রবিবার, অক্টোবর ৪, ২০২৬

‘মেঘের বৃষ্টি’ নিয়ে আসছেন জোভান-নীহা

আমেরিকা থেকে দেশে এসে বিয়ে করার পরিকল্পনা করছে মেঘ। তার মা তাকে প্রতিবারই দেশ থেকে কিছু পাঠালে মেয়েদের ছবি এবং নিজ হাতে তাদের বৃত্তান্ত লিখে পাঠায়। অনিচ্ছাতেও সেখান থেকে মেঘ একটা খাম খোলে। যার নাম ঋতু।
তার জীবনবৃত্তান্তে মা লিখেছেন, ‘মেয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ে। খুবই নরম স্বভাবের মেয়ে। সাধারণত বোরকা-হিজাব ছাড়া বাসা থেকে বের হয় না। নামাজি, কম কথা বলে।
আমার ধারণা এ মেয়ে তোরে জ্বালাবে না, তোর মুখের ওপর কথা বলবে না। তোর কথায় উঠবস করবে। শুধু একটাই সমস্যা, মেয়ের কোনও ভাই-বোন নাই। তার মানে তুই শালা-শালীর সাথে মজা করার সুযোগ পাবি না।
অবশ্য সবকিছু একসাথে পাওয়া যায় না। মেয়ের রেটিং ১০-এর মধ্যে ১০।

মায়ের বর্ননা নয়, বরং ঋতুর ছবি এক দেখাতেই পছন্দ হয় মেঘের। সে সিদ্ধান্ত নেয় দেশে গিয়ে এই মেয়েকেই বিয়ে করবে। তার কিছুদিনপরই সে দেশে আসে এবং ঋতুর সাথে দেখা করে।
কিন্তু তার মা জীবনবৃত্তান্তে যা বলেছে, ঋতু তার উল্টো! এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মেঘের বৃষ্টি’। যে গল্পে ফারহান আহমেদ জোভানকে দেখা যাবে আমেরিকা প্রবাসী এক যুবকের চরিত্রে। অন্যদিকে নাজনীন নীহাকে দেখা যাবে ঢাকা মেডিকেলের শিক্ষার্থী হিসেবে। ইমদাদ বাবুর গল্প ও চিত্রনাট্যে নাটকটি বানিয়েছেন মাসরিকুল আলম।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবের আমেজ পেরিয়ে ফের সিএমভি শুরু করছে স্বাভাবিক কার্যক্রম। তারেই শুরুটা হচ্ছে ‘মেঘের বৃষ্টি’ দিয়ে। এটি দ্রুতই মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

গ্যাস সরবরাহ নিশ্চিতে এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত সরকারের

অন্তর্বর্তীকালীন সরকার দেশের কারখানাগুলোতে স্বাচ্ছন্দে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল বৃহস্পতিবার দোহায় সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেছেন, ‘অনেকে বলেছেন, গ্যাসের অভাবে তারা কারখানা স্থাপন করতে পারছেন না। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই যাতে পর্যাপ্ত গ্যাস (বিদেশ থেকে) আনা যায়।
’

তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরের সময় কাতার এনার্জির সাথে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল।

শফিকুল বলেছেন, বাংলাদেশের কারখানাগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে মিগগির স্থলভিত্তিক এলএনজি টার্মিনালটি স্থাপন করা হবে।

প্রধান উপদেষ্টার দোহা সফর সম্পর্কে তিনি বলেছেন, এই সফর অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে।

তিনি বলেছেন, ‘আমি বলব এটি সবচেয়ে সফল এবং অত্যন্ত আকর্ষণীয় সফরগুলোর মধ্যে একটি।
’

শফিকুল আলম আশা প্রকাশ করেছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবেন।

দেশের অর্থনীতির উত্থান-পতনের কথা তুলে ধরে তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত সরকারের সময় ৩ শ ২০ কোটি মার্কিন ডলার ঋণ ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা কমিয়ে ৬০ কোটি মার্কিন ডলারে নিয়ে এসেছে।

প্রেস সচিব বলেছেন, অবশিষ্ট ঋণ কয়েক মাসের মধ্যে পরিশোধ করা হবে। তিনি আরো বলেছেন, ‘এটি বিশ্বের বাইরে ইতিবাচক সংকেতের অনুভূতি যে আমরা ব্যবসার জন্য প্রস্তুত।
’

চার দিনের সফর শেষে প্রফেসর ইউনূস আজ শুক্রবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের জন্য দোহা থেকে ইতালির রোমের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত, ৫ পুলিশ সদস্য নিহত

থাইল্যান্ডের এক জনপ্রিয় সৈকত শহরের কাছে একটি ছোট পুলিশ বিমান সাগরে বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজন মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রয়্যাল থাই পুলিশের মুখপাত্র আর্চায়োন ক্রাইথং জানান, হুয়া হিন জেলায় প্যারাসুট প্রশিক্ষণের প্রস্তুতির জন্য বিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন করেছিল। তখনই স্থানীয় সময় সকাল ৮টার দিকে বিমানটি দুর্ঘটনার শিকার হয়। তাৎক্ষণিকভাবে বিমানের মডেল শেয়ার করা না হলেও ঘটনাস্থল থেকে যে ছবি পাওয়া গেছে, তাতে একটি ভাইকিং ডিএইচসি-৬ টুইন অটার দেখা গেছে।

প্রাচুয়াপ খিরি খান প্রদেশের জনসংযোগ বিভাগ জানায়, বিমানটি হুয়া হিন বিমানবন্দরের কাছে সাগরে বিধ্বস্ত হয়। ছবিতে দেখা যায়, বিমানটি উপকূল থেকে প্রায় ১০০ মিটার দূরে সাগরের পানিতে পড়ে আছে এবং বিমানটি দুইটুকরো হয়ে গেছে।

বিমানে ছয়জন পুলিশ কর্মকর্তা ছিলেন বলে নিশ্চিত করেন মুখপাত্র আর্চায়োন। তিনি প্রাথমিকভাবে জানান, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং একজন হাসপাতালে মারা যান।
পরে তিনি আরো জানান, হাসপাতালে পাঠানো কর্মকর্তা এখনও বেঁচে আছেন তবে তার অবস্থা আশঙ্কাজনক।

বিমান দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আর্চায়োন জানান, তদন্তকারীরা এখন বিমানের ব্ল্যাক বক্সসহ অন্যান্য তথ্য প্রমাণ সংগ্রহ করছেন।

সূত্র : আরব নিউজ

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকানের উদ্দেশে প্রধান উপদেষ্টা

ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে তিনি কাতার ত্যাগ করেন। তিনি বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য ভ্যাটিকানের উদ্দেশে রওনা হন।

কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা ইতালি সময় দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন।

ভারতে নাবালিকা কর্মচারীর শ্লীলতাহানি, গ্রেপ্তার ১

১৫ বছর বয়সী এক ভারতীয় কিশোরী প্রথমে কাউকে কিছু বলতে ভয় পেতেন না, কিন্তু ধীরে ধীরে তার আচরণে পরিবর্তন আসতে শুরু করে। বিষয়টি বুঝতে পারেন তার মা। এর পরেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ঘটনাটি ঘটেছে ভারতের চণ্ডীগড়ে।
ওই কিশোরী দশম শ্রেণীর ছাত্রী বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

যৌন নির্যাতনের শিকার ওই কিশোরী অভিযুক্ত মুস্তাকিম খানের অফিসে পিয়ন হিসেবে কাজ করতেন। পুলিশের মতে, মুস্তাকিম খান একাধিকবার তার ওপর যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। আর এ ঘটনা প্রকাশ করলে ভয়াবহ পরিণতি হবে বলেও ওই কিশোরীকে হুমকিও দেন মুস্তাকিম খান।

পরিবারের ভরণপোষণের জন্য ওই কিশোরী অভিযুক্ত মুস্তাকিম খানের অফিসে পিয়ন হিসেবে কাজ করতেন। হুমকির ভয়ে ওই কিশোরী চুপ হলে গেলেও তার মা বিষয়টি বুঝতে পারায় ঘটনাটি সবার সামনে আসে। এ ঘটনায় ভুক্তভোগী এবং তার পরিবারের বক্তব্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মুস্তাকিম খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এফআইআর দায়েরের পরপরই পুলিশ খানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

পিএসএলে অন্য রকম দিন রিশাদের

পিএসএলের প্রথম তিন ম্যাচে ৮ উইকেট শিকার করে নজর কাড়লেও চতুর্থ ম্যাচে রিশাদ পাননি সাফল্যের দেখা। ব্যাট হাতে ১৩ রান করলেও বল হাতে উইকেটশূন্য ছিলেন এই উদীয়মান অলরাউন্ডার।

গত রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পেশোয়ার জালমির বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে রিশাদের দল লাহোর কালান্দার্স।

টস হেরে আগে ব্যাট করতে নামা লাহোর কালান্দার্স ১৯.২ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়।
রিশাদ ১৩ বলে ১৩ রান করেন, যা তার এবারের টুর্নামেন্টে প্রথম দুই অঙ্কের ইনিংস। আগের তিন ম্যাচে তিনি করেছিলেন ৩, ৩ ও ২ রান। এদিন তার ইনিংসে ছিল একটি ছক্কা ও একটি চার। তবে বড় শট খেলতে গিয়েই ফিরে যেতে হয় তাকে—আলজারি জোসেফের বল লং অনে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মোহাম্মদ হারিসের হাতে।

মাত্র ১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পেশোয়ার জালমির ইনিংসের নবম ওভারে বল হাতে পান রিশাদ খান। তবে প্রত্যাশামতো বোলিং করতে পারেননি তিনি। প্রথম ওভারে একটি চারে ৭ রান এবং পরের ওভারে আরেকটি চারে ১১ রান দেন এই লেগস্পিনার। ফলে তাকে আর বোলিংয়ে আনা হয়নি।
তবে ততক্ষণে লাহোরের ম্যাচে ফেরার সম্ভাবনাও প্রায় শেষ। বাবর আজমের ৪২ বলে অপরাজিত ৫৬ ও সৌদ শাকিল তালাতের ৩৭ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ২০ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় পেশোয়ার জালমি।

৫ ম্যাচে এটি লাহোরের তৃতীয় হার।

বিএনপি সংস্কার শুরু করেছে জিয়াউর রহমানের সময় থেকে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সংস্কার শুরু করেছে শহীদ জিয়ার আমল থেকেই। আমরা যখন সংস্কার প্রস্তাব দিয়েছি তখন স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর এখন যারা দিচ্ছেন, আপনারাই তা বিচার করবেন। আমরা যা দিয়েছি, তা পূরণ করে ছাড়ব। সংস্কার একটা চলমান প্রক্রিয়া।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৩১ দফা নিয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলা বিএনপির কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বিগত ১৫ বছর ধরে আমরা যে সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম, গণতন্ত্রের প্রতিষ্ঠা। যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। তাদের এই বলিদানকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না’।

তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না। কিন্তু জুলাই-আগস্টের আন্দোলনে পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এই দেশে প্রায় ১০০ শিশুকে হত্যা করা হয়েছে। এই শিশুদের কোনো অপরাধ ছিল না। এই শিশুদের হত্যা করা হয়েছে। এই শিশুদের বলিদান কেন? শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

তিনি আরও বলেন, বিএনপি শুধু ৩১ দফা দিয়েই থেমে থাকেনি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। নেতাকর্মীদের মাধ্যমেই ৩১ দফা জনগনের কাছে পৌঁছে দিতে হবে। দেশের ৭০ ভাগ ভালো কাজ বিএনপি করেছে। সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, পরিবেশের সমস্যা নিয়েই কর্মশালায় বেশি প্রশ্ন তিনি পেয়েছেন। জনগণ জানে দেশের ভালো কিছু করতে পারলে বিএনপিই করতে পারবে। এই আস্থা-বিশ্বাস অর্জন করতে বিএনপিকে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের তরুণ নেতৃত্ব ছিল, তরুণ সহকর্মী ছিলেন, তাদের অনেকেই আন্দোলন-সংগ্রামের কারণে বয়স পার হয়ে গেছে। এটার ভুক্তভোগী শুধু ছাত্রদল নয়, এর বাইরে অনেক মানুষ আছেন। যারা স্বৈরাচারের রাজনীতি সমর্থন করতেন না। কিন্তু সরকারের পক্ষে না থাকায় তাদেরও চাকরি খেয়েছে বা চাকরি দেয়নি। এ বাস্তবতা বিবেচনা করতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানোই হবে লক্ষ্য। নারীদের ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করে অনুকরণীয় হয়েছিলেন খালেদা জিয়া। বিএনপির আমলে নারীদের আসন বৃদ্ধি করা হয়েছিল। সেই ধারায় নারীদের আসন ৫০ থেকে ১০০ করা হবে।

নতুন নিরীক্ষা অধ্যাদেশ সিএজির স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল : টিআইবি

নতুন নিরীক্ষা অধ্যাদেশে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এতে মহাহিসাব নিরীক্ষকের (সিএজি) স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হয়েছে। এই অধ্যাদেশে এমন কিছু বিধান রাখা হয়েছে, যেগুলো সিএজির সাংবিধানিক মর্যাদা খর্ব করবে এবং সরকারি অর্থব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিকে হুমকিতে ফেলবে।

বৃহস্পতিবার দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে উল্লেখ করা হয়, সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও এই অধ্যাদেশে সিএজির জন্য রাজস্ব নিরূপণ ও আদায় নিরীক্ষার সুযোগ রাখা হয়নি।
এতে যেকোনো আঞ্চলিক, আন্তর্জাতিক ও বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি সম্পাদনের আগে সরকারের অনুমতি নেওয়ার বিধান এবং বিধি প্রণয়নের ক্ষেত্রে সরকারের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

এসব বিধান সাংবিধানিক প্রতিষ্ঠান সিএজিকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত থেকে স্বাধীনভাবে কার্যসম্পাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে টিআইবি। পাশাপাশি অধ্যাদেশে এসব বিধান রাখাকে স্বার্থান্বেষী মহলের প্রভাবদুষ্ট ও অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বিব্রতকর বলে মনে করছে সংস্থাটি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অধ্যাদেশে এ ধরনের মৌলিক দুর্বলতা বহাল রাখা সিএজির সাংবিধানিক মর্যাদাকে অবজ্ঞা ও প্রতিষ্ঠানটির মৌলিক স্বাধীনতা নিশ্চিতে অনীহার সুস্পষ্ট বহিঃপ্রকাশ।

ইফতেখারুজ্জামান বলেন, অধ্যাদেশের ৭ ধারায় রাজস্ব নিরূপণ ও আদায় নিরীক্ষার ক্ষমতা সিএজির এখতিয়ার থেকে বাদ দেওয়া হয়েছে। এটি কর ফাঁকি ও দুর্নীতিকে প্রশ্রয় দেবে। রাজস্ব নিরূপণ ও আদায়ে অনিয়ম এবং যোগসাজশমূলক জালিয়াতি যে বাংলাদেশে কর ফাঁকির অন্যতম মাধ্যম, তা অন্তর্বর্তীকালীন সরকার কেন উপেক্ষা করছে, তা আমাদের বোধগম্য নয়। এ ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও তার সঙ্গে সংশ্লিষ্ট স্বার্থান্বেষী মহল দ্বারা সরকার প্রভাবিত হচ্ছে কি না? এ প্রশ্ন তোলা মোটেই অমূলক হবে না।

এ ছাড়া অধ্যাদেশের ১৭ ও ১৮ ধারায় চুক্তি সম্পাদন ও বিধি প্রণয়নে সরকারের অনুমতির বাধ্যবাধকতা যুক্ত হওয়ায় সিএজির স্বাধীনতা সীমিত হয়ে পড়বে বলে অভিমত টিআইবির। সংস্থাটি মনে করে, এ ধরনের বিধান প্রতিষ্ঠানটির সাংবিধানিক মর্যাদাকে অবজ্ঞা করার শামিল।

টিআইবি আরো জানায়, এ–জাতীয় বিধান বহাল রেখে অধ্যাদেশটি কার্যকর ঘোষণা করা হলে সরকারের আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সিএজির জন্য নিয়ন্ত্রণমুক্ত স্বাধীন ভূমিকা পালন করা সম্ভব হবে না।

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনায় চিরবৈরী দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা দিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।

স্টিফেন ডুজারিক জানান, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ রাখছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, দ্রুততম সময়ের মধ্যে পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরো অবনতির দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ জানাচ্ছি।
ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা আশাবাদী এবং এটাই হওয়া উচিত।

দিয়া মির্জাকে অযথা কটাক্ষ, কড়া জবাব অভিনেত্রীর

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের প্রশংসা করায় কটাক্ষের মুখে পড়েছেন ভারতীয় অভিনেত্রী দিয়া মির্জা। কাশ্মিরে হামলার ঘটনায় ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদ খানের বলিউড সিনেমা ‘আবির গুলাল’। এমন আবহে দিয়া মির্জার এক সাক্ষাৎকারে ফাওয়াদকে নিয়ে বলা একটি মন্তব্য ভাইরাল হয়ে যায়। এরপরই নেটিজেনদের রোষের মুখে পড়েন অভিনেত্রী

ওই সাক্ষাৎকারে ‘আবির গুলাল’-এর হাত ধরে ফাওয়াদের বলিউডে ফেরা নিয়ে দিয়া বলেছিলেন, ‘শিল্পকে কখনও ঘৃণার সঙ্গে মেলানো উচিৎ নয়। ফাওয়াদ যে ফিরছে তা দেখে ভালো লাগছে। আমি আশা করছি আরও অনেককেই আগামী দিনে দেখতে পাব।’

দিয়া মির্জার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি বেশ কিছুদিন আগের। ফাওয়াদ ও তার সিনেমা ঘিরে বিতর্কের জেরে তা এখন ভাইরাল। আর এ নিয়ে দিয়াকে আক্রমণ করছেন নেটিজেনদের একাংশ।

এরপর দিয়া মির্জা তার ইনস্টা স্টোরিতে জবাবও দেন। লেখেন, ‘ভুল তথ্য দেওয়া বন্ধ করুন। গত ১০ এপ্রিল আমি একটি সাক্ষাৎকারে কিছু কথা বলেছিলাম, ভয়াবহ সন্ত্রাসী হামলার অনেক আগে। এখন অযথা আমার সেই কথার প্রচার করা বন্ধ করুন। এটি অত্যন্ত অনৈতিক।’

২০১৬ সালে ‘অ্যায় দিল হে মুশকিল’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল ফাওয়াদ খানকে। এটিই ছিল বলিউডে তার শেষ কাজ। ‘আবির গুলাল’-এর হাত ধরে প্রায় ৯ বছর পর বলিউডে কামব্যাক হতো তার।

এপ্রিলের শুরুতে ‘আবির গুলাল’ সিনেমার টিজার সামনে আসতেই শুর হয় সমালোচনা। মূলত, একজন পাকিস্তানি অভিনেতাকে কাস্ট করার জন্য রোষের মুখে পড়তে হয় নির্মাতাদের। ৯ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। এবার কাশ্মির কাণ্ডের জেরেই ভারতে ‘আবির গুলাল’-এর মুক্তি বাতিল করা হয়।