শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

একটি জানাজা এবং…

janazaaজানাজার কোন রাজনীতি নেই। তবে বাংলাদেশের ইতিহাস আলাদা। এ ভূমে কখনও কখনও কোন কোন জানাজাও রাজনীতির ইতিহাস বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাজনীতিতে জিয়াউর রহমানের অভিষেক হয়েছিল অনেকটাই আকস্মিক। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার উচ্চারণও পূর্বপরিকল্পিত নয়। ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে প্রাণ হারান তিনি। শাসক হিসেবে জিয়াউর রহমানের সমালোচনা থাকলেও ঢাকায় তার জানাজায় সে সময়কার বৃহত্তম জমায়েত বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের ভূমিকা নিশ্চিত করে ফেলেছিল। মূলত জিয়াউর রহমানের জনপ্রিয়তার ওপর ভিত্তি করেই তার স্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে এগিয়ে গেছেন। কখনও তিনি প্রধানমন্ত্রী, কখনওবা বিরোধী দলীয় নেতার আসনে বসেছেন। যদিও এখন তার জীবনে ঘোর অমানিষা। ৩৩ বছর পর ঢাকায় আরেকটি জানাজা নিয়েও বিপুল আলোচনা চলছে। অবাক হলেও সত্য, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা নিয়েই এ আলোচনা। বিপুল জনগোষ্ঠী এ জমায়েতে হাজির হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের প্রায় সবাই বলছেন, লক্ষাধিক মানুষ এ জানাজায় অংশ নেন । রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এ সত্য অস্বীকার করার জো নেই বাংলাদেশ এখন এক সঙ্কটকাল অতিক্রম করছে। তবে এই মহাসঙ্কটের সময় জনগণের আসলে তেমন কোন ভূমিকা নেই। তারা নিষ্পেষিত, নির্যাতিত। তারা মারা যাচ্ছেন। কখনও পেট্রলবোমায়, কখনও ‘বন্দুকযুদ্ধে’। জ্বলছে বাংলাদেশ, আগুনে পুড়ছে মানুষ। জনগণ রাজপথে নামলে শিকার হচ্ছেন নির্বিচার গুলির। আবার নিশ্চিত করেই পেট্রলবোমা আর ককটেলের সঙ্গেও সাধারণ জনগণের সম্পৃক্ততার সুযোগ নেই। এ দুঃসহ সময়ে আরাফাত রহমান কোকোর জানাজা সুযোগ হয়ে আসে তাদের সামনে। বিরোধী গোষ্ঠীর নিষ্পেষিত, অসহায় মানুষরা সুযোগ পান রাজপথে উপস্থিতির। যে সুযোগ তারা কাজে লাগান পুরোদমেই। এ যেন এক নীরব প্রতিবাদও। জিয়া পরিবারের প্রতি তাদের ভালবাসার প্রকাশও ঘটে এতে। যদিও আরাফাত রহমান কোকোর কোন রাজনীতি ছিল না। এ জানাজা কি বাংলাদেশের রাজনীতিতে কোন ভূমিকা রাখবে? পর্যবেক্ষকরা বলছেন, প্রত্যক্ষ কোন ভূমিকা রাখার সম্ভাবনা কম। তবে এ জানাজায় বিপুল উপস্থিতি ক্ষমতাসীনসহ সব মহলেই বিপুল আলোচনার জন্ম দিয়েছে। এত কিছুর পরও বিএনপি জোটের প্রতি জনগণের সমর্থনের বহিঃপ্রকাশও ঘটেছে এর মাধ্যমে। রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার মনে করেন, এ জানাজায় জনগণের উপস্থিতি এক ধরনের নিঃশব্দ প্রতিবাদ। তিনি বলেন, কোকোর জানাজায় জনগণ তাদের সংবাদটা পৌঁছে দিয়েছে, তারা মূলত চায় বর্তমান ফ্যাসিস্ট যে রাষ্ট্রব্যবস্থা, এখন যে অগণতান্ত্রিক সরকার, যেভাবেই হোক না কেন তাকে চলে যেতে হবে। জনগণের এ শক্তিকে কাজে লাগাতে ব্যর্থ হওয়ার জন্য বিএনপি নেতৃত্বেরও সমালোচনা করেন তিনি। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক আলোচনায় তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে এ রাজনীতিকে গঠিত করার যে প্রয়োজনটা ছিল, সে কথাগুলো আমরা বুদ্ধিজীবীরা বিএনপি নেতাদের পরিষ্কার করে বোঝাতে পারিনি। তবে জনগণ কিন্তু আমাদের সঙ্গে আছে।’

বাংলাদেশ নিয়ে অাবারো জাতিসঙ্ঘের উদ্বেগ

u29বাংলাদেশ পরিস্থিতিতে ফের উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে একাধিক প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছেন, বাংলাদেশে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা স্বাভাবিক অবস্থাকে বিঘ্ন করছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কাছে প্রশ্ন করা হয়-বাংলাদেশে রাজনৈতিক সংঘাত ও সহিংসতা বেড়ে চলেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের আহ্বান জানানো হচ্ছে এবং গণমাধ্যমের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যদিও মহাসচিব বান কি মুন এর আগে এ বিষয়ে কথা বলেছেন এমনকি তিনি এ ব্যাপারে কিছু আলোচনা করারও চেষ্টা করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ দেশ। সেক্ষেত্রে ডিপিএ (ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল অ্যাফেয়ার্স) বা মহাসচিব কি করছেন? জবাবে মুখপাত্র বলেন, আমার মনে হয় আমরাও এ ব্যাপারে উদ্বিগ্ন। এর আগে হিউম্যান রাইটস হাইকমিশনারের কার্যালয় থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শান্ত থাকার আহ্বান জানানো হয়েছিল হাইকমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার ও বন্দি রাখার প্রক্রিয়া যাতে বিধিবহির্ভূত না হয় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সব পদক্ষেপ নেয়া হয় এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের মানদন্ডে সেগুলো পরিচালিত হয়, তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। অবশ্যই আপনি জানেন, এ পরিস্থিতি যা আমরা দেখেছি, যা দেখছি তা স্বাভাবিক অবস্থাকে বিঘ্ন করছে। মুখপাত্রের কাছে পরবর্তী প্রশ্ন ছিল- আমি একটি সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে চাই। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশ এখন এক নম্বরে অবস্থান করছে এবং কয়েকটি হয়রানির ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনী দায়ী, শান্তিরক্ষা মিশনে সেনা মোতায়েনে পুনর্বিবেচনায় তা কি কোন ধরনের ভূমিকা রাখবে? জবাবে মুখপাত্র বলেন, আমি মনে করি, সেনা মোতায়েনের ক্ষেত্রে জাতিসংঘের আদর্শ মানদন্ডে মানবাধিকার পর্যালোচনা নীতি প্রয়োগের স্বাভাবিক প্রক্রিয়া চলমান থাকবে। সূত্র: মানবজমিন

বান্দরবান শহরে এক রাতে ১৬ দোকানে দুধর্ষ চুরি

police bandorbanবান্দরবান শহরে এক রাতে ১৬টি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শহরের হক হীল মার্কেটসহ অন্য দুটি মার্কেটে বুধবার গভীর রাতে ঘটে এই চুরির ঘটনা।

একই সাথে ১৬টি দোকানে চুরির ঘটনা নিয়ে বিব্রতকর অবস্থায় পরেছে পুলিশ। ব্যবসায়ী নেতৃবৃন্দও ক্ষুব্ধ পুলিশি টহল নিয়ে।

শহরের দোকান মালিক ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান বুধবার গভীর রাতে শহরের চৌধুরী মার্কেট সংলগ্ন হক হীল টাওয়ারে ১৩টি দোকান আওয়ামী লীগ অফিসেরর নিচে দুটি ও বাজার এলাকায় একটি দোকানে একই সঙ্গে চুরির ঘটনা ঘটে। দোকানগুলোর তালা ভেঙ্গে ও গ্রিল কেটে নগদ টাকা মালামাল নিয়ে যায় চোরেরা।

হক হীল মার্কেটের ব্যবসায়ী জেন্টস্ কালেকশনের মালিক নুরুল আলম জানান তার দোকানের তালা ভেঙ্গে দেড় লাখ টাকা নিয়ে গেছে। একই মার্কেটের মেলুংচিং এর দোকান থেকে দামী শাড়ী চাদর ও টাকা চুরি হয়েছে।

অন্যদিকে আওয়ামী লীগ অফিসের নিচে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের দোকান থেকে সরঞ্জাম টাকা খোয়া গেছে। দোকান মালিক সমিতির সভাপতি ফরিদ আহম্মদ জানান একই রাতে শহরে এতগুলো দোকানে চুরির ঘটনা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। রাতে পুলিশি টহল ঠিকমত না থাকার কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে ব্যবসায়ী নেতৃবৃন্দ অভিযোগ করেছেন।

সদর থানার ভারপ্রপাক্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ জানান একটি সংঘবন্ধ চক্র এই চুরির সঙ্গে জড়িত। পুলিশ অপরাধীদের ধরতে সর্বাত্মক চেষ্টা করছে।

‘সরকার এখনও সর্বশক্তি প্রয়োগ করেনি’

shajahanবিরোধী জোটের চলমান আন্দোলন দমনে সরকার এখনও সর্বশক্তি প্রয়োগ করেনি বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বলেছেন, সরকারের কোন ব্যর্থতা নেই। সরকার এখনও সর্বশক্তি প্রয়োগ করেনি। ৬৪ জেলার মধ্যে ১০-১২টি জেলায় সহিংসতা হচ্ছে। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শাজাহান খান বলেন, কোথাও ঝড় বা টর্নেডো এলে কিছু হতেই পারে। তবে তা দীর্ঘস্থায়ী না। সরকার ও জনগণ মিলে শিগগিরই এর নিরসন হবে। এসময় শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে সমাবেশের ঘোষণা দেন তিনি। শুক্রবার বেলা আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াতের প্রতি ঘৃণা জানাতেই আগামীকালের সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে সমন্বয় পরিষদের সদস্য সচিব আবদুল মালেক, মুক্তিযোদ্ধা কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, নারী নেত্রী শিরিন আখতার, গার্মেন্টস ঐক্যপরিষদের সদস্য সচিব নূরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখার দাবি

tangail m29নবঘোষিত ময়মনসিংহ বিভাগে নয়, টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবি জানিয়েছেন টাঙ্গাইলবাসী।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

টাঙ্গাইলবাসী ঢাকার সাথেই থাকতে চায়’ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে ঢাকাস্থ টাঙ্গাইল জেলার শিক্ষার্থী।

মানববন্ধনে টাঙ্গাইল জেলার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তারা ‘আর কোনো চাওয়া নাই, টাঙ্গাইলকে ঢাকায় চাই’, ‘টাঙ্গাইলকে ঢাকা থেকে পৃথক করা চলবে না’, ‘রাজধানীর সীমানা, টাঙ্গাইলের ঠিকানা’ ও ‘যাব না যাব না, ঢাকা ছেড়ে যাব না’ লেখা সম্বলিত প্ল্যাকার্ডসহ অবস্থান নেয়।

এ আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মেহেরুল হাসান সোহেল বলেন, ‘প্রধানমন্ত্রী ময়মনসিংহকে বিভাগ করার ঘোষণা করে ময়মনসিংহবাসীর দাবি মেনে নিয়েছে। এজন্য আমারা তাকে স্বাগত জানাই। কিন্তু সেই সঙ্গে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা ঐতিহাসিকভাবে ঢাকার সঙ্গে যুক্ত। তাই আমরা টাঙ্গাইলবাসী ময়মনসিংহেই থাকতে চাই।”

তিনি বলেন, ‘টাঙ্গাইলবাসীর লেখাপড়া থেকে শুরু করে প্রায় সব ধরনের কাজই ঢাকামুখী। কিন্তু ময়মনসিংহ বিভাগে অন্তর্ভূক্ত করা হলে আমার বিভিন্ন সমস্যার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো।”

তাই সার্বিক দিক বিবেচনা করে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের সঙ্গেই রাখার জন্য জোর দাবি জানান তিনি।

এ দাবি মানা না হলে আগামী বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও মানবন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন মেহেরুল হাসান সোহেল।

ঢাবি শিক্ষার্থী আনোয়ার হোসাইন সাগর বলেন, ‘ভৌগলিকভাবে টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলে দৃশ্যমান হলেও প্রশাসনিক ও প্রকৃতভাবে টাঙ্গাইলের নিজস্ব একটি স্বাতন্ত্র্য রয়েছে। সব বিষয় বিবেচনা করে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাব, ময়মনসিংহবাসীর আবেগের প্রতি আমাদের সম্মান রয়েছে। আপনি তাদের সম্মানিত করেছেন। এবার আমাদের দাবি মেনে নিয়ে আমাদের জেলার স্বাতন্ত্র্য বজায় রাখতে সহযোগিতা করুন।”

এ সময় আরও বক্তব্য দেন কবি জসীম উদদীন হলের ছাত্রনেতা মেহেদী হাসান রনি, ফজলুল হক মুসলিম হলের ছাত্রনেতা মাহমুদুল হাসান, মশিউর রহমান শরীফ, নাজমুল হাসান, ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রী নেত্রী শেখ মারুফা নাবিলা ও জগন্নাথ বিশ্ববিধ্যালয়ের ছাত্রনেতা হিমেলুর রহমান হিমেল প্রমুখ।

ঠাকুরগাঁওয়ে কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

bsfঠাকুরগাঁও হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত থেকে সাব্বির (১৪) নামে বাংলাদেশী এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সকাল সাড়ে ৮টায় সীমান্তের ৩৬৭ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের ফুলবাড়ি বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা তাকে আটক করে। আটক সাব্বির ওই উপজেলার ধুগরীয়া গ্রামের জমির উদ্দিন তার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বিরকে নিয়ে তার পিতা জমির উদ্দিন সীমান্ত ঘেঁষা ক্ষেতে কৃষি কাজ করছিল।। এ সময় ভুলক্রমে ৩৬৭ নম্বর পিলার এলাকার দিয়ে সাব্বির ভারতীয় ভুখণ্ডে ঢুকে পড়লে বিএসএফ তাকে আটক করে।
ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস সত্যতা নিশ্চিত করে বলেন আটক শিশুকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। তবে বিএসএফ শিশুটিকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক।

ভারতে ইন্টারনেটে ‘লিঙ্গ পরীক্ষা’ বিজ্ঞাপন নিষিদ্ধ

baby girlজন্মের আগেই শিশুর লিঙ্গ জানতে যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়, ভারতে ইন্টারনেটে সেধরনের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করতে টেক জায়ান্ট গুগল, ইয়াহু এবং মাইক্রোসফটকে নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।

ভারতে ব্যাপকহারে মেয়ে শিশুর ভ্রূণ হত্যার প্রেক্ষিতে এধরনের বিজ্ঞাপন প্রচার অবৈধ।

তা সত্ত্বেও জন্মের আগেই শিশুর লিঙ্গ জানতে এধরনের বিজ্ঞাপন ইন্টারনেটে প্রচার বন্ধ হয়নি, এই মর্মে একটি পিটিশনের জবাবে এমন নির্দেশনা জারি করেছে দেশটির আদালত।

তবে গুগল ও মাইক্রোসফট বলছে, তারা এমন কিছু প্রচার করছে না যা কিনা ভারতে আইনের পরিপন্থী।
দু’সপ্তাহের মধ্যে এবিষয়ে আরো বিস্তারিত রুল জারির কথা জানিয়েছে আদালত।

তথ্য প্রযুক্তি বিষয়ক লেখক প্রশান্ত কে রায় বিবিসিকে বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা খুবই কঠিন হবে। সূত্র: বিবিসি

‘প্রধানমন্ত্রী ধৈর্যের শেষসীমায় চলে গেছেন’

mannaaআইনশৃঙ্খলা বাহিনীকে দায়মুক্তির প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্যের শেষসীমায় চলে গেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ সকালে রাজধানী তোপখানা রোডস্থ শিশু-কল্যাণ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছিলেন- যে কোন উপায়ে সহিংসতা দমন করুন, সব দায় আমার। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে মান্না বলেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দায়মুক্তির প্রতিশ্রুতি দিয়ে ধৈর্যের শেষসীমায় চলে গেছেন। ৩১শে জানুয়ারি অবস্থান কর্মসূচির অনুমতি না দেয়ায় উচ্চ আদালতে রিট করার ঘোষণা দেন মান্না। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার জন্য জাতীয় সংলাপ ও আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। ওই অবস্থান কর্মসূচিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিত থকার কথা ছিল। অবস্থান কর্মসূচি পালনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যান ও জাতীয় প্রেস ক্লাব- এই তিনটি স্থানের আবেদন করা হয়। কিন্তু প্রশাসন তাদের অনুমতি দেয়নি। ফলে হাইকোর্টে রিট দায়ের করার ঘোষণা দেন তিনি।

মুন্সীগঞ্জে ১৩ মন জাটকা জব্দ

jatka29মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে বৃহস্পতিবার ঢাকার সদরঘাটগামী যাত্রীবোঝাই পৃথক ২টি লঞ্চ থেকে ১৩ মন জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। তবে কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি।
নারায়নগঞ্জের পাগলা কোস্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ধলেশ্বরী নদীতে এমভি কর্ণফুলি-৩ ও এমভি ফারহান-২ নামে ২টি লঞ্চে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। লঞ্চ থেকে ৬টি চটের বস্তাভর্তি অবস্থায় ১৩ মন জাটকা ইলিশ জব্দ করা হয়। দুপুর ১২টার দিকে জব্দকৃত জাটকা মুন্সীগঞ্জ সদর মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরায় ৩৮ জন গ্রেফতার

সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন বিএনপির ও জামায়াতের ১১ জন কর্মী রয়েছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।