শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সালাহ উদ্দিনের খোঁজ মেলেনি: রুলের শুনানি ৮ এপ্রিল

salahuddin8বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে কেন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়টি ব্যাখ্যা করার জন্য গত বৃহস্পতিবার হাইকোর্ট সরকারকে যে রুল দিয়েছিল তার শুনানি আবারও ৮ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

এদিকে ডিবি পরিচয়ে অস্ত্রধারীরা তুলে নেওয়ার পর ছয় দিনেও হদিস মেলেনি  বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের।

রোববার আদালতে জমা দেওয়া এক প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীগুলো জানিয়েছে পাঁচ দিন ধরে খুঁজেও  সালাহ উদ্দিন আহমেদের কোনো ‘সন্ধান পাওয়া যায়নি।

ডেপুটি এটর্নি জেনারেল মো. বশির উল্লাহ রোববার সকালে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের বলেন, আমরা এসবি, সিআইডি, র‌্যাব, ডিএমপি ও পুলিশ হেড কোয়ার্টার থেকে পাঁচটি রিপোর্ট পেয়েছি। সবাই জানিয়েছে তারা সালাহ উদ্দিনের কোনো সন্ধান এখনও পায়নি।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে কেন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়টি ব্যাখ্যা করার জন্য গত বৃহস্পতিবার সরকারের প্রতি রুল জারি করে হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ-সংক্রান্ত রুল দেন।

রোববারের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছিল। যার প্রেক্ষিতে সরকার রোববার সকালে সালাহ উদ্দিন সম্পর্কে প্রতিবেদন দেয়। দুপুর আড়াইটায় এ বিষয়ে শুনানি হয়। এরপর তা আবার সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।

গত মঙ্গলবার রাতে ডিবি পরিচয়ে একদল অস্ত্রধারী রাজধানীর উত্তরা এলাকার বাসা থেকে তাঁকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ আছেন।

সালাহ উদ্দিন আহমদের নিখোঁজ হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পেশাজীবী মহাসমাবেশে বলেছেন, ‘তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা তাঁকে অ্যারেস্ট করার জন্য খুঁজছি। তিনি কোথায়, তার জবাব খালেদা জিয়াই দিতে পারবেন। সালাহ উদ্দিন আন্ডারগ্রাউন্ডে থেকে বিবৃতি দিচ্ছিলেন।

কিন্তু সবাই জানে, তিনি ওখান থেকেই (গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়) বিবৃতি দিয়েছেন। আট বস্তা ময়লার সঙ্গে তাঁকেও কোথাও পাচার করে দিয়েছেন কি না, সে জবাব খালেদা জিয়াই দিতে পারবেন।

এদিকে সালাহ উদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব বলেন, সরকারকে অনুরোধ করছি, সালাহ উদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় তাঁর পরিবারের কাছে ফেরত দিতে হবে। তিনি বলেন, মানুষের জানমাল রক্ষা করার দায়িত্ব সরকারের। সেই সরকার যদি ব্যর্থ হয়, সেই সরকার যদি বলে আমরা জানি না কে নিয়ে গেছে? তাদের ক্ষমতায় থাকার এক মুহূর্তও সুযোগ নেই।

এ সময় সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ সেখানে ছিলেন। তিনি বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, তাঁর নিখোঁজের খবরটি সরকারের কাছে স্পষ্ট নয়। সালাহ উদ্দিন যদি অন্যায় করেন, তা হলে তাঁকে আটক করা হোক, আদালতের সামনে ও বিচারের আওতায় আনা হোক। কিন্তু এভাবে নিখোঁজ করে দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি। আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক।

সালাহ উদ্দিনের নিখোঁজের ব্যাপারে যোগাযোগ করা হলে র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা কোনো তথ্য দিতে পারেননি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, পুলিশ বা ডিবি তাঁকে গ্রেপ্তার করেনি।

আসামী হলেন খালেদা জিয়া ও কোকোর স্ত্রী-মেয়েরা

khaleda shormilaসোনালী ব্যাংকে ড্যান্ডি ডাইংয়ের ৪৫ কোটি টাকা ঋণখেলাপী মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ‍জিয়া এবং তার ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়েকে আসামী করেছেন আদালত।

ঢাকার অর্থঋণ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আরা হ্যাপী সোমবার সোনালী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এ মামলায় বিবাদী করেন।

এর আগে আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ইসলামী শরীয়াহ মোতাবেক অংশীদারিত্ব মামলায় তার মা এবং স্ত্রী শার্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদী করার জন্য গত ৮ মার্চ আদালতে আবেদন করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

সোনালী ব্যাংকের আইনজীবী হোসনে আরা বেগম জানান, ইসলামী শরীয়াহ মোতাবেক সিভিল মামলায় কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারকে অন্তর্ভুক্ত করতে হয়। সে অনুয়ায়ী আমরা ৮ মার্চ বেগম খালেদা জিয়া, কোকোর স্ত্রী শার্মিলা রহমান ও দুই কন্যাকে আসামী করার জন্য আদালতে আবেদন করি।

এ মামলায় অন্য বিবাদীরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, সুমাইয়া এস্কান্দার, শাহীনা ইয়াসমিন, বেগম নাসরিন আহমেদ, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান।

মামলার ১০ নম্বর বিবাদী মোজাফ্ফর আহমেদ মারা যাওয়ায় তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে মাসুদ হাসানকে এ মামলায় বিবাদীভুক্ত করা হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাদীরা ড্যান্ডি ডাইংয়ের পক্ষে সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। এর পর ওই বছরের ৯ মে সোনালী ব্যাংক বিবাদীদের আবেদনে উল্লেখ করা ঋণ মঞ্জুর করে।

২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের সুদ মওকুফ করে। পরবর্তীতে বিবাদীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক আবারও ঋণ পুনঃতফসিলীকরণও করে দেয়। কিন্তু বিবাদীরা ঋণ পরিশোধ না করে বার বার কালক্ষেপণ করতে থাকেন।

২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য বিবাদীদের চূড়ান্ত নোটিশ দেওয়া হলেও তারা কোনো ঋণ পরিশোধ করেননি।

২০১৩ সালের ২ অক্টোবর ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপীর অভিযোগে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংকের স্থানীয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

গত ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান।

রেফারিকে হত্যা করে জেলে ফুটবলার

basenরাগের মাথায় রেফারিকে হত্যা করলেন এক ফুটবলার৷ খেলার মাঠে হারিয়ে গেল ‘স্পোটিং স্পিরিট’৷ এমনই বিষ্ময়কর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিচিগান ইউনাইটেড সকার লিগের ম্যাচে৷

ম্যাচ চলাকালীন বাসেন সাড নামে এই ফুটবলার দ্বিতীয়বার ফাউল করায় রেফারি জন বেনিউইজ তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান৷ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার নির্দেশ পেলে তা কিছুতেই মেনে নিতে পারেননি সাড৷ রেগে গিয়ে রেফারির মুখে ঘুসি মারেন তিনি৷ গুরুতর চোট পেয়ে অচেতন অবস্থায় মাঠে লুটিয়ে পড়েন ৪৪ বর্ষীয় রেফারি৷ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দু’টি পর মৃত্যু হয় জনের৷ সাডের বিরুদ্ধে মামলা করা হলে আদালত তাকে কমপক্ষে ৮ বছরের কারাবাসের নির্দেশ দেয়৷ ভারতীয় অর্থে আনুমানিক ৫ লক্ষ্য ৭৫ হাজার টাকা জরিমানাও হয় সাডের৷

বাংলাদেশ-ভারত ম্যাচে পাক আম্পায়ার

alim darবাংলাদেশ-ভারত ম্যাচ পরিচালনা করবেন পাক আম্পায়ার আলিম দার৷ ফিল্ড আম্পায়ার হিসেবে তার সঙ্গী ইংল্যান্ডের ইয়ান গোল্ড৷

বৃহস্পতিবার এমসিজি-তে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ৷

বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে বাইশ গজে লড়াইয়ের আগে গর্জন শুরু করে দিয়েছে বেঙ্গল টাইগার৷ ২০০৭ বিশ্বকাপের স্মৃতি হাতরে ফের ‘ভারত বধ’-এর স্বপ্ন দেখছে পদ্মাপারের আট থেকে আশি৷

মেলেবোর্নে বাংলাদেশ-ভারত ম্যাচ পরিচালনার দ্বায়িত্ব থাকছেন আইসিসি-র এলিট প্যানেলের চার আম্পায়ার৷ ফিল্ড আম্পায়ার হিসেবে পাকিস্তানের আলিম দারের সঙ্গে থাকছেন ইংল্যান্ডের ইয়ান গোল্ড৷ ম্যাচের তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার স্টিভ ডেভিস ও পল রাইফেল৷ ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান রোশন মাহানামা৷

হরিয়ানায় গির্জায় ভাঙচুর: ক্রুশের জায়গায় হনুমানের মূর্তি স্থাপন

horiyanaভারতে বিজেপি শাসিত হরিয়ানায় হিসারের একটি গ্রামে নির্মাণাধীন গির্জায় ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। সেখানে ক্রুশ চিহ্নের জায়গায় হনুমানের মূর্তি বসিয়ে দেয়া হয়েছে। এ নিয়ে ১৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে।

ঘটনার সময় ফাদার সুভাষ চন্দ শহরের বাইরে ছিলেন, তিনি শনিবার ফিরে এসে দেখেন গির্জায় ভাঙচুর করা হয়েছে।  এরপরে তিনি থানায় অভিযোগ জানান। ফাদারের অভিযোগ পেয়ে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। সোমবার এই ঘটনা প্রকাশে আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ কর্মকর্তা রমেশ কুমার জানান, ‘অনিল গোদরা, দলবীর সিং, রাজকুমার, কুলদীপ, সতপাল, কৃষ্ণকুমার, বিজেন্দর, সত্যনারায়ণ, ছটুরাম, এবং অন্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৫৩(এ), ২৯৫, ৩৮০ এবং ৫০৬ ধারা অনুযায়ী মামলা রুজু করেছে।

অভিযুক্তরা গির্জায়র ক্রুশ চিহ্ন ভেঙে ফেলে সেখানে হিন্দু ধর্মের ভগবান হনুমানের মূর্তি ও একটি ধর্মীয় লাল পতাকা লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। এ ছাড়া সেখান থেকে বেশ কিছু জিনিষপত্র চুরি করে নিয়ে গেছে বলেও গির্জার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ফাদার সুভাষ চন্দ জানান, ‘বজরঙ্গ দলের কতিপয় কর্মী এবং স্থানীয় কয়েকজন লোক গত মাসে আমাকে হুমকি দিয়েছিল। এই হামলার পেছনে তাদের হাত থাকতে পারে।’

হরিয়ানার খ্রিস্টান ফ্রন্ট এই ঘটনার নিন্দা করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। -আইআরআইবি

সিরাজগঞ্জে বাস খাদে,নিহত ৩, আহত ১৫

sirajganj mapউত্তরবঙ্গ মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার ঘুড়কায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন মহিলা। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া, সিরাজগঞ্জ জেনারেল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট জুনায়েদ আহমেদ এবং স্থানীয়রা জানান, ঢাকা থেকে বগুড়াগামী একটি যাত্রী বোঝাই বাস বেলা তিনটার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার ঘুড়কায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এতে গাড়িটি রাস্তার নিচে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় অজ্ঞাত তিনজনকে মৃত এবং আহত অবস্থায় আরো ১৫ জনকে উদ্ধার করে।

নিখোঁজের ঘটনাগুলোর যোগসূত্র রয়েছে: তাহসিনা রুশদী

thasina rusdiবিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি ।

প্রায় একই কায়দায় ২০১২ সালে নিখোঁজ হয়েছিলেন দলটির আরেক নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী।

মিস্টার সালাউদ্দিনকে উত্তরার একটি বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। তবে ইলিয়াস আলীকে তার বাড়ির কাছে সড়কে গাড়ি থামিয়ে তুলে নেয়ার ঘটনা ঘটেছিলো। এরপর থেকে মিস্টার আলীর আর সন্ধান পাওয়া যায়নি।
তারও আগে ঢাকার একটি ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলমকে একই কায়দায় তুলে নেয়া হয়েছিলো তার বাড়ি থেকে। এখন পর্যন্ত তারও কোন খোঁজ পাওয়া যায়নি।

ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী মনে করেন এগুলো সবই একি সূত্রে গাঁথা।

বিবিসি বাংলার আজ সকালের অধিবেশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এগুলো একটি আরেকটির সাথে লিংক আছে। একটির সাথে আরেকটির যোগাযোগ আছে অবশ্যই।”

স্বামীর ভাগ্যে কী ঘটেছে বলে মনে করছেন জানতে চাইলে তিনি বলেন, “হতে তো অনেক কিছুই পারে। আসলে কী হয়েছে তা তো জানিনা। আশা আছে বেঁচে আছেন।”

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “ওরা আন্তরিকভাবে কাউকে জিজ্ঞাসাবাদ করছে বা কোন চেষ্টা আছে বলে লক্ষ্য করিনি।”
“ঘটনার আধা ঘণ্টার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম আমি। আধা ঘণ্টার মধ্যে জানানার পরও তারা কোন খোঁজ পাবেনা সেটা আমি মনে করি না।”

তাহসিনা রুশদী বলেন, “আমি দেশের নাগরিক, আমার স্বামী সাবেক সংসদ সদস্য, একটি বড় দলের সাংগঠনিক সম্পাদক। স্বয়ং প্রধানমন্ত্রী বিষয়টি জানেন। এরপরও রাষ্ট্রের কাছ থেকে কোন সহযোগিতা না পেলে আমার পক্ষে তো আর কিছুই করা সম্ভব না।”- বিবিসি

মুক্তিপণ না পেয়ে মাদ্রাসাছাত্রকে হত্যা

marderঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে দুই দিন আগে নিখোঁজ এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে।
নিহত মিরাজ উদ্দীন (১২) কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মহর আলীর ছেলে। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার বুজরুকগড়গড়ি দারুল উমুল মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়তো।
সোমবার দুপুরে মিরাজের লাশ ভোমরাডাঙ্গা গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম শাহিন জানান, শনিবার রাতে বাড়ির পাশের একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার সময় মিরাজকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পর রাতেই তার বাবার কাছে মোবাইলে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে রোববার মিরাজের বাবা কোটচাঁদপুর থানায় একটি মামলা করেন।
তিনি জানান, এরপর সোমবার সকালে ভুট্টাক্ষেতে মিরাজের খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
দুর্বৃত্তরা অন্য কোথাও মিরাজকে গলাকেটে হত্যার পর ভোমরাডাঙ্গা গ্রামের ভুট্টাক্ষেতে ফেলে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী শিক্ষা বোর্ডে ককটেল বিস্ফোরণ

cocktel5রাজশাহী শিক্ষা বোর্ডের ভিতরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সোমবার সকাল ১০টার দিকে দুর্বৃত্তরা শিক্ষা বোর্ডের ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে। ওই সময় বিকট শব্দে শিক্ষাবোর্ডের ভেতরের ফুল বাগানের পাশে ককটেলটি বিস্ফোরণ হয়।
রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি জানান, ককটেল নিক্ষেপ করেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে। বিএনপি-জামায়াতের লোকজন আতংক সৃষ্টির জন্য এই হামলা করেছে বলে পুলিশের ধারনা। এঘটনার পর শিক্ষাবোর্ড এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

‘সালাহ উদ্দিনের খোঁজ খালেদা জিয়াকেই দিতে হবে’

selim16আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘সালাহ উদ্দিন সম্পর্কে সরকার কিছুই জানে না। খালেদা জিয়ার ছত্রছায়ায় থেকেই সালাহউদ্দিন অজ্ঞাত স্থান থেকে ভিডিও ও বিবৃতি পাঠিয়ে টিভিতে প্রচার করে নাশকতাকারীদের ইন্ধন দিতো। সালাহ উদ্দিনকে আন্ডার-গ্রাউন্ডে পাঠিয়ে খালেদা জিয়া নতুন নাটক সাজিয়েছেন। সালাহ উদ্দিনের খোঁজ খালেদা জিয়াকেই দিতে হবে।’

সোমবার গোপালগঞ্জ সরকারি শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন ও শামিমা পারভিন বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

অন্যদের মধ্যে মেজবাহ উদ্দিন এহসান, শিক্ষক রনজিৎ কুমার মজুমদার প্রমুখ বক্তব্য দেন।

শেখ সেলিম বলেন, ‘আল-কায়দা, তালেবান, আইএসসহ বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিরা যেভাবে গোপন স্থান থেকে ভিডিও টেপ, বিবৃতি দিয়ে নাশকতা উস্কে দেয় ঠিক সেই কায়দায় সালাহউদ্দিন বক্তৃতা-বিবৃতি দিয়ে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে ও নাশকতা করে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। বাংলাদেশে উগ্রবাদী, জঙ্গি, সন্ত্রাসী, নাশকতাকারীদের কোনো ঠাঁই হবে না। এগুলো কঠোর হস্তে দমন করা হবে।’

খালেদা জিয়ার বিচার বাংলার মাটিতেই হবে- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘কেউ তাকে রক্ষা করতে পারবে না। আইন সবার জন্য সমান। মামলার আগামী তারিখে হাজির না হলে আদালত তাকে গ্রেফতার করে আদালতে হাজির করার  নির্দেশ দিতে পারে। তখন সরকার তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করবে।’

চলামান আন্দোলনকে নাশকতা আখ্যা দিয়ে শেখ সেলিম বলেন, ‘খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলন না করে সন্ত্রাস ও নাশকতা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করছেন। এটা আন্দোলন নয় জঙ্গি তৎপরতা। তিনি এখন আল-কায়দা,তালেবান, আইএসের মতো জঙ্গি আন্দোলন করে জঙ্গি নেত্রীতে পরিণত হয়েছেন।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি রাজা মিয়া বাটু, আওয়ামী লীগ নেতা মাহাবুব আলী খান, শেখ মো. ইউসুফ আলীসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।