শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

বিবৃতি জালিয়াতিতে জড়িতদের অব্যাহতি দেয়া হয়েছে: খোকা

khoka14ছয় কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করে বিবৃতি প্রচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের দুই বিশেষ উপদেষ্টা ও দূতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কে চিকিৎসারত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। এটা সরকারের কূটকৌশলের অংশ হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা এসব কথা জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, মো. গিয়াস উদ্দিন, হেলাল উদ্দিন, ড. শওকত আলী, আবু সাঈদ আহমেদ, আতিকুল হক আহাদ, সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সচিব সিদ্দিকুর রহমান মান্না  প্রমূখ।

সংবাদ সম্মেলনে খোকা অমিত শাহ’র ফোন করাকে সত্যি দাবি করেন। তবে স্বাক্ষর জালিয়াতি করে বিবৃতির দেয়ার ঘটনায় চেয়ারপারসনের দুই বিশেষ উপদেষ্টা ও বৈদেশিক দূত ডা. মুজিবুর রহমান মজুমদার ও জাহিদ এফ. সরদার সাদী জড়িত স্বীকার করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার কথা জানান।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে সাদেক হোসেন খোকা বলেন, “সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য গোটা দেশকে এক অনিবার্য সংঘাতের মুখে ঠেলে দিয়েছে। সংকীর্ণ দলীয় স্বার্থ হাসিলের জন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা অবলীলায় ধ্বংস করে চলেছে। আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দাঁড় করিয়ে দেয়া হয়েছে জগণের মুখোমুখি। এসব বহিনীর এক শ্রেণীর দলবাজ এবং বিশেষ একটি এলাকার সদস্যরা প্রকাশ্যে নির্বিচারে গুলি করে নিরীহ জনসাধারণকে হত্যা করার এক পৈশাচিক উৎসবে মেতেছে। দেশের সীমান্ত প্রহরায় থাকা বিজিবির সদস্যদেরকে তাদের বিধিবদ্ধ দায়িত্ব থেকে তুলে এনে বিরোধী দল দমনের কাজে লেলিয়ে দেয়া হয়েছে। এসব বাহিনীর পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের সশস্ত্র ক্যাডারদেরকেও নিয়োজিত করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলের কাজে।”

তিনি বলেন, “সরকারের এমন একগুঁয়ে ও আক্রমণাত্মক ভূমিকায় দেশ থেকে গণতন্ত্র আজ পুরোপুরি নির্বাসিত। বিরোধী দলসমূহের ন্যূনতম রাজনৈতিক অধিকারও আজ আর অবশিষ্ট নেই।”

লিখিত বক্তব্যে সাদেক হোসেন খোকা আরো বলেন, “ক্ষমতাসীনরা তথাকথিত ১৪৪ ধারার মধ্যেই খুশি মতো সভা- সমাবেশ এবং বিরোধী দল দমনের উৎসব করছে। অথচ বিরোধী দলের কর্মী- সমর্থকদের রাস্তায়ও দাঁড়াতে দেয়া হচ্ছে না। কথায় কথায় গুলি, বেধড়ক পিটুনি অথবা গণগ্রেফতার। এই হলো বাংলাদেশে আজ গণতন্ত্রের চেহারা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা রকম নিয়ন্ত্রণ আরোপের ফলে মত প্রকাশের অধিকার তথা গণমাধ্যমের স্বাধীনতাও এখন সম্পূর্ণরূপে খাঁচায় বন্দী। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় চলছে নিয়ন্ত্রিত সম্প্রচার। সরকারের নির্দেশ সম্পূর্ণরূপে অনুসরণে ব্যর্থ হওয়ায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গণমাধ্যমের অন্য সদস্যরাও রয়েছেন আতঙ্কে। সর্বত্র এক শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে।”

খোকা বলেন, “বিগত দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। অবৈধ সরকারের নির্দেশে পুলিশ গত ৩ জানুয়ারি বিএনপি অফিসে তালা ঝুলিয়ে দেয়। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তারা তার গুলশান কার্যালয়ে বর্বরোচিত কায়দায় বন্দী করে রেখেছে। এমনকি তাকে লক্ষ্য করে আন্তর্জাতিকভাবে ব্যবহার নিষিদ্ধ বিষাক্ত পিপার স্প্রে নিক্ষেপ করতেও দ্বিধা করেনি সরকারের পেটোয়া বাহিনী।”

তিনি বলেন, “সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের মতো অত্যন্ত নিরীহ ও সজ্জন ব্যক্তিকে আজ গুলি করে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। সাবেক কূটনৈতিক সাবিউদ্দিনের ওপর হামলা করা হয়েছে। বিএনপি নেতাদের বাড়িতে একের পর এক বোমা হামলা চালানো হচ্ছে। প্রায় প্রতিদিনই বিরোধী দলের কেন্দ্রীয় নেতাদের দলে দলে গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে। মিথ্যা ও বানোয়াট মামলায় তাদের রিমান্ডে নিয়ে চালানো হচ্ছে নির্মম নির্যাতন। সরকারের এমন পাশবিক দমন- পীড়নের বিরুদ্ধে ইতিমধ্যেই দেশজুড়ে জনগণের স্বতঃস্ফূর্ত সংগ্রাম গড়ে উঠেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি শহর, বন্দর, গ্রাম এমন কি প্রত্যন্ত পাড়া- মহল্লায়ও আপামর জনতার প্রতিরোধ- সংগ্রামের ক্রমবর্ধমান তীব্রতায় নড়ে উঠেছে স্বৈরশাসকের ভিত। আর তাতেই দিশেহারা হয়ে সরকার অত্যাচার- নির্যাতনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি আন্দোলনের কর্মী-সমর্থকদের বিভ্রান্ত করতে নানা রকম কূট- কৌশলেরও আশ্রয় গ্রহণ করছে। এই প্রক্রিয়ার অংশ হিসাবে তারা মিডিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিরামহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে।”

দীর্ঘসময় সপরিবারে নিউইয়র্কে অবস্থানের কারণও ব্যাখা করে সাদেক হোসেন খোকা বলেন, “চিকিৎসার প্রয়োজনে এই দূর দেশে অবস্থানের কারণে জাতির এই কঠিন দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে সশরীরে অংশ নিতে না পারায় বেদনায় আমি প্রতি মুহূর্তে দগ্ধ হচ্ছি।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি পালিয়ে থাকিনি। আমি ক্যানসারের চিকিৎসা নিচ্ছি।”

তিনি বলেন, “মুক্তিযুদ্ধ থেকে শুরু করি এমন কোনো আন্দোলন-সংগ্রাম ছিল না যেখানে আমি অংশগ্রহণ করিনি। রজপথে গুলিকে আমি ভয় করিনি। এখন দেশের থাকার শারীরিক অবস্থা থাকলে আমি অবশ্যই দেশে থাকতাম।”

গঙ্গায় ভাসছে শতাধিক লাশ

gongaভারতের গঙ্গা নদীতে মঙ্গলবার শতাধিক গলিত লাশ ভেসে ওঠে। প্রত্তর প্রদেশের কানপুর এবং উন্নাও শহরদুটির মধ্যবর্তী পারিয়ার নামক এলাকায় লাশগুলো ভাসতে দেখা গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

এ ঘটনায় গোটা এলাকায় সোরগোল পড়ে গেছে। কানপুর এবং উন্নাও এই দুই শহরের প্রশাসনিক কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া লাশগুলো নদী থেকে তুলে সৎকার করারও নির্দেশ দেয়া হয়েছে। পুরো প্রক্রিয়া তদারকির জন্য পুলিশের অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট এবং জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ছুটে গেছেন।

এ সম্পর্কে উন্নাওয়ের সাব ডিভিশনাল মেজিস্ট্রেট সুরিউ প্রাসাদ বলেছেন, নদীর পানি কমে যাওয়ায় লাশগুলো ভেসে উঠেছে।

এ ঘটনায় ফের সোচ্চার হয়ে উঠেছে ভারতের পরিবেশ বিষয়ক এনজিওগুলো। এর আগেও তারা গঙ্গায় মানুষের নিমজ্জিত হওয়ার তদন্ত দাবি করেছিল। ২০১৪ সালের জুলাই মাসে নরেন্দ্র গঙ্গা দূষণ মুক্ত করতে ২০৩৭ কোটি রুপির একটি প্রকল্প অনুমোদন করেছে মোদি সরকার।

নোয়াখালীতে ইজতেমার বাস দুর্ঘটনায় নিহত ১

road accident2নোয়াখালীতে একটি ইজতেমার বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লেগে মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী (৫৬) নামে এক মুসল্লি নিহত এবং ৫ জন আহত হয়েছেন। দেলোয়ার হোসেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের পঞ্চায়ত বাড়ির সেকান্তর মিয়ার ছেলে।

মঙ্গলবার রাত ২টার দিকে নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী সড়কে ছাতারপাইয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের ভাই লেদু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে এলাকার স্থানীয় মুসল্লিদের সঙ্গে একটি বাসযোগে ঢাকার টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় যাচ্ছিলেন দোলোয়ার হোসেন চৌধুরী। রাত ২টার দিকে বাসটি উপজেলার সোনাইমুড়ী-ছাতারপাইয়া সড়কের ছাতারপাইয়া বাইপাস এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে দোলোয়ার হোসেন চৌধুরীসহ বাসে থাকা ৬ মুসল্লি আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দোলোয়ার হোসেন চৌধুরী মারা যান। অপর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ভাই লেদু চৌধুরী জানান, বুধবার দুপুরে নামাজে জানাজা শেষে দেলোয়ার হোসেন চৌধুরী লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ইজতেমার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। কোনো মুসল্লি নিহতের বিষয়টি তিনি জানেন না। তবে এ বিষয়ে খবর নিচ্ছেন বলে তিনি জানান।

ঠাকুরগাঁও সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

bsf28ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্ত থেকে গোলাম হোসেন (২৮) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। গোলাম হোসেন ওই উপজেলার খেরবাড়ি গ্রামের শের আলীর ছেলে।

বুধবার ভোর ৪টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার জগদল সীমান্তের ৩৭৪/১ পিলারের কাছ থেকে গোলাম হোসেনকে ধরে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ভারতীয় এলাকায় গরু আনতে গেলে ১২১ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের বিএসএফ টহল দল গোলাম হোসেনকে ধরে নিয়ে যায়।

এদিকে আটকের প্রতিবাদ করে বিএসএফের কাছে চিঠি পাঠিয়েছে বিজিবি।

চট্টগ্রামে সোয়া ৪২ কেজি স্বর্ণসহ আটক ২

goldচট্টগ্রামে ৪২ কেজি ২৫০ গ্রাম স্বর্ণসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- দুলাল ধর (৪০) এবং পরিতোষ দে (২৮)।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালির পুরাতন গির্জা এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদেরকে আটক করা হয়।

জানা যায়, রাতে দুলাল কর্মকার ও পরিতোষ দে সিনেমা প্যালেস পুরাতন গির্জা আজিজিয়া বোডিংয়ের সামনে গাড়ি থামিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৬৫০ গ্রাম ওজনের ৬৫টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা বলে জানান তিনি।

সরকারের হিংসা যুদ্ধ, শিকার রিয়াজ রহমান : রিজভী

rizvi26বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান এক আক্রমণে গুলিবিদ্ধ হওয়ার পর বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার কথিত সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের মধ্য দিয়ে যে ভয়ংকর হিংসা যুদ্ধ ছড়িয়ে দিয়েছে, তার শিকার হয়েছেন রিয়াজ রহমান।

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে রিজভী আহমেদ বলেন, সরকার এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের দলীয় ক্যাডার বাহিনীকেও ব্যবহার করছে।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমনের জন্যই পাড়া-মহল্লায় কমিটি গঠনের কথা বলছে সরকার।

রিজভী বলেন, এ অবস্থা থেকে উত্তরণের উপায় হচ্ছে, সকল দলকে নিয়ে একটি নতুন নির্বাচনের জন্য সংলাপ শুরু করা। বিএনপির দাবি আদায়ের জন্য তাই অবরোধ কর্মসূচি চলবে বলে জানান তিনি।

লাগাতার এই অবরোধ কর্মসূচিতে জনগণ কষ্ট হলেও সমর্থন দেবেন বলে মনে করেন রিজভী আহমেদ।

রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা

usaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার সকালে দেশটির পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যারি হার্ফ এই তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে ম্যারি হার্ফ বলেন, এ ঘটনায় যুক্তরাষ্ট্র স্তম্ভিত ও মর্মাহত। গণতান্ত্রিক বাংলাদেশে এমন গর্হিত ও কাপুরুষোচিত কাজের কোনো যৌক্তিকতা নেই; রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতাকে আমরা তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই এই ঘটনার তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনার জন্য।

বিবৃতিতে, সকল পক্ষকে সহিংসতা পরিহার ও সরকারকে অনতিবিলম্বে সংযত আচরণ করতে এবং বিরোধী পক্ষকে স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বিশিষ্ট কূটনীতিক রিয়াজ রহমানের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে গুলশান-২-এর ৪৩ নাম্বার রোডে হোটেল ওয়েস্টিনের সামনে বিশিষ্ট কূটনীতিক রিয়াজ রহমানকে হত্যার উদ্দেশে গুলি করে দুর্বৃত্তরা। তার শরীরে চারটি গুলি লেগেছে। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংসদে যেতে স্পিকারকে লতিফের চিঠি

latif21মন্ত্রিত্ব হারানো সাবেক আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী আসন্ন সংসদ অধিবেশনে যোগ দিতে চান। স্পিকারের কাছে চিঠি পাঠিয়ে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন। ১৯ জানুয়ারি দশম সংসদের পঞ্চম অধিবেশন বসছে।

মন্ত্রিসভা ও ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এই এমপি চিঠিতে বলেছেন, মামলাগুলো জামিনযোগ্য হলেও তাকে জামিন দেয়া হচ্ছে না। কিন্তু এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে তিনি অধিবেশনে যোগ দিতে চান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপারের মাধ্যমে গত সোমবার লতিফ সিদ্দিকী স্পিকারের উদ্দেশে এই চিঠি পাঠান। আবেদনটি কারাগার থেকে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

তবে সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল জানিয়েছেন, কোনো সংসদ সদস্য মামলার কারণে কারাগারে বা ডিটেনশনে থাকলে তাকে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে, সংসদের কাছ থেকে নয়।

লতিফ সিদ্দিকী গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে গত বছরের ২৩ নভেম্বর ঢাকায় ফেরেন। এর দুই দিন পর ২৫ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ওই দিনই তাকে কারাগারে পাঠান।

গত বছরের ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে সেখানকার টাঙ্গাইল সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়ে লতিফ সিদ্দিকী পবিত্র হজ ও  তাবলিগ জামাত নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন। তার এই বক্তব্যে সারা দেশে প্রায় অর্ধশত মামলা দায়ের করেন ক্ষুব্ধ ব্যক্তিরা।

বগুড়ায় কলেজছাত্র খুন

marder2বগুড়া শহরে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক কলেজছাত্র। শহরের সাতমাথা-সংলগ্ন আলতাফুন্নেছা খেলার মাঠের পাশে সড়ক থেকে বুধবার সকালে ওই ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নিহত ছাত্রের নাম আসাদুজ্জামান (২২)। তিনি বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। বাড়ি গাইবান্ধায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা কী কারণে ওই ছাত্রকে খুন করেছে, তা জানা যায়নি।

তাজমহলের পাশে গোবর জ্বালানো নিষিদ্ধ

tajmoholভারতের বিখ্যাত শ্বেত পাথরের সমাধিসৌধ তাজমহলকে বায়ু দূষণমুক্ত রাখতে আগ্রা বাসিন্দাদের রান্নার জ্বালানি হিসেবে গোবর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এক কর্মকর্তা মঙ্গলবার একথা জানান।

আগ্রায় অবস্থিত শ্বেত মর্মরের তৈরি ১৭শ’ শতাব্দীর সমাধিসৌধ তাজমহল দেখতে প্রতিবছর ভারতে লাখ লাখ পর্যটক আগমন করে থাকে। কর্তৃপক্ষ এই সুরমা ভবনটিকে বায়ু দূষণ মুক্ত রাখতে দীর্ঘ দিন ধরে প্রাণপন চেষ্টা চালিয়ে আসছেন ধারণা করা হচ্ছে বায়ু দূষণের কারণে শ্বেত পাথরগুলো ধীরে ধীরে হলদে রং ধারণ করছে। তাই তাজমহলের দেয়াল, গম্বুজ ইত্যাদি অংশে কার্বনের প্রভাব কমাতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

তাজমহল নামে পরিচিত এলাকার চেয়ারম্যান প্রদীপ ভাটনগর এএফপিকে বলেন, ‘বিভিন্ন সময় এই উদ্বেগ দেখা দিয়েছে যে, তাজমহলের রঙ পাল্টে যাচ্ছে।’

তিনি বলেন, তাই সাম্প্রতিক এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, নগরসীমার মধ্যে গরুর গোবর জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা থাকা উচিত।

তিনি বলেন, এর একটি নান্দনিক দিকও আছে। আমরা চাই না, নগরীর দেয়ালগুলোতে গোবর লাগানো থাক।