রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

মুক্তি পেয়েছেন আলাল

alalযুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মুক্তি পেয়েছেন। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বৃহস্পতিবার বেলা ১২টা ৫০ মিনিটের দিকে তিনি মুক্তি পান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ২৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজার ও আশেপাশের এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় শাহবাগ থানায় দুটি মামলা হয়। ওই মামলায় ২৭ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

iuইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (ডিগ্রি) ১ম, ২য় ও ৩য় বর্ষের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয় বলে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, ২০১৩ এর ফাজিল ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট : www.iu.ac.bd থেকে পরীক্ষার ফলাফল ও যাবতীয় তথ্য পাওয়া যাচ্ছে।

জাপার উপর অবিচারের জবাব দিতে হবে : এরশাদ

ershad9জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টির উপর অনেক অত্যাচার করা হয়েছে, অবিচার করা হয়েছে, এর জবাব দিতে হবে এবার।

এরশাদ তার বনানীর কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এরশাদ বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে বাহাউদ্দিন বাবুল এবং ঢাকা দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন আমার একমাত্র প্রার্থী। আমার অন্য কোনো প্রার্থী নাই। যারা আমার সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে, অন্যায় করেছে। তাদের আমি অব্যাহতি দিয়েছি। তারা আমার কেউ নয়।

তিনি বলেন, আমরা ক্ষমতা হস্তান্তর করার পর কোনো সংসদ কার্যকর হয়নি। এই সংসদকে অকেজো করা হয়েছে। গণতন্ত্রের মূল কেন্দ্রবিন্দু সংসদ। কিন্তু সংসদকে অচল করার মাধ্যমে গণতন্ত্রকে অচল করা হয়েছে। আমরা ক্ষমতায় গিয়ে সংসদকে কার্যকর করার মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, আমরা যানজটমুক্ত তিলোত্তমা ঢাকা গড়তে চাই। আমরা কদর্য ঢাকা দেখতে চাই না। সারা শহরের রাস্তার উপরে দোকানে সয়লাব এমন ঢাকা আমরা চাই না। আমাদের সামনে সুযোগ এসেছে, মানুষের কাছে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে।

এরশাদ বলেন, মাত্র সাড়ে ৪ হাজার কোটি বাজেট নিয়ে একমাত্র মনের জোরে বিদেশী বন্ধুদের সহযোগিতায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছি। বন্যায় নিপীড়িত মানুষের ঘরে গিয়েছি। তাদের মুখে খাবার তুলে দিয়েছি। আমরা মানুষ হত্যা করেনি, উন্নয়ন করেছি। আমার সময় সন্ত্রাস ছিল না, ইয়াবা ছিল না।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জাতীয় পার্টির সমর্থিত মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নুরু, জহিরুল আলম রুবেল, সুলতান আহমেদ সেলিম, সাইফুল ইসলাম পিটু, আবুল হাসান আহমেদ জুয়েল, মোস্তাফিজুর রহমান নাঈম, নাসির উদ্দিন শেখ, মখলেছুর রহমান মজনু, মাহফুজ মোল্লা, রাজ মোহাম্মদ উমর ফারুক, আবুল খায়ের, ইব্রাহিম খান, কামরুল হুদা কাজল, আব্দুস সাত্তার প্রমুখ।

ঢাকা উত্তরে মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন ববি

bobi hajjajআসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ববি হাজ্জাজ।

রাজধানীর বনানীতে তার নিজ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ববি।

কানের লালগালিচায় রণবীর-কাটরিনা

আগামী মাস থেকেই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র মেলা কান চলচ্চিত্র উৎসব। বিভিন্ন দেশের পাশাপাশি বলিউডের ছবিও এ উৎসবে অংশ নেয় বেশ জাঁকজমকের সঙ্গে। সেসূত্রে উৎসবে অংশ নেন একঝাঁক বলিউডি তারকা।

নতুন-পুরনো মিলিয়ে অনেক বলিউড তারকাই কান উৎসবে অংশ নেন প্রতি বছর। এবারও থাকছেন অনেকেই। আর এদরে মধ্যে এবার ৬৮তম উৎসবে প্রথমবারের মতো কানের লালগালিচায় হাঁটার সুযোগ পাচ্ছেন বলিউডের আলোচিত প্রেমিক যুগল রণবীর কাপুর ও কাটরিনা কাইফ।

গত বছরই কান উৎসবে অভিষেক হওয়ার কথা ছিল কাটরিনার। ব্যাং ব্যাং ছবির শুটিং ব্যস্ততার কারণে আর যেতে পারেননি এ তারকা। এবার সুযোগটি সামনে এসেছে। তাই হাতছাড়া করতে চান না কাটরিনা।

প্রেমিকা যাচ্ছেন সুদূর ফ্রান্সে। তাকে কি একা ছাড়বেন রণবীর? জানা গেছে, বোম্বে ভ্যালভেট ছবির প্রমোশনে অংশ নিতে কাটরিনার সঙ্গে আগামী মাসের শুরুর দিকে ফ্রান্সের উদ্দেশে উড়াল দেবেন রণবীরও।

তবে ছবির প্রচারণার বিষয়টি নাকি শুধুই অজুহাত বলে গুঞ্জন উঠেছে সবখানে। নিন্দুকেরা বলছেন ভিন্ন কথা, ছবি প্রচারণা নয়, কাটরিনাকে একা যেতে দিতে মোটেও রাজি নন রণবীর।

আর তাই নিজের প্রেমিকাকে আগলে রাখতেই নাকি কান উৎসবে অংশ নেয়ার একমাত্র উদ্দেশ্য তার।

আজকের মধ্যেই প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানাতে হবে

assadujamanমৃত্যুদণ্ডপ্রাপ্ত ‍জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না এ বিষয়ে সিদ্ধান্ত আজ বৃহস্পতিবারের মধ্যেই জানাতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রাণভিক্ষা চাইলে কামারুজ্জামানের আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আর সিদ্ধান্ত না জানালে আজই ফাঁসি কার্যকর করা হবে।

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

hamid hasinaফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দিনগত রাত ১টার দিকে ভাঙ্গা উপজেলার কৈডুবী এলাকায় সোনারতরী পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রা: ব ১৪৭০৭৪) দুর্ঘটনায় ২৫ জন নিহত হন। একই ঘটনায় আরও ২১ জন আহত হন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করার জন্যও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বাদ পড়ছেন স্মৃতি

irani mp indiaআরও দুঃসময় কি অপেক্ষা করছে স্মৃতি ইরানির জন্য? দলের জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়া এবং সিসিটিভি বিতর্কের পর এবার বিশেষ সূত্রে খবর, ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়টাও হাতছাড়া হতে পারে তার৷ তিনি অভিনেত্রী, এই যুক্তি দেখিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার পরবর্তী রদবদলে স্মৃতিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেওয়ার সম্ভাবনা যথেষ্ট, যে মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব হিসাবে অরুণ জেটলির হাতে রয়েছে৷

২০ এপ্রিল সংসদের অধিবেশনের আগেই মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা আছে৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক পাওয়ার পর থেকেই অবশ্য স্মৃতিকে নিয়ে বিতর্ক চলছে৷ কংগ্রেস প্রশ্ন তুলেছিল, হায়ার সেকেন্ডারি পাশ স্মৃতিকে কী করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়? এর পর হলফনামা বিতর্ক শুরু হয়৷ দু’টি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে দু’রকমের হলফনামা দিয়েছিলেন তিনি৷ মন্ত্রী হিসেবেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসি, আইআইটি-র ডিরেক্টরদের সঙ্গে টানা সংঘাতে জড়িয়েছেন স্মৃতি৷ দলের মধ্যেও মীনাক্ষী লেখির মতো কিছু সাংসদ তার বিরোধিতা করেছেন৷

কিন্তু এত বিতর্কের মধ্যেও স্মৃতির মন্ত্রণালয় বদল হয়নি৷ তবে প্রথম ধাক্কাটা তিনি খেয়েছেন জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়ায়৷ মন্ত্রণালয় বদলানো হলে ফের ধাক্কা খাবেন স্মৃতি৷ শেষ পর্যন্ত যদি প্রধানমন্ত্রী স্মৃতিকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেন, তবে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়  কে পেতে পারেন? বিজেপির অন্দরে তিনটি নাম শোনা যাচ্ছে-রবিশঙ্কর প্রসাদ, হর্ষবর্ধন এবং মনোজ সিনহা৷ হর্ষবর্ধন এখন বিজেপির শীর্ষ নেতৃত্বের সুনজরে নেই৷ কিন্তু সঙ্ঘ চাইছে, তাকে গুরুত্ব দেওয়া হোক৷ দলের মধ্যে রবিশঙ্কর প্রসাদ মন্ত্রী ও প্রশাসক হিসেবে যথেষ্ট দক্ষ বলে পরিচিত৷ বর্তমান রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহাও সঙ্ঘ নেতাদের পছন্দের মন্ত্রী৷ তবে শুধু স্মৃতিই নন, মন্ত্রণালয় পরিবর্তন হতে পারে গ্রামোন্নয়নমন্ত্রী বীরেন্দ্র সিংয়েরও৷ ভি কে সিং-কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয় দেওয়া হতে পারে৷ আর মন্ত্রিসভায় সামিল হতে পারেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ও শিবসেনার অনিল দেশাই৷

কেন এই মন্ত্রণালয়ের বদলের সম্ভাবনা? গ্রামোন্নয়নমন্ত্রী বীরেন্দ্র সিং জমি অধিগ্রহণ বিল নিয়ে বিতর্কে জড়ান৷ রটনা হয়েছিল, হরিয়ানার এই কৃষকনেতা নতুন আইনের পক্ষপাতী নন৷ সে জন্য তিনি এই আইন পাশ করার পক্ষে প্রচারের ক্ষেত্রে খুব একটা উদ্যোগী হননি৷ বিজেপি সূত্রে এখন বলা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তিনি ঠিকমতো সামলাতে পারছেন না৷ সে জন্যই তাকে কম গুরুত্বের মন্ত্রণালয় দেওয়া হতে পারে৷

প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং-ও মন্ত্রী হওয়ার পর একাধিক বিতর্কে জড়িয়েছেন৷ বর্তমান সেনাপ্রধানের বিরুদ্ধে টুইটারে অভিযোগ করে সরকারকে অস্বস্তিতে ফেলেন৷ পাকিস্তান দিবসের অনুষ্ঠানে গিয়ে এবং পরের দিন টুইট করে ফের বিতর্কে জড়ান৷ সর্বশেষ সংযোজন সংবাদমাধ্যমকে কটাক্ষ করে টুইট৷ সেটাও তার দলকে অস্বস্তিতে ফেলেছে৷ কাজেই তাকে অন্য মন্ত্রণালয়ে সরানো হতে পারে৷ জম্মু ও কাশ্মীরে পিডিপি-র সঙ্গে বিজেপির জোট সরকার হওয়ার সময়ই ঠিক ছিল যে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় মেহবুবা মুফতি আসবেন৷ শিবসেনার অনিল দেশাইয়েরও গতবারই মন্ত্রী হওয়ার কথা ছিল৷ শপথ নেওয়ার জন্য তিনি দিল্লি পৌঁছেও যান৷ কিন্ত্ত সে সময় শিবসেনা -বিজেপির দ্বন্দ্ব চলছিল৷ তাই উদ্ধব তাকে শপথ নিতে দেননি৷ এবার অনিল সুযোগ পেতে পারেন৷

পরিস্থিতি যা, ভারতের মানুষের নজর কিন্তু থাকবে স্মৃতির উপরেই৷

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

lokkhipur3লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা বাজার এলাকায় আনন্দ পরিবহন নামের একটি বাসের  ধাক্কায় হাজিরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মমিন উল্যা বেপারী নিহত হয়েছেন।

নিহত মমিন উল্যা একই উপজেলার চরচামিতা এলাকার মৃত আমিন উল্যার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি লোকাল বাস চরচামিতা বাজার এলাকায় সাবেক ইউপি সদস্য মমিন উল্যা বেপারীকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে মমিন উল্যাহ গুরুতর আহত হয়। পরে রাতে মমিন উল্যাহকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। এরপর তিনি মারা যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘাতক বাসের চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে।”

গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

hasina2গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিরার সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।

শেখ হাসিনা বলেন, গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ালে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। গ্রামে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এতে গ্রামীন অর্থনীতি শক্তিশাল হবে। আর গ্রামীন অর্থনীতি শক্তিশাল হলে দেশ দ্রুতগতিতে এগোবে। শক্তিশাল হবে দেশের অর্থনীতি।

এ সময় প্রধানমন্ত্রী সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনের ওপরও জোর দেন।