রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

রাজধানীতে হুজি-আনসারুল্লাহর ৯ জঙ্গি আটক

arrest28রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) ও আনসারুল্লা বাংলাটিমের নয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা, অস্ত্র ও বিস্ফোরক জব্ধ করা হয়।

রোববার রাতে এই অভিযান পরিচালিত হয়। ডিএমপির মিডিয়া সেন্টার থেকে সকালে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার জঙ্গিরা ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল জানিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারের পক্ষ থেকে বলা হয়, এ ব্যাপারে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে করে বিস্তারিত জানানো হবে।

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

marder gunnরাজধানীর কদমতলীর জুরাইনে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত দেড়টার দিকে জুরাইনের বাগানবাড়ি এলাকার টিনশেড বাসার জানালা দিয়ে ইব্রাহিমকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেকোরেটর ব্যবসায়ী ইব্রাহিম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হোগলাগাঁও গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মৃতের ভাই হারুন অর রশিদ জানান, জুরাইন এলাকায় তাদের ডেকোরেটরের ব্যবসা রয়েছে। তারা জুরাইনের বাগানবাড়ি এলাকার বাসায় থাকেন। রাতে টিনশেড বাড়িতে জানালার পাশে একটি বিছানায় শুয়ে ছিলেন ছোট ভাই ইব্রাহিম। এ সময় ৭-৮ জন যুবক বাইরে থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।

কী কারণে বা কারা তাকে গুলি করতে পারে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

ঢাকায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল

india teamবাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল।

কোহলির নেতৃত্বে ভারতের টেস্ট দল সোমবার সকাল ৯টা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছায়।

টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়া মহেন্দ্র সিং ধোনির পর বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক।

বিমানবন্দরের কাজ শেষে হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশ রওনা হয়েছে কোহলিরা। গতকালই তাদের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় অবস্থান করায় একদিন সফর পিছিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড।

হোটেলে বিশ্রাম নিয়ে দুপুর আড়াইটায় অনুশীলনে নামবেন কোহলি-রাহানেরা। মিরপুরের বিসিবি একাডেমি মাঠে ঘাম ঝরাবেন বিরাট কোহলিরা।

২০১০ সালের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতের দল। যদিও ২০১৪ সালে এসেছিল তারা। তবে সেবার টেস্ট খেলা হয়নি তাদের। এবারের সফরে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

১০ জুন প্রথম টেস্ট শুরু হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। তিনটি ওয়ানডে হবে ১৮, ২১ ও ২৪ জুন। প্রতিটি ম্যাচ দিবারাত্রির।

তিস্তা নিয়ে আশার আলো দেখছে ঢাকা: আনন্দবাজার পত্রিকা

modi momta8এই শিরোনামে ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকা আজ একটি প্রতিবেদন ছেপেছে। আনন্দবাজার লিখেছে, ঢাকা চাইছে সংঘাত পর্ব কাটিয়ে নয়া দিল্লি-কলকাতার এই খুশি খুশি ভাবটাই টিকে থাকুক। এর ফলেই স্থলসীমান্ত চুক্তির জট ছাড়ানো গিয়েছে। তার পর এবার সূত্র মিলুক তিস্তার পানি বণ্টনের!

আনন্দবাজার লিখেছে:

ঢাকা থেকে শনিবার রাতেই কলকাতায় ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিরলেন রবিবার সন্ধ্যায়। কিন্তু যুগলের ‘সফল সফর’ শেষে আশা জিইয়ে রইল বাংলাদেশের রাজধানী শহরে। যার কেন্দ্রবিন্দুতে রয়ে গেল সেই ‘তিস্তা পারের বৃত্তান্ত’!

মোদি বলেছিলেন, ‘‘মমতাজি সফরসঙ্গী হওয়ায় আমি খুশি!’’ ঢাকা চাইছে সংঘাত পর্ব কাটিয়ে নয়াদিল্লি-কলকাতার এই খুশি খুশি ভাবটাই টিকে থাকুক। এর ফলেই স্থল সীমান্ত চুক্তির জট ছাড়ানো গিয়েছে। তার পর এবার সূত্র মিলুক তিস্তার পানি বণ্টনের!

অতীতে মনমোহন সিংহের সরকারও তিস্তার জট ছাড়াতে সক্রিয় হয়েছিলেন। বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন সূত্র এক প্রকার চূড়ান্ত করে তার পর মমতার ছাড়পত্র চেয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। কিন্তু কেন্দ্রের এই চাপিয়ে দেওয়ার নীতি মানেননি মমতা। কলকাতার সেই মেজাজ বুঝেই এবার কৌশল সম্পূর্ণ বদলে ফেলেছেন প্রধানমন্ত্রী মোদি। সমাধান সূত্র খুঁজে বার করার দায়িত্ব তিনি দিয়েছেন খোদ মমতাকেই। শনিবার আগে নিজেদের মধ্যে একান্ত আলোচনায় বোঝাপড়া সেরে নিয়ে তার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একত্রে বৈঠকে বসেন মোদি ও মমতা। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর দেওয়া আঞ্চলিক পরিকাঠামো উন্নয়নের কিছু প্রস্তাব ইতিবাচক হিসেবেই দেখছেন প্রধানমন্ত্রী। নেপাল, ভুটানের মতো ছোট প্রতিবেশী রাষ্ট্র এবং সিকিম-সহ উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়নের কাজ একযোগে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে মমতার প্রস্তাব বাস্তববাদী বলে মনে করছেন প্রধানমন্ত্রীর সচিবালয়ের কর্তারাও। এ হেন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জাতীয়তাবাদী, আন্তরিক এবং সমস্যা সমাধানের সূত্র দিতে সচেষ্ট।’’ প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে তাঁর ঢাকা সফরে তিস্তা সমস্যার সমাধান সম্পর্কে মুখ্যমন্ত্রী নিজেও সেই বার্তাই দিয়েছিলেন।

প্রশ্ন হলো, সমাধান সূত্র তা হলে কী হতে পারে?

সাউথ ব্লকের কর্তারা জানাচ্ছেন, ভবিষ্যতে এ ব্যাপারে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর অবশ্যই কথা হবে। কিন্তু তারই পাশাপাশি অফিসার পর্যায়ে একটা মেকানিজমও তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তারও আবার দুটি স্তর থাকবে। পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর ও রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র সমাধান সূত্র খুঁজতে আলোচনা চালাবেন।

আবার আর একটি স্তরে আলোচনা প্রক্রিয়ার মধ্যে থাকবেন প্রধানমন্ত্রীর সচিবালয়ের অতিরিক্ত সচিব ভাস্কর খুলবে এবং মুখ্যমন্ত্রীর দফতরের সচিব গৌতম সান্যাল। এর মধ্যেই এই দুই স্তরে আলোচনা শুরুও হয়ে গিয়েছে। কেন্দ্রকে তিস্তা চুক্তির খসড়া সম্পর্কে রাজ্য সরকারের আপত্তিগুলি এক-দুই করে জানিয়েছেন মুখ্যসচিব। এমনকী পানি প্রবাহের যে সব পরিসংখ্যান খসড়ায় দেওয়া হয়েছে, তাতেও কিছু ভুলভ্রান্তি রয়েছে বলে দাবি রাজ্য সরকারের। তিস্তায় পানির স্রোত ও পরিমাণ সম্পর্কে কল্যাণ রুদ্র কমিটি মমতার কাছে আগেই রিপোর্ট পেশ করেছে। সেটি প্রকাশ করা না-হলেও তার মোদ্দা বক্তব্য কেন্দ্রকে জানানো হয়েছে। তবে সূত্রের মতে, ওই রিপোর্টেও চুক্তির পক্ষেই মত দেওয়া হয়েছে। তবে তিস্তা চুক্তি কী ভাবে উত্তরবঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তার কিছু সম্ভাবনার কথা বলা হয়েছে রিপোর্টে। সে বিষয়ে কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রী উমা ভারতীর সঙ্গেও আবার পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কয়েক প্রস্ত আলোচনা হয়েছে।
রাজ্যে সরকারের বক্তব্য, বাস্তবে শুখা মরসুমে তিস্তায় পানিই থাকে না। বর্ষায় তিস্তা যখন পানিতে ভাসে তখন এমনিতেই ওপর থেকে নীচে পানিতের স্রোত যায়। বাংলাদেশও তখন পর্যাপ্ত পানি পায়। সুতরাং মূল সমস্যা হচ্ছে, শুখা মরসুমে পানি ভাগাভাগি নিয়ে। রাজ্যের প্রশ্ন- শুখা মরসুমে পানি না-থাকলে বা নামমাত্র থাকলে তার ভাগ বাংলাদেশকে দেওয়া যাবে কী ভাবে? তার ওপর পানিবিদ্যুৎ উৎপাদনের জন্য সিকিম অন্তত আটটি বাঁধে বেঁধেছে তিস্তাকে। যদিও সিকিম সরকারের দাবি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা বিদ্যুৎ উৎপাদন করছে। সে জন্য পানির স্রোত কমেনি। তবে পশ্চিমবঙ্গ সরকার এই দাবি মানতে নারাজ।

এই পরিস্থিতিতে রাজ্য সরকার কিছু বিকল্প প্রস্তাব দিয়েছে কেন্দ্রকে। এক, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিস্তার ভূগর্ভস্থ পানি ওপরে নিয়ে আসার ব্যবস্থা করা যেতে পারে। তাতে শুখা মরসুমেও অনেক পানি পাওয়া যাবে। মুখ্যসচিব এই প্রস্তাবের ব্যাপারে কেন্দ্রকে সবিস্তার জানিয়েছেন। দুই, গুজরাতে পানিতের অভাব থাকায় সেখানে নদী নালার মধ্যে ছোট ছোট বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করে পানি সঞ্চয়ের ব্যবস্থা করা হয়েছে। ছোট ছোট নদী নালা থেকে পানি সরু হয়ে চুঁইয়ে চুঁইয়ে আসে।  জলাধার নির্মাণ করে ধরে রাখলে তা ব্যবহার করা যায়, অপচয়ও হয় না। এই প্রকল্পে খরচও কম। এই সূত্র তিস্তার ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব কি না, তা নিয়েও আলোচনা চলছে। তিন, তিস্তা চুক্তি সম্পাদন হলে বিশ্বব্যাঙ্কও অর্থ সাহায্য করতে প্রস্তুত। ওই টাকায় তিস্তার সংস্কার ও নাব্যতা বাড়ানো যেতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বলা হচ্ছে, এখন যে খসড়া চুক্তি রয়েছে তার মেয়াদ দশ বছর ধার্য করা হয়েছিল। অর্থাৎ এটাও চিরস্থায়ী ব্যবস্থা নয়। খসড়ায় বলা হয়েছে, তিস্তার পানি অর্ধেক অনুপাতে দুই দেশের মধ্যে ভাগ হবে। দুই দেশ যে পানি পাবে, তার কিছুটা করে অংশ আবার তিস্তাকেই নাব্য রাখতে ‘চার্জিং’-এর কাজে ব্যবহার করা হবে। তবে রাজ্য সরকারের বক্তব্য, গঙ্গায় পানি পরিমাপ করা সহজ ছিল। তিস্তার ক্ষেত্রে তা নয়। তাই নানা জনের নানা মত রয়েছে। সেই কারণেই সবিস্তার আলোচনা করে সমাধান সূত্র বার করাটা প্রয়োজন। মোদ্দা কথা হলো, পরিকাঠামো উন্নয়ন করে যদি পশ্চিমবঙ্গে তিস্তার অংশে পানি ও তার স্রোত কেন্দ্র যথাযথ রাখতে পারে, তা হলে মমতা সরকারের আপত্তি নেই। রাজ্যের বক্তব্য- এই কথাটা স্থলসীমান্ত চুক্তির ক্ষেত্রেও মমতা বলেছিলেন। ওই চুক্তি নিয়ে রাজ্যের আপত্তি ছিল না। রাজ্যের বক্তব্য ছিল, চুক্তির জন্য কেন্দ্র রাজ্যকে  কী পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেবে, সেটি সুনিশ্চিত হওয়া চাই। রাজ্যের সেই দাবি মেনে নিয়েই স্থল সীমান্ত চুক্তির জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন বাবদ রাজ্যকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা দিতে সম্মত হয়েছে কেন্দ্র। রাজ্যের মতে, এ ক্ষেত্রেও কেন্দ্রের মনোভাব একই থাকলে তিস্তার পানি দ্রুত বাংলাদেশের দিকে গড়াতেই পারে।

মোদির ঢাকা সফরের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্র ভারত সফরে আসবেন। তাঁর সেই সফরে তিস্তা নিয়ে আলোচনা হবে। হাসিনার সফরের আগে ঢাকার তরফে এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর ব্যক্তিগত উপদেষ্টাকে নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী। তিস্তা নিয়ে প্রত্যাশার পারাও চড়ছে পদ্মাপারে। বাংলাদেশের এক কূটনীতিকের কথায়- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতায় ফেরার সময় তার সঙ্গে বাক্স ভরে প্রচুর মিষ্টি পাঠিয়েছেন শেখ হাসিনা। তিস্তা প্রশ্নে নয়া দিল্লি ও কলকাতা থেকে পাল্টা মিঠে খবরের অপেক্ষাতেই রইলেন বাংলাদেশের মানুষ।

টেকনাফে ‘মানবপাচারকারীর’ গুলিবিদ্ধ লাশ

tecnaffকক্সবাজারের টেকনাফে মানবপাচার মামলার আসামি এক রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ লাশ পেয়েছে পুলিশ।

ঘটনাস্থলে পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র ও দুটি খাতা, যাতে ‘পাচারের লেনদেনের তথ্য’ রয়েছে বলে পুলিশের ভাষ্য।

টেকনাফ থানার ওসি আতাউর রহমান খন্দকার বলছেন, সোমবার সকালে উপজেলার আলী খালি লবণের মাঠ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে আমান উল্লাহ আনু নামের ৩০ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

মানবপাচারের টাকার ‘ভাগবাটোয়ারা নিয়ে চক্রের মধ্যে অন্তর্কোন্দলে’ মিয়ানমারের নাগরিক আনু নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।

তিনি বলেন, “আনু থাইল্যান্ড-মালেশিয়া ভিত্তিক মানবপাচারকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচার আইনে আটটি মামলা রয়েছে।”

মিয়ানমারের মংডু শহরের মোহাম্মদ শফির ছেলে আনু কক্সবাজারের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন বলে পুলিশের তথ্য।

“প্রাথমিকভাবে জানা গেছে, মানবপাচারের টাকা লেনদেন নিয়ে চক্রের দুটি পক্ষের মধ্যে ভোরে গোলাগুলি হয়। খবর পেয়ে টেকনাফ থানার পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।”

এ সময় ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, কার্তুজের খোসা ও দুটি খাতা উদ্ধার করা হয়। ওই খাতায় ‘পাচার সংক্রান্ত লেনদেনের তথ্য’ লেখা রয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, আনুর লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

ঘুষের প্রমাণ পেলে রাশিয়া-কাতারের বিশ্বকাপ বাতিল

fifa gঅর্থের বিনিময়ে রাশিয়া ও কাতার বিশ্বকাপের আয়োজক দেশ হয়েছিল বলে যে অভিযোগ ও উঠেছে, যদি সেই অভিযোগ প্রমাণিত হয় তাহলে দেশ দুটির বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ফিফার একজন কর্মকর্তা।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার অডিট ও কমপ্লায়েন্স-এর প্রধান ডোমেনিকো স্কালা স্বীকার করেছেন, ফিফা কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে কোনো তথ্য প্রমাণ এখনো তিনি দেখতে পাননি।

তবে, এই বিষয়ে প্রমাণাদি পাওয়া গেলে রাশিয়া ও কাতার এর কাছ থেকে বিশ্বকাপের দায়িত্ব সরিয়ে নেয়া হবে বলেও জানিয়েছেন ।

সুইজারল্যান্ডের একটি সংবাদপত্র-কে দেয়া সাক্ষাতকারে তিনি বলছেন, আয়োজক হতে দেশ দুটি ভোটারদের টাকা দিয়েছিল, এরকম তথ্যপ্রমাণ পাওয়া গেলে অবশ্যই আয়োজন বাতিল করা হবে।

২০১৮ বিশ্বকাপের জন্য রাশিয়া এবং ২০২২-এর জন্য কাতার-কে দায়িত্ব দেয়া হয়েছিল।

বিশ্বকাপের আয়োজক বাছাইয়ে যে নিলাম ডাকা হয়েছিল, সেখানে অর্থের বিনিময়ে ভোট কিনে রাশিয়া ও কাতার আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পায় বলে অভিযোগ ওঠে। এরপরই ওই অভিযোগ তদন্ত করতে শুরু করে মার্কিন আইনজীবী ও গোয়েন্দারা।

আর সেই অভিযোগের প্রেক্ষিতেই ফিফার সাত জন উচ্চপদস্থ কর্মকর্তাকে গত মাসেই গ্রেফতার করেছে সুইজারল্যান্ডের পুলিশ।

এসব অভিযোগের মধ্যেই পুনরায় ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেপ ব্লাটার, যিনি ১৯৯৮ সাল থেকেই এই পদে রয়েছে।

তবে নির্বাচনের চারদিনের মাথায় ব্যাপক সমালোচনার মুখে থাকা ব্ল্যাটার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।– বিবিসি

মিয়ানমার থেকে ফিরছে ১৫০ বাংলাদেশি

trolar mমিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া ২০৮ অভিবাসীর মধ্যে ১৫০ জন বাংলাদেশি দেশে ফিরবে আজ সোমবার।

আজ মিয়ানমার তাদের হস্তান্তর করবে বাংলাদেশের কাছে।

বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান জানান, ঘুমধুম সীমান্তে আজ বেলা ১১টার দিকে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক হবে। এরপর শনাক্ত হওয়া ১৫০ বাংলাদেশিকে ফেরত দেবে তারা।

সেক্টর কমান্ডার আরো জানান, গত ২১ মে সাগরে ভাসমান অবস্থায় থাকা ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী। তাদের দাবি উদ্ধারকৃতদের মধ্যে ২০০ জন বাংলাদেশি রয়েছে। এর প্রেক্ষিতে তার নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল গত ২৪ মে মিয়ানমার যাওয়ার কথা ছিল।

কিন্তু মিয়ানমারের কর্তৃপক্ষ উদ্ধার হওয়া বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি করে। এ কারণে প্রতিনিধি দল যাওয়া স্থগিত করে এবং উদ্ধার হওয়াদের পূর্ণাঙ্গ তালিকা চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে চিঠি পাঠায়।

ওইদিন মিয়ানমার কর্তৃপক্ষ যে তালিকা পাঠায় তা ছিল বিভ্রান্তিকর ও অপূর্ণাঙ্গ। তালিকাটি ওই দিনই বিজিবির সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং পূর্ণাঙ্গ তালিকা চেয়ে মিয়ানমারের কাছে আরেকটি চিঠি পাঠায় বিজিবি।

বিজিবির এ কর্মকর্তা জানান, সম্প্রতি মিয়ানমারের পক্ষ থেকে ২০০ জনের একটি তালিকা পাঠানো হয়। তালিকাটি যাচাই-বাছাই করে ১৫০ জনকে বাংলাদেশি নাগরিক হিসাবে শনাক্ত করা হয়।

অপরদিকে ২৯ মে মিয়ানমার নৌবাহিনী আরো ৭২৭ জন অভিবাসীকে উদ্ধার করে। এদের মধ্যেও বাংলাদেশি রয়েছে বলেও দাবি করছে মিয়ানমার। এ বিষয়টি নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।

ভারত মৌলবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে, খালেদাকে মোদি

khaleda modiভারত যেকোনো ধরনের মৌলবাদ ও উগ্রপন্থার বিরোধী বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার বিকালে ঢাকার সোনারগাঁও হোটেলে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ওই বৈঠকের আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর ঢাকায় সাংবাদিকদের বলেন, “আমরা গণতন্ত্রের পক্ষে এবং এবং মৌলবাদ ও সন্ত্রাসবাদের বিরোধী-ভারতের এ অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী।”

বিএনপি চেয়ারপারসনও ‘যে কোনো ধরনের সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে’ অবস্থান জানিয়েছেন।

জয়শঙ্করের ওই প্রেস ব্রিফিংয়ের ট্রান্সক্রিপ্ট পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গত বছর দশম সংসদ নির্বাচন বর্জন করে আসা বিএনপি নেতৃত্ব মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে ‘গণতন্ত্রের ঘাটতির’ প্রসঙ্গ এনেছেন বলে এর আগে দলটির নেতারা জানান।

জয়শঙ্কর বলেছেন, নরেন্দ্র মোদি-খালেদা জিয়ার বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

“স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনে নেতৃত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন বিএনপি নেত্রী।”
“এ অঞ্চলে অবাধ পণ্য পরিবহনের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।”

দুই দিনের সফরে শনিবার সকালে ঢাকা আসেন নরেন্দ্র মোদি।

বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের শীর্ষ বৈঠক হয়। এতে অবকাঠামো, তথ্য-প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ১৯টি চুক্তি, সমঝোতা স্মারক ও সম্মতিপত্র সই হয়।

দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ছিটমহল বিনিময়ে স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল বিনিময় করে ভারত ও বাংলাদেশ, যাতে দশকের পর দশক অবরুদ্ধ জীবন কাটানো অর্ধ লক্ষাধিক মানুষের মুক্তির পথ খোলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-শিলং-গৌহাটি রুটে নতুন বাস সার্ভিস চালু করেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদির সফর উপলক্ষে ঢাকা-নয়া দিল্লির যৌথ ঘোষণায় যেকোনো ধরনের সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে নিরাপত্তা সহযোগিতায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করা হয়েছে।

তুরস্কে সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীন জাস্টিস পার্টি

turosko jastinতুরস্কে পার্লামেন্ট নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ১৩ বছরের মধ্যে প্রথম এ ঘটনা ঘটল। এই ফলকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার দেশটির পার্লামেন্ট নির্বাচনের ভোট নেওয়া হয়। ইতিমধ্যে প্রায় ৯৯ শতাংশ ভোট গোনা হয়েছে। এতে একেপি ৪১ শতাংশ ভোট পেয়েছে।

তুরস্কের অর্থনীতির সার্বিক পরিস্থিতি সন্তোষজনক নয়। এরদোয়ানের শাসনের কর্তৃত্ববাদী প্রবণতা নিয়েও জনমনে উদ্বেগ আছে। তাই আগে থেকে ধারণা করা হচ্ছিল যে, এরদোয়ানের দল ২০১১ সালের নির্বাচনের তুলনায় এবার কম ভোট পাবে।

প্রধানমন্ত্রী পদে ১১ বছর দায়িত্ব পালনের পর ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। এবারের নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় নিয়ে একেপির সংখ্যাগরিষ্ঠতা আশা করছিলেন এরদোয়ান। তিনি একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে তুরস্কের সংসদীয় সরকারব্যবস্থা পাল্টে প্রেসিডেন্টের একচ্ছত্র শাসন চালু করার পরিকল্পনা করছিলেন।– বিবিসি

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীর জুরাইনে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।