রবিবার, অক্টোবর ৪, ২০২৬

পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল দিল্লির, ভারত ছাড়ার নির্দেশ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার পর পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ পোগ্রাম বাতিল করেছে ভারত। ২৩ এপ্রিল, বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়, যার মধ্যে অন্যতম হলো পাকিস্তানের সঙ্গে পুরোনো সিন্ধু নদের পানি চুক্তি বাতিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, সার্ক ভিসা ছাড় পোগ্রামের আওতায় পাকিস্তানি নাগরিকরা আর ভারতে প্রবেশ করতে পারবে না। যাদের ইতোমধ্যে এই ভিসা দেওয়া হয়েছে, সেগুলো বাতিল বলে গণ্য হবে। এছাড়া যেসব পাকিস্তানি নাগরিক এই ভিসা নিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে, দুই দেশের মধ্যকার আত্তারি নিরাপত্তা চৌকিও তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

জম্মু-কাশ্মিরে হামলার ঘটনায় নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে—এমন পূর্বাভাস দিয়েছিলেন একাধিক বিশ্লেষক। ভারতের অভিযোগ, কাশ্মিরে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য পাকিস্তান বিদ্রোহীদের সহায়তা করে, যদিও ইসলামাবাদ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

নয়াদিল্লিভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিস (সিএলএডব্লিউএস)-এর পরিচালক তারা কর্থা বলেছেন, “এটি যুদ্ধের একটি কাজ। আমরা বিষয়টিকে এখন সেভাবেই দেখছি।” তার এমন মন্তব্যের কিছু সময় পরই ভারত সরকার সিন্ধু চুক্তি ও ভিসা ছাড় পোগ্রাম বাতিলের মতো সিদ্ধান্ত গ্রহণ করে।

পাঁচতলা বাড়ির মালিকও টিসিবির কার্ড পেয়েছিলেন : বাণিজ্য উপদেষ্টা

আগস্ট বিপ্লবের আগে দুর্বৃত্তদের কাছ থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) রেহাই পায়নি। এক কোটি পরিবারের জন্য নির্ধারিত টিসিবির ফ্যামিলি কার্ড করার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছিল। পাঁচতলা বাড়ি আছে এমন লোকও টিসিবির ফ্যামিলি কার্ড পেয়েছিলেন। এমনকি প্রশাসনে কাজ করা একজনের বাড়িতেও ছিল তিনটি কার্ড।
দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে এমন তথ্য পাওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে ‘টিসিবির সঙ্গে বাণিজ্য’ সংলাপে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘অনিয়ম চিহ্নিত করে প্রায় ৪০ লাখ কার্ডধারী কমানো হয়েছে। সরকারি ব্যবস্থাপনা বা প্রশাসনের ওপর আস্থা কখনোই আসবে না, যখন মানুষ দেখবে যে সব কিছুতে আছে দুর্বৃত্তায়ন। সে জন্য আমরা টিসিবিকে দুর্বৃত্তায়ন থেকে বের করে সঠিক পর্যায়ে আনতে চাই।
’

বছরে ১২ থেকে ১৪ হাজার কোটি টাকার যে কেনাকাটা করে টিসিবি তাতে ছয়-সাত হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয় বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘একটা দুর্বৃত্তায়িত ব্যবস্থা অনেক দুর্বৃত্ত তৈরি করেছে। এ ব্যবস্থা থেকে আমরা সরে আসতে চাই। এখন থেকে নিম্ন আয়ের উপযুক্ত পরিবারগুলোই কার্ড পাবে।
’

ভর্তুকি মূল্যে ডাল, তেল, চিনি ইত্যাদির পাশাপাশি কার্ডধারী পরিবারকে ভবিষ্যতে সাবানও দেওয়া হবে বলে জানান টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

টিসিবি আয়োজিত এ সংলাপে আলাদা তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির দুই পরিচালক এস এম শাহীন পারভেজ ও আবেদ আলী এবং যুগ্ম পরিচালক আল আমিন হাওলাদার।

প্রবন্ধ উপস্থাপনের পর মুক্ত আলোচনায় ছাত্র প্রতিনিধি ও ব্যবসায়ীরা অংশ নেন। অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এতে স্বাগত বক্তব্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী সমাপনী বক্তব্য দেন।

রাজউককে আর হাউজিং করতে দেওয়া যাবে না : রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজউককে আর হাউজিং করতে দেওয়া যাবে না। রাজউক কি ডেভেলপার না রেগুলেটর, তা পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে।

আজ বুধবার রাজউক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয়ন অনুষ্ঠানে এসব বলেন তিনি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানও ওই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ও বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট নতুন করে প্রণয়ন করতে হবে। গোটা এলাকাভিত্তিক মাস্টারপ্ল্যান করতে হবে। বেসরকারি হাউজিং নিয়ন্ত্রণের প্রয়াস আগে ছিল না, এখন তা জরুরি। রাজউককে রাজনৈতিক চাপে রাখা যাবে না।
’

তিনি বলেন, ‘অল্প পরিবর্তনে কাজ হবে না। সময় ও বাস্তবতার চাহিদায় প্রয়োজনীয় কিছু রেখে নতুন করে প্রণয়ন করতে হবে। রাজউকের বোর্ডে কেবল আমলা থাকলে চলবে না। বোর্ডে শহর পরিকল্পনায় দক্ষ বিশেষজ্ঞ রাখতে হবে।

ফাহমিদুলকে আবার ক্যাম্পে ডাকবে বাংলাদেশ

বাংলাদেশের জার্সি গায়ে জড়াতেই হাভিয়ের কাবরেরার ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম। কিন্তু সৌদি আরবে ক্যাম্প করলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শিলংয়ের বিমানে ওঠা হয়নি তার। সৌদি থেকেই ইতালির টিকিট কাটতে হয়েছিল তাকে।

ফাহমিদুলকে এভাবে বাদ দেওয়ায় তখন ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলাদেশের সমর্থকরা।
সামাজিক মাধ্যমে ঝড় ওঠে সমালোচনার। অনেকে আরেক ধাপ বাড়িয়ে বলতে থাকেন অন্য অনেক প্রবাসী ফুটবলারের মতো ফাহমিদুলও ‘সিন্ডিকেটের’ শিকার হতে যাচ্ছেন।

যারা এমনটা ভাবছেন তাদের যেন আজ ভুল প্রমাণ করলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। সামনের ক্যাম্পেই ফাহমিদুলকে ডাকা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
আজ জাতীয় দল কমিটির সভা শেষে বাবু বলেছেন, ‘ফাহামিদুলকে নিয়ে আলোচনা হয়েছে, আমরা বলেছি তাকে অন্তর্ভুক্ত করতে। কোচ যদি মনে করে কোনো খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেখানে ফেডারেশনের কোনো হস্তক্ষেপ থাকবে না। আমরা কোচকে প্রাধান্য দিচ্ছি। ফাহামিদুল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে।
কোচকে বলেছি তার সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা কোনো কিছু চাপিয়ে দিইনি। ৩১ মে জানা যাবে কোন কোন খেলোয়াড়কে ডাকা হবে।’

আজকের সভায় ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করতে ট্রান্সফারের ঝামেলা মেটানোর কথাও হয়েছে বলে জানিয়েছেন বাবু। তিনি বলেছেন, ‘ফাহামিদুলকে নিয়েও আলাপ আলোচনা করেছি।
আমরা বলেছি, তাকে দলভুক্ত করার জন্য। আপনারা জানেন, একজন বিদেশিকে খেলাতে ট্রান্সফারের বিষয়ে অনেক ঝামেলা হয়, সেটা তখন সভাপতি সাহেব চেষ্টা করেছিলেন। ফাহামিদুলের ব্যাপারেও সভাপতি চেষ্টা করে যাচ্ছেন, ওর ট্রান্সফার করিয়ে ফেলতে পারলে ওকেও দলে অন্তর্ভুক্ত করার জন্য।’

জুনে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বলে জানিয়েছেন বাবু। মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘৫ জুন একটা প্রস্তুতি ম্যাচ খেলব। অনেকগুলো দেশের সাথে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। যেহেতু ঢাকাতে খেলা, সেই প্রস্তুতি ম্যাচ যেন ঢাকাতে হয়, এ জন্য আমরা কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে, তারা সাড়া দিলে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সুদান, ভুটান, সাইবেরিয়া আছে, আমরা একটু সুদানকে এগিয়ে রেখেছি। দু-এক দিনের মধ্যে বিষয়টি নিশ্চিত করব।’

আগামী ৩১ তারিখ দল ঘোষণা করবে বাফুফে। তত দিন অপেক্ষা করার কথা জানিয়ে বাবু বলেছেন, ‘আমরা চাপিয়ে দিইনি। আমরা আলাপ-আলোচনা করে এই কথা বলছি। ৩১ তারিখে যখন দল ঘোষণা করা হবে, তখন আপনারা জানতে পারবেন কে থাকছে।’

শুধু ফাহমিদুল না যারা বাংলাদেশের হয়ে খেলতে চান তাদের দলে নিতে ফেডারেশন আগ্রহী বলে জানিয়েছেন বাবু। তিনি বলেছেন, ‘কেবল ফাহমিদুল নয়, যেসব বিদেশি খেলোয়াড় রয়েছে, তারা যদি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হয় এবং কোচ যদি মনে করেন, এই খেলোয়াড়কে তার দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সে ক্ষেত্রে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো অনীহা থাকবে না। তার মতামতকে প্রাধান্য দেব। আসলে তারা যেখানে খেলছে, সেখান থেকে ক্লিয়ারেন্স লাগবে, এগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে।’

ইস্তাম্বুলে ৫১টি আফটারশক অনুভূত, আহত ১৫১

ইস্তাম্বুলের কাছাকাছি মারমারা সাগরে বুধবার ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মূল ভূমিকম্পের পর ৫১টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে কয়েকটি খুবই শক্তিশালী। এতে আতঙ্কিত হয়ে তুরস্কের বৃহত্তম শহরের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় ভবন থেকে লাফিয়ে নামতে গিয়ে আঘাতপ্রাপ্ত ১৫১ জন চিকিৎসা নিচ্ছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, ইস্তাম্বুলের সিলিভরিতে মারমারা সাগরে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি আশপাশের প্রদেশগুলোতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬.৯২ কিলোমিটার গভীরে আঘাত হানে, ১৩ সেকেন্ড স্থায়ী ছিল।

তিনি আরো জানান, বিকেল ৩টা ১২ মিনিট পর্যন্ত ৫১টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড়টি ছিল ৫.৯ মাত্রার।

ভবনগুলো কাঁপতে শুরু করলে লোকজন হুড়মুড় করে রাস্তায় নেমে আসে। অনেকেই চিন্তিত মুখে মোবাইল ফোনে খবর খুঁজছিল বা ফোন করছিল। একজন অন্দরসজ্জাশিল্পী বলেন, ‘আমি ভূমিকম্প টের পেয়েছি, আমাকে এখান থেকে বেরোতে হবে।’

ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল বলেন, ভূমিকম্প বা আফটারশকে কেউ মারা যায়নি।
তবে আতঙ্কে অনেকেই লাফিয়ে ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছে। হাসপাতালগুলোতে মোট ১৫১ জন চিকিৎসা নিচ্ছে। তবে এসব আঘাত গুরুতর নয়।

গভর্নরের কার্যালয় জানায়, শহরের কোনো আবাসিক ভবনে ধস দেখা যায়নি। তবে ফাতিহ জেলায় একটি পরিত্যক্ত ভবন ধসে পড়েছে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া ১৬ মিলিয়নেরও বেশি জনসংখ্যার শহরটিতে অন্য কোনো ভবন ধসের খবর পাওয়া যায়নি বলে সরকারি টিভি টিআরটিকে জানান ইয়ারলিকায়া।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ঐতিহাসিক উপদ্বীপের পশ্চিমে বেইলিকদুজু জেলায় একটি মসজিদের মিনার কাঁপছে।

তুরস্কের জাতীয় সার্বভৌমত্ব দিবস উপলক্ষে এদিন বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সপ্তাহজুড়ে এই বন্ধ চলবে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, তিনি ‘পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন’।

তুরস্কের সাংস্কৃতিক ও অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুলে ২০ মিলিয়নের কাছাকাছি মানুষ বসবাস করে। ১৯৯৯ সালের ‘বড় ভূমিকম্পের’ স্মৃতি এখনো অনেকের মনে জাগ্রত। ওই বছর পূর্ব আনাতোলিয়ান ফল্টলাইনে দুইবার ধস নামায় প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারায়।

ভূকম্পবিদরা হিসাব করে দেখেছেন, আগামী ৩০ বছরের মধ্যে ইস্তাম্বুলে ৭.৩ মাত্রার চেয়ে বড় ভূমিকম্পের আশঙ্কা ৪৭ শতাংশ। সর্বশেষ ভূমিকম্প নভেম্বর মাসে অনুভূত হয়, তবে তা শুধু আতঙ্ক তৈরি করেছিল; ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

রানের বন্যা বইয়ে টেস্টে ফিরলেন বিজয়

সিলেট টেস্ট শেষ হতে না হতেই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্টের ১৫ সদস্যের স্কোয়াডে নতুন করে দুজন খেলোয়াড়কে দলে ডেকেছে বাংলাদেশ। সেই দুজন হচ্ছেন এনামুল হক বিজয় ও তানভির ইসলাম। বাদ পড়েছেন জাকির হাসান ও নাহিদ রানা।

ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছেন বিজয়। বলা ভালো রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। টুর্নামেন্টে ১৪ ম্যাচে ৮৭৪ রান করে শীর্ষে আছেন উইকেটরক্ষক-ব্যাটার। সেঞ্চুরি করেছেন ৪ টি।
যার সর্বশেষটি আজ আবাহনী লিমিটেডের বিপক্ষে করেছেন। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। সেই হতাশা অবশ্য দ্রুতই ভুলে যাওয়ার রসদ পেলেন গাজী গ্রুপ ক্রিকেটার্স ক্লাবের অধিনায়ক।

ডিপিএলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই যে দলে ডাক পেয়েছেন বিজয়।
এতে প্রায় দীর্ঘ তিন বছর পর আবারো টেস্টে ডাক পেলেন ৩২ বছর বয়সী ব্যাটার। সর্বশেষ ২০২২ সালে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

অন্যদিকে তানভির দলে জায়গা পেয়েছেন নাহিদ রানার বদলে। আগেই জানানো হয়েছিল দ্বিতীয় টেস্টে থাকবেন না এই পেসার। প্রথম টেস্ট শেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাবেন তিনি।
তারই জায়গায় অভিষেকের অপেক্ষায় সুযোগ পেলেন বাঁহাতি স্পিনার। এবারের ডিপিএলে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি।

আজ প্রথম টেস্টে চার দিনে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে ১৭৪ রানের লক্ষ্য দিয়ে ৩ উইকেটের পরাজয় দেখেছেন নাজমুল হোসেন শান্তরা। এতে দুই টেস্টের সিরিজে সমতায় ফিরতে হলে আগামী ২৮ এপ্রিল শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে জিততেই হবে বাংলাদেশকে।

চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।

প্রধান উপদেষ্টা কাতার থেকেই রোমে যাবেন : প্রেসসচিব

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতার থেকেই রোমে যাবেন।

বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, প্রধান উপদেষ্টা এখান (কাতার) থেকেই সরাসরি রোমে যাবেন। আমাদের সঙ্গে যে দলটা এসেছে তাদের বেশির ভাগ সদস্যই দেশে চলে যাবেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে ছোট একটা দল (১০ জনের মতো) রোমে যাবে।

তিনি বলেন, কাতার থেকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার সকালে বা দুপুরের দিকে রোমের উদ্দেশে রওনা দেবেন। শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে রাতে অথবা রবিবার সকালে ফিরবেন।

বিশ্বের প্রথম লাতিন আমেরিকান পোপ, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হতে চলেছে আগামী শনিবার সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে।
এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বিশ্বের নানা দেশের নেতারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বলে জানিয়েছেন।

তা ছাড়া অন্য বিশ্বনেতাদের মধ্যে ফ্রান্সিসের জন্মভূমি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন।

চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে।

জানা গেছে, শেষকৃত্যের শেষে তিনি ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’ পাঠ করবেন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পোপকে ঈশ্বরের হাতে সমর্পণ করা হবে।

এরপর পোপের মরদেহ নিয়ে যাওয়া হবে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়, যেখানে তাকে সমাহিত করা হবে।

পোপ ফ্রান্সিস প্রথা ভেঙে সেন্ট পিটার্সের বদলে রোমের সান্তা মারিয়া ব্যাসিলিকায় সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেখানে পোপ ফ্রান্সিসের বহু পূর্বসূরির সমাধি আছে।

৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস চলতি বছরের প্রথম দিকে দুইবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ছিলেন।
প্রায় এক মাস আগে তিনি হাসপাতাল থেকে ভ্যাটিক্যানের বাসায় ফিরেছিলেন। ইস্টার সানডে উপলক্ষে রবিবার সেন্ট পিটার্স স্কয়ারেও হাজির হয়েছিলেন। কিন্তু তার পরদিন সকালে ভ্যাটিকান তার মৃত্যুর খবর জানায়।

মাদক সেবন করে মারধর করেন পরীমনি, অভিযোগ গৃহকর্মীর

মেকআপ রুম থেকে মাদক সেবন করে এসে গৃহকর্মীকে মারধরের অভিযোগে চিত্রনায়িকা পরীমনির নামে মামলা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় পরীমণির সঙ্গে আরও আসামি করা হয়েছে একই ফ্ল্যাটে বসবাস করা সৌরভ (২৮) নামে এক ব্যক্তিকে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পিংকি আক্তার (২৪) নেত্রকোনা জেলা সদরের মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে।

মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, ২০২৪ সালের মার্চে মামলার বাদী পিংকি আসামিদ্বয়ের বাসায় কাদের এজেন্সি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহপরিচারিকার কাজের জন্য চাকরি নেন।
একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বলে এজেন্সি হতে বাদীকে আসামিদের বাসায় নিয়োগ দেওয়া হলেও তাকে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো।

এছাড়া বাদীকে দিনে ও রাতে উভয় সময় বাসার রান্নার কাজ করতে হতো। তবুও বাদীর চাকরি একান্ত আবশ্যক হওয়ায় তিনি মুখ বুঝে সহ্য করে আন্তরিকতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছিলেন।

তবে চলতি বছরের ২ এপ্রিল দুপুর ১টায় আসামি পরীমণি তার মেকআপ রুম থেকে মাদক গ্রহণ করে বাচ্চার রুমে এসে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
বাদী গালিগালাজ কেন করছেন জানতে চাইলে পরীমণি বলেন, ‘তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি। ’ বাদী বলে, ‘বাচ্চার খাওয়ার রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা, তাই আমি দুধ তৈরি করেছি। ’

এ সময় পরীমনি ক্ষিপ্ত হয়ে বাদীর মাথায়, মুখে ও চোখে এলোপাথাড়িভাবে চড়-থাপ্পড় মেরে আহত করেন। একপর্যায়ে ভুক্তভোগী বাদী পিংকি পরীমণির মারধরে অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর বাদী তাকে হাসপাতালে নেওয়ার জন্য পরীমণিকে অনুরোধ করলেও তিনি সাড়া দেননি।

ঘটনাস্থলে অপর আসামি সৌরভ উপস্থিত ছিলেন। সৌরভ পিংকিকে নির্যাতন করার জন্য পরীমনিকে উৎসাহিত করতে থাকেন এবং বাদীকে বাসার বাইরে যাওয়া থেকে বিরত করেন।

পরে ভুক্তভোগী পিংকি ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিরাপদে যান এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এর আগে গত ৩ এপ্রিল মারধরের অভিযোগে ভাটারা থানায় পরীমণির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পিংকি আক্তার। এবার করলেন মামলা। তবে তদন্তে কোনো অগ্রগতি না দেখায় আদালতে মামলা করেন বলে আরজিতে উল্লেখ করা হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শরণার্থী হিসেবে দীর্ঘ অবস্থান রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। যার ফলে তারা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। তাই বাংলাদেশ মনে করে চলমান সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন।

বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় ড. ইউনূস আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন। ‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ-রোহিঙ্গা ইস্যু’ শীর্ষক এই বৈঠকে তিনি এ সব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়; এটি একটি বহুমাত্রিক সংকট, যার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিককে (রোহিঙ্গা) আশ্রয় দিয়েছে।
প্রতি বছর প্রায় ৩২ হাজার নবজাতক যুক্ত হচ্ছে। নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এই বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। বাংলাদেশ মনে করে, এ সংকটের একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন।

লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, রাখাইনের পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে।
আরাকান আর্মি (এএ) বর্তমানে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটার এবং রাখাইনের ১৭টির মধ্যে ১৪টি টাউনশিপ নিয়ন্ত্রণ করছে। ২০২৫ সালের ফেব্রুয়ারির তথ্যানুযায়ী, রাখাইনে মোট অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার ৮৭৬ জন। এর মধ্যে ১ লাখ ৫২ হাজার ৭১ জন রাষ্ট্রহীন রোহিঙ্গা দীর্ঘমেয়াদে ২১টি ক্যাম্প ও তিনটি গ্রামে বসবাস করছে। নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৮৬ হাজার ৮০৫ জন (অধিকাংশ রাখাইন) ১ হাজার ২১৯টি স্থানে ছড়িয়ে রয়েছে।

তিনি বলেন, ২০২৩ সালের নভেম্বর থেকে নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে ১ লাখেরও বেশি রোহিঙ্গা।
২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আরাকান আর্মির হামলার মুখে ৯০৯ জন মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। এর মধ্যে ৮৭৫ জনকে ফেরত পাঠানো হয়েছে এবং ৩৪ জনকে শিগগির পাঠানো হবে।

তিনি আরো বলেন, দুঃখজনকভাবে, রোহিঙ্গা মানবিক সংকট মোকাবেলায় যৌথ সহায়তা পরিকল্পনার (জেআরপি) অর্থায়ন ক্রমাগত হ্রাস পাচ্ছে। ২০২৪ সালে জেআরপি ৮৫২ দশমিক ৪ মিলিয়ন ডলার আহ্বান করা হলেও প্রাপ্ত অর্থ ৬৪ দশমিক ৪ শতাংশ অর্থাৎ ৫৪৮ দশমিক ৯ মিলিয়ন ডলার। ২০২৫-২৬ সালের জেআরপি ২০২৫ সালের ২৪ মার্চ শুরু হয়। এর আওতায় ১৪ দশমিক ৮ মিলিয়ন মানুষ রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা দিতে প্রয়োজন ৯৩৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। ইউএসএ এর বিদেশি সাহায্য হ্রাস করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ প্রয়োগে কাতারের সক্রিয় ভূমিকা আহ্বান করেন প্রধান উপদেষ্টা।অধ্যাপক ইউনূস মানবতা, স্থিতিশীলতা এবং ন্যায়বিচারের জন্য একসাথে কাজ করার আহ্বান জানান।

পিএসএলে এখন পর্যন্ত ব্যাটে-বলে শীর্ষে যারা, আছেন রিশাদও

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর ক্রমেই জমে উঠছে। দলগুলোর প্লে-অফ দৌড়ের পাশাপাশি চলছে ব্যক্তিগত পুরস্কারের দারুণ প্রতিযোগিতা। হানিফ মোহাম্মদ (সবুজ ক্যাপ), ও ফজল মাহমুদ (মেরুন ক্যাপ) পুরস্কারের জন্য ক্রিকেটারদের মধ্যে চলছে টানটান লড়াই।

পিএসএলে সর্বোচ্চ রান সংগ্রাহককে দেওয়া হয় হানিফ মোহাম্মদ অ্যাওয়ার্ড (সবুজ ক্যাপ), আর সর্বোচ্চ উইকেট শিকারির জন্য থাকে ফজল মাহমুদ অ্যাওয়ার্ড (মেরুন ক্যাপ)।

ইসলামাবাদ ইউনাইটেডের সাহিবজাদা ফারহান বর্তমানে সবুজ ক্যাপের মালিক। দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার ইতোমধ্যেই একটি সেঞ্চুরিসহ করেছেন ২১৪ রান। তার পেছনে রয়েছেন মুলতান সুলতান্সের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান (১৯০ রান) ও করাচি কিংসের জেমস ভিন্স (১৮৬ রান)।

পিএসএলের দশম আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক (এখন পর্যন্ত):
নাম দল রান
সাহিবজাদা ফারহান ইসলামাবাদ ইউনাইটেড ২১৪
মোহাম্মদ রিজওয়ান মুলতান সুলতানস ১৯০
জেমস ভিন্স করাচি কিংস ১৮৬
ফখর জামান লাহোর কালান্দার্স ১৭৬
মোহাম্মদ হারিস পেশোয়ার জালমি ১৭৩

অন্যদিকে, বল হাতে শীর্ষে আছেন ইসলামাবাদ ইউনাইটেডের ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার।
এখন পর্যন্ত নিয়েছেন ১১টি উইকেট। তার পেছনে আছেন করাচি কিংসের হাসান আলি (১০ উইকেট), এবং ৮টি করে উইকেট নিয়ে তালিকায় আছেন শাদাব খান, বাংলাদেশের রিশাদ হোসেন ও আব্বাস আফ্রিদি।

সর্বোচ্চ উইকেট শিকারি (এখন পর্যন্ত):
নাম দল রান
জেসন হোল্ডার ইসলামাবাদ ইউনাইটেড ১১
হাসান আলি করাচি কিংস ১০
শাদাব খান ইসলামাবাদ ইউনাইটেড ৮
রিশাদ হোসেন লাহোর কালান্দার্স ৮
আব্বাস আফ্রিদি করাচি কিংস ৮