রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

নির্বাচনে সেনা মোতায়েনের দাবি তাবিথ-মাহীর

mahi tabithসিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল এবং বিকল্পধারার মেয়র পদপ্রার্থী মাহী বি. চৌধুরী।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কশিনারের মতবিনিময় সভায় তারা এই দাবি জানান। সভায় অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

 
মতবিনিময় সভায় মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন। বেশির ভাগ প্রার্থীই প্রচারণায় সমান সুযোগ না পাওয়ার অভিযোগ তোলেন।  রাষ্ট্রীয় গণমাধ্যমসহ বেসরকারি গণমাধ্যমের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ করেন তারা।

প্রার্থীদের অনেকে বিশেষ করে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল এবং বিকল্পধারার মেয়র পদপ্রার্থী মাহী বি. চৌধুরী নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান।

সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ সিটি নির্বাচনের প্রার্থীদের কোনো ধরনের হয়রানি না করে প্রচারণায় সমান সুযোগ দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। তিনি প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা করেছে কমিশন। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।  পর্যাাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রীকে হত্যার হুমকি

nahidশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মোবাইল ফোনে খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্ত।

শনিবার রাজধানীর রমনা থানায় হুমকির বিষয় উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মন্মথ রঞ্জন বাড়ৈ।

মন্মথ রঞ্জন সংবাদমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার একটি অচেনা নম্বর থেকে মন্ত্রীর মোবাইল ফোনে একটি খুদেবার্তা (এসএমএস) মেসেজ আসে। তাতে বিভিন্ন অভিযোগে মন্ত্রীকে দোষারোপ করা হয়।  বার্তার শেষ দিকে অজ্ঞাত প্রেরক মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়।

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে ইংরেজি ও বাংলা ভাষার মিশেলে লেখা খুদেবার্তায় বলা হয়, “তুমি একটা করাপটেড, বিবেকহীন মানুষ। তুমি প্রশ্ন ফাঁস করে পরীক্ষার খাতা বাড়িয়ে আমাদের নতুন প্রজন্মের মেধা, শক্তি ও বুদ্ধিমত্তা ধ্বংস করছো। তুমি অবৈধভাবে পাশ করিয়ে ভুয়া ডাক্তার তৈরি করছো। তাই ভুল চিকিৎসায় অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা তোমাকে যেখানেই পাবো সেখানেই হত্যা করব। আমরা তোমার ছেলে-মেয়ে, স্ত্রী ও আত্মীয়-স্বজনদেরও আক্রমণ করব। জীবন তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ভারতে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেওয়া হোক: শিবসেনা

shibভোট-ব্যাঙ্ক রাজনীতি বন্ধ করতে ভারতে মুসলিমদের ভোটাধিকার থাকা উচিত নয়। চাঞ্চল্যকর ও বিতর্কিত এই মন্তব্য এবার শোনা গেল উগ্রবাদী হিন্দু সংগঠন শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মুখে। শিবসেনার মুখপত্র সামনার সাম্প্রতিক সংখ্যায় এ বিষয়ে একটি প্রবন্ধ লিখেছেন রাউত। তার প্রবন্ধে এআইএমআইএম-এর দুই নেতা আসাদউদ্দিন ও আকবার উদ্দিনের কড়া সমালোচনা করেছেন সঞ্জয় রাউত।

মারাঠি ভাষায় লেখা ওই প্রবন্ধে শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত বলেছেন যে যতদিন মুসলিম ভোট ‘বিক্রি’ হবে ততদিন গোটা সম্প্রদায় পিছিয়ে থাকবে আর এর নেতারা আরও ধনী হয়ে উঠবে। শিবসেনা- প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে নিজেও মুসলিমদের ভোটাধিকার থাকার পক্ষপাতী ছিলেন নাজ বলে দাবি করেছেন তিনি।

সঞ্জয় রাউত আরও বলেছেন যে মুসলিমদের ভোট নিয়ে যেভাবে রাজনীতি করা হয়, তাতে মুসলিম সম্প্রদায়ের কোনো উন্নতি তো হয় না, উল্টা গোটা ভারতের ক্ষতি হয়। মুলসিমরা কাকে ভোট দেবেন, তা আগে জামা মসজিদের ইমাম ঠিক করে দিতেন, এখন ওয়াইসি ভাই করে দেন বলে দাবি করেছেন তিনি।

রাজের সম্রাট শাকিব আর রাজা ইন্দ্রনীল

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চতুর্থ ছবি সম্রাট : the king is here এ শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের আঞ্চলিক অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত।

সম্রাট ছবিতে নাম ভূমিকায় করবেন শাকিব খান। আর রাজা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইন্দ্রনীল। তাদের দুজনের সঙ্গেই জুটি বাঁধবেন অপু বিশ্বাস।

ছবিটি প্রসঙ্গে শাকিব বলেন, রাজ আমার ছোট ভাইয়ের মতো। আমরা একসঙ্গে কাজর পরিকল্পনা করছিলাম দীর্ঘদিন ধরে। ‌সম্রাট-এর মতো গল্প আর চরিত্র দিয়ে সে সুযোগ তৈরি হওয়ায় আমি খুশি।

রাজ বলেন, তিনি এখন দেশের এক নম্বর সুপারস্টার। তাই সম্রাট চরিত্রে তাকে ছাড়া অন্য কারও কথাই ভাবিনি। আর সম্রাটের প্রতিদ্বন্দ্বী রাজার ভূমিকায় এমন একজনকে চেয়েছিলাম যার মধ্যে একই সঙ্গে সুদর্শন ও অভিনয় করার গুণ আছে। এ চরিত্রের জন্য ইন্দ্রনীলই উপযুক্ত।

তাই তাকে নিয়েছি। আর অপু বিশ্বাস দেশের মূলধারার বাণিজ্যিক ধারার অনেক ব্যবসাসফল ছবির নায়িকা। তিনজনকে নিয়ে দারুণ একটা ছবি দর্শকদের উপহার দিতে পারবো আশা রাখি।

অপু বলেন, রাজের পরিচালনায় কাজ করার ইচ্ছে ছিলো। অবশেষে তার ছবি হাতে পেয়েছি। শাকিব খানের সঙ্গে অামার অনেক ব্যবসাসফল ছবি আছে। আর ইন্দ্রনীলের সঙ্গে এবারই প্রথম কাজ করবো। সব মিলিয়ে ছবিটা নিয়ে আমি আশাবাদী।

মিশা সওদাগর, আলীরাজ সহ আরো অনেকেই এ ছবিতে অভিনয় করবেন। সম্রাট-এর গল্প আর চিত্রনাট্যও তৈরি করেছেন রাজ নিজেই। ছবিটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া। সহ-প্রযোজনায় সিনেমাওয়ালা ও অর্কি প্রোডাকশন।

রাজ এর আগে প্রজাপতি, ছায়া-ছবি ও তারকাঁটা ছবি তিনটি নির্মান করেছিলেন।

পাকিস্তান আসছে সোমবার

pak12বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর দিনেই ঢাকায় পা রাখছে পাকিস্তান ক্রিকেট দল। বিসিবির লজিস্টিক বিভাগ থেকে জানা গেছে, সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় নামবে পাকিস্তান দল। আজহার আলী নেতৃত্বাধীন দলটা মঙ্গলবার মিরপুরে অনুশীলন করবে।

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, একটি টি-২০ ও দুটি টেস্ট খেলবে পাকিস্তান দল। বিশ্বকাপের পর দুদলের এটিই প্রথম সিরিজ। বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তান কোয়ার্টার ফাইনালে খেলেছিল। বাংলাদেশ হেরেছিল ভারতের কাছে আর পাকিস্তান বাদ পড়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে।

১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সিরিজের বাকি দুটি ওয়ানডে ও একটি টি-২০ পাকিস্তান-বাংলাদেশ খেলবে মিরপুরেই। পরে প্রথম টেস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মিরপুরে দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে পাকিস্তানের প্রায় এক মাসের বাংলাদেশ সফর।

চালকবিহীন ট্রেন চলল ২৬ কিলোমিটার

train uরাজবাড়ী থেকে ফরিদপুরগামী ‘ফরিদপুর এক্সপ্রেস’ এর চালক ট্রেনটি চালু করে ব্যাক গিয়ার দিয়ে ট্রেন থেকে নেমে সহকারী চালকসহ পালিয়ে যান। এতে ট্রেনটি চালক ছাড়াই উল্টো পথে ২৬ কিলোমিটার চলে যায়।

রাজবাড়ী স্টেশন থেকে ৬টি বগিসহ চালকবিহীন ট্রেনটি শতাধিক যাত্রী নিয়ে ফরিদপুরের দিকে না গিয়ে রাজশাহীর পথে যাত্রা করে।

পাংশা স্টেশনে যাওয়ার পর ট্রেনের টিকিট চেকার কৌশলে ট্রেনটিকে থামাতে সক্ষম হন।

রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে ট্রেনটির চালক ও সহকারী চালককে পাওয়া যাচ্ছে না।

ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে (পাকশী) প্রাথমিকভাবে চালক এলএম (লোকো মাস্টার) মোহাম্মদ আলী, সহকারী চালক (এএলএম) ফয়সাল ও ট্রেন পরিচালক (গার্ড) সুভাষ চন্দ্রকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।’

রাজবাড়ী রেলস্টেশনে কর্তব্যরত মাস্টার মো. কামরুজ্জামান বলেন, রাজবাড়ী টু ফরিদপুর আন্তঃনগর ট্রেনটি সকাল ৮টা ১০ মিনিটে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় চালক, সহকারী চালক ও ট্রেন পরিচালকের উপস্থিতি ছাড়াই ট্রেনটি বিপরীত রুট রাজবাড়ী টু রাজশাহীর দিকে ৬টি বগিতে শতাধিক যাত্রী নিয়ে ভুলক্রমে চলতে থাকে।

ধারণা করা হচ্ছে—চালক ট্রেন স্টার্ট দেওয়ার পর স্থির অবস্থায় রেখে কোনো প্রয়োজনে নিচে নামেন। এর পর পরই ট্রেনটি চলা শুরু করে।

পরে রাজবাড়ী থেকে ২৬ কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে ট্রেনটি পাংশা স্টেশনে পৌঁছালে ট্রেনের টিসি আনোয়ার হোসেন যাত্রীদের সহযোগিতায় চেইন টেনে ট্রেনের বাতাস বের করে ট্রেনটি থামায়। এতে রক্ষা পায় ট্রেনের শতাধিক যাত্রী।

তিনি জানান, এ ঘটনার পর পরই রাজবাড়ীর পরবর্তী রেলস্টেশন কালুখালীর স্টেশন মাস্টারকে ঘটনা অবহিত করা হয়। রেলওয়ে কন্ট্রোল পাকশী অফিসেও জানানো হয়।

প্রাথমিকভাবে চালকের অসাবধানতার জন্য এটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সুনিল কুমার ঘোষ জানান, ছেড়ে যাওয়া ট্রেনটির চালক মোহাম্মদ আলীকে ট্রেনটি আনতে পাংশায় পাঠানো হয়েছে। তিনি ফিরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

খালেদার নামে পত্রিকায় সমন বিজ্ঞপ্তির নির্দেশ আদালতের

khaledaড্যান্ডি ডায়িং মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে পত্রিকায় সমন জারির বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার অর্থঋণ আদালত-১-এর বিচারক ফাতেমা ফেরদৌস এ নির্দেশ দেন। একই সঙ্গে মামলার ইস্যু গঠনের জন্য ১৭ মে দিন ধার্য করেন তিনি।

সমন জারির বিজ্ঞপ্তি প্রকাশ মামলার আইনি প্রক্রিয়া হলেও বাদীপক্ষ তা না দেয়ায় আদালত বিজ্ঞপ্তি ও ইস্যু গঠনের জন্য ১৭ মে দিন ধার্য করেন।

সোনালী ব্যাংকে ড্যান্ডি ডায়িংয়ের ৪৫ কোটি টাকা ঋণখেলাপি মামলায় বিএনপির চেয়ারপারসন  খালেদা জিয়াসহ ১৪ বিবাদীর বিরুদ্ধে ইস্যু গঠনের জন্য ১৭ মে দিন ধার্য করেন আদালত।

এর আগে আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ইসলামী শরিয়াহ মোতাবেক অংশীদারি মামলায় তার মা খালেদা জিয়া, স্ত্রী শার্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদী করার জন্য গত ৮ মার্চ আদালতে আবেদন করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ মার্চ ঢাকার অর্থঋণ আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আরা হ্যাপী এ মামলায় তাদের বিবাদী করেন।

মামলায় অন্য বিবাদীরা হলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, সুমাইয়া এস্কান্দার, শাহীনা ইয়াসমিন, বেগম নাসরিন আহমেদ, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান।

মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাদীরা ড্যান্ডি ডাইংয়ের পক্ষে সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। এরপর ওই বছরের ৯ মে সোনালী ব্যাংক বিবাদীদের আবেদনে উল্লেখ করা ঋণ মঞ্জুর করে।
২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের সুদ মওকুফ করে। পরে বিবাদীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক আবারও ঋণ পুনঃ তফসিল করে দেয়। কিন্তু বিবাদীরা ঋণ পরিশোধ না করে বারবার কালক্ষেপণ করতে থাকেন।

২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য বিবাদীদের চূড়ান্ত নোটিশ দেয়া হলেও তারা কোনো ঋণ পরিশোধ করেননি।
২০১৩ সালের ২ অক্টোবর ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপীর অভিযোগে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংকের স্থানীয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
চলতি বছরের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান।

জাতিসংঘের সামনে কামারুজ্জামানের গায়েবানা জানাজা

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসি দেয়ার প্রতিবাদে গতকাল শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে গায়েবানা জানাজা আদায় করেছে বাংলাদেশ আমেরিকান প্রগ্রেসিভ ফোরাম।

এর আগে শনিবার স্থানীয় সময় দুপুর ১টা থেকে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আমেরিকান রাইটার্স ফোরামের সভাপতি আবদুল্লাহ আল আরিফ, বাংলাদেশ আমেরিকান প্রগ্রেসিভ ফোরামের সেক্রেটারি মাহবুর রহমান, হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ফর বাংলাদেশের সভাপতি মাহতাব উদ্দিন।

বক্তারা বলেন, বিশ্ব জনমত উপেক্ষা করে কামারুজ্জামানকে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে সরকার। দেশকে ইসলাম শূন্য করার অংশ হিসেবে তাকে হত্যা করা হয়েছে।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে জাতিসংঘ সদর দফতরের সামনে কামারুজ্জামানের গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় এক হৃদয় বিদায়ক পরিস্থিতি তৈরি হয়।

আজ রোববার নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদে কামারুজ্জামানের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এবার মুজাহিদের আপিল শুনানি

mujahidমানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানি যেকোন দিন শুরু হবে।

প্রধান বিচারপতি  সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ মুজাহিদের আপিলটি শুনবেন। বেঞ্চের বাকী ৩ সদস্য হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শুনানির অপেক্ষায় থাকা মামলাগুলোর মধ্যে মুজাহিদের আপিলটি সবার আগে শুরু হবার কথা। সর্বশেষ গত ৭ এপ্রিল এ মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের কার্যতালিকায় এসেছিল।

কী আছে মুজাহিদের ভাগ্যে? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্য কারাদণ্ড, মেয়াদভিত্তিক সাজা- নাকি খালাস? আপিল শুনানি শেষে চূড়ান্ত রায়েই তা নির্ধারিত হবে।

এর আগে ১১ এপ্রিল রাতে চূড়ান্ত বিচার প্রক্রিয়া শেষে জামায়াতের  সহকারি সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়।

তারও আগে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাতে জামায়াতের আরেক নেতা কাদের মোল্লা ফাঁসি কার্যকর করা হয়।

২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস  চেয়ে আপিল করেন মুজাহিদ।

ওই বছরের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়।

প্রথম অভিযোগ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে অপহরণের পর হত্যা এবং ষষ্ঠ অভিযোগে বুদ্ধিজীবীসহ গণহত্যার ষড়যন্ত্র ও ইন্ধনের অভিযোগে ফাঁসির আদেশ হয় এই জামায়াত নেতার।

এ ছাড়া সপ্তম অভিযোগ ফরিদপুরের বকচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বর হামলা চালিয়ে হত্যা-নিযার্তনের ঘটনায়ও মুজাহিদকে ফাঁসির দণ্ড দেওয়া হয়

পঞ্চম অভিযোগ- সুরকার আলতাফ মাহমুদ, গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালাল, শহীদ জননী জাহানারা ইমামের ছেলে শাফি ইমাম রুমি, বদিউজ্জামান, আবদুল হালিম চৌধুরী জুয়েল ও মাগফার আহমেদ চৌধুরী আজাদসহ কয়েকজনকে ঢাকার নাখালপাড়ায় পুরনো এমপি হোস্টেলে আটকে রেখে নির্যাতন এবং জালাল ছাড়া বাকিদের হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার জন্য মুজাহিদকে দেওয়া হয় যাবজ্জীবন।

তৃতীয় অভিযোগ- ফরিদপুর শহরের খাবাসপুরের রণজিৎ নাথকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় মুজাহিদকে।

তবে দ্বিতীয় অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসনে হিন্দু গ্রামে গণহত্যা এবং চতুর্থ অভিযোগে আলফাডাঙ্গার আবু ইউসুফ ওরফে পাখিকে আটকে রেখে নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেলেও তাতে মুজাহিদের সংশ্লিষ্টতা   প্রমাণ করতে  না পারায়, ট্রাইব্যুনালের রায়ে এ দুই অভিযোগ থেকে  তাকে খালাস  দেওয়া হয়।

১৯৪৮ সালের ২ জানুয়ারি ফরিদপুরের খাবাসপুরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের জন্ম। ১৯৬৪ সালে মাধ্যমিক পাসের পর ফরিদপুর রাজেন্দ্র কলেজে ভর্তি হন এবং উচ্চমাধ্যমিকের ছাত্র থাকাকালেই জামায়াতের তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘে যোগ দেন। ১৯৬৮ সালে তাকে সংগঠনের জেলা শাখার সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

স্বাধীনতার পর মুজাহিদ জামায়াতের রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৮২ সালে কেন্দ্রীয় পরিষদের সদস্য হন।  ২০০০ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেলের  দায়িত্ব পান মুজাহিদ। বিগত চারদলীয় জোট সরকারের সময়ে সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন  তিনি।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, জামায়াতের নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলী, সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহানের মামলাও আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।

সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা মারা গেছেন

satrolig17দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মী সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রলীগের শহর সভাপতি এম সাইফুল ইসলাম মারা গেছেন।

রোববার সকাল পৌনে ১০টার দিকে নগরীর মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল।

শনিবার অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ কেন্দ্রীয় নেতারা  যোগ দিয়েছিলেন। বিকালে তারা সম্মেলনস্থল ত্যাগ করলে পদ-পদবিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় শহর ছাত্রলীগের সভাপতি ও নগরীর গোবিন্দপুর এলাকার বাসিন্দা এম সাইফুল ইসলামসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। আহত হন আরো ১৫ জন।