শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

দিলশানের সেঞ্চুরি, সাঙ্গাকারার বিরল রেকর্ড

dilshan11বিশ্বকাপে টানা তিন সেঞ্চুরির রেকর্ডটা কুমার সাঙ্গাকারা আগের ম্যাচেই করেছিলেন। এবার প্রায় অনাতিক্রম্য এক রেকর্ড গড়লেন লঙ্কান গ্রেট ব্যাটসম্যান। বুধবার হোবার্টে স্কটল্যান্ডের বিরুদ্ধে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি করেছেন তিনি। যা চলমান বিশ্বকাপে তার টানা চতুর্থ সেঞ্চুরি। প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা চার সেঞ্চুরির বিরল রেকর্ড গড়লেন সাঙ্গাকারা।

অপরপ্রান্তে সেঞ্চুরি করেছেন তিলকারত্নে দিলশানও। এটি তার ক্যারিয়ারের তম ২২তম সেঞ্চুরি। বিশ্বকাপে ৪র্থ সেঞ্চুরি। কিন্তু সাঙ্গাকারার অর্জনের কাছে সেটিও ক্লিশে ঠেকলো কিছুটা। যদিও সাঙ্গাকারার এক বল আগেই সেঞ্চুরি করেছেন দিলশান। তবে ইনিংসের ৩৫তম ওভারে সেঞ্চুরি করে ফিরেছেন তিনি। ডাবির শিকার হওয়ার আগে দিলশান ৯৯ বলে ১০১ রান (১০ চার, ১ ছয়) করেন।

৩৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২২০ রান। সাঙ্গাকারা ১০১, জয়াবর্ধনে ২ রানে ব্যাট করছেন।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে লাহিরু থিরিমান্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় উইকেটে দিলশান-সাঙ্গাকারা ১৯৫ রানের জুটি গড়েন।

আরফিন রুমির বিরুদ্ধে অনন্যার মামলা খারিজ

rumiপ্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের অভিযোগে কণ্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা আদালতে হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত মামলাটি খারিজ করে দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৮ সালের ১৭ এপ্রিল রুমির সঙ্গে লামিয়া ইসলাম অনন্যার বিয়ে হয়। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর তাদের এস এম সামস তাবরীজ আরিয়ান নামে একটি ছেলে হয়। এ সময় রুমি দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না দিলে রুমি দ্বিতীয় বিয়ে করার হুমকি দেন বলে মামলার অভিযোগে বলা হয়।

অভিযোগে আরও বলা হয়, ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রথম স্ত্রী অনন্যার অনুমতি ছাড়া কামরুন নাহার নামে এক তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করেন রুমি।

অভিযোগে বলা হয়, রুমির সঙ্গে অনন্যার বিয়ে বলবৎ থাকাবস্থায় আসামী সালিশি পরিষদের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন।

২০১৪ সালের ১৪ এপ্রিল ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে রুমির বিরুদ্ধে তার প্রথম স্ত্রী অনন্যা মামলাটি করেন।

শাড়ি পরা শেখা যাবে স্মার্টফোনেই

shari11বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের নারীদের ঐতিহ্যবাহী ও নিত্যনৈমিত্তিক পরিধেয় বস্ত্র শাড়ি। একইসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের সবচেয়ে উপযোগী পোশাকও।

শাড়ি পরাকে উৎসাহিত করতে স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য অভিনব অ্যাপ তৈরি করেছে রেভারি করপোরেশন। হাউ টু ওয়্যার অ্যা শাড়ি’ নামের এ অ্যাপটি দেখানো হয়েছে কীভাবে শাড়ি পরতে হয়। তাতে কুঁচি দেয়া থেকে শুরু করে ঘোমটা পর্যন্ত গ্রাফিক্স দিয়ে দেখানো হয়েছে সবকিছু।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নাসিমা আক্তার নিশা বলেন, শাড়ি আমাদের এবং এই সাব-কন্টিনেন্টের নারীর একটি স্টেটমেন্ট। কোন স্টাইলের শাড়ি কীভাবে পরতে হবে, তা অ্যাপটিতে দেখানো হয়েছে।

এই অ্যাপসে বিভিন্ন স্টাইলে শাড়ি পরার সঙ্গে নানা রকমের মিউজিক সেট করা আছে। কেবল শাড়ি পরা দেখলে একঘেঁয়েমি চলে আসতে পারে। তাই এই উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে আজকাল মেয়েরা বেশ ফ্যাশন সচেতন। তারা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন স্টাইলে শাড়ি পরতে চান। মূলত তাদের জন্যই এই অ্যাপস। অ্যাপটির মাধ্যমে সহজেই জানা যাবে বিভিন্ন স্টাইলে শাড়ি পরার নিয়ম।’

বিনা মূল্যের এই অ্যাপটিতে নিভি, বাঙালি, রাজস্থানি, কুর্গি, মারমেইডসহ বেশ কয়েকটি স্টাইলে শাড়ি পরার নিয়ম দেখানো হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা http://goo.gl/JZdUZg লিংক থেকে এবং আইফোন ব্যবহারকারীরা http://goo.gl/ckBiw8 লিংক থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

নরসিংদীতে ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ, দগ্ধ ২

pettrol bomaনরসিংদীতে মালবাহী ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালকসহ  দুজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহতবস্থায় তাদের  নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাচদোনার চৈতাবো নামক স্থানে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- নরসিংদীর চৌয়ালা এলাকার মোহাম্মদ আলীর ছেলে সোহরাব মিয়া (৪০), চাদঁপুরের অলিউল্লার ছেলে আল ইমরান (২০)।

পুলিশ ও দগ্ধ ট্রাকচালক সোহরাব মিয়া জানায়, নরসিংদীর চৌয়ালা থেকে ওয়েস্টেজ মালামাল নিয়ে ঢাকার যাত্রাবাড়ী যাচ্ছিল। ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর পাচদোনার চৈতাবো নামক স্থানে পৌঁছলে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন গাড়ীর সামনের অংশে ছড়িয়ে পড়ে। দগ্ধ হয় চালকসহ দুই জন।

খবর পেয়ে দমকল বাহীনির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়া দগ্ধদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন।

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.আমিনুল ইসলাম জানিয়েছেন,আগুণে চালক সোহরাব মিয়ার শরীরের ২০ ভাগ ও অপর দগ্ধের শরীরের ১০ ভাগ পুড়ে গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর মডেল থানা পুলিশ।

ঢাকা মেডিক্যালে দুই হাজতির মৃত্যু

dmcঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় দুই হাজতির মৃত্যু হয়েছে। এরা হলেন- ফরহাদ মণ্ডল (৩৮) ও চান মিয়া (৬০)।

দুজনই বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত ফরহাদ মণ্ডলের পিতার নাম মোকসেদ মণ্ডল। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

জানা গেছে, হাজতি ফরহাদ নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন। বুধবার সকাল ৭টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় কারারক্ষী জয় বাকচি তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্ত্যব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত অপর হাজতি চান মিয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তিনি মাদক মামলার আসামি ছিলেন। অসুস্থ অবস্থায় তাকে নিউরো সার্জারি বিভাগের ১০০ নং ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৬টায় মারা যান।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মোস্তাফা জব্বারকে হুমকির নিন্দা বেসিস’র

zabbar11সফটওয়্যারের মেধাসত্ব আইন লঙ্ঘন না করতে এবং এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটু শব্দ ব্যবহার থেকে বিরত থাকতে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

আনন্দ কম্পিউটারসের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বারের বিজয় কি-বোর্ড লে-আউটের মেধাসত্ব অধিকার লঙ্ঘন সংশ্লিষ্ট ঘটনায় উদ্ভূত অসহনশীল পরিস্থিতিতে এমন আহ্বান জানালো সংগঠনটি।

এর আগে, ডিজিটাল ডিভাইসে বাংলা লেখার সফটওয়্যার বিজয়ের কপিরাইট ও পেটেন্ট করা কি-বোর্ড লেআউট আংশিক পরিবর্তন করে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য রিদ্মিক ও ইউনিজয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্লেস্টোর প্রকাশ করায় গুগল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন বেসিসের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, বিসিএসের সাবেক সভাপতি, কপিরাইট বোর্ডের সদস্য এবং আনন্দ কম্পিউটারসের প্রধান নির্বাহী ও বিজয়ের স্বত্বাধিকারী মোস্তাফা জব্বার।

তার অনুরোধে গুগল কর্তৃপক্ষ প্লেস্টোর থেকে অ্যাপ দুটি অপসারণ করে। কিন্তু অ্যাপ দুটি অপসারণ করার পর থেকে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ও অনলাইনে পোর্টালে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক মন্তব্য ও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি বেসিসকে অবহিক করেন।

সেই পরিপ্রেক্ষিতে একটি বিজ্ঞপ্তি দিয়ে সফটওয়্যারের মেধাসত্ব মেনে চলার পাশাপাশি সবাইকে আরও সহশীল হওয়ার আহ্বান জানায় বেসিস। সেই সঙ্গে সফটওয়্যার পণ্য ও সেবার মেধাস্বত্ব সংরক্ষণ ও পেটেন্ট আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্যও বেসিস সংশ্লিষ্ট সব পক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। একইসঙ্গে উন্মুক্ত সফটওয়ারের ক্ষেত্রে কপিরাইট লঙ্ঘন না করে নতুন উদ্ভাবন বা প্রয়োজনীয় লিখিত পার্টনারশিপ জরুরি বলেও মত দেয়া হয়।

বেসিস নির্বাহী পরিচালক সামি আহমেদ স্বাক্ষরিত বৃবিতিতে বলা হয়, দেশের তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে প্রায় ২৮ বছর ধরে সংশ্লিষ্ট মোস্তাফা জব্বারকে এভাবে হেয় প্রতিপন্ন করা এবং ব্যক্তিগতভাবে হুমকি দেওয়া দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্যে মোটেও ইতিবাচক নয়। তাছাড়া তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্টরা যেকোনো বিতর্কে ‘শোভন ভাষা’ ব্যবহার করবেন বলেই বেসিস প্রত্যাশা করে।

আশুলিয়ায় ঝুট পল্লীতে আগুন

fire tআশুলিয়ায় একটি ঝুট পল্লীতে ভয়াবহ আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঝুট পল্লীর বেশ কয়েকটি ঝুট গোডাউন পুড়ে যায়।

বুধবার ভোর ৫টায় শিল্পাঞ্চল আশুলিয়ার ইউনিক এলাকায় জিএসএম এ্যাপারেলসের পাশে স্থানীয় ঝুট পল্লীর ব্যবসায়ী কাঞ্চনের মালিকানাধীন গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিল্পাঞ্চল আশুলিয়ার ইউনিক এলাকায় জিএসএম এ্যাপারেলসের পাশে স্থানীয় ঝুট পল্লীর ব্যবসায়ী কাঞ্চনের মালিকানাধীন ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ঝুট পল্লীর আরো কয়েকটি গোডাউনসহ পাশের শ্রমিক কলোনীতে। এ সময় শ্রমিক কলোনীর কয়েকটি ঘর পুড়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
এদিকে আগুনের খবর পেয়ে ডিইপিজেড, সাভার, ধামরাই ও টঙ্গী ফায়ার সার্ভিসেরে আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের আরো তিনটি স্পেশাল ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।

দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে  কয়েকটি ঝুট গোডাউনের ভেতরে থাকা ঝুট মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমান পাঁচ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেছেন গোডাউন মালিকরা।

এদিকে আগুন নিয়ন্ত্রনে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয় কয়েক জন কর্মী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, “এক সঙ্গে কয়েকটি ঝুট গোডাউন এবং পাশের শ্রমিক কলোনীতে আগুন লাগায় আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বলা যাচ্ছে না। বিষয় টি ক্ষতিয়ে দেখতে হবে।”

আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

road accident2আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন গরু ব্যবসায়ীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১জন। মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে বুধবার সকালের মধ্যে এ দুর্ঘটনা তিনটি ঘটে।

আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল সড়কের টঙ্গাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বুধবার সকালে দুর্ঘটনায় নিহতরা হলেন- টাঙ্গাইলের রফিকুল ইসলাম হিরা, জামালপুর সরিষাবাড়ির মোহাম্মাদ আক্কাস ও অজ্ঞাতপরিচয় পরিচয় এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি গরুভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

অপরদিকে, আব্দুল্লাপুর-বাইপাইল সড়কের ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় এক সাইকেলআরোহীকে পেছন থেকে ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এর আগে, শিল্পাঞ্চল আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলে দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়ায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, গাজীপুরের কালিয়াকৈর থেকে আশুলিয়ার নবীনগরগামী কালিয়েকৈর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের চক্রবর্তী এলাকায় পৌঁছলে আবির পরিবহন নামে অপর একটি যাত্রীবাহী বাস পাশকাটিয়ে যাওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কালিয়াকৈর পরিবহনের যাত্রীবাহী বাসটি মহাসড়কের উপর উল্টে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত এবং অন্তত ১০ যাত্রী আহত হন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, ছয় জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ কাছেই ছিল সাহায্য করেনি: রাফিদা

rafida11দুষ্কৃতকারীদের হামলার সময় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন নিহত ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, তার ও তার স্বামীর ওপর হামলার সময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি।

তার ভাষায়, আমি ও অভিজিৎ যখন নিষ্ঠুর হামলার শিকার হচ্ছিলাম, স্থানীয় পুলিশ আমাদের খুব কাছেই দাঁড়িয়ে ছিল। কিন্তু তারা কিছুই করেনি।

নিউ ইয়র্ক ভিত্তিক  সংস্থা সেন্টার ফর এনকোয়ারি (সিএফআই) বিবৃতিটি প্রকাশ করে। সেখানে বন্যা লিখেছেন, “আমার স্বামী অভিজিৎ রায় বিজ্ঞান ও যুক্তিবাদ নিয়ে লেখালেখি করেছেন। তিনি ধর্মীয় মৌলবাদের সমালোচনাও করেছেন। এর কারণে তাকে হত্যা করা হয়েছে। তার স্ত্রী, সহকর্মী লেখক ও মুক্তমনা হিসেবে আমি এ ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”

তিনি বলেন, “ওই হামলা কেবল একজন মানুষের ওপরই ছিল না, ছিল সমগ্র মানবতা ও বাকস্বাধীনতার ওপর হামলা।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যামপাস ঐতিহাসিকভাবেই প্রগতিশীল আন্দোলনের স্থান। অনেকবার হুমকি পেলেও আমরা কল্পনাও করতে পারিনি, এরকম জায়গায় এমন ঘৃণ্য অপরাধ সংঘটিত হতে পারে। তিনি বাংলাদেশ সরকারের কাছে খুনিদের ধরে বিচারের আওতায় আনতে সরকারের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের দাবি জানান।”

তিনি বলেন, “আমি বাংলাদেশ সরকারের প্রতি সন্ত্রাসবাদ মোকাবিলার ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধের আহ্বান জানাই। এখানে লেখকরা নিহত হন, কিন্তু হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয় না। আমি পুরো বিশ্বের প্রতি আমাদের বিচারের দাবির সঙ্গে শামিল হওয়ার আহ্বান জানাই।”

বহুতল ভবনে সিসি ক্যামেরা বসানোর অনুরোধ

assadujzamসার্বিক নিরাপত্তার লক্ষ্যে রাজধানীর বহুতল ভবনগুলোয় ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) বসাতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় বহুতল ভবন থেকে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে বলে অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে কোনো ভবন থেকে ককটেল ছুড়ে মারার অভিযোগ পাওয়া গেলে তার দায় সংশ্লিষ্ট মালিককে নিতে হবে। কারণ ওই মালিক জানেন তার ভবনে কে থাকেন বা কারা কী কর্মকাণ্ড পরিচালনা করেন।

আসাদুজ্জামান খান বলেন, আমি বহুতল ভবনের মালিকদের অনুরোধ করছি, আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে ভবনগুলোয় সিসি ক্যামেরা বসান, যাতে নাশকতাকারীদের শনাক্ত করা সম্ভব হয়।

স্বাধীনতা দিবসের প্রস্তুতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য বছরের মতো এবারও সুষ্ঠুভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হবে। এ উপলক্ষে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দা সদস্যরা প্রস্তুত রয়েছেন।

সচিবালয়ের বৈঠকে পুলিশপ্রধান এ কে এম শহীদুল হক, বিভিন্ন বাহিনীর প্রতিনিধি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।