শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

‘কোন বাহিনী কী করবে তাও বলে দিচ্ছেন প্রধানমন্ত্রী’

ruhulaminসম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপাপ্ত আহ্বায়ক ও বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, “অগণতান্ত্রিক ও স্বৈরাচারী রাষ্ট্রের ন্যায় প্রতিনিয়তই বিচারবহির্ভূতভাবে গুলি করে মানুষ মারা হচ্ছে। আসামি গ্রেফতারের পর গুলিবিদ্ধ হয় তা আমরা আগে কখনও শুনিনি।”

এ সময় নিরাপরাধ মানুষকে গুলি করে হত্যা না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানান পেশাজীবী এই নেতা।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিতি পেশাজীবী পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার, রাষ্ট্রীয় সন্ত্রাস, বিনাবিচারে হত্যাকাণ্ড বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে’ এক মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন গাজী বলেন, “৫ জানুয়ারির নির্বাচন দেশে এবং বিদেশের কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। তাই পেশাজীবীদের চাওয়া একটাই দেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না। যেখানে সকল দল অংশ নেবে। সেই নির্বাচনকে অন্যান্য দেশ রোল মডেল হিসেবে গ্রহণ করবে।”

এজন্য সারাদেশে চলমান সহিংসতা বন্ধ ও রাজনৈতিক সংকট নিরসনে দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপে বসে একটি সুষ্ঠ সমাধানের অনুরোধ জানান সাংবাদিক এই নেতা।

‘বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়’ প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়ের এমন বক্তব্যের প্রেক্ষিতে গাজী বলেন, “আলোচনাই সমাধানের একমাত্র পথ। আমরা বরাবর দেখেছি সরকারি দল আলোচনার কথা বলে থাকেন কিন্তু এখন এর বিপরীত হচ্ছে। বিরোধী দল বারবার আলোচনার কথা বললেও সরকার তা আমলে নিচ্ছে না। কোন বাহিনী কী করবে তাও প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন।”

পেশাজীবী পরিষদের আহ্বায়ক অভিযোগ করেন, “সাগর-রুনির বিচার এখনও হচ্ছে না, নোয়াখালীতে ডা. ফয়েজকে ওপর থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে এভাবে অসংখ্য পেশাজীবীকে হত্যা করা হচ্ছে।”

সরকারকে হুঁশিয়ার করে গাজী বলেন, “আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দেয়া, দিগন্ত টিভি, চ্যানের ওয়ানসহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়াসহ দেশে গণতন্ত্র না আসা পর্যন্ত পেশাজীবীদের আন্দোলন চলতেই থাকবে।”

সমাবেশে আরো বক্তব্য দেন- ড্যাবেব সাবেক সভাপতি ডা. এ কে এম আজিজুল হক, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল হক, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গাজী প্রমুখ।

সেই বাসচালককে পুরস্কৃত করল পুলিশ

driver busজীবনের ঝূঁকি নিয়ে পেট্রলবোমা হামলাকারীকে ধরতে সহায়তা করায় ঈগল পরিবহনের চালক মো. আসাদকে নগদ দশ হাজার টাকা পুরস্কার  প্রদান করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী।

শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে আসাদের হাতে পুরস্কারের টাকা তুলে দেয়া হয়।

সাহসী চালক আসাদের বাড়ি মাদারীপুর জেলার মোস্তফাপুর এলাকায়।

আসাদ বলেন, “রাস্তায় একজনের হাতে আগুন জ্বলতে দেখে বুঝতে পারি আমার গাড়িতে পেট্রলবোমা মারা হচ্ছে। তখন আমি চিন্তা করি, মারাতো যাবই, তাহলে ওকে নিয়েই মরি। এরপর আমি ওর ওপর গাড়ি উঠিয়ে দেই। তারপর আর কিছু মনে নেই।”

জসিমকে পরিকল্পিতভাবে হত্যা করেছে পুলিশ: শিবির

shibir28রাজধানীর শেরেবাংলানগরে তালতলা নতুন রাস্তায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত শিবির নেতা জসিম উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি ছাত্রশিবিরের। জসিম উদ্দিন ছাত্রশিবিরের মিরপুর পূর্ব থানার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এক যৌথ প্রতিবাদ বার্তায় জসিম উদ্দিন হত্যার প্রতিবাদ ও নিন্দা জানান শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান। তারা বলেন, “জসিম উদ্দিনকে গুলি করে খুন করেছে ডিবি পুলিশ।”

প্রতিবাদ বার্তায় শিবির দাবি করেন, “শনিবার সকাল আটটায় রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগরী পশ্চিম শাখা শিবির। সেখান থেকে ফেরার পথে লেগুনা থেকে নামিয়ে মিরপুর পূর্ব থানা শিবিরের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন হাওলাদারসহ চারজনকে আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায় পুলিশ। শ্যামলীতে বিক্ষোভ মিছিল এবং চারজন আটকের এ খবরটি সকল টিভি চ্যানেলসহ সব মিডিয়াতেই ফলাও করে প্রচার করা হয়। এরপর চারজনকে থানা থেকে ডিবিতে নিলে সংগঠন এবং পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিও দেয়া হয়, যা শনিবার বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়।”

শিবির সভাপতি ও সেক্রেটারি বলেন, “কিন্তু এর পরও নিরপরাধ জসিম উদ্দিনকে রাতের অন্ধকারে কোনো এক সময় ক্রসফায়ারের নামে গুলি করে নির্মমভাবে হত্যা করে ডিবি পুলিশ। নির্লজ্জ মিথ্যাচার করে পুলিশ রাষ্ট্রীয় এই খুনকে বন্দুকযুদ্ধের নাটক সাজায়। নিহত জসিম উদ্দিন মিরপুর কাজীপাড়া মাদরাসার ফাজিল শেষ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি বরিশাল মহানগরীর বন্দরহাট থানার কুন্দিয়াল পাড়া গ্রামে। জসিম উদ্দিনের বাবার নাম আব্দুর রাজ্জাক।”

নেতৃবৃন্দ বলেন, “পুলিশ যদি ঘাতকতায় বেশি আগ্রহী হয় তাহলে তাদের ঘোষণা দিয়ে পবিত্র দায়িত্ব থেকে অব্যাহতি নেয়া দরকার। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, পুলিশের পোশাকে জল্লাদের ভূমিকা মেনে নেয়া হবে না। নরঘাতকদের পরিচয় ছাত্রজনতার কাছে অজানা নয়। অবিলম্বে এই নির্মম বর্বরতা বন্ধ করে খুনিদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্রসমাজের হাত দুর্বল নয়। এভাবে একের পর এক ছাত্রদের হত্যার অধিকার কাউকে দেয়া হয়নি। জান-মাল রক্ষায় প্রয়োজনে যা করার তা-ই করার সিদ্ধান্ত নিবে ছাত্রসমাজ।”

শমসের মবিন ও দুদু আবার রিমান্ডে

dudu mobinবিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে পৃথক মামলায় ৪ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার একটি মামলায় রিমান্ড শেষে শমসের মবিনকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে বংশাল থানায় দায়ের করা নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে মিরপুর থানার একটি মামলায় ৪ দিনের রিমান্ড শেষে আজ আদালতে  হাজির করা হয়। এসময় রূপনগর থানার অন্য একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক।
প্রসঙ্গত, ৮ জানুয়ারি রাতে বনানী ডিওএইএস এলাকার বাসা থেকে শমসের মবিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাকে শাহবাগ থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
এর তিন দিন পর ১১ জানুয়ারি মিরপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে আটক করা হয় দুদুকে।
এরপর বিএনপির শীর্ষস্থানীয় এই দুই নেতাকে বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার রিমান্ডে নেয়া হয়েছে।

 

পাথর ছুড়ে হাতের জোর বাড়িয়েছেন সোহাইল

shohailভেতরে প্রতিভা থাকলে তা কেউ চাপিয়ে রাখতে পারে না। জীবনের এ সত্যটিই যেন চরমভাবে উপলব্ধি করেছেন পাকিস্তানের পেসার সোহাইল খান, যিনি হাতের জোর বাড়ানোর জন্য কোনো জিমে যেতে পারেনি, পাহাড় থেকে পাথর ছুড়ে ছুড়ে সেই জোর বাড়িয়েছেন। লাহোর, ইসলামাবাদের মতো বড় বড় শহরে ক্রিকেট একাডেমিগুলো বেশ আধুনিক। ঝাঁ-চকচকে জিমের পাশাপাশি আধুনিক বোলিং মেশিন_ সবই রয়েছে সেখানে। কিন্তু খাইবার পাখতুন প্রদেশ! যার নাম শুনলেই মনে আসবে বোমা-গুলি, উগ্রপন্থি আর মালালা ইউসুফজাই। আবার এ প্রদেশ মানে ইউনিস খান, ওমর গুলের মতো ক্রিকেটার। জানশের খানের মতো স্কোয়াশ তারকাও। আর ক’দিন পর থেকে এই প্রদেশের বাসিন্দাদের নজর থাকবে টিভিতে। কারণ, হঠাৎ করে বিশ্বকাপ দলে ঢুকে পড়েছেন ৩০ বছরের সোহাইল খান। পাহাড়ি নদী আর ঝোরায় সাঁতারকাটা। এই রকম রুক্ষ পাহাড়ি অঞ্চল থেকে সোহেলের উঠে আসা স্বপ্নের মতোই। ক্রিকেট খেলার ইচ্ছে অদম্য। কিন্তু পরিকাঠামো ছিল না মালাকান্দে। অনেক বড় বয়স পর্যন্ত খেলতে হয়েছিল টেনিস বলেই। সোহাইলের কথায়_ ‘আমি ছোট থেকেই চাইতাম ক্রিকেট খেলে নাম করতে। কিন্তু কোনও সুবিধা পেতাম না। সে রকম ভালো মাঠ ছিল না। কোনও জিম নেই।

কেউ একজন বলেছিল, দূরে পাথর ছুড়লে জোরে বল করার ক্ষমতা তৈরি হবে_ ‘এ রকমই একজনের পরামর্শে করাচি চলে আসেন সোহাইল। ছোটখাটো ক্লাবে খেলতে খেলতে হঠাৎ চোখে পড়ে ‘ট্যালেন্ট হান্টে’র বিজ্ঞাপন। ফাস্ট বোলারের সন্ধানে সে উদ্যোগ ছিল সাবেক পাকিস্তানি পেসার সিকান্দার বখতের। নজরে পড়ে যান সোহাইল। এরপর আরও একটি ক্লাব ঘুরে শেষে রশিদ লতিফের একাডেমিতে। সেখানে রশিদই সোহাইলকে গড়েপিটে নেন। রশিদ বলছেন, ‘সোহাইল হুড়মুড়িয়ে বিশ্বকাপ টিমে ঢুকে পড়েছে। ওর পারফরম্যান্সে নির্বাচকরা বাধ্য হয়েছে ওকে টিমে নিতে। আমি নিশ্চিত, বিশ্বকাপে ওর বোলিং ছাপ ফেলবেই।’ পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে গত মৌসুমে ৬৪ উইকেট পেয়েছেন সোহাইল, যা তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে এনেছে প্রায় চার বছর পর। দুটো টেস্ট ও পাঁচটি ওয়ানডেতে সেভাবে প্রভাব ফেলতে পারেননি আগের বার। রশিদের মতো অনেকেই কিন্তু আশা দেখছেন সোহাইলের দ্বিতীয় স্পেলে।

জুবায়ের হত্যা মামলায় পাঁচ ছাত্রলীগ কর্মীর ফাঁসি

zubayerজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলার রায়ে পাঁচ ছাত্রলীগ কর্মীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযুক্ত আরো ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন খন্দকার আশিকুল ইসলাম আশিক, মো. রাশেদুল ইসলাম রাজু, খান মো. রইছ ওরফে সোহান, জাহিদ হাসান এবং মাহবুব আকরাম।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন ইশতিয়াক মেহবুব অরূপ, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, শফিউল আলম সেতু এবং অভিনন্দন কুন্ডু অভি। তাদেরকে কারাদণ্ডের অতিরিক্ত ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অ

ভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন মো. নাজমুল হুসেইন প্লাবন ও মো. মাহমুদুল হাসান মাসুদ।

২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা শেষে ফেরার পথে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুবায়ের।

তারকাটায় ঘিরে দেয়া হচ্ছে খালেদার কার্যালয়

karjaloy khaledaতারকাটা দিয়ে ঘিরে দেয়া হচ্ছে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়। রোববার সকাল নয়টা থেকে কার্যালয়ের সীমানা প্রাচীরে এই কাজ শুরু হয়েছে।

২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তির সমাবেশ ঘিরে গত ৩ জানুয়ারি রাত থেকে প্রথমে অবরুদ্ধ, পরে স্বেচ্ছায় এই কার্যালয়ে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিএনপি সূত্র জানিয়েছে, বেশ কয়েকদিন হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলশান কার্যালয়ের সামনে এসে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এ সময় নেতারা বিভিন্নভাবে কর্মীদের প্রতি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে প্রজন্ম লীগের এক কর্মী পিস্তল হাতে এসে ‘খালেদা জিয়াকে গুলি করে মারব’ বলে হুমকিও দিয়েছেন।

এ প্রেক্ষাপটে কার্যালয়, দলীয় চেয়ারপারসন ও ভেতরে অবস্থানরত নেতাকর্মীদের বাড়তি নিরাপত্তা বিবেচনায় সীমানা প্রাচীরের উপরে কাটাতারের বেড়া দেয়া শুরু করেছে বিএনপি।

রোববার সকাল নয়টা থেকে একযোগে কার্যালয়টির চতুর্দিকে প্রাচীরের ওপরে এই বেড়া দেয়া শুরু হয়েছে। সাতজন শ্রমিক এই বেড়া দেয়ার কাজ করছেন।

এর আগে শনিবার সন্ধ্যায় ট্রাকে করে ১৮ বান্ডেল তার কাটা কার্যালয়ে আনা হয়। তেজগাঁওয়ের একটি কারখানা থেকে আনা এই তার কাটা কার্যালয়ে পেছনের ফটক দিয়ে ভেতরে নেয়া হয়।

এ বিষয়ে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন নতুন বার্তা ডটকমকে বলেন, “কার্যালয় এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়তি নিরাপত্তা জন্য সীমানা প্রাচীরের ওপরে এই তারকাটা দেয়া হচ্ছে।”

তবে হঠাৎ কেন কার্যালয়কে নিরাপত্তাহীন ভাবা হচ্ছে- এমন প্রশ্নের জবাব দিতে রাজি হননি তিনি। শামসুদ্দিন দিদার বলেন, “আপাতত নিরাপত্তার স্বার্থেই এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।”

সোমবার পর্দা উঠছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫

digital worldবিশ্বের ২৫টি দেশ থেকে আগত ৮৫ তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ, ১২০টি বেসরকারি প্রতিষ্ঠান এবং ১০০টি সরকারি সংস্থার অংশগ্রহণের মধ্য দিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে বিশ্ব-প্রযুক্তির মিলন মেলা। আগামী ৯ ফেব্রুয়ারি, সোমবার থেকে এখানে শুরু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ্যান্ড সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) গতবারের মতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই প্রযুক্তি সম্মেলন আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

মোট ২৪টি সেমিনার, নয়টি কনফারেন্স এবং ১১টি প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি চার দিনের প্রযুক্তি সম্মেলনে থাকছে চারটি প্রদর্শনী। প্রদর্শনীর মধ্যে রয়েছে ই-গভর্নেন্স এক্সপো, বেসিস সফট এক্সপো, মোবাইল ইনোভেশন এক্সপো এবং ই-কমার্স এক্সপো।

সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজক কমিটির আহ্বায়ক রাসেল টি আহমেদ জানিয়েছেন, সম্মেলনে বিভিন্ন আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছেন প্রায় ৮৫ জন বক্তা। পাঁচটি দেশের মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে থাকছে ‘মিনিস্টারিয়েল কনফারেন্স’, প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণে বিশেষ সম্মেলন, শিক্ষার্থীদের নিয়ে তথ্যপ্রযুক্তি খাতের ক্যারিয়ার বিষয়ক সম্মেলন এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের নিয়ে ‘টাইটেনিয়াম কনফারেন্স’, ডিজিটাল এক্সপেরিয়েন্স জোন এর মতো নানা আয়োজন।

সম্মেলনে প্রযুক্তি বিশ্বের ভবিষ্যত বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরবেন আন্তর্জাতিক প্রযুক্তিবিদেরা। সম্মেলনে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিব হোউলিন ঝাও, টিপসি অ্যান্ড টাম্বলারের প্রতিষ্ঠাতা বয়েডলি পোলেন্টাইন, ক্লাউডক্যাম্প প্রতিষ্ঠাতা ডেভ নিয়েলসেন, টাই সিলিকন ভ্যালি প্রেসিডেন্ট ভেঙ্ক শুক্লা।

এছাড়াও বিশ্ব সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল থেকে ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলনে অংশ নিচ্ছেন গুগল সাউথ এশিয়ার হেড অফ সেলস বেন কিং, গুগলের হেড অফ এজেন্সি ডেভেলপমেন্ট বিকি রাসেল, মার্কেটিং স্পেশালিষ্ট ক্যাটি স্যান্ডারস, গুগল স্পিচের সফটওয়্যার প্রকৌশলী রবি রাজকুমার, গুগলের পার্টনার ডেভেলপমেন্ট ম্যানেজার অক্ষয় সন্থালিয়া, গুগল সাউথ এশিয়ার ইন্ডাস্ট্রি অ্যানালিস্ট ফজল আশফাক, গুগল ট্রান্সলেটের সফটওয়্যার প্রকৌশলী আর্নে মৌসার, গুগল ডেভেলপার (জিডিজি) বাংলা কান্ট্রি ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস, অনলাইন সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক থেকে অংশ নিচ্ছেন ফেসবুক ইন্ডিয়ার ডিরেক্টর এবং হেড অফ পাবলিক পলিসি আঁখি দাস, অ্যাকসেঞ্চার বাংলাদেশ চেয়ারম্যান অবিনাশ ভাসিস্তা, অগমেডিক্স সিইও এবং কো-ফাউন্ডার আইয়ান শাকিল, এনটিএফ থ্রি প্রকল্প পরিচালক মার্টিন লাব্বি, বিক্রয় ডটকম প্রধান মার্টিন মালস্ট্রম প্রমুখ।

সম্মেলনে এবার প্রথমবারের মতো দেয়া হচ্ছে ‘ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড’। ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় সরকারি পর্যায়ে ৪৭টি, বেসরকারি পর্যায়ে সাতটি এবং বিশেষ ক্যাটাগরিতে ৪টি সহ মোট ৫৮টি সম্মাননা পুরস্কার দেয়া হবে।

এর মধ্যে দেশের সাতটি বিভাগ থেকে একটি করে সেরা জেলা প্রশাসক, সেরা ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ডিজিটাল সেন্টার, ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি করে সেরা ডিজিটাল সিটি, ডিজিটাল পৌরসভা, ডিজিটাল হাসপাতাল, ব্যাংক এবং ই-ইনিশিয়েটিভ ও ই-উদ্যোগকে পুরস্কৃত করা হবে।

বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে আইটিতে সেরা পাঁচটি উদ্ভাবন, একজন প্রযুক্তি নারী এবং অপর একজন প্রযুক্তি বন্ধুকে আজীবন সম্মাননা দেয়া হবে। এছাড়াও সম্মেলনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ৪টি প্রতিষ্ঠানকেও মেলার শেষ দিন এই পুরস্কার দেয়া হবে।

সরকার ও বেসরকারি যৌথ উদ্যোগের এই প্রযুক্তির মিলনমেলায় সহযোগী হিসেবে রয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), বাংলাদেশ উইমেন ইন টেকনোলোজি (বিডব্লিউআইটি), সিটিও ফোরাম, আইএসপিএবি এবং সিলিকন ভ্যালি ভিত্তিক উদ্যোক্তা সংগঠন টাই বাংলাদেশ।

‘ক্রসফায়ারে দেশকে বধ্যভুমি বানিয়েছে অবৈধ সরকার’

salahuddin8বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, “অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর সরাসরি হুকুমে দলবাজ র্যাব, পুলিশ ও বিজিবির কিছু সেবাদাস কর্তা-ব্যক্তিরা আন্দোলনরত বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন কায়দায় ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করে সমগ্র দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে। দেশ আজ ভয়ঙ্কর পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। জাতিকে সেই পুলিশি রিমান্ড থেকে মুক্ত করতে অবিরাম সংগ্রামের কোনো বিকল্প নাই।”

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন বলেন, “৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করে আওয়ামী লীগই রাজনৈতিক ভুল করেছে। সেই ভুলের খেসারত আওয়ামী লীগ ও তার দোসরদেরকেই দিতে হবে। সেই দায় জনগণ নেবে না। বিএনপিসহ গণতান্ত্রিক দলগুলো সেই প্রহসনের নির্বাচন বর্জন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল।”

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “সাংবিধানিক, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনের সকল দরজা বন্ধ করে দিয়ে সরকারই জনগণকে বাধ্য করেছে রাজপথে অবিরাম সংগ্রামে লিপ্ত হতে।   খালেদা জিয়াকে অঘোষিত কারাগারে রুদ্ধ করে সরকারের গদি রক্ষার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। গণআন্দোলনের বিজয় হবে।

তিনি বলেন, “গাইবান্ধার তুলশীঘাটে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় খালেদা জিয়ার পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ”

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “২০ দলীয় জোট বরারবই বলে আসছে যে, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে তারা আদৌ জড়িত নয়। বরং জোটের গণতন্ত্র মুক্তি আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকারই এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে বিরোধী দলের ওপর দায় চাপানো চাপাচ্ছে। নিয়ন্ত্রিত গণমাধ্যমে তা প্রচার ও প্রকাশে বাধা দেয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে।”

তিনি বলেন, “হাসিনাপুত্র জয় অস্ত্রের ভাষায় কথা বলে মুজিববংশীয় রক্তের প্রতিধ্বনি করেছেন। রাজনীতির পাঠশালায় বাল্যশিক্ষা শ্রেণী অতিক্রম না করার আগেই ভাষণ দেয়া শুভ লক্ষণ নয়। জয় সাহেবের মাতার পিতা মুজিবের রক্ষীবাহিনী নারকীয় হত্যাযজ্ঞে পুরো বাংলাদেশকে বধ্যভুমিতে পরিণত করেছিল।

তিনি বলেন, “পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে রাজনৈতিক সমস্যা জন্ম দিয়েছেন শেখ হাসিনা, সেই সংশোধনী বাতিল করে সমস্যার সমাধান তাকেই করতে হবে।”

সালাহ উদ্দিন বলেন, “গণআন্দোলনের তীব্রতা দেখে সরকার অতিমাত্রায় ভীত হয়ে গুম, খুন, অপহরণ, দমন-পীড়ন, হামলা-মামলা এবং গ্রেফতার নির্যাতন চালিয়ে শেষ রক্ষা পেতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়-জনতার ন্যায্য আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে যুগে যুগে দেশে দেশে। এই স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনও এখন সময়ের ব্যাপার মাত্র। ”

৩৩ দিনে ক্ষতি ৭৫ হাজার কোটি: এফবিসিসিআই সভাপতি

fbcc11এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেছেন, চলমান অবরোধ, হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় ৩৩ দিনে দেশের বিভিন্ন খাতে ৭৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।”

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে সারা দেশে জাতীয় পতাকা হাতে ১৫ মিনিট অবস্থান কর্মসূচি পালনকালে রোববার দুপুর ১২টায় তিনি এ কথা বলেন।

রোববার দুপুর ১২টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত যার যার ব্যবসাপ্রতিষ্ঠান, সংগঠন, চেম্বার/অ্যাসোসিয়েশনের সামনে দাঁড়িয়ে এই অবস্থান কর্মসূচি পালন শুরু করে।

রাজধানীতে এফবিসিসিআইয়ের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন। ব্যবসায়ীদের পক্ষে এফবিসিসিআইয়ের সভাপতি লিখিত স্মারকলিপি পাঠ করেন।

পরে এফবিসিসিআইয়ের সভাপতির নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেয়।

সারা দেশের চেম্বার ও অ্যাসোসিয়েশনের সহায়তায় এ কর্মসূচি পালন করা হয়।