সোমবার, অক্টোবর ৫, ২০২৬

‘বোমা মেরে উড়িয়ে দেবেন’, সালমানকে হুমকি দেওয়া সেই যুবক আটক

সালমান খানকে হুমকি দেওয়া যেন এখন ‘ডাল-ভাত’ হয়ে গেছে। প্রায় প্রতিটা দিনই কাটে তার এখন জীবনহানির শঙ্কায়। এর মধ্যে অভিনেতা পান নতুন হুমকি। বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেবেন, তার আবাসনে হামলা চালাবেন বলে গত সোমবার হোয়াটস্‌অ্যাপে এক বার্তা পায় মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের দপ্তর।

এর পর থেকে খোঁজ শুরু করে পুলিশ। চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই সেই হুমকিদাতাকে আটক করে তারা।

সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের বডোদরা থেকে ২৬ বছর বয়সী এক যুবক হুমকি বার্তা পাঠান। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ।
তার নাম ময়াঙ্ক পাণ্ড্য। হোয়াটস্‌অ্যাপের মাধ্যমেই এই বার্তা পাঠিয়েছিলেন যুবক। বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

এর আগে শনিবার এক জ্যোতিষী জানিয়েছেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে সালমানের। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনরা!

জ্যোতিষীর মতে, নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে সহায়করাই সালমানের শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো ফাঁস করে দিতে পারেন ভাইজানের নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য! তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তার। তাহলে কি জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণীই সত্যি হতে চলেছে?

৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ কথা জনগণ বলেছে বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেছেন।

তিনি আরো বলেন, ‘নির্বাচন কবে হতে পারে তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা, এর বাইরে আমার কিছু বলার নেই।
’

ডিবিপ্রধানকে সরানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম। মডেল মেঘনা আলমকে আটকের ঘটনায় ডিবিপ্রধানকে সরানো হয়নি। এটি একটি নরমাল প্রসেস।’

এদিকে গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, দেশের সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরো পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।
’ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ডিবি থেকে রেজাউল করিমকে সরানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে সরানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম।’ মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মডেল মেঘনা আলমকে আটক করার কারণে ডিবি প্রধানকে সরানো হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘এসব কোনো ঘটনাকে কেন্দ্র করে ডিবি প্রধানকে সরানো হয়নি। এটা একটি নরমাল প্রসেস।
উনি হয়তো অসুস্থ আছেন বা অন্য কোনো কারণে।’

গত ১৩ এপ্রিল ডিএমপি কমিশনারের দপ্তর থেকে জারি করা এক আদেশে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে রেজাউল করিম মল্লিককে। গত বছরের ১ সেপ্টেম্বর ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

৪৫ কোটি পেরিয়ে সানির ‘জাট’

সদ্য মুক্তি পাওয়া সানি দেওলের ‘জাট’ বেশ ভালো ব্যবসা করছে। ৫ দিনেই ৪৫ কোটির ঘর পেরিয়ে গেল। অন্যদিকে ঈদে মুক্তি পাওয়া
সালমান খানের ‘সিকান্দার’-এর আয় পাল্লা দিয়ে কমছে।

ট্রেড ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, সোমবার ‘জাট’ ছবির আয় কিছুটা কমেছে, তবে সপ্তাহের প্রথম দিন হওয়া সত্ত্বেও ৭-৭.৫ কোটি নেট আয় করেছে।
এই পাঁচ দিনে ছবিটির মোট আয় প্রায় ৪৭ কোটি রুপি।

যদিও তা সানির আগের হিট ছবি ‘গদর ২’ এর মতো চমকপ্রদ নয়, যা ভারতে পাঁচ দিনে ২২৮.৯৮ কোটি আয় করেছিল, তবুও ‘সিকন্দার’ বা ‘গুড ব্যাড আগলি’র সঙ্গে প্রতিযোগিতায় স্থিরভাবে টিকে আছে।

‘জাট’ প্রযোজনা করে মিথ্রি মুভি মেকারস এবং পিপল মিডিয়া ফ্যাক্টরি। সানি দেওল ছাড়াও ছবিতে রণদীপ হুদা এবং রেজেনা ক্যাসান্ড্রা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এবং সাইয়ামি খের, জগপতি বাবু, রম্যা কৃষ্ণন, ভিনীত কুমার সিং, প্রশান্ত বাজাজ, জারিনা ওয়াহাব, পি. রবি শংকর এবং বাবলু পৃথ্বীরাজ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

আলোচনা-ঐক্যের মাধ্যমে রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে। নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে তিনি একথা বলেন।

গতকাল সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
এ সময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে।

এর আগে, গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। তার আগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি এবং তার সহধর্মিণী সিঙ্গাপুরে যান স্বাস্থ্য পরীক্ষার জন্য।

২০১৫ সালে কারাবন্দী অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি।
এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয় তাকে।

ইউক্রেনে রুশ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে নিহত ৩৫

ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর সুমিতে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৫ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১১৭ জন। আজ সোমবার সকালে সুমিতে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেনে অভিযানরত রুশ সেনা বাহিনী।

নিহত ও আহতদের মধ্যে সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যদের পাশাপাশি বেশ কয়েক জন বেসামরিকও আছেন। সুমির আইন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

পরে দুপুরের দিকে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, “সোমবার সকালে সুমিতে ইউক্রেনের সামরিক বাহিনীর কয়েক জন কর্মকর্তা বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকের স্থল লক্ষ্য করে দু’টি ইসকান্দার-এম ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনারা। এতে ৬০ জন নিহত হয়েছেন।”

হামলার পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রি সাইবিহা এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এই হামলা প্রমণ করে যে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী, বন্ধ করতে নয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রুশ সংবাদমাধ্যম কমেরসেন্টকে বলেছেন, সুমিতে রুশ প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা তাদের ‘পশ্চিমা সহকর্মীদের’ সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকের স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামালার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “যুদ্ধের নামে সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়া একটি জঘন্য কাজ। একমাত্র খচ্চররাই এমন করতে পারে।”

জার্মানি, ব্রিটেন ও ইতালি ইতোমধ্যে এ হামলার নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন, “আমাকে বলা হয়েছে যে হামলাটি ছিল ভুলবশত। তবে আমি মনে করি যে এটা একটা ভয়াবহ ব্যাপার।”

গাজায় যুদ্ধ অবসান সরকারকে চিঠি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর

গাজায় বন্দি জিম্মিদের মুক্তিকে অগ্রাধিকার প্রদান ও সেখানে যুদ্ধের অবসানের দাবিতে ইসরায়েলের সরকারকে চিঠি দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এহুদ বারাকসহ ১ হাজার ৫২৫ জন সাবেক ও সেনা কর্মকর্তা ও সদস্য।

এহুদ বারাক ২০০৭ সালের জুন থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। তার আগে ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ছিলেন সেনাপ্রধান।

এহুদ বারাকের পাশাপাশি চিঠিতে স্বাক্ষরকারী সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক সেন্ট্রাল কমান্ডার চিফ আমরাম মিৎজনা, সাবেক চিফ অব স্টাফ ড্যান হালুৎজ, সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান আমোস মাল্কা, সাবেক সেন্ট্রাল কমান্ড অভি মিজরাহি এবং ১৪ তম আর্মোর্ড ব্রিগেডের কমান্ডার আমনন রিফের নাম উল্লেখযোগ্য।

স্বাক্ষরকারীদের মধ্যে যারা বর্তমানে চাকরিরত আছেন, তাদের প্রায় সবাই বাহিনীর ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ইউনিটের। এই স্বাক্ষরকারীদের মধ্যে জেনারেল থেকে শুরু করে সাধারণ পদাতিক— সব পদমর্যাদার সেনা কর্মকর্তা ও সদস্য রয়েছেন।

চিঠিতে সরকারের উদ্দেশে বলা হয়েছে, “গাজায় অবশিষ্ট জিম্মিদের জীবন রক্ষা ও তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিন। এমনকি যদি তাদের মুক্তির জন্য যুদ্ধ থামানোর প্রয়োজন হয়, তবে তা ই করুন।”

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং তাদের মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের ১ হাজার যোদ্ধা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় মোট নিহত হন ১ হাজার ২০০ জন। সেই সঙ্গে ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় যোদ্ধারা।

আকস্মিক এই হামলার পর ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। এ অভিযানে গত ১০ মাসে গাজায় নিহত হয়েছেন ৫১ হাজারেরও বেশি মানুষ। নিহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়।

যাদেরকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাস, তাদের মধ্যে অনেককেই ইতোমধ্যে মুক্তি দিয়েছে গোষ্ঠীটি। কয়েক জন জিম্মি ইসরায়েলি বাহিনীর নির্বিচার গোলার আঘাতে নিহত হয়েছেন। বর্তমানে সেখানে অন্তত ৩৫ জন জিম্মি জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এই জিম্মিদের মুক্তির দাবি দিন দিন শক্তিশালী হয়ে উঠছে ইসরায়েলে। দেশটির জাতীয় দৈনিক মারিভের বরাত দিয়ে এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে এ পর্যন্ত সরকারের কাছে ১০টি চিঠি জমা পড়েছে। এসব চিঠির মধ্যে দু’-তিনটি বাদে বাকি সবই সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের।

চিঠির প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, সাক্ষরকারীদের মধ্যে যারা বর্তমানে চাকরিরত আছেন, তাদের বরখাস্ত করা হবে।

ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, আগেই সতর্কবার্তা দিলো ইউএসজিএস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। ভূমিকম্পের কেন্দ্র ছিল জুলিয়ান শহরে। কম্পনের পর এখনও কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মূলত ভূমিকম্পের আগেই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা কম্পনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল এবং এতে অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এছাড়া কম্পনের পর পরবর্তী আফটারশকও রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো ও তার আশপাশের এলাকায় স্থানীয় সময় সোমবার ৫.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল জুলিয়ান শহরে। এটি সান ডিয়েগোর উত্তর-পূর্বে কুয়ামাকা পাহাড়ে অবস্থিত একটি ছোট পর্যটন শহর।

দুই ঘণ্টা পর সান ডিয়েগো শহর কর্তৃপক্ষের মুখপাত্র পেরেট গডউইন বিবিসিকে জানান, কোনও ধরণের বড় ক্ষয়ক্ষতি বা আহতের খবর এখনও পাওয়া যায়নি। একই কথা জানিয়েছে সান ডিয়েগো শেরিফের দপ্তরও। তারা একে “চলমান পরিস্থিতি” বলে উল্লেখ করেছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ভূমিকম্পের পরপরই বিষয়টি নিয়ে অবহিত হয়েছেন বলে এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছে তার দপ্তর। ভূমিকম্পের পর ইউএসজিএস একাধিক ছোট আফটারশকও রেকর্ড করেছে। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনও আশঙ্কা নেই।

এদিকে ভূমিকম্পের আগমুহূর্তে ইউএসজিএস-এর জরুরি বার্তায় লস অ্যাঞ্জেলেস পর্যন্ত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছিল। সতর্কবার্তায় লেখা ছিল, “ড্রপ, কভার, হোল্ড অন। নিজেকে রক্ষা করুন।”

কেভিন মানো নামে এক স্থানীয় ব্যক্তি বলেন, “আমি নাশতা করছিলাম, তখনই ফোনে সতর্কবার্তা আসে— এবং আমি দরজার ফ্রেমের নিচে চলে যাই। কিছুক্ষণের মধ্যেই ভূকম্পন শুরু হয়। সবকিছু কাঁপছিল। জীবনে প্রথম এতটা শক্তিশালী ভূমিকম্প অনুভব করলাম।”

তিনি জানান, তার বাড়িতে কোনও ক্ষতি হয়নি, তবে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার চিন্তা করছেন। তিনি বলেন, “এই ভূমিকম্প আর লস অ্যাঞ্জেলেসের দাবানল একত্রে আমাকে ভাবিয়েছে—শুধু হয়তো এখন একটা ইমারজেন্সি ব্যাগ গুছিয়ে রাখা উচিত।”
এই সতর্কতা কীভাবে কাজ করে?

বিবিসি বলছে, এই সতর্কবার্তা পাঠানোর পেছনে কাজ করে ইউএসজিএস-এর শেকঅ্যালার্ট (ShakeAlert) নামের একটি বিশেষ সিস্টেম। এটি সারা ক্যালিফোর্নিয়ায় মাটির নিচে বসানো সিসমোগ্রাফ ও সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প শনাক্ত করে।

এই শেকঅ্যালার্ট টিমের প্রধান রবার্ট ডি গ্রুট বলেন, “আমরা প্রায় এক সেকেন্ডের তথ্য বিশ্লেষণ করেই বুঝতে পারি কী ঘটছে। এরপর সেই তথ্য গুগলসহ বিভিন্ন অ্যাপে পাঠানো হয়, যেন মানুষ আগেই সতর্ক হতে পারে।”

বড় ভূমিকম্পের ক্ষেত্রে ওয়্যারলেস ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম ব্যবহার করে পুরো অঞ্চলে বার্তা পাঠানো হয়। এইবারও সেটি করা হয়েছিল।

আশ্চর্যের ব্যাপার হলো শেকঅ্যালার্ট টিমের প্রধান রবার্ট ডি গ্রুট নিজেও ভূমিকম্পটি অনুভব করেন, যদিও তিনি ছিলেন প্যাসাডিনায়, যা ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১৩০ মাইল দূরে। কম্পনের বার্তা পেয়েই তিনি দ্রুত টেবিলের নিচে আশ্রয় নেন।

তিনি বলেন, “আমি প্রতিদিন ভূমিকম্প নিয়ে কাজ করি, কিন্তু যখন মাটি নড়ে ওঠে—সে অভিজ্ঞতা মোটেও সুখকর নয়।”

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে বাবা-মাকে হত্যা করেছে এক কিশোর : এফবিআই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা ষড়যন্ত্রের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের এক কিশোর তার বাবা–মাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ১৭ বছর বয়সী ওই কিশোরের নাম নিকিতা কাসাপ। নিকিতা কাসাপের বিরুদ্ধে তার মা ৩৫ বছর বয়সী তাতিয়ানা কাসাপ এবং ৫১ বছর বয়সী সৎ বাবা ডোনাল্ড মেয়ারকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাদের গত ২৮ ফেব্রুয়ারি নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।

নতুনভাবে প্রকাশিত আদালতের নথির ভিত্তিতে আরো অভিযোগ করা হয়েছে, ওয়াউকেশা কাউন্টি শেরিফের কার্যালয় অনুসন্ধান চালিয়ে কাসাপের ফোনে ‘দ্য অর্ডার অব নাইন অ্যাঞ্জেলস’ নামক একটি নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য খুঁজে পায়। যা নব্য-নাৎসি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত এবং তাতে অ্যাডলফ হিটলারের প্রশংসা করা হয়। এ ছাড়াও শেরিফের কার্যালয় প্রেসিডেন্টকে হত্যা, বোমা তৈরি এবং সন্ত্রাসী হামলার বিষয়ে আত্মবর্ণিত একটি ইশতেহার সম্পর্কিত বিভিন্ন ছবি ও বার্তা খুঁজে পেয়েছে।

আদালতের নথি অনুসারে, তদন্তকারীরা ইহুদি-বিরোধী লেখাও আবিষ্কার করেছেন।
অভিযুক্ত ব্যক্তি সরকার উৎখাতের বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবে ট্রাম্পকে হত্যার পরিকল্পনার বিস্তারিত বর্ণনা করেছেন বলে অভিযোগ রয়েছে। সন্দেহভাজন ওই কিশোরের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড, মৃতদেহ লুকানো এবং নিজের পরিচয় লুকানোসহ অঅরো সাতটি গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।

দুই সপ্তাহ ধরে ছেলেটি স্কুলে না যাওয়ার পর স্থানীয় কর্মকর্তারা মিলওয়াকির কাছে ওয়াউকেশা গ্রামে তাদের বাড়িতে গেলে তার বাবা-মাকে মৃত অবস্থায় পায়। ওই কিশোরের বিরুদ্ধে করা একটি ফৌজদারি অভিযোগ অনুসারে, তার সৎ বাবা মেয়ার মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এবং মা ১১ ফেব্রুয়ারি বা তার কাছাকাছি সময়ে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় মারা গিয়েছিলেন।

তদন্তকারীরা জানিয়েছেন, যেদিন তাদের মৃতদেহ পাওয়া যায়, পুলিশ সেদিনই কানসাস রাজ্যে আসামীকে বাবা মেয়ারের ২০১৮ সালের ভক্সওয়াগেন অ্যাটলাস গাড়ি চালানোর সময় তাকে আটক করে। গাড়িতে মেয়ারের কেনা পয়েন্ট ৩৫৭ ম্যাগনাম রিভলভার, দম্পতির চারটি ক্রেডিট কার্ড, মূল্যবান গয়না, একটি সিন্দুক এবং ১৪ হাজার ডলার ছিল বলে ফৌজদারি অভিযোগে বলা হয়েছে।

এফবিআইয়ের খুঁজে পাওয়া তিন পৃষ্ঠার একটি নথিতে ট্রাম্পকে হত্যা করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিপ্লব ঘটানোর এবং শেতাঙ্গ জাতিকে রক্ষার আহ্বান জানানো হয়েছে। একটি ফেডারেল হলফনামা অনুযায়ী, নিকিতা কাসাপ লিখিত নথি ও ক্ষুদে বার্তার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানিয়েছিল এবং মার্কিন সরকারকে উৎখাতের ডাক দিয়েছিল।

তদন্তকারীরা বলেছেন, ‘তার বাবা-মাকে হত্যার অভিযোগটি এমন একটি প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে, যার উদ্দেশ্য ছিল তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘আর্থিক সামর্থ্য ও ব্যক্তিস্বাধীনতা’ অর্জন করা।
’

আদালতের নথিতে অভিযোগ করা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রাশিয়ার লোকদের সঙ্গে তার বাবা-মাকে হত্যার পরিকল্পনা সম্পর্কে কথা বলছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কাসাপ আক্রমণ করার জন্য ড্রোন এবং বিস্ফোরক কিনতে কিছু টাকা পরিশোধ করেছিল। কাসাপের ফোনে একটি ছবি এবং বার্তা ছিল, যাতে ড্রোনকে কীভাবে আক্রমণাত্মক ড্রোন হিসেবে ব্যবহার করা যায়, সে তথ্য ছিল। এ ছাড়া ইউক্রেনে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তার।

তদন্তকারীরা আরো জানিয়েছেন, ‘প্রেসিডেন্টকে হত্যা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার উৎখাতের পরিকল্পনা সম্পর্কে তিনি অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ করছিল।’

সন্দেহভাজন ব্যক্তির ৯ এপ্রিল প্রাথমিক আদালতে শুনানি হয়েছিল। তিনি অভিযোগের বীপরিতে কোনো আবেদন করেননি। আদালতের নথিতে বলা হয়েছে, শুনানির জন্য আগামী ৭ মে কাসাপের ওয়াউকেশা কাউন্টি আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে। যেখানে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হবে।

সূত্র : বিবিসি, সিএনএন

‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে ফের চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।

আজ সোমবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে এ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় অংশ নিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এবারের শোভাযাত্রায় মোট ৮টি মোটিফ ছিল। এগুলো হলো— ফ্যাসিস্ট মোটিফ, বাঘ, ইলিশ মাছ, শান্তির পায়রা, পালকী, মুগ্ধর পানির বোতল, ৩৬শে জুলাই, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তরমুজ মোটিফ। আরো ছিল ১০০ ফুট দৈর্ঘ্যের গাজির পট, রিকশা এবং ঘোড়ার গাড়ি।

শোভাযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে দুইপাশে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবক, বিএনসিসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট, গার্লস গাইডের সদস্যরা নিরাপত্তার জন্য নিয়োজিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথি অংশ নিয়েছেন।

এবারের পহেলা বৈশাখের আবহ অন্যবারের চেয়ে একটু আলাদা। গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পালাবদলের পর এটাই প্রথম বাংলা নববর্ষ উদযাপন। নতুন চেতনায় বর্ষবরণ আয়োজনের প্রচেষ্টা চলছে দেশজুড়ে।
বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি বদলে নতুন নাম হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

মোগল সম্রাট আকবর ১৫৮৪ সালে তার শাসন ব্যবস্থার উন্নয়নে বাংলা সাল প্রবর্তন করেন। সেই সময় রাজস্ব আদায় হতো হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী, যা ছিল পুরোপুরি চন্দ্রনির্ভর। কিন্তু কৃষিভিত্তিক সমাজে এটি ছিল অনুপযোগী। কারণ, কৃষির মৌসুম অনুযায়ী রাজস্ব নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে।
তাই রাজস্ব আদায়ের সুবিধার্থে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ইত্যাদি কৃষি মৌসুম ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে মিশ্র সৌর ও চন্দ্র পদ্ধতির ভিত্তিতে তৈরি হয় ‘তারিখ-ই-ইলাহি’, যা-ই পরে পরিচিতি পায় বাংলা সাল নামে। এই পঞ্জিকা প্রস্তুত করেন বিখ্যাত জ্যোতির্বিদ আমির ফতেহউল্লাহ সিরাজী।