মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

স্বাধীনতা দিবসে নৌবাহিনীর ৭ জাহাজ ঘুরে দেখার সুযোগ

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

রবিবার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের নিম্নোক্ত স্থানে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

মহান স্বাধীনতা দিবসে যেসব এলাকায় যে জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে–

ঢাকা (সদরঘাট, ঢাকা)–বানৌজা চিত্রা
নারায়ণগঞ্জ (পাগলা নেভাল জেটি, নারায়ণগঞ্জ)–বানৌজা অতন্দ্র
চট্টগ্রাম (নেভাল বার্থ-২, নিউ মুরিং, চট্টগ্রাম)–বানৌজা সমুদ্র অভিযান
খুলনা (বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল, খুলনা)–বানৌজা অপরাজেয়
মোংলা (দিগরাজ নেভাল বার্থ)–বানৌজা ধলেশ্বরী
বরিশাল (মেরিন ওয়ার্কশপ জেটি, বরিশাল)–বানৌজা পদ্মা
চাঁদপুর (বিআইডব্লিউটিএ ঘাঁট, চাঁদপুর)–বানৌজা শহীদ ফরিদ

মসজিদে নববিতে ইতিকাফে বসলেন ১২০ দেশের মুসল্লি

পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফের জন্য মদিনার মসজিদে নববিতে সমবেত হয়েছেন হাজার হাজার মুসল্লি। এবার ১২০টি দেশের প্রায় চার হাজার মুসল্লি ইতিকাফে অংশ নিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর সূত্রে আরব নিউজের খবরে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, পুরুষ মুসল্লিদের জন্য মসজিদের পশ্চিম দিকের ছাদের অংশ এবং নারী মুসল্লিদের জন্য উত্তর-পূর্ব অংশ নির্ধারণ করা হয়েছে।
পুরুষরা ৬ ও ১০ নম্বর সিড়ি এবং নারীরা ২৪ ও ২৫ নম্বর দরজা দিয়ে নির্ধারিত স্থানে প্রবেশ করতে পারবেন।

ইতিকাফরত মুসল্লিদের সুবিধার্থে বিশেষ সহায়তা হেল্প ডেস্ক, ব্যক্তিগত জিনিসপত্র রাখার লকার, ফার্স্ট এইড সুবিধাসহ মেডিক্যাল ক্লিনিক, বহুভাষিক অনুবাদ সেবা এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।

তা ছাড়া ইফতার, রাতের খাবার, সেহরি এবং মোবাইল চার্জিং স্টেশনের সুবিধাও রয়েছে। প্রতি মুসল্লিকে একটি কেয়ার কিট ও রিস্টব্যান্ড দেওয়া হয়েছে, যা তাদের চলাচল ও নির্ধারিত এলাকায় প্রবেশ সহজ করবে।

সূত্র : আরব নিউজ

রুশ ড্রোন হামলায় কিয়েভে নিহত ৩, কাল সৌদি আরবে শান্তি আলোচনা

ইউক্রেনের রাজধানী কিয়েভে গত রাতে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছরের একটি শিশুও রয়েছে। কিয়েভের সামরিক প্রশাসন রবিবার টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, শান্তি আলোচনা শুরুর আগে মস্কোর ওপর আরো চাপ প্রয়োগ করতে, যেন তারা ইউক্রেনে হামলা বন্ধ করে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শহরের বিভিন্ন জেলায় আগুন ও ধ্বংসযজ্ঞের পর জরুরি পরিষেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এর আগে বিমানবাহিনী জানায়, দেশের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করে রাশিয়া গত রাতে ১৪৭টি ড্রোন নিক্ষেপ করেছে। এগুলোর মধ্যে ৯৭টি ভূপাতিত করা হয়েছে এবং ২৫টি লক্ষ্যে পৌঁছতে পারেনি।

জেলেনস্কি এক্সে লেখেন, ‘এই হামলা ও যুদ্ধ বন্ধ করতে নতুন সিদ্ধান্ত ও মস্কোর ওপর নতুন চাপ প্রয়োজন।
আমাদের ইউক্রেন ও সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে—বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বাস্তব সহায়তার মাধ্যমে। আমি সেসব অংশীদারের প্রতি কৃতজ্ঞ, যারা এটি বোঝেন এবং ইউক্রেনকে সমর্থন চালিয়ে যাচ্ছেন।’

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী গত রাতে ৫৯টি ইউক্রেনীয় ড্রোন ‘ধ্বংস ও আটক’ করেছে, যা মূলত রোস্তভ ও আস্ট্রাখান অঞ্চলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

যুদ্ধবিরতির আলোচনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে বলেছেন, যুদ্ধের আরো বিস্তার ঠেকানোর প্রচেষ্টা ‘কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে’।
এয়ার ফোর্স ওয়ানে এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘যুদ্ধ শেষ করতে যুক্তিসংগত আলোচনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখাই মূল চাবিকাঠি।’

গত সপ্তাহে ট্রাম্প পৃথকভাবে পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন, যা ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধের অবসানের লক্ষ্যে নেওয়া পদক্ষেপ। তবে ৩০ দিনের সম্পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হলেও পুতিন রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন, যা জেলেনস্কিও মেনে নিয়েছেন। তবে এই সমঝোতা হওয়ার পর থেকেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে জ্বালানি স্থাপনায় হামলার অভিযোগ তুলেছে।

এদিকে সোমবার সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল শান্তি আলোচনার জন্য বৈঠক করবে।
রাশিয়ার প্রতিনিধিদলের নেতা সেনেটর গ্রিগরি কারাসিন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন জভেজদা টিভিকে বলেছেন, ‘আমরা অন্তত কিছু অগ্রগতি অর্জনের প্রত্যাশা করছি।’

এ ছাড়া রুশ প্রতিনিধিদলে থাকা এফএসবি গোয়েন্দা সংস্থার আলোচক সের্গেই বেসেদা জানান, তারা ‘লড়াইপূর্ণ ও গঠনমূলক’ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় অংশ নেবেন।

কারাসিন বলেন, ‘আমরা অন্তত একটি বিষয় সমাধানের লড়াই করার মানসিকতা নিয়ে যাচ্ছি।’

অন্যদিকে এক শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তা এএফপিকে শনিবার জানিয়েছেন, কিয়েভ অন্তত আংশিক যুদ্ধবিরতির বিষয়ে একমত হতে চায়, যা জ্বালানি, অবকাঠামো ও সামুদ্রিক হামলাকে অন্তর্ভুক্ত করবে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ শান্তি আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র : আলজাজিরা

আড়াই বছর ধরে ক্যান্সারে ভুগছেন উপস্থাপিকা সামিয়া আফরিন

প্রায় আড়াই বছর ধরে মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক-অভিনেত্রী সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার ক্যান্সার ধরা পড়ে বলে জানিয়েছেন তিনি নিজে।

সামিয়া আফরিন বলেন, ‘২০২২-এর ঠিক এপ্রিলে আমার ক্যান্সার ধরা পড়ে। চতুর্থ স্টেজে গিয়ে এটি ধরা পড়ে।
আমার পরিবারের লোকজনের জন্য এটা খুবই ভীতিকর ব্যাপার হয়ে গিয়েছিল। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে, এটা একটা অসুখ; এ জন্য আমাকে লড়াই করতে হবে অথবা নিরাময়ের উপায় খুঁজে বের করতে হবে। ভয় না পেয়ে কিভাবে নিরাময় হতে পারে, আমি সেসব খুঁজে বের করি। মানসিকভাবে ভেঙে না পড়ে, বরং তখন আমি আমার পরিবারের জন্য সহায়ক হয়েছিলাম।
কারো কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা নিজেকে সেই দৃষ্টিতে দেখতে চাইনি। আমি সব সময় দৃঢ়চেতা হতে চেয়েছিলাম। তাতে হয় কী, এটা একজন রোগীকে আরো বেশি শক্তি জোগায় তাড়াতাড়ি সেরে ওঠার জন্য।’

বর্তমান নিজের শারীরিক ও মানসিক অবস্থা জানিয়ে তিনি বলেন, ‘প্রায় আড়াই বছর ধরে আমি এটার সঙ্গে লড়াই করছি।
আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি।’

ক্যান্সারে আক্রান্ত হলে রোগীর মনোবল ভেঙে পড়ার পরিস্থিতি নিয়ে সামিয়ার ভাষ্য, ‘ক্যান্সারে আক্রান্ত হলে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। মনে হয়—আমার জীবন শেষ হয়ে গেল, এরপর আর বুঝি কিছু নেই। এটা নিছক ভুল কথা। যদি আমরা চেষ্টা করি, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারি এবং সাথে সাথে লাইফ স্টাইলেও অনেক পরিবর্তন আনতে হয়, তাহলে এটা কাটিয়ে ওঠা সম্ভব।
যদিও তা সময় সাপেক্ষ ব্যাপার। লাইফ স্টাইল যদি ঠিক থাকে, তাহলে পরবর্তীতে এটা আর হওয়ার সুযোগ থাকে না বলে আমার মনে হয়।’

সম্প্রতি রাজধানীর বনানীতে তারকাদের পোশাক নিয়ে ‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখান থেকে প্রাপ্ত পোশাক বিক্রির টাকা ক্যান্সার রোগীদের চিকিৎসায় ব্যয় হবে।

গতকাল ২২ মার্চ উজ্জ্বলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী শেষ হয়েছে। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা পরিচালক সামিয়া আফরিন।

এই প্রদর্শনীর উদ্যোগ মূলত ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানো, তাদের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।

প্রসঙ্গত, একসময় টিভি উপস্থাপনার নিয়মিত মুখ ছিলেন উপস্থাপিকা সামিয়া আফরিন। মাঝেমধ্যে তাকে নাটকেও দেখা গেছে। ইমরাউল রাফাতের ‘পাপপূণ্য’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘ধুলোর মানুষ’, ‘মানুষের ঘ্রাণ’ এবং রাজিবুল ইসলামের ‘ব্লাফমাস্টার’ ছাড়াও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।

প্রধান উপদেষ্টার চীন সফরে চুক্তি নয়, হবে এমওইউ সই : পররাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে দেশটির সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না। তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

রবিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

প্রধান উপদেষ্টার চীন সফরে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশ যুক্ত হচ্ছে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমি নিশ্চিত নই।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জিডিআইতে যুক্ত হতে আমাদের আপত্তি নেই, তবে আমরা এর অংশ হবো কি না…।’

বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের জন্য অনুরোধ করা হয়েছিল। ভারত উত্তর দিয়েছে কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘ভারতের উত্তর এখনো আমরা পাইনি।
’

এদিন প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়াও ওয়েন বলেন, ‘চীনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হবে।’

রাষ্ট্রদূত বলেন, ‘প্রধান উপদেষ্টার বেইজিং সফরের সময় গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে। দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০তম বার্ষিকীতে এ সফরটি একটি মাইলফলক হবে।
’

কূটনীতিকেরা বলছেন, পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠকে সফরের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে আগামী বুধবার চীনের পাঠানো একটি উড়োজাহাজে দেশটিতে সরকারি সফরে যাবেন। পরদিন বৃহস্পতিবার তিনি হাইনান প্রদেশে বোয়াও আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। আগামী শুক্রবার বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তার শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

এবার মঙ্গল শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে : ফারুকী

এবার পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ভিন্ন আঙ্গিকে বের করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তবে এই শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে কি না, এ ব্যাপারে সোমবার (২৪ মার্চ) সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

রবিবার (২৩ মার্চ) সচিবালয়ে জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, ‘এবার চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে সেখানে আপনারা সত্যিকার অর্থেই নতুন জিনিস দেখবেন।
আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা বিস্তারিত না বলছি। সারপ্রাইজ হিসেবেই থাকল। ইটস আ টিজার।
যারা অংশগ্রহণ করবেন তারা নিজেরাই নিজেদের চোখে দেখতে পারবেন পরিবর্তনগুলো কিভাবে ঘটছে।’

তিনি আরো বলেন, ‘আগে সবাইকে নিয়ে মঙ্গল শোভাযাত্রা হতো না। আগে শোভাযাত্রা ছিল শুধু বাঙালিদের শোভাযাত্রা, এবার সব জাতি গোষ্ঠীর শোভাযাত্রা হবে এটি।’

ফারুকী বলেন, ‘শোভাযাত্রায় পাহাড়ি-বাঙালি সবাই যার যার সংস্কৃতি তুলে ধরবে।
এবার নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার কোনো বিধি-নিষেধ থাকবে না। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনুমতি নিয়ে সন্ধ্যার পরেও অনুষ্ঠান চলমান রাখা যাবে।’

এক প্রশ্নের জবাবে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘কী নামে শোভাযাত্রা হবে, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সভা আছে, সেখানে সেটা ঠিক হবে।’

রেকর্ড ব্যবধানের হারে সিরিজও হারল পাকিস্তান

তৃতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড জয়ে সিরিজ বাঁচিয়ে রাখলেও আজ আর পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে ১১৫ রানের বিশাল ব্যবধানে হেরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে হেরেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে এটি সর্বোচ্চ ব্যবধানের রানের হার। এর আগে ২০১৬ সালে ওয়েলিংটনে ৯৫ রানে হেরেছিল পাকিস্তান।

সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড ২০৫ রান তাড়া করে জয় পেয়েছিল পাকিস্তান। আজ চতুর্থ টি-টোয়েন্টিতে লক্ষ্যটা আরো বাড়িয়ে দেয় স্বাগতিকেরা। মাউন্ট মঙ্গানুইয়ে ২২১ রানের পাহাড় ডিঙ্গাতে গিয়ে মাত্র ১০৫ রানে অলআউট হয় পাকিস্তান। এতে যেন অতীত ইতিহাসই মনে করাল সালমান আগার দল।
লক্ষ্য বড় হওয়ায় জয় পাওয়াটা কঠিন ছিল তাতে কোনো সন্দেহ নেই। তাই বলে দুর্দান্ত জয় নিয়ে খেলতে নামা পাকিস্তান প্রতিদ্বন্দ্বীতাও গড়তে পারবে না। তাদের ইতিহাস অবশ্য এমনি, তাদের পারফরম্যান্স অননুমেয়।

সিরিজে সমতায় ফিরতে নেমে শুরু থেকেই একের পর এক ধাক্কা খাইতে থাকে পাকিস্তান।
লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরুর বিপরীতে দলীয় ৮ রানে ফিরে পাকিস্তানকে বিপদে ফেলেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ। সর্বশেষ ম্যাচে পাকিস্তানের হয়ে সংক্ষিপ্ত সংস্করণের দ্রুততম সেঞ্চুরিয়ান হাসান আজ আউট হয়েছেন ১ রানে। তার আগে ২ রানে ফেরেন ওপেনিং সঙ্গী হারিস।

সেই শুরু এরপর দেখতে না দেখতেই দলটির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পড়ে, ৫৬ রানে ৮ উইকেট হারিয়ে। তখন শঙ্কা জেগেছিল সিরিজে আরেকবার ১০০ রানের নিচে অলআউট হওয়ার।
প্রথম ম্যাচে ৯১ রানে অলআউট হয়েছিল তারা। তবে সেই শঙ্কা দূর করেন আব্দুল সামাদ। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় সর্বোচ্চ ৪৪ রান করেন তিনি।

পাকিস্তানকে অল্পতে অলআউট করতে নিউজিল্যান্ডের বোলিংয়ে নেতৃত্ব জ্যাকব ডাফি ও জাকারি ফোকস। সর্বোচ্চ ৪ উইকেট নেওয়া ডাফির বিপরীতে ৩ উইকেট নিয়েছেন ফোকস।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে রানের পাহাড় গড়তে নেতৃত্ব দেন দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। ৪.১ ওভারে ৫৯ রানের জুটি গড়ে। ৬ রানের জন্য সেইফার্ট (৪৪) না পারলেও ঠিকই ফিফটি পেয়েছেন অ্যালেন। ২০ বলে কাঁটায় কাঁটায় ৫০ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তিনি। দুই ওপেনারের মতো শেষ দিকে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে বড় রানে অবদান রেখেছেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল।

তুরস্ক-দক্ষিণ কোরিয়া থেকে ডিম কিনবে যুক্তরাষ্ট্র

তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জন্য ডিমের সর্বোচ্চ দামের চাপ কমাতে আরো কয়েক দেশের সঙ্গেও আলোচনা করছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসে মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স সাংবাদিকদের বলেছেন, স্বল্প মেয়াদে আমরা শত শত মিলিয়ন ডিম আমদানি করব।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রব্যমূল্য হ্রাসের প্রতিশ্রুতি সত্ত্বেও গত এক বছরে ডিমের দাম ৬৫ শতাংশের বেশি বেড়েছে।
খবর বিবিসির।

এ বছর আরো ৪১ শতাংশ দাম বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া বার্ড ফ্লু মোকাবেলায় এক বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। বার্ড ফ্লুর কারণে এরই মধ্যে মার্কিন কৃষকরা কোটি কোটি মুরগি মারতে বাধ্য হয়েছেন।
এমন সময়ে ডিম আমদানির পরিকল্পনার কথা জানা গেল।

গত ফেব্রুয়ারিতে মার্কিন কৃষি বিভাগ ডিমের মূল্য নিয়ন্ত্রণে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করে। এক বিলিয়ন ডলারের সেই পরিকল্পনায় ৫০০ মিলিয়ন ডলার বায়োসিকিউরিটি ব্যবস্থার জন্য, ১০০ মিলিয়ন ডলার ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নের জন্য এবং ৪০০ মিলিয়ন ডলার কৃষকদের আর্থিক সহায়তার জন্য বরাদ্দ করা হয়।

কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স জানান, তার বিভাগ আরো কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছে নতুন ডিম সরবরাহ নিশ্চিত করতে।
তবে নির্দিষ্ট কোনো অঞ্চলের নাম উল্লেখ করেননি তিনি।

রোলিন্স বলেন, ‘আমাদের মুরগির সংখ্যা যখন আবারও বাড়বে এবং ডিম উৎপাদন শিল্প পুরোপুরি সচল হবে, তখন আমাদের নিজস্ব উৎপাদিত ডিম বাজারে নিয়ে আসতে পারব। কয়েক মাসের মধ্যেই ডিম উৎপাদন স্বাভাবিক হয়ে আসবে আশা করছি।’

এদিকে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার পোলট্রি সংগঠনগুলো বলেছে, মার্কিন দূতাবাসগুলো তাদের সঙ্গে সম্ভাব্য ডিম রপ্তানি সম্পর্কে যোগাযোগ করেছে।

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই হামাস নেতার নাম সালাহ আল-বারদাউইল।

হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন। গাজার খান ইউনিসে তাদের তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত হন তারা। রোববার (২৩ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যম বলছে, খান ইউনিসে নিজেদের তাঁবুতে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন বলে কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে।

এর আগে খান ইউনিসে একটি বাড়িতে ইসরায়েলি অভিযানে চারজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছিল।

নিজেদের লাইভ আপডেটে আল জাজিরা বলছে, গত কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ভয়াবহ ও ব্যাপক বিমান হামলা চালিয়েছে। গাজার দক্ষিণে খান ইউনিস শহরকে লক্ষ্য করে এসব আক্রমণ চালানো হয়েছে।

খান ইউনিস শহরের পশ্চিমে সংঘটিত দুটি হামলার মধ্যে একটিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন। তারা শহরটির আল-মাওয়াসি এলাকায় নিহত হয়েছেন।

আর জাজিরার রিপোর্টার তারেক আবু আযম বলেছেন, এখানকার পরিস্থিতি এখনও সংকটজনক। আমি যখন কথা বলছি তখনও আমি মধ্য গাজায় ইসরায়েলি ড্রোনগুলোর উড্ডয়নের শব্দ শুনতে এবং দেখতে পাচ্ছি।

সম্প্রতি ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকা, হাসপাতাল, স্কুল এবং মসজিদে হামলা শুরু করেছে। এরপর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে সংঘর্ষ স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে।

অবশ্য গাজার দক্ষিণে রাফাহ এবং উত্তরে বেইত হানুনে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ এবং নেটজারিম করিডোরের আংশিক নিয়ন্ত্রণ নেওয়া সত্ত্বেও ইসরায়েলি সৈন্য এবং হামাস যোদ্ধাদের মধ্যে এখন পর্যন্ত সরাসরি কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আর জাজিরা।

সৌদিতে আলোচনার আগে ইউক্রেনে প্রাণঘাতী ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনে প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির জাপোরিঝিয়া শহরে রুশ সামরিক বাহিনীর চালানো ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

সৌদি আরবে যুত্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার আগে ইউক্রেনে প্রাণঘাতী এই হামলা চালাল মস্কো। শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ শনিবার বলেছেন, আগের রাতে চালানো এই হামলায় আবাসিক ভবন, গাড়ি এবং আবাসিক ভবনে আগুন লেগেছে। জরুরি পরিষেবাগুলোর কর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করছে বলেও ছবিতে দেখা যাচ্ছে।

তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামানোর লক্ষ্যে সোমবার সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সাথে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল পৃথক বৈঠকে বসতে চলেছে। তার আগেই এই হামলা হলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে পরপর কয়েকদিন পৃথকভাবে ফোনালাপ করার পর ইউক্রেন ও রাশিয়া এই সপ্তাহে সীমিত অস্ত্রবিরতির বিষয়ে নীতিগতভাবে একমত হয়েঠিল, তবে কোন কোন লক্ষ্যবস্তুতে আক্রমণের সীমা থাকবে তা এখনও বিতর্কিত।

সীমিত যুদ্ধবিরতির আওতায় কী কী বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সে সম্পর্কে তিন পক্ষের মধ্যে সম্পূর্ণ ভিন্ন মতামত রয়েছে বলে মনে হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, “জ্বালানি ও অবকাঠামো” এই চুক্তির অংশ হবে, তবে ক্রেমলিন ঘোষণা করেছে, চুক্তিটি “জ্বালানি অবকাঠামো” সম্পর্কে খুবই সংকীর্ণভাবে উল্লেখ করেছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রেলওয়ে এবং বন্দরগুলোকেও সুরক্ষিত রাখতে চান।

আল জাজিরা বলছে, জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন। মেয়ে এবং বাবার মৃতদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা হয়েছে। আর
ডাক্তাররা ১০ ঘণ্টারও বেশি সময় ধরে মায়ের জীবন বাঁচাতে লড়াই করে ব্যর্থ হয়েছেন বলে ফেডোরভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, শনিবার রাতভর সর্বশেষ আক্রমণের সময় রাশিয়া ১৭৯টি ড্রোন এবং ডিকয় নিক্ষেপ করেছে। তারা জানিয়েছে, ১০০টি ড্রোনকে বাধা দেওয়া হয়েছে এবং আরও ৬৩টি হারিয়ে গেছে, সম্ভবত ইলেকট্রনিকভাবে জ্যাম হয়ে গেছে।

কিয়েভ এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের কর্মকর্তারাও জানিয়েছেন, আটকানো ড্রোন থেকে ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগেছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪৭টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, “২০২২ সালের মতো আলোচনা প্রক্রিয়া ব্যাহত করার লক্ষ্যে আবারও উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে সতর্ক করছি, যদি কিয়েভ সরকার তার ধ্বংসাত্মক কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে রাশিয়ান ফেডারেশনও জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।”