রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

বাংলাদেশের ক্রিকেটে ফাস্ট বোলারের এত সংকট কেন?

fast bollarপ্রথম দিনে ভারতের বিপুল ব্যাটিং তোপের মুখে পড়েছে বাংলাদেশ দল।

ভারত বাংলাদেশ এই টেস্টের প্রথম দিনে একটি উইকেটও নিতে পারেনি স্বাগতিকেরা। উল্টো সফরকারীরা ওয়ানডের মতো করে ব্যাটিং তান্ডব চালিয়েছে।

এই টেস্টে বাংলাদেশ দলে খেলছে একজন মাত্র ফাস্ট বোলার। এর আগে পাকিস্তানের সাথে খেলা সবশেষ ম্যাচটিতেও এই একজন ফাস্ট বোলারকে নিয়েই খেলতে দেখা গেছে স্বাগতিকদের।

ঐতিহাসিকভাবে বাংলাদেশে ফাস্ট বোলারের সংখ্যা কম। মাশরাফি যুগের আগে ছিল না বললেই চলে। এখনো যা আছে তা হাতে গোনা।

বাংলাদেশে সবসময় ফাস্ট বোলারের এই অভাব কেন?

জাতীয় দলের সাবেক ক্রিকেটার রকিবুল হাসান বলছেন, বাংলাদেশে যে ফাস্টবোলিং হচ্ছে তা এখানকার কন্ডিশনের জন্য।

“প্রায় বিশ বছর ধরে বাংলাদেশে যে উইকেটগুলো হচ্ছে সেগুলো ফাস্ট বোলারদের সহায়ক হচ্ছেনা। ফাস্ট বোলারদের জন্য উইকেট একটু বাউন্স থাকা উচিত, বড় উইকেটে পেস থাকা উচিত-এটা কখনও হচ্ছেনা” – বলেন রকিবুল হাসান।

প্রশ্নটা হলো কেন?
রকিবুল হাসান বলছেন, “মিরপুর স্টেডিয়ামে বা অন্য স্টেডিয়ামগুলোতে ৩৬৫ দিনের প্রায় দুইশো চল্লিশ দিনই ক্রিকেট খেলা হচ্ছে। কোনদিন এটা গ্রহণযোগ্য নয়”।

“একটা টেস্ট প্লেয়িং উইকেট তৈরি করতে হলে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উইকেট তৈরি করতে হলে ওই উইকেটকে বিশ্রাম দিতে হয়। কিন্তু এটা হচ্ছেনা কারণ ঘরোয়া ক্রিকেটে এত বেশি শর্টার ভার্সনে ক্রিকেট খেলা হচ্ছে, মাঠের স্বল্পতা- সব মিলিয়ে উঁচুমানের উইকেট তৈরি করার জন্য যে পরিমাণ সময় ও চর্চা দরকার সেটা বোর্ড করতে পারছেনা”- বলেন রকিবুল হাসান।

একইসাথে রকিবুল হাসান মনে করেন ফাস্ট বোলার তৈরি করার জন্য স্পেশাল ক্যাম্প করে, দেশ থেকে ফাস্ট বোলার খুঁজে বের করার প্রোগ্রাম করা উচিত।

“পাশাপাশি নতুন যারা খেলছে তাদের যেন ফাস্ট বোলিংয়ের প্রতি যেন আগ্রহ তৈরি হয় তাদেরকে উৎসাহিত করতে হবে, জাতীয় দল খেলার সময়ও ফাস্ট বোলারদের দলে নিতে হবে। এমন না হলে কেউ ফাস্ট বোলার হতে চাইবে না।”

রকিবুল হাসান আরও বলছিলেন, বাংলাদেশ একজন রেগুলার পেস বোলার নিয়ে পাকিস্তানের সাথে শেষ টেস্টটা খেলেছিল এবার ভারতের বিপক্ষেও একজনকে নিয়েই খেলছে, এটা খুবই দৃষ্টিকটু লাগছে তার কাছে।

তিনি বলেন, “সাধারণত দুজন পেস বোলার নামানো উচিত।”

ঘরের মাঠেও স্পিন আক্রমণ যে কাজ করছে তেমন মনে হচ্ছেনা।
এ প্রসঙ্গে মি. হাসান বলেন, “পরিস্থিতি বদলানোর সময় এসেছে ক্রিকেট বোর্ডও ভাবছে, কিন্তু যেই গতিতে এই কাজটা হওয়া উচিত সেই গতিতে হচ্ছেনা এটা খুবই দুঃখজনক।”- বিবিসি

নওগাঁয় বাংলাদেশিকে গলা কেটে হত্যা করেছে বিএসএফ

bsfনওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে শহীদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের মাছ ব্যবসায়ী মোস্তফা কামালের ছেলে।

স্থানীয়রা জানান, আজ ভোর রাতে স্থানীয় ১০/১২জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতীয়দের কাছ থেকে গরু আনতে কলমুডাঙ্গা সীমান্তে যায়।

এ সময় বিএসএফ তাদেরকে ধাওয়া করলে সকলেই পালিয়ে আসলেও  শহীদুল ইসলামকে আটক করে তার উপর অমানুষিক নির্যাতন চালায় বিএসএফ।

এক পর্যায়ে ভোর সাড়ে ৬টার দিকে তাকে গলা কেটে হত্যা করে বাংলাদেশের অভ্যন্তরে লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে সাপাহার থানার পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মিয়ানমারে ভারতীয় অপারেশন কি নতুন সামরিক কৌশল?

oparationভারতের সেনাবাহিনী মঙ্গলবার মিয়ানমারের ভেতরে ঢুকে যে বিশেষ অপারেশন চালিয়ে উত্তরপূর্বাঞ্চলের বেশ কিছু জঙ্গিকে মেরে ফেলেছে আর অন্তত দুটি শিবির ধ্বংস করেছে, তা নিয়ে বুধবার  সেদেশে শুরু হয়েছে বিশ্লেষণ। ক্ষমতাসীন বি জে পি আর নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ দাবি করছে এই বিশেষ অপারেশনের মাধ্যমে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে সব দেশকেই যে জঙ্গিবাদ বা সন্ত্রাসীদের রুখতে সীমান্ত পেরতেও ভারতীয় সেনারা পিছপা হবে না। এই অংশের ইঙ্গিত পাকিস্তানের দিকেই।

বিশ্লেষকদের অন্য অংশের মতে এর আগেও বিদেশে অপারেশন চালিয়েছে ভারতীয় বাহিনী আর সর্বশেষ এই অপারেশন কখনই সন্ত্রাস বা জঙ্গিবাদ রোখার জন্য এটা নতুন শক্তিশালী নীতির ফল নয়।

ভারতের সেনাবাহিনী দাবী করেছে যে তাদের প্যারাকমান্ডো আর ইনফ্যান্ট্রির সদস্যরা মঙ্গলবার ভোর রাত থেকে মিয়ানমারের ভেতরে ঢুকে একটা বিশেষ অপারেশন চালিয়ে নাগা জঙ্গি গোষ্ঠী এন এস সি এন খাপলাং আর তাদের সহযোগী আরও কিছু জঙ্গিগোষ্ঠীর শিবির ধ্বংস করেছে আর অনেককে মেরেও ফেলেছে। ঠিক কতজন জঙ্গি নিহত হয়েছেন, সেটা এখনও পরিষ্কার নয়।

ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী বলছিলেন, “ভারত সরকারের সর্বোচ্চ স্তর থেকে ছাড়পত্র পেয়েছে বলেই এত বড় অপারেশন চালাতে পেরেছে সেনাবাহিনী। তারা নিজে থেকে কখনই এই অপারেশন চালিয়ে থাকতে পারে না।”

তার মতে, “এই অপারেশনের মাধ্যমে নিশ্চিতভাবেই বিভিন্ন দেশকে একটা বার্তা দেয়া গেছে যে প্রয়োজন পড়লে বিদেশে গিয়েও সেনাবাহিনী জঙ্গি বা সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন চালাতে পারে। যেসব দেশের এই বার্তাটা বোঝা উচিত, আশা করা যায় তারা বুঝতে পারবে। তবে তার মানে এই নয় যে আবারও নিশ্চিতভাবেই এরকম অপারেশন চালানো হবে ভবিষ্যতে” বলছিলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী।”

এটা পরিষ্কার যে এই অপারেশন চালানোর সিদ্ধান্ত রাজনৈতিক এবং নিশ্চিতভাবেই পাকিস্তানের দিকেও একটা বার্তা দেয়ার চেষ্টা হচ্ছে রাজনৈতিক মহল থেকে।

যদিও সেনাবাহিনী বলছে মনিপুরে গত চার তারিখে যেভাবে তাদের ২০ জন সদস্যকে হত্যা করেছে নাগা জঙ্গিরা, তার পরে এরকম প্রতিহিংসামূলক অপারেশন চালানো কিছুটা বাধ্যবাধকতার প্রশ্ন হয়ে উঠেছিল। বিশ্লেষকদের একাংশ আবার এই অপারেশনে রাজনৈতিক সিদ্ধান্তটাকেই বড় করে দেখছেন।

ভারতের নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ইন্সটিটিউট অফ কনফ্লিক্ট ম্যানেজমেন্টের কার্যনির্বাহী পরিচালক অজয় সাহনী বলছিলেন, “এই অপারেশনের পরে সামরিক কৌশল নিয়ে আলোচনার থেকে বেশী দেখা যাচ্ছে রাজনৈতিক আস্ফালন। কেন্দ্রীয় সরকার বা বিজেপি’র সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই অপারেশনটাকে ভারতের একটা নতুন সামরিক নীতি হিসাবে দেখাতে চাইছেন।”

তিনি বলেন, “বোঝানোর চেষ্টা হচ্ছে যে সরকারের একটা শক্তিশালী নীতি, পেশীশক্তির প্রদর্শন হচ্ছে। কিন্তু এধরণের অপারেশন আগেও চোরাগোপ্তা হয়েছে আর মঙ্গলবারের অপারেশনটার প্রয়োজনীয়তা ছিল একটা স্থানীয় হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে। এই অপারেশন থেকে কোনও বড়সড় কৌশলগত পরিবর্তন না হওয়ারই সম্ভাবনা।”

সাহনী আরও বলছিলেন যে একটা অপারেশনে সেনাবাহিনী বিজয়ী হয়েছে ঠিকই, কিন্তু মিয়ানমারে অবস্থিত জঙ্গি শিবিরগুলি ধ্বংসের জন্য লাগাতার প্রচেষ্টা না থাকলে এই অপারেশনের কোনও গুরুত্বই থাকবে না।

প্রায় একই কথা বলছিলেন উত্তরপূর্ব ভারতের নিরাপত্তা ও জঙ্গিতৎপরতার বিশ্লেষক রাজীব ভট্টাচার্যি। তিনি বলেন, “জঙ্গি শিবিরগুলি আদৌ ধ্বংস করা সম্ভব কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। ৩০ বছরেরও বেশী সময় ধরে এই শিবিরগুলি গড়ে উঠেছে আর সেগুলোর সংখ্যা নিয়মিত বেড়েই চলেছে।”

তিনি বলেন, “ভারতের সেনাবাহিনী নিশ্চয়ই এই শিবিরগুলো ধ্বংস করতে চাইবে, কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সুযোগ মিয়ানমার তাদের বারবার দেবে কি না। কারণ মিয়ানমার সরকার বা তাদের সেনাবাহিনী একটা নতুন ফ্রন্ট খুলে উত্তরপূর্বের জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাইবে না।”

এ মাসের চার তারিখ মনিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ৬ নম্বর ডোগরা রেজিমেন্টের সদস্যদের ওপরে হামলা হয়। রোজকার মতোই রোড ওপেনিং পেট্রল বা রাস্তার নিরাপত্তা খতিয়ে দেখার জন্য সেনাবাহিনীর চারটি গাড়ি পারালং আর চারোং গ্রামের কাছে পৌঁছলে প্রথমে ভূমি মাইন ফাটানো হয়। তারপরেই রকেট ছোঁড়া হয় আর স্বয়ংক্রিয় রাইফেল থেকে চলতে থাকে গুলি বৃষ্টি।

ওই জায়গাটি ভারত-মিয়ানমার সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে।এই হামলার প্রেক্ষিতেই মঙ্গলবারের সেনা অপারেশন। এই অপারেশনের পরিকল্পনা তৈরি করার জন্যই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশ সফরে যাননি। বাহিনীর ওপরে জঙ্গি হামলার পরেই মনিপুরের রাজধানী ইম্ফলে সেনাপ্রধান দলবীর সিং সুহাগ মঙ্গলবারের অপারেশনের পরিকল্পনা চূড়ান্ত করেন। সূত্র: বিবিসি।

প্রবল বৃষ্টিতে বিলম্ব দ্বিতীয় দিনের খেলা

fotulllahপ্রবল বৃষ্টির জন্য বিলম্ব হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনের খেলা। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশে মেঘ ছিল। তার পর থেকে ফতুল্লায় শুরু হয়েছে বৃষ্টি। যেভাবে বৃষ্টি হচ্ছে কখন থামবে তা কেবল জানেন ঈশ্বর।

এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল ও ভারতীয় ক্রিকেট দল হোটেল থেকে বের হয়নি।

এ মুহূর্তে ফতুল্লায় বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি থামার ২ ঘণ্টার মধ্যে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম খেলার উপযোগী করা সম্ভব বলে জানিয়েছেন ফতুল্লার কিউরেটর বেলাল।

টেস্টর প্রথম দিনেও বৃষ্টির কারণে এক সেশনেরও বেশি কম খেলা হয়েছে। পুরো দিনে ৫৬ ওভারের খেলা অনুষ্ঠিত হয়েছে। ভারত কোনো উইকেট না হারিয়ে আগের দিন ২৩৯ রান সংগ্রহ করেছে।

ঢাবির জিয়া হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ঢাবি প্রতিনিধি : ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ২৫ ও ২৬ জুলাই। এর আগে হয়েছে জেলা পর্যায়ের কমিটিগুলোর সম্মেলন।

মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানী পল্লবীর মিরপুর সাড়ে ১১-তে এক ওষুধ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিশ্বকাপ বাছাইপর্বে আজ কিরগিজস্তানের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : র‌্যাকিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপের জন্য এবার আর প্রাক বাছাই খেলতে হয়নি বাংলাদেশকে।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

২০ জেলায় নতুন জেলা প্রশাসক

সচিবালয় প্রতিবেদক : উপসচিব পদমর্যাদার ২০ কর্মকর্তাকে ২০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার।

বগুড়ায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নে নিজ ঘর থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার হয়েছে।