ভয় নেই। এছাড়া, গর্ভবতী মহিলারা বাদম খেলে ঘুম আসতে সহায়ক হয়।

পি নাটস
এই বাদামের জন্ম চীনে। এতে অধিক পরিমাণে মাংসসার থাকে। রয়েছে ৬.৪ শতাংশ সার। তাই কোষ্ঠকাঠিন্য মেটাতে এই বাদাম বিশেষ উপযোগী। এটিতে নবনের মাত্রা কম থাকায় উচ্চ রক্তচাপের রোগীরাও নির্ভয়ে খেতে পারেন। তাই এটিকে ‘অ্যাসেনশিয়াল নাটস অব লাইফ’ও বলা হয়। এছাড়া ভিটামিনস,মিনারেল ও কার্বোহাইড্রেটও থাকে পি নাটসে।

টেস্ট নাটস
এই বাদামে থাকে প্রোটিন,ভিটামিন-সি, মিনারেলস ইত্যাদি। শরীর গঠনে এই বাদাম বিশেষ ভূমিকা নেয়।

আমন্ড
ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদিতে পরিপূর্ণ এই বাদাম অতি মূল্যবান খাদ্য। এটিতে থাকে ভিটামিন –ই। মহিলাদের জন্য এই বাদাম বিশেষ উপকারী। চুলের সুস্বাস্থের এই বাদাম উল্লেখযোগ্য ভূমিকা নেয়। আমন্ড বাদামে থাকে ফলিক অ্যাসিডও।

গর্ভবতী মহিলাদের জন্যও এই বাদাম উপযোগী। তবে এই বাদামের সবচেয়ে বড় লাভ হল, এটি বৃহৎ অন্ত্রের ক্যানসার রোগ প্রতিরোধ করে। পাশাপাশি এটিতে আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর হয়।–ওয়েবসাইট।