শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

২০১৮ সালের পর দেশে দরিদ্র থাকবে না

muhit28২০১৮ সালের মধ্যে দেশ থেকে দরিদ্রতা দূর করার ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের অভূতপূর্ব উন্নয়নে সকলেই অংশগ্রহণ করছেন, কিন্তু তা সহ্য করতে পারছেন না শুধুমাত্র একজন নেত্রী খালেদা জিয়া ও কিছু সন্ত্রাসী গোষ্ঠী। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিএনপি নেত্রীর আদৌ কোনদিন সুমতি হবে কিনা, তা কেউ জানে না। তবে বিএনপির নেত্রীর কাছে অনুরোধ, দেশের উন্নয়ন-অগ্রগতিতে বাধ সাদবেন না, চলতে দিন। আর প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, দেশের বিভিন্নস্থানে দুস্কর্মের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করুন। গতকাল সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনায় আরও অংশ নেন সরকারি দলের এনামুল হক, ইলিয়াস উদ্দিন মোল্লা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, প্রেসিডেন্ট তার ভাষণে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন। এ উজ্জ্বল ভবিষ্যৎ বর্তমান সরকার তথা জনগণ রচনা করেছে। কারণ জনগণের সহায়তা না থাকলে দেশকে এভাবে এগিয়ে নিতে পারতাম না। তিনি বলেন, আমাদের দেশ কোনদিনই ‘তলাবিহীন ঝুড়ি’ ছিল না, এখনও নই। বরং, বাংলাদেশ আজ সম্ভাবনার দেশ হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। অদূর ভবিষ্যতে ২০২১ সালের আগেই বাংলাদেশ গরিব দেশ আর থাকবে না, মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি বলেন, ২০১৮ সালের পরে বাংলাদেশে আর দরিদ্র থাকবে না। দেশের উন্নয়ন সাধনে দেশের ১৬ কোটি জনগণ কাজ করে যাচ্ছে বলেই দরিদ্রতাকে দূর করতে যাচ্ছি। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ একমাত্র ব্যতিক্রমী দেশ যেখানে দারিদ্র্য যে হারে কমছে, সেই একই গতিতে অতি দরিদ্রতার সংখ্যাও  হ্রাস পাচ্ছে। বিগত সময়ের অতি দরিদ্রের সংখ্যা সাড়ে ৩০ শতাংশ থেকে কমিয়ে বর্তমানে মাত্র ৯ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা দারিদ্র্য যেমন দূর করছি, বৈষ্যমও তেমনি দূর করছি। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থে কাজ করছে বলেই দেশের এত উন্নয়ন করতে পারছে। বিশ্বমন্দার মধ্যেও অভ্যন্তরীণ চাহিদা বাড়িয়ে দরিদ্রতা দূর করতে পেরেছি। অনেকেই বুঝেন না, আমাদের বাংলাদেশ ২০০৮ সালের অবস্থায় নেই। বর্তমানে বাংলাদেশ এখন ভিন্ন মালভূমিতে রয়েছে। দেশের উন্নয়নে সবাই অংশগ্রহণ করছেন, শুধুমাত্র একজন মহিলা বাধা দিচ্ছেন। তিনি একটি দলের নেত্রী খালেদা জিয়া। ওই একজন মহিলা নেত্রী বেগম খালেদা জিয়া এবং কিছু সন্ত্রাসীরা তাতে বাধা দিচ্ছে। তারা দেশের অচিন্ত্যনীয় ক্ষতি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, গত ৬ বছর ধরে যে প্রবৃদ্ধির বৃত্তে বন্দি হয়ে আছি, কিন্তু সেখান থেকে বেরিয়ে এবার ৭ ভাগে উন্নীত করার পরিকল্পনা ছিল। কিন্তু নাশকতার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। খালেদা জিয়ার সুমতি আদৌ হবে কিনা, তা তার দলের নেতারাও জানেন না। না হলে সকল দুষ্কর্মের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে হবে। আরও বক্তব্য রাখেন স্বতন্ত্র এমপি তাহজীব আলম সিদ্দিকী, এনামুল হক প্রমুখ।

পেলে হওয়াটা বড় দায়িত্ব: পেলে

peleতিনি ফুটবল সম্রাট৷ আইকন৷ তিনি পেলে৷ ফুটবলপ্রেমীদের মনে নিজের ইমেজ নিয়ে যথেষ্ট সচেতন ব্রাজিল কিংবদন্তি৷ ম্যারাডোনা, বেকেনবাওয়ারের মতো তারকারা ফুটবল মাঠের বাইরে নানা কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন৷ কিন্তু পেলেকে নিয়ে নেতিবাচক খবর সচরাচর শোনা যায় না৷

ফুটবল মাঠকে বিদায় জানানোর এত বছর পরও নিজের ইমেজ পরিষ্কার রাখতে পারায় গর্বিত পেলে নিজেও৷ সম্প্রতি ফুটবল কোচেদের একটি সম্মেলনে যোগ দিতে আমেরিকায় গিয়েছিলেন৷ একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে বসে বলেন, ‘পেলে হওয়াটা খুব বড় দায়িত্ব৷ আমাকে সব সময় ভাল উদাহরণ হিসেবে তুলে ধরা হয়৷ আমাকে সচেতন থাকতে হয়, এটা যেন না বদলায়৷ কোনো ভুল করার জায়গা নেই৷ যেখানেই যাই না কেন, সমর্থকরা এসে হাজির হয়৷ এই ভালোবাসা পেয়ে অভিভূত৷ ভালো উদাহরণ হয়ে থাকা ছাড়া আমার সামনে তাই কোনও পথ খোলা নেই৷ কিন্তু আমি একজন রক্তমাংসের মানুষই৷ তাই মাঝে মাঝে ভয় হয়, এত লোককে যেন কোনো ভাবেই নিরাশ না করি৷’

জাতিকে মহাবিপর্যয় থেকে রক্ষায় সংলাপের আহ্বান

songlapদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিরসনে সরকার ও বিরোধী দলগুলোর মাধ্যমে একটি কার্যকর সংলাপের আহ্বান জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। পাশাপাশি সংলাপের মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিলে দেশের বর্তমান পরিস্থিতি নিরসন হবে বলেও মনে করছে সংগঠনটি।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি ড. আ ফ ম ইউসুফ হায়দার এ আহ্বান জানান।

সম্মেলনে ইউসুফ হায়দার বলেন, “বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনের কারণেই দেশে রাজনৈতিক এ অস্তিরতার শুরু হয়েছে। সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রতিদিন সাধারণ মানুষ মৃত্যুবরণ করছে, যা জনমনে উৎকন্ঠা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ সংকট উত্তরণের জন্য প্রয়োজন সরকার ও বিরোধী দলসমূহের মধ্যে সংলাপের মাধ্যমে একটি গ্রহযোগ্য পথ খুঁজে বের করা।”

তিনি বলেন, “অস্থিতিশীল পরিস্থিতি রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের সব মানুষের প্রত্যাশা।”

এজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে একটি ফলপ্রসূ সংলাপের ব্যবস্থা করতে সরকার প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, “আশা করি সরকার সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন করে দেশ ও জাতিকে মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব অধ্যাপক তাহমিনা আখতার, প্রফেসর ফররুখ আহমেদ, ড. সিরাউদ্দিন আহমেদ, প্রফেসর ড. খলিলুর রহমান, মোর্শেদ হাসান খান প্রমুখ।

ওবামা-মোদির অঙ্গীকারে বাংলাদেশ কি বার্তা পাবে?

modi obamaমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যৌথ বিবৃতি থেকে ভারতের প্রতিবেশীরা কি বার্তা পাবে? দুই নেতা এই মর্মে অঙ্গীকার করেছেন যে, আফগানিস্তান, পূর্ব ও পশ্চিম আফ্রিকায় দিল্লি-ওয়াশিংটন যেভাবে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে সেটা তারা এখন থেকে আরও বিস্তৃত করবে। তারা নির্দিষ্ট করে বলেছেন, ‘অতিরিক্ত তৃতীয় দেশে’ তারা সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নেবে। এই তৃতীয় দেশ বলতে কোন দেশের নাম তারা নেননি। তবে বিশ্লেষকরা একমত যে, ভারত ও আমেরিকা সামনের দিনগুলোতে তাদের বিদেশনীতি পরিচালনায় এই নীতির কথা তারা মনে রাখবে।

উল্লেখ্য, এর আগে ওয়াশিংটনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বারাক ওবামার মধ্যে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ আলোচিত হয়েছিল বলে খবর বেরোয়। ২০১৪ সালের নির্বাচনের আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দিল্লি-ওয়াশিংটনের মনোভাব পত্রপত্রিকায় আলোচিত হয়েছিল। ২০১৩ সালের অক্টোবরে ভারতের ইকনোমিক টাইমস খবর দিয়েছিল যে, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা আমন্ত্রিত না হয়েও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লি গিয়েছিলেন। একজন অজ্ঞাতনামা ভারতীয় পত্রিকার বরাতে বলা হয়েছিল, ঢাকার মার্কিন রাষ্ট্রদূত আমন্ত্রিত হননি। কিন্তু তিনি তার সরকারের (মার্কিন যুক্তরাষ্ট্র) নির্দেশে ভারতে আসেন। তিনটি ইস্যু আলোচনায় আসে। প্রথমত বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতা, দ্বিতীয়ত সকল দলের অংশগ্রহণসাপেক্ষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, তৃতীয়ত সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবিলা।

গত ১২ই জানুয়ারি ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন বলেন, ‘এটা বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের বিষয় যে, তারা যেসব ইস্যুতে বিরোধের সম্মুখীন হচ্ছেন তা মোকাবিলায় কিভাবে তারা অগ্রসর হবেন। আমরা শান্তিপূর্ণ, স্থিতিশীল ও নিরাপদ বাংলাদেশ চাই।’ ঢাকার অনেক পর্যবেক্ষক মনে করেন, ভারতীয় মুখপাত্রের এই অবস্থান তার আগের অবস্থান থেকে পৃথক। কারণ গত ৫ই জানুয়ারির নির্বাচনের পরে ভারতীয় সরকার ‘সাংবিধানিক ধারাবাহিকতা’ রক্ষার ওপর গুরুত্বারোপ করেছিল। গত ৭ই জানুয়ারি টাইমস অব ইন্ডিয়ায় রিপোর্ট ছাপা হয় যে, বিএনপি বাংলাদেশ পরিস্থিতিতে ভারতের হস্তক্ষেপ আশা করছে। বিএনপি নেতা নজরুল ইসলাম বলেছিলেন, আওয়ামী লীগ বাংলাদেশে একথাই প্রচার করছে যে, এর আগের কংগ্রেস সরকারের মতো বর্তমান বিজেপি মোর্চাও তাদেরকে সমর্থন দিয়ে চলেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আকবর ওই মন্তব্য করেছিলেন।

পর্যবেক্ষকরা বলছেন, ভারতীয় নীতি নির্ধারকরা সাধারণভাবে স্বীকার করেন যে, বাংলাদেশসহ ভারতের প্রতিবেশীরা অস্থিতিশীলতার মধ্যে থাকলে সেটা ভারতের জাতীয় নিরাপত্তা স্বার্থের অনুকুলে যায় না। ভারতের সাবেক হাইকমিশনারগণ অব্যাহতভাবে মত প্রকাশ করে থাকেন যে, একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ ভারতের উন্নতির জন্য খুবই দরকারি। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন রিপোর্টে এটা উল্লিখিত হতে দেখা যায় যে, ভারত তার প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নানামাত্রায় ভূমিকা রেখে থাকে। সম্প্রতি শ্রীলঙ্কায় সাধারণ নির্বাচনের পরে দেশটির সরকার ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর ভূমিকাকে দায়ী করেছে। তারা এমনকি ‘র’-এর স্টেশন চিফ ইলাঙ্গাকে বহিষ্কার করেছে বলে রয়টার্স খবর দিয়েছিল। যদিও ভারতের সরকারি মুখপাত্র বলেন, এটা রুটিন বদলি মাত্র। তবে গত বছর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিরোধী রাষ্ট্রপতি প্রার্থী শ্রীসেনার সঙ্গে আলোচনায় মিলিত হন। এর দু’মাসের মধ্যে তিনি নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। দুদিন আগে তিনি বলেছেন, নির্বাচনে আমি জয়ী হতে যাচ্ছি জেনেও আমাকে রাষ্ট্রপতি হওয়া থেকে বঞ্চিত করার পরিকল্পনা ছিল। বিদায়ী প্রেসিডেন্ট দু’বছরের জন্য ফলাফল ঘোষণা স্থগিত করার ফন্দি এঁটেছিলেন।

গত বছর ফেব্রুয়ারিতে মালদ্বীপে আরও বড় নাটক মঞ্চস্থ হয়েছিল। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তিনি ভারতীয় হাইকমিশনে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সরকারি মুখপাত্র বলেছিলেন, ‘যদি কোন নির্বাচন অনুষ্ঠান প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে বাধা দেওয়া হয়, তাহলে সেই নির্বাচনের কোন বিশ্বাসযোগ্যতা থাকে না।’

ঢাকার অনেক পর্যবেক্ষক মনে করেন কোন ভারতীয় মুখপাত্র যদি ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনের আগে বা ফলাফলের পরে গত ১২ই জানুয়ারিতে উচ্চারিত মন্তব্য করতেন তাহলে তার তাৎপর্য ভিন্ন মাত্রা পেত। আর এখন যে তারা ‘শান্তিপূর্ণ, স্থিতিশীল ও নিরাপদ বাংলাদেশ’ চাইছেন তা নিশ্চিত করতে হলে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া তা নিষ্পন্ন করা কঠিন।
অনেকেই বিশ্বাস করতে চান যে, বারাক ওবামা ও মোদির বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন এসেছে। কারণ, সন্ত্রাসবাদ ও মৌলবাদী চরমপন্থা দমনে তারা অঙ্গীকার ব্যক্ত করেছেন। আর ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশন, আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়ার মতো মার্কিন-ভারতীয় মহল আশঙ্কা ব্যক্ত করছে যে, সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি উগ্রপন্থিদের হাতে চলে যেতে পারে।

এশীয় অঞ্চলে গণতন্ত্রের নতুন আশা জেগে উঠেছে
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীল গণতান্ত্রিক শক্তি হিসেবে ভারতকে বৃহত্তর ভূমিকায় দেখছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল ভারত সফরের শেষ দিনের বক্তব্যে এ কথা বলেছেন। তিনি বলেন, মিয়ানমার থেকে শ্রীলঙ্কা- যেখানে গণতন্ত্রের নতুন আশা জেগে উঠেছে, এ অঞ্চলের সেই দেশগুলোতে উন্নত ভবিষ্যৎ গড়তে সহায়তার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে ভারত। তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্য দেশগুলোর নির্বাচনে সহায়তা করতে পারেন।

এর মাধ্যমে সফরের শেষ দিন ভারতবাসীকে চমকে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। খাঁটি সংস্কৃতে বললেন- ‘জয় হিন্দ’। তার মুখে এমন উচ্চারণ শুনে মুগ্ধ সামনের দর্শক, টেলিভিশনের সামনে বসা ভারতবাসী। এদিন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান ওবামা। ভারতের রাজধানী নয়া দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে বিদায়ী ভাষণে তিনি প্রকাশ ঘটালেন এক নতুন ওবামাকে। তার কথায়, মুহুর্মুহু করতালিতে ফেটে পড়ছিল অডিটোরিয়াম। আহ্বান জানালেন ধর্মীয় সহনশীলতার। বললেন, প্রত্যেক মানুষের ধর্মীয় স্বাধীনতা ভোগ করার অধিকার আছে। ধর্মের ভিত্তিতে যতদিন বিভক্ত না হবে ততদিন সফলতার পথে এগিয়ে যাবে ভারত। সমপ্রীতি আর বন্ধুত্বপূর্ণ আবহের বাতাবরণ তৈরি করে দিয়ে ভারত ছেড়ে গেলেন ওবামা দম্পতি। এর আগে সিরি ফোর্ট অডিটোরিয়ামে হাজার দু’য়েক দর্শক-শ্রোতাকে আবেগে ভাসিয়ে দিয়েছেন ওবামা। সেসঙ্গে ধর্মকে সন্ত্রাসের কাজে ব্যবহার না করার কথা বলেছেন। ‘নমস্তে’ উচ্চারণের মাধ্যমে গতকাল বিদায়ী ভাষণ শুরু করেন তিনি। সকালে অডিটোরিয়ামের মঞ্চে প্রায় দৌড়ে উঠে সোজা পোডিয়ামে পৌঁছেন তিনি। তারপরই দর্শকদের দিকে ডান হাত তুলে সাদা স্ট্রাইপড শার্ট আর গাঢ় নীল রঙের স্যুট-টাইয়ে ওবামা বলেন, ‘নমস্কার’। সেসঙ্গে যোগ করেন- ‘বহত ধন্যবাদ’। প্রায় ৩৫ মিনিটের ভাষণ শেষ করেন ভারতীয় ভাষাতেই। বলেন, ‘জয় হিন্দ’। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমিই প্রথম দু’বার ভারত সফর করলাম। কিন্তু এক্ষেত্রে আমিই শেষ নই এটা প্রতিজ্ঞা করে বলতে পারি। মার্কিন প্রেসিডেন্ট তার ভাষণে মহাত্মা গান্ধী থেকে স্বামী বিবেকানন্দ, সবার কথাই উল্লেখ করেছেন।

ওবামা বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র এ দু’টি দেশের সামনেই রয়েছে বহু চ্যালেঞ্জ। এর আগে ২০১১ সালে ভারত সফরে এসেছিলেন ওবামা। তখন সম্রাট হুমায়ুনের সমাধিতে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল একজন শ্রমিক সন্তান বিশাল-এর। গতকাল ওবামা সেই বিশাল (১৬)কে পরিচয় করিয়ে দেন। দেশ-রাষ্ট্র-রাজনীতি-ধর্ম-উন্নয়নের পাশাপাশি তার ভাষণে ব্যক্তিগত কথাও উঠে এসেছে। মার্টিন লুথার কিং-এর আদর্শে অনুপ্রাণিত ওবামা অহিংসার প্রতীক হিসেবে গান্ধীকে বর্ণনা করে সোজা পৌঁছে যান বিবেকানন্দে। ১০০ বছরেরও আগে ‘হিন্দুত্ববাদ’ এবং ‘যোগা’ নিয়ে স্বামীজি গিয়েছিলেন আমেরিকায়। ওবামার কথায়, স্বামীজি আমার শহর শিকাগোতেও গিয়েছিলেন। ‘আমেরিকার ভাই ও বোনেরা’ এ সম্ভাষণ দিয়ে বিবেকানন্দ তার বক্তৃতা শুরু করেছিলেন। তাই আমি আজ শুরু করছি, ভারতের ভাইবোনেরা বলে। কূটনৈতিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারতের যোগ্য এবং সবচেয়ে ভাল সহযোগী হয়ে উঠতে পারে আমেরিকা। বলেন, আমাদের দু’দেশের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে পুরোনো এবং বৃহৎ গণতন্ত্র। আমরা একসঙ্গে কাজ করলে গোটা বিশ্ব আরও নিরাপদ হয়ে উঠবে। এর পরেই তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য হিসেবে প্রয়োজনের কথা উল্লেখ করেন। বিষয়টিকে আমেরিকার সমর্থনের কথাও বলেন ওবামা।

দারিদ্র্য দূরীকরণে ভারতের প্রশংসা করেন তিনি। ওবামা জানান, বৈষম্যময় এ পৃথিবীতে একমাত্র স্বপ্নই মানুষকে উত্তরণের পথে নিয়ে যেতে পারে। বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে ব্যক্তিগত কথায় চলে যান বারাক ওবামা। তিনি জানান, কেনিয়ায় বৃটিশ সেনাবাহিনীতে রাঁধুনির কাজ করতেন তার দাদা। শুধু তাই নয়, স্ত্রী মিশেলের পরিবার যে এক কালে দাস ছিল সে কথাও অকপটে প্রকাশ্যে স্বীকার করেন ওবামা। এর পরেই যোগ করেন, রাঁধুনির নাতি যদি প্রেসিডেন্ট হতে পারে, চা-ওয়ালা যদি প্রধানমন্ত্রী হন, তা হলে স্বপ্ন দেখতে দোষ কোথায়! প্রত্যেকেরই সুযোগ রয়েছে। তিনি ভাষণে ফার্স্ট লেডি মিশেল ওবামার প্রশংসা করেন। বলেন, আমি শক্তিশালী মানসিকতার ও মেধাবী একজন নারীকে বিয়ে করেছি। আমি কি ভুল করছি তা নিয়ে প্রকাশ্যে আমার সঙ্গে কথা বলতে কোন ভয় পায় না মিশেল। প্রকাশ্যে বলে দেয় সে সে কথা। ভারতে এসে নারীশক্তির জয় দেখে উচ্ছ্বসিত ওবামা। প্রেসিডেন্ট ভবনে তাকে গার্ড অব অনার দিয়েছিলেন ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার পূজা ঠাকুর। এদিন সে কথার উল্লেখও করেন ওবামা। এর পাশাপাশি তিনি বলেন, আমেরিকাতে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে এখনও কাজ চলছে। কিন্তু ভারতে মা-বউরাই পরিবারকে বেঁধে রেখেছেন।

ধর্মকে সন্ত্রাসের জন্য ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেন ওবামা। পরে তিনি গান্ধীজির উল্লেখও করেন। তিনি বলেন, গান্ধীজি বলতেন, আমার কাছে বিভিন্ন ধর্ম মানে, একই বাগানে, একই গাছের নানা শাখায় ফুটে থাকা অনেক রকম ফুল। ভারতকে পাশে নিয়ে উন্নয়নের যে বার্তা ওবামা এদিন দিয়েছেন তাতে রীতিমতো উচ্ছ্বসিত সিরি ফোর্টে হাজির সবাই। শেষ করার আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতবাসীর ওপর আমাদের অগাধ বিশ্বাস। ভারতের বন্ধু হিসেবে গর্ববোধ করি। সহযোগী হিসেবেও। এর পরেই ৩৫ মিনিটের ভাষণ শেষ করেন ‘জয় হিন্দ’ বলে। এর পরে মিশে যান দর্শকের ভিড়ে। আবহে তখন বাজছিল ‘লগন’ ছবির ‘মিতওয়া ও মিতওয়া তুঝকো ক্যায়া ডর হ্যায় রে…।’ তিন দিনের ভারত সফর শেষ করে তিনি সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশে ভারত ত্যাগ করেন।

৪০০ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি
ভারত ছাড়ার আগে ঋণ ও বিনিয়োগ খাতে ৪০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন ওবামা। সোমবার ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ার পর তিনি রাতে যোগ দেন ইন্ডিয়া-ইউএস সিইও সামিটে। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আর্থিক সহায়তার প্রস্তাব দেন। উল্লেখ্য, তিন দিনের ভারত সফরে গত রোববার রাজধানী নয়া দিল্লি পৌঁছেন বারাক ওবামা। প্রথা ভেঙে তাকে স্বাগত জানাতে পালাম বিমানবন্দরে নিজে গিয়ে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই রাষ্ট্রপতি ভবনে তাদের মধ্যে আলোচনা জমে ওঠে। নরেন্দ্র মোদি তাকে খোলা প্রান্তরে বসিয়ে নিজ হাতে চা পান করান। ওবামা তার আতিথেয়তায় বার বারই মুগ্ধ হন। ওই দিন রাতে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তাকে নৈশভোজে আপ্যায়িত করেন। পরদিন সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসে বৃষ্টিভেজা সকালে গিয়ে হাজির হন রাজপথে। সেখানে সামরিক বাহিনীর কুচকাওয়াজ দেখে বিমোহিত হন ওবামা। বার বার তিনি হাত নেড়ে অভিনন্দন জানান। তবে তিনি বেশি আনন্দ পেয়েছেন বিএসএফের সাহসী যোদ্ধাদের মোটরসাইকেলে দেখানো কসরত দেখে।

বাইক চালানো ছেড়ে দেবেন ওবামা
মোটরসাইকেল কসরত দেখে ওবামা বলেছেন, তিনি আর বাইক চালাবেন না। বিএসএফের ‘জানবাজ’দের পারফরমেন্স দেখে তিনি বলেন, এমন অবিশ্বাস্য অ্যাক্রোব্যাট দেখার পর আমি মোটরসাইকেল চালানো ছেড়ে দেব। এ কথা বলেছেন তিনি সোমবার রাতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে। চলন্ত মটরসাইকেলে এমন পারফরমেন্স দেখে তিনি ও ফার্স্ট লেডি মিশেল ওবামা অভিভূত।

‘যেকোনো উপায়ে দমন করুন, দায়িত্ব আমার’

hasina1হরতাল-অবরোধের নামে চলমান নাশকতা যেকোনো উপায়ে দমনের জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “এখানে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নাই, কোনো চিন্তা নাই। যা কিছু হোক সে দায়িত্ব আমি নেবো।”

বুধবার সকালে নিজ কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, “মানুষের জানমালের নিরাপত্তা আপনাদের দিতেই হবে। আর সেটা দেয়ার জন্য যত কঠিন কাজ হোক সেটা আপনারা নির্দ্বিধায় করে যাবেন; অন্তত এইটুকু লিবার্টি আমি আপনাদের দিচ্ছি।”

তিনি বলেন, “আন্দোলনের নামে যা চলছে এটা সম্পূর্ণভাবে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড। এই সন্ত্রাসী, জঙ্গিবাদী কর্মকাণ্ড দমনের জন্য যখন যেখানে যা করা প্রয়োজন আপনারা তাই করবেন। কারণ মানুষ সেটা আশা করে।”

শেখ হাসিনা বলেন, “দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। তারা আশা করে ‘কঠোর হস্তে’ এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হবে।”

এর আগে নিজেদের সমস্যার কথা জানান পুলিশ কর্মকর্তারা। পাশাপাশি নিজেদের পদমর্যাদা ও বেতন-ভাতা বাড়ানোর দীর্ঘ দিনের দাবি পূরণ হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ঢাকা মহানগরের আরো কমপক্ষে তিনটি পুলিশ লাইন নির্মাণের প্রয়োজনীয়তা এবং মাঠপর্যায়ের অপরাধ মোকাবেলায় পুলিশে জনবল বাড়ানো কথাও বলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিএনপি’র কৃতজ্ঞতা প্রকাশ

bnp logoশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর জানাজায় শরিক হওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলটি। গতরাতে এক বিবৃতিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ কৃতজ্ঞতা জানিয়েছেন। বিবৃতিতে বলেছেন, কোকোর অকাল মৃত্যুতে ইতোপূর্বে বিএনপি ঘোষিত দেশব্যাপী তিন দিনের শোক কর্মসূচি অত্যন্ত আন্তরিকতার সহিত পালনের জন্য বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া আজ বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরাফাত রহমান কোকো’র নামাজে জানাযায় লক্ষ লক্ষ শুভানুধ্যায়ীর সমাগমসহ সর্বসাধারণের যে ঢল নেমেছে তার জন্য ঢাকাবাসী এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি।

বন্দুকযুদ্ধের মনগড়া কাহিনী তৈরি হচ্ছে: রিজভী

rizvi26বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “২০০৯ সালে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে জৈষ্ঠতা ও দক্ষতাকে ডিঙ্গিয়ে আওয়ামী লীগপন্থী পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের স্ব স্ব বিভাগের প্রধান পদে অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে। মাত্রাতিরিক্ত রাষ্ট্রানুকূল্য পেয়ে তারাই এখন বেপরোয়া বেআইনি এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। দেশের বিরোধী দলের আন্দোলন দমাতে এরা সর্বনাশা নির্মূল যুদ্ধে নেমে পড়েছে। দেশব্যাপী ক্রসফায়ার আর বন্দুকযুদ্ধের মনগড়া কাহিনী তৈরি করে আন্দোলনরত তরুণ নেতা-কর্মীদের মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে এরাই হত্যা করেছে।”

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠে বিরোধী দলের সক্রিয় ও কার্যকর ভূমিকার ওপর। মার্জিত সরব কণ্ঠের অবাধ স্বাধীনতার ওপর। সেই সমাজে বিরাজমান থাকে আলোচনা ও সমালোচনার নির্ভয় পরিবেশ। আইন প্রয়োগকারী সংস্থাসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ন্যায়ানুগ ও আইনানুগভাবে কার্য সম্পাদন করে। কিন্তু বর্তমানে দেশকে জাহান্নামের দ্বারপ্রান্তে টেনে নিয়ে এসেছেন ভোটারবিহীন সরকার। একটি সুসংবদ্ধ রাষ্ট্রের বন্ধনগুলোকে ছিঁড়ে ফেলে বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করার জন্য যা যা করা দরকার তার সব কিছুই করে ফেলা হয়েছে।”

তিনি বলেন, “রক্তের ঘ্রাণ নেয়াটাই যেন তাদের একমাত্র দায়িত্ব, মানুষের জানমালের নিরাপত্তা নয়। সরকারের পতন হলে নিজেদের পরিণতির কথা ভেবেই তারা দানবীয় শক্তি নিয়ে চলমান আন্দোলনের ওপর ঝাঁপিয়ে পড়ছে। কারণ তাদের নিজেদের এবং সরকারের স্বার্থ যেহেতু অভিন্ন সেহেতু এই আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিজেদের স্বার্থেই এই অবৈধ সরকারের স্বার্থ রক্ষা করছে, যেখানে আইনে সুস্পষ্টভাবে বলা আছে রাষ্ট্রের কর্মচারীরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সরকারের বেআইনি রাজনৈতিক এজেন্ডা সফল করার কাজে তারা উঠেপড়ে লেগেছেন। সেজন্যই দেখা যাচ্ছে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের হুমকি-ধামকির সঙ্গে সুর মিলিয়ে আইন প্রয়োগকারী সংস্থার প্রধান কর্তারা কথা বলছেন। আইন প্রয়োগকারী সংস্থার কেউ কেউ ক্ষমতাসীনদের হুমকির প্রতিধ্বণি করে প্রকাশ্যে গুলি করার কথা বলছেন, আবার কেউ বাংলাদেশের গণমানুষের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতির সবক দিয়েছেন। ঔদ্ধত্য ও ধৃষ্টতা কত চরম সীমায় গিয়ে পৌঁছলে তিন তিনবারের প্রধানমন্ত্রী সম্পর্কে এখতিয়ার বহির্ভূত কথা বলতে পারেন কোনো আইন প্রয়োগকারী সংস্থার কর্তাব্যক্তিরা? এগুলো হচ্ছে একমাত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য, একদলীয় দুঃশাসনের নমুনা।”

রিজভী বলেন, “যখন রক্ষকরাই গিলে খাওয়া রাক্ষসদের মতো আচরণ করে তখনই সে দেশ এবং সেই সমাজে নৈরাজ্যের অন্ধকার নেমে আসে। এখন বাংলাদেশ ভয়াল অন্ধকারে ঢেকে আছে। বাংলাদেশে বিরোধী দল ও জোটের আন্দোলন রাষ্ট্রের দমনমূলক শক্তি দিয়ে দমন করতে গিয়ে সারাদেশকেই এক সমাধানহীন রক্তঝরা হানাহানির দিকে ঠেলে দেয়া হয়েছে। রাজপথে মানুষের ধেয়ে আসা স্রোতকে আটকাতে না পেরে পেট্রলবোমা ছুঁড়ে মানুষকে পুড়িয়ে মারার এক অমানবীয় নাশকতার মরণখেলায় তারা মেতে উঠেছে। এই খেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মনকে আন্দোলন থেকে অন্যদিকে সরানো এবং এর দায় বিরোধী দলের ওপর চাপানো। আর এ কারণেই সংবিধান স্বীকৃত বিরোধী দলের কথা বলার অধিকারকে বন্ধ করে গণমাধ্যমকে গায়ের জোরে সম্পূর্ণভাবে কব্জায় নিয়ে নিরন্তর বিরোধী দলের আন্দোলনের বিরুদ্ধে গোয়েবলসীয় কায়দায় বিকৃত সংবাদ পরিবেশন করানো হচ্ছে।”

তিনি বলেন, “দ্বিতীয় পর্যায়ের বাকশালের চুড়ান্ত রুপ দিতে এই অবৈধ নাছোড়বান্দা সরকার রেডিও, টেলিভিশন ও সংবাদপত্র দখল করে নিয়েছে। অবিরাম কুৎসার ধারাবর্ষণ ছাড়া গণমাধ্যমে এখন ন্যায়সঙ্গত প্রতিবাদ বা আন্দোলনের খবর প্রকাশিত হয় না। আর তাই এখন পুলিশ লীগ ও র্যাব লীগের ন্যায় প্রভাবিত গণমাধ্যমগুলোকে গণমাধ্যম লীগ হিসেবে মানুষ অভিহিত করছে। বিরোধী দলের কর্মসূচিকে গণবিরোধী দেখানোর জন্য যেন প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে কয়েকটি প্রিন্ট ও বৈদ্যুতিন গণমাধ্যম। বিগত ছয় বছর ধরে দলীয় চেতনার মালিকানায় বেশ কয়েকটি গণমাধ্যম গড়ে তোলা হয়েছে একদলীয় দুঃশাসনের সাফাই গাওয়ানোর জন্য- এরাই ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনকে বৈধতা দিতে উঠেপড়ে লেগেছে। ৭৫ এ চারটি ছাড়া সব সংবাদপত্র বন্ধ করা হয়েছিল, এবারে তারা অনেকগুলি রেখেছে কিন্তু সেগুলি প্রচার করবে একটি দলেরই গুণকীর্তন, আর অপবাদ ছড়াবে বিরোধী দলের বিরুদ্ধে। সেই পুরনো বাকশাল ভিন্ন মোড়কে।”

রিজভী আহমেদ বলেন, “ক্ষমতাসীন উচ্চ পর্যায়ের নেতারা মনে হয় রক্তপাতেই সমাধান খুঁজছেন। এটি একটি পুরানো কৌশল, দেশে দেশে দুঃশাসনের প্রতিভুরা এই জীবনবিনাশী নোংড়া কৌশল ব্যবহার করেও নিজেদেরকে টিকিয়ে রাখতে পারেনি।”

রিজভী আহমেদ বলেন, “তথ্যমন্ত্রী বলেছেন, বেগম জিয়ার জন্য নাকি কাশিমপুর কারাগারে জায়গা করে রাখা হয়েছে। বেগম জিয়াকে গ্রেফতার ও বিচারের অহর্নিশ হুমকি দিয়ে হাসানুল হক ইনুরা দেশকে নিয়ে যেতে চাচ্ছেন চরম সংঘাতের দিকে। বিদ্যমান সংকটকে তারা আরো বেশি ঘনীভূত করতে চাচ্ছেন।”

রিজভী আহমেদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “গুম, গুপ্তহত্যা এবং গ্যাস চেম্বারের অব্যবহিত পরেই আসে কুখ্যাত নাৎসী সহযোগীদের বিচারের জন্য নুরেমবার্গ ট্রায়াল। নুরেমবার্গ ট্রায়ালের ন্যায় বাংলাদেশের মাটিতেও যে দেশের নাৎসী সহযোগীদের বিচার হবে না এটা যেন কেউ মনে না করে। সুতরাং এখন থেকেই কারাগারগুলো সংস্কার করে রাখলে ভালো হয়।”

তিনি বলেন, “বেগম জিয়ার বিরুদ্ধে মামলা ও তাকে গ্রেফতারের ষড়যন্ত্র করলে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ওপর জীবনসংহারী হানাদারদের আক্রমণ বন্ধ না করা হয়, মতপ্রকাশের স্বাধীনতাকে যদি প্রসারিত না করা হয়, গুলি করে হত্যা না থামান হয় তাহলে বিরোধী দল লড়াই ব্যতিরেকে নতিস্বীকার করবে না। তবে এ লড়াই জনগণের অব্যাহত শান্তিপূর্ণ লড়াই।”

জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন এমাজউদ্দীন

amazuddinচলমান সঙ্কট নিরসনে একটি জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ। তিনি বলেছেন, এই সরকারের প্রধান কাজ হবে প্রজাতন্ত্রের সকল কর্মকা- যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠান। বিশ্বাসযোগ্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই জাতিকে বর্তমান মহাসঙ্কট থেকে উত্তরণে সহায়তা করতে পারে। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব উত্তাপন করেন। এ প্রস্তাবে বিএনপি জামায়াতপন্থি হিসেবে পরিচিত নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধিও সমর্থন জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেন, শুধু নির্বাচনের মাধ্যমে সঙ্কটের কোন সমাধান হবে না। আরাফাত রহমান কোকোর জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। যদিও জানাজা রাজনৈতিক কিছু নয়। কিন্তু নিগৃহিত মানুষ নিঃশব্দ প্রতিবাদের উপকরণ হিসেবে এটিকে ব্যবহার করেছে। তিনি বলেন, বিএনপির নেতৃত্বের ব্যর্থতার কারণে এই বিপুল মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করা যায়নি। তিনি বলেন, বাংলাদেশ ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে। ধীরে ধীরে আমরা আফগানিস্তান ইরাকের মতো পরিস্থিতির দিকে যাচ্ছি। এ অবস্থায় ভেতর অথবা বাইর থেকে তৃতীয় শক্তির আর্ভিভাব ঘটতে পারে। সুশীল সমাজের ব্যানারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইনজীবী নেতা খন্দকার মাহবুব হোসেন।

দুইদিনের রিমান্ডে দুদু

duduপুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নুরের আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে আসামির উপস্থিতিতে সাত দিনের রিমান্ড আবেদনের ওপর দুই পক্ষের শুনানি হয়।

গত বছরের ২ ডিসেম্বর রাজধানীর মিরপুরে রোকেয়া সরনিতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মিরপুর থানায় মামলাটি দায়ের করেন পুলিশ। এ মামলায় গত ১১ জানুয়ারি মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

কোকোর জানাজা- জয়নাল হাজারীর মূল্যায়ন

joynal hazariবিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর জানাজায় লাখো মানুষের সমাবেশকে বিরোধী রাজনীতির প্রতি মানুষের আস্থার পরিচয় বলে মূল্যায়ন করেন বহুল আলোচিত আওয়ামীলীগ নেতা জয়নাল হাজারী। তাঁর সম্পাদনায় প্রকাশিত আজকের হাজারিকা প্রতিদিনের প্রধান প্রতিবেদনে এই মতামত প্রতিফলিত হয়। ‘কোকের জানাজায় অসংখ্য মানুষ, বনানীতে দাফন, আওয়ামীলীগ নেতারা যাননি’ আট কলাম লাল শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, গতকালের এই সমাবেশ কোকোর প্রতি ভালবাসার প্রমাণ নয় বরং বিরোধী দলের প্রতি মানুষের আস্থার পরিচয়ও। সুতরাং এতদিন যে সবাই বলে আসছিল সহিংসতার কারণে বিএনপি একেবারেই গণবিচ্ছিন্ন হয়ে গেছে সেটি সঠিক নয়। মনে হয়, এই জানাজার মাধ্যমে বিএনপি-জামায়াত আবার প্রাণ ফিরে ফেল। প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, এই জানাজাকে নিয়ে সরকার যেমন কঠোরভাবে চিন্তিত ছিল। আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত ছিল। যত বড় সমাবেশই জানাজা উপলক্ষে হোকনা কেন এটাকে শক্তিতে পরিণত করে কিছু একটা ঘটাবার মত নেতৃত্ব বিএনপিতে নেই। সেই বিবেচনায় এই সমাবেশ থেকে কোন কিছু করার চেষ্টা না করাই বুদ্ধিমানের কাজ হয়েছে।