রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

রামপুরায় বিটিভি ভবনে ককটেল বিস্ফোরণ

cocktel5রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এরপর ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি বলেও তিনি জানান।

খালেদা জিয়ার প্রতি নিরপেক্ষ ভোটারদের সহানুভূতি বাড়ছে

the economisআবার বাংলাদেশে ‘দুই বেগম’-এর লড়াই শুরু হয়েছে। এর মূল্য দিতে হচ্ছে দেশকে। দেশে রাজনীতির গতিপথ দেখে মনে হচ্ছে এ বছরটি এমনই চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আগামী নির্বাচনের আগে বিএনপিকে ধ্বংস করে দিতে চান। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। এতে  দেশের নিরপেক্ষ ভোটারদের সহানুভূতি বাড়ছে তার প্রতি।

যুক্তরাজ্যের প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ‘ড্রামা কুইনস’ শিরোনামে ওই প্রতিবেদনে আরও বলা হয়- বাংলাদেশে এ অবস্থার দৃশ্যত কোনো সমাধান নেই।

৫ জানুয়ারি ফের ঢাকার রাজপথে দেখা মিলেছে বালুভর্তি বর্ণিল ট্রাক। এদিনটি ছিল মারাত্মক ত্রুটিপূর্ণ সাধারণ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি। ওই নির্বাচনে বিজয়ী হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করায় এতটা সুবিধা পায় তারা।

এক বছর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ঢাকায় তার বাসভবনে ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এবারও তাকে পুলিশি সহায়তায় ট্রাক দিয়ে তাকে তার অফিসে বেশ কয়েকদিন অবরুদ্ধ করে রাখে। বলা হচ্ছে, এটা করা হচ্ছে তার নিরাপত্তার জন্য। এছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গেফতার করেছে পুলিশ।

বিএনপির অন্য নেতাদের বেশির ভাগই আত্মগোপনে রয়েছেন। দলটির দলীয় প্রধান কার্যালয় তালাবদ্ধ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে সরকার। পর্নোগ্রাফির অভিযোগে গেফতার করা হয়েছে একটি টেলিভিশন চ্যানেলের মালিককে।

এটা করা হয়েছে লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে থাকা খালেদা জিয়ার ছেলে ও দলীয় সিনিয়র মহাসচিব তারেক রহমানের একটি বক্তব্য প্রকাশের পর। ওই বক্তব্যে তারেক সরকার পতনের আহ্বান জানিয়েছিলেন। ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম।

তিনি বিএনপি বা বেগম খালেদা জিয়ার ভক্ত নন। বিরোধীদের ওপর নির্মম দমননীতির নিন্দা জানিয়েছেন তিনি। মাহফুজ আনাম বলেন, আমরা এ দেশটিকে গণতান্ত্রিক বলে দাবি করে। এমন কর্মকাণ্ডের মাধ্যমে সেই দাবির সঙ্গে উপহাস করা হচ্ছে।

দীর্ঘদিন নিজের দলের লোকজনকে উজ্জীবিত করতে ও দেশের অন্য অংশগুলোতে তাদের অস্তিত্ব জানান দিতে দুর্বল বিএনপি অপেক্ষা করছিল। তারা ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের পরিকল্পনা নিয়েছিল নির্বাচনের বর্ষপূর্তিতে।

আওয়ামী লীগ ও এর নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল অন্য পরিকল্পনা। তারা আগেভাগেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ করেছিল। সমাবেশ নিষিদ্ধ করেছিল। একই সঙ্গে তারা ওই দিনটিকে ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ পালন করে, যদিও ওই নির্বাচন ছিল প্রহসনমূলক। এটা শুধু বিএনপি বর্জন করেছিল বলেই নয়।

নির্বাচনের দিনে সাবেক স্বৈরশাসক ও তৃতীয় বৃহত্তম দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ আটক ছিলেন একটি সেনা হাসপাতালে। চতুর্থ বৃহত্তম দলটিকে তাদের ইসলামী গঠনতন্ত্রের জন্য নির্বাচনে অংশ নিতে দেয়া হয় নি।

সব সময়ের মতো, সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামে বসবাসকারী মানুষকে দেশটির অভিনয় ভাবাপন্ন পরস্পরবিরোধী রাজনীতিকদের নতুন নতুন দ্বন্দ্বের মূল্য দিতে হচ্ছে।

নাটোরে বিএনপির দুই কর্মীকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা গুলি করে হত্যার পর বিএনপি অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করে। এখন পর্যন্ত এবার সারা দেশে নিহত হয়েছেন সাত জন এবং আহত হয়েছেন কয়েক শ’ মানুষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় ফেরেন। কিন্তু জনগণের সেই ম্যান্ডেট তিনি ব্যবহার করেছেন বিরোধীদের শিকারে, নিজের সুবিধা হয় এমনভাবে সংবিধান সংশোধন করেছেন এবং গণতন্ত্রকে দুর্বল করেছেন- ঠিক তার আগে ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে ক্ষমতায় থাকতে যেমনটা করেছিলেন খালেদা জিয়া।

আওয়ামী লীগ অর্থনৈতিক যে দক্ষতার দাবি করে তা অপ্রাসঙ্গিক হতে শুরু করেছে। খালেদা জিয়ার মৌলিক অধিকার কেড়ে নেয়া ও তাকে খেয়াল-খুশি মতো অবমাননার কারণে নিরপেক্ষ ভোটাররা তার দিকেই ঝুঁকছেন।

এরশাদের জাতীয় পার্টি তো এখন আওয়ামী লীগের মিত্র। নামমাত্র তারা সরকারিভাবে সংসদে বিরোধী দল। তারা মন্ত্রিপরিষদ থেকে নিজের দলের মন্ত্রীদের সরিয়ে আনার কথা বলেছে।

আগামী নির্বাচন হওয়ার কথা ২০১৯ সালে। তার আগে রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিকে ধ্বংস করে দিতে দৃশ্যত প্রধানমন্ত্রী বদ্ধপরিকর। তার সরকার আদালত, নিরাপত্তা বিভাগ ও মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে। তারা কোনো সমঝোতায় আগ্রহী নয়। তারা আগামী চারটি বছর ক্ষমতায় থাকার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তাই সেনাবাহিনী এলে তাতে বিএনপি একমাত্র পরিবর্তনের সুযোগ দেখতে পাচ্ছে।

তবে সেটা হতে পারে যদি সেনাবাহিনী জনশৃঙ্খলা রক্ষায় হস্তক্ষেপ করে। তবে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লোভনীয় সুযোগ পেয়ে ও ব্যবসা করে বেশ সন্তুষ্ট। গত সপ্তাহে যেসব ঘটনা ঘটে গেল তা সহিংসতার আরেকটি সূচনা।

ঢাকায় শোনা যাচ্ছে, খালেদা জিয়াকে সম্ভবত রাষ্ট্রদ্রোহের অভিযোগে গেফতারের প্রস্তুতি নিচ্ছে সরকার।

তিনি এরই মধ্যে দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন। যদি তাতে তিনি অভিযুক্ত হন তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষাবলম্বন করে যুদ্ধাপরাধের অভিযোগে বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সেই রায় কার্যকর হলে স্থিতিশীলতা আরও হুমকিতে পড়তে পারে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অন্য কোন দেশ প্রভাব ফেলবে বলে মনে হয় না। তবে অস্বাভাবিকভাবে সংলাপের আহ্বান জানিয়েছে চীন। কিন্তু বাংলাদেশ সরকারের ওপর প্রকাশ্যে চাপ সৃষ্টি করা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তৈরি পোশাকের বড় ক্রেতা জার্মানি।

এই মুহূর্তে ঢাকায় তাদের রাষ্ট্রদূতও নেই। ভারতের নতুন সরকার এখনও শেখ হাসিনার ওপর থেকে তাদের সমর্থন হ্রাস করেছে বলে প্রতিভাত হয় নি। তাই তিনি সমঝোতার জন্য কমই চাপে আছেন। এ সপ্তাহে হয়তো পরিস্থিতিতে নতুন করে ছায়া ফেলবে। বালুর ট্রাক ও তালাওয়ালারা হয়তো আরও ব্যস্ত হয়ে উঠবে।

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চাষী নজরুল ইসলাম

chashi nazrulপ্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। বেশ কয়েকমাস ধরেই তিনি অসুস্থ।

ল্যাবএইড হাসপাতালের কেবিনেই এতদিন তাঁর চিকিৎসাসেবা চলছিল। হঠাৎ করেই ৩১ ডিসেম্বর রাতে চাষী নজরুল ইসলামের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।‍

চাষী নজরুল ইসলামের ছোট মেয়ে আন্নী ইসলাম বলেন, দিন দশেক আগে আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার শরীরে ক্যানসার ধরা পড়েছে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরপরই দ্রুত তাঁকে কেবিন থেকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বাবাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

বিএনপি-জামায়াতের নাশকতায় উৎকণ্ঠায় আ.লীগ

nanokবিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ডে আওয়ামী লীগ উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।

তিনি বলেছেন, সম্প্রতি ইজতেমার পাশ থেকে কাগজপত্র ও নানা ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সব ঘটনায় আমরা উদ্বিগ্ন।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শনিবার দুপুরে দলটির যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তবে বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন করেনি দলটি।

দ্রুততম সময়ে নির্বাচনের আহ্বান সুজনের

sujonদেশের চলমান সংকট নিরসনে সংলাপের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। অরাজনৈতিক এই সংগঠনটি দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কোনো বিকল্প নেই বলে মনে করছে এবং এ জন্য প্রধানমন্ত্রীকে প্রাথমিকভাবে সংলাপের উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘সংলাপ ও সমঝোতা জরুরি’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুজন নির্বাহী সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এই আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে এবং সমস্যা সমাধানে প্রয়োজনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করে সংস্থাটি।

ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশের চলমান পরিস্থিতিতে নাগরিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। সামনের দিনগুলোতে আমরা একটি অকার্যকর রাষ্ট্র, এমনকি গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারি।

তিনি বলেন, এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংলাপে বসার জন্য নাগরিক সমাজ অনুরোধ জানাচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীকেই প্রাথমিক পদক্ষেপ নিতে হবে বলে সুজন মনে করে।

বদিউল আলম বলেন, গণমাধ্যমের ওপর সরকারের ‘অলিখিত নিয়ন্ত্রণ’ মৌলিক অধিকারের পরিপন্থী। আমরা এর প্রতিবাদ জানাই। সরকার যা করছে আশা করি তা থেকে বিরত থাকবে।

তিনি বলেন, এভাবে চলতে থাকলে দেশে কথা বলার আর লোক অবশিষ্ট থাকবে না।

সংবাদ সম্মেলনে সুজন নির্বাহী সদস্য ড. তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্রিকেটার রুবেলের সঙ্গে দেখা করলেন পরিবার ও আকরাম খান

akram khanমডেল ও চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপির দায়ের করা মামলায় আটক জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে জেলখানায় সাক্ষাৎ করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ও রুবেলের পরিবার।

শনিবার বেলা ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৭ নম্বর সেলে রুবেলের সঙ্গে প্রায় আধা ঘণ্টা সময় কাটান আকরাম খান, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর এবং রুবেলের মা-বাবা ও বড় ভাই। এ সময় আকরাম খানের স্ত্রী সাবিনা আকরামও তাদের সঙ্গে ছিলেন।

জানা যায়, বিশ্বকাপ দলে থাকা জাতীয় দলে পেসার রুবেল হোসেন জেলখানায় মানসিকভাবে কিছুটা ভেঙ্গে পড়েছেন।

এদিকে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক দিয়ে বাইরে আসেন রুবেলের পরিবার। পরে তারা রুবেলের জন্য দেশের ক্রিকেট সমর্থকদের কাছে দোয়া চান।

দিনাজপুরে ট্রাকে আগুন

trak10দিনাজপুরের কাহারোল উপজেলায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে আলুবোঝাই ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে ট্রাকচালক মোঃ রিপন (৪৮) এবং হেলপার আহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর-পঞ্চগড় সড়কের কান্তনগর মোড় এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১২টার দিকে ট্রাকটি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর বাজার থেকে আলু নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে অবরোধকারীরা গাছ ফেলে গাড়ির গতিরোধ করে। এরপর গাড়িতে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর শহরের ডায়াবেটিস মোড়ে এলাকার মহাসড়কে ভুট্টাবাহী একটি ট্রাকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

১১ মেডিকেলে শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

medicalপ্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১১টি মেডিকেল কলেজে এমবিবিএস ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কার্যক্রম উদ্বোধন করেছেন। শনিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, অর্থের দিকে নয়, ডাক্তারদের সেবার দিকে মনোযোগ দিতে হবে।

তিনি বলেন, খুব শিগগিরই দেশের সবগুলো বিভাগে ১টি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের ১৬ কোটি মানুষের তুলনায় ডাক্তারের সংখ্যা অত্যন্ত সীমিত। আর এই কারণেই একজন ডাক্তারের ওপর অনেক বেশি চাপ পড়ে। তাই দেশে ডাক্তারের সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজন অনেক বেশি মেডিকেল কলেজ।

চট্টগ্রাম এবং রাজশাহীতে আরো ২টি মেডিকেল কলেজ স্থাপন করা হবে উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে মেডিকেল কলেজগুলোর মান ঠিক রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানান।

উল্লেখ্য, এই ১১টি মেডিকেল কলেজের মধ্যে ৬টি সরকারি। সেনা সদর দফতরের অধীনে ৫টি নতুন আর্মি মেডিকেল কলেজও রয়েছে এর মধ্যে। তবে মৌলিক অবকাঠামো ছাড়াই নতুন ৬টি সরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। এসব কলেজে এখনো প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেয়া হয়নি।

নতুন সরকারি মেডিকেল কলেজগুলো হলো- টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলায়। সেনা সদর দফতরের অধীন আর্মি মেডিকেল কলেজগুলো হলো- চট্টগ্রাম, যশোর, রংপুর, বগুড়া ও কুমিল্লা সেনানিবাসে।

নতুন ৬টি নিয়ে দেশে বর্তমানে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯টিতে। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজসহ সেনা সদর দফতরের অধীন কলেজের সংখ্যা হলো ৬টি।

এ ছাড়া আছে ৬৩টি বেসরকারি মেডিকেল কলেজ। এই ৯৮টি মেডিকেল কলেজে চলতি শিক্ষাবর্ষে প্রায় ১০ হাজার শিক্ষার্থী ভর্তি হচ্ছে।

রাঙ্গামাটিতে দুগ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

rangamati10রাঙ্গামাটি বনরূপা বাজার এলাকার হ্যাপির মোড়ে ছাত্রলীগ, স্থানীয় কয়েকটি বাঙালি সংগঠন ও পাহাড়ি ছাত্র পরিষদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। পরে রাঙ্গামাটি পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।

শনিবার সকাল থেকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আগে রাঙ্গামাটিতে মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত রাখার দাবিতে সন্তু লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলছে। এর মধ্যে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙ্গামাটি মেডিকেল কলেজসহ ১১টি মেডিকেল কলেজ উদ্বোধন করেছেন।

এদিকে উদ্বোধনের আগে সকাল সাড়ে ৯টার দিকে বনরূপা বাজার এলাকার হ্যাপির মোড়ে ছাত্রলীগ, স্থানীয় কয়েকটি বাঙালি সংগঠন ও পাহাড়ি ছাত্র পরিষদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সি আর পাল রাঙ্গামাটি পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।

জানা যায়, বনরূপা বাজার এলাকায় জজকোর্টের সামনে পিকেটাররা পিকেটিং করার সময় ছাত্রলীগ ও স্থানীয় কয়েকটি বাঙালি সংগঠন তাদের বাধা দেয়। বাগ্‌বিত-ার একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের কয়েকটি দোকানে ভাংচুর চালানো হয়। সংঘর্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। আহত কয়েকজনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে অবরোধের কারণে রাঙ্গামাটি শহরে আজ শনিবার হাটের দিন হলেও হাট বসেনি। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক ও নৌপথে যান চলাচল বন্ধ রয়েছে। শহরের বনরূপা, কালিন্দীপুর, হাসপাতাল সড়ক, কল্যাণপুর ও কলেজ গেট এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে শিক্ষিকা খুন

onjoliচট্টগ্রাম নার্সিং ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষিকা অঞ্জলী দেবীকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার তেলীপট্টি মোড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

জানা যায়, দুপুরে অঞ্জলী দেবী ইনস্টিটিউটে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। চকবাজার তেলীপট্টি মোড় এলাকায় পৌঁছালে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ সময় পথচারীরা শিক্ষিকা অঞ্জলী দেবীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।