শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ju3জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পূর্ব ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে এ সংঘর্ষ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়াও পার্শ্ববর্তী লক্ষ্মীবাজার ও বাহাদুর শাহ পার্ক এলাকায়ও লাঠিসোটা নিয়ে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া দেখা গেছে।

এ ঘটনায় বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

আমলা-ডু প্লেসিসের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার ৪১১

amla dumuniটানা দ্বিতীয় ম্যাচে চার শ রানের বিশাল স্কোর গড়ল দক্ষিণ আফ্রিকা। প্রথম দল হিসেবে ওয়ানডে ক্রিকেটে এই রেকর্ড গড়ল প্রোটিয়ারা। গত ২৭ ফেব্রুয়ারি সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪০৮ রান করেছিল তারা। মঙ্গলবার ক্যানবেরায় সেটিও ছাড়িয়ে গেছে দলটি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে ৪১১ রানের বিশাল স্কোর গড়েছে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে কুইন্টন ডি ককের উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। এরপর দলের হাল ধরেন আমলা-ডু প্লেসিস। তাদের জোড়া সেঞ্চুরি বড় রানের ভিত গড়ে দেয় দলকে। তারা ২৪৭ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে।

১০ রানে এড জয়েসের হাতে জীবন পাওয়া আমলা তুলে নেন ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি। চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি করেছেন ডু প্লেসিসও। ২০তম সেঞ্চুরি করে আমলা ছাড়িয়ে গেলেন ভারতের বিরাট কোহলিকে। এখন আমলা সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ২০টি সেঞ্চুরির মালিক। আমলা ১০৮ ইনিংসে এই কৃতিত্ব গড়েছেন।

কেভিন ও’ব্রায়েনের বলে ডু প্লেসিস বোল্ড হলে বিচ্ছিন্ন হয় এই জুটি। ডু প্লেসিস ১০৯ বলে ১০৯ রান (১০ চার, ১ ছয়) করেন। ডাবল সেঞ্চুরির সুযোগ ছিল আমলার হাতে। ইনিংসের ৪২তম ওভারের প্রথম বলে এড জয়েসের হাতেই ধরা পড়েন তিনি ম্যাকব্রায়েনের বলে। তিনি ১২৮ বলে ১৫৯ রান (১৬ চার, ৪ ছয়) করেন। ওই ওভারের তৃতীয় বলে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও ফিরে যান। তিনি ৯ বলে ২৪ রান করেন।

বাকি সময়ে মিলার-রোসাউয়ের নির্ভার তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়েছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৮.৩ ওভারে ১১০ রানের জুটি গড়েন তারা। রোসাউ তুলে নেন হাফ সেঞ্চুরি। ৩০ বলে অপরাজিত ৬১ রান (৬ চার, ৩ ছয়) করেন তিনি। মিলার ২৩ বলে অপরাজিত ৪৬ রান (৬ চার, ৩ ছয়) করেন। আইরিশদের পক্ষে ম্যাকব্রায়েন ২টি, কেভিন ও’ব্রায়েন, মুনি ১টি করে উইকেট পান।

খালেদার সংগ্রাম কমিটিকে গণধোলাই দেয়া হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশব্যাপী পাড়া-মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহামুদ বলেছেন, প্রতিরোধ কমিটির নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করবে তাদেরকেই গণধোলাই দেয়া হবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সমানে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, নিষিদ্ধ সংগঠন আইএসের মতো গোপন বিবৃতি দিয়ে পাড়ায়-মহল্লায় সন্ত্রাসী প্রতিরোধ কমিটির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে বিএনপি। তাই এ সন্ত্রাসী কমিটিতে যারাই সদস্য হবে তাদের সবাইকে গণধোলাই দেয়া হবে।

তিনি বলেন, ২০ দলীয় জোটে প্রায় দুই মাসের এই নৈরাজ্যকর সন্ত্রাসী আন্দোলনের নামে ১২৭ মানুষ হত্যা করেছে। পেট্রোলবোমা হামলা চালিয়ে নিরীহ খেটে খাওয়া মানুষদের হত্যা করা হচ্ছে। আর এই প্রতিটি হত্যাকাণ্ডের হুকুমের আসামি খালেদা জিয়া।

খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, আগামী ৪ তারিখে আপনি আদালতে হাজিরা দেন। আদলত আপনাকে জামিনও দিতে পারে। কিন্তু যদি হাজির না হন তাহলে আইন তার নিজেস্ব গতিতে চলবে।

এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু বলেন, ‘বর্তমানের হরতাল-অবরোধকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পেট্রোলবোমা চায় না, তারা শান্তি চায়।

তিনি বলেন, খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচনকে নিয়ে অবৈধ অভিযোগ তুলেছেন, আসলে তিনি নির্বাচন চান না। খালেদা জিয়ার নির্বাচন ভীতি আছে। কারণ তিনি জানেন তার প্রতি জনগণের আস্থা নেই।

আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জাম দুর্জয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজী সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।

ফারাবীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন

farabi3বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় আটক শাফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।

ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে মঙ্গলবার দুপুর ৩টায় রিমান্ড শুনানী হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলা সুষ্ঠু তদন্তের জন্য ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুব্রত গোলদার এ রিমান্ড আবেদন করেন।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফারাবীকে আটক করে র‌্যাব।

গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে টিএসসির সামনে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বিজ্ঞান লেখক অভিজিৎ রায় (৩৮) ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে (৩০) ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১০টা ২০ মিনিটে অভিজিৎ মারা যান। গুরুতর আহত বন্যা চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে রক্তমাখা দুটি চাপাতি ও একটি স্কুলব্যাগ উদ্ধার করে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন শাহবাগ থানায় অজ্ঞাতসংখ্যক আসামী করে মামলা করেন অভিজিৎ এর বাবা শিক্ষাবিদ ড. অজয় রায়।

আজই যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে অভিজিতের স্ত্রী বন্যাকে

rafidaসন্ত্রাসী হামলায় নিহত সাম্প্রদায়িকতাবিরোধী লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের  স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন অভিজিতের বাবা, বন্যার শ্বশুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. অজয় রায়।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস এরই মধ্যে তাকে সেখানে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে মঙ্গলবার সকালে জানান তিনি। তবে ঠিক কখন তার ফ্লাইট সে ব্যাপারে জানাতে পারেননি অজয় রায়।

এ প্রসঙ্গে তিনি বলেন, পুরো বিষয়টির সমন্বয় করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এদিকে স্কয়ার হাসপাতালে ভর্তি বন্যাকে সোমবারই হাসপাতাল থেকে নিয়ে ‍যাওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতালটির একটি সূত্র।

তবে হাসপাতাল থেকে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে ব্যাপারে কিছু জানাতে পারেনি ওই সূত্র। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে বইমেলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন লেখক অভিজিৎ রায় (৪২) ও তার স্ত্রী। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১০টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় অভিজিৎ মারা যান। পরে বন্যাকে ঢামেক থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাড়ে ৩ হাজার কোটি টাকায় ৭ প্রকল্প অনুমোদন

cabinet17৩ হাজার ৫ শ ১১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে মোট ৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)।

এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ১ হাজার ৫৩ কোটি ৩ লাখ টাকা। সংস্থার নিজস্ব তহবিল ৪শ’ ১৭ কোটি ৩৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ২ হাজার ৪১ কোটি ২৭ লাখ টাকা।

মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয় ।

মান্নার সাথে ফোনালাপকারী অজ্ঞাতপরিচয় ব্যক্তি আটক

mamun3সম্প্রতি ফাঁস হওয়া বহুল আলোচিত ফোনালাপে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে সেনা হস্তক্ষেপ নিয়ে কথা বলা অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মশিউর রহমান মামুন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বর্তমানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে তাকে আটক করার বিষয়টি এখন পর্যন্ত দায়িত্বশীল কেউ স্বীকার করেননি।

সূত্র জানায়, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে ২৩ ফেব্রুয়ারি ভাইবারে ফোনালাপের সময় উল্লিখিত মামুন রাজধানীর ধানমণ্ডিতে অবস্থান করছিলেন-এমন তথ্য জানার পর গোয়েন্দা সংস্থা নিশ্চিত হয় যে, এই ব্যক্তি বেশির ভাগ সময় ধানমণ্ডি ১৪/এ এলাকায় অবস্থান করেন।

এরপর সন্দেহভাজন এই ব্যক্তি এর আগের এক সপ্তাহ ধরে কোথায় কার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন তা জানার উদ্যোগ নেয়া হয়। একই সঙ্গে তার সার্বিক কর্মকাণ্ড নজরদারির মধ্যে আনা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট টিম জানতে পারে, তিনি লন্ডন প্রবাসী একজন ব্যবসায়ী এবং তার সঙ্গে সমাজের শীর্ষ পর্যায়ের অনেকের যোগাযোগ রয়েছে। এর এক পর্যায়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, এই মশিউর রহমান মামুন ওয়ান-ইলেভেন সরকারের সময়ে একজন প্রভাবশালী সেনা কর্মকর্তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সে সময় ওই কর্মকর্তার প্রভাবে তিনি বিভিন্ন সরকারি অফিসে দাপটের সঙ্গে ছড়ি ঘুরাতেন।

তাকে দেখলে অনেকে গ্রেফতার আতংকে ভুগতেন। দু’বছর মেয়াদি ওয়ান-ইলেভেন সরকার বিদায় হলে তিনি পাততাড়ি গোটানো শুরু করেন।

তাকে আশ্রয় দেয়া প্রভাবশালী কর্মকর্তার মতো তিনিও বিদেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন এবং এক পর্যায়ে যুক্তরাজ্যে চলে যেতে সক্ষম হন।

সূত্রমতে, ওয়ান-ইলেভেনের সময় নানা উপায়ে উপার্জন করা বিপুল পরিমাণ টাকা দিয়ে যুক্তরাজ্যে তিনি একক মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ব্যবসায় লগ্নি করা টাকা তিনি হুন্ডিতে নিয়ে যান। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। দেশে ও বিদেশে বিভিন্ন শ্রেণী-পেশার উপরতলার মানুষের সঙ্গে তার বিশেষ যোগাযোগের নানা মাধ্যমও গড়ে ওঠে।

সূত্র জানায়, এ রকম একটি মাধ্যমে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে তার পরিচয় ও সখ্য গড়ে ওঠে।

মশিউর রহমান মামুনের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামে। তার গ্রামের কয়েকজন বাসিন্দা যুগান্তরকে জানান, মামুনের পিতার নাম মতিউর রহমান মতি মিয়া। বহুদিন আগে থেকেই তাদের পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে ঢাকায় বসবাস করছেন। গ্রামের বাড়িতে শুধু মামুনের দূরসম্পর্কের এক চাচা থাকেন।

এলাকায় তারা তেমন একটা যাতায়াতও করেন না। এলাকাবাসী জানে মামুন স্থায়ীভাবে ঢাকায় থাকলেও বেশির ভাগ সময় তিনি ব্যবসায়িক কাজে থাইল্যান্ডে অবস্থান করেন। কিন্তু বাস্তবে তিনি থাকেন লন্ডনে।

সূত্র আরও জানায়, ২৩ ফেব্রুয়ারি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে ফোনালাপের মাত্র এক সপ্তাহ আগে মামুন দেশে আসেন। যুক্তরাজ্যে অবস্থানকালীন মামুন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে ‘ঘনিষ্ঠ যোগাযোগ’ রাখছিলেন। এর মধ্যে রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাও রয়েছেন।

জানা গেছে, মামুন নটর ডেম কলেজ থেকে পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এর আগে তিনি খুলনা রোটারি স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। তিনি গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলের নামে সংবাদ গ্রুপ ও সাপোর্ট গ্রুপসহ নানা ধরনের নতুন নতুন সংগঠন তৈরির সঙ্গে যুক্ত।

কাল গ্রেপ্তার হতে পারেন খালেদা জিয়া?

khaledaবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার গ্রেপ্তার করা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক প্রথম আলো।

মঙ্গলবার প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কাল বুধবার দুর্নীতি মামলার ধার্য তারিখে আদালতে যাচ্ছেন না। তার আইনজীবীসহ দলের দায়িত্বশীল একাধিক সূত্র থেকে এমন তথ্য জানা গেছে।

আর সরকারি উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, খালেদা জিয়া নিজে থেকে আদালতে না গেলে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পারে পুলিশ।

এর আগে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে ৪ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেন।

সোমবার পর্যন্ত আদালতের পরোয়ানা সংশ্লিষ্ট থানার পুলিশ পায়নি বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর।

তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির চার দিন পর রবিবার অন্য একটি মামলায় খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালানোর যে পরোয়ানা জারি করা হয়েছে, তা ওই দিন রাতেই গুলশান থানায় পৌঁছেছে বলে লুৎফুল কবীর নিশ্চিত করেছেন।

প্রথম আলো জানায়, সরকারি অন্য একাধিক সূত্র বলছে, গ্রেপ্তারি পরোয়ানা বুধবারের আগেই পুলিশের কাছে পৌঁছাবে বলে তারা আশা করছে।

এ অবস্থায় আগামীকাল জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া আদালতে যাবেন কি না, জানতে চাইলে তার অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া এর আগে আদালতে যাননি। নিরাপত্তা নিশ্চিত না হলে এবারও তিনি যাবেন না। তা ছাড়া, যেহেতু খালেদা জিয়ার জামিন বাতিল করা হয়েছে, সেহেতু আদালতে হাজিরার প্রশ্নই আসে না।

তাহলে খালেদা জিয়ার অবস্থান কী হবে—এ প্রশ্নের জবাবে সানাউল্লাহ মিয়া বলেন, তিনি যে রকম আছেন, সে রকমই থাকবেন।

বিএনপির নেতাদের দাবি, খালেদা জিয়াকে তার কার্যালয় থেকে বের করতে গত দুই মাসে সরকার একের পর এক নানা কৌশল নিয়েছে। এরই অংশ হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা এবং সর্বশেষ ওই কার্যালয়ে তল্লাশি চালানোর পরোয়ানা জারি করা হয়েছে।

তাদের আশঙ্কা, খালেদা জিয়াকে জোর করে আদালতে হাজির করে ওই কার্যালয়ে তল্লাশি চালাতে পারে পুলিশ। তল্লাশির নামে ওই কার্যালয়ে থাকা বিএনপির নেতা ও কর্মকর্তাদের বের করে কার্যালয়টি বন্ধ করে দিতে পারে, যাতে খালেদা জিয়া আদালত থেকে জামিন পেলেও ওই কার্যালয়ে আর ঢুকতে না পারেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে গতকাল বিকেলে আওয়ামী লীগের এক যৌথ সভায় আদালতের পরোয়ানা অনুযায়ী খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা জানান।

গত ৩ জানুয়ারি থেকে গুলশানের ৮৬ নম্বর সড়কে নিজের কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। সাধারণত হরতাল-অবরোধে খালেদা জিয়া বের হন না। ৩ জানুয়ারি কার্যালয়ে ঢোকার পর এখন পর্যন্ত তিনি বের হননি।

ওই দিন থেকে ওই কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, চেয়ারপারসনের উপদেষ্টা ও পুলিশের সাবেক আইজি এম এ কাইয়ুম, প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার ও শায়রুল কবির খান।

শেষ তিনজন ছাড়া বাকিদের গত ১৬ ফেব্রুয়ারি গুলশানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন মিছিলে ককটেল হামলার ঘটনায় করা মামলায় আসামি করা হয়েছে।

আর দিদার ও শায়রুল কবিরকে ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় করা মামলায় আসামি করা হয়েছে।

টেকনাফে এক লাখ ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

eyaba23কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক লাখ ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।

বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা টেকনাফ সদরের কায়ুকখালী খালে অভিযান চালায়। বিজিবি সদস্যদের দেখে একদল পাচারকারী ইয়াবা গুলো বেড়িবাঁধে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ইয়াবার প্যাকেটটি উদ্ধার করে। উদ্ধার প্যাকেটে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। আটকের বিরুদ্ধে অনুপ্রবেশ ও মাদকদ্রব্য আইনে মামলা হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সতর্কভাবে চলাফেরা করতে বললেন প্রধানমন্ত্রী

hasina2মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দলের সব নেতাকর্মীকে সাবধানে চলাফেরা করতে হবে। আপনারাও একই পরামর্শ পালন করবেন। বিএনপি- জামায়াত ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে।

গতকাল মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয়।

মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা সরকারদলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার বিষয়টি বার বার তুললে প্রধানমন্ত্রী এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে বলেন, আমার মনে হয়, আমাকে খুন না করা পর্যন্ত ওরা থামবে না। হরতাল-অবরোধ প্রত্যাহার করবে না। দেশের মানুষকে শান্তি দেবে না। মন্ত্রিসভায় অভিজিৎ রায় হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়। সিনিয়র কয়েক মন্ত্রীর সঙ্গে আলাপ করে জানা গেছে, মন্ত্রিসভার সদস্যদের বক্তব্য শোনার সময় প্রধানমন্ত্রীকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল।

বৈঠকে রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনার পাশাপাশি অভিজিৎ হত্যাকাণ্ড এবং সমপ্রতি পার্বত্য চট্টগ্রামে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা আলোচিত হয়। আলোচনার পর পার্বত্য চট্টগ্রাম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।

বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের কেউ কেউ বলেন, সারা দেশে নাশকতা চালাতে পাহাড়ি এলাকা দিয়ে অস্ত্র, বোমা, বিস্ফোরকসহ বিভিন্ন ধরনের জিনিস আনার আরও চেষ্টা হতে পারে। পাহাড়ি এলাকায় জঙ্গিরা সংগঠিত হয়ে নাশকতার পরিকল্পনা করতে পারে। এ ব্যাপারে আইশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে। পাশাপাশি পাহাড়ি এলাকাসহ বৃহত্তর চট্টগ্রাম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান আরও জোরদার এবং ওইসব এলাকায় ব্যাপক অভিযান চালাতে হবে।

উল্লেখ্য, গত ২৮  ফেব্রুয়ারি চট্টগ্রামের হালিশহরের একটি বাসা থেকে ৭৬টি বোমা, ১৫০ কেজি বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জামসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এর আগে হাটহাজারী ও বাঁশখালি থেকেও জঙ্গিদের গ্রেপ্তার করা হয়।

এদিকে, মন্ত্রিসভার বৈঠকে লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া, কয়েকজন মন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেন। বৈঠকে তারা বলেন, এর আগে লেখক অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যার জন্য একইভাবে আক্রমণ করা হয়েছিল। ধারালো অস্ত্র দিয়ে তাকেও ক্ষতবিক্ষত করা হয়েছিল। হুমায়ুন আজাদকে আক্রমণের মতো একই কায়দায় অভিজিতের ওপর আক্রমণ চালিয়ে হত্যা করা হয়েছে। আক্রমণের ধরনও একই রকম।

একজন সিনিয়র মন্ত্রী জানান, বৈঠকে সরকারদলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার ব্যাপারে গুরুত্ব দেন বেশির ভাগ মন্ত্রী। তারা বলেন, চট্টগ্রাম থেকে গত দুই সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ বিস্ফোরকদ্রব্যের কারণে ওই এলাকার নেতাকর্মীদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রধানমন্ত্রী বৈঠকে পরামর্শ দেয়া ছাড়া সুনির্দিষ্ট কোনো নির্দেশনা  দেননি। সরকারদলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার বিষয়টি একাধিক সিনিয়র নেতা বৈঠকে তুললে প্রধানমন্ত্রী তাতে সায় দেন। সূত্র: মানবজমিন