অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে আটক ২০
অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে একটি ইঞ্জিনবোটসহ ২০ জনকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার ভোরের দিকে চট্টগ্রাম পূর্বজোনের কোস্টগার্ডের একটি টহল দল অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে তাদের আটক করে।
কোস্ট গার্ড পূর্বজোনের কর্মকর্তা তারেক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বঙ্গোপসাগরে নিয়মিত টহলের সময় কুতুবদিয়া চ্যানেলে একটি ইঞ্জিন বোটের সন্দেহজনক গতিবিধির কারণে সেটি আটক করে তল্লাশি চালানো হয়।
ওই সময় বোটে থাকা যাত্রীরা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সত্যতা নিশ্চিত হয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে পাচারকারী দালালদের শনাক্ত করার চেষ্ঠা করছে কোস্টগার্ড।
রাজধানীতে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী আটক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, হরতাল-অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এদের মধ্যে বিএনপি, জামায়াত ছাড়াও শিবিরের নেতাকর্মী রয়েছেন।
চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ অটোরিকশাচালকের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে পেট্রোল বোমায় দগ্ধ সিএনজি অটোরিকশাচালক ছাবের আহম্মেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া ছাবেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৪ মার্চ হাটহাজারী উপজেলার চারিয়া মাদ্রাসাসংলগ্ন বুড়ি পুকুর পাড় নামক এলাকায় সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে চালক ছাবের দগ্ধ হন।
তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার গ্রামে।
জাতীয় সংসদ এখন ডাকাতদের আস্তানা: খোকা
বাংলাদেশের জাতীয় সংসদ ডাকাতদের আস্তানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর বর্তমান সংসদ ভোট চোর ও ডাকাতদের আস্তানা হয়েছে। অচিরেই এই আস্তানাকে গুড়িয়ে দিতে হবে। তা নাহলে দেশের মানুষের শান্তি আসবে না।
নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরায় গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।
ঢাকার সাবেক মেয়র খোকা আরো বলেন, শেখ হাসিনার সরকারকে একাত্তরের ইয়াহিয়া খানের ২৫ মার্চের সরকারের সঙ্গে তুলনা করা যায়। অর্থাৎ দখলদার সরকার। রাজনৈতিক দখলদারিত্ব রক্ষা করতে বিশেষ এলাকার পুলিশ বাহিনীকে দিয়ে দেখা মাত্র গুলি করার মত কাজের নির্দেশ দেয়া হচ্ছে। যা একাত্তরে ইয়াহিয়া সরকার করেছিল। বর্তামানে বাংলাদেশে একই অবস্থা বিরাজ করছে।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু দুই দিন আগেও ১৪ ডিসেম্বর পর্যন্ত হানাদার বাহিনীরা ঢাকা থেকে বুদ্ধিজীবিদের ধরে ধরে রায়ের বাজারের বদ্ধ ভূমিতে হত্যা করেছিল। দেশের আশিভাগ এলাকা তখন হানাদারমুক্ত হয়েছিল। শুধু ঢাকাকে তারা নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। একই স্টাইলে ঢাকাকে নিয়ন্ত্রণে কাজ করেছেন শেখ হাসিনার সরকারও।
এ প্রসঙ্গে তিনি প্রয়াত বিশিষ্ট সাংবাদিক ও কলামনিষ্ট এবিএম মুসার একটি বক্তব্যের উল্লেখ করে ‘শেখ হাসিনা হলেন গণপ্রজাতন্ত্রী ঢাকা শহরের প্রধানমন্ত্রী’। দেশের অন্য কোন এলাকা তার নিয়ন্ত্রণে নেই।
তিনি বলেন শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে সেটার প্রমান পাওয়া গেছে। তিনি তার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদদের সাবধানে চলাচল করতে বলেছেন। বিএনপিসহ ২০ দলীয় জোটের আন্দোলন শুরু হবার পর ১৪ দলের মিটিং হয়েছে। সেখানে বলা হয়েছিল সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় গিয়ে শান্তি কমিটি গঠন করবে। কিন্তু বিএনপির আন্দোলনের চাপের মুখে কোন এমপি, মন্ত্রী সংসদ বা ঢাকার বাইরে যেতে পারছেন না। এর মানে এটাই যে ঢাকার বাইরে ঠিকই আন্দোলন হচ্ছে। যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এমপি ও মন্ত্রীদের সতর্ক করে সাবধানে চলাচল করতে বলেছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৭ মার্চের আলোচনা সভা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান তার বক্তব্যে সাদেক হোসেন খোকাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, এর জবাবে সাদেক হোসেন খোকা বলেন, কাউকে ব্যক্তিগত কোন আক্রমন করতে চাইনা। তবে এটা বলা যায় যে, আমি আমেরিকায় বসে বিএনপির জন্য ভাল কাজ করছি, যেটা আওয়ামী লীগের গাত্রদাহ হয়েছে। এ কারণেই আমার সমালোচনা তারা করতেই পারে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট গবেষক ড. এস আই শেলী, সাংবাদিক ও কলামনিষ্ট মঈন উদ্দিন নাসের, বীর মুক্তিযোদ্ধা কাজী আজহারুল হক মিলন, গিয়াস উদ্দিন, মোশারফ হোসেন খোকন, এম রহমান বাসিত, গিয়াস আহমেদ, মোশারফ হোসেন সবুজ,বদরুল ইসলাম বাদল, সুরুজ্জামান,বাতেন সরকার, শেখ শাহজাহান, নাসির উদ্দিন শরীফ, সৈয়দ আতিকুর রহমান ফারুক, আতাউর রহমান আতা, সোহরাব হোসেন, কামাল সাজিদ,একে আজাদ ও আব্দুল করিম প্রমুখ।-বাংলা প্রেস।
আর্জেন্টিনায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। হেলিকপ্টার দুটি একটি টেলিভিশন অনুষ্ঠানের চিত্র ধারণ করছিল।
রাজধানী বুয়েনস এইরেস থেকে ১,১৭০ কিলোমিটার দূরে ভিলা কাস্টেলি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আটজন ফ্রান্সের নাগরিক। পাইলট দুজন আর্জেন্টিনার নাগরিক।
নিহতদের মধ্যে কয়েকজন ওই অনুষ্ঠানের প্রতিযোগী।
ড্রপড নামের ওই রিয়েলিটি শোতে ফ্রান্সের কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্বও অংশ নিয়েছিলেন।
ওই রিয়েলিটি শোতে প্রতিযোগীদের হেলিকপ্টারে দুর্যোগ এলাকায় নিয়ে যাওয়া হত এবং তাদের আশ্রয় খোঁজা ও খাদ্য সংগ্রহের চিত্র ধারণ করা হত।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। পাহাড়ি ওই এলাকায় আবহাওয়াও ভালো ছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র : বিবিসি
ছাত্রলীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে গণধোলাই
যশোরে ছাত্রলীগের এক নেতাকে গাছের সঙ্গে বেঁধে গণধোলাই দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের কবল থেকে ওই নেতাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ছাত্রলীগের ওই নেতা আহসানুল করিম ওরফে আবদুর রহমান জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে শহরের খড়কী এলাকার রেজাউল করিমের ছেলে।
জানা যায়, আবদুর রহমান ও তার কয়েকজন সঙ্গী এ বছর যশোর এমএম কলেজে বিভিন্ন বিভাগের অনার্সে ভর্তি করিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু দীর্ঘ দিন অপেক্ষা করার পরও রহমান এসব শিক্ষার্থীকে এমএম কলেজে ভর্তি করতে ব্যর্থ হয়।
ফলে শিক্ষার্থীরা তাদের পাওনা টাকা চাইলে রহমান শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে নানা টালবাহানা শুরু করে। এবং পাওনা টাকা চাওয়ায় সে কয়েকজন অভিভাবককে দেখে নেয়ারও হুমকি দেয়।
সম্প্রতি এক ছাত্রী পাওনা টাকা চাইতে গেলে তাকে শারীরিকভাবে নির্যাতন করে বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি কলেজ ক্যাম্পাসে ফাঁস হয়ে গেলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে উঠে।
এরপর গত শনিবার স্থানীয় এমপি কাজী নাবিল আহমেদ ক্যাম্পাসে আসছেন এমন খবর পেয়ে রহমান দলবল নিয়ে কলেজে যায়। এ সময় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা রহমানসহ তার ২/৩ ক্যাডারকে পাকড়াও করে গণধোলাই দিয়ে পাশে মেহগনি গাছের সঙ্গে বেঁধে রাখে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি শিকদার অক্কাছ আলী বলেন, কলেজে ভর্তিচ্ছুদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ায় ক্ষতিগ্রস্তরা তার ওপর হামলা করেছে বলে শুনেছি।
অন্যদিকে জেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ দাবি করেন, আহত রহমান এখনও সংগঠনের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল। সে সময় পার হওয়ায় রহমান স্বপদে বহাল হয়েছে।
ভারতকে বেশি কষ্ট দেবেন না, আকুতি সৌরভের
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, বাংলাদেশ দল ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে তারা যে কোনোও কিছু ঘটাতে সক্ষম।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে ভারত। ওই ম্যাচ নিয়েও তিনি শঙ্কার কথা জানালেন। বললেন, আমাদের আপনারা বেশি কষ্ট দেবেন না।
মঙ্গলবার নিউজিল্যান্ডের হ্যামিলটনে ভারত-আয়ারল্যান্ড ম্যাচ চলাকালে বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে হাজির হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সেখানেই তিনি কথা বলেন বেতারের ধারাভাষ্যকারদের সঙ্গে।
এসময় বাংলাদেশ দলের উচ্ছ্বসিত প্রশংসা করেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ এক অসাধারণ খেলোয়াড়। তাকে এতদিন দলের শেষের দিকে খেলানো হয়েছে। কিন্তু এখন গোড়ার দিকে খেলছেন, এটি একটি ভালো সিদ্ধান্ত।
মাহমুদুল্লাহ রিয়াদকে সাকিব-তামিমের চেয়েও ভালো ব্যাটসম্যান বলে আখ্যা দেন ভারতীয় ক্রিকেটের এই সাবেক অধিনায়ক।
এছাড়াও মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, আমি বছরের পর পর ধরে দেখছি ছোটো-খাটো এই ছেলেটি ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে চলেছে। মুশফিক ও মাহমুদুল্লাহকে বাংলাদেশ দলের সেরা সম্পদ বলেও মত দেন তিনি।
আরও প্রশংসা করেন বোলিংয়ে রুবেল-তাসকিন ও মাশরাফির। সৌরভ গাঙ্গুলি বলেন এরা তিন জনই যে গতির বল ডেলিভারি দিচ্ছেন তা বিশ্বের নামকরা ফাস্ট বোলারদের সমান।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ যদি ভারত হয়ে যায়, তাহলে বাংলাদেশ দল ওই ম্যাচে ভারতকে কষ্ট দেবে সে কথা স্বীকার করে নেন তিনি।
বাংলাদেশ যাতে ভারতকে বেশি কষ্ট না দেয়, যেনো হারিয়ে না দেয় সেই অনুরোধ জানাচ্ছি, হাসতে হাসতে বলেন সৌরভ গাঙ্গুলি।
বাংলাদেশের ক্রিকেট নিয়ে আরও কথা বলেন সৌরভ গাঙ্গুলি। তিনি বিশ্বকাপে বাংলাদেশ আরও ভালো করবে বলেই আশাবাদ ব্যক্ত করেন। আর বাংলাদেশ ক্রিকেটের সার্বিক উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী, সংগঠিত আর কার্যকর করে তোলার পরামর্শ দেন তিনি।
সৌরভ গাঙ্গুলি বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিকে আরও ভালো ভালো দলের বিরুদ্ধে বেশি বেশি খেলতে হবে। আর ঘরোয়া ক্রিকেটে ভালো মাঠে (ঘাসছাড়া খটখটে মাঠে নয়) খেলতে হবে।
বাংলাদেশ দলের বর্তমান কোচদেরও প্রশংসা করেন তিনি। সৌরভ বলেন, তাদের দক্ষতার প্রমাণ আমরা দেখছি। বোলিং কোচ হিথ স্ট্রিকের কথা উল্লেখ করে তিনি বলেন, তার হাতেই বাংলাদেশ একটি অ্যাটাকিং টিম হয়ে উঠেছে।
নিজামীর আপিল মামলার সারসংক্ষেপ দিতে হবে ৩১ মার্চ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলার সারসংক্ষেপ দাখিল পিছিয়ে আগামী ৩১ মার্চের মধ্যে জমা দিতে রাষ্ট্র ও আসামিপক্ষকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হচ্ছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি কার্যতালিকায় এলে আপিল মামলাটির সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে জমা দিতে রাষ্ট্র ও আসামিপক্ষকে নির্দেশ দিয়েছিলেন আদালত। সোমবার এ সময়সীমা শেষ হলেও সারসংক্ষেপ জমা পড়েনি।
এ কারণে ফের কার্যতালিকায় এলে মঙ্গলবার আসামিপক্ষ আরও চার সপ্তাহের সময়ের আবেদন জানান। আসামিপক্ষে এ সময় চান অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদিন তুহিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত বছরের ২৩ নভেম্বর মতিউর রহমান নিজামীর পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করেন নিজামীর আইনজীবীরা। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়।
গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন। নিজামীর বিরুদ্ধে মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে ৮টি অর্থাৎ ১, ২, ৩, ৪, ৬, ৭, ৮ ও ১৬ নম্বর অভিযোগ প্রমাণিত হয় ট্রাইব্যুনালের রায়ে।
প্রমাণিত চারটি অর্থাৎ ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগের প্রতিটিতে আলাদাভাবে নিজামীকে ফাঁসি এবং চারটি অর্থাৎ ১, ৩, ৭ ও ৮ নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ৫ এবং ৯ থেকে ১৫ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসব অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি।
পাকিস্তানের গানের কোকিল: জাস্টিন বিবি
পাকিস্তানের লাহোর শহরের দুই কিশোরীর গানের প্রতিভা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
সে দেশের সংবাদমাধ্যম দুই বোনকে এরই মধ্যে ক্যানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের নামের অনুসরণে ‘জাস্টিন বিবি’ বলে ডাকতে শুরু করেছে।
জাস্টিন বিবারের ‘বেবি’ গানটি এরা এত সুন্দরভাবে গেয়েছে যে এরই মধ্যে তারা ইন্টারনেটে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে তাদের পেছনে গানের সাথে তাল দিচ্ছে তাদের মা।
মজার ব্যাপার হলো সানিয়া এবং মুকাদ্দাস কেউই ভালো করে ইংরেজি বলতে পারে না।
দারিদ্রের কারণে তারা প্রাইমারি স্কুলের গন্ডীও পার হতে পারেনি।
তবু জাস্টিন বিবারের গান তারা এতটাই পছন্দ করে যে শুনে শুনেই তারা সেই গান উর্দুতে খাতায় লিখে নিয়েছে এবং পরে তুলে নিয়েছে গলায়।
সানিয়া বলছে, ”প্রথমবার যখন আমি বেবি গানটি শুনি সেটা আমার মাথার ভেতরে ঢুকে গিয়েছিল। গানটা আমি এতটাই পছন্দ করেছিলাম।”
”আমরা জাস্টিন বিবারের গান পছন্দ করি কারণ তার গান আমাদের হৃদয় ছুঁয়ে যায়।”
জাস্টিনে বিবারের গানের সুবাদে এই দুই গায়িকার জীবনে আমূল পরিবর্তন এসেছে।
তারা এখন বিভিন্ন টিভি চ্যানেলে গান করার আমন্ত্রণ পাচ্ছে। গান গাইতে বিভিন্ন শহরে যাচ্ছে।
প্রথমবারের প্লেনে চড়ার অভিজ্ঞতাও তাদের হয়েছে।
তাদের মা শাহনাজ তাবায়দার বলছেন, এসব কিছুই ঘটছে জাস্টিন বিবারের জন্য। তার কাছে তিনি কৃতজ্ঞ।
তবে তিনি চান গান করার পাশাপাশি তার মেয়েরা স্কুলে ফিরে গিয়ে লেখাপড়া শেষ করবে।– বিবিসি











