শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

ফখরুল তিনদিনের রিমান্ডে

fakrul8গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখ শুনানি শেষে এ রিমান্ড দেন।

শুনানির আগে মঙ্গলবার সকালে ফখরুলকে ঢাকা সিএমএম কোর্টে আনা হয়।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ থেকে মির্জা ফখরুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্যই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে গ্রেফতর হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই রাতে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রেখে পরদিন বিকেল সাড়ে ৩টায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়।

৪ জানুয়ারি রাতে গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানায় করা মামলায় গ্রেফতর দেখিয়ে আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে বিচারক রিমান্ড এবং জামিনের দুটি আবেদনই নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মেসির বন্ধুত্বে ‘আপ্লুত’ নেইমার

messi neymarবার্সেলোনায় মেসিকে পাশে পেয়ে পূর্ণতা পেয়েছেন নেইমার৷ এমনটা নিজেই মনে করেন ব্রাজিলীয় সুপারস্টার৷ তাই আর্জেন্টাইন তারকাকে তার সেরা বন্ধু মানছেন ব্রাজিলের এই ‘সেনসেশনাল বয়’।

বার্সায় নিজের উত্থানের পেছনে চারবারের বিশ্বসেরার কথা উল্লেখ করে নেইমার বলেন, “আমি যাদের খেলা দেখেছি, তাদের মধ্যে মেসিই সেরা৷ আমি সব সময় ওকে শ্রদ্ধা করি।”

মেসির পাশে বার্সায় দ্বিতীয় মৌসুম চলছে নেইমারের৷ চলতি মৌসুমে ইতোমধ্যে ১৯টি গোল করেছেন নেইমার৷ যা গতবারের থেকে বেশি৷

মেসি ও তার জুটি সম্পর্কে ২২ বছরের ব্রাজিলীয় স্ট্রাইকারের বলেন, “আমরা  সব সময়ই ভালো করার চেষ্টা করি৷ একসঙ্গে আমাদের সময়টা ভালো যাচ্ছে৷ আমাদের মধ্যে ভালো সম্পর্কের প্রভাব মাঠে পাওয়া যাচ্ছে৷ সেরার সঙ্গে খেলাটা আরও সহজ হয়ে যায়৷”

‘রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে কোকোর অকাল মৃত্যু’

khoka27আমেরিকার নিউ ইয়র্কে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সিটির ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এবং সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট ড. ওসমান ফারুক। এছাড়াও বিবাদমান যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন গ্রুপের নেতা-কর্মীরা এতে অংশ নেন। খবর বাংলা প্রেস’র।

মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের ইমামতিতে কোকোর গায়েবানা জানাজা পরিচালনা করেন। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জানাজা নামাজ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে সাদেক হোসেন খোকা বলেন, “এত অল্প বয়সে কোকোর মৃত্যু কেউ আশা করেনি। তার এ অকাল মৃত্যু একটি রাজনৈতিক প্রতিহিংসার বলি। তার এ মৃত্যুর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারবে না। এর দায় দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে। কোকোর মৃত্যুতে সৃষ্ট শোককে শক্তিতে পরিণত করে দমন-পীড়নের অবসান ঘটাতে যত দ্রুত সম্ভব এ সরকারকে বিদায় করতে হবে।”

ড. ওসমান ফারুক বলেন, “সরকার গোয়েবলসীয় কায়দায় মিডিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শেখ মুজিবের আমলে বাকশাল যেমনটা করেছিল। দেশের সাধারণ মানুষ এই স্বৈরাচারী সরকারের কবল থেকে মুক্তি চায়। বেগম খালেদা জিয়ার নেতৃত্ব চলমান আন্দোলনেই হচ্ছে মুক্তির একমাত্র পথ।” গণতন্ত্র রক্ষার এ আন্দোলনের প্রতি প্রবাসীদের আরো জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।

গায়েবানা জানাজা নামজে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, শরাফত হোসেন বাবু, হযরত আলী, জিল্লুর রহমান জিল্লু, আকতার হোসেন বাদল, মো. বশির, গোলাম ফারুক শাহীন, কাজী আজম, বেলাল মাহমুদ, জসীম ভূইয়া, এম এ বাতিন, মাওলানা অলিউল্লাহ মো. আতিকুর রহমান, সাইদুর রহমান সাঈদ, গিয়াসউদ্দিন, আবু সাঈদ আহমদ, পারভেজ সাজ্জাদ, রফিকুল ইসলাম ডালিম, আতাউর রহমান আতা, মাজহারুল হক জনিসহ আরো অনেকে।

পুলিশ পদক পাচ্ছেন ৮৬ কর্মকর্তা

policeবীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৮৬ জন পুলিশ ও র‌্যাব সদস্য। এদের মধ্যে তিনজনকে মরণোত্তর পদক দেয়া হবে। আজ মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেবেন।

পদকপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ১০ জন, বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা ২০ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ১৬ জন এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা পাচ্ছেন ৪০ জন।

যারা পদক পাচ্ছেন
এসবি’র উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মীর শহীদুল ইসলাম, সিআইডি’র এডিশনাল ডিআইজি শাহাদাত হোসেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক, ডিবি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, ডিএমপি’র যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম, ডিবির উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, ডিসি কৃষ্ণ পদ রায়, ডিসি শেখ নাজমুল আলম, এপিবিএনের এসপি সালমা বেগম, সিআইডি’র বিশেষ পুলিশ সুপার আশরাফুল ইসলাম, র‌্যাব-৮ এর মেজর আদনান কবির, র‌্যাব ইন্টিলিজেন্সের মেজর আব্দুল্লাহ আল- মোমেন, মেজর সাইফুল ইসলাম সোহেল, মেজর মাহবুব আলম, র‌্যাব-৩ এর মেজর মুহম্মদ সাদিকুর রহমান, র‌্যাব সদর দফতরের মেজর আসিফ কুদ্দুস, র‌্যাব-১২ এর লে. কমান্ডার আলী হায়দার চৌধুরী, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ জায়েদুল আলম, র‌্যাব ইন্টিলিজেন্সের এডিশনাল এসপি শরিফ উদ্দিন আহমেদ, নরসিংদীর এডিশনাল এসপি শাহনেওয়াজ খালেদ, পুলিশ স্টাফ কলেজের এডিশনাল এসপি জাহিদ হোসেন ভূঞা, ডিবির এডিসি আব্দুল আহাদ, এসবি’র এএসপি আজিজুর রহমান চৌধুরী, মৌলভীবাজারের এএসপি এস এম সিরাজুল হুদা, র‌্যাব-৮ এর এএসপি শাহ মো. আজাদ, ক্যাপ্টেন হাসিবুল হক, ডিবি’র সহকারী কমিশনার হাসান আরাফাত, জাহাঙ্গীর আলম, মাঈনুল ইসলাম, ইকবাল হোছাইন, মাহমুদা আফরোজ লাকী, এসবি’র এএসপি জুয়েল আমিন, সিআইডি’র এএসপি আফতাব উদ্দিন, এসবি’র ইন্সপেক্টর জুবায়ের আহমেদ খান, ইন্সপেক্টর সৈয়দ সফিকুল ইসলাম, সিআইডি’র ইন্সপেক্টর আবু হেনা মো. ইউসুফ, র‌্যাব-১০ এর নায়েব সুবেদার আব্দুল হাকিম শিকদার, ডিএমপি’র দারুস সালাম থানার এসআই ইদ্রিস আলী, মিরপুর থানার এসআই মো: রাসেল, ডিবি’র এসআই বাহাউদ্দিন ফারুকী, চট্টগ্রাম কোতয়ালি থানার এসআই জহির হোসেন, চট্টগ্রাম ডিবি’র এসআই সন্তোষ কুমার চাকমা, টাঙ্গাইল ডিবি’র এসআই অশোক কুমার সিংহ, রংপুর কোতয়ালি থানার এসআই সিরাজুল হক, ফেনী মডেল থানা এসআই কামাল হোসেন, ময়মনসিংহ ডিবি’র এসআই মলয় চক্রবর্তী, ঢাকা ক্যান্টনমেন্ট থানার এএসআই শফিকুল ইসলাম, র‌্যাব-১৩ এর এএসআই দুলাল হোসেন, সাতক্ষীরার এএসআই আমিনুল ইসলাম, শিবচর থানার এএসআই নিউটন কুমার দত্ত, ট্যুরিষ্ট পুলিশের এএসআই মিল্টন দে, র‌্যাব-৭ এর কর্পোরাল মাসুদ মিয়া, রাজশাহী আরআরএফের নায়েক দুলু মিয়া, র‌্যাব-৮ এর ল্যান্স নায়েক সাইফুল ইসলাম, ল্যান্স নায়েক বন্দে আলী মোল্যা, লক্ষ্মীপুরে রামগঞ্জ থানার মরহুম কনস্টেবল ইমান উদ্দিন, কমলনগর থানার মরহুম কনস্টেবল আবদুল আউয়াল ভূঁঞা, মুন্সীগঞ্জের মরহুম কনস্টেবল আব্দুল মালেক, বিএমপি’র কনষ্টেবল আনোয়ার হোসেন, র‌্যাব-১৩ কনস্টেবল খায়রুল ইসলাম, সাতক্ষীরার কনস্টেবল আব্দুর রহিম, পুলিশ সদর দফতরের কনস্টেবল নাছির উদ্দিন, নোয়াখালী পিটিসি’র কনস্টেবল গিয়াস উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, র‌্যাব-৭ এর লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ, ঢাকার এসপি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জের এসপি ড. খন্দকার মহিদ উদ্দিন, চট্টগ্রামের এসপি এ কে এম হাফিজ আক্তার, খুলনার এসপি হাবিবুর রহমান, টাঙ্গাইলের এসপি সালেহ মোহাম্মদ তানভীর, সাতক্ষীরার এসপি চৌধুরী মঞ্জুরুল কবির, গোপালগঞ্জের এসপি মিজানুর রহমান, নরসিংদীর এসপি আমেনা বেগম, লক্ষ্মীপুরের এসপি শাহ মিজান শাফিউর রহমান, মানিকগঞ্জের এসপি বিধান ত্রিপুরা, ডিএমপি’র এডিসি আনোয়ার হোসেন, হাটহাজারী সার্কেল এএসপি আ ফ ম নিজাম উদ্দিন, সাভার সার্কেলের মোহাম্মদ রাসেল শেখ, ফরিদপুরের ভাঙ্গা সার্কেলের শামছুল হক, রমনা থানার ইন্সপেক্টর মশিউর রহমান, ধানমন্ডি থানার ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক, ফেনী মডেল থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, মাগুরার শ্রীপুর থানার ইন্সপেক্টর আওলাদ হোসেন, লোহাগড়া থানার ইন্সপেক্টর শাহজাহান ও পাইকগাছা থানার ইন্সপেক্টর সিকদার আককাছ আলী।

রবি ও সোমবার ফের হরতাল?

hortal30টানা অবরোধের মধ্যেই আবারও হরতাল ডাকতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামী রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল দেওয়া হতে পারে বলে নেতারা জানিয়েছেন।
নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি জোট টানা অবরোধের মধ্যে কয়েক দফা হরতাল পালন করেছে। গতকাল সোমবার জোটের ৩৬ ঘণ্টার টানা হরতাল শেষ হয়েছে। একটানা চলতে থাকা অবরোধের গতি শ্লথ হয়ে এলে নানা ইস্যুতে হরতাল ডেকে আন্দোলন বেগবান করতে চায় জোট। নেতাদের
সঙ্গে কথা বলে জানা গেছে, ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে বোমা হামলা করে ২৯ জনকে দগ্ধ করার মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করায় আরেক দফা হরতাল ডাকার পরিকল্পনা করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুর ঘটনায় শোকাতুর পরিবেশের কারণে মামলার সঙ্গে সঙ্গে হরতাল ডাকা থেকে বিরত ছিল বিএনপি। আজ মঙ্গলবার কোকোর দাফন সম্পন্ন হচ্ছে। নেতাদের একটি অংশ বুধবার থেকেই দেশজুড়ে দুই দিনের হরতাল ডাকার পক্ষে মত দিয়েছে। তবে বিষয়টি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে পারেননি নেতারা। এ কারণে এ সপ্তাহের পরিবর্তে রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালের পক্ষে মত দিয়েছেন সিনিয়র নেতাদের কয়েকজন।

এবার কুমিল্লায় খালেদার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা

khaledaঢাকার পর এবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ স্থানীয় ২০ দলীয় জোটের ৩২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার রাতে চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- উপজেলা জামায়াতের আমির সাহাবুদ্দিন ও সেক্রেটারি শাহ মিজানুর রহমান।

চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, রোববার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল নামক স্থানে একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের অভিযোগ আনা হয়।

কোকোর মরদেহ ঢাকার পথে

kokoসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ মঙ্গলবার মালয়েশিয়া থেকে ঢাকায় আসছে। কোকোর মরদেহবাহী মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশ সময় সকাল আটটার দিকে মালয়েশিয়া থেকে রওনা দিয়েছে বলে জানা গেছে। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণ করার কথা রয়েছে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে মরদেহ হস্তান্তর করা হবে।

সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিমানবন্দরে কোকোর মরদেহ গ্রহণ করবেন আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমানসহ বিএনপির কেন্দ্রীয় পাঁচ নেতা। মরদেহ সরাসরি গুলশানে নেওয়া হবে। সেখানে কেবল পরিবারের সদস্যরা থাকবেন। দলীয় নেতা-কর্মীদের সেখানে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখার পর কোকোর মরদেহ নেয়া হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে আজ বাদ আসর জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

নজরুল ইসলাম খান বলেন, আরাফাত রহমান অরাজনৈতিক ব্যক্তি ছিলেন। তাই রাজনৈতিক দলসহ সব শ্রেণি-পেশার মানুষকে জানাজায় অংশ নিতে আহ্বান জানান তিনি।

আরাফাত রহমান গত শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন কুয়ালালামপুরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

১০ হাজার নেতা-কর্মী আটক, দাবি বিএনপির

arrest28বিরোধী জোটের ডাকে টানা অবরোধ চলাকালে সহিংসতাকারীদের ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ। ক’দিন আগে র্যাবের দিকে থেকেও একই ধরনের পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

অবরোধ চলাকালে একদিকে যখন বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান জোরদার করা হয়েছে অন্যদিকে সহিংসতাকারীদের ধরিয়ে দিতেও পুরস্কার ঘোষণা করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিতে পারলে ১,০০,০০০ টাকা এবং বোমা হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০,০০০ টাকা পুরস্কার দেয়া হবে।

অবরোধ চলাকালে ঢাকায় ১২০ টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। বিভিন্ন মামলায় এখনো পর্যন্ত ঢাকায় ৬৩৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একদিকে যখন পুরস্কার ঘোষণা করা হচ্ছে অন্যদিকে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হচ্ছে।

বিএনপি নেতা রিজভী আহমেদ দাবি করছেন, সোমবার পর্যন্ত দেশজুড়ে বিরোধী জোটের সাড়ে ১০ হাজারেরও বেশি নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

তবে এ পর্যন্ত ঠিক কতজনকে আটক করা হয়েছে সেটির তাৎক্ষণিক পরিসংখ্যান সোমবার সরকারের দিক থেকে পাওয়া যায়নি।

কিন্তু গত ২১জানুয়ারি সরকারের একজন মন্ত্রী জানিয়েছিলেন, অবরোধ শুরুর পর থেকে বিরোধী জোটের ৭,০০০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে, দেশের যে সব জায়গায় বোমা হামলার ঘটনা বেশি হচ্ছে সে সব জায়গায় পুলিশ ও র্যাবের অভিযান জোরদার করা হয়েছে ।

অনেক জায়গায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন।

রাজশাহীর সাংবাদিক আনোয়ার আলী জানিয়েছেন, রাজশাহী ও তার আশপাশের জেলাগুলোতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মিীরা আত্নগোপনে রয়েছেন।

তিনি জানান, অবরোধ ও হরতাল চলাকালে নেতা-কর্মীদের কোনো তৎপরতাও চোখে পড়ছে না। এমনকি তাদের টেলিফোনেও পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান।

এদিকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রোববার রাতে পুলিশ ও র্যাব জোরালো অভিযান চালিয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান জানিয়েছেন, এখনো পর্যন্ত যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে অনেককেই ঘটনাস্থল থেকে আটক করা হয়।

এছাড়া গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করেও অনেক গ্রেফতার হয়েছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ।- বিবিসি।

অ্যালান বোর্ডার পদকের জন্য ফেবারিট স্মিথ

smith26আগামীকাল মঙ্গলবার সিডনিতে অনুষ্ঠিত হবে ‘অ্যালান বোর্ডার মেডেল নাইট’। এই অনুষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়ান ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। আর প্রথমবারের মত ঐতিহ্যবাহী এই অ্যালান বোর্ডার পদক জেতার মাধ্যমে নিজের ক্যারিয়ারকে আরো স্মরণীয় করে রাখার সম্ভাবনা এখন স্টিভেন স্মিথের সামনে।

এই পুরস্কার প্রাপ্তিতে স্মিথের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন ডেভিড ওয়ার্নার। বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের।

তবে বছর জুড়ে ওয়ানডে ম্যাচে অনুপস্থিতি অ্যালান বোর্ডার পদক প্রাপ্তিতে তাকে পেছনে ফেলতে পারে বলেই ইঙ্গিত পাওয়া গেছে।

অস্ট্রেলিয়ান দলের পরিবর্তনশীল নিয়মের আওতায় এবার বেশির ভাগ ক্যাটাগরিতেই প্রথম বিজয়ী দলের খেলোয়াড়দেই প্রাধান্য দেয়া হয়েছে। ব্যতিক্রম শুধুমাত্র টোয়েন্টি-২০ ক্যাটাগরিতে হয়েছে। একমাত্র খেলোয়াড় হিসেবে গতবারের পুরস্কারটি নিজের করে রাখার সুযোগ এসেছে অ্যারন ফিঞ্চের সামনে। এছাড়া গত বছরের পুরস্কার প্রাপ্তির তালিকায় থাকা প্রভাবশালী নামগুলোর মধ্যে মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন এবং মিশেল জনসন এবারের তালিকায় খুব একটা গুরুত্ব পায়নি।

২০১৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত স্মিথের দুর্দান্ত টেস্ট এবং ওয়ানডে ফর্মই তাকে অ্যালান বোর্ডার পদকের জন্য ওয়ার্নারের থেকে এগিয়ে রেখেছে। যদিও ধারণা করা হচ্ছে, দুজনের মধ্যে ব্যবধান খুব কম। বিষয়টা এমন নয় যে স্মিথই তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতে বাড়ি ফিরবে।

তবে এই সম্ভাবনাও আছে কিছু ম্যাচের আলোকে তাকে হয়ত খালি হাতেই ফিরে যেতে হতে পারে। বিশেষ করে বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের বিভাগে ওয়ার্নারের সঙ্গে তার তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। ভোটিংয়ের সময়টাতে স্মিথ টেস্টে সর্বমোট ১ হাজার ২১২ রান করেছেন যেখানে ওয়ার্নারের সংগ্রহ ১ হাজার ২০৯ রান। ওয়ার্নার সাতটি সেঞ্চুরি হাঁকিয়েছেন, স্মিথ পাঁচটি। কিন্তু দুটি সিরিজে ওয়ার্নার এক টেস্টের উভয় ইনিংসে শতরান করেছেন।

বছরজুড়ে ২৪.৯০ গড়ে ৪১টি টেস্ট উইকেট প্রাপ্তি জনসনকে টেস্ট ক্যাটাগরিতে তৃতীয় স্থান এনে দিতে পারে। কিন্তু শীর্ষস্থানের জন্য স্মিথ কিংবা ওয়ার্নারের বিপরীতে তার এই কৃতিত্ব কিছুটা ম্লান।

ওয়ানডে শিরোপা প্রাপ্তিতেও সর্বাগ্রে এগিয়ে আছেন স্মিথ। তার সঙ্গে এই ক্যাটাগরিতে আরো আছেন জেমস ফকনার এবং অ্যারন ফিঞ্চ। ওয়ানডেতে ফিঞ্চের ৪৩.১৩ গড়ে ৬৪৭ রান সংগ্রহের বিপরীতে স্মিথের সংগ্রহ ৪৯.১৮ গড়ে ৫৪১ রান।

২০০০ সালে প্রথমবারের মতো এই অ্যালান বোর্ডার পদক চালু হয়েছিল। ২৫ বছর বয়সী স্মিথ যদি এই পদক পেয়ে যান তবে দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি এই পদক লাভ করবেন। এর আগে ২০০৫ সালে মাত্র ২৩ বছর বয়সে এই পদক পেয়েছিলেন মাইকেল ক্লার্ক।

সম্ভাব্য বিজয়ী :
অ্যালান বোর্ডার পদক : স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিশেল জনসন
বর্ষসেরা টেস্ট খেলোয়াড় : স্টিভেন স্মিথ, ডেভিন ওয়ার্নার, মিশেল জনসন
বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় : স্টিভেন স্মিথ, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ
বর্ষসেরা টি২০ খেলোয়াড় : গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ, ক্যামেরুন হোয়াইট।

দোহারে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

road accident2ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বাহালুল (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা খোকন বেপারী ও বড় বোন খুশবু (১১) আহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নারিশা পশ্চিম চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহালুল মালিকান্দা গ্রিনলিফ প্রিপ্রারেটরি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্কুলের উদ্দেশে রওয়ানা দেন খোকন বেপারী। তারা ঢাকা-দোহার আন্তঃসড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শিশু খোকন বেপারী, বাহালুল ও খুশবু আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথে বাহালুলের মৃত্যু হয়। আহত খোকন বেপারী ও খুশবুকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হক জানান,খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।