শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

জামায়াত নেতাকে অতিথি করায় স্কুল কমিটির সঙ্গে আ’লীগ কর্মীদের সংঘর্ষ

doharaঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্কুলের বার্ষিক মিলাদ মাহফিলে জামায়াত নেতাকে অতিথি করায়  স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এলাকাবাসী ও স্কুল কমিটির সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিলে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিলে উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুল্লাকে অতিথি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বারুখালী ইউনিয়ন আওয়ামী লীগের ১৫/২০ জন নেতাকর্মী অনুষ্ঠানস্থলে গিয়ে শিক্ষকদের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা এক শিক্ষককে মারধর করেন। এ ঘটনায় পরে এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনারর পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

মঙ্গলবার নয় এরশাদের অনশন বৃহস্পতিবার

ershaddবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজার কারণে মঙ্গলবারের পরিবর্তে বৃহস্পতিবার অনশনে বসবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে কাকরাইলে জাপার দলীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান করবেন এরশাদ।

রাজনৈতিক সহিংসতা, জ্বালাও-পোড়াও ও দমন-পীড়ন বন্ধের দাবিতে দুই দফা শান্তি সমাবেশ করার পর একই দাবিতে মঙ্গলবার অনশনে বসার ঘোষণা দিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

এ ছাড়া দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠিও দিয়েছেন এরশাদ।

এ ব্যাপারে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, কোকোর জানাজার কারণে আমাদের কর্মসূচি পেছানো হয়েছে। জাতীয় পার্টি কোনো ধরনের সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না। বর্তমানে দেশে রাজনীতির নামে জ্বালাও-পোড়াও, সহিংসতা আর দমন-পীড়ন চলছে।

এই সহিংস রাজনীতি বন্ধ করার জন্য আমাদের পার্টির চেয়ারম্যান দুই দফা শান্তি সমাবেশ করেছেন। একই সঙ্গে আমাদের বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদও এ সব বন্ধ করার জন্য দাবি জানিয়ে আসছেন।

তিনি বলেন, এ সবের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে সচেতন করতে ঢাকা মহানগর জাতীয় পার্টি বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতীকী গণঅনশন পালন করার সিদ্বান্ত নিয়েছে। স্যার (এরশাদ) ওই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

হেলিকপ্টার থেকে নাশকতাবিরোধী লিফলেট বিতরণ করবে র‌্যাব

benojir rর‌্যাব হেলিকপ্টার থেকে নাশকতামূলক কর্মকাণ্ড বিরোধী লিফলেট বিতরণ করবে। যারা সন্ত্রাস করছে, খুন করছে, নাশকতা করছে তাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার জন্য এ লিফলেট বিতরণ করা হবে।

সোমবার বেলা পৌনে ১২টায় রাজধানীর গুলিস্তানে নাশকতাকারীকে ধরিয়ে দেওয়া ব্যক্তিদের পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এসব কথা বলেন।

এর আগে তিনি গুলিস্তান এলাকায় বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ করেন। বাসে নাশকতামূলক কর্মকাণ্ড বিরোধী বড় বড় পোস্টার লাগিয়ে দেন।

লিফলেটে মা কাঁপছে, জ্বলছে দেশ, ঘুরে দাঁড়াও, বাংলাদেশ ইত্যাদি স্লোগান লেখা ছিল।

র‌্যাবের ডিজি আরো বলেন, শান্তির জন্য লিফলেট বিতরণ শেষ হলে, শান্তিপ্রিয় জনগণ হরতাল-অবরোধের নামে নাশকতাকারীদের রুখে দেবে। ইতিপূর্বে এ দেশের জনগণ বাংলা ভাইয়ের মতো নাশকতাকারীদেরও রুখে দিয়েছে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দু/একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।  সেটিও দু/একদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে।

আমি অপমানিত হয়েছি : প্রধানমন্ত্রী

hasina2বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে ফিরে যাওয়াকে অপমান হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের মূল আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রীর গুলশান যাওয়ার জন্য ধন্যবাদ জানান মন্ত্রিসভার সদস্যরা। এ সময় বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সেখানে গিয়ে আমি অপমানিত হয়েছি। নাম প্রকাশ না করার শর্তে সরকারের একাধিক মন্ত্রী তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রীরা জানান, এটি মন্ত্রিসভায় কোনো মূল আলোচনার বিষয় ছিল না। যখন মন্ত্রিসভার বৈঠক শেষ হয়েছে, তখন প্রধানমন্ত্রীকে এর জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে ওই মন্ত্রীরা বলেন, আমরা ধন্যবাদ জানানোর পরে তিনি বলেন, আমি সেখানে রাজনীতি করতে যাইনি। সেখানে গিয়েছিলাম মানবিক কারণে। একজন মায়ের শোকে, কেবল একজন মা হিসেবে। কিন্তু আমি অপমানিত হয়েছি। আমি এটা আশা করিনি। কারণ আমি যোগাযোগ করে গিয়েছি। সেখানে বড় গেট তো বন্ধ ছিল। অন্তত ছোট গেট খোলা থাকবে। সেটিও তালা মারা ছিল।

এ সময় মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে বলেন, আপননি অপমানিত হননি। তার প্রমাণ হলো, জনমতের চাপে তাদের জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ বলতে বাধ্য হয়েছেন, এ আচরণ করা ঠিক হয় নাই। এর মানে তারা বিরাট একটা ভুল করেছে। তাই অপমানিত আপনি হননি, অপমানিত হয়েছে তারাই।

জানা যায়, শনিবার রাতে গুলশানের কার্যালয় থেকে প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার আগ পর্যন্ত ওই কার্যালয়েই ছিলেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলসহ আরো অনেকে।

আরাফাত রহমান কোকো শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় মালয়েশিয়ার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। খবরটি বাংলাদেশে পৌঁছালে মা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে অনেকেই তার গুলশানের কার্যালয়ে যান।

সন্ধ্যার পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা আসে, তিনি কার্যালয়ে অবস্থানরত শোকাহত খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে যাবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ফোনে বিষয়টি নিশ্চিত করেন।

এর কিছু সময় পর আনুমানিক রাত সোয়া ৮টার দিকে শিমুল বিশ্বাস গণমাধ্যমে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘুমের ইনজেকশন দেওয়ায় তিনি ঘুমিয়ে পড়েছেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ আপাতত হচ্ছে না।

এর আগেই গণভবন থেকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের উদ্দেশে রওনা হয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৭ সালে তৎকালীন সংসদের বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিয়ের শুভ মুহূর্তে তার বাসায় গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার সেই কোকোর মৃত্যুতেই বিএনপির নেত্রী খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তার কার্যালয়ে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তিনি গাড়ি থেকে নেমে কার্যালয়ের সামনে কয়েক মিনিট অপেক্ষা করলেও দরজা খোলা হয়নি। এরপর তিনি ফিরে যান গণভবনে।

পরে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ওই রাতে সাংবাদিকদের বলেন, ঘুম ভাঙার পর খালেদা জিয়া যখন জানতে পারেন প্রধানমন্ত্রী এসেছিলেন, তখন তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৌদি বাদশাহর মৃত্যুতে খালেদা জিয়ার শোক

khaledaসৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার বেলা ৩টার দিকে বিএনপির একটি প্রতিনিধিদল রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের বাসভবনে গিয়ে খালেদার শোকবার্তা পৌঁছে দেন।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ এবং চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ।
শুক্রবার বাদশাহর মৃত্যু সংবাদ জানার পর তাৎক্ষণিক শোক প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ দুদিন পর আনুষ্ঠানিকভাবে শোকবার্তা পাঠালেন তিনি।
চেয়ারপারসনের বার্তা পৌঁছে দিয়ে প্রতিনিধিদলের পক্ষে আব্দুল মঈন খান রাষ্ট্রদূতের বাড়িতে থাকা শোক বইয়ে সই করেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ৯০ বছর বয়সী আবদুল্লাহ বিন আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিশ্বনেতাদের পাশাপাশি সৌদি বাদশাহর মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রমুখ। শনিবার বাংলাদেশে পালন করা হয় রাষ্ট্রীয় শোক। এছাড়াও বাদশাহর মৃত্যুতে সৌদি আরব গিয়ে আনুষ্ঠানিক শোক জানিয়ে এসেছেন রাষ্ট্রপতি।

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

fire tগাজীপুরে একটি পোশাক কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ফার্মোসা পলি কটন বিডি লিমিটেড নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, দুপুর ১টার দিকে ওই কারখানার দোতলা ভবনের  নিচতলায় আগুনের সূত্রপাত।
তিনি জানান, খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে কাজ শুরু করে। আগুন বেলা ৩টার দিকে নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।
কারখানার তত্ত্বাবধায়ক মো. খোরশেদ আলম জানান, মাস খানেক আগে ফার্মোসা পলি কটন বিডি লিমিটেডের এই কারখানার উদ্বোধন হয়। কারখানার গুদামে সুতা ও ফেব্রিক্স  ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

রাষ্ট্রযন্ত্র যাদের হাতে তারাই নাশকতায় জড়িত: রিজভী

rizvi26বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ চলমান নাশকতার সঙ্গে বিএনপি জোটের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে বলেছেন, “আমরা অব্যাহত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির ঘোষিত নীতিমালাই হচ্ছে বহু দল ও মতে বিশ্বাস করা, মানবতা ও মানুষের মানবিক সাম্য ঊর্ধ্বে তুলে ধরা। রাজনৈতিক প্রতিপক্ষকে গুম আর গুপ্তহত্যা যাদের রাজনৈতিক কর্মসূচি, পেট্রলবোমা ছুঁড়ে নাশকতার মতো বন্য ও আদিম হিংস্রতার মতো মানবতাবিরোধী কাজ তারাই সংঘটিত করছে যারা রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে।”

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, “পেট্রলবোমা, গান পাউডার, গাড়িতে আগুন লাগিয়ে মানুষ পোড়ানো, লগি বৈঠার তাণ্ডবে লাশের ওপর নৃত্য ইত্যাদি সর্বনাশা মরণখেলা আওয়ামী লীগের ঐতিহ্য ও সংস্কৃতি। সুতরাং এই সমস্ত নাশকতাকারীদের পৃষ্ঠপোষকরাই জানে কিভাবে নিজেদের স্বার্থে অমানবিক ঘটনা ঘটাতে হয়, তার প্রমাণ হলো- বিএনপির শাসনামলে হোটেল শেরাটনের সামনে বাসে গান পাউডার দিয়ে নয়জনকে পুড়িয়ে মারা এবং ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আকরামকে হত্যা করার পর লাশ পোড়ানোর বিভৎস ঘটনা।”

রুহুল কবির রিজভী বলেন, “রাষ্ট্রের চরিত্র কেমন তা বোঝা যায় রাষ্ট্রের কর্মচারীরা কেমন তার ওপর-প্রখ্যাত রাষ্ট্র বিজ্ঞানী হ্যারল্ড লাস্কির এই বহু উদ্ধৃত উক্তিটি যে কতটা কার্যকর তা এখন বাংলাদেশের প্রত্যেকে বুঝতে পারছে। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে এখন বর্বর, নিপীড়ক, দমন-পীড়ন, হত্যা, গুম, খুন ও যৌথ বাহিনীর নিষ্ঠুর অপারেশনের প্রতিষ্ঠান তা আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা যথার্থভাবেই সবাইকে টের পাওয়াচ্ছেন। একেকদিন একেকজন কর্মকর্তার বক্তব্য শুনলে মনে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র যেন আওয়ামী লীগের তহবিল থেকে কেনা। সুতরাং এই অস্ত্র ব্যবহারে কোনো জবাবদিহিতার দরকার নেই বলে তারা মনে করে। কারণ আওয়ামী লীগপন্থী আইন প্রয়োগকারী সংস্থার প্রধানরা ছাড়পত্র দিয়েছেন তাদের জোয়ানদের। অস্ত্র গোলাবারুদ কেনো অকেজো করে রাখা হয়েছে। এ ব্যাপারে উস্মা প্রকাশ করেছেন র্যা বের ডিজি। কেন অস্ত্রসস্ত্র খেলার উপকরণ হিসেবে ফেলে রাখা হয়েছে। কেন যথাযথ ব্যবহার করা হচ্ছে না। র্যা বের মহাপরিচালক আরো বলেছেন বিচার বহির্ভূত হত্যা বলে নাকি কিছু নাই।”

রিজভী আহমেদ এ প্রসঙ্গে বলেন, “তাহলে খিলগাঁও ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে কোন বিচারের আওতায় প্রাণদণ্ড দেয়া হয়েছে ? কোন আদালতের রায়ে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বামীকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়? সপ্তাহ খানেক আগে দলের চারজন কর্মীকে ধরে নিয়ে গিয়ে টার্গেট হত্যা করা হয় কোন বিচারে?”

গতকাল খুলনায় র্যা বের মহাপরিচালকের দেয়া বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির যুগ্ম মহাসচিব।

রিজভী আহমেদ বলেন, “বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শণ, চিন্তা, নীতি ও রাজনৈতিক কর্মসূচিকে ধারণ করার জন্যই এই বিচার বহির্ভূত টার্গেট হত্যা করা হয় জনগণের টাকায় কেনা বুলেট দিয়ে।”

রিজভী আহমেদ প্রশ্ন রেখে বলেন, “এগুলো যদি বিচার বহির্ভুত হত্যা না হয় তাহলে এগুলো কোন বিচারের অন্তর্ভুক্ত হত্যা? এসব দেশবাসী জানতে চায়।”

রিজভী আহমেদ বলেন, “খাল বিল, নদী নালায় এতো লাশ পড়ে আছে কার বিচারে? আজকেও নরসিংদীর তিন কিলোমিটার রাস্তাজুড়ে আশেপাশে সাতটি লাশ পাওয়া গেছে। এগুলো কিসের আলামত? দুঃশাসন টিকিয়ে রাখতে রাষ্ট্র এখন ভয়াল ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারহীন একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় সরকারি কর্মচারীদের দলের আনুগত্য করা বাধ্যতামূলক করা হয়। সেখানে নিরপেক্ষতার ও জবাবদিহিতার প্রশ্ন করা যায় না। বাংলাদেশে চোখের ইশারাও যদি সরকারবিরোধী মনে হয় তাহলেও নিপীড়নের শিকার  হতে হবে, সেই নৈরাজ্যকর পরিস্থিতি এখন বাংলাদেশে বিরাজমান। অমানবিক নাশকতার বিভৎস ঘটনা ঘটানো হচ্ছে সারাদেশ জুড়ে। পেট্রলবোমা মেরে মানুষকে দগ্ধ করার বিরামহীন দৃশ্য দেখানো হচ্ছে টেলিভিশনে। বার্ন ইউনিটের অমানবিক দৃশ্যকে কেন্দ্র করে হাইপার প্রচারাভিযান চালানো হচ্ছে বিরোধী দলের আন্দোলনের বিরুদ্ধে।”

রিজভী বলেন, “কয়েকদিন ধরেই জনশ্রুতি ছিল, সরকার নিজেই একটা বড় ধরনের নাশকতা করবে। যেটির বিদেশ থেকে পরিচালিত একটি পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। যাতে পুরো দায়টা বিরোধী দলের ওপর চাপানো যায়। ২৩ তারিখ রাতেই ডেমরায় ঘটানো হলো বাসে আগুন দিয়ে ৩৫ জন বাসআরোহীদের অগ্নিদগ্ধের ঘটনা। আর তার পরের দিন শোকে কাতর সন্তানহারা মা বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা দেয়া হলো। সমগ্র ঘটনাটাই একটা মাস্টারপ্ল্যানের অংশ বলে সর্বসাধারণ বিশ্বাস করে।”

কীভাবে হলো মিস্টার বিনের জন্ম

mr binআজ থেকে ২৫ বছর আগে ব্রিটেনের টিভিতে প্রথম প্রচার হয়েছিল জনপ্রিয় কমেডি মিস্টার বিনের প্রথম পর্ব। এই মি. বিন পরিণত হয়েছিল পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় টিভি অনুষ্ঠানগুলোর একটিতে।

দুনিয়ার কোটি কোটি মানুষকে হাসানো এই মি. বিনের চরিত্রটি কিভাবে সৃষ্টি হয়েছিল, তাই জানতে এর স্রষ্টাদের সাথে কথা বলেছেন বিবিসির লুসি বার্নস।

মি. বিনের চরিত্রে অভিনয় করেন ইংরেজ কৌতুকাভিনেতা রোয়ান এ্যাটকিনসন। এর নির্বাহী প্রযোজক ছিলেন তার বন্ধু পিটার বেনেট-জোনস।

রোয়ান এটকিনসন অনেক পরে ২০১১ সালে – বিবিসির এক অনুষ্ঠানে বলেছিলেন, তিনি যখন ছাত্র তখন থেকেই মি. বিনের মতো একটি চরিত্রের ধারণা তার মাথায় গড়ে উঠছিল।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কমেডি গ্রুপের সাথে অনুষ্ঠান করতেন রোয়ান এ্যাটকিনসন। তার নাম ছিল ‘দি অক্সফোর্ড রিভিউ’। আর পিটার বেনেট-জোনস ছিলেন কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাদের প্রতিপক্ষ কমেডি গ্রুপের সদস্য। এর নাম ছিল ‘দি ফুটলাইটস’। তাদের প্রথম পরিচয় হয় ১৯৭৬ সালে, এডিনবরা ফেস্টিভ্যালে।

স্নাতক ডিগ্রি লাভের পরে দুই বন্ধুই একসাথে কাজ করা শুরু করলেন, থিয়েটার আর টিভির জন্য।

মি. বিনের যাত্রা শুরু হয়েছিল একটা মঞ্চের অনুষ্ঠান হিসেবে। আইডিয়াগুলো দানা বেঁধেছিল রিহার্সাল রুমে। এগুলো ভেবে বের করার সময়ও তারা খুব হাসতেন।

মি. বিনের নাম প্রথমে ছিল মি. হোয়াইট। পরে তার নাম হলো মি. বিন।

২০০৩ সালে এক সাক্ষাৎকারে রোয়ান এটকিনসন বলেছিলেন, এর একটা বড় অনুপ্রেরণা ছিল ফরাসী কমেডিয়ান জ্যাক তাতির সৃষ্ট চরিত্র মি. উলো।

কিন্তু টিভিতে যে এমন একটা অনুষ্ঠান সত্যিই চলবে তা প্রথম বুঝতে পেরেছিলেন হাওয়ার্ড ডেভিস, যিনি তখন আইটিভিতে কাজ করেন এবং তিনি ছিলেন বিবিসি কমেডি-র সাবেক প্রধান। তিনি শুরুতেই আইটিভির সবচেয়ে দামি সময়টার আধঘন্টা মি বিনের জন্য বরাদ্দ করে দিলেন। আর প্রথম প্রচারের দিন থেকেই মি বিন চরম জনপ্রিয়তা পেয়ে গেল।

মি বিনের প্রথম পর্ব প্রচারিত হয় ১৯৯০ সালের পয়লা জানুয়ারি।
চরিত্রটি তার বেঢপ জ্যাকেট, মোটা ভুরু, আর উস্কোখুস্কো চুল মিলে কয়েকদিনের মধ্যেই সবার পরিচিত হয়ে উঠলো। মি. বিনকে উপস্থিতই করা হয়েছে এমনভাবে যেন সে সামাজিক রীতিনীতির বাইরের একটা কিছু।

তার ট্রাউজার মাপে একটু ছোট, তার জ্যাকেট ফ্যাশনদুরস্ত নয়, তার টাইও বেমানান। সে একটু অস্বাভাবিক ধরণের, এবং আশপাশের লোকদের সাথে সে যা করছে তা একেবারেই অদ্ভূত।

পিটার বেনেট জোনস বলেন, মি. বিন যে সব বয়েসের দর্শকের কাছে এবং এতগুলো দেশে জনপ্রিয় হয়েছে তার কারণ হলো এর সার্বজনীনতা।

“মি. বিনের কাজ-কারবার সবাইকেই হাসাতে পারে। এর হাস্যরস বোঝার জন্য কোন শিক্ষার দরকার নেই, কোন ভাষারও দরকার নেই।”- বিবিসি

ইবি ছাত্রদল সভাপতি আটক

omar farukইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বোয়ালিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে শৈলকুপা থানার বোয়ালিয়া বাজারে একটি সেলুন থেকে আটক করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান বলেন, ‘ছাত্রদল সভাপতি ওমর ফারুককে বিভিন্ন নাশতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হয়েছে। থানায় তার প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে। ফারুকের নামে শৈলকুপা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।’
প্রসঙ্গত ছাত্রদল সভাপতি ওমর ফারুকের বাসা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার জাঙ্গালিয়া গ্রামে। তার নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পাঁচটি মামলা রয়েছে।

 

সাতক্ষীরা সীমান্তে দালালসহ ৪ বাংলাদেশি আটক

miyanmargভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার পথে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত এলাকা থেকে এক দালালসহ চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কৈখালী বেড়িবাঁধ সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের ইয়াজ আলী গাজীর ছেলে আলাউদ্দিন (২৫), জহির গাজী (২২) ও সোহেল গাজী (১৯) এবং দালাল পশ্চিম কৈখালী গ্রামের প্রয়াত আবুল হোসেনের ছেলে জয়নাল সরদার (৪০)।
বিজিবির নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী আহাদ জানান, আটক চারজনকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।