রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ সেপ্টেম্বর

fakrul1হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ সোমবার আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল সোমবার। মির্জা ফখরুল ও গয়েশ্বরকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তাদের আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

২০১৪ সালের ৫ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দীপক কুমার দাস বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেল, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক সুলতাল সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাবেক সম্পাদক হাবীবুর রশিদ হাবীবসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

নারায়ণগঞ্জে সাত খুন: চার্জশিটের নারাজি আবেদনের বিষয়ে আদেশ ৮ জুলাই

narayonganj khun7নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা একটি মামলার চার্জশিটের (অভিযোগপত্র) বিরুদ্ধে নারাজি আবেদনের বিষয়ে আদেশ আগামী ৮ জুলাই দেয়া হবে।
সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে আসামি ও বাদীদের উপস্থিতিতে শুনানি শেষে এ তারিখ ধার্য করা হয়।
২০১৪ সালের এপ্রিলে মাসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ শেষে হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি  ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। অন্যদিকে অ্যাডভোকেট চন্দন সরকার ও গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ ও হত্যা ঘটনায় আরেকটি মামলা হয়।
গত ৮ এপ্রিল মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের (ডিবি) দেওয়া দু’টি মামলার অভিন্ন চার্জশিটে ভারতের কলকাতায় গ্রেফতারকৃত সিটি করপোরেশনের কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের চাকরিচ্যুত তিনজন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করা হয়। তবে বিউটির মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এজাহারভুক্ত পাঁচ আসামিকে।
গত ১১ মে সেলিনা ইসলাম বিউটি তার মামলার চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি প্রদান করেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন। ৩০ এপ্রিল বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন এবং ১ মে সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

ধামরাইয়ে ভাড়াটিয়া সেজে ৩ শিশু অপহরণ, পরে উদ্ধার

opohoronধামরাইয়ের কাওয়ালিপাড়া গ্রাম থেকে ভাড়াটিয়া সেজে তিন শিশুকে অপহরণ করা হয়। রোববার সন্ধ্যায় এ অপহরণের ঘটনা ঘটে। পরে অবশ্য তাদেরকে উদ্ধর করা হয়েছে।

তবে এ ঘটনার পর থেকে এলাকায় অপহরণ আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, মানিকগঞ্জ সদরের ডাউটিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে সুমন তার স্ত্রী পপিকে নিয়ে সম্প্রতি ধামরাইয়ের কাওয়ালিপাড়া গ্রামের আওলাদ হোসেনের বাড়ির বাসা ভাড়া নেন।

রোববার বিকেলে ভাড়াটিয়া সুমন আওলাদ হোসেনের দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া মেয়ে আয়শা আক্তার (৮), আরিফা (৫) ও পাশের আলী হোসেনের পঞ্চম শ্রেণীতে পড়–য়া মেয়ে আখি আক্তারকে মজা কিনে দেয়ার কথা বলে অটো রিকশায় তুলে তাদের ঢাকার দিকে নিয়ে যায়।

ওই শিশুদের ধামরাই-সাটুরিয়া সড়কের মহিষাশী বাসস্ট্যান্ডে পৌঁছালে তাদের স্বর্ণের চেইন, কানের দুল টেনে ছিঁড়ে নেয়।

এ সময় তারা কান্না শুরু করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং ধাওয়া করলে অপহরণকারী সুমন পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই তিন শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন। তবে অপহরণকারীকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে আওলাদ হোসেন জানান, সুমন পালানোর পরপরই তার স্ত্রী পপিও পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে।

ধীরগতির ইন্টারনেটের জন্য ফেসবুক লাইট অবমুক্ত

fb liteগত বৃহস্পতিবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেছেন ফেসবুকের মোবাইল অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ ‘ফেসবুক লাইট’।

মোবাইল ডিভাইসে ইন্টারনেটের সংযোগ ধীরগতির হলেও যাতে ফেসবুক ব্রাউজিংয়ে দ্রুতগতির অভিজ্ঞতাই পাওয়া যায়, সেটি নিশ্চিত করতেই ফেসবুক লাইট তৈরি করা হয়েছে।

এরই মধ্যে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর ব্যবহারকারীর জন্য এটি ব্যবহারের সুযোগ উন্মুক্ত হয়েছে। পর্যায়ক্রমে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতেও ছড়িয়ে পড়বে ফেসবুক লাইট।

ফেসবুক অ্যাপের নতুন এই সংস্করণ প্রসঙ্গে জুকারবার্গ ফেসবুকে লিখেন, ‘যখন ইন্টারনেট ব্যান্ডউইথের পরিমাণ ন্যূনতম, তখনও যাতে গ্রাহকরা দ্রুত, নির্ভরযোগ্যভাবে এবং ডাটা-বান্ধব অ্যাপ হিসেবে ফেসবুক ব্রাউজ করতে পারেন সেই লক্ষ্যেই ফেসবুক লাইট তৈরি করা হয়েছে। এই অ্যাপের আকার মাত্র ১ মেগাবাইট এবং এটি মাত্র কয়েক সেকেন্ডেই ডাউনলোড হয়ে যাবে।’

এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার অনেক দেশেই এখনও উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য নয়। এসব দেশেও যাতে মানুষ ফেসবুকের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা লাভ করতে পারে, সেটাই নিশ্চিত করবে ফেসবুক লাইট—এমনটিই জানানো হয়েছে ফেসবুকের পক্ষ থেকে। ফেসবুক আশা করছে, ফেসবুক লাইটের ব্যবহারকারী দ্রুতই বাড়বে সব দেশেই।

বাংলাদেশের প্রতিনিধিদল মিয়ানমারে

led mবাংলাদেশ থেকে বিজিবির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমারে পৌঁছেছে। এ প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন বিজিবি-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।

তারা মিয়ানমারে রওনা দেন সোমবার সকাল সাড়ে ১০টায় ঘুমধুম সীমান্ত দিয়ে। সকাল ১০ টা ৪০ মিনিটে মিয়ানমারে গিয়ে পৌঁছান। এখন উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক চলছে।

মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া ২০৮ অভিবাসীর মধ্যে ১৫০ জন বাংলাদেশি আজ দেশে ফিরছে।

দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক শেষে শনাক্ত হওয়া ১৫০ বাংলাদেশিকে মিয়ানমার বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।

একসঙ্গে চলব একসঙ্গে দৌড়াব

modi otolআমন্ত্রিত শ্রোতারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিলনায়তনে, কোটি কোটি দর্শক টেলিভিশন সেটের সামনে মুগ্ধ-বিস্ময়ে শুনলেন তার ভাষণ। ছন্দ না হারিয়েই প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে, কখনও গুরুগাম্ভীর্যে, কখনও কৌতুকভরে, কখনও বা কবিতার উদৃব্দতিতে বাংলাদেশ ও ভারতের জনগণের হৃদয়ের কথাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪০ ঘণ্টার সফর শেষে বাংলাদেশ ত্যাগের পূর্বে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘জনবক্তৃতা’ অনুষ্ঠানে বিশিষ্টজন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অনেক তরুণ-তরুণী। তার দীর্ঘ বক্তৃতাকালে শ্রোতারা বারবার বিপুল করতালিতে নরেন্দ্র মোদিকে উৎসাহিত করেন।

নরেন্দ্র মোদির প্রেরণাদায়ক ভাষণে বাংলাদেশ-ভারত সীমান্ত সমস্যা, স্থল সীমান্ত চুক্তি, পানি বণ্টন, বিশেষ করে দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে তার নানা ভাবনার কথা তুলে ধরেন। তিনি নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর বিস্ময়কর অবদান, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কথাও উঠে আসে তার আবেগময় ভাষণে। ভারতের প্রধানমন্ত্রী উচ্চকণ্ঠে বলেন, আমরা একসঙ্গে চলব, একসঙ্গে দৌড়াব।

সাধারণত হিন্দি বা ইংরেজিতে বক্তব্য দিয়ে থাকেন গুজরাটের এই সাবেক মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। সালাম জানিয়ে বাংলায় বক্তব্য শুরু করে মুচকি হেসে শ্রোতাদের কাছে তিনি জানতে চান, তার বাংলা কেমন? টানা এক ঘণ্টা বক্তৃতা করেন তিনি। তার ভাষণ তাৎক্ষণিকভাবে বাংলায় অনুবাদ করে প্রচার করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য নরেন্দ্র মোদিকে মঞ্চে নিয়ে যান। তার হাতে ক্রেস্ট তুলে দেন উপাচার্য। মোদির বক্তব্যে উঠে আসে ক্রিকেটে বাংলাদেশের সাকিব আল হাসান ও সালমা খাতুনের নামও। উঠে আসে পোশাকশিল্পে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানের কথা। এ দেশে নারীদের এগিয়ে যাওয়ার কথা বলতে গিয়ে এভারেস্টজয়ী দুই নারী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিনের নামও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও স্পিকার পদে নারীর আসীন থাকার কথাও বলেন তিনি। এ ছাড়া সীমান্তে হত্যা, ভারত-বাংলাদেশ সম্পর্ক, পানি চুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মোদি।

মোদি বাংলাদেশের আতিথিয়তার প্রশংসা করে বলেন, বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা যেভাবে আমাকে স্বাগত ও সম্মান জানিয়েছেন, তা নরেন্দ্র মোদি নামের এক ব্যক্তির নয়, সোয়াশ’ কোটি ভারতবাসীর সম্মান। দু’দিনের সফরের পর শুধু এশিয়া নয়, সমগ্র বিশ্ব খুব সূক্ষ্মভাবে ময়নাতদন্ত করবে। কেউ মাপকাঠি নিয়ে দেখবে, কী পেলাম আর কী দিলাম। কিন্তু যদি একটি বাক্য আমাকে বলতে হয়, আমি বলব, লোকেরা মনে করতেন আমরা খুব পাশাপাশি আছি। বিশ্বকে বলতে চাই, পাশাপাশি এবং একইসঙ্গে আছি। নরেন্দ্র মোদি বলেন, সূর্য এখানে আগে ওঠে, এর পর আলো আমাদের (ভারত) ওখানে যায়। এখানে যত আলোই হোক, আলো আমাদের ওখানেও যায়। তিনি বলেন, আমাদের রাজ্যগুলোকে বাংলাদেশের কাছ থেকে শিখতে হবে। বাল্যবিবাহ, শিশুমৃত্যু এসব বিষয়ে শিখতে হবে। আমাদের দেশের সৈন্যরা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন। এর চেয়ে বেশি গৌরব আর কী হতে পারে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ধারাবাহিকভাবে ছয় শতাংশ প্রবৃদ্ধি ছোট ব্যাপার নয়। বাংলাদেশে বারবার রাজনৈতিক সংকট এসেছে। কঠোর লড়াই ও প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে দারুণ সাফল্য দেখিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য যে ভিত্তি তৈরি করছেন, তা আগামী দিনে উজ্জ্বল বাংলাদেশ গঠনে সাহায্য করবে।

মোদি বলেন, বাংলাদেশ-ভারতে আমরা রেল, সড়ক, উড়োজাহাজ, এমনকি সমুদ্রপথেও যোগাযোগ গড়ে তুলব। আগে ভারতে কিছু পাঠাতে হলে সিঙ্গাপুর হয়ে পাঠাতে হতো। মোদি বলেন, কত বড় পরিবর্তন আসছে, তা আমরা দেখতে পাই। অস্ত্রশক্তি, জনশক্তি যা-ই থাক, একা কিছু করা যায় না। অন্যের সহযোগিতা ছাড়া বিশ্ব চলতে পারে না। ভারত ও বাংলাদেশের লক্ষ্য এক। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেটা চান, আমিও সেটা চাই।

নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারতের মধ্যকার স্থল সীমান্ত চুক্তি প্রসঙ্গে বলেন, বাংলাদেশের খবরের কাগজে দেখলাম, অনেকে বলেছেন এটা বার্লিনের দেয়াল ভেঙে পড়ার মতো। অন্য দেশের হলে নোবেল পুরস্কার দেওয়া হতো। আমরা তৃতীয় বিশ্বের গরিব দেশ বলে এটা নিয়ে সে রকম হৈচৈ হবে না। গরিব হলেও আমাদের একসঙ্গে পথচলা দেখে সারা দুনিয়া বলবে, এরা বিকাশের পথে রাস্তা তৈরি করছে। তিনি বলেন, বাংলাদেশ নতুন উচ্চতায় পেঁৗছাক, এটাই ছিল স্বপ্ন। আমরা চেয়েছি বাংলাদেশের বিকাশ। আমাদের চিন্তায় ছিল বাংলাদেশের স্বাধীনতা, যার কারণে আমরা সেদিন আমাদের সমস্যার দিকে তাকাইনি।

সীমান্ত চুক্তির বিষয়ে মোদি বলেন, ‘খুব কম লোক এটি চিন্তা করেছে যে, ভারত-বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি হবে। এটি জমির সমাধান নয়, এটি সেই চুক্তি যা মনকে যুক্ত করেছে। বিশ্বে সব যুদ্ধই জমির জন্য হয়েছে। বুদ্ধ (গৌতম বুদ্ধ) ছাড়া ভারতও অসম্ভব। যেখানে বুদ্ধ রয়েছেন, সেখানে যুদ্ধ হতে পারে না। তারা জমির জন্য যুদ্ধ করতে পারে, আমরা নই।’

বাংলাদেশকে ৫০০ নয়, এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান মোদি। সৌরবিদ্যুতে আস্থা রেখে তিনি বলেন, একসময় সূর্য সমস্যার কারণ ছিল; কিন্তু এখন সূর্য শক্তিতে পরিণত হয়েছে।মোদি বলেন, বাংলাদেশ সংঘর্ষ থেকে বাইরে এসে বিকাশের পথে যাত্রা শুরু করেছে। এখানে রাজনৈতিক সংকট বারবার এসেছে। মুক্তিযুদ্ধের পরে দুর্যোগের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। সব সংকট সত্ত্বেও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে দুর্দান্ত ও দারুণ কিছু অর্জন করেছে।

বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রশংসা করে মোদি বলেন, লোকের মনঃসংযোগ এখানকার বস্ত্রশিল্পের দিকে। চীন সফরকালে সে দেশের একটি প্রতিষ্ঠানের সিইও আমাকে বলেছেন, আপনারা শতকোটি মানুষের দেশ। কী করছেন আপনি? আপনার পাশেই ১৭ কোটির একটি দেশ বস্ত্রে পৃথিবীতে দুই নম্বরে রয়েছে।

তরুণ প্রজন্মের সম্ভাবনা তুলে ধরে মোদি বলেন, ভারতের ৬৫ শতাংশের বয়স ৩৫-এর নিচে, বাংলাদেশেরও ৬৫ শতাংশ ৩৫-এর নিচে। এ কারণেই আমরা শুভশক্তিতে ভরা দেশ, আমাদের স্বপ্ন তারুণ্যের শক্তিতে ভরা। এর সঙ্গে বিকাশের জন্য রয়েছে যোগ্য নেতৃত্ব। তাই বাংলাদেশের বিকাশযাত্রা কখনও থমকে দাঁড়াবে না।

তরুণদের প্রসঙ্গে মোদি বলেন, তরুণদের স্বপ্ন রয়েছে। তারা বিশ্বকে নিজের সঙ্গে যুক্ত করতে চায়। তারা শিক্ষার জন্য স্বপ্ন দেখছে। এই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, যা দেশকে জ্ঞান, বুদ্ধি, মেধা দিয়ে ভরিয়ে তুলেছে।

সার্ক দেশগুলোর একসঙ্গে কাজ করার সম্ভাবনার কথা তুলে ধরে মোদি বলেন, সার্কভুক্ত পাঁচটি দেশ সাগরের সঙ্গে যুক্ত, যা ব্লু ইকোনমির বড় ক্ষেত্র হতে পারে। এ ছাড়া আমাদের সার্কভুক্ত দেশগুলোর যোগাযোগের মাধ্যমে সংযোগ তৈরির বড় সম্ভাবনা রয়েছে। সবাই রাজি না হলেও বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত যোগাযোগের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নেরও অর্থনীতিতে পরিবর্তন এসেছিল এই যোগাযোগের মাধ্যমে। এভাবে সার্ক দেশগুলো এগিয়ে যাবে। রেল, সড়ক, বিমান ও সমুদ্রপথে আমাদের যোগাযোগ তৈরি হবে। সমগ্র বিশ্ব একে অপরের প্রতি নির্ভরশীল। একা কেউ কিছু করতে পারে না।

সমঝোতা চুক্তি বিষয়ে তিনি বলেন, আমরা যে ২২টি সিদ্ধান্ত নিয়েছি, এটা আসন্ন ভবিষ্যৎকে পরিবর্তন করবে। আমরা বড় শক্তি হিসেবে আবির্ভূত হবো। এ জন্য বাংলাদেশের নেতৃত্বকে অভিনন্দন।

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের উন্নতি নিয়ে মোদি বলেন, নারীর ক্ষমতায়ন নিয়ে বাংলাদেশ যে কাজ করেছে, তা সত্যি প্রশংসার যোগ্য। এখানকার প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, বিরোধী রাজনৈতিক দলের নেতা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য সবাই নারী। এটা দেখে এখানকার পুরুষদের হিংসা হয়। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, ইন্দোনেশিয়াতেও নারী নেতৃত্বের জয়জয়কার।

বহুল প্রত্যাশিত তিস্তা চুুক্তির বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, যখন বাংলাদেশে এসেছি তিস্তার ব্যাপারে আলোচনা হবেই। আমরা গঙ্গা, ব্রহ্মপুত্রকে নিয়ে একসঙ্গে চলেছি, সমাধান করেছি। তিনি বলেন, পাখি, বাতাস, জল_ তিনটার কোনো ভিসা লাগে না। পানি রাজনৈতিক কোনো বিষয় হতে পারে না; মানবিক মূল্যবোধের বিষয়। এর সমাধান সেভাবে করতে হবে। আমরা একজোট হয়ে কাজ করব এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিশ্বাস ক্ষুণ্ন হলে চলবে না। বিশ্বাস অটুট রাখতে হবে।

সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এমনভাবে ছড়িয়ে পড়ছে যে, পৃথিবীর সব জোট এক হয়ে তা কীভাবে মোকাবেলা করবে বুঝতে পারছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হয়েও সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্সের কথা বলছেন। এ জন্য তাকে অভিনন্দন। সন্ত্রাসবাদের কোনো সীমানা নেই, অঞ্চল নেই, আদর্শ নেই, মূল্যবোধ নেই। ভারত চলি্লশ বছর ধরে এর মোকাবেলা করছে। অনেক নিরপরাধ মানুষের জীবন চলে গেছে। এসব করে সন্ত্রাসবাদীরা কী পেয়েছে? এ সন্ত্রাসবাদ মানবতার শত্রু। আমরা যে ধর্মেরই হই না কেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে লড়াই করা প্রয়োজন। একজোট হয়ে জঙ্গিবাদকে শেষ করে দেব এবং মানবতাকে রক্ষা করে যাব।

মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদারদের অত্যাচারের খবরে নিজের শরীরের রক্ত গরম হয়ে যেত বলে অকপটে স্বীকার করেন মোদি। একাত্তরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি যুবক ছিলাম, সে সময় খবরের কাগজে পড়তাম বাংলাদেশের লড়াই; অত্যাচার সম্পর্কে জানতাম। আপনাদের যেমন রক্ত গরম হয়ে যেত, আমারও যেত। জীবনে প্রথমবার গ্রাম ছেড়ে তাই দিলি্লতে চলে আসার সৌভাগ্য আমার হয়েছিল। সত্যাগ্রহে অংশ নিয়েছি। তার পর দীর্ঘদিন রাজনীতি করিনি।

মোদি আরও বলেন, আমাদের সেনাদের চরিত্র দেখুন, একটি দেশের ৯৫ হাজার সেনাকে আত্মসমর্পণে বাধ্য করেছিল। একটি বিমান হাইজ্যাক করে কত কিছু দাবি করা হয়। ভাবতে পারেন, সেদিন ৯৫ হাজার সেনাকে আমরা কাছে নিয়েও তাদের দেশে ফিরিয়ে দিয়েছি। আমাদের তো কোনো কিছু চাওয়ার ছিল না।

বাংলাদেশের ক্রিকেটের ভূয়সী প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, দেরিতে খেলা শুরু করলেও বাংলাদেশ ক্রিকেটকে এখন আর ছোট করে দেখার সুযোগ নেই। ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসার ঠিক আগের দিন রোববার সন্ধ্যায় দেওয়া এ বক্তৃতায় তিনি বলেন, ভারতও বাংলাদেশের ক্রিকেটকে হালকাভাবে নেওয়ার সাহস পায় না। ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে আগামীতে আরও ভালো খেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাগত ভাষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ-ভারত যৌথ প্রচেষ্টায় সমৃৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। তিনি বলেন, মোদি ক্যারিশম্যাটিক লিডার। ভারতীয় অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দি ও নৃত্যকলা বিভাগ খোলা হবে বলে উপাচার্য জানান।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: হাসান আলীর রায় মঙ্গলবার

tribunalএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের তাড়াইলের রাজাকার পলাতক সৈয়দ হাসান আলীর মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।
বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সোমবার সকালে এ দিন ধার্য করেন।
গত ২০ এপ্রিল উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।
গত বছরের ১১ নভেম্বর হাসান আলীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের ৬টি মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার ছিলেন হাসান আলী। সে সময় তিনি তাড়াইল থানা এলাকায় ‘রাজাকারের দারোগা’ নামে পরিচিত ছিলেন।

ড. ইনামুলের মৃত্যুতে খালেদা জিয়া শোক

khaledaচট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জিয়া পরিষদের উপদেষ্টা প্রফেসর ড. মো: ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার এক শোকবাণীতে তিনি বলেন, ‘মরহুম ইনামুল হক প্রতিথযশা শিক্ষাবিদ হিসেবে সমাজে সুবিদিত ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন গুণী,বিদ্যানুরাগী এবং পণ্ডিত মানুষকে হারালো।’
খালেদা জিয়া মরহুম ইনামুল হকের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন,গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
চট্টগ্রাম ব্যুরো জানায়, প্রফেসর ড. মো: ইনামুল হক গত শনিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূরুল আমিন জানান, রোববার বেলা ১১টায় তার নিজ গ্রাম সীতাকুণ্ডের জাফরাবাদে দাফন করা হয়।

তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

weatherঢাকাসহ সারাদেশে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার সকালে এক পূর্বাভাসে অধিদফতর জানায়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে- উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এদিকে আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করেছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু দুর্বল অবস্থায় রয়েছে।

জকোভিচকে কাঁদিয়ে শিরোপা ভাভরিঙ্কার

vabriskarসুইজারল্যান্ডের টেনিস তারকা স্টানিসলাস ভাভরিঙ্কা প্রথমবারের মতো উঠেছিলেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। সেখানে তাকে লড়তে হয়েছে টেনিসের নম্বর ওয়ান তারকা নোভাক জকোভিচের বিপক্ষে। ফাইনালে মাঠে নামার আগে জকোভিচই ছিলেন ফেভারিট।

কিন্তু কে জানত প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা ছিনিয়ে নেবেন ভাভরিঙ্কা! বিশ্বসেরা তারকাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম ফ্রেঞ্চ ওপেন জয়ের পর কেঁদে ফেললেন সুইস এই টেনিস তারকা। তার ক্ষেত্রে এ কথাটি বলা যায়- তিনি আসলেন, খেললেন এবং জয় করলেন।

রোববার ফাইনালে জকোভিচের সঙ্গে ভাভরিঙ্কা ৩ ঘণ্টা ১২ মিনিট লড়াই করেন। শিরোপা জিততে এই সময়ে তাকে চার-চারটি সেট খেলতে হয়। অবশ্য প্রথম সেটেই তিনি ৪-৬ ব্যবধানে হেরে যান। দ্বিতীয় সেটে একই ব্যবধানে জকোভিচকে হারান। তৃতীয় সেটটি ৬-৩ ব্যবধানে জিতে এগিয়ে যান ভাভরিঙ্কা। চতুর্থ ও চূড়ান্ত সেটে ৬-৪ ব্যবধানে জকোভিচকে হারিয়ে প্রথম ফ্রেঞ্চ ওপেন শিরোপা তথা রোঁলা গাঁরো জয় করেন।

৩০ বছর বয়সী ভাভরিঙ্কা এই জয়ের মধ্য দিয়ে ২৮ ম্যাচে অপরাজিত থাকা জকোভিচকে পরাজয়ের স্বাদ দিলেন।

ম্যাচ শেষে সুইস তারকা বলেন, কোর্টে দারুণ একটা পরিবেশ ছিল। এমন একটি অনুভূতি হয়েছে, যা আগে কখনো পাইনি। আমি আমার কোচ মাগনুস নরম্যানকে ধন্যবাদ দিতে চাই। আপনি দুইবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলেছিলেন। কিন্তু শিরোপা জিততে পারেননি। আজ আমি জিতেছি। এই শিরোপাটা আপনার। আমারও বটে।

ভাভরিঙ্কার প্রশংসা করে জকোভিচ বলেন, জীবনে এমন কিছু জিনিস রয়েছে, যা জয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তা হলো চরিত্র ও শ্রদ্ধা। স্টান তুমি গ্রেট চ্যাম্পিয়ন। তুমি বড় মনের অধিকারী একজন মানুষ।