রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

গুলশান কার্যালয়ের দুই দিকে ইট-বালুভর্তি ৪ ট্রাক

বিএনপি চেয়ারপারসনের ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে ইট-বালু চারটি ট্রাক দিয়ে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে ।

রবিবার দিনগত রাত ১২টা ৫ মিনিটে এ চারটি ট্রাক রাখা হয় সেখানে। এর মধ্যে দু‘টি ট্রাক বালুবোঝাই। একটি ইটবোঝাই, আর অপরটি সুড়কিবোঝাই। অবশ্য সেখানে দায়িত্বরত পুলিশ বা অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

সেখানে রাখা একটি ট্রাকের চালক বাচ্চু বলেন, আমি গাবতলী থেকে মাল নিয়ে যাইতাছিলাম। রাস্তায় পুলিশ আটকাইয়া দিছে। কইছে, ওনাগোর লগে আইতে হইবো। সরকারি লোক না আইয়া কি পারি।

খালেদার গুলশান কার্যালয়ের সামনে রাখার পর ট্রাকের চালকদের আগামী দু’দিন এখানে থাকতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান বাচ্চু।

শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

tarek4বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়ে বলেছেন নিরিহ মানুষের বুকে গুলি চালাবেন না। এখনো সময় আছে জনগনের পক্ষে অবস্থান নিন। অবৈধ সরকারের অবৈধ নির্দেশ না মেনে বিবেককে জাগ্রত করুন। দেশের গণতন্ত্র রক্ষার জন্য যে আন্দোলন শুরু হয়েছে তা সফল না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

রবিবার ইস্ট লন্ডনের অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত গনতন্ত্র হত্যা ও কাল দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

তিনি তৃনমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি ও বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক । বেগম খালেদা জিয়া আজ অবরুদ্ধ।

তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়ে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া তোমাদের মায়ের মতো  তোমাদের কাছে আসতে পারছেন না । তোমাদেরকে মায়ের কাছে গিয়ে অবরুদ্ধ থেকে মুক্ত করে আনতে হবে। তারেক রহমান দৃঢ় কন্ঠে বলেন শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এ আন্দলন চলবে।

তারেক রহমান নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, গনতন্ত্র পুন:উদ্ধারে স্বৈরাচারি হাসিনার পতন ঘটাতে রাজপথে নেমে আসুন। আন্দোলনকে লক্ষ্যে পৌছাতে হবে। আন্দোলন থামানো যাবে না লাগাতার চালাতে হবে। ঢাকা শহরের এক এলাকা থেকে আরেক এলাকা বিছিন্ন করে দিন। খেয়াল রাখবেন নিরিহ মানুষেরা যেন ক্ষতিগ্রস্থ না হয়। লক্ষে পৌঁছাতে যা যা করা দরকার সব করবে তৃণমূল নেতা কর্মীরা ইনশাল্লা বিজয় আমাদের হবেই।

শেখ হাসিনার বিচার করা হবে উল্লেখ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, ‘বিডিআর বিদ্রোহে সেনাবাহিনী অফিসারদের হত্যার জন্য, আইটি সেক্টরের নাম করে তার ছেলের টাকা লুট করার জন্য এবং হেফাজতে ইসলামের ওপর হামলা, ইলিয়াস আলীসহ আমাদের নেতাকর্মীদের গুমের অপরাধে শেখ হাসিনার বিচার হবে।’

তিনি বলেন, ‘বিচার হবে বলেই শেখ হাসিনা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পান। কারণ তারা জানে নির্বাচন হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না।’

তারেক বলেন, ‘কিছু দিন আগে আওয়ামী লীগের এক নেতা বলেছেন, ‘‘বিএনপির নেতাকর্মীদের ঘর থেকে বের হতে দেবে না।’’ তৃণমূলের নেতাকর্মীদের বলতে চাই, আপনাদের নিশ্চিত করতে হবে ওই সব নেতাকর্মীরা যেন আর ঘর থেকে বের হতে না পারে। আন্দোলন সফল করতে হবে। আন্দোলন সফল হওয়ার পর গঠিত সরকারকে আইনের মাধ্যমে তাদের বিচার করতে হবে।’

রাজাকারদের সঙ্গে বরাবরই আওয়ামী লীগের সখ্য রয়েছে- এমন অভিযোগ করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘নতুন প্রজন্মের কাছে আমার জিজ্ঞাসা-দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য তোমরা যে স্বপ্ন দেখেছিলে তা কি হয়েছে? তা হলে পদ্মাসেতুর কাজ বন্ধ হত না। নতুন প্রজন্মের প্রতি আমার আহ্বান তোমরা কোন বাংলাদেশ চাও? আমার দল সুযোগ পেলে এ বাংলাদেশে কালো বিড়ালের সুযোগ থাকবে না। অন্যায়কে অন্যায় বলা হবে।’

তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে শুধু ফেসবুকে বসে থাকলে চলবে না। ঘরে বসে থাকলে হবে না। আমাদের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে রাজপথে নেমে আসতে হবে। জনগণকে সাথে নিয়ে তৃণমূল নেতাকমীরা ৯০-এ স্বৈরাচারকে পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আবার কেন পারবেন না। যখন দেখবেন শেখ হাসিনা পদত্যাগ করেছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে কেবল তখনই আন্দোলন বন্ধ হবে। শেখ হাসিনার বিদায় না হওয়ার আগে আন্দোলন বন্ধ করা যাবে না। রাজপথ ছাড়া যাবে না।’

সরকার সামর্থক সাংবাদিকদের বিবেগ জাগ্রত করার আহ্বান জানিয়ে তিনি বলেন , সাগর-রুনির নিস্পাপ শিশু মেঘের মুখের দিকে তাকিয়ে হলেও আপনারা আপনাদের সহকর্মীদের বিচার নিশ্চিত করতে সোচ্চার হন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতশত নেতাকর্মী সমাবেশে যোগ দেন।

সভায় আরো বক্তৃতা দেন আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, সাবেক আহব্বায়ক এম এ মালেক, ব্যরিষ্টার মির হেলাল, তারেক বিন আজিজ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, আখতার হোসেন, আহমদ আলী, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন, সহসাধারণ সম্পাদক মাহতাব, দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান, বিএনপি নেতা আতিকুর রহমান পাপ্পু, যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব বিপ্লব পোদ্দার, ব্যারিস্টার আকরাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমেদ শাহীন, সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন, যুবনেতা আবজাল হোসেন, এসএম লিটন, দেওয়ান বাসিত, দেলোয়ার বিপু, সোহেল আহমেদ, মন্‌জুর আহমেদ খান, শাহরিয়ার জুনায়েদ, নুরুল আলী রিপন, টিপু আহমেদ, শাহীন আহমেদ, মাওলানা শামীম  প্রমুখ।

তারেক রহমানের ভাষণ সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন ও অনলাইন টেলিভিশন ইউএনএন টিভি।

ডি ভিলিয়ার্সের ব্যাটে চালকের আসনে প্রোটিয়ারা

ডি ভিলিয়ার্সের ‘অনবদ্য’ ১৪৮ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৯২ রানের লিড নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের করা ৩২৯ রানের জবাবে প্রোটিয়ারা করেছে ৪২১ রান। ফলে ৯২ রানের লিড পায় স্বাগতিকরা।image_112754_0

৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্য৯ন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ২৯ রান। লিও জনসন ৪ ও স্যামুয়েলস ১ রান নিয়ে ব্যাট করছেন। ফিরে গেছেন ডোয়াইস স্মিথ (৭) ও ব্রাফেট (১৬)।

রোববার ৩ উইকেটে ২২৭ রান নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে লাঞ্চের আগে আমলা ও বাভুমা আউট হয়ে সাজঘরে ফিরে গেলে কিছুটা হোঁচট খায় প্রোটিয়ারা। কিন্তু একপ্রান্তে অবিচল থেকে দলকে টেনে নেন ডি ভিলিয়ার্স। ষষ্ঠ উইকেট জুটিতে ভান জিলকে নিয়ে ৯৬ রানের জুটি গড়ে দলকে চালকের আসনে নিয়ে যান ভিলিয়ার্স। এ সময় ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নেন তিনি।

তবে ৩৭ রানে প্রোটিয়াদের শেষ পাঁচটি উইকেট তুলে নিয়ে দলকে খেলায় ফেরান ওয়েস্ট ইন্ডিজের বোলার ও ফিল্ডাররা। ফিল্ডারদের ‘দুর্দান্ত’ ফিল্ডিংয়ের কারণে শনিবার আলভিরো পিটারসেনের পর রোববার আরো দু’জন প্রোটিয়া ব্যাটসম্যান রান আউটের শিকার হন। ফলে ৪২১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৪৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। তার ১৯৪ বলের ইনিংসটি ১৫টি চার ও একটি ছয়ে সাজানো ছিল। এছাড়া ডু প্লেসিস ৬৮ ও আমলা করেন ৬৩ রান।

প্রথম টেস্টে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টেস্টটি বৃষ্টির কল্যাণে ড্র হয়েছিল।   -ওয়েবসাইট

কী আশায় বুক বেঁধেছেন খালেদা, প্রশ্ন হাসিনার

৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি না আসায় বেগম খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “তিনি (খালেদা জিয়া) কী আশায় বুক বেঁধেছেন জানি না। নির্বাচনে না এসে নির্বাচন বানচাল করে তিনি দেশকে কোন পথে নিতে চেয়েছিলেন। নির্বাচন ঠেকানোর নামে মানুষকে পুড়িয়ে মেরেছেন। এর চেয়ে জঘন্য কাজ আর কী হতে পারে।”image_112747_0

রোববার আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  সংগঠনের নেতাকর্মীরা  রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে,  এটাই নিয়ম।  আমরা সেটা রক্ষা করেছি।”

শেখ হাসিনা বলেন, “আজকে দু-চারজন মানুষ খুন করে সরকার হটানো যায়? এসব পথ পরিহার করুন। পাঁচ বছর দেশ চালিয়েছি। উন্নতি করেছি। উনি (খালেদা) এটা দেখবেন না। আয়নায় ওনার চেহারা দেখেন, উন্নতি দেখেন না।”

বিএনপির আমলের চেয়ে তার সরকারের পার্থক্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যে উন্নয়ন আমরা করেতে পেরেছি, আমাদের ও তাদের উন্নয়নে আকাশ-পাতাল তফাত। বিএনপির আমলের চেয়ে আমাদের আমলে অর্থনীতি দ্বিগুণের বেশি উন্নত হয়েছে। এখন একজন দিনমজুর তার দৈনিকের আয় দিয়ে ১০-১২ কেজি চাল কেনার পরও তার হাতে অন্য কাজের জন্য টাকা থাকে।”

প্রধানমন্ত্রী বলেন, “কোনো জামানত ছাড়া আমরা ব্যাংক ঋণ দিচ্ছি। বিদেশে যাওয়ার সময় এখন আর জমিজমা বিক্রি করতে হয় না।  গ্রামের মানুষের সঞ্চয়ে আমরা সাহায্য করছি।”

ছাত্রলীগের হাতে কাগজ-কলম তুলে দিয়েছেন উল্লেখ করে প্রধনিমন্ত্রী শিক্ষার উন্নয়নে তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, “দরিদ্র মাদের ভাতা দেয়া শুরু করেছি, যাতে প্রতিটি মা তার ছেলেকে স্কুলে পাঠাতে পারে। বিনা পয়সায় বই দিচ্ছি। আমি জানি না, পৃথিবীতে আর কোনো  দেশ এমন আছে কি না।

তিনি বলেন, “মেধাবীদের বৃত্তির ব্যবস্থা করেছি। তবে একটু পার্শিয়ালিটি করেছি, ৭৫ ভাগ মেয়েদের দিচ্ছি। এক কোটির ওপর ছাত্রছাত্রী বৃত্তি পাচ্ছে। আমার উদ্দেশ্য হলো সবাই শিক্ষা গ্রহণ করুক।”

থমথমে রাজধানী

সন্ধ্যার পর ভুতুড়ে শহরের রূপ নিচ্ছে রাজধানী ঢাকা।  নামছে সুনসান নীরবতা। কমে গেছে কোলাহল, যানবাহন চলাচল। রাস্তাঘাট ফাঁকা। শীতের কুয়াশামাখা রাতে থমথমে পরিস্থিতি।index

রোববার দুপুরের পর থেকে রাজধানীতে ঘটছে সহিংসতা। পুড়িয়ে দেয়া হয়েছে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস। নানা এলাকায় ঘটেছে অসংখ্য ককটেলের বিস্ফোরণ।  সন্ধ্যায় এসে নাগরিক-মনে ভর করছে উদ্বেগ। সোমবার দিনটি কেমন কাটবে!

এদিকে দেশের কোথাও থেকে ঢাকায় আসছে না দূরপাল্লার যানবাহন। আসছে না লঞ্চ। দিন গড়িয়ে সন্ধ্যা নামতে নামতে ঢাকার সড়কগুলোতে যানবাহন কমতে থাকে। রাতে গিয়ে ফাঁকা হয়ে যায় রাজপথ।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের তৎপরতা বাড়িয়েছেন।  ঢাকা প্রবেশমুখসহ জায়গায়  জায়গায় চলছে তল্লাশি। সন্ধ্যায় রাজপথে নেমেছেন বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা। রাত আটটায় এ প্রতিবেদন লেখা আগে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে ভাঙচুর ও আগুনের খবর পাওয়া গেছে।

৫ জানুয়ারি সামনে রেখে প্রশাসনের সতর্কতার জেরে রাজধানী ঢাকা কার্যগত অবরুদ্ধ ও থমথমে।  সরকার ও বিরোধী রাজনৈতিক জোটের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে বিরাজ করছে টানটান উত্তেজনা।

সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
৫ জানুয়ারির সোমবার ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে রাজধানীতে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বিএনপি। কর্মসূচির আগের দিন রোববার বিকাল পাঁচটা থেকে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  দুপুরে পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ ঘোষণা দিয়ে বলেন, “পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।”

এর আগে শনিবার রাত সাড়ে আটটার দিকে খালেদা জিয়া বাসা থেকে গুলশানের দলীয় কার্যালয়ে যান। রাত সাড়ে ১১টার দিকে কার্যালয়ে থেকে বের হওয়ার পথে পুলিশ তাকে বাধা দেয়। পরে রাতে তাকে কার্যালয়েই অবস্থান করতে হয়। এরপর সেখানেই কার্যত অবরুদ্ধ হয়ে আছেন তিনি। বিপুল সংখ্যক পুলিশ  ওই কার্যালয় ঘিরে রেখেছে।

পুলিশ কর্মকর্তা মনিরুল সাংবাদিকদের বলেন, “খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়নি। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধীদলীয় নেতা হিসেবে শুধু তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু খালেদা জিয়া নয়, বিএনপির কোনো নেতাকেই অবরুদ্ধ করা হয়নি।”

বিএনপির অভিযোগ, তাদের কর্মসূচি করতে না দিতে সরকার এসব করছে। রোববার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি জোটের নেতাকর্মীদের যেকোনো মূল্যে গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পালনের মাধ্যমে ক্ষমতাসীনদের দম্ভ ও স্বেচ্ছাচারিতার জবাব দেয়ার আহ্বান জানান।

যাত্রীবাহী বাসে আগুন-ভাঙচুর
রোববার বিকালের পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটছে। অন্যদিনের তুলনায় রোববার সন্ধ্যার পর ঢাকায় যান চলাচল অনেক কমে যায়।

আজিমপুরে সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর-মতিঝিলে চলাচলকারী বিকল্প পরিবাহনের একটি বাসে (ঢাকা মেট্রো জ ১৪২৫৮৪) অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগুন দেয়। পরে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। সন্ধ্যা ছয়টার দিকে গুলিস্তানের গোলাপ শাহ্ মাজারের সামনে তানজিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-জ-১১-৩২০৫) আগুন দেয়া হয়।

এ ছাড়া কুড়িল বিশ্বরোডে বিকাল সাড়ে পাঁচটায় গাজিপুর-গুলিস্তানে চলাচলকারী সুপ্রভাত পরিবহণের একটি বাসে, চারটার দিকে গেন্ডারিয়ায় মালঞ্চ বাসে, সাড়ে তিনটার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে ৮ নম্বর বাসে (ঢাকা মেট্রো-ব-১৪১১৮৬),  দুপুর দেড়টার দিকে পুরানা পল্টনে নিউ ভিশন পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাত আটটায় এ প্রতিবেদন লেখার সময় বিভিন্ন স্থান থেকে আগুন ও ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছিল।

শিবিরও মাঠে
৫ জানুয়ারির কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন শিবিরের নেতাকর্মীরাও মাঠে নেমেছেন। নিষেধাজ্ঞা ভেঙে নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার।

রোববার দুপুরে তিনি ফেসবুকে লিখেছেন, “সময় এসেছে গর্জে ওঠার, অবৈধ সরকারের ১৪৪ ধারা ভঙ্গ করার!!!! মৃত্যুভয়কে জয় করার। ক্ষমতান্ধদের প্রতিরোধ করার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার, স্বাধীন দেশের বন্দি নাগরিকদের মুক্ত করার। জালিমের পতন অনিবার্য। আল্লাহ সহায়।”

দেশের বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা তার এ আহ্বানে সায় দিয়ে মন্তব্য লিখেছেন।

ঢাকায় গাড়ি-লঞ্চ আসছে না
রোববার বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানী। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সমাবেশে যাতে কেউ যোগ দিতে না পারে সে জন্যই বাধার সৃষ্টি করছে সরকার।

এদিকে পরিবহন মালিকরা দাবি করেছেন, নিরাপত্তাজনিত কারণে তারা নিজেরাই যান চলাচল বন্ধ রেখেছেন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর থেকে জানা যায়, বগুড়ার ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ। ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখে কোনো গাড়ি ছেড়ে যায়নি। বরিশাল থেকে ঢাকামুখী বাস ও লঞ্চ বন্ধ।  রংপুর, নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে ঢাকামুখী যান চলাচল নিয়ন্ত্রণের সংবাদ পাওয়া গেছে।

সদরঘাট থেকের দেশের বিভিন্ন রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

চান্দিনায় শিবির সভাপতিসহ ১৭ কর্মী আটক

৫ জানুয়ারি ২০ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে কুমিল্লার চান্দিনায় শিবিরের বৈঠক চলাকালে শিবির সভাপতিসহ ১৭ কর্মীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
image_112751_0
রোববার দুপুর ১২টায় চান্দিনার সদর এলাকার ‘হাজি ভিলা’ নামের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি ডেক্সটপ কম্পিউটার, দুইটি ল্যাপটপসহ সমাবেশের চাঁদা আদায়ের রশিদ এবং বিভিন্ন বই উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- চান্দিনা উপজেলা শিবিরের সভাপতি দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামের আব্দুল খালেকের ছেলে আনিছুর রহমান (২৫), একই উপজেলার ধামতি গ্রামের আলী আহাম্মদের ছেলে আবু তাইয়েইদ (২১), বক্রিকান্দি গ্রামের মফিজুল ইসলামের ছেলে সফি উল্লাহ (২০), চান্দিনা উপজেলার হারং গ্রামের আমিরুল ইসলামের ছেলে আবু হানিফ (২২), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আল-আমিন (২৪), সিরাজুল হক ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২২), মৃত আব্দুল আউয়ালের ছেলে ফরহাদ উদ্দিন (২৩), একই উপজেলার বাড়েরা গ্রামের আলী আহমেদের ছেলে কাউসার আহমেদ (২১), পিপুইয়া গ্রামের এরশাদ মিয়ার ছেলে ইকরাম হাসান (২২), বসন্তপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মাসুম (২১), বাতাঘাসী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আবুল কাশেম (২৩), তার ছোট ভাই হাফেজ মো. সালাউদ্দিন (২১), মাইজখার গ্রামের সহিদুল ইসলামের ছেলে হাবিব উল্লাহ (২১), নাজিরপুর গ্রামের মোস্তাক আহমেদের ছেলে শরীফুল ইসলাম (২৩), চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণপুর গ্রামের হাজি নূরুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৩), মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের সুরুজ মিয়ার ছেলে কামাল হোসেন (৩০), বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের রফিক উল্লাহর ছেলে আবু নোমান (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি (সোমবার) ২০ দলীয় জোটের সমাবেশে নাশকতার চান্দিনা মেডিকেল সেন্টার ও উত্তরা ব্যাংকের বিপরীত পাশের হাজি ভিলা নামের একটি বাসায় বাহিরে তালা ঝুলিয়ে গোপন বৈঠক করছিল শিবির কর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম মোর্সেদ বলেন, “কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিবির কর্মীরা ৫ জানুয়ারি সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমি আমার ইন্সেপেক্টর (তদন্ত) মহিউদ্দিনসহ পাঁচ পুলিশ অফিসার ও ১০ জন কনস্টেবল নিয়ে সেখানে অভিযান চালাই। ঘরের বাহির তালা ও ভেরের দুটি কক্ষের তালা খুলে তাদের আটক করি। তাদের অনেকে শিবিরের বিভিন্ন পদ-পদবীতে এবং সমর্থকও রয়েছে।”

এ বিষয়ে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল-আল-মামুন জানান, “আমরা বিষয়টি তদন্ত করছি। নাশকতার সঙ্গে জড়িত আরো যদি কেউ থেকে থাকে আমরা আমাদের অফিসার ইন-চার্জের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেব।”

চাঁদপুরে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মী আটক

৫ জানুয়ারিকে কেন্দ্র করে চাঁদপুর থেকে ঢাকাগামী সকল যানবাহন ও লঞ্চ চলাচল বন্ধ করে  দেয়া হয়েছে। এ কারণে সাধারণ যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছে।image_112749_0

এদিকে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময়ে বিক্ষুদ্ধরা খণ্ড খণ্ড মিছিল বের করে কয়েকটি অটোরিকশাসহ মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখা ভাঙচুর করে।

বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে ‘হ্যাপি’ রুবেল

বেশ কয়েক সপ্তাহ ধরে সময়টা একেবারেই ভাল যাচ্ছিল না বাংলাদেশের পেসার রুবেল হোসেনের৷ তবে এবার খুশির খবর তার জন্য৷ তার ভক্তদের জন্যও৷ বিশেষ করে হ্যাপি-রুবেল ইস্যুতে যারা রুবেলের পাশে দাঁড়িয়ে তার জন্য মাতব্বরি করছেন৷ আসন্ন ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত দলে জায়গা করে নিলেন রুবেল হোসেন৷ এই খবরে অন্তত আজকে রাতটা একটু শান্তিতে ঘুমোতে পারবেন বাংলাদেশের এই তরুণ পেসার৷image_112744_0

সাম্প্রতিক ফর্ম আর অভিজ্ঞতা-এই দুটি জিনিসই নির্বাচকেরা মাথায় রেখেছিলেন বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার ক্ষেত্রে। সেদিক দিয়ে খুব বেশি চমক নেই দলটিতে। কিন্তু ইমরুল কায়েসের জায়গায় সৌম্য সরকারকে বেছে নেওয়া, কিংবা তাইজুলের পাশাপাশি অভিজ্ঞ আবদুর রাজ্জাকের জায়গায় আরাফাত সানিকে দলে নেওয়ার ব্যাপারটিকে যদি কেউ চমক বলতে চান, বলতে পারেন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তাজা। মাশরাফির ডেপুটি হিসেবে থাকছেন সাকিব আল হাসান। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করেন।

‘প্রতারক’ রুবেলর দলে জায়গা পাওয়া নিয়ে অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ‘ধর্ষিতা’ হ্যাপির৷ তবে এই খবর রুবেলকে হ্যাপি করলেও, হ্যাপিকে যে আনহ্যাপি করবে তা বলাই বাহুল্য৷ এদিকে কিছুটা অভিমানের সঙ্গেই বর্তমান সময়ে ঢলিউডের আলোচিত অভিনেত্রী হ্যাপি বলেন ‘বেশির ভাগ মানুষই আমাকে দোষারোপ করছেন, বুঝছেন ভুল। অথচ ফাঁসিতে ঝোলালেও রুবেল এখন আর আমাকে বিয়ে করবে না।’

তিনি আরও বলেন, ‘এখন আমি মানসিকভাবে অনেক শক্ত। নিজেকে আরও শক্ত করার চেষ্টা করছি। লক্ষ্য একটাই, ন্যায়-বিচার আদায় করা। যারা আমার সমালোচনা করছেন তাদের বলতে চাই, এবার বোঝা যাবে কে সত্য কে মিথ্যা। কারণ, আদালত রুবেলের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন।’

বিসিবি’র বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক হ্যাপি ও রুবেলকে নিয়ে সমঝোতা বৈঠকের চেষ্টা চালাচ্ছেন। এমন গুঞ্জনের বিষয়টি অস্বীকার করে হ্যাপি বলেন, ‘এগুলো বাতাসে ভেসে বেড়ানো গুজব। এসবে কান না দেওয়াই ভালো। এরকম কোনো ঘটনা ঘটলে সবাই জানতে পারবেন। তা ছাড়া আমি তো আগেই বলেছি, রুবেল এখন আর আমাকে বিয়ে করবে না।’

হ্যাপি আরও বলেন, ‘প্রত্যেকের বেসিক কিছু কোয়ালিটি রয়েছে যা একজনের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। এসবের কোনও কিছুই রুবেলের মধ্যে নেই। তা ছাড়া শিক্ষাটাও একটা বড় ব্যাপার। ও যদি বুঝত তাহলে বিষয়টা এত দূর গড়াত না। অল্পতেই অনেক কিছু পেয়েছে, তাই এমনটা করে ফেলেছে। অনেকেই আমার দিকে আঙুল তুলছেন প্রেম করার আগে বিষয়টি ভাবিনি কেন? আসলে আবেগের কাছে কোনও কিছুই আটকায় না, আমার বেলাও তাই হয়েছে। সমাজে এরকম ঘটনা অহরহ ঘটছে। কিন্তু ধনীর দুলালদের কারণে অনেকেই প্রকাশ করতে সাহস পায় না। আমি না হয় একটু ব্যতিক্রম।’

রুবেলের ডিএনএ পরীক্ষা বিষয়ে হ্যাপি বলেন, ‘এবার সত্য উন্মোচন হবেই। কারণ, ফরেন্সিক রিপোর্টে রুবেল ও আমার সম্পর্কের পুরো বিষয়টা পরিষ্কার হয়নি। এখন ও আর পার পাবে না। কারণ, ডিএনএ পরীক্ষা কখনও ভুল তথ্য দিতে পারে না।’

হ্যাপির আইনজীবী তুহিন হাওলাদার জানান, ‘‘ডিএনএ হলো বংশগত বা জন্মগত উপাদান। তাই এই উপাদানকে কেমিক্যাল স্টোর হাউস বলা হয়। ডিএনএ পরীক্ষা প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সারবাহ বনাম হোম অফিস’ মামলার মাধ্যমে প্রচলন শুরু হয় এবং কার্যকর বলে গণ্য হয়। এ ছাড়া আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কির যৌন কেলেঙ্কারির বিষয়টিতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হয়। তাই এই মামলায়ও ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়েছি। শুনানি শেষে আদালত ডিএনএ পরীক্ষার অনুমতি দেন।’-ওয়েবসাইট

না খেলেই শিরোপা জিতলেন এন্ডি মারে

টেনিস কোর্টে ঘাম না ঝড়িয়েই মৌসুমের প্রথম শিরোপা জিতলেন স্কটল্যান্ডের এন্ডি মারে। মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনালে মারের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচ। কিন্তু জ্বরের কারণে জকোভিচ ফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলে শিরোপা জিতেন মারে।image_112748_0

সুইজারল্যান্ডের স্তানিসলাস ওয়ারিঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন জকোভিচ। অন্যদিকে স্পেনের রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ হন মারে। তাই ফাইনালের লাইন-আপ দেখে আগেভাগেই আভাস পাওয়া গিয়েছিলো জম্পেশ ম্যাচের। কিন্তু জকোভিচের অসুস্থতায় উত্তেজনাকর এক ফাইনাল দেখা থেকে বঞ্চিত হল ভক্তরা।

শিরোপা জিতলেও ম্যাচ শেষে ভারাক্রান্ত মন ছিলো মারের। কারণ ফাইনালটি খেলার খুব ইচ্ছা ছিল তার। তিনি বলেন, ‘এই ম্যাচটি খেলতে পারলে দারুণ হতো। জকোভিচ পুরোপুরি সুস্থ নয়। আশা করছি শিগগিরিই সুস্থ হয়ে উঠবে সে।’ সূত্র: ওয়েবসাইট

আশুলিয়ায় আরো ১০ ডাকাত আটক

শিল্পাঞ্চল আশুলয়িার সদরপুর এলাকার সাময়িা গার্মেন্টস লিমিটেড নামক পোষাক কারখানার ডাকাতির ঘটনায় আরো ১০ ডাকাতকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।image_112686_0

শনিবার দিন ব্যাপী আশুলিয়া,গাজিপুর, কামরাঙ্গীচরসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাইদুল (৩০), চাঁদপুরের মাসুদ রানা (৩৫),গাজীপুরের মাহবুব (৪২), নরসিংদীর সাইফুল (৩৮), ঝালকাঠির রিপন (৩২), ঢাকার সামাদ (৫০), নাজমুল আলম (২৫), টাঙ্গাইলের জামাল (৪৫), সুরুজ মিয়া (২৮), খলিল (২৮), গাফ্ফার (২৮), খোকন (২০), হানিফ (২৫), বাদল (২৬), রঞ্জু মিয়া (২৮), আজীম (২৫), মুন্সীগঞ্জের রেদোয়ান (৩০),ও ময়মনসিংহের মিজান (৪৫)।
গত বুধবার ভোর রাতে ৪০-৫০ জনের এক দল ডাকাত আশুলিয়ার সামিয়া গার্মেন্টসে ঢুকে নিরাপত্তা কর্মীদের জিম্মী করে প্রায় ৭০ হাজার গজ কাপড় নিয়ে যায়। এর আগে এ ঘটনায় আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট জন ডাকাতকে আটক করা হয়।

সাভার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ শনিবার রাত দশটার দিকে আশুলিয়া থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।