শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার আর নেই

saiful islamবিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)।

শনিবার রাতে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাইফুল ইসলাম দৈনিক আমাদের সময়ে কর্মরত ছিলেন। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ২০১৩-১৫’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন।

তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

অঘটন, হেরেই গেল ম্যান সিটি

barneleপ্রিমিয়র লিগে অঘটন ৷ হেরে গেল গত বারের চ্যাম্পিয়নরা ৷ শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নেলে-র কাছে হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ এই হারের পরে লিগ টেবিলে দু’নম্বরে চলে এল সিটি ৷

বিরতির আগে কোনো দলই গোল করতে পারেনি ৷ দুটো দল আক্রমণ শানালেও কেউ ইতিবাচক ছাপ রাখতে পারেনি ৷ বিরতির পরে ম্যান সিটি প্রবলভাবে আক্রমণ শানাবে আশা করা গিয়েছিল৷ কিন্তু তা ঘটেনি ৷ উল্টে ৬১ মিনিটে গোল খেল তারা ৷ গোল করেন জর্জ বয়েড ৷ এই গোলের পরেও ম্যাচে ফিরতে পারেনি ম্যান সিটি ৷ শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়ে পেলেগ্রিনির ছেলেরা ৷

পুলিশের বাসায় অপহৃত স্কুলছাত্রের লাশ

abu sayedসিলেট শহরে  এক পুলিশ কনস্টেবলের বাসা থেকে অপহৃত এক স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

চার দিন আগে স্কুল থেকে ফেরার পথে ওই শিশু অপহৃত হওয়ার পর পরিবারকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকায় বামনবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে শনিবার রাত পৌনে ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে কোতয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান।

নিহত আবু সাঈদ (৯) নগরীর শাহ মীর সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র । সে দর্জিবন্দ বসুন্ধরা এলাকার বাসিন্দা মতিন মিয়ার ছেলে।

এ ঘটনায় কনস্টেবল এবাদুর ছাড়াও সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের  সোর্স গেদা মিয়াকে আটক করা হয়েছে বলে ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, “গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে সাঈদ অপহৃত হয়। এরপর থেকে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তিনজনকে আটক করলে জিজ্ঞাসাবাদে তারা সাঈদকে অপহরণ ও খুনের কথা স্বীকার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে কনস্টেবল এবাদুরের বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করা হয়।”

মসজিদ কোনো ধর্মস্থান নয়, চাইলেই তাই গুঁড়িয়ে ফেলা যায়: বিজেপি নেতা

goshami15মসজিদ কোনো ধর্মস্থানই নয়! তাই ইচ্ছা হলেই নাকি তাকে গুঁড়িয়ে দেওয়াই যায়! ভারতের গৌহাটিতে শনিবার এমন অদ্ভুতুড়ে দাবি করলেন বিজেপি নেতা সুব্রহ্মনম স্বামী। সুব্রহ্মনম স্বামীর এই মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় উঠেছে। আসামে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ফৌজদারি মামালাও।

অবশ্য দমতে রাজি নন সুব্রহ্মনম স্বামী। তার দাবি নিজের বক্তব্যের স্বপক্ষে তার কাছে নাকি প্রমাণও আছে। শুক্রবার রাতে গুয়াহাটিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে এই বিজেপি নেতা বলেন ”মসজিদ মোটেও কোনো ধর্মস্থান নয়। এটা সাধারণ একটা বিল্ডিং মাত্র। যেকোনো সময় চাইলেই মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়। আমার সঙ্গে কেউ সহমত না হলে আমি বিতর্কে যেতে রাজি। সৌদি আরবের মানুষদের কাছ থেকে এই তথ্য আমি পেয়েছি।”

এর সঙ্গেই আরএসএস-এর সঙ্গে সুর মিলয়ে স্বামীর দাবি সব ভারতীয় মুসলিমরাই আদতে হিন্দু।

শনিবার, গৌহাটিতে ভিন্ন একটি অনুষ্ঠানে এই কথার পুনরাবৃত্তি করেন তিনি।

স্বামীর এই মন্তব্যের বিরুদ্ধে শনিবার গোটা আসাম জুড়েই একাধিক সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। প্রকাশ্য রাস্তায় দাহ করা হয় সুব্রহ্মনম স্বামীর কুশপুত্তলিকা। ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি) ও ১৫৩ (এ) ধারায় সুব্রহ্মনম স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

কেএমএসএস-এর প্রেসিডেন্ট অখিল গগৌর অভিযোগ ”বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি এ রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে। মুসলিমদের বিরুদ্ধে স্বামীর এই বিতর্ক সেই ষড়যন্ত্রের অংশমাত্র। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আসাম সরকারের কাছে দাবি জানাচ্ছি এ রাজ্যে সুব্রহ্মনম স্বামীর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হক।”

আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৌও স্বামী ও তার দলের বিরুদ্ধে সুর চড়িছেন। তিনি বলেছেন ”আসামের অনুভূতির উপর এই ধরণের আঘাত হানার ভারী মূল্য চোকাতে হবে বিজেপিকে।”

অন্যদিকে, এই অবস্থায় আসামের রাজ্য বিজেপি সুব্রহ্মনম স্বামীর সঙ্গে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। দলের তরফ থেকে জানানো হয়েছে ”এই মন্তব্য স্বামীর ব্যক্তিগত, এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। তবে এই বিষয়ে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চিঠি লিখব।”

টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড

pak irlandবিশ্বকাপে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে আয়ারল্যান্ড। অ্যাডিলেডে টসে জিতে ব্যাট করছে আইরিশরা।

চার ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১৫ রান। ওপেনার পল স্টারলিং (৩) প্যাভিলিয়নে ফিরে গেছেন। এহসান আদিলের বলে এলবির ফাঁদে পড়েন তিনি।

আয়ারল্যান্ডের একাদশ অপরিবর্তিত রয়েছে। তবে পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে খেলছেন না দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফান।

দুদলের জন্য কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। শেষ আটে যেতে জয় চাই দুদলেরই।

সালাহ উদ্দিন নিখোঁজের ঘটনা কি রাজনৈতিক প্রতিপক্ষ দমনের চেষ্টা?

bbcবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ নিখোঁজের ঘটনা কি নিছক নিখোঁজ? নাকি রাজনৈতিক প্রতিপক্ষ দমনের চেষ্টা- এ প্রশ্ন ওঠেছে ‘বিবিসি বাংলাদেশ সংলাপ’ অনুষ্ঠানে। সরকারবিরোধী পক্ষের আলোচক বলেছেন, “এ নেতাকে লুকিয়ে রাখা হয়েছে বলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা তিনি প্রমাণ করুক।”

শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপের ১০৮তম পর্ব হয়। এবার অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা এবং ইংরেজি দৈনিক দ্য অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তাজমেরি এস এ ইসলাম এবং বেসরকারি সংগঠন নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির।

অনুষ্ঠানে এক দর্শক জানতে চান- সালাহ উদ্দিন আহমদের বিষয়টি কি নিছক একটি নিখোঁজ হওয়ার ঘটনা, নাকি তা রাজনৈতিক প্রতিপক্ষ দমনের একটি চেষ্টা?

জবাবে খুশী কবির বলেন, “দুটোই হতে পারে। প্রতিপক্ষ দমনের চেষ্টা বর্তমান সরকার ও বিগত সরকার সবাই করেছে।”

তিনি বলেন, “একজন মানুষ নিখোঁজ হয়ে গেলো। আমরা অবশ্যই এ ঘটনায় উদ্বিগ্ন। সালাহ উদ্দিন আহমদকে হাজির করতে আদালত আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এজন্য আমরা রোববার পর্যন্ত অপেক্ষা করছি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, খালেদা জিয়াকে জবাব দিতে হবে, তিনি সালাহ উদ্দিন আহমেদকে কোথায় লুকিয়ে রেখেছেন।

এ বিষয়ে এক দর্শক বলেন, “খালেদা জিয়া খোঁজ দিতে পারলে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ কী?”

শওকত মাহমুদ বলেন, “সরকার যে লুকিয়ে রাখার কথা বলছে, তা প্রমাণ করুক।”

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে তিনি বলেন, “সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার পর খোঁজ মিলছে না। কয়েকদিন পরে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী স্বীকার করছে।”

সালাহ উদ্দিনের ঘটনা রাজনৈতিক প্রতিপক্ষ দমনের চেষ্টা বলে এক দর্শক মত দেন। আরেক দর্শক বলেন, “বর্তমান সরকারের সময়ে এভাবে নিখোঁজ বা গুমের ঘটনার ধারাবাহিকতা চললে, আগামীতে কোনো সরকার এলেও এটি কি চলতেই থাকবে?”

ড. তাজমেরি এস এ ইসলাম বলেন, “সালাহ উদ্দিন আহমেদ এমন নেতা নন, যিনি কোথাও লুকিয়ে থাকবেন। তিনি একজন সিনিয়র নেতা। কোনো ব্যক্তি নিখোঁজের পর তাকে খুঁজে বের করার দায়িত্ব যাদের সেসব সরকারি লোকেরা যে বলছে জানে না। আমার প্রশ্ন- দেশে সরকারের ভেতর কি আরো কোনো সরকার আছে?”

সালাহ উদ্দিনকে হাজিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আদালতের নির্দেশ থাকায় এ বিষয়ে কোনো মতামত দেননি ইকবাল সোবহান চৌধুরী।

অনুষ্ঠানটির প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন। বিবিসি মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে সাম্প্রতিক সময়ে আলোচিত বিষয়ে দর্শকরা সরাসরি আলোচকদের কাছে প্রশ্ন বা মতামত দিতে পারেন।

বিদ্যাকে সরিয়ে বাজি মারল রবীনা

robinaডাকাত রানি ফুলনদেবী থেকে শুরু করে উড়ন্ত শিখ মিলখা। একের পর এক বাস্তব জীবনের নায়ক-নায়িকাদের জীবনি ফুটে উঠছে বলিউড সেলুলয়েডের পর্দায়। তবে এবার দেশের নয় বিদেশের অগ্নিকন্যার জীবনি ধরা পড়তে চলেছে বলিউডের সিলভার স্ক্রিনে। মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী তথা প্রাক্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর কাহিনি এবার বন্দি হতে চলেছে ক্যামেরার লেন্সে। আর বেনজীর চরিত্রে অভিনয়ের করতে চলেছেন রবীনা ট্যান্ডান।

অবশ্য প্রথমে শোনা গিয়েছিল, বেনজীর বায়োপিকে অভিনয় করবেন বিদ্যা বালান। কিন্তু এখন জানা গিয়েছে  বিদ্যা নয় এই চরিত্রের জন্য পরিচালকের পছন্দ রবীনা। ঘনিষ্ঠ সূত্রের খবর, ইতিমধ্যে ছবির কাহিনি শুনে ফেলেছেন রবীনা। আর খুব পছন্দও হয়েছে তার। তবে শুধু অভিনয় নয়। ছবিটি প্রযোজনা ও করতে চান রবীনা।

গণতন্ত্রের জন্য ক্ষমতা ছেড়েছি: এরশাদ

ershaddগণতন্ত্রের জন্য ক্ষমতা ছেড়েছেন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, তারপরও দেশে এখন পর্যন্ত প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।
শনিবার চারদিনের সফরে রংপুরের দর্শনা এলাকায় তার পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘সব রাজনৈতিক দলই গণতন্ত্রের কথা বলে কিন্তু কেউ প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করে না। আমি ১৯৯০ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতা ছেড়েছি। কিন্তু আজ পর্যন্ত সে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি।’
তিনি বলেন, ‘হরতাল আর অবরোধের নামে দেশে সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, এটা কোন গণতন্ত্র, কোন ধরনের আন্দোলন?’
সাধারণ মানুষকে জিম্মি করে কোন রাজনীতি হয়না জানিয়ে তিনি বলেন, ‘এ রাজনীতি আমরা চাই না। আমরা চাই দেশের মানুষ শান্তিতে নিরাপদে থাক, দেশ এগিয়ে যাক।’
জাপা চেয়ারম্যার আরও বলেন, ‘একমাত্র জাতীয় পার্টির ৯ বছরে মানুষ শান্তিতে ও নিরাপদে ছিল। সে সময় জিনিস পত্রের দামও ছিল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। মানুষ রাত-দিন নির্বিঘ্নে নিরাপদে চলাফেরা করতে পারত। কিন্তু এখন মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে না। এসব কারণে দুই দলকে আর কেউ ক্ষমতায় দেখতে চায় না। তারা চায় জাতীয় পার্টির সরকার।’
আর সে লক্ষ্যেই তার দল কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এরই মধ্যে আমাদের দল গোছানোর কাজ শুরু হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য জিএম কাদের, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির প্রমুখ।
এরআগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুরের বাসভবনে পৌঁছালে জাপা নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়

রোববার শেষ হচ্ছে গ্রুপ পর্বের লড়াই

icc14রানের বন্যা, ধন্ধুমার ব্যাটিং শৈলী, রেকর্ডের উৎসবে পরিপূর্ণ ছিল ২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্ব। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলমান বিশ্বকাপের ৩১ দিন ব্যাপী গ্রুপ পর্বের লড়াই রোববার শেষ হচ্ছে।

রোববার শেষ দিনে ‘বি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডের নেপিয়ারে আরব আমিরাত মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি। অপর ম্যাচে পাকিস্তান লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচ দিয়ে শেষ হবে একাদশ বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

‘বি’ গ্রুপ থেকে ছয় ম্যাচের সবগুলো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেছে ভারত। গ্রুপের শীর্ষদল ভারত শেষ আটে লড়বে বাংলাদেশের বিপক্ষে। ১৯ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তারা চারটি ম্যাচ জিতেছে। তিনটি করে ম্যাচ জিতেও শেষ আটের টিকিট পেতে অপেক্ষায় আছে পাকিস্তান-আয়ারল্যান্ড। দুটি ম্যাচ জিতলেও কঠিন সমীকরণের বাঁকে পড়ে শেষ আটের আশা টিকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। রোববার দুটি ম্যাচ শেষ হলেই ঠিক হয়ে যাবে ‘বি’ গ্রুপের তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালিস্ট দল।

‘এ’ গ্রুপের চার কোয়ার্টার ফাইনালিস্ট অবশ্য আগেই ঠিক হয়ে গিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের জয়েই ঠিক হয়ে যায় গ্রুপের সেরা চার দল। শনিবার ঠিক হলো গ্রুপের লাইনআপ। ছয় ম্যাচের সবকটি জিতে শীর্ষে নিউজিল্যান্ড। চারটি করে ম্যাচ জিতলেও রান রেটে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে গ্রুপ পর্ব শেষ করলো। শ্রীলঙ্কা তৃতীয় স্থানে রইল। আর তিন ম্যাচ জিতে গ্রুপের চতুর্থ দল হিসেবে শেষ আটে গেল বাংলাদেশ দল।

দুই ম্যাচ জিতে ইংল্যান্ড পঞ্চম হয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠতে না পারায় গ্রুপ পর্ব শেষে দেশেও ফিরে গিয়েছে ইংলিশরা। প্রথমবার বিশ্বকাপে এসে একটি ম্যাচ জিতেছে আফগানিস্তান। তারা একটি ম্যাচ জিতে ষষ্ঠ হয়েছে। আর কোনো ম্যাচ না জেতা স্কটল্যান্ড রয়েছে গ্রুপের তলানীর সপ্তম স্থানে।

আত্মসমর্পন না করলে সরকার কোর্টের আদেশ মানতে বাধ্য হবে

hasina141বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে আত্মসমর্পণ না করলে সরকার কোর্টের আদেশ মানতে বাধ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ওনার (খালেদা জিয়ার) জন্য নিরাপদ জায়গা হচ্ছে আদালত। আদালতে সারেন্ডার করলে তার জন্যই ভালো হবে।

শুক্রবার (১৩ মার্চ) গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সরকারের সঙ্গে সংলাপের বিষয়টি আবারো নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংলাপ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ওনার (খালেদা) সঙ্গে কিসের সংলাপ। যিনি মানুষকে মানুষ হিসেবে গণ্য করেন না। যিনি জঙ্গী নেত্রী। যার হাতে রক্ত, মানুষের পোড়া গন্ধ তার সঙ্গে কিসের সংলাপ?

পেশাজীবীদের সহযোগিতা চেয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, খালেদা জিয়া মানুষকে কষ্ট দিচ্ছেন। এই কষ্ট লাগবে যা যা করার দরকার সরকার তাই করবে। আমি বেঁচে থাকতে বাংলাদেশের মানুষের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবো না।

শেখ হাসিনা বলেন, আলোচনার কথা বলে উনি (খালেদা) এখন গলা শুকিয়ে ফেলছেন। অথচ আলোচনার জন্য আমি নিজে ওনাকে ফোন দিয়েছি। আর উনি ফোনে যে ভাষায় কথা বলেছেন তা সবাই জানে। ওনাকে নির্বাচনে আনতে চেষ্টা করেছি। যে মন্ত্রণালয় চান সে মন্ত্রণালয় দেবো বলেছি। চাইলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় পর্যন্ত দেওয়ার কথা বলেছি। উনি নির্বাচনে আসেন নি। উনি নির্বাচনে না এসে যে ভুল করেছেন তার খেসারত এখন জনগণ দেবে কেন?

নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে বিএনপি কার্যালয় থেকে সিটি করপোরেশনের লোক দিয়ে ৮ বস্তা ময়লা-আবর্জনা বের করা হয়েছে। বিএনপির এ নেতা গভীর আন্ডার গ্রাউন্ডে থেকে বিবৃতি দিয়ে আসছিলেন। সবাই জানে তিনি ওখান (বিএনপি কার্যালয়) থেকে বিবৃতি দিয়ে আসছেন। এখন ৮ বস্তা ময়লা-আর্বজনার সঙ্গে তাকেও পাচার করে দেওয়া হয়েছে কি না জানি না। আমরা তাকে খুঁজছি। পুলিশ খোঁজে পেলেই তাকে গ্রেফতার করবে।

খালেদা জিয়ার কার্যালয়ে অবস্থান করার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ওনার মাথায় কে ঢুকিয়েছে এভাবে তিনি কিছু করতে পারবেন। জানি না উনি ওখানে বসে কি মহাকাজ করছেন। বাড়ি ছেড়ে কার্যালয়ে গিয়ে বসে আছেন। জানি না সেখানে কি মধু আছে।

খালেদা জিয়ার আন্দোলন ব্যর্থ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উনি হরতাল অবরোধের ডাক দিয়েছেন। তার দলের লোকেরাইতো তার কর্মসূচি মানে না। দলীয় নেতাদের অফিস-কারখানা সবই চালু আছে। তারা রাস্তায় গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া যাদের দিকে তাকিয়ে ছিলেন তাদের কেউ সাড়া দেয় নি। উত্তর-পশ্চিম কোনো দিক থেকেই সাড়া আসেনি।

খালেদা জিয়ার মিথ্যাচারে হিটলারের মন্ত্রী গোয়েবলেসও লজ্জা পেতো মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সংবাদ সম্মেলনে উনি বক্তব্য শুরু করেছেন মিথ্যা দিয়ে। উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়েছেন তিনি। পেট্রোল বোমা মেরে মানুষ মারছেন উনি আর দোষ চাপাচ্ছেন আমাদের ওপর। হিটলার বেঁচে থাকলে ওনার মিথ্যাচার দেখে হিটলারও লজ্জা পেতেন।

সমাবেশে সভাপতিত্বে করেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেসবাহ উদ্দিন।