সোমবার, অক্টোবর ৫, ২০২৬

চট্টগ্রাম বন্দরে এলো রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ। রবিবার (১৩ এপ্রিল) তিন জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার।

চট্টগ্রাম বন্দরে পৌঁছা তিন যুদ্ধজাহাজ হলো ‘রেজিক’, ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ এবং ‘পেচেঙ্গা’।

এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে এবং চট্টগ্রামের রাশিয়ান অনারারি কনসালসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ তাদের অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধিদল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিটের কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকরা পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ এবং নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন।

এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর সদস্য এবং নৌবাহিনী পরিচালিত স্কুলগুলোর শিক্ষার্থীরা রাশিয়ার জাহাজগুলো পরিদর্শন করবেন।

সফর শেষে রাশিয়ার জাহাজগুলো জাহাজ তিনটি বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ত্যাগ করবে।

বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল : আইন উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংক থেকে দুই বিলিয়ন ডলার চুরি করার প্ল্যান ছিল বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, তবে শেষ পর্যন্ত প্রায় ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে এবং এর মধ্যে ৬৬ মিলিয়ন ডলার এখনো উদ্ধার করা যায়নি।

রবিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, রিজার্ভ চুরির ঘটনায় আওয়ামী লীগ সরকার তদন্তকারী সিআইডিকে অভিযোগপত্রে কেন্দ্রীয় ব্যাংকের জড়িতদের নাম না দেওয়ার নির্দেশনা দিয়েছিল।

আসিফ নজরুল বলেন, ‘আজকে আমাদের একটা রিভিউ কমিটির মিটিং ছিল। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ প্রায় ৮৮ মিলিয়ন ডলার স্ক্যামের মাধ্যমে এখান থেকে হ্যাক করা হয়, চুরি করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা হয়েছিল।’

তিনি বলেন, এ ব্যাপারে অনেক তদন্ত কমিটি হয়েছে, বিচারকার্য শুরু হয়েছে বিদেশে।
প্রকৃত অবস্থা কী এবং এখানে সরকারের করণীয় কী, সেসব বিষয় পর্যালোচনার জন্য সরকারের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের রিভিউ কমিটি করা হয়েছিল।‌ সেই রিভিউ কমিটির প্রথম মিটিং আজকে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে। রিভিউ কমিটির প্রধান হিসেবে আছি আমি নিজে। জ্বালানি উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ কমিটির সদস্যরা সবাই মিটিংয়ে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, ‘বৈঠক থেকে আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত জানানোর আগে প্রেক্ষিতটা বলি। এটা আমার ব্যক্তিগত মন্তব্য, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে আসলে দুই বিলিয়ন ডলার চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা শেষ পর্যন্ত করা গেছে ৮৮ মিলিয়ন ডলার।’

তিনি বলেন, ‘এর মধ্যে ৬৬ মিলিয়ন ডলার আমরা এখনো উদ্ধার করতে পারিনি।
আমার কাছে মনে হয়েছে পুরো দেশকেই লুট করার প্ল্যান ছিল। চিন্তা করেন দুই বিলিয়ন ডলার যদি বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেত আজকে আমরা প্রায় দুর্ভিক্ষ বা দুর্ভিক্ষ অবস্থায় পড়তাম।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে। সে জন্য একটা রিভিউ কমিটি করা হয়েছে। যেখানে তিনি (আইন উপদেষ্টা) রয়েছেন। চুরি যাওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার হয়েছে। বাকিটাও উদ্ধারের চেষ্টা চলছে।’

উপদেষ্টা বলেন, মূলত ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল। আসলে বাংলাদেশকে বিপদে ফেলার পরিকল্পনা ছিল তাদের। যারা এর সাথে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনা হবে।

টাকা চুরির ঘটনায় সঠিক আইনগত বিষয় খতিয়ে দেখতে ড. কামাল হোসেন কাজ করবেন। আগামী তিন মাসের মধ্যে জানা যাবে।

পহেলা বৈশাখে চার ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি ও শাহবাগ মেট্রো স্টেশন

পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ স্টেশন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

রবিবার (১৩ এপ্রিল) ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে এসংক্রান্ত একটি নোটিশে মেট্রো চলাচলের বিশেষ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল জানিয়েছে, বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে আগামী ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রো রেল স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রেজাউলকে

রেজাউল করিম মল্লিককে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তাঁর নামের পাশে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন।

পহেলা বৈশাখ ঘিরে সাইবার ওয়ার্ল্ডেও মনিটর করছি : র‌্যাব ডিজি

পহেলা বৈশাখ উদযাপন ঘিরে কেউ যেন কোনো অপপ্রচার চালাতে না পারে, সেজন্য সাইবার ওয়ার্ল্ডেও মনিটর করা হচ্ছে বলেও জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

তিনি বলেন, নববর্ষের অনুষ্ঠান ঘিরে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটর করছি।
যাতে সাইবার ওয়ার্ল্ডে কেউ এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে।

রবিবার পহেলা বৈশাখে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী ও জনপ্রতিনিধিসহ আপামর জনগণের সঙ্গে সমন্বয় করে এই অনুষ্ঠানে যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে করা যায়, তার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি।

সারা দেশে র‌্যাবের ২২৪টি পিকআপ টহল ও ১২২টি মোটরসাইকেল টহল চলবে।
এ ছাড়া সাদা পোশাকে ৪১৩ জনসহ সর্বমোট দুই হাজার ৪৪৯ জন র‌্যাব সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আয়োজনে কোনো প্রকার ইভটিজিং যেন না হয়, সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী থাকবে এবং র‌্যাব সদস্যও মোতায়েন আছে। সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে।

চারুকলায় শেখ হাসিনার মোটিফ পোড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত হবে এবং যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা এটাও খতিয়ে দেখছি যে, আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কি না। সেটাও অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং যদি সেরকম কিছু পাওয়া যায়, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গাজার হাসপাতালে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র আল-আহলি আরব ব্যাপ্টিস্ট হাসপাতাল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রবিবার (১৩ এপ্রিল) ভোরে চালানো এ হামলায় হাসপাতালটির জরুরি বিভাগ, অভ্যর্থনা কেন্দ্র, আইসিইউ এবং অস্ত্রোপচার বিভাগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস হয়ে গেছে।

চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, ইসরায়েলি বিমান থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার আগে হাসপাতালে কর্মরত এক চিকিৎসককে ফোন করে সতর্ক করেন এক ব্যক্তি, যিনি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্য বলে পরিচয় দেন।
তিনি বলেন, হাসপাতালে হামলা চালানো হবে, দ্রুত রোগীদের সরিয়ে ফেলুন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত রোগী ও আশ্রয়প্রার্থীদের সরিয়ে নিতে শুরু করে।

স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা গেছে, ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্মকর্তা হাসপাতালে কর্মরত চিকিৎসকদের হুমকি দিয়ে বলেন, সব রোগী এবং বাস্তুচ্যুত মানুষকে অবশ্যই নিরাপদ স্থানে সরে যেতে হবে। আপনাদের হাতে আছে মাত্র ২০ মিনিট।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, মিসাইল ছোড়ার পর হাসপাতালের ভবন থেকে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে। রোগীরা আতঙ্কিত হয়ে বিছানা থেকে উঠে দ্রুত বাইরে সরে যেতে শুরু করেন। হাসপাতালের সামনে আশ্রয় নেওয়া নারী ও শিশুরাও এলাকা ত্যাগ করেন। তবে রয়টার্স এই ছবি ও ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

গাজার বেসামরিক জরুরি পরিষেবা জানিয়েছে, হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে হাসপাতালের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

হামাস এই হামলাকে ‘ভয়াবহ ও জঘন্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল পদ্ধতিগতভাবে গাজার স্বাস্থ্য খাত ধ্বংসের অংশ হিসেবে এখন পর্যন্ত ৩৪টি হাসপাতাল ধ্বংস করেছে।

প্রসংগত, এর আগে ২০২৩ সালের অক্টোবরে একই আল-আহলি হাসপাতালে এক বিস্ফোরণের ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছিল।
তখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করেছিল, এটি ছিল ইসরায়েলি বিমান হামলা। যদিও ইসরায়েল সে সময় দায় অস্বীকার করে বলেছিল, এটি ছিল প্যালেস্টাইন ইসলামিক জিহাদের একটি রকেট ব্যর্থ হওয়া বিস্ফোরণ।

সম্প্রতি গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ার পর ছোট আকারের আল-আহলি হাসপাতালটিই স্থানীয়দের প্রধান চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ইইউ থেকে মাংস-দুগ্ধজাত পণ্য যুক্তরাজ্যে নিতে পারবেন না ভ্রমণকারীরা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ঘুরতে যাওয়া যুক্তরাজ্যে বাসিন্দারা মাংস ও দুগ্ধজাত পণ্য নিজ দেশে নিয়ে যেতে পারবেন না। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ প্রতিরোধে ব্যক্তি উদ্যোগে এসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। এতে হতাশ হবেন দেশটির ভোজনরসিক মানুষ যারা ইইউর বিভিন্ন দেশে ভ্রমণ করে তাদের প্রিয় কিছু খাবার দেশে নিয়ে আসতেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, ইইউতে ছুটি কাটাতে যাওয়া ব্যক্তিরা দেশে ফেরার সময় গরু, ভেড়া, ছাগল বা শূকরের মাংস এবং দুগ্ধজাত পণ্য গ্রেট ব্রিটেনে আনতে পারবেন না। এমনকি পনির বা হ্যাম (প্রক্রিয়াজাত শূকরের মাংস) দিয়ে তৈরি স্যান্ডইউচও আনা যাবে না। তবে নিরাময়কৃত মাংস, কাঁচা মাংস এবং দুধ আনা যাবে। স্থানীয় সময় গতকাল শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ফুট অ্যান্ড মাউথ ডিজিজের বিস্তার রোধে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য।

ফুট অ্যান্ড মাউথ ডিজিজ সরাসরি মানুষকে আক্রান্ত না করলেও গবাদিপশুর ক্ষেত্রে এর প্রভাব ধ্বংসাত্মক। এটি একটি মারাত্মক সংক্রামক রোগ যা গবাদিপশু, ভেড়া, শূকর এবং অন্যান্য ক্ষুরযুক্ত প্রাণীর ওপর মারাত্মক প্রভাব ফেলে। যুক্তরাজ্যে এখনো এই রোগে আক্রান্তের ঘটনা ঘটেনি।
আর কর্তৃপক্ষ এটাকেই সেভাবেই রাখতে চায়।

দেশটির পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইউরোপে এই রোগের বিস্তার খামার ব্যবসা ও গবাদিপশুর জন্য একটি মারাত্মক ঝুঁকি। এ বছরের শুরুতে জার্মানি, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং অস্ট্রিয়া থেকে গবাদি পশু, ভেড়া, শূকরের মাংস এবং দুগ্ধজাত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। অন্যদিকে শনিবার কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শুধু ইউরোপে ঘুরতে যাওয়া যুক্তরাজ্যের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।

ব্রিটিশ খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী ড্যানিয়েল জেইচনার বলেছেন, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ থেকে ব্রিটিশ কৃষকদের ক্ষতি রোধ করতে যা যা করণীয় এই সরকার তা করবে।
সেই কারণেই আমরা ব্যক্তিগতভাবে মাংস ও দুগ্ধজাত পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করে সুরক্ষা জোরদার করেছি।

সরকার বলছে, যাদের কাছে নিষিদ্ধ এই পণ্য পাওয়া যাবে, সেটা বিমানবন্দরে কিংবা ইমিগ্রেশনে জমা দিতে হবে। নতুবা সেগুলো জব্দ করে ধ্বংস করা হবে। গুরুতর ক্ষেত্রে বহনকারীকে ৫ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে।

পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নানা মত-ধর্ম-রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী—সব মিলিয়ে এ দেশের মানুষের বিচিত্র ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ, আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক।

তিনি দেশবাসীকে নিজ নিজ উপায়ে, নিজেদের রীতি অনুযায়ী আগামীকাল পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান জানিয়েছেন।

আজ রবিবার সকালে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এই আয়োজন করে।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলা নববর্ষের প্রাক্কালে আমরা আজ ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি। এমন একটি সুন্দর ও শান্তিপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের কর্মকর্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
একই সঙ্গে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। শুভ নববর্ষ।

গৌতম বুদ্ধ বিশ্বমানবতার কল্যাণে সম্প্রীতি ও সাম্যের বাণী প্রচার করেন জানিয়ে তিনি বলেন, বৌদ্ধ ধর্ম জীবজগতের সব প্রাণীর মঙ্গল কামনা করে। মহামানব বুদ্ধ বলেছেন, শান্তি, সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না; এমনকি ক্ষুদ্র জীবও।
এ দেশের বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর বিশ্ববরেণ্য একজন মহাপণ্ডিত। মহামানব বুদ্ধের বাণী তিনি বহন করে নিয়েছিলেন সেই মহাচীনের তিব্বতে। চীনে এখনো তাঁকে সর্বোচ্চ মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়। বৌদ্ধ ধর্মের নিদর্শন, স্থাপনা, ঐতিহ্য ও পণ্ডিতগণ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা বলেন, গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষাসহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে এ বৌদ্ধ বিহার।
আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ‘সম্প্রীতি ভবন’ বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক।

শিল্পগ্যাসের নতুন দর ঘোষণা বিকেলে

শিল্পগ্যাসের নতুন দর ঘোষণা বিকেলে

শিল্পক্ষেত্রে গ্যাসের নতুন দর আজ রবিবার বিকেলে ঘোষণা করা হবে। এ দিন বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন দর জানানো হবে।

বিইআরসি জানিয়েছে, বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের বিল দিচ্ছে ৩০ টাকা দরে। এখন যেসব শিল্প চালু রয়েছে, তারা এই দরেই গ্যাস পাবে।
আর নতুন সংযোগের ক্ষেত্রে বিল ৪০ থেকে ৪৫ টাকা হতে পারে।

পেট্রোবাংলা এর আগেই প্রস্তাব দিয়েছিল- বিদ্যমান গ্রাহকদের (শিল্প ও ক্যাপটিভ) জন্য দাম যথাক্রমে ৩০ ও ৩১ দশমিক ৭৫ টাকা অপরিবর্তিত রেখে, নতুন সংযোগপ্রাপ্ত ও প্রতিশ্রুত (যাদের সংযোগ অনুমোদিত হয়েছে) গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য বাড়ানো হোক।

প্রস্তাবে বলা হয়, প্রতিশ্রুত গ্রাহকদের অর্ধেক গ্যাসের বিল বিদ্যমান দরে, এবং বাকি অর্ধেকের জন্য ৭৫ দশমিক ৭২ টাকা হারে আদায় করা হোক। আর নতুন শিল্প ও ক্যাপটিভ গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য ৩০ ও ৩১ দশমিক ৭৫ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ৭৫ দশমিক ৭২ টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

পেট্রোবাংলার দাম বৃদ্ধির এই প্রস্তাবের ওপর গত ২৬ ফেব্রুয়ারি শুনানি গ্রহণ করে বিইআরসি। পেট্রোবাংলা তাদের প্রস্তাবে বলেছে, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ঘাটতি হবে। পেট্রোবাংলার সেই প্রস্তাব নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শুনানিতেও ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা তীব্র আপত্তি তোলেন।
বিশেষ করে শিল্পে দুই ধরনের দর করার বিরোধিতা করেন সবাই।

শুনানিতে অনেকেই শিল্পে দুই ধরনের দরের বিষয়ে আপত্তি জানান। তারা মনে করেন, বিদ্যমান শিল্পের জন্য গ্যাসের দর অপরিবর্তিত রেখে নতুন শিল্পের জন্য বাড়তি দাম নির্ধারণ করা হলে অসম প্রতিযোগিতা তৈরি হবে।

টানা দুই ম্যাচে জোড়া গোল, হাজার হতে কত বাকি রোনালদোর

সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে জিতেছে আল নাসর। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফাইজ সেলেমানির গোলে এগিয়ে যায় আল রিয়াদ। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে জয় এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ঘরের মাঠে শনিবার রাতে ২-১ গোলে জিতেছে আল নাসর।

প্রথমার্ধের যোগ করা সময়ে ফাইজ সেলেমানির গোলে এগিয়ে যায় আল রিয়াদ। বিরতির ঠিক আগ মুহূর্তে গোল হজম করে চাপে পড়ে যায় আল নাসর। তবে বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়াতে একেবারেই সময় নেয়নি আল নাসর। ৫৬তম মিনিটে সাদিও মানের গোলমুখে বাড়ানো বল দারুণ এক টোকায় ফাঁকা জালে পাঠান রোনালদো।
এর মাত্র ৮ মিনিট পর প্রতিপক্ষের ক্লিয়ার করা বল বক্সের ঠিক প্রান্তে পেয়ে প্রথম ছোঁয়াতেই দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়ান ৪০ বছর বয়সী রোনালদো। বলটি সোজা গিয়ে লাগে পোস্টের ওপরের কোনায়।

এ নিয়ে টানা দুই ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো। এর আগে আল হিলালের বিপক্ষেও করেছিলেন জোড়া গোল।
চলতি মৌসুমে এটি তার ষষ্ঠ জোড়া গোলের ম্যাচ। লিগে টানা চার ম্যাচসহ পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো।

এই দুই গোলে সৌদি প্রো লিগে পর্তুগিজ মহাতারকার গোল হলো ৭২টি। হাজার গোলের স্বপ্নের মাইলফলক ছোঁয়ার দিকেও তিনি এগিয়ে গেলেন আরও দুই ধাপ। তার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৩৩টি।