রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

‘থাইল্যান্ডে উদ্ধার ১১৭ অভিবাসীর ৯১ জন বাংলাদেশী

indexথাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সংখলা প্রদেশের মালয়েশিয়া সীমান্তবর্তী এলাকায় পাওয়া শতাধিক অভিবাসীর মধ্যে অন্তত ৯১ জন বাংলাদেশী, বলছেন থাই কর্মকর্তারা।

রাজ্যটির ডেপুটি গভর্নর একারাত সিসেনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার আজ শনিবার এ খবর জানায়।তবে রয়টার বলছে, রাত্তাফুম জেলায় পাওয়া ১১৭ জন অভিবাসীকে জিজ্ঞাসাবাদের পর থাই কর্মকর্তারা বলছেন তাদের মধ্যে ২৬ জন ছাড়া বাকিরা সবাই বাংলাদেশী।

সংখলা প্রদেশের এক জন পুলিশ কর্মকর্তা টেলিফোনে ১১৭ জনকে জিজ্ঞাসাবাদের কথা নিশ্চিত করলেও তার মধ্যে কতজন বাংলাদেশী তা বলতে রাজি হন নি।

ঢাকা থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম এখন সংখলা প্রদেশে রয়েছেন।

সংখলার ডেপুটি গভর্নর মি. সিসেন বলেন, এই অভিবাসীরা মানব পাচারের শিকার কিনা, নাকি তারা নিজেরাই অবৈধ পথে থাইল্যান্ডে ঢুকেছে – তা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, তারা মানব পাচারের শিকার হয়ে থাকলে তাদেরকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হাতে তুলে দেয়া হবে। আর স্বেচ্ছায় অবৈধ পথে এ দেশে ঢুকে থাকলে তাদের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

মি. সিসেন জানান, ১১৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এর মধ্যে ২৬ জন বার্মার রোহিঙ্গা মুসলিম, এবং বাকিরা বাংলাদেশী।
এ ব্যাপারে ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায় নি।

গত সপ্তাহে সংখলা প্রদেশে জঙ্গলের মধ্যে মানবপাচারকারীদের শিবির ও সেখানে মারা যাওয়া লোকদের গণকবর পাওয়া যায় – যা থেকে ৩৩টি মৃতদেহ উদ্ধার করা হয়।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন বলেছে, এ বছরের প্রথম তিনমাসেই সমুদ্রপথে ২৫ হাজারের মতো বাংলাদেশি এবং রোহিঙ্গাকে পাচারের ঘটনা ঘটেছে।

এই সংখ্যা গত বছরের একই সময়ে তুলনায় দ্বিগুণ।

তবে, এই সংখ্যা সঠিক নয় বলে উল্লেখ করে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সমুদ্রপথে মানবপাচারের সংখ্যা কমে এসেছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, থাইল্যান্ডে গণকবরের সন্ধান পাওয়ার পর সমুদ্রপথে মানবপাচার বন্ধের জন্য বাংলাদেশ কঠোর পদক্ষেপ নিচ্ছে।– বিবিসি

ভারতের গুজরাটে ভূমিকম্প

51922_Vumikompo20150509130301শনিবার সকালে ভারতের গুজরাট রাজ্যে একটি মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩।

রাজ্যটির কুচ এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। খবর দ্য হিন্দুর।

ভূতাত্ত্বিক গবেষণা ইনস্টিটিউট আইএসআর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজ্যের ভাচাও শহরের ২২ কিলোমিটার উত্তরপশ্চিমে।

প্রথম ভূকম্পনের পর ৭টা ৪৭ মিনিটে ফের ভূকম্পন (আফটারশক) অনুভূত হয় বলে আইএসআর জানায়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ২। তবে এ ভূকম্পনে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

দুই বাংলার ছবিতে সোহমের নায়িকা মিষ্টি

51930_Misty-Jannat20150509151105মিষ্টি হাসির নায়িকা মিষ্টি জান্নাত। ২০১৪ সালে লাভ স্টেশন ছবি দিয়ে বাজিমাত করে আলোচনায় আসেন তিনি। শাহাদাত হোসেন লিটন পরিচালিত ছবিটিতে তার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন বাপ্পী চৌধুরী।

সর্বশেষ মিষ্টি প্রশংসিত হয়েছেন নজরুল ইসলাম বাবু পরিচালিত চিনিবিবি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে। ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেবের খোকাবাবু ছবির সাথে লড়াই করে ব্যবাসয়িক সাফল্য পেয়েছে মিষ্টির ছবিটি। সেই ধারবাহিকতায় নির্মাতারা আগ্রহ দেখাচ্ছেন মিষ্টিকে নিয়ে।

এবার তিনি দুই বাংলার যৌথ প্রযোজনার ছবিতে কলকাতার নায়ক সোহমের সাথে জুটি বাঁধতে চলেছেন। সজল আহমেদের পরিচালনায় ছবিটির নাম ভালবেসে ছুঁয়ে দিলাম।

এ ছবিতে কাজ করা নিয়ে মিষ্টি বলেন, রোমান্টিক প্রেমের গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। একটি গান দিয়ে ছবিটির শুটিং শুরু হবে। আগামী ২৭ মে ভারত যাবার কথা রয়েছে। সেখানে কিছুদিন কাজ শেষে ব্যাংকক যাবো পুরো টিম। আশা করছি ভিন্ন আমেজের মৌলিক একটি উপভোগ্য চলচ্চিত্র হবে ভালবেসে ছুঁয়ে দিলাম। দর্শকদের অগ্রীম আমন্ত্রণ রইলো।

সোহমের সাথে প্রথমবারের মতো অভিনয় করা প্রসঙ্গে মিষ্টি বলেন, এই ছবি নিয়ে আমি অনেক আশাবাদী। এটিতে অনেক কিছুই প্রথম। যৌথ প্রযোজনায় আমার প্রথম ছবি। পাশাপাশি সোহমের সাথেও প্রথমবারের মতো কাজ করছি। সেইসাথে সোহম অভিনীত বাংলাদেশের প্রথম ছবিও এটাই হতে যাচ্ছে।

আর সোহম ওপার বাংলার খুবই জনপ্রিয় নায়ক। আশা করি তার সাথে আমার জুটি ভালো লাগবে দুই বাংলার দর্শকদের। আমি চেষ্টা করবো নিজের সেরাটুকু দিয়ে কাজ করতে।

মিষ্টি জানালেন, যৌথ প্রযোজনার এই ছবিটির বিভিন্ন লটের শুটিং বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুর এ চিত্রায়ন করা হবে।

রুবেল আমার জন্য ২জন খুনি ভাড়া করেছে: হ্যাপী!

51911_Happyবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন ও চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর মধ্যকার বিবাদের বিষয়টি এখন আর কারও অজানা নয়।

গত কয়েক মাস ধরেই রুবেলকে নিয়ে বিভিন্ন বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন চিত্রনায়িকা হ্যাপী। তার স্ট্যাটাসে এবার তিনি লিখেছেন, তাকে খুন করার পরিকল্পনা করছে রুবেল। এ জন্যে রুবেল ভাড়াটিয়া খুনিও ঠিক করেছেন।

এর আগে রুবেলের বিরুদ্ধে দায়েরকৃত নারী নির্যাতন মামলা তুলে নিলেও রুবেলকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, চিত্রনায়িকা হ্যাপি। ওই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, রুবেল বিয়ের পিড়িতে বসছে। যদিও রুবেল এরকম সংবাদ অস্বীকার করেন। এবার স্ট্যাটাসে হ্যাপি লিখেছেন, তাকে খুন করার পরিকল্পনা করছে রুবেল হোসেন

এ জন্যে নাকি রুবেল ভাড়াটিয়া খুনিও ঠিক করেছেন। চিত্রনায়িকা হ্যাপির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

হ্যাপি স্ট্যাটাসে লিখেছেন, গোপন সূত্রে জানতে পারলাম আমার জন্য ২জন খুনি ঠিক করা হয়েছে। যারা সর্বদা আমার ওপর নজরদারি করছে সুযোগ বুঝে খুন করার জন্য। আর যে খুন করার জন্য ঠিক করেছে সে অপরিচিত কেউ না, আপনাদের পছন্দের তারকা রুবেল হোসেন। আমি খুন হব বুঝে গেছি। কারণ সে যেকোনো মূল্যে আমাকে মেরে ফেলবে। এর জন্য যা করতে হয় সে সবকিছু করতে তৈরি।

এর জন্য আমি ভীত না। আমি জানি, আমি খুন হওয়ার পর রুবেল ঠিক ধামাচাপা দিতে পারবে। কারণ এদেশে কোনও বিচার নেই। জোর যার, জয় তারই। আমি খুব সাধারণ একটি মেয়ে। শুধু সৎ সাহসের জোরে বিচার চেয়েছি। আমার কিছুই করার নেই। শুধু চেয়ে চেয়ে দেখব।

এব্যাপারে রুবেলের কোন বক্তব্য পাওয়া যায়নি।তবে সাম্প্রতিক সময়ে রুবেলের সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। পাকিস্তানের সাথে প্রথম টেস্টে কোন উইকেট না পাওয়ায় রুবেলকে অবসর দেয়া হয়েছে। মন খারাপ করে রুবেল এখন দর্শক সারিতে বসে খেলা দেখেন।

তবে অন্য একটি সূত্র জানিয়েছে, হ্যাপি রুবেলের এই দু:সময়ে বেশ খুশী। আর এজন্যই রুবেলকে চটানোর উদ্দেশ্যে হত্যার অভিযোগ এনে স্ট্যাটাস দিয়েছেন বলে রুবেলে ভক্তরা বলছেন।

ইংলিশ ক্লাবে মেসিকে দরকার : মরিনহো

51937_Messi_Goal_bg_968957808বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকা তৈরি করা হলে শীর্ষেই জায়গা করে নেবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

বার্সেলোনার এ গোল মেশিন যদি স্প্যানিশ জায়ান্টদের হয়ে না খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেন, তবে ইংলিশ কোনো ক্লাবের ঘরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা যেত বলে মনে করেন চেলসির কোচ হোসে মরিনহো।

ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারায় মেসি বাহিনী। আর এ ম্যাচের তিনটি গোলেই রয়েছে আর্জেন্টাইন তারকার অবদান। নিজে দুটি গোল করার পাশাপাশি নেইমারকে দিয়েও একটি গোল করিয়েছেন।

চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা মেসি প্রসঙ্গে মরিনহো বলেন, আমি মনে করি মেসি প্রতিটি খেলার পার্থক্য গড়ে দেয়। সে যদি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলত, তবে ম্যানসিটি চ্যাম্পিয়ন্স লিগ জিততো। মেসি যদি আর্সেনাল, চেলসি অথবা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতো, তবে এ দলগুলোর চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ থাকতো।

তিনি আরও যোগ করেন, একটি দলের জন্য মেসির অবদান অনেক। সে পেপ গার্দিওলার অধীনে থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছে। এবার স্বাভাবিক ভাবেই লুইস এনরিকের অধীনে থেকে মেসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে চলেছে।

বায়ার্নের হারের পর দলটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, মেসিকে আটকানোর কোনো উপায় ছিল না। গার্দিওলার মন্তব্যকে মেনে নিলেও মরিনহো জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, মেসিকে আটকানো কষ্টকর হলেও তার খেলার ধরণকে কঠিন করে দেওয়া কখনো কখনো সম্ভব।

আমি যখন আমার শিষ্যদের মেসির বিপক্ষে মাঠে নামাই, তার আগে এ আর্জেন্টাইনকে নিয়ে আমি প্রচুর সময় ব্যয় করি। তাকে আটকানোর ছক বের করি। কখনো কখনো আমি সফল হয়েছি, আবার কখনো আমাকে ব্যর্থ করে দিয়েছে মেসি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন মেসি। ইউরোপ সেরার এ টুর্নামেন্টে মেসির গোলসংখ্যা ৭৭টি। চলতি আসরেও শীর্ষে মেসি। ১১ ম্যাচ খেলে তার গোলসংখ্যা ১০টি।

ভূমিকম্পের পূর্বাভাস দেবে মোবাইল ফোন

51924_4444_79760আপনার হাতেরনাগালে থাকা মোবাইল ফোনটিই হতে পারে ভূমিকম্পের সময় সবচেয়ে কাছের বন্ধু। আপনাকে দিতে পারে ভূমিকম্পের পূর্বাভাস।

ভূমিকম্পে ভবন কেঁপে ওঠার কয়েক সেকেন্ড আগেই আপনাকে ভূমিকম্প আসার খবর দিয়ে সতর্ক করে দিতে পারে স্মার্টফোনটি।

ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে বেশ কিছু অ্যাপ রয়েছে যাতে ভূমিকম্প হলে তার নোটিফিকেশন পাওয়া যায়। কিন্তু গবেষকেরা এর চেয়ে উন্নত পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গবেষকেরা বলছেন, কম খরচে ভূমিকম্প সতর্কব্যবস্থা হতে পারে স্মার্টফোনের উন্নত অ্যাপস।

সম্প্রতি গবেষকেরা জানিয়েছেন, ভূমিকম্প নজরদারি নেটওয়ার্ক ব্যবস্থার সাশ্রয়ী বিকল্প হিসেবে স্মার্টফোন ব্যবহার করা যেতে। তারা এ তথ্য জানানোর পর অ্যাপস ব্যবহার করে ভূমিকম্পের আগাম বার্তা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্মার্টফোনে থাকা গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ভূমিকম্প শনাক্ত করতে পারে এবং শক্তিশালী কম্পন আঘাত হানার কয়েক সেকেন্ড আগেই তা জানিয়ে দিতে পারে। সায়েন্স অ্যাডভান্সেস নামের একটি মার্কিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।

গবেষকেরা বলেন, স্মার্টফোনের জিপিএস রিসিভার বৈজ্ঞানিক যন্ত্রপাতির তুলনায় যদিও নিখুঁত নয় তবুও মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প সহজে ধরতে পারে।

গবেষকেরা ২০১১ সালে জাপানের ভূমিকম্প ও সুনামির তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, স্মার্টফোনের জিপিএস পদ্ধতিতে যদি সতর্ক করা সম্ভব হতো তবে অনেক প্রাণ বাঁচানো সম্ভব হতো।

খালেদা পেশাদার খুনি, মানুষ খুনে তিনি অভ্যস্ত

51936_S-Khan-3নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া একজন পেশাদার খুনি। তিনি মানুষ খুনে অভ্যস্ত হয়ে গেছেন। যখন ক্ষমতায় ছিলেন তখনও মানুষ হত্যা করেছেন, এখনও হত্যা করছেন।

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল গ্রামে লেখক ও কবি হুমায়ুন আজাদের ৬৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার দুপুরে তিনি এ সব কথা বলেন।

শাজাহান খান বলেন, খালেদা এখন আর মানবী নন, দানবী। তিনি পেট্রোলবোমার আগুনে পুড়িয়ে শত শত মানুষ হত্যা করেছেন। হাজার, হাজার যানবাহনে অগ্নিসংযোগ করেছেন। দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করতেই দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করেছেন। কিন্তু তাদেরকে তা করতে করতে দেওয়া হবে না। যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রয়েছে।

নন্দিত লেখক ড. হুমায়ুন আজাদ ফাউন্ডেশনের সভাপতি সাজ্জাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌ মন্ত্রনালয়ের সচিব সফিক আলম মেহেদী ও জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান রাঢ়ীখাল গ্রামে হুমায়ুন আজাদের জন্মভিটার পাশে নির্মিত হুমায়ূন আজাদ কমপ্লেক্স উদ্বোধন করেন।

বিকল্প কর্মসূচি দিতে খালেদার প্রতি আহ্বান নাসিমের

51927_Nasim-8বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিকল্প কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্য ও পরিবার-কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে ড. ওয়াজেদ মিয়া স্মরণে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এ সেমিনারটির আয়োজন করে।

খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আপনি সুস্থ রাজনীতি করেন। এখন আর মানুষ হরতাল অবরোধ, জ্বালা-পোড়াও পছন্দ করে না। এটা এক সময় ছিল; আমরাও করেছি। এখন আর মানুষ আন্দোলন পছন্দ করে না। মানুষ উন্নয়ন চায়। আপনিও আসুন, সুস্থ রাজনীতির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই।

তিনি বলেন, বিকল্প কর্মসূচি দেন। আপনি মানুষকে বলেন, কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান! নিজের ভুল স্বীকার করে নির্বাচনের জন্য প্রস্তুত হোন। জনগণ মনে করলে আপনাদের ক্ষমতায় আনবে। আমরাও ভুল করেছি। সেটা শুধরে নিয়ে এখন আবার জনগণের সমর্থন পাচ্ছি। আপনার কর্মসূচি ভালো হলে আপনিও পাবেন।

ভারতের সঙ্গে স্থলসীমানা সংক্রান্ত সমস্যা সমাধানে সে দেশে বিল পাস করার বিষয়ে নাসিম বলেন, ঐতিহাসিক ঘটনা ঘটেছে গত দুদিন আগে। ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়ন হতে যাচ্ছে। স্থলসীমা চুক্তি ভারতে পাস হয়েছে। ৬২ বছরে ভারতে কোনো সরকার পাস করেনি। আমাদের দেশের কোনো সরকারও এটা পাস করাতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বের সরকার পাস করাতে সক্ষম হয়েছে। আমরা আশা করি, তিস্তার পানি চুক্তিরও সমাধান হবে।

ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর শেখ হাসিনা ও রেহানাকে আগলে রেখেছেন ওয়াজেদ মিয়া। বাংলাদেশে কত কিছু করা হয়, কেন ওয়াজেদ মিয়ার নামে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে না?

তিনি বলেন, আমরা এটা করবো।

ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন আইনজ্ঞ ব্যারিস্টার আমীরুল ইসলাম, পরমাণু শক্তি কমিশনের পরিচালক কানাইলাল চক্রবর্তী, সংসদ সদস্য হোসনে আরা বাবলী প্রমুখ।

টাইগারদের হারিয়ে দুঃখ ঘুচল পাকিস্তানের

51907_7th_wick_bg_167908773পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের শেষটা ভালো হলো না বাংলাদেশের। সফরকারীদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি জয়ের পর সিরিজের প্রথম টেস্টে মর্জাদার ড্র করেছিল টাইগাররা।

তবে সিরিজের শেষ টেস্টে হেরে গেল ৩২৮ রানের বড় ব্যবধানে। আর এবারের বাংলাদেশ সফরে এই প্রথম জয়ের মুখ দেখল পাকিস্তান।

ঢাকা টেস্টে পাকিস্তানের দেওয়া ৫৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২১ রানে অলআউট হয় স্বাগতিকরা।

তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৬৩ রান।  তামিম ইকবাল ৩২ ও মুমিনুল হক ১৫ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করেন দুজন। তবে দলীয় ৮৬ রানে ব্যক্তিগত ৪২ রান করে ফিরে যান তামিম।

ইমরান খানের করা অফ স্ট্যাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের গ্লাভসে ধরা পড়েন এই বাঁহাতি। ৬৭ বলে ৭ চারে তামিমের সংগ্রহ ৪২ রান।

তামিমের বিদায়ের পর স্কোরবোর্ডে আর ৯ রান জমা হতেই সাজঘরের পথ ধরেন নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। ইমরানের বলে ইউনুস খানের হাতে ধরা পড়েন এই ডানহাতি। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

এরপর মুমিনুলের সঙ্গে ২৬ রানের জুটি গড়ে সাকিবও বিদায় নেন। মোহাম্মদ হাফিজের বল ক্রিজ ছেড়ে উঠে এসে ছক্কা মারতে গিয়ে লং অফে ওয়াহাব রিয়াজের হাতে ধরা পড়েন ১৩ রান করা সাকিব।

ইনিংসের ৩৬তম ওভারে ইয়াসির শাহর বলে সিঙ্গেল নিয়ে ফিফটি করেন এক প্রান্ত আগলে রাখা মুমিনুল। এই ফিফটির মাধ্যমে অনন্য আরেকটি কীর্তি গড়েন এই বাঁহাতি। টেস্টে টানা ১১ ম্যাচে ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড করেন মুমিনুল। আর এই রেকর্ডে কিংবদন্তি ভিভ রিচার্ডসের পাশে নিজের নাম লেখান তিনি।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিও টেস্টে টানা ১১ ম্যাচে ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড করেন। রিচার্ডস ছাড়া ভারতের গৌতম গম্ভীর ও বীরেন্দ্রর শেবাগেরও এমন রেকর্ড রয়েছে। আর টেস্টে টানা ১২ ম্যাচে এমন কীর্তি গড়ে সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

মুমিনুল ফিফটি করলেও ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমে ব্যর্থ হন মুশফিকুর রহিম। দলীয় ১২৬ রানে মুশফিকুর ফেরেন ডাক মেরে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ইয়াসির শাহর বলে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। মধ্যাহ্ন বিরতির পর দলীয় ১৩৯ রানে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। এক প্রান্ত আগলে রাখা মুমিনুলও বিদায় নেন দলীয় ১৪৩ রানে। ১০২ বলে ৯ চারে ৬৮ রান করেন মুমিনুল।

অষ্টম উইকেটে শুভাগত হোমের সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে বিদায় নেন তাইজুল ইসলাম। ইয়াসির শাহর বলে সামি আসলামকে ক্যাচ দেওয়ার আগে তাইজুলের ব্যাট থেকে আসে ১০ রান। শেষদিকে শুভাগত হোমের ব্যাটে শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পারে বাংলাদেশ। দলীয় ২২১ রানে ব্যক্তিগত ৩৯ রানে করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন শুভাগত।

এর আগে ৮ উইকেটে ৫৫৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তান ৬ উইকেটে ১৯৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ফলে প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হওয়া বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫৫০ রান।

নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়েছি: খালেদা

51915_Khalada-2বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমরা ক্ষমতায় থাকার সময় নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়েছিলাম। আমাদের সময়ে স্কুল থেকে ছাত্রীরা যাতে লেখাপড়া থেকে ঝরে না পড়ে তার জন্য নানা উদ্যোগ নিয়েছিলাম।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষায় আলোকিত দায়িত্বশীল মায়েদের সুসন্তানরাই দীর্ঘদিনের অচলায়তন ভেঙ্গে সামাজিক অগ্রগতি তরান্বিত করবে এবং জাতীয় উন্নয়নকে করবে বেগবান।

দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বলেন, আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মা’কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

খালেদা বলেন, আবহমান কাল ধরেই জন্মদাত্রী মা’কে ঘিরেই আবর্তিত হয় পরিবারের সকল কার্যক্রম। সন্তানদের শিষ্ট ও সর্বক্ষেত্রে যোগ্য হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে একমাত্র মায়ের অক্লান্ত অবদানের কথা আমরা সবাই জানি। সুমাতার মমতায় লালিত সন্তানই সমাজ ও রাষ্ট্রে সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। কারণ রাষ্ট্রের গণতান্তিক বিকাশ এবং অগ্রসর সমাজ বিনির্মাণ সম্ভব হয় স্ব-শিক্ষিত মায়েদের ভূমিকায়।

খালেদা জিয়া বলেন, আজকের দিনে আমার প্রত্যাশা সকল মা যেন তার সন্তানদের যোগ্য ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সক্ষম হন, যাতে জাতির আগামী ভবিষ্যত উজ্জল থেকে উজ্জলতর হয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।