শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

মগবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল

mogbazar jamatসরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ও ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্রের প্রতিবাদে জোট ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মগবাজারে মিছিল করেছে রমনা থানা জামায়াত-শিবির নেতাকর্মীরা।

রোববার সকালে রাজধানীর মগবাজারের রেলগেট এলাকায় এ মিছিলটি করে।

মিছিলে নেতৃত্বদেন জামায়াত নেতা ড. আহসান হাবিব, ইউসুফ আলী, আতাউর রহমান সরকার, আকতার হোসাইন, সুলতান মাহমুদ, মাহবুবুর রহমান, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান ও মুরাদ হোসেন প্রমুখ।

ইয়াবাসহ সাবেক আইজিপির ছেলে আটক

eyabaরাজধানীর বনানী থানা এলাকা থেকে শনিবার রাতে ইয়াবাসহ পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদার ছেলে শামসুল হুদাকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মো. জুয়েল (২৬) নামের এক যুবককেও আটক করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বনানী থানার পুলিশ জানায়, খবর পেয়ে শনিবার রাতে বনানীর ১৪ নম্বর সড়কের ৯০ নম্বর বাসার সামনে থেকে ৩৮টি ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়।

আজ চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

hasinaaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার এক সংক্ষিপ্ত সফরে চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন। সকালে তিনি প্রথমে কক্সবাজার যাবেন এবং পরে সেখান থেকে চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে।

ঢাকা থেকে হেলিকপ্টারে সকাল দশটায় তিনি যাবেন কক্সবাজারের রামু সেনানিবাসে। সেখানে তিনি ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান শেষে দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে সেনানিবাসের তত্ত্বাবধানে নবনির্মিত পাঁচ তারকা হোটেল উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন অনুষ্ঠান শেষে বিকেলে তিনি ঢাকায় ফিরবেন।

সাঙ্গা-থিরিমান্নের ব্যাটে লংকানদের জয়

thirimবিশ্বকাপের ২২তম ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৩১০ রানের বড় লক্ষ্যে তাড়া করেও ৯ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। জোড়া সেঞ্চুরিতে লঙ্কানদের দুর্দান্ত জয় এনে দেন লাহিরু থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারা।

রোববার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে টস জিতে ব্যাট করে জো রুটের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩০৯ রানের বড় স্কোর গড়ে ইংল্যান্ড। জবাবে ৯ উইকেট ও ১৬ বল হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন দিলশান ও থিরিমান্নে। ওপেনিং জুটিতে ১৯ ওভারে ১০০ রান যোগ করেন এই দুজন। ৪৪ রান করে মঈন আলীর বলে ইয়ান মরগানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন  দিলশান। তার ৫৫ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কার মার।

এরপর সাঙ্গাকারার সঙ্গে জুটি বেঁধে দলকে জয় এনে দেন থিরিমান্নে।

এর আগে জো রুটের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩০৯ রানের বড় স্কোর গড়ে ইংল্যান্ড। দলের পক্ষে রুট করেছেন সর্বোচ্চ ১২১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান আসে ইয়ান বেলের ব্যাট থেকে। শ্রীলঙ্কার ৬ বোলার একটি করে উইকেট ভাগ করে নিয়েছেন।

টস জিতে ব্যাট করতে নেমে ৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন মঈন আলী ও ইয়ান বেল। সুরাঙ্গা লাকমালের বলে বিদায় নেওয়ার আগে ১৫ রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া মঈন। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ভাল করতে পারেননি গ্যারি ব্যাল্যান্স। দলীয় ৭১ রানে তিনি ফেরেন ব্যক্তিগত ৬ রান করে। ব্যাল্যান্সকে ফিরতি ক্যাচে পরিণত করেন তিলকারত্নে দিলশান।

তৃতীয় উইকেটে জো রুটের সঙ্গে ৩০ রানের জুটি গড়ে বিদায় নেন বেল। মাত্র ১ রানের জন্য ফিফটি মিস করেন তিনি। লাকমালের বলে বোল্ড হয়ে বিদায় নেন বেল।

এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক ইয়ান মরগানের সঙ্গে ৬০ রানের বড় জুটি গড়েন রুট। মরগান ২৭ রান করে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রাখেন রুট। সেই সঙ্গে পঞ্চম উইকেটে জেমস টেলরের সঙ্গে ৯৮ রানের আরেকটি বিশাল জুটি গড়েন তিনি। ২৫ রান করে লাসিথ মালিঙ্গার বলে দিলশানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টেলর।

ইনিংসের ৪৪তম ওভারে অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে চার মেরে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরণ করেন রুট। সেই সঙ্গে বিশ্বকাপে ইংল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির গৌরব অর্জন করেন তিনি। দলীয় ২৬৫ রানে রঙ্গনা হেরাথের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন রুট। ১০৮ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১২১ রান করেন তিনি।

অার শেষ দিকে জশ বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোর ৩০০ রানের কোটা পার করে ইংল্যান্ড। ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন বাটলার। ৬ চার ও ১ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। এ ছাড়া ৮ বলে ৯ রান করে অপরাজিত থাকেন ক্রিস ওয়াকস।

জয়পুরহাটে তিনটি বাসে আগুন

bus30২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্ট কালের অবরোধের ৫৫তম দিনে এবং ৭২ঘণ্টা হরতালের প্রথম দিনে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বাসস্ট্যান্ডে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার সকাল ৭টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে  ৭-৮ জনের একটি দল এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এদিকে স্থানীয়রা ধারণা করছে হরতালকারীরাই এ ঘটনা ঘটিয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আক্কেলপুর থানার ওসি আবুল কালাম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

বাসে চড়ে তুরস্ক ছাড়ে সেই ৩ কিশোরী

is kishoriআইএসে (ইসলামিক স্টেট) যোগ দেওয়া তিন ব্রিটিশ কিশোরী তুরস্কের ইস্তাম্বুল থেকে বাসে চড়ে সিরিয়া সীমান্তে যায় বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজে তাদের ইস্তাম্বুলের বাস স্টেশনে অবস্থান করতে দেখা গেছে।

সম্প্রতি শামিমা বেগম (১৫), খাদিজা সুলতানা (১৬) ও আমিরা এ্যাবেজ (১৫) নামে তিন স্কুলছাত্রী যুক্তরাজ্য থেকে সিরিয়া যাওয়ার উদ্দেশে তুরস্কে পৌঁছে। ১৭ ফেব্রুয়ারি তারা লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওয়ানা হয়।

সর্বশেষ সিসিটিভি ফুটেজে তাদের ইস্তাম্বুলের বায়রামপাসা স্টেশনে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বিবিসি জানায়, তারা সিরীয় সীমান্তসংলগ্ন উরফা অঞ্চলে যাওয়ার জন্য দুটি পরিবহন কোম্পানির অফিসে বসেছিল।

সিসি ক্যামেরায় তোলা পাঁচটি ইমেজে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেগুলো ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিট ও ১৮ ফেব্রুয়ারি দুপুর ১টা ২২ মিনিটে তোলা।

স্কটল্যান্ড ইয়ার্ডের ধারণা, বেথনাল গ্রিন এ্যাকাডেমির ওই তিন ছাত্রী বর্তমানে সিরিয়ায় অবস্থান করছে। সিরিয়া সীমান্ত থেকে আইএস সদস্যরা তাদের নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, ইস্তাম্বুল থেকে বাসে চড়ার পরদিন তারা উরফা সীমান্তে পৌঁছায়। সেখান থেকে মানব পাচারকারীরা তাদের সীমান্ত পার করে সিরিয়ায় পৌঁছে দেয়।

বিভিন্ন সূত্রে বিবিসি জানতে পেরেছে, কিলিস বন্দর দিয়ে তারা সিরিয়ায় প্রবেশ করে। এক মানব পাচারকারী ওই স্কুলছাত্রীদের সিরিয়ায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

আলী কাথেম নামে পরিচয় দানকারী ওই পাচারকারী জানায়, সীমান্ত দিয়ে হেঁটে সিরিয়ায় প্রবেশ করে তারা। অপেক্ষারত আইএসের একদল সদস্য তাদের প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায়।

যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে দেশটির নাগরিক ওই তিন স্কুলছাত্রীর সফরের কথা প্রকাশ করা হয়েছিল। শামিমা ও খাদিজা নামে দুই বাংলাভাষী এবং আমহারিকভাষী আমিরার পরিবারের পক্ষ থেকে তাদের ফিরে আসার আহ্বান জানানো হয়।

সোমবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

joyshonkarভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর সোমবার শুভেচ্ছা সফরে ঢাকা আসছেন। জয়শঙ্করের সফরে ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়ন ছাড়াও আগামীতে দুইদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিষয়টি গুরুত্ব পাবে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকবলেন, ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর সোমবার শুভেচ্ছা সফরে ঢাকা আসছেন। ওইদিনই তিনি ঢাকা ছেড়ে যাবেন। সুব্রামানিয়াম জয়শঙ্কর পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সফর।

তিনি আরও বলেন, এটি মূলত শুভেচ্ছা সফর। এটি কোনো দ্বি-পাক্ষিক বৈঠক নয়। এই সফরে দুইদেশের মধ্যে কোনো চুক্তি বা সমাঝোতা স্মরাক স্বাক্ষর হওয়ার সুযোগ নেই। তবে দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর মার্চের শুরু থেকে দক্ষিণ এশিয় দেশগুলোকে শুভেচ্ছা সফর করছেন। এর ধারাবাহিকতায় তিনি ১ মার্চ ভুটান, ২ মার্চ বাংলাদেশ, ৩ মার্চ পাকিস্তান এবং ৪ মার্চ আফগানিস্তান সফর করবেন।

সুব্রামানিয়াম জয়শঙ্কর শুভেচ্ছা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন।

আরো জানা গেছে, জয়শঙ্কর শুভেচ্ছা সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাচার হওয়া মানব সম্পদকে উদ্ধার, প্রত্যাবাসন এবং পুর্নবাসন, তিস্তা চুক্তি, স্থল-সীমান্ত চুক্তির বাস্তবায়ন, বন্দি বিনিময়, ছিটমহল বিনিময়সহ দুই দেশের অমিমাংসিত বিষয়গুলো গুরত্ব পাবে।

জানা গেছে, ভারতের সদ্যবিদায়ী সচিব সুজাতা সিংয়ের সঙ্গে ঢাকার ভালো সম্পর্ক ছিল। তাই নতুন সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর শুভেচ্ছা সফরের মাধ্যমে ঢাকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেষ্টা করবেন।

এ ছাড়া সামনে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং নরেন্দ্র মোদীর ঢাকা সফরের পটভূমিও জয়শঙ্করের সফরে রচিত হতে পারে।

টঙ্গীতে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

arrestগাজীপুরের টঙ্গী থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার এবং তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাব সদস্যরা। এই ব্যাপারে শনিবার দিবাগত রাতে টঙ্গী থানায় মামলা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. মামুন (৩৫), আতাহার আলী (৬০) ও একলাছ মল্লিক (৩৫)।

টঙ্গী থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় র‌্যাব সদস্যরা টঙ্গীর দত্তপাড়া এলাকার লেদু মিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার এবং ওই তিন ব্যক্তিকে আটক করে।

পরে রাত ২টার দিকে এই ব্যাপারে মামলা দায়ের এবং আটককৃতদের থানায় সোপর্দ করা হয়।

থিরিমান্নে ও সাঙ্গাকারার শতকে জয়ের পথে শ্রীলংকা

thirimলাহিরু থিরিমান্নে ও  সাঙ্গাকারা শতকে ৩১০- এর দিকে সহজেই এগিয়ে যাচ্ছে শ্রীলংকা।

লাহিরু থিরিমান্নে ও তিলকরত্নে দিলশানের উদ্বোধনী জুটিতে এসেছে ১০০ রান। মঈন আলীর বলে ফেরার আগে দিলশানের সংগ্রহ ৪৪ রান।

লাহিরু থিরিমান্নের ও সাঙ্গাকারা মিলে দেদারসে পেটাচ্ছেন ইংল্যান্ডকে।এই মুহূর্তে শ্রীলংকার সংগ্রহ ৪১.২ ওভারে ২৫৭ রান।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ড ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩০৯ রান।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১২১ রান (১০৮ বলে) করেন রুট। তার এই ইনংসটি ছিল ১৪টি চার ২ টি ছয়ে সাজানো।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান মঈন আলী আর বেলের ব্যাটে ভালো সূচনা করেছিল এবারের বিশ্বকাপে বেকায়দায় থাকা দলটি। দশম ওভারে ম্যাথুসের বলে ধরা পড়েন মঈন আলী ১৫ (২৬)। এর আগে উদ্বোধনী জুটিতে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬৩। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৪৯ রান (৫৪)।

অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা, লাকমাল, ম্যাথুস, দিলশান, হেরাথ ও পেরেরা একটি করে উইকেট নেন।

ওয়েলিংটনের এই মাঠেই এক সপ্তাহ আগে মোটে ১২৩ রানেই গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের ইনিংস।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একেবারেই যাচ্ছেতাই অবস্থা ইংল্যান্ড দলের। এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচের দুটোতেই হেরেছে দলটি। মোটে দুই পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানির দিকে অবস্থান করছে তারা। পয়েন্ট টেবিলে ইংল্যান্ডের অবস্থান এমনকি আফগানিস্তানেরও নিচে। টুর্নামেন্টে টিকে থাকতে আজকের ম্যাচে জয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫ দিন ধরে যুবদল নেতার বৃদ্ধা মা থানায় আটক

sumon mলক্ষ্মীপুরে যুবদল নেতা সুমনকে না পেয়ে তার বৃদ্ধা মা শামছুন্নাহারকে (৬০) আটক করেছে পুলিশ। আটকের পাঁচ  দিন পরও আদালতে হাজির না করায় উদ্বিগ্ন পরিবার। এ ঘটনায় শনিবার  বিকালে লক্ষ্মীপুর শহরের স্থানীয় একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবারের লোকজন। সুমন সদর উপজেলা দত্তপাড়া ইউনিয়নের ওয়ার্ড যুবদল সভাপতি।

সংবাদ সম্মেলনে বৃদ্ধার পুত্রবধূ মনোয়ারা বেগম লিখিত বক্তব্যে বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের দেওয়ানজি বাড়ি এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় সুমনকে না পেয়ে আমার বৃদ্ধ শাশুড়িকে আটক করে নিয়ে যায় পুলিশ। গত পাঁচ দিন অতিবাহিত হলেও পুলিশ তাকে ছাড়ছে না। আদালতে হাজিরও করছে না। এতে আমাদের পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন। আমার শাশুড়ির বিরুদ্ধে থানায় কিংবা কোথাও কোনো ধরনের মামলা বা জিডি নেই। শুধুমাত্র দেবর সুমন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ অন্যায়ভাবে শাশুড়িকে আটক করে নিয়ে যায়। এর আগেও একাধিক বার পুলিশ তাদের বাড়িঘর ভাঙচুর ও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া থানা হেফাজতে তার সঙ্গে দেখা করতে গেলেও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরকে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৃদ্ধার ছেলে কামাল হোসেন ও তার স্ত্রী  অজুফা বেগম।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, “সুমন একজন চিহ্নিত সন্ত্রাসী। তাকে ধরতে পুলিশ একাধিক বার অভিযান চালায় ওই এলাকায়। সুমনের মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।” জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হবে বলে তিনি জানান।