মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

আয়ে পাঠান ও অ্যানিমেলকে টপকে গেল ভিকির ‘ছাভা’

ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাভা’। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি মুক্তির পর থেকেই দখলে নিয়েছে ভারতীয় বক্স অফিস। গড়েছে একের পর এক রেকর্ড। এবার রেকর্ড ভাঙতে ভাঙতে পেছনে ফেলে দিল বলিউড বাদশা শাহরুখ খান ও রণবীর কাপুরের সিনেমাকেও।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের এখনও পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা তো বটেই, বর্তমানে শাহরুখ খানের ‘পাঠান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর আয়কেও পিছনে ফেলে দিয়েছে ‘ছাভা’! সিনেমাটি পঞ্চম রবিবার ৮ কোটি টাকা আয় করেছে। যার মধ্যে হিন্দিতে ৭.২৫ কোটি এবং তেলেগুতে ০.৭৫ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে ৩১ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৬২.৬৫ কোটি টাকায় (হিন্দি: ৫৪৮.৭ কোটি এবং তেলেগু: ১৩.৯৫ কোটি )।

রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গার ২০২৩ সালের ব্লকবাস্টার ক্রাইম ড্রামা ‘অ্যানিম্যাল’-এর ভারতীয় বক্স অফিস আয়কে ছাড়িয়ে গিয়েছে ছাভা।
‘অ্যানিম্যাল’ প্রেক্ষাগৃহে ৫৫৩.৮৭ কোটি টাকা আয় করেছিল। তবে কেবল ‘অ্যালিম্যাল’ নয়, পাশাপাশি শাহরুখ খান অভিনীত সিদ্ধার্থ আনন্দের স্পাই থ্রিলার ‘পাঠান’-এর ঘরোয়া আয়কেও ছাড়িয়ে গেছে ছাভা। পাঠানও ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। সেই সময় সিনেমাটির ভারতীয় বক্স অফিস আয় হয়েছিল ৫৪৩.০৯ কোটি টাকা।
এই মুহুর্তে পাঠান ও অ্যানিমেলকে টপকে উপরের সারিতে উঠে এসেছে ছাভা।

এদিকে, আয়ের পাশাপাশি ছাভায় অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল। সম্ভাবি মহারাজের চরিত্রে অভিনেতা নিজেকে রীতিমতো সপে দিয়েছেন বলা যায়। এই চরিত্রের জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন। শিখেছিলেন লাঠি খেলা।
বাদ যায়নি ঘোড়া চালানোও। শুধুই কি তাই? কানে ফুটো পর্যন্ত করান তিনি। অন্যদিকে অক্ষয় খান্নাও আওরঙ্গজেবের চরিত্রে রেখেছেন আইকনিক ছাপ। দর্শকের পাশাপাশি অভিনয়ের জন্য সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে ছাভা।

ছাভায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকি কৌশলকে। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশ্মিকা মান্দানা। মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় খান্নার। সিনেমাটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন। সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায়।

খাদের কিনারা থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে

খাদের কিনারা থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি আগে খাদের কিনারায় ছিল। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করছি। এখন ঘুরে দাঁড়িয়েছে।
বাংলাদেশের দিকে অনেকেই তাকিয়ে আছে। কিছু ভুল-ত্রুটি থাকলেও অবস্থা সন্তোষজনক।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থনীতি নিয়ে হতাশ হওয়ার কারণ নেই উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না।
২০২৬ সালেই এলডিসি উত্তরণের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পণ্য খালাসের জট খুলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, জট খুলেছে। ব্যবসায়ীরা নানা সময় নানা ধরনের সিস্টেম করার চেষ্টা করে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

বিশ্বকাপ বাছাইপর্বে ভিন্ন ভূমিকায় আর্জেন্টিনার পাশে থাকবেন মেসি

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে দেখা হওয়ার কথা ছিল দুই বন্ধু নেইমার ও লিওনেল মেসির। তবে চোটের কারণে নেইমার ছিটকে যাওয়ায় সেই সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। এবার বন্ধুর মতোই আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন মেসিও।

চোটের কারণে মেসিকে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে পাচ্ছে না আর্জেন্টিনা।
শেষ মুহূর্তে দলে থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। মাঠে থেকে না পারলেও বাইরে থেকে দলকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে লিখেছেন, ‘উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে থাকতে না পারায় দুঃখ প্রকাশ করছি। আমি সত্যিই খেলতে চেয়েছিলাম কিন্তু একটা ছোট ইনজুরি আমাকে বিশ্রাম নিতে বাধ্য করছে।
তাই ম্যাচে থাকতে পারছি না। বাকি সব ভক্তদের মতোই আমিও সমর্থন দিয়ে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

গতকাল আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে বাঁ ঊরুতে চোট পান মেসি।
গুরুতর কিছু না হলেও খেলার ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা। তাই সুস্থ হয়ে উঠতে যুক্তরাষ্ট্রেই থাকতে চান মেসিও।

মেসির মতোই চোটের কারণে আর্জেন্টিনার ২৫ সদস্যের দলে জায়গা হয়নি পাওলো দিবালা ও গঞ্জালো মন্তিয়েলের। দুজনের সঙ্গে ঠাঁই হয়নি মিডফিল্ডার জিওভানি লো সেলসোরও। ২৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে শীর্ষে থাকা আর্জেন্টিনার প্রথম ম্যাচ উরুগুয়ের বিপক্ষে।
২২ মার্চ উরুগুয়ের মাঠে আতিথেয়তা নিলেও পরের ম্যাচে ব্রাজিলকে দেবে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আগামী ২৬ মার্চ।

আর্জেন্টিনা দল-

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা) ওয়াল্তার বেনিতেস (পিএসভি), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), হেরমান পেস্সেইয়া (রিভার প্লেট), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লাঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (রোমা), এনজো ফের্নান্দেস (চেলসি), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), এজেকিয়েল প্যালাসিও (বায়ার লেভারকুসেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), মাক্সিমো পেরোন (কোমো), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), বেনঞ্জামিন দমিনগেস (বোলোনিয়া), থিয়াগো আলমাদা (লিঁও), নিকোলাস পাজ (কোমো)

ফরোয়ার্ড: নিকোলাস গনসালেস (জুভেন্টাস), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), সান্তিয়াগো কাস্ত্রো (বোলোনিয়া)।

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘দাগি’ ও ‘জংলি’

মুক্তির তোড়জোড়ে নেমেছে আসন্ন ঈদের সিনেমাগুলো। এরমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে এম রাহিমের ‘জংলি’ ও শিহাব শাহীনের ‘দাগি’। দুটি ছবিই দেখেছেন বোর্ড সদস্যরা। ভূয়সী প্রশংসাও করেছেন তাঁরা।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈনউদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘‘দুটি সিনেমা জমা পড়েছিল, ‘দাগি’ ও ‘জংলি’। দুটোই আমাদের বোর্ডের সদস্যরা দেখেছেন। এরমধ্যে একটি ছবি ইতিমধ্যে প্রক্রিয়াকরণের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, আরেকটি দু-একদিনের মধ্যে দেওয়া হবে। শিগগিরই ছবি দুটিকে ছাড়পত্র দেওয়া হবে।
’’

বোর্ড সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, ‘‘আমরা ‘জংলি’ দেখেছি গত সপ্তাহেই। গতকাল [সোমবার] দেখলাম ‘দাগি’। দুটি ছবিই দারুণ। আমার মনে হচ্ছে অনেক দিন পর দর্শক এবারের ঈদে ভালো কিছু ছবি দেখতে পাবে।
আমরা আশা করছি, এ সপ্তাহেই ছবি দুটিকে ছাড়পত্র দিতে পারব।’’

এদিকে মুক্তির মিছিলে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়ার দিকে এগিয়ে আছে শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’। আজ মঙ্গলবার কামরুজ্জামান রোমানের ‘জ্বিন ৩’ ছবিটি বোর্ডে জমা পড়ার কথা রয়েছে। তবে ‘বরবাদ’ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি মেহেদী হাসান হৃদয়।

নিউজিল্যান্ডের কাছে ফের হারল পাকিস্তান

বৃষ্টি দিয়েছিল বাগড়া। নির্ধারিত সময়ে হয়নি টস। খেলার পরিধিও আসে কমে। কুড়ি কুড়ির লড়াই ১৫ ওভারে নামলেও ভাগ্য পরিবর্তন হয়নি পাকিস্তানের।
ব্যাটে লড়েছিল সফরকারীরা। তবে তারুণ্যে ঠাসা নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি। তাতেই এসেছে আরেকটি হার।

ডানেডিনে টস জিতে সফরকারী পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড।
শুরুতে ব্যাট করতে নেমে কিছুটা এলোমেলো ছিল ম্যান ইন গ্রিনদের ইনিংস। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হাসান নওয়াজ। ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ হারিসও। ১০ বলে ১১ রান করে ফিরেছেন।

সতীর্থদের নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে আসার মিছিলে একপ্রান্তে আগলে রেখেছিলেন অধিনায়ক সালমান আঘা। ইনিংস এগিয়ে নিচ্ছিলেন পাকিস্তানের নতুন এই অধিনায়ক। ২৮ বলে ৪৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। চারটি চার ও তিন ছক্কা হাঁকানো সালমানকে আউট করেন বেন সিয়ার্স।

শাদাব খান করেছেন ১৪ বলে ২৬ রান।
শেষ দিকে শাহীন শাহ আফ্রিদির ১৪ বলে ২২ রানের ক্যামিওতে ৯ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। রান তাড়ায় শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর তান্ডব চালান দুই কিউই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক কিউইরা।

কেউ বাদ নেই! ডেটিং প্রসঙ্গে কার্তিককে খোঁচালেন নোরা ফাতেহি

সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল পঁচিশতম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা)। গত ৮ এবং ৯ মার্চ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে যেন তারার হাট বসেছিল। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর এবং কার্তিক আরিয়ান। তবে এই উৎসবের মাঝেই কার্তিক আরিয়ান আর নোরা ফাতেহির মধ্যে এমন এক ঘটনা ঘটে গেল, যা এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় কার্তিক আরিয়ানের একাধিক সম্পর্কের জল্পনার প্রসঙ্গ টেনে আনলেন বলিউড ডিভা নোরা ফাতেহি। মজা করে কার্তিকের সঙ্গে খুনসুটি করতে দেখা গেল তাঁকে।

বলিউডে সহ-অভিনেত্রীদের সঙ্গে বহু বারই নাম জড়িয়েছে কার্তিক আরিয়ানের। এই তালিকায় রয়েছেন সারা আলি খান থেকে অনন্যা পাণ্ডেও।
শোনা যায়, ‘লাভ আজ কাল’ সিনেমার শ্যুটিংয়ের সময়ই সারার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কার্তিক। অন্য দিকে আবার নতুন এক জল্পনায় শোনা যাচ্ছে যে, অনুরাগ বসুর আসন্ন সিনেমায় কাজ করছেন কার্তিক। সেই সিনেমায় সহ-অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে জড়িয়েছেন প্রেমের সম্পর্কে! এছাড়াও প্রায়ই গুঞ্জন ভেসে বেড়ায়, কার্তিকের ডেটিং নিয়ে। আর পুরস্কারের মঞ্চে সেই প্রসঙ্গ তুলেই খোঁচা দিলেন নোরা ফাতেহি! অ্যাওয়ার্ডের রাতের সেই অংশের ভিডিও এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, করণ আর কার্তিক অনুষ্ঠান সঞ্চালনা করছেন। দর্শক আসনের সামনের সারিতে বসেছিলেন নোরা। তাঁর দিকেই এগিয়ে যান করণ আর কার্তিক। মজা করে করণ নোরাকে প্রশ্ন করেন যে, ‘একটা ফার্স্টক্লাস টিকিটে কি তুমি লন্ডন যাবে?’ এর জবাবে নোরা বলেন, ‘আমি কি আপনার সঙ্গে যাচ্ছি?’ এক মুহূর্ত সময় নষ্ট না করে করণ বলেন, ‘আমি তো কার্তিকের বিষয়ে কথা বলছি।’

কার্তিক অবশ্য ব্যাখ্যা করে বলেন যে, তিনি কিংবা করণ কেউই নোরার সঙ্গে যাবেন না।
তবে অভিনেত্রীর লন্ডন সফর পুরোপুরি ভাবে স্পনসর করা হবে। এরপর করণ আবার মজাচ্ছলে নোরার রিলেশনশিপ স্ট্যাটাসের বিষয়ে জানতে চান। মনে করে অভিনেত্রী বলেন যে, আগের রাতে তো বলেই দিয়েছিলেন যে, তিনি সিঙ্গেল। তবে প্রসঙ্গ ঘুরিয়ে কার্তিকের উদ্দেশ্যে নোরা প্রশ্ন করেন যে, ‘এই ইন্ডাস্ট্রিতে কি এমন কেউ রয়েছেন, যাকে আপনি ডেট করেননি?’ নোরার মতে, ইন্ডাস্ট্রিতে কেউই বাদ নেই যার সঙ্গে কার্তিক ডেটিং করেননি! বিষয়টাকে অবশ্য কার্তিক ঝেড়ে ফেলার চেষ্টা করে বলেন, উনি তো একটা প্রশ্নই করেছেন শুধু!

অন্যদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কার্তিক-শ্রীলীলার ডেটিংয়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন খোদ অভিনেতার মা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি অভিনেত্রী না কি চিকিৎসক পুত্রবধূ চান? তিনি অবশ্য চিকিৎসক পুত্রবধূই বেছে নিয়েছিলেন। এদিকে শ্রীলীলার আবার এমবিবিএস ডিগ্রিও রয়েছে। এমনকী, কার্তিকের পারিবারিক অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। তাই দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না নেটিজেনরাও। কারণ এই জুটিকে সামনে আশিকি থ্রি’তে দেখা যাবে পর্দায়। তাই তাদের ভেতরের আশিকি নিয়ে কানাঘুষাও জোরদারই হচ্ছে বলা যায়।

বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নে যা বললেন মার্কিন মুখপাত্র

বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন কী— এমন প্রশ্নের জবাবে বিষয়টিকে কূটনৈতিক আলোচনার অংশ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস। খবর ফক্স নিউজের।

গতকাল সোমবার স্থানীয় সময়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

ওই সাংবাদিক বলেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনের কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
এখন নতুন প্রশাসন দায়িত্ব নিয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী প্রায় ৬০ দিন ধরে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়ন কী? তিনি এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন?

এ প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস বলেন, আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছেন, যিনি অন্য দেশের ঘটনাবলি কীভাবে দেখেন তা নিয়ে কথা বলেছিলেন। তবে, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এই বিষয়ে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন। কূটনৈতিক আলোচনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কথোপকথনের বিষয়ে আমি কোনো পূর্বানুমান করতে চাই না।
এসব বিষয়ে সরাসরি মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়।

সাংবাদিক পুনরায় একই প্রশ্ন উত্থাপন করতে চাইলে ব্রুস তাকে থামিয়ে দিয়ে বলেন, সরকার থেকে সরকার পর্যায়ে কূটনৈতিক আলোচনা বা কোনো নির্দিষ্ট দেশে ঘটে যাওয়া ঘটনাবলি সম্পর্কে সরাসরি মন্তব্য করা আমার কাজ নয়। আমি কোনো পূর্বানুমানও করতে চাই না।

এর আগে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড।
তাই এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সরকার গতকাল সোমবার এক বিবৃতিতে জানায়, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি, যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ‘নিপীড়ন ও হত্যা’ করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, ‘ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ ও লক্ষ্য হলো ইসলামপন্থী খিলাফতের মাধ্যমে শাসন করা।’

তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ‘বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।’

গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলে বাংলাদেশ সরকার ওই বিবৃতিতে দাবি করে।
অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে উল্লেখ করে, তুলসী গ্যাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে।

উসকানির অভিযোগে ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে ইসরায়েল

ইসরায়েলি বিচারক মুক্তি দেওয়ার আদেশ দিলেও, ইসরায়েলি পুলিশ একজন সুপরিচিত ফিলিস্তিনি নারী সাংবাদিককে জেরুজালেমে আটক রাখার চেষ্টা করছে। যদিও তাকে ‘উসকানি’ এবং ‘সন্ত্রাসবাদের সমর্থন’ সম্পর্কিত অভিযোগে সোমবার আটক রাখা হয়েছে। আবদেল্লাতিফ এ সকল অভিযোগ অস্বীকার করেছেন।

গতকাল সোমবার জেরুজালেমের একটি ম্যাজিস্ট্রেট আদালতে ভিডিও লিংকের মাধ্যমে আবদেল্লাতিফকে হাজির করা হয়।
যেখানে একজন বিচারক জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চালিয়ে যাওয়ার জন্য তাকে আরো পাঁচ দিনের জন্য আটক রাখার পুলিশের অনুরোধ প্রত্যাখ্যান করেন।

তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসারে লতিফেহ আবদেল্লাতিফ একজন ফ্রিল্যান্স ফটোসাংবাদিক। যার কাজ রয়টার্স, এবিসি নিউজ, বিবিসি, আল জাজিরা এবং টিআরটিতে প্রকাশিত হয়েছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, গত রবিবার জেরুজালেম জেলা পুলিশ কর্মকর্তারা তাকে ‘সন্ত্রাসবাদের জন্য উসকানি এবং সমর্থনের সন্দেহে’ পুরাতন শহরে তার বাড়িতে গ্রেপ্তার করেছিলেন।
আবদেল্লাতিফের আইনজীবী এবং তার মা বলেছেন, বাড়ি ফেরার পথে রাস্তায় তাকে গ্রেপ্তার করা হয়। অফিসাররা চিহ্নহীন যানবাহনে করে এসেছিল।

এক বিবৃতিতে পুলিশ আবদেল্লাতিফের প্রয়াত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের একটি ভিডিও পোস্ট করার দিকে ইঙ্গিত করেছে। যেখানে তিনি বলেছিলেন, ‘তিনি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে চান।
’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই ধরনের এবং অন্যান্য পোস্টগুলোতে স্পষ্ট যে, সন্দেহভাজন ব্যক্তি (আবদেল্লাতিফ) সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডের প্রশংসা এবং মহিমান্বিত করছেন।’

আদালতে শুনানির পর আবদেল্লাতিফের আইনজীবী নাসের ওদেহ সিএনএনকে বলেন, ‘আদালত দেখেছেন, সাংবাদিক হিসেবে তার কাজের ভিত্তিতে এবং প্রতিরক্ষার ভিত্তিতে এই পোস্টগুলো তার পেশাগত কাজের অংশ। পোস্টগুলো ছয় মাসেরও বেশি পুরনো। তাকে আটকে রাখার কোনো প্রয়োজন নেই। তিনি জনসাধারণের জন্য বিপদ নয়।
’ তবে ইসরায়েলি পুলিশ তাৎক্ষণিকভাবে তার মুক্তি স্থগিত করার জন্য সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে।

আইনজীবী বলেন, ‘পুলিশ কেন্দ্রীয় আদালতে আপিল জমা না দেওয়া পর্যন্ত মুক্তির সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ করেছে। বর্তমানে, আপিল প্রক্রিয়া কার্যকর না হওয়া পর্যন্ত মুক্তির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।’

গত রবিবার আবদেল্লাতিফকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সম্পর্কে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
আবদেল্লাতিফ এর আগেও ইসরায়েলি বাহিনীর দমন-পীড়নের শিকার হয়েছেন।

২০২১ সালের মে মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমে একটি ছোট ছেলেকে আটকের ভিডিও করার কারণে ইসরায়েলি সেনারা তাকে মারধর করেন, মরিচের গুড়া ছিটিয়ে দেন এবং তার মাথার স্কার্ফ জোর করে খুলে ফেলেন।

ঘটনার সময় আবদেল্লাতিফ ইসরায়েলি বাহিনীকে একটি শিশুকে আটক করতে দেখেন বলে জানান। শিশুটির বাবা ও অন্যান্য ফিলিস্তিনিরা এতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। আবদেল্লাতিফ তখন ঘটনাটি ভিডিও করার চেষ্টা করেন, কিন্তু ইসরায়েলি সেনারা তাকে ধাক্কা দেন, যদিও তিনি তাদের স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি একজন রিপোর্টার।

সেনারা তাকে উপেক্ষা করে পিছনে ঠেলে দিতে থাকে। তারপর তার হিজাব খুলে ফেলে এবং হাঁটুতে লাঠি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে উপস্থিত ফিলিস্তিনিরা আবদেল্লাতিফকে রক্ষা করতে এগিয়ে আসে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এরপর তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

সূত্র : সিএনএন, মিডল ইস্ট আই

চলে গেলেন কানজয়ী অভিনেত্রী এমিলি ডেকুয়েন

মারা গেছেন বেলজিয়ান অভিনেত্রী এমিলি ডেকুয়েন। কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা এ অভিনেত্রী ফ্রান্সের একটি হাসপাতালে রবিবার (১৬ মার্চ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, অভিনেত্রীর পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, প্যারিসের বাইরে একটি হাসপাতালে বিরল ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমিলি দ্যকেনের। এর আগে ২০২৩ সালে অ্যাড্রেনোকোর্টিক্যাল কার্সিনোমা শনাক্তের খবর জানানো হয়েছিল। এটি কিডনির অ্যাড্রিনাল গ্রন্থির ক্যানসার।

বেলজিয়ান অভিনেত্রী এমিলি ডার্ডেন ব্রাদার্সের সিনেমা ‘রোসেটা’-এর জন্য কান পুরস্কার জিতেছিলেন।
এই সিনেমার মাধ্যমেই অভিনেত্রীর অভিষেক ঘটে। এতে তার দুর্দান্ত অভিনয়ের জন্য অভিনেত্রী কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরষ্কার জয় করেন এবং সিনেমাটি গোল্ডেন পাম জিতেছিল।

এমিলি তার ক্যারিয়ারে অনেক ছবিতে কাজ করেছেন এবং অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন। তিনি মূলত ফরাসি ভাষার চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরও বেশ কয়েকটি পুরষ্কার জিতেছেন, যার মধ্যে রয়েছে ২০০৯ সালের চলচ্চিত্র ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ এবং ২০১২ সালের নাটক ‘আওয়ার চিলড্রেন’।

এ অভিনেত্রীর অন্যান্য উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে ‘বেলজিয়ান রোম-কম ‘নট মাই টাইপ’ (২০১৪), রাজনৈতিক নাটক ‘দিস ইজ আওয়ার ল্যান্ড’ (২০১৭), ইমানুয়েল মুরেটের ‘লাভ অ্যাফেয়ার’ (২০২০) এবং লুকাস ধন্টের ‘ক্লোজ’(২০২২)। তার অভিনীত শেষ সিনেমা ছিল ইংরেজি ভাষার ‘সারভাইভ’।

জয়ার মুকুটে নতুন পালক

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন বলিউডেও। ওপার বাংলার টলিউডও তার নিজের ঘরেই পরিণত হয়েছে। সেখানে তার স্বীকৃতিও মিলেছে বেশ। পেয়েছেন ভারতের ফিল্মফেয়ার পুরস্কারও।
এবার পেলেন ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার।

কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে সোমবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হলো ‘ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেক তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য সম্মানিত হয়েছেন।
জয়া আহসান তাদের মধ্যে অন্যতম। এদিন ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন জয়া আহসান।

সোমবার সন্ধ্যায় ওপার বাংলার টালিগঞ্জে প্রথমবারের মতো বসে চলচ্চিত্র জগতের স্টাইলিশ-গ্ল্যামারাস আর্টিস্টদের আসর। সেখানে পুরস্কার প্রাপ্তির পর সামাজিক মাধ্যমে সুখবরটি অনুরাগীদের কাছে ভাগ করে নেন জয়া।
নিজের অনুভূতি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।

এদিন সঙ্গে বেশ কিছু ছবিও যোগ করেন জয়া। তাকে নানা ভঙ্গিতে অ্যাওয়ার্ড হাতে নিয়েও পোজ দিতে দেখা যায়। সঙ্গে তার রূপ-সাজ বরাবরের মতোই মুগ্ধ করেছে সকলকে।
এদিন জয়া পরেছিলেন একটি অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। তার টেনে বাধা চুল আর হালকা গয়নায় জয়ার গ্ল্যামার এতোটাই তীব্র হয়ে ওঠে যে অভিনেত্রীর কাছ থেকে নজর এড়ানোই কঠিন হয়ে পড়ে।

ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেকের মধ্যে বেশ কিছু জনপ্রিয় তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য সম্মানিত হয়েছেন। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরত জাহান মিমি চক্রবর্তী থেকে ওপার বাংলা জয়া আহসান, বহু তারকাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।