শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

‘২০১৫তে বিশ্বজুড়ে যুদ্ধ শুরু করতে পারে আমেরিকা’

আমেরিকা চলতি বছরে বিশ্বজুড়ে যুদ্ধ শুরু করতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাজনৈতিক বিশ্লেষক স্টিফেন লেন্ডম্যান। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ার উচ্চারণ করেন লেখক এবং বেতার সঞ্চালক লেন্ডম্যান।image_112479_0

তিনি বলেন, আমেরিকা একটি দুর্বৃত্ত রাষ্ট্র এবং চলতি বছরেই শাব্দিক অর্থে বিশ্ব জুড়ে যুদ্ধ বাঁধানোর ঝুঁকি নিতে পারে এ রাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে দেয়া মার্কিন নতুন হুমকি এবং ইউরোপে দেড় শতাধিকের বেশি ট্যাংক ও সাঁজোয়া গাড়ি মোতায়েনের ওয়াশিংটনের পরিকল্পনা সুদূরপ্রসারী প্রভাব ব্যাখ্যা করতে যেয়ে এ কথা বলেন লেন্ডম্যান।

এর আগে, ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার লে.জেনারেল বেন হোজ বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ ইউরোপে ট্যাংক ও সাঁজোয়া গাড়ি মোতায়েনের পরিকল্পনা করছে পেন্টাগন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে যখন বলা হচ্ছে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা হ্রাসে ওয়াশিংটন-মস্কো আলোচনা করছে তখন এমন হুমকি দিচ্ছে পেন্টাগন।

এ দিকে ইংগিত করে লেন্ডম্যান বলেন, ওয়াশিংটন কি বিবৃতি দেয় বা প্রধান সংবাদ মাধ্যমগুলো এ সংক্রান্ত কি খবর প্রকাশ করে তা দিয়ে পরিস্থিতি বিচার করা  উচিত নয়। বরং কি নীতি গ্রহণ করছে তার ভিত্তিতে আমেরিকাকে বিচার করা উচিত।

তিনি বলেন, আলোচনা  যখন চলছে ঠিক তখনই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের আরো বেশি হুমকি দিচ্ছে আমেরিকা। সাক্ষাৎকারে এ পর্যায়ে ইউক্রেনে মার্কিন  মদদপুষ্ট সরকারকে মারণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র সরবরাহের অনুমতি দিয়ে আমেরিকার গৃহীত তথাকথিত ফ্রিডম অ্যাক্টের কথাও তুলে ধরেন লেন্ডম্যান।

এ ছাড়া, মার্কিন প্রভাবাধীন ন্যাটোর পূর্ব ইউরোপে অধিকহারে আমেরিকান ও ন্যাটো সেনা মোতায়েনের বিষয়টিও উঠে আসে তার আলোচনায়। তিনি বলেন, এর মধ্য দিয়ে রাশিয়ার প্রতি ওয়াশিংটনের চরম বৈরী নীতিরই প্রকাশ ঘটছে।–আইআরআইবি।

ব্রাজিলে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন দিলমা

দ্বিতীয় বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্টের শপথ নিলেন দিলমা রওসেফ। দেশটির রাজধানী ব্রাসিলিয়া শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজারো সমর্থক উপস্থিত ছিলেন।image_112474_0

শপথ অনুষ্ঠানে রওসেফ বলেন, “লাখো মানুষের দারিদ্র নিরসনে সামাজিক উন্নয়ন কাজকে আরো এগিয়ে নেয়া হবে। আমরা দেশের ৩৬০ লাখ লোককে চরম দারিদ্র থেকে উঠিয়ে এনেছি।”
তিনি বলেন, “ব্রাজিলের মানুষেরা মধ্যম আয়ে প্রবেশ করেছে। এখনো দেশের সব মানুষ শিক্ষার সুযোগ পায়নি।”

দিলমা বলেন, “এখন আমাদের সামনে এগিয়ে যাবার সময়।” -বিবিসি।

ইটবোঝাই ট্রাক খাদে, নিহত ২

রাজধানীর পূর্ব শ্যামপুরে পালপাড়া নামক এলাকায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।image_112476_0

নিহতরা হলেন- হনুফা আক্তার (৩৫) ও নজরুল ইসলাম (৪৫)।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আব্দুল মন্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকাল সাতটার দিকে ঘটনার বিষয়ে অবগত হয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। বর্তমানে লাশ দুটি ময়নাতদন্তের জন্যে ঢামেক মর্গে রয়েছে।”

বিগ ব্যাশের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চান সাকিব

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশে খেলাটা বিশ্বকাপ প্রস্তুতির জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন সাকিব আল হাসান। আসন্ন বিশ্বকাপের আগে বিগ ব্যাশ টি-২০ লীগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে তিন সপ্তাহ সময়টাকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এই মেগা ইভেেেন্টর জন্য নি:সন্দেহে বড় সুযোগ বলে মনে করছেন সাকিব।image_112473_0

আগামী ৪ জানুয়ারী অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হতে পারেন সাকিব। অবশ্য তার রওনা হওয়া এবং দেশে ফেরা কিংবা বিশ্বকাপের জন্য সেখানে থেকে যাওয়া সব কিছুই নির্ভর করছে কোচ চন্দিকা হাতুরসিংহের উপড়। রেনেগেডসের হয়ে ৭,১০,১৩ এবং ১৯ জানুয়ারির চারটি ম্যাচ খেলবেন সাকিব এবং বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া রওনা হওয়ার কথা ২৪ জানুয়ারি। হতে পারে অতিরিক্ত পাঁচ দিন তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন এবং বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যে ধরনের কন্ডিশন আশা করা হচ্ছে তার জন্য রেনেগেডসের অভিজ্ঞতাটা তার জন্য খুবই সহায়ক হবে বলে মনে করছেন তিনি। সাকিব বলেন, নতুন সতীর্থদের কাছ থেকে তিনি যে জ্ঞানার্জন করবেন তা তার জন্য হবে খুবই মুল্যবান এবং সেগুলো তিনি বাংলাদেশ দলের কাছে শেয়ার করতে পারবেন।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকিনফোকে সাকিব বলেন, ‘আমার সবচেয়ে বড় অর্জন হবে অস্ট্রেলিয়ায় অতিরিক্ত ২০ দিনে আমি যে শিক্ষা পাব। আমি সব ম্যাচেই ভালো করতে চেষ্টা করব। তবে পারফরমেন্স খারাপও হতে পারে। অনুশীলন সেশনগুলো হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই তিন সপ্তাহে আমি অনেক কিছু শিখতে পারি।

‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে অনুশীলনে আমি যতটা শিখতে পারব একই সময়ে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনে আমি ততটা শিখতে পারতাম না। আমার অভিজ্ঞতা আমি দলের সঙ্গে শেয়ার করতে পারি, যা সবাইকে উপকৃত করবে।’

বিগ ব্যাশে হোবার্ট, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এবং ডকল্যান্ডস স্টেডিয়ামে খেলবেন সাকিব। বাংলাদেশ মেলবোর্নে খেলবে শ্রীলংকার বিপক্ষে। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়ার ক্যানবেরা, ব্রিসবেন ও অ্যাডিলেডে এবং নিউজিল্যান্ডের নেলসন ও হ্যামিলটনে।

সাকিব বলেন, ‘আমি মাঠগুলোর কয়েকটিতে খেলার সুযোগ পাব। এ থেকে আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে আমি নিজকে মানিয়ে নিতে পারব। প্রস্তুতির জন্য এর চেয়ে ভালো কোনো উপায় আর হতে পারে আমি মনে করি না।

‘আমি মনে করি বিগ ব্যাশ ভিন্নধর্মী এবং সম্ভবত সবচেয়ে কঠিন অঙ্গন। আমি মনে করছি টি-২০ লীগগুলোর মধ্যে অবশ্যই এটা সবচেয়ে বড় হবে। এই টুর্নামেন্ট ভ লো করাটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। বিগ ব্যাশ থেকে পাওয়া আত্মবিশ্বাস আমি বিশ্বকাপে নিতে চেষ্টা করব।’ সূত্র: ওয়েবসাইট

বিশ্বকাপ টিম নিয়ে দ্বিধায় পাকিস্তান

এক দিকে, নিবার্চকদের নিয়ে বিভ্রান্তি৷ অন্য দিকে, নির্বাচকরা বিভ্রান্ত৷ পাকিস্তান ক্রিকেটের যাবতীয় আলোচনার কেন্দ্রে দুই ক্রিকেটার- শোয়েব মালিক ও মুহম্মদ হাফিজ৷image_112470_0

প্রায় দেড় বছর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ মেলেনি শোয়েবের৷ বিশ্বকাপের সম্ভাব্য দলে রয়েছেন ৩২ বছরের ব্যাটসম্যান৷ স্পিনার-অলরাউন্ডার মুহম্মদ হাফিজও রয়েছেন সম্ভাব্য দলে৷ কিন্ত্ত তার বোলিং অ্যাকশন নিয়েই রয়েছে প্রশ্ন৷ চেন্নাইয়ে আইসিসি রিহ্যাবে পরীক্ষাও দিয়ে গিয়েছেন তিনি৷ ৭ জানুয়ারি দল বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ কিন্ত্ত তার আগে সব আলোচনার কেন্দ্রে দুই ক্রিকেটার৷পাকিস্তান ক্রিকেটের নির্বাচন পদ্ধতিতে বিন্দুমাত্র আস্থা নেই শোয়েবের৷ তিনি যেমন পাল্টা প্রশ্নই তুলে দিয়েছেন, ‘নির্বাচকরা কী যে চান, সেটাই তো পরিষ্কার নয়৷ এটা ক্রিকেটারদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে৷ ক্রিকেটাররা বুঝতে পারে না, তাদের কী চাওয়া হচ্ছে৷ এতে আত্মবিশ্বাস কমে যায় প্লেয়ারদের৷’ একই সঙ্গে শোয়েব দাবি করেছেন, বিশ্বকাপের টিমে তাদেরই সুযোগ পাওয়া উচিত, যাদের অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে৷’

মুহম্মদ হাফিজকে নিয়ে দোটানায় রয়েছে পাকিস্তান বোর্ড৷ চেন্নাইয়ের রিহ্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেও তার রিপোর্ট এখনও জমা পড়েনি৷ আর তা না পাওয়া পর্যন্ত বিশ্বকাপ টিম কী হবে, তা নিয়ে কোনো পদক্ষেপই নিতে পারছে না পিসিবি৷ এক কর্তার কথায়, ‘হাফিজকে শুধু ব্যাটসম্যান হিসেবে নিয়ে নেওয়া যায়৷ ওর অভিজ্ঞতাটা কাজেও লাগবে৷ কিন্ত্ত সেটা তো ঝুঁকি নেওয়া হবে যাবে৷ হাফিজের বদলে আর এক অফস্পিনার আজহার আলির কথা ভাবতে শুরু করেছে পিসিবি৷- ওয়েবসাইট

সিডনিতে থেকেও প্রধানমন্ত্রীর চায়ের আসরে গরহাজির ধোনি

ভারতীয় টিম চায়ের নিমন্ত্রণে উপস্থিত। মহেন্দ্র সিংহ ধোনি, তিনি কোথায়?image_112469_0

মহেন্দ্র সিংহ ধোনি টি পার্টিতে নেই। যাননি।নিমন্ত্রণ যিনি করেছিলেন, তিনি যে সে নন। স্বয়ং অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট। সেখানে পুরো ভারতীয় টেস্ট টিম গেল। বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুললেন। কিন্তু এমএসডিকে কোথাও দেখা গেল না। অথচ টিমের সঙ্গে তিনিও এখন সিডনিতে। যার পর প্রশ্ন উঠে পড়ল, টেস্ট টিমের আর অংশ নন বলেই কি অ্যাবটের নিমন্ত্রণরক্ষা থেকে নিজেকে সরিয়ে নিলেন ধোনি?

ধোনির অনুপস্থিতির খবর যদি শিরোনামোচিত হয়, তা হলে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীও খুব কম গেলেন না। চলতি সফরে বিরাট কোহলির সঙ্গে মাঝেমধ্যেই লাগছে অস্ট্রেলীয়দের। মিচেল জনসনের সঙ্গে বিরাটের স্লেজিং-যুদ্ধ ইতিমধ্যে চরমে উঠেছে। অস্ট্রেলীয় কোচ ডারেন লেম্যান আবার বিরাটকে তির্যক খোঁচা দিয়ে রেখেছেন। এ সবের মধ্যে আবার অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী চায়ের পার্টিতে মজা করে বলে রাখলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির হয়ে খেলার সময় তিনি না পারতেন ব্যাটিং, না বোলিং, না ফিল্ডিং। শুধু স্লেজিংটা খুব ভালো পারতেন!

“আমার তো মনে হয়, স্লেজিংয়ের জন্যই টিমে আমি জায়গা পেতাম,” এদিন চায়ের আসরে ভারতীয় টিমের সঙ্গে কথোপকথনের সময় বলে ফেলেন অ্যাবট। এবং টি পার্টি নিয়েও রসিকতা করতে ছাড়েননি। তিনি নাকি বিভিন্ন লোকজনকে টি পার্টির কথা জানাতে গেলে তাকে পাল্টা প্রশ্ন করা হয় যে, মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিার ডিক্লেয়ারেশন নিয়ে তার কী মতামত? এমসিজি টেস্টের শেষ দিন সকালে স্টিভ স্মিথের দেরি করে ডিক্লেয়ার করার সিদ্ধান্ত মোটেও ভালো লাগেনি অস্ট্রেলীয় ক্রিকেটমহলের। অ্যাবট যদিও স্মিথকে সমর্থনই করেছেন। “প্রথমে ভেবেছিলাম, এ সবে ঢুকবই না। তার পর ভেবে দেখলাম, স্মিথ তো নিজের কাজটাই করেছে। ওর কাজটা ছিল অস্ট্রেলিয়ার রানকে যত পারা যায় ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়া। কারণ ভারত ক্রমাগত বোঝাচ্ছে যে, ওদের হালকা ভাবে নিলে খুব ভুল হবে।”

অ্যাবটের মতো সম্প্রীতির সুর আচমকা অস্ট্রেলীয় ক্রিকেটারদের কেউ কেউও দেখাতে শুরু করেছেন। প্রাক্তন যেমন, বর্তমানও তেমন। স্টিভ স্মিথের টিমের উইকেটকিপার ব্র্যাড হাডিন এদিন বলে দিয়েছেন, ধোনির মতো ভদ্রলোক তিনি খুব দেখেছেন। আর ভারত যেখানে ছিল সেখান থেকে টিমকে অন্য একটা উচ্চতায় পৌঁছে দিয়েছেন ধোনি। “আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম ওর অবসরের সিদ্ধান্তে। ও ভারতীয় ক্রিকেটকে দারুণ জায়গায় নিয়ে এসেছে। ওর বিরুদ্ধে খেলা সব সময় আমি পছন্দ করেছি। ধোনির মতো ভদ্রলোকও খুব কম আছে।” ঘটনা হলো, ধোনি নিয়ে প্রশংসার কারণ পাওয়া যাবে। মাঠের মধ্যে মাথা গরম করা, বা স্লেজিং তার স্বভাববিরুদ্ধ ছিল। কিন্তু তাই বলে বিরাট কোহলিকে কুর্নিশ? অবাক করা হলেও, ঘটছে।

প্রাক্তন অস্ট্রেলীয় পেসার ড্যামিয়েন ফ্লেমিং করছেন। “বিরাট খুবই আগ্রাসী ক্রিকেটার। প্রতিপক্ষকে একেবারে পিষে ফেলতে পারলে খুশি হয়। আর ওকে কেউ কিছু বললে, পাল্টা দেওয়ার ব্যাপারে দু’বার ভাবে না। সবচেয়ে বড় কথা, বিরাট বেশ আনন্দ পায় ওকে কেউ স্লেজ করলে,” বলে দিয়েছেন ফ্লেমিং। এমনকী তিনি বল করলে কোহলিকে নাকি কখনও স্লেজই করতেন না!

ফ্লেমিংয়ের যুক্তি, “ও তো ওটাকে অস্ত্র করে তোমার উপরেই ব্যবহার করবে। টেন্ডুলকার বা গিলক্রিস্টের মতো ও নয় যে, মুখ দেখে কিছু বোঝা যাবে না। শচিনকে কেউ স্লেজ করলে ও হয়তো ভেতরে ভেতরে রেগে যাবে। কিন্তু বাইরে কিছু বোঝাবে না। কোহলির সে সব নেই। আমার মনে হয় কোহলির মতো কিছু ব্যক্তিত্ব থাকলে তাতে ক্রিকেটেরই ভালো হবে।”- ওয়েবসাইট

৫০০ কোটির টার্গেটে ‘পিকে’

বলিউডের কোটি টাকার ক্লাবে ৫০০ কোটির টার্গেটে এগোচ্ছে আমির খানের ‘পিকে’৷ মুক্তির দু’সপ্তাহের মধ্যে দেশ থেকে ‘পিকে’র কালেকশন মোট ২৬৪.৫০ কোটি রুপি৷ ‘পিকে’র বাজেট ছিল ৮৫ কোটি টাকা৷ ভারতের বাজারেই ছবির এরকম সাফল্যে তাই অনেক বিতর্কের মধ্যেও হাসি ফুটেছে প্রযোজকের মুখে৷image_112462_0

ভারতের বাইরেও ‘পিকে’র ব্যবসা দারুণ৷ সারা বিশ্বে মুক্তির নিরিখে এই মুহূর্তে পিকের কালেকশন মোট ৪৮২ কোটি রুপি৷ পিকে-র সামনে তাই ৫০০ কোটির মাইলস্টোন

পিকে-র সাফল্যের কথা জানিয়ে ডিজনি ইন্ডিয়ার মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন প্রধান অমৃতা পান্ডে জানিয়েছেন, ‘ দেশে তো বটেই, বিদেশের বাজারেও পিকে অসম্ভব ভালো ব্যবসা করছে৷ প্রতিদিনই নতুন একটা করে বেঞ্চমার্ক তৈরি করছে ছবিটি৷’

‘পিকে’ ৫০০ কোটিতে পৌঁছলে নিজের রেকর্ডই ছুঁয়ে ফেলবেন আমির৷ এর আগে তার ‘ধুম থ্রি’-র রোজগার ছিল মোট ৫৪২ কোটি রুপি৷ এখন আমির ‘পিকে’ হয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে বলিউড৷- ওয়েবসাইট।

তুরস্কে সবচেয়ে বড় ভূগর্ভস্থ শহরের সন্ধান

তুরস্কে বিশ্বের সবচেয়ে বড় ভূগর্ভস্থ শহরের সন্ধান পাওয়া গেছে। দেশটির আনাতোলিয়া অঞ্চলের কাপ্পাডকিয়ায় এ শহরের সন্ধান মেলে। শহরটি পাঁচ হাজার বছরের পুরনো।image_112427_0

নৃতাত্ত্বিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ এলাকা কাপ্পাডকিয়া। এখানে প্রায়ই ভূগর্ভস্থ স্থাপনার সন্ধান পাওয়া যেত।তবে সন্ধান পাওয়া নতুন শহরটি তেমন কিছুই নয় বলে মন্তব্য করেছেন সিটি মেয়র হাসান আনবর। তিনি বলেন, “সন্ধান পাওয়া আন্ডার গ্রাউন্ড শহরটি কিছুই না। এখানে আরো যেসব স্থাপনা অনাবিষ্কৃত রয়ে গেছে, তার তুলনায় এটি রান্নাঘরের মতো।”

তুরস্ক হাউজিং ডেভেলপমেন্ট প্রধান মেহমেত এরগুন তুরান বলেন, “হাউজিং প্রকল্পের উন্নয়নকাজ করার সময় নতুন এ শহরটির সন্ধান মিলে।”

তিনি বলেন, এটা পরিচিত কোনো আন্ডারগ্রাউন্ড শহর নয়। এর আগে সাত কিলোমিটার টানেলের খোঁজ মিলে।সূত্র: ওয়েবসাইট।

‘মেটলাইফ আলিকো’ এখন ‘মেটলাইফ’

দেশের শীর্ষস্থানীয় জীবনবীমা প্রতিষ্ঠান আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি তাদের পরিবর্তিত ব্র্যান্ডনাম  নিয়ে নতুন বছর শুরু করেছে। ‘মেটলাইফ আলিকো’ থেকে এখন তাদের ব্র্যান্ডনাম ‘মেটলাইফ’।image_112456_0

নতুন বছরের প্রথম দিন কোম্পানিটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক টাউন হল সভায় মেটলাইফের রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব সাউথ এশিয়া এম নূরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে  নতুন ব্র্যান্ডনাম কার্যকরের ঘোষণা দেন।  বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই রিব্র্যান্ডিয়ের মাধ্যমে কোম্পানিটি তার বৈশ্বিক সামর্থ্য ও দক্ষতা এ দেশে প্রতিফলনে আরো বেশি প্রতিশ্রুতিবদ্ধ হলো।

কোম্পানির  ব্র্যান্ডনামে পরিবর্তন হলেও তাদের নিবন্ধিত নাম (আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি) অপরিবর্তিত থাকছে।

এম নূরুল ইসলাম  বলেন, “বীমা শিল্পে সত্যিকার বিশ্বমানের কোম্পানি হওয়ার প্রয়াসে আমরা আজ সারা পৃথিবীতে সুপরিচিত মেটলাইফ ব্র্যান্ডের সঙ্গে একাত্ম হলাম। আমি বিশ্বাস করি, মেটলাইফ ব্র্যান্ডের অন্তর্নিহিত শক্তিমত্তা আমাদের এ দেশের সর্বস্তরের মানুষের জীবনবীমার চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যান্ডনামের এই পরিবর্তনের ফলে কোম্পানিটির গ্রাহকদের বিদ্যমান পলিসিগুলোতে কোনো পরিবর্তন আসবে না। তাদের পলিসি স্বাভাবিক নিয়মেই চলবে।”

২০১৫ সালে সরকারি ছুটির ৯ দিনই সাপ্তাহিক ছুটির দিনে

জাতীয় দিবস, ঈদ, পূজা ও ধর্মীয় উৎসবসহ ২০১৫ সালের বর্ষপঞ্জীতে মোট ২২ দিন সরকারি ছুটি এবং দুই দিন ব্যাংক হলিডে ঘোষণা করা হয়েছে।image_112452_0

বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত বর্ষপঞ্জী অনুযায়ী বছরের মোট ২২ দিন সরকারি ছুটির মধ্যে ৯ দিনই সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে পড়েছে।বর্ষপঞ্জী অনুযায়ী বছরের শুরুতেই ৪ জানুয়ারি রোববার ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি হওয়ায় চাকুরিজীবীরা পর পর তিনদিন বর্ষবরণের আমেজে থাকলেও পরের মাসেই ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির ছুটি শনিবার।

চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও ঈদুল ফিতর-এর জন্য নির্ধারিত তিন দিন ছুটির মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটির দিনে। জাতীয় শোক দিবসের ১৫ আগস্টের ছুটিও শনিবার।
এদিকে সেপ্টেম্বরের ৫ তারিখে জন্মাষ্টমির ছুটি শনিবার এবং একই মাসে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ঈদুল আজহার ছুটির শেষ দুইদিন শুক্র ও শনিবার। আবার অক্টোবর মাসের ২৩ ও ২৪ তারিখ পরপর দূর্গাপূজা ও আশুরার ছুটি হলেও তা শুক্র ও শনিবার। আবার বছর শেষে বড়দিনের ছুটি ২৫ ডিসেম্বরও শনিবার।

উল্লেখ্য, চাকুরিজীবীরা বছরের শুরুতে বর্ষপঞ্জীর ছুটি দেখে সারা বছরের পারিবারিক কর্মসূচির একটি খসড়া পরিকল্পনা তৈরি করেন। এবছর বড় বড় ছুটিগুলো সাপ্তাহিক ছুটিতে পড়ায় কর্মস্থলের নৈমিত্তিক ছুটি ও অর্জিত ছুটি বাঁচিয়ে পারিবারিক অনুষ্ঠান বা বেড়ানোর পরিকল্পনা করার সুযোগটা নেই বললেই চলে।– বাসস।