শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

যথেষ্ট তথ্য উপাত্ত পেলে খালেদা জিয়াকে গ্রেফতার : ডিএমপি কমিশনার

khaledaযথেষ্ট তথ্য উপাত্ত পেলেই হুকুমের আসামি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, হুকুমের আসামী করে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে। তার যথেষ্ট তথ্য-উপাত্ত ও সাক্ষী পেলেই তাকে গ্রেফতার করা হবে।

বিএনপি সম্মান করতেও জানে না, নিতেও জানে না; মায়া

maya26ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল- যে দলের নেতারা কাউকে সম্মান করতেও জানে না, নিতেও জানে না।

বিএনপিকে উদেশ্য করে তিনি বলেন, এমন একটি দলের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংলাপ হতে পারে না। সেজন্য তাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও হরতালের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মায়া এসব কথা বলেন।

জোটের চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও জোটের অন্তর্ভুক্ত ২২ টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

মায়া বলেন, “দেশের সংবিধান অনুয়ায়ী নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি বলেন, “বিএনপি গত শনিবার তাদের দলীয় কার্যালয়ের দরজা বন্ধ রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে অশোভন আচরণ করেছেন- তা জাতির ইতিহাসে কালো ক্ষত হয়ে থাকবে।”

তিনি আরো বলেন, “একটি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এ ধরনের অশোভন আচরণের মাধ্যমে বিএনপির আসল চেহারা বের হয়ে এসেছে।”

মায়া বলেন, “সারা দেশে বিএনপি-জামায়াতের দু’একটি নাশকতামূলক কর্মকাণ্ড ছাড়া কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। তাই তাদের হরতাল কর্মসূচি এবং অবরোধে দেশের মানুষ কোনো সাড়া দেয়নি।”

তিনি বলেন, “রাজধানী ঢাকাসহ সারা দেশে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। বিএনপি জামায়াতের এ কর্মসূচিতে জনজীবনে কোনো প্রভাব পড়েনি।”

মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে অস্ট্রেলিয়া

miss uniআমেরিকার ফ্লোরিডায় রোববার মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১৫টি দেশের প্রতিযোগী নির্বাচিত হয়েছে। এদের মধ্যে অস্ট্রেলিয়া, ভারত, জ্যামাইকা ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগীও রয়েছে।

এই প্রতিযোগিতায় এখনো যে ১৫ প্রতিযোগী টিকে রয়েছে তাদের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, ইউক্রেন ও ভেনিজুয়েলার সুন্দরীরা রয়েছে। ৮৮ প্রতিযোগী থেকে এই ১৫ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে। এরা বর্তমান মিস ইউনিভার্স গ্যাব্রিয়েলা ইসলারের উত্তরসূরী হবার জন্য লড়ছেন।

ডোরালের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রতিযোগীরা নয়নাভিরাম ঐহিত্যবাহী পোশাক পড়ে মঞ্চে উপস্থিত হন।

১০ জন বিচারক পরবর্তী মিস ইউনিভার্স নির্বাচিত করবেন। বিচারকদের মধ্যে কিউবান-আমেরিকান মিউজিক মোগল এমিলিও ইস্টেফ্যান, কিউবার মঞ্চ তারকা ইউলিয়াম লেভি ও ফিলিপাইনের বক্সিং তারকা ম্যানী প্যাকুইয়ারো রয়েছেন। এই প্রতিযোগিতাটি বিশ্বের প্রায় ৬০ কোটি দর্শক উপভোগ করছেন।

ফরিদপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

lash28ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকা থেকে শিখা নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সৈয়দ মুহাসিনুল হক বলেন, “পারিবারিক কলহের জের ধরে শিখার স্বামী সজীব সরকার রোববার রাতে কোনো এক সময় কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে সন্তানদের নিয়ে পালিয়ে গেছে। সজিবের বাড়ি ঢাকা জেলার দোহারে।

প্রতিবেশীরা জানায়, সজীব সরকার দুই মাস আগে চরকমলাপুর এলাকায় ব্যাংক কর্মকর্তা কাজরুজ্জামানের বাড়ি ভাড়া করে বসবাস করতেন।

‘২০০৪ সালে বাসে অগ্নিসংযোগের ঘটনায় মিথ্যাচার করলে ব্যবস্থা’

nanokkবিগত ২০০৪ সালে রাজধানীর শাহবাগে একটি দ্বিতল বাসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে কেউ মিথ্যাচার করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজম।

সোমবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, ২০০৪ সালের ওই ঘটনায় তাদের জড়িয়ে কেউ মিথ্যাচার করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
১১ বছর আগের ওই ঘটনাটি ইতিমধ্যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে আদালতে প্রমাণিত হয়েছে  একথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘সেই বিষয়ে নতুন করে মিথ্যাচার নিন্দনীয়। রাজনৈতিক হীন স্বার্থে কেউ যদি সেটাকে পুনঃমঞ্চস্থ করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তারা বলেন, ‘বিষয়টি যে আদালত কর্তৃক মীমাংসিত সে বিষয়টি নিশ্চিতে আমরা ইতিমধ্যে টিভি টকশোর সঞ্চালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে আদালতের সার্টিফায়েড কপি প্রেরণ করেছি।’
সংবাদ সম্মেলনে নানক ও আজম বলেন, ‘২০০৪ সালের ৪ জুন রাজধানীর শাহবাগে দ্বিতল বাসে আগুন দেওয়ার ঘটনাটি পুলিশের সহায়তায় ঘটানো হয়েছিল। কারণ শফিকুল ইসলাম কালু নামের যে ব্যক্তি বাসে আগুন দিয়েছিলেন তিনি রমনা থানা পুলিশের হাতে ৩ জুন ছিনতাই মামলায় গ্রেফতার ছিলেন। ৪ জুন একদিনের পুলিশি রিমান্ডে ছিলেন। ৪ জুন দ্বিতল বাসে অগ্নিসংযোগের দিন তিনি রমনা পুলিশের হেফাজতে ছিলেন এবং ৫ জুন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়েছিল। পরবর্তীতে ঘটনাটি মিথ্যা এবং সাজানো নাটক হওয়ায় বিএনপি-জামায়াত জোট সরকারের সময়েই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারপরও কিছু বুদ্ধিজীবী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আমাদের দু’জনকে জড়িয়ে মিথ্যাচার করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার জন্যই এই পরিকল্পিত মিথ্যাচার। তারা ষড়যন্ত্রের এই ঘটনাটি উল্লেখ করে বর্তমানের নাশকতার ঘটনা জায়েজ করার হীন চেষ্টা চালাচ্ছে।’
এই ‘হীন অপচেষ্টা’ বন্ধ করার আহ্বান জানিয়ে তারা বলেন, ‘ভুল রাজনীতির চোরাবালিতে নিমজ্জিত খালেদা জিয়া ও তার দল। তারা আজ জাতিকে ধোঁকা দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। মীমাংসিত বিষয় নিয়ে আবার কেউ মিথ্যাচার করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন নাহার লাইলি, সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন প্রমুখ।

 

ধর্ষিতা মেয়ের মার কাণ্ড!

repe4নিজের কিশোরী মেয়ের ধর্ষণের বদলা নিতে নিজের স্বামীকে দিয়ে ধর্ষণকারীর স্ত্রীকে ধর্ষণ করিয়েছেন এক নারী। শুধু তাই নয় এ কাজটি সঠিকভাবে হয়েছে কি না তা স্বচক্ষে দেখতে ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন তিনি। ভারতের উত্তর প্রদেশের বরাবাকি জেলার হায়দরগড়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। খবর এনডিটিভির। জানা গেছে, ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে কারাগারে আটক ধর্ষণকারী। আর এ সুযোগে স্বামী ও তিন ভাড়াটিয়া যুবকের সহায়তায় ধর্ষণকারীর স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যান ধর্ষিতা মেয়ের মা। পরে একটি ফাঁকা জায়গায় তাকে গণধর্ষণ করা হয়। তারপর তাকে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায় ওই নারী ও তার দলবল। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ধর্ষিতা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।

কোকোর গায়েবানা জানাজা মঙ্গলবার

kokoবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজার দিন পরিবর্তন করা হয়েছে।

ইতিপূর্বে ঘোষিত কর্মসূচিতে বুধবার গায়েবানা জানাজার কথা থাকলেও তা এখন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্ধারণ করা হয়।
সোমবার বেলা সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এতে বলা হয়, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ইতোপূর্বে ঘোষিত দেশব্যাপী আগামী বুধবার অনুষ্ঠিতব্য গায়েবানা নামাজে জানাজার দিন পরিবর্তন করে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নির্ধারণ করা হয়েছে।
গায়েবানা জানাজায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে (ঢাকা মহানগর ব্যতিত) শরীক হওয়ার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

 

‘অস্ত্র দেওয়া হয়েছে কি হা-ডু-ডু, ডাংগুলি খেলার জন্য?’

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে অস্ত্র দেওয়া হয়েছে কেন? হা-ডু-ডু খেলার জন্য, না ডাংগুলি খেলার জন্য? যদি সমস্যা হয় তখন নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী গুলি করবে, গুলি করলে কি হবে, নিশ্চয় মানুষ মারা যেতে পারে। ফ্রান্সে এবং লন্ডনে যে ঘটনা ঘটেছে তখন কি সাংবাদিকরা এসব বলেছে?’

রোববার খুলনার লবণচরা এলাকায় র‌্যাব-৬ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নেই মন্তব্য করে তিনি বলেন, ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটি সস্তা প্রচারণা। তাহলে বিচার অন্তর্ভূক্ত হত্যাকাণ্ড কোনটি? একটি বিশেষ শ্রেণী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে প্রচার করে। তাদের উদ্দেশ্য আছে; বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নেই।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে নৃশংসভাবে মানুষ হত্যা করা হচ্ছে, এটা আমরা চাই না। এই কথা বললে সেটা কি রাজনৈতিক বক্তব্য হলো? গাড়ি জ্বালিয়ে দেওয়া, খেটে খাওয়া মানুষকে পুড়িয়ে হত্যা, নারী ও শিশুকে জ্বালিয়ে দেওয়া এটি আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। অপরাধীদের বিরুদ্ধেই আমাদের অবস্থান।’
র‌্যাবের মহাপরিচালক আরও বলেন, ‘দেশের অনেক জায়গায় পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। বাকি যে সমস্যাগুলো আছে সবাই মিলে কাজ করলে এটাও স্তব্ধ করা সম্ভব। প্রতিটি মানুষকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। র‌্যাবের কোনো সদস্য যদি অপরাধে জড়িত থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্সে অবস্থান করবো।’
একটি গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা জনগণকে সঙ্গে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করার চেষ্টা করে যাচ্ছি যাতে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন। যারা দেশের মানুষের বিরুদ্ধে গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য এক ধরনের অঘোষিত যুদ্ধ পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার অশোক কুমার বিশ্বাস, র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনামুল আরিফ সুমন, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি এসএম মনিরুজ্জামান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, কোস্টগার্ড ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

টাঙ্গাইলে ‘সর্বহারা’ নেতাকে কুপিয়ে হত্যা

marder1টাঙ্গাইল সদর উপজেলার যুগনী এলাকায় ‘সর্বহারা’ দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, নিহত গোলাম রাব্বানী (৪০) পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (সর্বহারা) দলের আঞ্চলিক নেতা ছিলেন।
সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার বাঘিলের যুগনী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সকালে স্থানীয় লোকজন বাঘিল বাজারের কাছে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, সর্বহারা দলের কথিত এ নেতার শরীরে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
প্রতিপক্ষের গ্রুপের হামলায় সে নিহত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে বলেও জানান তিনি।

 

রাজধানীতে পুলিশের অভিযানে আটক ২২

arrest28রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযান চলাকালে মোট ২২ জনকে আটক করা হয়েছে।
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে- একথা উল্লেখ করে তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপি, জামায়াত ও হিযবুত তাহরীরের কর্মীও রয়েছে।