ডিসিসি নির্বাচনে বিএনপি নেতারা অংশ নেবে
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে বিএনপি অংশ না নিলেও দলটির নেতারা নির্বাচনে অংশ নিবেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে বিএনপি জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ দাবি করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ডিসিসি নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে তাহলে ওই দলের অনেক বড় মাপের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। ইতোমধ্য অনেকেই (বিএনপি নেতা) যোগাযোগ শুরু করেছেন।
বিএনপি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টের মধ্যে হলেও এক সময়ে তারা রাজনৈতিক দলের অংশ হয়ে গিয়েছিল। কিন্তু খালেদা জিয়ার সিদ্ধান্তহীনতার দলটি এখন জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে।
খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়া জঙ্গি নেত্রী হিসেবে আর্বিভূত হয়েছেন। ২০ বছর পর যখন ইতিহাস লেখা হবে তখন জঙ্গি নেত্রী হিসেবে খালেদা জিয়ার নাম থাকবে।
খালেদা জিয়া আইন আদালত মানেন না উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা তার (খালেদা) বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ছাড়া দেশব্যাপী হরতাল অবরোধের নামে সহিংসতা চালানোর জন্য খালেদা জিয়াকে কুইন অব টেরর ও হরর বলেও আখ্যায়িত করেন হাছান মাহমুদ।
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সংসদ সদস্য হাজী মো. সেলিম, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোর্দ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
যুদ্ধ পরিস্থিতির মধ্যদিয়ে চলছে এসএসসি পরীক্ষা
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে চলছে এসএসসি পরীক্ষা। দেশে নৈরাজ্য থাকা সত্বেও আমরা পরীক্ষা চালিয়ে যাচ্ছি। নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়ে আমাদের এগোতে হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের সেনা বাহিনী পরিচালিত আর্মি ইনস্টিটিউট অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দেশে মোট শিক্ষার্থীর পরিমান উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে মোট শিক্ষার্থীর পরিমাণ পাঁচ কোটি ৫২ লাখ। দেশ উন্নত দেশগুলোর সঙ্গে তালমিলিয়ে যাচ্ছে। শিক্ষায় দেশ আর পিছিয়ে নেই।
বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে নেই। প্রাথমিকে ৫১ভাগ মেয়ে ও ৪৯ ভাগ ছেলে রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে নেই।
এ সময় আরো বক্তব্য রাখেন, সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ –জামান, ও আর্মি ইন্সটিটিউট অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক এ কে এম শওকত হাসান।
এ সময় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এমপি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ফারজানা হক উপস্থিত ছিলেন।
এছাড়া সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে : মেনন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেন, খালেদা আইনের শাসন মানেন না। কিন্তু তিনি আইন না মানলে সরকার চুপ করে থাকতে পারে না। আইন মেনে খালেদা যদি আত্মসমর্পণ না করেন তাহলে তাকে আইনানুযায়ী গ্রেফতার করা হবে।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহস্পতিবার সকালে উপ-সহকারী মেডিকেল অফিসার এ্যাসোসিয়েশন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, বিএনপি ক্ষমতায় আসলে তারা সংবিধান ছুড়ে ফেলবে। এর আগেও তারা ক্ষমতায় গিয়ে জঙ্গিবাদ তৈরি করছিল দেশে। আমরা তা প্রতিহত করেছিলাম। এখন আবার তারা জঙ্গি কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, আলোচনা হবে। তবে অবশ্যই সংবিধান মেনে নির্বাচনের প্রস্তুতির জন্য।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
আন্নাকে হত্যার হুমকি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গান্ধীবাদী কর্মী আন্না হাজারেকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর তার বাড়ি ও কার্যালয় ঘিরে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোদি সরকারের প্রস্তাবিত জমি অধিগ্রহণ বিলের প্রতিবাদে ১১০০ কিলোমিটার পদযাত্রার আগে আন্নাকে খুনের হুমকির ঘটনায় রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।
এমএফসি থানার ইন্সপেক্টর ডিএম কাটকে জানিয়েছেন, অগন বিধু ও নীল নামে কানাডাবাসী দুই বন্ধুর বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে প্রাথমিক অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে। ফেসবুক বার্তায় তারা ভারতে এসে আন্নাকে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছেন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (২) ও তথ্য প্রযুক্তি আইনের ৬৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি তারা হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আন্না হাজারের আন্দোলনসঙ্গী অশোক গৌতম জানান, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়ে বার্তা পোস্টের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, গত তিন সপ্তাহ ধরে তার ফেসবুক এ্যাকাউন্টে আন্নাকে খুনের হুমকি দিয়ে বার্তা দেওয়া হচ্ছে।
আন্না হাজারেকে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে আহমেদনগরের রলেগান সিদ্ধিতে তার বাড়ি ও কার্যালয়কে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মহারাষ্ট্র সরকার।
খালেদার কার্যালয়ে চিরুনী অভিযান চালান
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে শ খানেক সন্ত্রাসী আছে দাবি করে সেখানে চিরুনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেইটে আওয়ামী লীগ সমর্থীত ২২টি সংগঠনের মানববন্ধন ও হরতাল বিরোধী সমাবেশে তিনি একথা বলেন।
মায়া বলেন, খালেদার কার্যালয়ে অবস্থানরত ওই সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করলে দেশের বর্তমান সংকট সমাধান হবে বলে আমার মনে হয়।
তিনি বলেন, খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া হাওয়া ভবন করেছিল। আর খালেদা জিয়া করেছে বোমা ভবন। এখান থেকেই সারাদেশে বোমা মারার পরিকল্পনা হয়। এমনকি এখন থেকে বোমা সাপ্লাইও হয়ে থাকে।
খালেদা জিয়াকে ইসলামের শত্রু দাবি করে তিনি বলেন, হজের পরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত হয় বিশ্ব ইজতেমায়। সেখানে ধর্মপ্রাণ মুসলমানরা যেন না আসতে পারে তাই খালেদা জিয়া হরতাল-অবরোধ দিয়ে বাধাগ্রস্ত করেছেন। এই অপরাধে আল্লাহ যেন তার শাস্তি দেন সেই দোয়া করি।
বিএনপির হরতাল প্রসঙ্গে তিনি বলেন, আগামীতে কোন দল হরতাল ডাকলে সেটা সফল হবে কি না তা নিয়ে সন্দেহ আছে। কারণ বিএনপি হরতালের ১২টা বাজিয়ে দিয়েছে। এই হরতালের কোন অর্থ নেই। এর মাধ্যমে তিনি আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।
মানববন্ধন ও সমাবেশে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা লীগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ ও সম্মিলিত আওয়ামী সমর্থক জোটসহ মোট ২২টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও খালেদার অভিনন্দন
বাংলাদেশ দল বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী হওযায় অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে এই বিজয় অর্জন করায় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যের জন্য ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের খেলোয়ার, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাগণকে বিশেষভাবে ধন্যবাদ জনিয়েছেন।
তিনি আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সকল বাধা অতিক্রম করে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে। প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
নিউজিল্যান্ডের নেলসনে এই ম্যাচে স্কটল্যান্ডের দেওয়া ৩১৯ রানের টার্গেট তাড়া করে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় টাইগাররা।
এছাড়া খালেদা জিয়ার বরাত দিয়ে তার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘বাংলাদেশ দলের বিজয়ে দেশের জনগণ যেভাবে আনন্দিত তেমনি ম্যাডমও আনন্দিত। তিনি বাংলাদেশের কোচ খেলোয়াড়সহ সকলকে এ জয়ের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
ঢাবিতে ছাত্রদল-পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ: আহত ৪, গ্রেফতার ৬
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় মিছিলে পুলিশ-ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ৪ জন আহত হয়েছে এবং ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এই মিছিলটি বের করা হয়। এ ঘটনায় ৪ জন আহত এবং ঢাবি ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদার সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আহতরা হলেন ছাত্রদলের মহসিন হলের কর্মী ইউসুফ ও আসাদসহ আরো ২ জন। আহত অবস্থায় আসাদকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারকৃত অন্যরা হচ্ছেন- ঢাবি ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদার, এএফ রহমান হলের জিসান ও শাহবাগ থানা ছাত্রদলের নায়েন। তাদেরকে চানখারপুল মোড় থেকে আটক করা হয়।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মিছিলটি মোকাররম ভবনের গেট থেকে শুরু হয়ে শহীদ মিনারের কাছে গেলে পুলিশ-ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ছাত্রদল কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ছাত্রদলের বেশ কয়েকজন কর্মী আহত হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ঢাবি সূর্যসেন হল ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মারুফ-উল ইসলাম রনিক, সরদার আমিরুল ইসলাম সাগর, এসএম হলের ক্রীড়া সম্পাদক তানভীর রেজা রুবেল, জহুরুল হক হলের সহ-দফতর সম্পাদক ফজলুর রহমান খোকন প্রমুখ।
এদিকে একই সময় চানখারপুল মোড়ে মিছিল করার প্রস্তুতি নিলে ঢাবি ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদারসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
কামারুজ্জামানের রিভিউ আবেদন
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃতুদণ্ড রায়ের বিরুদ্ধে রিভিউ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান।
আজ বৃহস্পতিবার সকালে হাইকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউটি দায়ের করেন কামারুজ্জামানের আইনজীবীরা।
প্রাথমিকভাবে জানা গেছে রায়ের ৪৪টি গ্রাউন্ডে রিভিউ আবেদন করা হয়েছে।
রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই
রাজধানীর চকবাজার এলাকায় তাসরিফ হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে কাজী রিয়াজ উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাগ আরাফাত ট্রেডিং এর একাউন্ট ম্যানেজার তাসরিফ। সকালে ২৫ লাখ টাকা নিয়ে বাসা থেকে দোকানে যাচ্ছিলেন।
কাজী রিয়াজ উদ্দিন রোডে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তার পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় ওই ট্রেডিং এর মার্কেটিং অফিসার সিলটনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।











