শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

মালয়েশিয়ায় বাস খাদে পড়ে নিহত ৮

Malaysia-Faiমালয়েশিয়ার কুয়ালালামপুরে পর্যটক বহনকারী একটি বাস খাদে পড়ে ৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। বাস উল্টে এতে আগুন ধরে যায়।

স্থানীয় স্টার পত্রিকার অনলাইন সংস্করণের খবরে জানানো হয়, রাস্তায় একটি গাড়ির চাকা পড়ে ছিল। সেটাকে চালক পাশ কাটাতে চাইলে বাসটি খাদে পড়ে উল্টে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

দুই যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।

স্থানীয় পুলিশের দেয়া তথ্য উল্লেখ করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার খবরে জানানো হয়, বাসের সব যাত্রী মালয়েশিয়ার নাগরিক।

যশোরে দুটি লাশ উদ্ধার

jashorযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের মাঠ থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

জানা যায়, সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন নওয়াপাড়ার মাঠের নিমতলা এলাকায় কাজ করতে গিয়ে দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।

তাদের মাথা ও শরীরের অন্যান্য অংশে ধারালো অস্ত্রের আঘাতের অনেকগুলো চিহ্ন রয়েছে।

পুলিশের ধারণা, দুই ব্যক্তিকে মাঠে এনে হাত ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

সিরাজগঞ্জে দুটি ট্রাকে আগুন

sirajganj mapবিএনপির ডাকা টানা অবরোধ চলাকালে বুধবার গভীর রাতে নলকা-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাচলিয়া বাজারের কাছে দুটি ট্রাক পুড়িয়ে দিয়েছে পিকেটাররা।

খবর পেয়ে সিরাজগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। সন্ত্রাসীদের আটকের জন্য এলাকায় পুলিশ সাড়াশি অভিযান চালাচ্ছে।

সলঙ্গা থানার ওসি রেজাউল হক জানান, বুধবার রাতে ঢাকা থেকে একটি মুরগীর খাদ্য বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-০৪২৫) রংপুর এবং তাড়াশ উপজেলার মহিষলুটি থেকে অপর একটি মাছ বোঝাই ট্রাক (নরসিংদী ন-১১-০১৭৭) ঢাকা যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে ট্রাক দুটি পাচলিয়া বাজারের কাছে পৌছলে ১০-১২ জনের একটি দল মহাসড়কের নিচ থেকে পাথর ছুড়ে মারতে থাকে। এ সময় ট্রাকের চালকেরা নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাক মহাসড়কের নিচে খাদে পড়ে যায় এবং অপর ট্রাকের চালক মহাসড়কের উপরেই ট্রাকটি থামিয়ে ভয়ে পালিয়ে যান। এ সুযোগে পিকেটাররা ট্রাক দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ট্রাক দুটির সামনের দিকে সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার এস আই ফইম জানান, সলঙ্গা থানা থেকে খবর আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে মহাসড়কে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

টুইটারে বিচ্ছেদ, জল্পনা সম্পর্ক ভাঙারও

ronaldogfক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি আবার ‘সিঙ্গল’? ব্যালন ডি’অরের আটচল্লিশ ঘণ্টা কাটতে না কাটতে সিআর সেভেনকে নিয়ে ঘুরপাক খাচ্ছে নতুন প্রশ্নের সাইক্লোন। যার ভিত পুরোটাই জল্পনার, কিন্তু মানুষটার নাম যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তখন জল্পনার জোরও তো কম নয়।

মৃদু গুনগুন শুরু হয়েছিল ব্যালন ডি’অরের রাতেই। যখন রোনাল্ডোর সঙ্গে জুরিখের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শুধু তার মা ও ছেলে। গতবারও যে অনুষ্ঠানে ফুটবল তারকার বাহুবন্ধনে আবদ্ধ ছিলেন ইরিনা শায়েক, তিনি নেই কেন? লিওনেল মেসির সঙ্গে যেখানে তার বান্ধবী আন্তোনেলা, সেখানে সঙ্গিনী-হীন রোনাল্ডো যেন আরও বেশি প্রকট।

ব্যালন ডি’অরের রাতেই গুজবের আরও মশলা অপেক্ষা করে ছিল। পুরস্কার নিয়ে রোনাল্ডো ধন্যবাদ জানালেন তার মা’কে, পুরস্কার উৎসর্গ করলেন তার ছেলে ক্রিশ্চিয়ানিনহোকে, কিন্তু এক বারের জন্যও রাশিয়ান সুপারমডেল বান্ধবীর নাম মুখে আনলেন না। বরং ব্যালন ডি’অরের গালা ডিনারে তার যাবতীয় মন্তব্য থাকল ফুটবল নিয়েই। জানিয়ে দিলেন, চতুর্থ ব্যালন ডি’অর জেতার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিচ্ছেন। “ব্যক্তিগত স্তর হোক বা দলগত ভাবে, আমি যা করছি, যে সব পুরস্কার জিতছি, তাতে একটা ব্যাপার নিশ্চিত। আমি জেনে গিয়েছি যে, ফুটবলের ইতিহাসে আমার নাম লেখা থাকবে। সর্বকালের সেরাদের নিয়ে যখন বই লেখা হবে, তখন আমাকে নিয়েও কয়েকটা পাতা লিখতে হবে। খুশি হওয়ার মতোই ব্যাপার,” বলে আরও যোগ করেছেন, “আমার বয়স এখন ২৯, কিন্তু শারীরিক ভাবে দারুণ জায়গায় আছি। মনে হচ্ছে আমি এখনও ২৫। সর্বোচ্চ স্তরে আরও পাঁচ-সাত বছর খেলে যেতে পারব। তার পর কী হবে, দেখা যাবে।”

রোনাল্ডোর ফুটবল ভবিষ্যৎ নিয়ে আপাতত ততটাও আগ্রহ নেই, যতটা আছে তার প্রেমের ভবিষ্যৎ নিয়ে। এবং সে প্রসঙ্গে রোনাল্ডো নিশ্চুপ, উল্টো দিকও নীরব।

রোনাল্ডো যে তার কেরিয়ারের তিন নম্বর ব্যালন ডি’অর জিতলেন, তার জন্য প্রেমিককে অভিনন্দনটুকুও জানাননি ইরিনা। না ফেসবুকে, না টুইটারে, না প্রকাশ্যে অন্য কোথাও। উল্টে গত দু’দিন ইনস্টাগ্রামে নিজের একের পর এক ছবি পোস্ট করে গিয়েছেন। নির্জন সমুদ্রতটে স্বল্পবসনা ইরিনার কোলে সুদৃশ্য ককটেল, কখনও নিতম্বে একজোড়া বালি-মাখা হাতের ছাপ! তার দিনকয়েক আগে নিজের ২৯ বছরের জন্মদিনে রাশি-রাশি গোলাপ আর শ্যাম্পেনের ছবি আপলোড করেছিলেন, কিন্তু কোথাও রোনাল্ডোর নাম করেননি।

তবে নীরব থেকেও সবচেয়ে বড় চমকটা এ দিন দিলেন ইরিনা শায়েক নিজেই। তার প্রেমিককে টুইটারে ‘আনফলো’ করে! সোশ্যাল মিডিয়ার যুগে যা সম্পর্ক ভেঙে দেওয়ারই সমতুল্য।

এর পরেও রোনাল্ডো-ভক্তরা চুপ করে বসে থাকবেন?

ফেসবুক-টুইটারে জোর আলোচনা চলছে-কী হলো ইরিনা-রোনাল্ডোর? কিছু দিন আগেও তো সব ঠিকঠাক ছিল। এই তো গত ডিসেম্বরেই সিআর সেভেন ঠাট্টা করে বলছিলেন, তার ব্র্যান্ডেড অন্তর্বাস নাকি বান্ধবী চুরি করে নেন। তার পর ক্রিসমাসের ছুটি কাটানোর যে সব ছবি আপলোড করেছিলেন পর্তুগিজ মহাতারকা, তাতেও তো ছিলেন তার বান্ধবী। কী হল এই ক’দিনে, দু’জনের চার বছরের প্রেমকাহিনিতে যা নতুন কাঁটা বিঁধিয়ে দিল?

কেউ কেউ মনে করছেন, ক্রিসমাসের ছুটি কাটানো নিয়ে নাকি ঝগড়া বেধে গিয়েছিল রোনাল্ডোর মা এবং ইরিনার। সেখান থেকেই নাকি সুখদাম্পত্যে চিড় ধরা শুরু। ফুটবল বিশ্বের অতিরিক্ত কল্পনাপ্রবণ একদল নাগরিক আবার দাবি করছেন, ব্যালন ডি’অরের রাতে অন্তরঙ্গ ভাবে মেসির হাঁটুতে হাত দিয়ে বসেছিলেন রোনাল্ডো। সেটাই নাকি বুঝিয়ে দিয়েছে, সিআর সেভেন এখন অন্য দিকে ঝুঁকেছেন! আবার কারও কারও মত, রোনাল্ডোর প্রাক্তন প্রেমিকার সন্তানও যখন জুটি ভাঙতে পারেনি, তখন এই সামান্য ধাক্কা কীই বা করতে পারবে? রোনাল্ডোর নিন্দুকেরা নতুন বারুদ পেয়ে গিয়েছেন। কারণ যতটুকু যা বোঝা যাচ্ছে, তাতে সম্পর্কটা শেষ করছেন ইরিনাই। রোনাল্ডো এখনও প্রেমিকাকে টুইটারে ‘ফলো’ করছেন। রোনাল্ডোর ‘বিনয়’ যাদের অপছন্দ, এত বড় সুযোগ কি তারা হাতছাড়া করবেন?

রোনাল্ডোর মহিলা ভক্তরা কিন্তু খুব খুশি। ‘ইরিনা মোটেও রোনাল্ডোর জন্য সঠিক নয়’ নামক ফেসবুক পেজ যারা তৈরি করতে পারেন, তাদের কাছে তো এটা পরম সুসংবাদ!

প্রচ্ছদে রাসুলের কার্টুন: মুসলিম দেশগুলোর বিরুপ প্রতিক্রিয়া

prossodফ্রান্সের ব্যাঙ্গাত্মক সাপ্তাহিক পত্রিকা শার্লি হেব্দো অফিসে সন্ত্রাসী হামলার সপ্তাহখানেক পর পত্রিকাটির যে প্রথম সংখ্যা বেরোয় সেটির প্রচ্ছদেও আছে রাসুল মুহাম্মদের (সা.) কার্টুন।

কার্টুনটিতে দেখা যাচ্ছে যে, সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরনে শোক জানিয়ে ‘যে সুই শার্লি’ বা ‘আমিই শার্লি’ লেখা একটি প্ল্যাকার্ড হাতে তিনি দাঁড়িয়ে রয়েছেন।

শার্লি হেব্দো’র নতুন সংখ্যার প্রচ্ছদে আবারো মোহাম্মদের কার্টুন ছাপানোর ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে বেশ কয়েকটি মুসলিম দেশ।

এই প্রচ্ছদটিকে অপমানজনক, অপরাধমূলক ও ধর্মদ্রোহী কাজ হিসেবে উল্লেখ করেছে তুরস্কের আদালত।

তাই, এই প্রচ্ছদটি যে সব ওয়েবসাইটে থাকবে সেগুলোকে ব্লক করার জন্য আদেশ দেয়া হয়েছে।

আর শার্লি হেব্দো পত্রিকাটিকে নিষিদ্ধ করেছে সেনেগাল।

শার্লি হেব্দোর প্রচ্ছদের কার্টুনটি লিবারেশান নামে ফ্রান্সের আরেকটি পত্রিকায় ছাপা হবার কারণে সেই পত্রিকাটিকেও সেনেগালে নিষিদ্ধ করা হয়েছে।

প্রচ্ছদে আবারো হযরত মুহাম্মদের কার্টুন আঁকায় জর্ডানের আল-দুস্তোর পত্রিকা লিখেছে, ‘শার্লি হেব্দো আবারো প্ররোচনা দিচ্ছে’।

প্রচ্ছদ ছাপানোর এই বিষয়টিকে ইরানের অফিসিয়াল টিভি চ্যানেল আইআরআইএনএন –ও ‘একটি উস্কানিমূলক কাজ’ হিসেবে বর্ণনা করেছে।

নতুন এই প্রচ্ছদ হয়তো আবারো নতুন কোনো সহিংসতার কারণ হতে পারে বলে আশঙ্কা করে একটি খবরও প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।– বিবিসি

অবরোধের মধ্যেই চলছে ২০ দলের হরতাল

20 dolবিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা ও গুলির প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের। একই সঙ্গে চলছে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন তিনি এবং পুড়িয়ে দেয়া হয় তাকে বহনকারী গাড়িটি। এ ঘটনার প্রতিবাদে রাতেই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে হরতালের ডাক দেন। প্রথমে ২৪ ঘণ্টার হরতালের ডাক দিলেও পরে তা কমিয়ে ১২ ঘণ্টা করা হয়।

বেশ কিছুদিন ধরে নিজের গুলশানের রাজনৈতিক কার্যারলয়ে অবরুদ্ধ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে মঙ্গলবার আটটার দিকে সেখানে গিয়েছিলেন রিয়াজ রহমান। পরে তিনি বের হয়ে গাড়িতে করে বাসায় যাওয়ার সময় গুলশান-২ নম্বরে পৌঁছালে দৃর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রিয়াজ রহমানের চিকিৎসা চলছে।

এদিকে গত ৫ জানুয়ারির পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ৩ জানুয়ারি খালেদা জিয়াকে তার কার্যাতলয়ে অবরুদ্ধ করে পুলিশ। পরে তিনি ৫ জানুয়ারি কার্যালয় থেকে বের হতে চাইলে তাকে আটকে দেয়া হয়। ভেতরে থাকা নেতাকর্মীদের উদ্দেশে ছুড়ে মারা হয় পিপার স্প্রে।

ওই দিনই তাৎক্ষণিকভাবে সারা দেশে অনির্দিষ্টকালের নৌ, সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেন খালেদা জিয়া।

অবরোধের মধ্যে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বিভিন্ন স্থানে হরতাল পালন করলেও এই প্রথম কেন্দ্রের পক্ষ থেকে হরতালের ঘোষণা দেয়া হলো।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

মালালার মামলা দিয়ে শুরু

malalaশান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের ওপর জঙ্গি হামলার মামলা দিয়ে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের সামরিক আদালতের কার্যক্রম।

পেশোয়ার হামলার পর, জঙ্গিদের দ্রুত বিচারে বিশেষ এ আদালত গঠনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার।

এরই মধ্যে গিলগিত-বালতিস্তানে সামরিক আদালত গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কাজ শেষ হলেই, সন্ত্রাসবিরোধী আদালত থেকে মালালা ইউসুফজাইয়ের মামলাটি সেখানে স্থানান্তর করা হবে।

২০১২ সালে তেহরিক-ই-তালেবানের হামলায় গুরুতর আহত হন পাকিস্তানের নারী-শিক্ষা কর্মী মালালা। লন্ডনে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হন তিনি।

এছাড়া ২০১৩ সালে নাঙ্গা পর্বতে পর্বতারোহীদের উপর জঙ্গি হামলার মামলাও তোলা হবে সামরিক আদালতে। ২০১৩ সালের ওই হামলায় বিদেশি পর্যটকসহ ১০ নিহত হয়।

‘গাধার পরিশ্রমের’ জন্যে গাধাকে পুরস্কার

gadhaঅক্লান্ত পরিশ্রম করেও স্বীকৃতি বা পুরষ্কার না পেলে আমরা সেটাকে বলি ‘গাধার খাটুনি।’কিন্তু ভারতে এবার দুটো গাধাকেই তাদের কঠোর পরিশ্রমের জন্যে পুরস্কার দেওয়া হয়েছে।

দক্ষিণের শহর ব্যাঙ্গালোরের একজন রাজনীতিক তাদেরকে তাদের পরিশ্রম ও আনুগত্যের জন্যে এই উপহার দিয়েছেন।

ওই রাজনীতিকের নাম ভাতাল নাগারাজ, যিনি আঞ্চলিক একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন।

ভারতে এনটিভির ওয়েবসাইটে এই খবর দেওয়া হয়েছে।

“গাধা, কুকুর, মহিষ, গরু এবং ষাঁড়ের মতো গৃহপালিত সব পশুকে আমি পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তারা তাদের প্রভুদের প্রতি মানুষের চাইতেও বেশি অনুগত।” বলেন তিনি।

মি. নাগারাজ বলেন, মানুষ যতো কাজ করে তার চাইতেও বেশি পরিশ্রম করে এসব গৃহপালিত পশু।

পুরস্কার হিসেবে মি. নাগারাজ, একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ওই দুটো গাধার শরীরের ওপর গোলাপের পাপড়ি ছিটিয়ে দেন।

গাধার শরীরে রঙিন কাপড় ও রঙিন দানার মালা পরানো ছিল।

শহরের আন্ত-নগর বাস স্টেশনে জাকজমকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বহু দর্শকও উপস্থিত ছিলেন।

মি. নাগারাজ বলেন, ভারতীয় সমাজে অক্লান্ত পরিশ্রমের কাজে গাধাকে ব্যবহারের অনেক চল আছে, তবে সেই কাজের স্বীকৃতি দেওয়া হয় না।

তিনি বলেন, বিশ্বের অভিনব এই প্রতিযোগিতার জন্যে কাউকে আবেদন করতে বলা হয়নি। কোনো আবেদন গ্রহণও করা হয়নি। কোনো বিচারকও ছিল না।

ব্যাঙ্গালোরে এধরনের আরো অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ওই রাজনীতিক।

সংবাদ মাধ্যমের শিরোনাম হতে পারে এই বিবেচনা থেকে এই রাজনীতিক এর আগেও অভিনব কিছু ঘটনার জন্ম দিয়েছিলেন।

এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি একটি মহিষের পিঠে চেপে শহর ঘুরে বেড়িয়েছিলেন।– বিবিসি

দুর্বৃত্তদের আগুনে ঘুমন্ত বাস সহকারীর মৃত্যু

busfire15গাজীপুরে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় চালকের সহকারী পুড়ে মারা গেছেন। রাত তিনটার দিকে কালিয়াকৈর উপজেলার লতিফপুরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তোফাজ্জেল হোসেন (১৮)। তার বাড়ি সুনামগঞ্জ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈরের মহিষবাথান বটতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বাসটি রেখে ভেতরে ঘুমিয়েছিলেন হেলপার তোফাজ্জল। রাত তিনটার দিকে এলাকাবাসী বাসটি জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা ও পুলিশ সদস্যরা গিয়ে আগুন নেভানোর পর বাসের দরজার কাছে তোফাজ্জলের লাশ দেখতে পান। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

ড. কামালের নেতৃত্বে আসছে নতুন জোট

kamalরাজনীতিতে আসছে নতুন আরেকটি জোট। নাম নাগরিক ঐক্য প্রক্রিয়া। ড. কামাল হোসেনের গণফোরামের পাশাপাশি এই জোটে থাকছে নাগরিক ঐক্য, জাসদ-জেএসডি ও বিকল্প ধারা বাংলাদেশ। বড় দুই জোটের বাইরে তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেতে চায় জোটটি। বৃহস্পতিবার থেকে গণমিছিলের কর্মসূচি নিয়ে মাঠে নামছে দলটি। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।

আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় শক্তির প্রতিষ্ঠা করতে বিভিন্ন সময় নানামাত্রিক সমীকরণ হয়েছে। তবে কোনো অঙ্কই শেষ পর্যন্ত মেলেনি। চলমান রাজনৈতিক বাস্তবতায় আবারো একটি জোট গঠনের জন্য কাজ করছেন ডক্টর কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্না। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাসদের আ.স.ম আব্দুর রব ও বিকল্প ধারার অবসরপ্রাপ্ত মেজর মান্নান।

চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপের বিকল্প নেই বলে মনে করে এই জোটের নেতারা। তারা বলছেন, প্রকৃত গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সাধারণ জনতাকেই উদ্যোগ নিতে হবে। নাগরিক ঐক্য প্রক্রিয়ার ব্যানারে বৃহস্পতিবার প্রেস ক্লাব থেকে গণমিছিলের কর্মসূচির কথা জানান উদ্যোক্তারা।

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করার আগে জনগণকে নিজেদের কর্মসূচি ও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করতে চায় জোটের নেতারা। ফেব্রুয়ারির মধ্যে চারটি বিভাগীয় শহরে সমাবেশ ও ঢাকায় একটি জাতীয় কনভেনশন করার কথা জানিয়েছেন তারা।