শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

aus14বিশ্বকাপের প্রথম দিনে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ অস্ট্রেলিয়া বিশ্বকাপ-অভিযান শুরু করলো। অস্ট্রেলিয়ার করার ৩৪২ রানের জবাবে ইংলিশরা গুটিয়ে যায় ২৩১ রানে। ফলে ১১১ রানের বড় জয় পায় অসিরা।

জয়ের জন্য ৩৪৩ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে শুরুটা খুবই বাজে হয় ইংলিশদের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইংল্যান্ড ৯২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে কার্যেত অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ করে।

এরপর ধুঁকতে থাকা ইংল্যান্ডকে সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্য একাই লড়াই চালিয়ে যান জেমস টেলর। সপ্তম উইকেট জুটিতে টেলরকে যোগ্য সঙ্গ দেন ক্রিস ওকস। এই দুজন ৯২ রানের জুটি গড়লে ইংলিশরা বড় লজ্জা থেকে রক্ষা পায়।

দলীয় ১৮৪ রানে ওকস ফিরে গেলে দ্রুত ৯ উইকেটে ১৯৫ রানে পরিণত হয় মরগানের দল। শেষ উইকেটে অ্যান্ডারসনকে নিয়ে সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি।

ব্যক্তিগত ৯৮ রানে আম্পায়ার আলিম দার লেগ বিফোর আউট দিলে রিভিউ নিয়ে বেঁচে যান টেলর। তবে সঙ্গী অ্যান্ডারসন বোকামির কারণে রান আউট হলে ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন টেলর। ৯০ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৭ রান আসে ক্রিস ওকসের ব্যাট থেকে।
ইংল্যান্ডের ব্যাটিংয়ের কোমড়টা ভেঙে দেন অসি অলরাউন্ডার মিশেল মার্শ। ৩৩ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন তিনি। এছাড়া মিশেল জনসন ও স্টার্ক নেন দুটি করে উইকেট।

এর আগে ফিঞ্চের সেঞ্চুরি ও ম্যাক্সওয়েল এবং বেইলির অর্ধ-শতকের ওপপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪২ রানের পাহাড় গড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে ফিঞ্চ সর্বোচ্চ ১২৮ বলে ১৩৫ রান করেন। তার ইনিংসটি ১২টি চার ও দুটি ছয়ে সাজানো ছিল। এছাড়া ম্যাক্সওয়েল ৪০ বলে ৬৬ এবং বেইলি ৬৯ বলে করেন ৫৫ রান। আর ১৪ বলে ৩১ রানের ‘ক্যামিও’ ইনিংস উপহার দেন ব্রাড হাডিন।

ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করা স্টিভেন ফিন নেন পাঁচটি উইকেট। ব্রড নেন দুটি।

অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে। এর একদিন আগে ইংলিশদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

এরা কি মুসলমান: প্রধানমন্ত্রী

hasina140যারা পেট্রলবোমা মেরে পুড়িয়ে মানুষ হত্যা করছে তারা প্রকৃত মুসলমান কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘আন্তর্জাতিক সুফি সম্মেলন-২০১৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সংশয় প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী দেশে চলমান সহিংসতাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করে বলেন, “সম্পূর্ণ ব্যক্তিস্বার্থে এই হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। যারা ইসলাম ধর্মের নামে মানুষ পুড়িয়ে হত্যা করছে, তারা ইসলামের বদনাম করছে।”

শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, “পুড়িয়ে মারার মতো যন্ত্রণা মানুষ মানুষকে কীভাবে দেয়? যারা ইসলাম ধর্ম পালন করে তারা কীভাবে মানুষ মারে? দেশে এখন যে তাণ্ডব হচ্ছে, পেট্রলবোমা দিয়ে মানুষ মারছে, আতঙ্ক সৃষ্টি করছে- এরা কি প্রকৃত মুসলমান?” রাজনৈতিক কর্মসূচির নামে যারা মানুষ পুড়িয়ে মারছে সৃষ্টিকর্তা তাদের ‘সুমতি’ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ‘অপকর্মের’ বিরুদ্ধে জনমত সৃষ্টিতে কাজ করার জন্য মাশায়েখ ও আলেমদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এখানে আলেম-মাশায়েখরা এসেছেন। আপনাদের কাছে আমি এই বিচারের ভার ছেড়ে দিলাম।”

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চুরির টাকা রক্ষা করতেই মানুষ পুড়িয়ে গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন। উনি (খালেদা) বিচারের সম্মুখীন হতে ভয় পান।”

অনুষ্ঠানে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, ভারতের রাজস্থানের আজমীরের খাজা মইনুদ্দিন চিশতির দরগাহর সভাপতি ওয়াহিদ হোসেন চিশতি, দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার দরগাহের সভাপতি সৈয়দ নজিব আল নিজামী, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ রেজাউল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তৈয়বুর বশর মাইজভান্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন।

রোববারের এসএসসি পরীক্ষা শুক্রবার

nahid30বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধের মধ্যে হরতাল আহ্বান করায় রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল নয়টা থেকে অনুষ্ঠিত হবে। তবে বুধবারের পরীক্ষার সূচি বহাল রয়েছে।

শনিবার বিকাল সোয়া চারটায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার হেয়ার রোডের সরকারি বাসায় সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্ত জানান।

শিক্ষামন্ত্রী জানান, রোববার এসএসসিতে গণিত (আবশ্যিক), দাখিলে ইংরেজি প্রথম পত্র (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), এসএসসি ভোকেশনালে রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬) (সৃজনশীল), রসায়ন বিজ্ঞান-২ (৮১২৬) (সৃজনশীল/সাধারণ) এবং ভোকেশনাল দাখিলে রসায়ন বিজ্ঞান-২ (১৭২৬) (সৃজনশীল) ও রসায়ন বিজ্ঞান-২ (৮৫২৬) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী এসব পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শুক্রবার নেয়া হবে।

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে রোববার পরীক্ষা নেয়া সম্ভব নয় বলে জানান মন্ত্রী। তবে তিনি আশা প্রকাশ করেন, পরীক্ষার্থদের কথা ভেবে মঙ্গলবারের পর ২০ দল আর হরতাল দেবে না। সে ক্ষেত্রে বুধবারের নির্ধারিত পরীক্ষা সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ঘোষিত মূল সূচি অনুযায়ী ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে ২, ৪, ৮, ১০ ও ১২ ফেব্রুয়ারি নির্ধারিত ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। পেছানো সূচিতেও এখন পর্যসন্ত মাত্র  চার দিন পরীক্ষা নেয়া সম্ভব হয়েছে। তাও  সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

এবার আবার হরতালের কারণে পিছিয়ে নিতে হলো পেছাল এসএসসি ও সমমানের পরীক্ষা।

জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি আইনজীবীদের

un14দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য জাতিসংঘের রাজনৈতিক শাখার তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রস্তাবিত জাতীয় সরকার সমর্থক গোষ্ঠীর ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, সিয়েরালিয়ন, কম্বোডিয়া এবং আফ্রিকার অনেক দেশে জাতিসংঘের তত্বাবধানে নির্বাচনের ফলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ নিরব থাকতে পারে না বলে বক্তারা উল্লেখ করেন।

প্রস্তাবিত জাতীয় সরকার সমর্থক গোষ্ঠীর আহবায়ক অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় অ্যাডভোকেট আবেদ রাজা, তাজুল ইসলাম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট রফিকুল হক তালকুদার রাজা প্রমুখ বক্তব্য রাখেন।

খালেদাকে রাজনীতি থেকে বিতাড়নই সমাধান

muhitখালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়নই সমস্ত সমস্যার সমাধান বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া চরম নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিলেন। সেই নির্বুদ্ধিতার প্রায়শ্চিত্ত করতে তিনি দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যুদ্ধ  ঘোষণা করেছেন। কিন্তু এটা কোনো প্রায়শ্চিত্ত হতে পারে না।

তার প্রায়শ্চিত্ত হতে পারে একমাত্র রাজনীতি থেকে বিতাড়ন। এটাই সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। আর এটা যখন তার অনুসারীরা বুঝতে পারবেন, তখনই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, হরতাল-অবরোধের নামে যা চলছে, সেটা কোনো রাজনৈতিক আন্দোলন হতে পারে না। এটা দেশ ও জাতির বিরুদ্ধে আন্দোলন।

এ আন্দোলনের কোনো এজেন্ডা নেই উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আপনারা পদত্যাগ করুন, নির্বাচন দিন এটা কোনো এজেন্ডা হতে পারে না।

তিনি বলেন, আমার মনে হয়, দেশ এগিয়ে যাচ্ছে, আমরা একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছি, খালেদা জিয়া এটি সহ্য করতে পারছেন না। তাই তিনি দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

বিএনপি একটি রাজনৈতিক দল হলেও সাম্প্রতিক কর্মকাণ্ডে তারা রাজনৈতিক দলের সত্ত্বা হারাতে বসেছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

সেমিনারে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ প্রমুখ।

সেমিনারে সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম।

নিজেদের স্বার্থেই বিএনপি জামায়াত মানুষ হত্যা করছে

hasina29প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সন্ত্রাসী আর জঙ্গিবাদীদের কোনো ধর্ম নেই। নিজেদের স্বার্থেই বিএনপি জামায়াত মানুষ হত্যা করছে।

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ তরিকত ফেডারেশনের সুফী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৩ সালে নির্বাচন ঠেকানোর নামে প্রায় দুইশ জনের মতো মানুষ হত্যা করেছে। আর এই কয়েকদিনে উনি হরতাল-অবরোধ দিয়ে মানুষ হত্যা করছেন।

তিনি আরও বলেন, উনি বিচারের মুখোমুখি হতে ভয় পান। তার ভেতরে যদি সততা থাকতো, আত্মবিশ্বাস থাকতো তাহলে তিনি বিচারের মুখোমুখি হতেন। কিন্তু তা তিনি হবেন না। মানুষ পুড়িয়ে মেরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চান যে এ দেশের গণতন্ত্র ধ্বংস হবে।

তিন মাসের মধ্যে নির্বাচন দাবি বি. চৌধুরীর

bchow26তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের দাবিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে করা প্রতীকী অনশন কর্মসূচিতে এ দাবি জানান সাবেক এই রাষ্ট্রপতি।

রাজধানীর কুড়িল বিশ্বরোড়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি চলছে। শনিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া প্রতীকী অনশন চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

কর্মসূচি চলাকালে বেলা ১২টার দিকে বদরুদ্দোজা চৌধুরী সরকারের উদ্দেশে বলেন, তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য যা যা করা দরকার, তা করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বলেন, আপনি ৫৭ জন (বিডিআর কর্মকর্তা) হত্যার সঙ্গে জড়িতদের সঙ্গে ঘরে বসে কথা বলেছেন। পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী নেতার সঙ্গে কথা বলেছেন, সমস্যার সমাধান করেছেন। তাহলে তিনবারের প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) সঙ্গে কেন কথা বলবেন না।

শেখ হাসিনার উদ্দেশ বদরুদ্দোজা চৌধুরী আরো বলেন, বিদেশিদের চাপে যখন কথা বললেন, তখন তো দেশের মর্যাদা বাড়বে না। সেটা আমাদের জন্য লজ্জার হবে।

সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি। তিনি বলেন, ক্রসফায়ার, অস্ত্র দিয়ে সমস্যার সমাধান হবে না। এটা গণতন্ত্রের ভাষা নয়।

কোনো অপশক্তি সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরাতে পারবে না: কামরুল

kamrul29খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, অতীতে যেমন জিয়াউর রহমানসহ অন্যান্য সেনাবাহিনীরা বঙ্গবন্ধুসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, বর্তমান সেনাবাহিনী  তাদের মতো না। কোনো অপশক্তি কোনো অবস্থাতেই সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরাতে পারবে না।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ  স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি বিএনপি-জামায়াতের হিংসাত্নক কার্যকলাপের প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, “বর্তমান সেনাবাহিনী দেশপ্রেমিক। যারা অতীতে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, এখনকার সেনাবাহিনী  ওইরকম না। কোনো অবস্থাতেই তাদের মধ্যে ফাটল ধরবে না।”

২০ দলের সঙ্গে সংলাপের কথা নাকচ করে দিয়ে কামরুল বলেন, “পশুর সাথে সংলাপ হতে পারে না। কাদের সাথে সংলাপ, কিসের সংলাপ? যারা  অপরাধ করে চলেছে এবং সেই অপরাধে যারা সহযোগিতা করে চলেছে তাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচর করা হবে।”

সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান নাগরিক কমিটি হলো পরগাছা । এরা মাঠে নেমেছে সন্ত্রাসীদের সঙ্গে সংলাপের কথা বলার জন্য।”

সভায় সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরো  বক্তব্য দেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খান, আওয়ামী লীগ নেতা শাহে  আলম মুরাদ, আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।

হ্যাপির আনহ্যাপি পরিণতি

happirউঠতি নায়িকা নাজনিন আক্তার হ্যাপি। লোকে তাকে তেমন চিনতই না। কিন্তু হঠাৎই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন এই মুভি অভিনেত্রী। জাতীয় দলের পেসার রুবেলের সঙ্গে সম্পর্ক এবং এর জের ধরে থানায় ধর্ষণ মামলার পর থেকেই এক নামে পরিচিতি পেয়ে যান হ্যাপি।

এখন হ্যাপি-রুবেল কোনো কিছু মানেই মানুষের কাছে হট কেক। রেডিও ঢাকা এফএমে এসে অন্ধকারের গল্পে নিজের এবং রুবেলের কাহিনী নিজ মুখে শুনিয়েছেন হ্যাপি। জানান কিভাবে সম্পর্ক হয়েছিল এবং গভীরতা কত দূর গিয়েছিল। একই ফ্ল্যাটে তারা কিভাবে থাকতেন। এরপর কিভাবে আবার দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে।

যদিও মামলার পর হ্যাপি শর্ত দিয়েছিলেন, রুবেল তাকে বিয়ে করলে তিনি মামলা তুলে নেবেন। কিন্তু ঢাকা এফএমে তিনি বলেছেন, রুবেলকে আর বিয়ে করতে চান না। বরং প্রতারণার কারণে যেন তার কঠোর শাস্তি হয়, সেটাই চান তিনি।

রেডিওতে একটি ইন্টারভিউয়ে হ্যাপি বলেন, এক বছর ধরে ওর সঙ্গে পরিচয়। শুরুটা হয় ফেসবুকের মাধ্যমে। ও যে খেলোয়াড় এটা আমি জানতাম না। ওর বাড়ি বাগেরহাটে, আমার বাড়িও বাগেরহাটে। ক্রিকেট আমি ভালো বুঝিও না। প্রথমে ও আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ও ছিল অন্য একটা জগতের মানুষ, আমি আরেক জগতের। এভাবে একটা সময় আমার ফোন নাম্বার চায় রুবেল। এর আগে শুরু থেকেই ফেসবুকে কথা হয়েছে। এর ফোন পেয়ে প্রথমে খারাপ লাগত ও বিরক্ত হতাম। তারপর থেকে আস্তে আস্তে সম্পর্ক হয়েছে।

মার্চের ৮ তারিখে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করি। ও খুব পাগলামি করত। প্রায়ই ওর সঙ্গে ঘুরতে বের হতাম। একদিন গাড়িতে করে ঘুরছিলাম। কোনো কিছু নিয়ে খুব রাগ হওয়ায় আমি গাড়ি থেকে নেমে পড়ি। ঘটনাটি ঘটেছে স্টেডিয়ামের সামনে। সে আমার পেছন পেছন আসতে থাকে। হঠাৎ দেখি গাড়ি থেকে নেমে সে আমার রিকশা চালাতে শুরু করে। তখন বুঝলাম ও আমাকে সত্যি ভালোবাসে। আরেক দিন সে রাগ করে রাস্তায় বসে পড়ল, কিছুতেই উঠবে না। আর কোনো কিছুই হলেই কান্না শুরু করে দিত। এসব পাগলামি দেখে আমি বুঝতাম ও আমাকে সত্যি ভালোবাসে। এখন মনে হয় সব কিছু অভিনয় ছিল ওর।

ঢাকায় থাকলে প্রতিদিন ওর সঙ্গে দেখা হতো। ওর সঙ্গে অনেক ঘুরেছি। ওর সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত জমা হয়ে আছে। ওইগুলো ভুলতে পারছি না। দক্ষিণ কোরিয়া থেকে আসার পর ঈদের আগের রাতে আমি ওর জন্য একটি পাঞ্জাবি কিনেছি। সেই পাঞ্জাবি ওকে দিতে আমি বাগেরহাটে গিয়েছিলাম। বাসায় মিথ্যা কথা বলে আমি একাই রুবেলকে পাঞ্জাবি উপহার দিতে ওদের বাড়িতে গিয়েছি। কিন্তু সেটা আমি ওকে দিতে পারিনি। আমি সারা রাত কান্নাকাটি করে পরে ঢাকায় ফিরে আসি। আমি ওকে বলতাম, আমাকে বিয়ে করো। ও বলত, আমি তোমাকে বিয়ে করব।

ওর সব কথাই আমি শুনতাম। যখন যা বলত তাই করতাম। বন্ধুদের সঙ্গে দেখা করতে দিত না আমাকে। একা একা মার্কেটে যেতে দিত না। ওকে মনে হয়েছে ও শুধুই আমার, আর কারো নয়। আমরা অনেক দুষ্টুমি করতাম। নয় মাসে ৯০০ বার আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে। এমন করত, তারপর আবার ফোন করে কাঁদত।

আমি চাইতাম ওর সঙ্গে সারা জীবন থাকব। রুবেল প্রতিদিন নেশা করত। অতিরিক্ত নেশা করত। আমি তাকে নিষেধ করতাম।

সম্পর্কে ভাটা বিষয়ে হ্যাপি বলেন, যখন আমি জানলাম ওর ফ্যামিলি ওকে বিয়ে করাতে চাইছে। তখন আমি ওকে বলেছি, তুমি আমাদের সম্পর্কের কথা বাবা-মাকে জানাও। আমাদের স্বপ্নের কথা বলে দাও। কিন্তু সে জানায়নি। উল্টো আমাকে খারাপ মেয়ে বলে গালি দিয়েছে। মিডিয়ায় কাজ করলে নাকি আমরা খারাপ হয়ে যাই।

তারপরও আমি মনে করতাম, যেহেতু ভালোবেসে ফেলেছি এখন তো ফিরতে পারব না। ওকে অনেক মিস করেছি। ওকে ছাড়া ভালো লাগত না। ওর কথায় ফিল্ম ছেড়ে দিয়েছি। কিন্তু ওর মধ্যে কোনো পরিবর্তন দেখিনি।

মামলার সিদ্ধান্ত সম্পর্কে হ্যাপি বলেন, এ ব্যাপারটা বলতে গেলে অনেক কিছু চলে আসে। ওকে আমি এত বেশি ভালোবাসি। কিন্তু ও বলে দেয়, আমাকে বিয়ে করা সম্ভব নয়। অথচ তার সঙ্গে তার বাসায় স্বামী-স্ত্রীর মতোই থাকতাম। বিয়ে না করার কথা শুনে আমি অন্য রকম হয়ে যেতাম। ওর বাবা-মা ছাড়া আমিই ওকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। একদিন হঠাৎ করেই বলল, তোমার সঙ্গে আমার সম্পর্ক ব্রেকআপ। তুমি আমাকে ফোন দিও না। আমি তোমাকে বিয়ে করতে পারব না।

এরপর একদিন আমাকে বলে, আমি কয়েকটি মেয়েটি নিয়ে মদ খাচ্ছি।

তখন রাতেই ওর বাসায় যাই। গিয়ে দেখি ওর বাসায় দু’টি মেয়ের জুতা। ভেতরে গিয়ে দেখি মদের বোতল নিয়ে সবাই খাচ্ছে। সেখানেই সিদ্ধান্ত নিলাম, আমি আত্মহত্যা করব। তখন আমি মদের বোতল ভেঙে নিজের হাত কেটেছি। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকাল পর্যন্ত আমার জ্ঞান ফেরেনি।

যখন আমি বলেছি তার সঙ্গে সম্পর্ক নেই। তখন অন্য ধরনের রূপ আমাকে দেখাত। দুই দিন পর ফের ও আমাকে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে। তখন আমি সব ভুলে যাই। আমারও খারাপ লেগেছিল। মেয়ে দু’টিকে দুই দিনের পরিচয়ে বাসায় সারা রাত রাখে। এ ব্যাপারটাই আমার কাছে মেনে নেয়া কঠিন ছিল। তখন ভাবলাম, মানুষ তো একটু ভুল করেই! কিন্তু সত্যি সত্যি ও আমার সঙ্গে নয় মাসে প্রেমের ম্যাচ খেলেছে।

ওর সঙ্গে স্বামী-স্ত্রীর মতোই থেকেছি, কিন্তু আমিও বুঝতে পারতাম না যে আমি ভুল করে যাচ্ছি। আবার ভুল বোঝার মতো ক্ষমতাও ছিল না। মামলা করার আগের দিন সে বলেছে, আমাকে বিয়ে করতে পারবে না। তখন আমি ওকে বলেছি, কেন তুমি বিয়ে করবে না? এরপর মামলা করতে চেয়েছি। থানায় যাই। তখন থানা থেকে বিসিবিতে ফোন করে। তখন কিছু খেলোয়াড় বিষয়টা মীমাংসা করতে থানায় আসে। ওই সময় রুবেল বলে, আমি তোমাকে বিয়ে করব। এরপর আমি সিদ্ধান্ত নিই মামলা করব না।

কিন্তু তাতেও কোনো কিছু বদলায় না। আবারও রুবেল বলে, বাবা-মা আমার বিয়ে ঠিক করেছে। বিশ্বকাপের পরেই ও বিয়ে করবে। এ সময় ওকে বলি, আমাদের কথাগুলো রেকর্ড করা আছে। হঠাৎ সে পাল্টে যায়। অনেক ভালো ব্যবহার করতে থাকে। মামলা করার আগের দিন অনেক ভুলিয়ে-ভাগিয়ে আমাকে তার বাসায় নিয়ে যায়, মোবাইলের অনেক কিছু ডিলিট করে দেয়। তখন আমি বলি, তোমার সঙ্গে আমার নয় মাসের কিসের সম্পর্ক ছিল? তখন সে বলে, তুমি মামলা করবে? করো, কিছুই করতে পারবে না। মামলা করে কিছুই হবে না। আমি তোমার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করব।

অথচ তার সঙ্গে অলিখিত স্বামী-স্ত্রী হিসেবে থাকতাম। ও আমাকে বউ বলে ডাকত। আমি নিজেকেও তার স্ত্রী ভাবতাম। আমি এখন চাইলেও কাঁদতে পারি না। চাইলেও হাসতে পারি না।

এখন ওর কথা শুনলেই ঘৃণা হয়। ওকে আমি ঘৃণা করি। এখন সত্যি রুবেল নামের এ মানুষের প্রতি ঘৃণা হয়। সে আমাকে নিয়ে খেলল। রুবেলের মতো জানোয়ারকে আমি আর কখনো বিয়ে করব না।

পরবর্তী সময়ে হ্যাপির দায়ের করা মামলায় রুবেলকে জেলে যেতে হয়। তারপর ক্রিকেট বোর্ডের সুপারিশে ২০১৫’র বিশ্বকাপে খেলার জন্য রুবেলকে জামিনে মুক্তি দেয়া হয়।

ওবামার কাছে খামেনির গোপন চিঠি

obama khaminiইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি গোপন চিঠি পাঠিয়েছেন। গত অক্টোবরে ওবামা ইরানি নেতাকে খামেনিকে একটি চিঠি পাঠিয়েছিলেন। তার জবাবেই এ চিঠি পাঠান খামেনি। পরমাণবিক চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই তিনি চিঠিটি পাঠিয়েছেন।

এক ইরানি কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে এ তথ্য জানানো হয়েছে।

 খবরে বলা হয়েছে, অক্টোবরে পাঠানো ওবামার চিঠির জবাবে আয়াতুল্লাহ আলি খামেনি তাকে একটি গোপন চিঠি পাঠিয়েছেন। তবে এতে কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি।

ইরানি কূটনীতিক জার্নালকে বলেন, ওবামা তার চিঠিতে বলেছিলেন, ইরানের পরামাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হলে, কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার সম্পর্ক গড়ে উঠতে পারে। ওবামার চিঠির প্রতি সম্মান জানিয়ে খামেনি চিঠি পাঠালেও, তাতে সুনির্দিষ্ট কোন প্রতিশ্রুতি নেই। ইরানের সকল বিষয়ে খামেনির সিদ্ধান্তই চূড়ান্ত।

যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানান, খামেনি তার চিঠিতে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র গত ৬০ বছরে ইরানি জনগণের বিরুদ্ধে বিভিন্ন অন্যায়-অবিচার করেছে।

তবে হোয়াইট হাউট ও ইরান সরকার কেউ আনুষ্ঠানিকভাবে দুই নেতার চিঠির ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি।